

শিবরাম চক্রবর্তীর নিজস্ব বিচিত্র রচনাশৈলী অননুকরণীয়! এমনকী, শিবরামের লেখা ভূতের গল্প বা গোয়েন্দা কাহিনিতেও সেই বৈচিত্র অক্ষুণ্ণ! অথচ, কী আশ্চর্য, তাঁর এই বিশেষ ধরনের গল্পগুলি নিয়ে কোনও পৃথক সংগ্রহ সম্ভবত এখনও প্রকাশিত হয়নি! এই লেখায় মূলত শিবরামের সেই সব গল্পের জাদুকরি গদ্যের নিদর্শন দেওয়া আছে তাঁর অনন্যসাধারণ নিজস্বতার সামান্য উদাহরণ হিসাবে।
শিবরাম চক্রবর্তী মানে হাসির গল্প, রসের ফল্গুধারা, অজস্র অনুপ্রাস আর ‘পান’-এর অফুরন্ত ঝরনা। শিবরাম চক্রবর্তী মানে হর্ষবর্ধন-গোবর্ধন ভ্রাতৃদ্বয়ের কীর্তিকাহিনি, ইতু-জবা-নকুড়মামা-ভলুমাসি…। ইশকুলের ছেলেদের নিয়ে শিবরাম চক্রবর্তীর লেখা একের পর এক গল্প অক্ষয় হয়ে আছে আমাদের শৈশব-কৈশোরে। আরেকটু বয়সে বড় পাঠকদের কাছে শিবরাম ধীমান প্রাবন্ধিক, অপরূপ নাট্যকার, আশ্চর্য সব আত্মজৈবনিক রচনার স্রষ্টা– যদিও সেইসব লেখার গাম্ভীর্যের মধ্যেও তাঁর স্বাভাবিক রস, নিজস্ব রচনাশৈলী অটুট– গম্ভীর বিষয়কে আগাগোড়া হাস্য এবং মধুর রসে সিক্ত করে পরিবেশন করার ক্ষমতা এমন আর কার আছে? শিবরামের নিজস্ব বিচিত্র রচনাশৈলী তাই অনুকরণ করা অসম্ভব!

এমনকী, শিবরামের লেখা ভূতের গল্প বা গোয়েন্দা কাহিনিতেও সেই বৈচিত্র অক্ষুণ্ণ! আমাদের এই বাংলা ভাষায় অতি উৎকৃষ্ট ভূত বা গোয়েন্দা গল্পের কোনও অভাব নেই। হেমেন্দ্রকুমার রায়, শরদিন্দু বন্দ্যোপাধ্যায়, মনোজ বসু, নীহাররঞ্জন গুপ্ত, লীলা মজুমদার, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, মনোরঞ্জন ভট্টাচার্য থেকে সত্যজিৎ রায়, শীর্ষেন্দু মুখোপাধ্যায়– এই বিশেষ ধরনের রচনায় যে অতি পারঙ্গম, তা আর বলার অপেক্ষা রাখে না। কিন্তু তবুও, শিবরাম চক্রবর্তীর এই ধরনের গল্পে এমন এক অনায়াস নিজস্বতা আছে, যা তাঁকে এইসব মহান লেখকের থেকে সম্পূর্ণ পৃথক করে রেখেছে। অথচ, কী আশ্চর্য, তাঁর এই বিশেষ ধরনের গল্পগুলি নিয়ে কোনও পৃথক সংগ্রহ সম্ভবত এখনও প্রকাশিত হয়নি! এই লেখায়, জায়গায় জায়গায় শিবরামের জাদুকরি গদ্যের নিদর্শন দেওয়া আছে তাঁর অনন্যসাধারণ নিজস্বতার সামান্য উদাহরণ হিসাবে। আজ থেকে ৭২ বছর আগে, বাংলার ১৩৬১ সালে, ইন্ডিয়ান অ্যাসোসিয়েটেড পাবলিশিং কোং থেকে প্রকাশিত মাত্র কয়েকটি গল্প নিয়ে ‘ভুতুড়ে-অদ্ভুতুড়ে’ ছাড়া তাঁর ভূতের গল্পগুলির আর কোনও সংকলনের কথা মনে পড়ে না এবং সেটিও দীর্ঘদিন দুর্লভ। নানা বইয়ের মধ্যে ছড়িয়ে থাকা শিবরামের এই ধরনের গল্পগুলিকে, যতটা সম্ভব, একত্রে সংগ্রহ করা নিতান্তই প্রয়োজন– এই লেখায় তার মাত্র কয়েকটিরই উল্লেখ পৃথকভাবে করা গেল।
‘ভুতুড়ে-অদ্ভুতুড়ে
দিলাম তো ভুতু-রে
শ্রীময়ী শ্রী কাবেরী বসুকে
আমার আশীর্বাদ
খুশি ও হাসির স্বাদ
চিরদিন ধরে পাক ও সুখে
শিবরামদা’
‘ভুতুড়ে অদ্ভুতুড়ে’ বইয়ের উৎসর্গপত্রে এই মজার কবিতাটি লেখা হয়েছে। পরবর্তীকালে বিখ্যাত চিত্রাভিনেত্রী কাবেরী বসুর বয়স তখন মাত্র ১৬। ভূতের গল্পের সংকলনে আগতপ্রায় বিচিত্র রসের স্বাদ পাঠকের এখান থেকেই পাওয়া শুরু। আন্দাজ করে নেওয়া যায় যে, এই বইয়ের পরের পাতাগুলিতে যে-সব গল্প আছে, তা ভূতের গল্প বটে, কিন্তু শিবরাম চক্রবর্তীর একান্ত নিজস্ব রসের স্বাদ এখানেও নিতান্ত অমিল হবে না। হয়ওনি। ‘ভূত আর ভুতো’ গল্পের শুরুতেই প্রাঞ্জল ভাষায় ভূত সম্বন্ধে তাঁর অভিমত ব্যক্ত করা হয়েছে,
