Manoj Mitra: Life, Theatre and Historical Influences | Robbar
Robbar
  • ২৪ কার্তিক ১৪৩৩
  • বুধবার
  • ১১ নভেম্বর ২০২৬

মনোজের মনোভূমি

মনোজ মিত্রর নাটকে মানুষের আশ্রয়হীনতার আতঙ্ক ঘুরে ঘুরে এসেছে। রূপক হয়ে এসেছে। আজ সমস্ত পৃথিবীর দিকে তাকিয়ে দেখুন, ভিটেমাটি ছেড়ে দেশান্তর যাত্রাই যেন মানুষের ভবিতব্য হয়ে দাঁড়িয়েছে! দেশান্তর হওয়ার ভয়ে মানুষ আত্মহত্যাও করছে। এই কথাই তিনি সারাজীবন বলতে চেয়েছেন গজমাধব, কেনারাম, বাঞ্ছারামের চরিত্রের ভিতর দিয়ে। 

শেষ আপডেট: নভেম্বর ১১, ২০২৬, ১৫:২৮   
Facebook WhatsApp Messenger

২০২৪ সালের ১২ নভেম্বরের পর ২০২৬ সালের ১২ নভেম্বর– দু’ বছর নয়, যেন অযুতবর্ষ কেটে গিয়েছে। এখন শোক থিতু হয়েছে। এখন এই মৃত্যুর অযুতবর্ষে তিনি কতটা আছেন, কতটা নেই, তা ভাবি এক এক সময়ে। ভাবতেই হয়। লেখকের মৃত্যু হলে, লেখকের বাড়ি নির্জন হয়ে যায়। অনুরাগীরা আসে না, নতুন লেখার কথা শোনা হয় না। এমনকী, অনবরত টেলিফোনে পুরনো কথা– অমুকের কথা, তমুকের কথা– আর শোনা বা শোনানো হয় না। তিনি অভিনেতা ছিলেন যতটা, নাটককার ছিলেন তার বেশি।

zoom

গদ্যসাহিত্যেও তাঁর জায়গা আছে। উপন্যাস লেখেননি। গল্প লিখেছিলেন সেই ১৯৫৭-’৫৮ সালে, তখন আমি খুবই ছোট, তিনি সদ্য যুবক। বইটি ছিল কয়েকজনের গল্পের সংকলন, নাম ‘অন্যস্বর’। সেই বই হারিয়ে গিয়েছে। গল্পটিও। তিনি তাঁর পথ পরিবর্তন করলেন ১৯৫৯ সালে ‘মৃত্যুর চোখে জল’ নাটকে। সেই গল্প মহাব্রহ্মাণ্ডে মিলিয়ে গেল। ‘মৃত্যুর চোখে জল’ বেঁচে থাকল। সে ছিল আমাদের পারিবারিক কাহিনি। ঠাকুরদা অন্নদাচরণ বহুদিন অসুস্থ-রুগণ। সমস্ত দিন ওষুধপথ্যাদি নিয়েই মাথা ঘামাতেন। সেই মানুষই হলেন মূল চরিত্র। তাঁর পুত্রের এক সন্তানের যায়-যায় অবস্থা। মৃত্যুর ভয়ে ভীত এক বৃদ্ধ বঙ্কিম, স্বামীর আত্মকেন্দ্রিকতা ও নিজের অসুখের জন্য উদ্বিগ্ন স্ত্রী নীহার এবং মৃত্যুপথযাত্রী এক শিশুর কাহিনি তা। শিশুটি যেন নিজেকে নিয়ে বৃদ্ধের উদ্বেগ-ভয় নস্যাৎ করে দিয়ে, সমস্ত মনোযোগ তার দিকে টেনে নিয়েছিল। মৃতের মতো পড়ে থাকা বৃদ্ধ বঙ্কিমের স্ত্রী নীহার স্বামীকে অনুনয় করে, শিশুটির মৃত্যুতে কেঁদে জানিয়ে দিতে, যে তারা বেঁচে আছে। এ-নাটক কতটা বাস্তব কতটা বাস্তব নয়, সে-কথা নিরর্থক। কেন-না লেখা এবং অভিনয় (বঙ্কিমের চরিত্রে তিনিই, সেই আরম্ভেই ত্রিকালজ্ঞ বৃদ্ধের চরিত্র) হয়ে যাওয়ার পর তা পাঠক এবং দর্শকের। কিন্তু এখন বলি, আমার বাবা ছিলেন অন্নদাচরণের প্রথম সন্তান। আমার মা অনেক সন্তানের মৃত্যু দেখেছেন। দাদার পরে একজন, সায়েব, আমার উপরে এক দিদি, ডিলডিল। আরও একজন আমার পরে। সেই শোক আর অন্নদাচরণের অসুখ নিয়েই এই নাটক। 