“‘ভূতে বিশ্বাস করো’। – কেউ যদি একথা আমায় জিজ্ঞেস করে, আমি বলবো– না, একদম না।…”
এই অবধি পড়ার পর মনে হতে পারে, তাহলে নিশ্চয়ই শিবরাম ভূতের গল্পের ছদ্মবেশে আরেকটি হাসির গল্প আমাদের সামনে আনতে চলেছেন এবং আদৌ এটি কোনও ভূতের গল্প নয়। তবে বাকিটুকু পড়লেই সন্দেহ দূর হয়ে যাবে– ভূতে বিশ্বাস না-করার অর্থ আসলে ভূতের বিশ্বাসভঙ্গ– শিবরামের ভাষার বাক্যটা ওইরকম হয়ে দাঁড়িয়েছে–

‘…সত্যিই ওদের উপর আমার একটুও বিশ্বাস নেই। একবার একটা ভূতের কথায় বিশ্বাস করে যা নাকাল হয়েছি আর যেরকম বিপদে পড়েছিলাম। ইস্, ভূতটা কী ঠকান্টাই না ঠকিয়েছিল আমায়।…’
ব্যস, গল্প শুরু হয়ে গেল, সন্দেহ নিরসন হল। সত্যিই এটা যে ভূতের গল্প সে বিষয়ে কোনও সন্দেহ নেই– কিন্তু ঠিক যেরকম সব গল্প পড়ে আমরা ছোটবেলা থেকে অভ্যস্ত হয়ে গিয়েছি, এ লেখা সেরকম নয়।
ধরা যাক, ‘টেবিলে মাথা রেখে একজন ঘুমোচ্ছে।’– এই কথায় আশ্চর্য হওয়ার কিছু নেই, কিন্তু যদি পড়া যায় (এবং সেই সঙ্গে ছবিতেও দেখা যায়) যে টেবিলে মাথা রেখে মানে মাথাটাই কেবল টেবিলের উপর বসানো রয়েছে দেহ থেকে খুলে, বাকি দেহটা সটান বসে আছে চেয়ারে– অর্থাৎ ভূতের ঘুম আসলে এরকমই– তাহলে বেশ বিদঘুটে লাগে। আর ‘টেবিলে মাথা রেখে’ নিদ্রারত এই ব্যক্তিটি, অথবা ভূতটি, নিতান্ত যে-সে লোক নয়– স্বয়ং মহারাজ শ্রী শ্রী লক্ষণ সেন, তখন চমকটা আরও জোরালো হয়! গল্পের নাম ‘লক্ষণ এবং দুর্লক্ষণ’। কাকার সঙ্গে প্রাচীন গৌড়ে বেড়াতে গিয়ে শিবুর এই অভিজ্ঞতা হয়েছিল, তখন নিতান্তই বালক সে। শিবরাম লিখেছেন–
‘…টেবিলে মাথা রেখে ঘুমোতে দেখেছি লোককে, কিন্তু এমনটা দেখিনি। আমি তখন খুবই ছোট, পৃথিবীর বিশেষ কিছুই দেখিনি বলতে গেলে– দেখিও নি– কিন্তু তাহলেও টেবিলে মাথা রেখে ঘুমোতে দেখেছিলাম লোককে। তার মাথাটাকে পাশে রেখে, এভাবে আলাদা করে রেখে ঘুমোয় না।…’
ওই বিপজ্জনক জায়গা ছেড়ে চলে আসার সময় দেখা গেল একটা মূর্তি। “…আমার সময় নজর করিনি, ওই দারোয়ানটার মতোই চেহারা– কোষবদ্ধ অসি– তেমনি পোষাক-আশাকে– খালি মাথাটা নেই ঘাড়ের ওপর। সেটা রয়েছে পায়ের কাছে, আর তার পাদপীঠে লেখা দেবনাগরীতে– ‘মহারাজ শ্রী শ্রী লক্ষণ সেন…।’” শিবু তো বটেই, কাকাও রীতিমতো ভয়ার্ত। “…কাকা থমকে থাকলেন খানিক, তারপর বললেন– ‘রাম! রাম! লক্ষণ নয়, দুর্লক্ষণ এসব। চলে আয় হতভাগা– দাঁড়াসনে আর।’ হন হন ক’রে তিনি পা চালালেন। …”
‘না, ভূতের গল্প নয়’– গল্পটা, বলা বাহুল্য, আসলে ভূতেরই গল্প। কারণ শিবরামের বন্ধু জনার্দন-কথিত এই কাহিনিতে আগাগোড়াই গা-ছমছমে আবহ। শিবরাম তো বরাবরই আপত্তি করে আসছেন ভূতের গল্প শুনতে তাঁর ভারি ভয়। ‘…না জনার্দন, তুমি যদি ফের ভূতের গল্প শুরু করো তো আমি চল্লুম,…’ আর জনার্দন ততই এক গোরস্থানে গিয়ে তার অভিজ্ঞতার কথা শোনাতে থাকে। এবং গল্পটা শেষ পর্যন্ত দাঁড়ায় এখানে,
‘…তখন চাঁদ উঠেছে আকাশে… আমি কবরটার মাথায় গিয়ে দাঁড়ালাম… পাদ্রিটা ঠিক যেখানে দাঁড়িয়েছিল… তারপর সেই পাথরটার গায়ে পাদ্রিটা কি পড়ছিলো সেটা দেখতে গেলাম আমি… চাঁদের আলোয় দেখা গেল বেশ… পড়া গেল স্পষ্টই… খোদাই করা রয়েছে সেখানে… জনার্দ্দন তরফদার… এখানে সমাহিত, ১৫ই ডিসেম্বর, ১৯৫০… গোটা গোটা অক্ষরে আমার নিজের নাম আর গতকালের তারিখ…।’
স্বয়ং জনার্দ্দনের মুখেই এই কথা শুনে শিব্রাম সন্দিগ্ধ হয়ে ওঠেন। জনার্দ্দন যদি কবরে শায়িতই থাকে, তাহলে তার সামনে গল্প বলছে, এ কে?