zoom
নিজের বাড়িতে অবসরে নাট্যকার

‘মৃত্যুর চোখে জল’ আকাশবাণীতে পাঠ হয়েছিল। আমি শুনলেও মনে নেই। কিছু বুঝিনি বলেই হয়তো। তখন ঠাকুরদা অন্নদাচরণ বেঁচে। তিনি শুনেছিলেন, জানি। এবং এক অদ্ভুত বিস্ময় ছড়িয়ে পড়েছিল আমাদের বেলগাছিয়ার বাসাবাড়িতে। এমন হয় নাকি? কী লিখেছে খোকন! কোন কথা কোন কথায় বদলে গেল! আমি আমার চোখের সামনেই দেখেছি, একজন ক্রমশ মহীরুহ হয়ে উঠছেন। গত শতকের পাঁচের দশকের শেষে লেখা এই নাটক। একটি অসামান্য ছোটগল্পের পাঠ ছিল তা। আমি মঞ্চেও দেখিনি, নাটক পঠনে তার জোর বুঝেছি।

এরপর তিনি রানিগঞ্জ ত্রিবেণীদেবী ভালোতিয়া কলেজে পড়াতে চলে যান। ছয়ের দশকে তেমন উল্লেখযোগ্য কিছু মনে পড়ে না। বেতার নাটক লিখতেন খুব। বিমল করের ‘একা একা’, নরেন্দ্রনাথ মিত্রর ‘শ্বেত ময়ূর’– এই দুইয়ের কথা মনে আছে। আর ছিল সন্তোষকুমার ঘোষের উপন্যাস ‘দর্পচূর্ণ’। লিখেছিলেন ‘পাখির চোখ’ (পরে তা হয় ‘পাখি’, ‘বহুরূপী’ প্রযোজিত মনে হয়), ‘টাপুরটুপুর’ নামে এক আশ্চর্য সুন্দর একাঙ্ক এবং ‘বেকার বিদ্যালঙ্কার’, ‘সিংহদ্বার’, ‘কোথায় যাব’, ‘কাল বিহঙ্গ’, ‘নীলা’ ইত্যাদি পূর্ণাঙ্গ নাটক। নাটককার তখন দিশা খুঁজছেন। আসলে প্রথমে তিনি লেখক, স্রষ্টা, তারপর অভিনেতা। তারপর নির্দেশক। মতান্তর হতে পারে। আমার বিশ্বাস এই।