“… ‘কিন্তু তার কি কোনও মানে হয়?’ আমি বিরক্তি প্রকাশ করি। জলজ্যান্ত আমার সামনে বসে তার এই রসিকতার অর্থ বুঝিনে। ‘গতকাল যদি তুমি মারা গিয়ে থাকো তাহ’লে আজ এখন… এখানে… এই যে তুমি… এর মানে?’
‘এর মানে তুমি জানতে চাও?’ জিগেস করে জনার্দ্দন।
‘হ্যাঁ, চাই। চাই বই কি?’
‘তাহলে ভাই, আমার আর কোনও দোষ নেই… তুমি যখন এমন ক’রে জানতে চাইছো…’
এই না বলে জনার্দ্দন সেই দন্ডে… সেইখানে… আমার এই চোখের উপর…
জনার্দ্দন উপে যায়।”
এই শেষ অংশটুকু পড়ে এমনই চমক লাগে যে পরপর শেষ দুই পঙ্ক্তিতে যে অদ্ভুত শব্দানুপ্রাস ব্যবহার করা হয়েছে প্রায় তা নজরেই পড়ে না। অন্তত প্রথমবার পড়ার সময় তো পড়েই না। প্রাথমিক চমক অতিক্রম করে দ্বিতীয়বার যদি কেবলমাত্র ভাষার সৌন্দর্য আর চাতুর্য উপভোগ করার জন্য গল্পটি পড়া যায় তবে ‘উপর’ আর ‘উপে’-র ধ্বনিসাদৃশ্য লক্ষ্য করা যায়।

সব মিলিয়ে শিবরাম চক্রবর্তী হয়তো ২০-২২টা ভূতের গল্প লিখেছিলেন, হয়তো আরও কিছু বেশি, তার সব ক’টির বিবরণ দেওয়া বা সামান্য মন্তব্যও করা এখানে সম্ভব নয়, কাম্যও নয়, পাঠক যদি নিজের মতো করে সে সব গল্প আবিষ্কার করে তবে স্বভাবতই আনন্দ অনেক বেশি পাওয়া যাবে। এখানে কেবল আর চারটি গল্পের সামান্য বিবরণ দেওয়া কাম্য মনে হচ্ছে। এসব গল্প অনেকেরই হয়তো আগে পড়া…
গল্পের নাম ‘সমগোত্র’। প্রথম প্রকাশ কোন পত্রিকায় জানা নেই। তবে গ্রন্থভুক্ত হয়েছিল ‘দেব সাহিত্য কুটীর’ প্রকাশিত ‘জন্মদিনের উপহার’ (১৯৫৩) বইয়ে।
জনৈক ব্যক্তির আক্ষেপোক্তি দিয়ে গল্পের শুরু। ‘জলপাহাড়’ বলে কোনও পাহাড়ি জায়গার সে বাসিন্দা। অন্য মানুষের সঙ্গ তার অসহ্য বোধ হয়। একা-একা থাকতেই সে ভালবাসে।
‘… নাঃ, লোকালয় আমার ভাল লাগে না। মানুষের সঙ্গ বিষ। কেউ যদি ডেকে বলে, হ্যাঁ হে হরিহর, আছো কেমন? তোমায় দেখি না কেন আজকাল? তাহলেই আমার মেজাজ চড়ে ওঠে। ইচ্ছে করে লাগাই এক চড়! …’
‘চড়ে’ আর ‘চড়’-এর চমকপ্রদ শব্দমিল ছাড়িয়ে গল্প এগতে থাকে। যে নির্জন জায়গায় সে বসে থাকে সেখানে আরেক ব্যক্তির আগমন। বলা বাহুল্য, প্রথম ব্যক্তির বিরক্তি বেড়ে উঠতে থাকে কারণ নবাগত বেজায় গায়ে-পড়া ধরনের। ইনিয়ে বিনিয়ে নানা কথাবার্তার পর বোঝা যেতে থাকে এই দ্বিতীয় ব্যক্তি নিতান্তই একটি ভূত, ফলে গল্পটা এসে দাঁড়ায় এইখানে,
“… সেবারও এমনি বাদলা মশাই। এই রকমই কুয়াসা লেগে থাকতো। আমি আর আমার বৌ বেড়াতে আসতাম এই টঙে– বৃষ্টি ধরলে বিকেল কি সন্ধের মুখে, এসে বসতাম, ঐ যে দেখছেন ঐ বেঞ্চে। গল্প করতাম বসে বসে। লোকটা বলেই চলে– ‘আমার বৌ মশাই, ভারী চুপচাপ প্রকৃতির–একদম্ না-কথার মানুষ। বেশি কথাবার্তা আদপেই ভালবাসে না। আমি একা একাই গল্প করতাম। ও শুনত, শুনে যেত চুপ করে। শুনে শুনে বিরক্ত হোতো মনে হয়।’
কোনও দোষ নেই মেয়েটার। নিজের মনে না বলে আমি পারিনে। তোমার যা বক্তিমা, এক কালা ছাড়া আর কেউ যে তোমায় বরদাস্ত করবে তা আমার মনে হয় না।
‘দশ বারোলি কাটবার পর, অবশেষে একদিন– সেদিনও আমরা বেড়াতে এসেছি এইখানে। গল্প করছি আমি… আমার বউ আর সইতে পারলো না।…’
আশ্চর্য নয়! আমারই এমন অসহ্য লাগছে!
‘এ-কথায় সে-কথায় এই চূড়ার মাথায় এসে দাঁড়িয়েছি আমরা।…’ নিজের মনেই সে বলতে থাকে– শুনতে মোটেই ভাল লাগে না, তবু আমায় শুনতে হয়।
‘এমনি ভর-সন্ধে্য তখন। আমার বউ করলো কি… ক্ষেপে গিয়ে হঠাৎ… মারলো এক ধাক্কা আমাকে… আমি তখন এই খাদের ধারে খাড়া, ঠিক আপনি যেখানে দাঁড়িয়েছেন এখন। মারলো এক ধাক্কা–’ বলতে বলতে বিষণ্ণতায় তার গলার স্বরও খুব নীচু খাদে নেমে আসে, ‘আর আমি পড়ে গেলাম। একেবারে পাঁচশো ফুট তলায়।’ সখেদে সে বলে।
সখাদ সলিলেই তলিয়েছো ভাই! শুনে এতক্ষণে আমি একটু আরাম পাই!
‘মারা গেলাম যে, তা বলাই বাহুল্য। হাড় পাঁজরা চুরচুর হয়ে গেছলো, চেনবার জো ছিল না। এমন কি আমার বৌ দেখলেও আমাকে চিনতে পারতো কিনা সন্দেহ!’
সে আগেই তোমাকে চিনেছিল হাড়ে হাড়ে বোক্চন্দর।
‘তারপর থেকে লোকে বলে আমি নাকি ভূত হয়ে এখানে ঘুরছি। যেদিন আমার অপঘাত হয়, ফি-বছর সেই দিনটিতেই আমি নাকি হানা দিতে আসি এখানে। এই পাহাড়ের মাথায় এসে যাকে এখানে দেখতে পাই ধাক্কা মেরে ফেলে দিই নাকি খাদের তলায়। সেদিন একজনকে না নিলে নাকি আমার স্বস্তি হয় না। লোকে এই বলে…’
এই পর্যন্ত যে কোনও পরিচিত ভূতের গল্পর মতোই। ভৌতিক স্বীকারোক্তিটুকু ছাড়া প্রায় এমন ঘটনা আমরা অনেকবার পড়েছি। কিন্তু এরপরেই গল্পে আসে শেষতম মোক্ষম চমক!
‘…আজ হচ্ছে সেই দিনটি– আমার তৃতীয় মৃত্যু তিথি…’ বলেই সে আমাকে, বলা-কওয়া নেই, লাগায় এক ধাক্কা।
আমি তাকিয়ে দেখি ভালো করে– আরে, সেই তোরে, সে-ই বেয়াক্কেলেই তো বটে!
সে ধাক্কা মারে। তার ঘুষি আমার দেহ ভেদ করে যায়।
তবু সে মারতেই থাকে। ধাক্কার উপর ধাক্কা দেয়। শেষটা হাত চালিয়ে সুবিধে করতে না পেরে গুঁতো মারতে শুরু করে। তেড়ে তেড়ে এসে গুঁতোয়। তার বদ্খৎ চেহারা নিয়ে তেড়েফুঁড়ে আসে। আমার দেহের এফোঁড় ওফোঁড় হয়ে বেরিয়ে যায়।
বাজে লোকের সঙ্গে কথা কইতে আমার ভালো লাগে না। নইলে আমি তাকে বলতে পারতাম, দু’বছর আগে আমাকে সে ধাক্কা মেরে ফেলে দিয়েছিল। স্পষ্টই বলতে পারতাম মুখের উপর!