zoom
নাটকের মঞ্চে কন্যা ময়ূরী মিত্রের সঙ্গে; ছবি: অতনু ঘোষ

বন্ধু পার্থপ্রতিম চৌধুরীর সঙ্গে ১৯৫৯ সালে প্রতিষ্ঠা করেছিলেন ‘সুন্দরম’ নাট্যদল। ছয়ের দশকে এবং সাতের দশকের আরম্ভে পার্থপ্রতিম সিনেমা নিয়ে ব্যস্ত হন। ‘শুভা ও দেবতার গ্রাস’, ‘ছায়াসূর্য’, ‘যদুবংশ’-র মতো মহৎ ছবি করেন। থিয়েটার থেকে সরে যাচ্ছিলেন ক্রমশ। আর মনোজ মিত্র রানিগঞ্জ থেকে কলকাতায় ফিরে ‘ঋতায়ন’ নামে একটি নাট্যদল প্রতিষ্ঠা করেন। ঋতায়ন ‘নীলা’ নাটকটি ১৯৬৫-’৬৬ নাগাদ মঞ্চস্থ করে। আমি সেই নাট্যে বালক-পুত্রের অভিনয় করেছিলাম। কিন্তু তিনটি শোয়ের পর আর করতে পারিনি বাবার প্রবল আপত্তিতে। মনে আছে, ভারত-পাকিস্তান যুদ্ধের সেই ব্ল্যাক আউটের কলকাতা। আমাকে নিয়ে ডবল ডেকার বাসে চেপে তিনি চলেছেন তাঁর নাটক ‘নীলকণ্ঠের বিষ’-এর অভিনয় দেখতে, এবং তা করছে তাঁর পুরনো দল ‘সুন্দরম’ (তিনি ততদিনে ‘সুন্দরম’ ছেড়ে ‘ঋতায়ন’-এ)। ‘নীলকণ্ঠের বিষ’ নাটকে প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন পার্থপ্রতিম। এ নাটকও ছয়ের দশকে লেখা। তখনও তিনি ৩০ হননি! এইভাবে চলছিল থিয়েটার এবং লেখা। বাঁক এল ১৯৭০-’৭১ সালে। সময় লিখিয়ে নিল ‘চাকভাঙা মধু’। সেই নাটক ‘এক্ষণ’ পত্রিকায় প্রকাশিত হল ১৯৭১ সালের মধ্যভাগে। একই সঙ্গে হাসান আজিজুল হকের গল্প– ‘জীবন ঘষে আগুন’। হাসান আমাকে বলেছিলেন, ‘চাকভাঙা মধু’ বাংলাদেশের রাজশাহীতে তাঁরাই প্রথম অভিনয় করেন। তিনি ছিলেন জোতদার অঘোর ঘোষের ভূমিকায়।

‘মৃত্যুর চোখে জল’ নাটকের ১০ বছর পার করে, আর এক বৃদ্ধ জটা এল ‘চাকভাঙা মধু’-তে! সে এক চতুর বৃদ্ধ, সর্পাঘাতে মুমূর্ষু জোতদার অঘোর ঘোষকে সাপের ওঝা মাতলা বাঁচাবে কি বাঁচাবে না, এই সংশয় ঢুকিয়ে দেয় মাতলার মনে। ‘চাকভাঙা মধু’ করতে চেয়েছিল ‘সুন্দরম’। আমাদের বেলগাছিয়ার বাসায় সারারাত নাটক পড়া হয়েছিল, শ্রোতা পার্থপ্রতিম। আবার সেই নাটকের খোঁজ পেয়ে থিয়েটার ওয়ার্কশপে হাজির বিভাস চক্রবর্তী এবং অশোক মুখোপাধ্যায়। একই দিনে দুই নাট্যদলের বিজ্ঞাপন বেরল ‘দেশ’ পত্রিকায়। শেষ অবধি বিভাসদারা করলেন। ’৭১-এর নাটক মোহিত চট্টোপাধ্যায়ের ‘রাজরক্ত’, ’৭২-এর নাটক ‘চাকভাঙা মধু’। এই নাটকই তাঁর নাট্যজীবনের বড় বাঁক। তখন বয়স ৩২-৩৩ বছর।