নাঃ, জায়গাটা ছাড়তে হবে। জলপাহাড়ে আর চলবে না দেখছি। ভারী ভূতের উপদ্রব এখানে।”

উদ্ধৃতি বেশ দীর্ঘ হল, কিন্তু ভূত ভূতকেই ধাক্কা মেরে ফেলে দিতে চাইছে এবং দু’জনেই ভূত বলে ব্যর্থ হচ্ছে এই পর্যন্ত যদিও বা মানা যায়, ভূতের উপদ্রবে ভূতই ক্ষুণ্ণ এবং ক্ষিপ্ত হচ্ছে– এই কথা পড়লে হয়তো হাসিই আসে, হয়তো-বা ভয়ও। গল্পের আকর্ষণ দাঁড়িয়ে আছে এই দোদুল্যমানতার ওপরেই।
‘জীবনকেষ্টর জীবন-নাট্য’ নামে শিবরাম একদা একটি ছোট উপন্যাস লিখেছিলেন। জীবনকেষ্ট বেচারা চিরকালই নানাভাবে ভাগ্যবিড়ম্বিত। উপন্যাসের শেষ পর্যায়ে সে আত্মীয়দের দ্বারা ঘোরতর পীড়িত। অনাহুত আত্মীয়রা বাড়িতে চড়াও হয়ে তাকে তার ঘর থেকেই উৎখাত করে দিয়েছে। তার ঠাঁই হয়েছে কয়লার ঘরে। ক্লান্ত শরীরে ঘুমের জন্য একে একে তার পূর্বপুরুষরা তাকে দেখা দেন। প্রথমে উদয় হন ধিনিকেষ্ট পতিতুণ্ডি– ইনি কোম্পানির আমলের লোক। আত্মীয়-সংকটে ইনিও একদা ঘোরতর পীড়িত ছিলেন। অবশেষে উদ্ধার পাওয়ার জন্য আত্মীয়দের ধরে ধরে চা-বাগানে ‘জোড় করে মাথা পিছু জুড়ি টাকা হিসেবে’ তিনি বেচে দিয়েছিলেন। অতএব জীবনকৃষ্ণ তা করতেই পারে। জীবনকেষ্ট সখেদে জানায়, ‘সে চা-বাগান কি আর আছে? বাগান আছে, কিন্তু অমন করে বাগানো নেই। এখন কেনাবেচা করতে হয় না– এখন ওমনি ওমনি লোকে সেধে গিয়ে চা-বাগানের চাকরি নেয়। সভ্যতা বাড়ার সঙ্গে সঙ্গে মানুষের অসভ্যতা যেমন বেড়েছে, তেমনি অসুবিধাও বিস্তর।’
এমন উপায়টি মাঠে মারা যাওয়ায় ধিনিকেষ্ট বিমর্ষ হয়ে পড়েন। অতঃপর আবির্ভূত হন ধিনিকেষ্টর ঠাকুরদা কুলাচার্য– শ্রীমৎ শ্রীকালীকেষ্ট পতিতুণ্ডি। ইনি কাপালিক হয়ে গিয়েছিলেন।
‘‘‘এক একটাকে ধরো, আর ধরে ধরে খাও, এছাড়া আর উপায় নেই– নানা পন্থা বিদ্যতে আয়নায়।’
‘আত্মীয়দের খাবো, বলছেন কি আপনি! তা কি করে খাওয়া যায়। তারা অতি অখাদ্য যে!’ জীবনকেষ্ট তেমন উৎসাহ পায় না। ‘মোটেও না, তোমার ধারণা ভুল। শুধু ওইভাবেই ওরা সুস্বাদু হতে পারে। রসনার পথেই ওদের রসালো করা যায়– নতুবা ওরা ভারী বেরসিক।’
‘রসনা’, ‘রসালো’, ‘বেরসিক’– রসের হরেক রকম ব্যবহারের পর এবং জীবনকেষ্টর ঘোরতর আপত্তির পর উদয় হন কুলাচার্যের অতিবৃদ্ধ প্রপিতামহ প্রভুপাদ শ্রীল শ্রীযুক্ত শ্রী হরেকেষ্ট পতিতুণ্ডি, আত্মীয়দের হাত থেকে নিস্তার পাওয়ার জন্য এঁর উপায় ভিন্ন– তাদের ধরে ধরে তিনি দীক্ষা দিতেন। ‘যেমন হাসতে হাসতে তারা এসেছিল কাঁঠাল হাতে করে আমার মাথায় ভাঙবার মতলবে কাঁদতে কাঁদতে চলে গেল একদিন।’

স্বপ্ন ভাঙল। এরপর জীবনকেষ্ট কীভাবে আত্মীয়দের হাত থেকে নিস্তার পেল– সে খাঁড়া হাতে তাদের তাড়া করে অর্থাৎ তাড়া করার ‘অভিনয়’ করে– সে আরেক কাহিনি। তবে তার ক্ষিপ্ত হওয়ার অভিনয়টা বেশ জুৎসই হয়েছিল। উপন্যাসের এই অংশের নাট্যরূপ শিবরাম পরে দিয়েছিলেন ‘প্রাণকেষ্টর প্রাণান্ত’ নামে।

‘আশ্রমপীড়া’ গল্পে দু’টি মাত্র চরিত্র– রাণী বিলাসমণি এবং সার হরিশরণ। প্রাচীন এক ভগ্নপ্রায় প্রাসাদে দু’জনে বাস করেন। সকাল থেকে একদিন সেই নির্জন বাড়ির নানা জায়গা থেকে অপ্রত্যাশিত সব শব্দে রাণী বিলাসমণি খুবই সন্ত্রস্ত। গল্প জুড়ে সেই ভয়েরই বর্ণনা,
“‘জন-মণিষ্যির কথা আমি বলছি কি না? আমি বলছি দুর্জনের কথা– পরলোকের তারা– যাদের নাম করতে নেই। ছায়া মাড়াতে নেই যাদের। তারা যদি এ বাড়িতে এসে আশ্রয় নেয় তাহলে তো আমরা গেলাম! দফারফা আমাদের, একদণ্ডও আমাদের তিষ্ঠোতে দেবে না।’ অনেকক্ষণ এইসব ঘ্যানঘ্যানানি এড়িয়ে গিয়ে শেষ পর্যন্ত আর হরিশরণও কি যেন দেখেন–
‘অ্যাঁ একি!’ চমক লাগে হরিশরণের। বোকার মতো চেয়ে থাকেন। ছায়ামূর্তির মতো কী যেন তাঁর চোখের সামনে দিয়ে ভেসে যায়– দোরগোড়ার ওদিক দিয়ে। ব্লু-ব্ল্যাক কালির মতোই গায়ের রং তার– খালি চোখ দুটো অঙ্গারের মতোন জ্বলজ্বলে। খোলা দরজাটার ভেতর দিয়ে সেধারের বারান্দা অবধি দেখা যায়। সেই ছায়ামূর্তিটা এদিকে একটা জ্বলন্ত চাউনি হেনেই মিলিয়ে যায় যেন– সিঁড়ির কোণটাতেই।”
ফলে সার হরিশরণকে এবার সক্রিয় হতে হয়। সিঁড়ি দিয়ে একতলায় নামার সময় দেখা যায় পুরনো ভেঙে পড়া ঝাড়লণ্ডনটাকে মেরামত করে, জ্বালিয়ে নিয়ে কারা যেন সারি সারি পাতা পেড়ে খেতে বসেছে। ফলে দু’জনেই স্তম্ভিত!
“‘তুমি ঠিকই বলেছো, বাড়িতে আমাদের উপদ্রব শুরু হয়েছে– যথার্থই।’ ঘাড় নেড়ে সায় দেন হরিশরণ।
‘এরা যে জলজ্যান্ত– হ্যাঁ, সে বিষয়ে আর কোনও ভুল নেই।’
‘তাহলে– তাহলে কি কিছুই করবার নেই আমাদের? কোনও বিহিত হবে না এর?’
‘হবে না কেন? আলবাৎ হবে, এক্ষুনি আমি তাড়াচ্ছি ওদের এখান থেকে দ্যাখো না। নিজ-মূর্তি ধরি আগে। পালাতে পথ পাবে না যাদুরা। দেখাচ্ছি দাঁড়াও!’
বলেই হরিশরণ টেকো মাথাটা খসিয়ে নিজের হাতে নেন– হাত দুটো লম্বা করেন যারপরনাই। স্কন্ধকাটা রূপ ধরে সিঁড়ি দিয়ে নামতে থাকেন তীরবেগে। রাণী বিলাসমণিও নাকিসুর বার করে পিছু পিছু ধাওয়া করেন তাঁর।”

এই গল্পেরও নাট্যরূপ দিয়েছিলেন শিবরাম– সেই নাটকের নাম ছিল ‘উদ্বাস্তবিক।’ নামের মধ্যে ‘উদ্বাস্তু’ শব্দের অনুষঙ্গ স্পষ্ট। নাটকের শেষে, আগে পড়া গল্পের অতিরিক্ত একটি মোচড় আছে। ভাঙা বাড়িতে যারা আশ্রয় নিয়েছে তারা উদ্বাস্তু। অনেক কষ্টে তারা আজ মরিয়া হয়ে উঠেছে। ভূতকেও তারা ভয় পায় না। বরং তাদের ভয়েই ভূত পালায়।
“সার: তাড়াবে আমাদের এখান থেকে। পালাতে হবে এই ভিটে ছেড়ে। তেমাথার সেই বেলগাছেই গিয়ে আশ্রয় নিতে হবে দেখছি, ‘যদি তার ডালেও উঠে বাসা না বেঁধে থাকে হাঘরেরা। ঐ-ঐ গো গিন্নী। তাড়া করে আসছে লোকটা। হাতাহাতি করতেই আসছে নিশ্চয়ই। পালাও গিন্নী। আর দেরি নয়! পালাও!