zoom
মঞ্চে মনোজ মিত্র*

এরপর ১৯৭৩ সালে ‘অশ্বত্থামা’ মঞ্চস্থ করেন থিয়েটার ওয়ার্কশপ। গত শতকের সাতের দশকের প্রথম সাত বছর এবং তার আগের পাঁচ বছর, অর্থাৎ ১৯৬৫ থেকে ১৯৭৫-’৭৬– এই ১১-১২ বছর ছিল উত্তাল এক সময়! বিপ্লব, বিদ্রোহ, মানুষের অধিকার লুণ্ঠন, কথা বলার অধিকার সংকোচন এবং নির্বিচারে গণহত্যা দেখেছিল আমাদের রাজ্য, এই কলকাতা। সময়ই তাঁকে লিখিয়েছিল পরপর তিন নাটক– ‘চাকভাঙা মধু’ ছাড়াও ‘অশ্বত্থামা’ এবং ‘নরক গুলজার’। ‘অশ্বত্থামা’ ছিল নরহত্যা, রক্তপাতের বিপক্ষে স্পষ্ট উচ্চারণ। মহাভারতের সৌপ্তিক পর্ব নিয়েই এই নাটক। এই নাটক যে কতটা উচ্চতার এক সৃষ্টি, তা পড়লেই ধরা যাবে। রক্তস্নাত কুরুক্ষেত্রই এই নাটকের পটভূমি। একজন লেখক, নাটককার ব্যক্তির নন, সমষ্টির। তিনি তাঁর প্রতিবাদ লিপিবদ্ধ করেছিলেন এই নাটকে। ‘অশ্বত্থামা’ কাব্যনাটক নয়, কিন্তু এর সংলাপ কাব্য সুষমায় ভরা।

পঞ্চপাণ্ডব ভ্রমে, পাণ্ডবের পঞ্চ শিশুপুত্রকে হত্যা করে তাদের মুণ্ড একটি পেটিকায় ভরে অশ্বথামা ফিরেছিল দ্বৈপায়ন হ্রদের কূলে, দুর্যোধনের কাছে। এই নাটক তত অভিনীত হয়নি, কিন্তু পাঠের জন্য এর কোনও তুলনা নেই। সংলাপ এমন সৌন্দর্যমণ্ডিত যে, মনে হয় কাব্যপাঠ করছি। আর স্তম্ভিত হই যখন টের পাই অগণিত হত্যা, রক্তপাত, মৃত্যুর বিপক্ষে তাঁর বক্তব্য় তিনি এইভাবে বলছেন। তখন, গত শতাব্দীর ছয়ের দশকের শেষ দিক এবং সাতের দশকের অনেকটাই, আমাদের সেই যৌবনকালে এই দেশ ভ্রাতৃহত্যায়-হানাহানিতে কুরুক্ষেত্র হয়ে গিয়েছিল সত্য। 

zoom
সাজানো বাগানের মঞ্চাভিনয়ে*

‘অশ্বত্থামা’ মঞ্চে সফল হয়নি। তিনি নিজে এই নাটকে অভিনয় করেছিলেন। পরে অশ্বত্থামা পাঠ হয়েছে অনেকবার। সৌমিত্র চট্টোপাধ্যায়, অশোক মুখোপাধ্যায় এবং তিনি সেই পাঠ করেছেন রবীন্দ্রসদনে। কাব্যপাঠ শুনেছিলাম যেন। ১৯৭৫ সালের মধ্যভাগে দেশে ‘জরুরি অবস্থা’ জারি হয়, তখন থিয়েটার ওয়ার্কশপ মঞ্চে আনে ‘নরক গুলজার’। একটা কথা স্মরণ করতে হবে, জরুরি অবস্থার সময়, যখন আইন করে মানুষের মুখ বন্ধের ব্যবস্থা হয়েছিল এই দেশে, চালু হয়েছিল সেন্সরশিপ, তখন তিনিই লিখেছিলেন সেই গান–

  ‘কেউ কথা বলো না, কেউ শব্দ করো না, ভগবান নিদ্রা গিয়েছেন, গোলযোগ সইতে পারেন না…’