[খোলা জানালার পথে অশ্বত্থ গাছের ডাল ধরে দু’জনে উধাও। সঙ্গে সঙ্গে হাতা হাতে এক উদ্বাস্তুর প্রবেশ।]”

‘হাতাহাতি’ আর ‘হাতা হাতে’র অনুপ্রাস-মুগ্ধতা পেরিয়ে, এমনকী, ভূতের গল্পের অভাবনীয় পরিসমাপ্তির ঘোর কাটিয়ে যা জেগে থাকে, তা হচ্ছে ছিন্নমূল মানুষের বেদনা আর লড়াইয়ের বিবরণ। গল্পটি (এবং নাটকটি) তাই ভয়ের, হাসির না হাসির ছদ্মবেশে দুঃখের– বারবার পড়েও তা স্পষ্ট হতে চায় না।
‘আমার ভূত দেখা’ (ফাইন আর্ট পাবলিশিং, ১৩৪৮) প্রকাশিত হয়েছিল আজ থেকে সাড়ে আট দশক আগে। বছর ৮৫ আগে প্রকাশিত এই বইয়ের প্রথম গল্পটির (‘আমার ভূত দেখা’) মোহ আজ এতদিন পরেও আচ্ছন্ন করে রাখে। এ গল্প ভূতের– না ভবিষ্যতের– না অতীত-ভবিষ্যৎ অতিক্রম করে যাওয়া দর্শনের– কে জানে! এই গল্পেরও কিছু পরিমার্জন-সহ পুনর্লিখন করেছিলেন শিবরাম– ‘অদ্ভৌতিক’ গল্পে।
‘গোড়াতেই বলে রাখি এটা হাসির গল্প নয়! কেননা ভূত দেখা, আর যাই হোক্, হাস্যকর ব্যাপার নয় নিশ্চয়ই!
এবং এ-ও বলা দরকার যে এটা গল্পও নয়। আনকোরা সত্য ঘটনা। ভূত দেখার মতো সত্য ঘটনা, সত্যিকারের দুর্ঘটনা জীবনে আর কি আছে? যাঁরাই ভূত দেখেছেন, আমাদের মধ্যে অনেকের স্বচক্ষেই হয়তো এই দুর্যোগ ঘটে থাকবে। তাঁরা সবাই এক বাক্যে আমার কথার সাক্ষ্য দেবেন। ভূতের গল্প মানেই সত্যিকারের গল্প।’

বিনি আর শিব্রামের বাড়ি খোঁজা এবং পছন্দসই বাড়ি না-পাওয়া দিয়ে গল্পের শুরু। এঁরা মাঝেমধ্যেই, সেই ১৯৪১ সালেও, বাড়িভাড়া পাওয়া নিয়ে নানা সমস্যায় পড়তেন। ওই ১৩৪৮ সালেই প্রকাশিত ‘হারানো প্রাপ্তি নিরুদ্দেশ’ বইয়ের ‘বাস্তব অবাস্তব’ গল্পেও তাঁদের গৃহসমস্যা– সেবার তাঁরা শেষ পর্যন্ত ভাড়া নিয়েছিলেন আস্ত এক পরিত্যক্ত বাস। সে গল্পও ভূতের এবং সে গল্পও পরে শিবরাম ‘Bus তুতো ভাই’ নামে আবার লেখেন।
সেবার একটা পছন্দসই বাড়ি যদি বা পাওয়া গেল, সেখানে তাঁরা একসঙ্গে একেবারে একজোড়া ভূতের দেখা পান। দুই যুবক– নিজেদের মধ্যে নিঃশব্দে মারামারি করতে করতে দোতলার কাঠের রেলিং ভেঙে একেবারে সোজা নীচে। একতলায় অবশ্য, বলা বাহুল্য, কিছুই আর দেখা যায় না।
এর বেশ কিছুদিন পরে যখন তাঁরা অবশেষে একটি বাড়িতে (হয়তো ‘বাস্তব অবাস্তব’ গল্পের সেই বাসেই) স্থিত হয়েছেন, এক যুবক লেখককে নিমন্ত্রণ জানাতে আসে। তাঁরা নাকি কী একটা পত্রিকা প্রকাশ করেন এবং লেখককে সংবর্ধনা জানাতেই এই নিমন্ত্রণ। নির্দিষ্ট দিনে বিনিকে সমেত শিবরাম সেই ঠিকানাতে গিয়ে উপস্থিত হন এবং মনে পড়ে, এ তো সেই বাড়ি যেখানে একদা তাঁরা ভৌতিক লড়াই দেখেছিলেন! এবার পত্রিকা সম্পাদক তুষানলবাবু এবং সহ-সম্পাদক লালায়িত রায়কে একসঙ্গে দেখে,
‘প্রথম দর্শন থেকেই ওঁদের দুজনকে আমাদের চিনি চিনি ঠেকছিল। কিন্তু কেন যে অত মিঠে মনে হচ্ছিল, এখন ওঁদের উভয়কে একসঙ্গে দেখে, একেবারে পাশাপাশি দেখে, যুগপৎ দেখবার পরে বুঝতে আর বাকী থাকল না।

এঁরা উভয় যে সেই দুটি ভয়-ভয়াবহ সেই দুই অভিব্যক্তি– একদা যাঁদের আমরা এইখানেই, এই বারান্দার ধারেই, ধাক্কাধাক্কি করে রেলিং ভেঙে সবেগে নেমে যেতে দেখেছি– সেকেলে সেই-দুই অবতারই আজ এই দুই নবরূপে আবির্ভূত হয়েছেন। সে বিষয়ে আর সংশয় মাত্র রইল না।’
এরপর নেপথ্যে দু’জনের এক হাস্যকর কলহের সূত্রপাত হয়, কিন্তু অচিরেই তা সহিংস হয়ে ওঠে, সংশয় ক্রমশঃ সম্ভাবনায় গড়িয়ে যেতে থাকে–
‘কিন্তু তাছাড়াও– আরেকটা খটকা লাগে। চট করে আমার মনে হয়, অতীতকালের সেই ভবিষ্যৎ–সুদূরপরাহত সেই সম্ভাবনা, অত্যন্ত বর্তমানে নিতান্ত আসন্ন হয়ে আসছে না তো? ঘোরালো হয়ে, আরও জোরালো হয়ে এবং ক্ষীণকায় রেলিংয়ের উপর যদ্দুর সম্ভব ভারালো হয়ে? য়্যাঁ?
সেই একদা যাদের ভূত বা ভবিষ্যৎ যাই হোক আমরা দর্শন করেছি। কিন্তু এখন পর্যন্ত যারা ভূত হতে পারেনি, তাদের কি অকৃত্রিম আসল ভূতে পরিণত হতে বেশি আর দেরি নেই? অচিরেই কি সেই নিদর্শন দেখব?’ এরপর লেখকের আশ্চর্য স্বগতোক্তি–
‘বুঝতে পারি, ইতিহাস যেমন ঘুরে ফিরে আসে, যে-কারণে আসে, তেমনি, সেই কারণেই, অনন্তের অজ্ঞাত ভাণ্ডারে-জমানো একই সব দৃশ্য, অভিন্ন সব কথা, অনুরূপ সব ভাব, যুগে যুগে খোলস বদলে যাতায়াত করে। খবরের কাগজের নিউজ কলমের মতো, নতুন হুজুগের রূপ নিয়ে, সেইসব একঘেয়ে পুরনো খবর পুনরাবৃত্ত হয়। ঘুরে ফিরে ফের এসে দেখা দ্যায়– আবার, আমরা নতুন করে পড়ি। পড়তে বাধ্য হই।’
হারানো অতীত, বাড়ানো বর্তমানে এসে, হারিয়ে গিয়ে আবার অনাগত ভবিষ্যতে উদ্যাপিত হতে থাকে, সেই উদ্যাপনের দায় নিয়ে পুণঃ পুণঃ আমরা জীবন যাপন করি– কিন্তু কার জীবন যাপন করি? আকাশের সংবাদপত্র আগাগোড়া যার পড়া, নখদর্পণে যার, এমন কেউ যদি কোথাও থাকে, সেই কেবল তা বলতে পারে।’
‘আকাশের সংবাদপত্র’ নিয়ে এমন কল্পনা যখন করেছিলেন শিবরাম, তখন তাঁর বয়স মাত্র ৩৮ বছর!

শিবরামের ভৌতিক গল্পগুলির পাতায় পাতায় এমন সব অপ্রত্যাশিত ঘটনা, অবিশ্বাস্য সব সংঘটনের প্রাচুর্য। এমনকী, গোয়েন্দা গল্পও তিনি যখন লেখেন, যদিও তেমন গল্পের সংখ্যা খুব একটা বেশি নয়, সেখানেও এমন সব ঘটনা ঘটতে থাকে, যা গোয়েন্দা গল্পে প্রত্যাশিত (এবং অভ্যস্ত) ঘটনা থেকে একেবারেই আলাদা। সে বিষয়ে আরেকটি নতুন লেখা হতেই পারে। এখানে কেবলমাত্র শিবরামের এই প্রায়-অপরিচিত গল্পগুলি, কল্কে-কাশির গল্প ছাড়া অন্য গল্প সম্বন্ধে মনে করিয়ে দেওয়ার জন্য তাঁর ‘কে হত্যাকারী (পরবর্তীকালে ‘খুনীকে নিয়ে খুনোখুনি’ নামে প্রকাশিত) বইয়ের সূচনা অংশটুকু একবার শোনাতে চাই,

‘কে হত্যাকারী– এই বইটির হত্যাকারী যে কে তা খুঁজে বের করতে তোমাদের দস্তুরমত বেগ পেতে হবে। যাকে এবং যাকে হত্যাকারী বলে সন্দেহ করবে শেষটায় দেখা যাবে যে সে নয়। যে লোকটি খুন হয়েছে আর যে গোয়েন্দা এই দু’জন বাদে প্রায় সবার প্রতিই তোমাদের সন্দেহ হবে– এবং লেখক হিসাবে সেইখানেই আমার বাহাদুরি। এমনকি, এক এক সময়ে গোয়েন্দার প্রতি সন্দেহ জাগাও কিছু বিচিত্র নয়– বাহাদুরির উপর সেটা আরও এক কাঠি। এমনকি, শেষে যদি এমন মনে হয় যে খুন হওয়া লোকটা নিজেই নিজেকে খুন করেছিল (অথচ সেটা তার আত্মহত্যা নয়) তাহলেও আমি কিছুমাত্র আশ্চর্য হব না।…’
এই শেষের বাক্যটির তুল্য আপাতদৃষ্টিতে উদ্ভট কিছু বাংলা ভাষায় কদাচিৎ লেখা হয়েছে বলেই মনে হয়। যদিও গল্পে সেটা শেষ পর্যন্ত প্রমাণিত হয়। এই লেখায় সেই অসম্ভবের কিছু ইঙ্গিত দেওয়া হল মাত্র।
A Unit of: Sangbad Pratidin Digital Private Limited. All rights reserved