‘নরক গুলজার’-এ ওই গানের সুর দিয়েছিলেন দেবাশিস দাশগুপ্ত। সমস্ত রকম সেন্সরশিপের বিপক্ষেই সেই গান। তিনি সরাসরি রাজনীতি করেননি কোনও দিন। ক্ষমতার কাছে মাথা নামিয়ে দাঁড়াননি, ক্ষমতার বিপক্ষেই কথা বলেছেন, তা রূপকাশ্রয়ী হয়ে এসেছে সব নাটকেই। ‘নরক গুলজারে’র সেই গান এখনও সত্য। ক্ষমতার বিপক্ষে সব সময়ই সত্য। ‘সুন্দরম’ নাট্যদল এখন আবার ‘নরক গুলজার’ মঞ্চে এনেছে। 

এই নাটকের পর ‘সুন্দরম’ তাঁকে ডাক দেয় আবার। ‘পরবাস’ নাটক নিয়ে ফিরলেন তিনি। এই নাটক লেখা হয়েছিল ছয়ের দশকে লেখা ‘কোথায় যাব’ নাটকের পুনর্লিখনে। তারপরের কাহিনি অনেকটাই জানা। ১৯৭৭ সালে ‘সাজানো বাগান’– জীবনের সঙ্গে মৃত্যুর পাশা খেলতে বসা। তারপর আরও কত নাটক। ‘সুন্দরম’, ‘বহুরূপী’, ‘অন্য থিয়েটার’ প্রত্যেকেই করেছে। আর করেছে মফস্স‌লের নানা নাট্যদল। নাটক লিখে চলেছেন, অভিনয় হচ্ছে, পাঠ হচ্ছে। 

মনোজ মিত্রর নাটকে বৃদ্ধ হলেন বহুদর্শী। জীবনকে দেখেছেন বহু বছর ধরে। সেই দেখাই যেন তাঁর নাটকের দর্শন। তবে ত্রিকালদর্শী সেই চরিত্র বার্ধক্যের কারণেই অনেকটা নিরুপায় হয়ে উঠেছে। এই নিরুপায়তার গল্পই বলেছেন তিনি তাঁর নাটকে। ‘পরবাস’ নাটকের গজমাধব আমাদের নাট্যসাহিত্যে এক অদৃষ্ট-পূর্ব চরিত্র। আবার ‘মৃত্যুর চোখে জল’-এর বঙ্কিম একান্ত নিরুপায়, নিজের ওষুধের শিশি-বোতল নিয়ে কোনওক্রমে বেঁচে থাকতে চায়। সেই বৃদ্ধই (জটা) আবার যেন ‘চাকভাঙা মধু’তে বেঁচে থাকাকে একটু সহনীয় করে তুলতে, নানা কৃতকৌশল অবলম্বন করে! শোধ নিতে চায় অঘোর ঘোষের মৃত্যু ঘটিয়ে। জোতদার অঘোর ঘোষ এসেছিল সাপের কামড় খেয়ে, সেই তল্লাটের বড় সাপের ওঝা মাতলার কুটিরে। মাতলার বুড়ো কাকা জটা শোধ নিতে চায়। অঘোর তাদের সব লুটেছে, এবার তা যেন ফেরত নেবে। আসলে শ্রেণি-চরিত্রের তফাতে জটা আর বঙ্কিম আলাদা হয়ে যায়। কিন্তু বেঁচে থাকার অদম্য বাসনা তাদের একই রকম। 

zoom
পরবাস নাটকের অভিনয়ে*

১৯৭৬-এর ‘পরবাস’-এ উচ্ছেদ হওয়া ভাড়াটে গজমাধব নানা কৃতকৌশলে থেকে যেতে চায় তার বহুকালের পুরনো আশ্রয়ে। এ নাটক তাই হয়ে ওঠে অসামান্য ব্যঞ্জনাময়। গজমাধবই যেন ‘বাঞ্ছারাম’ হয়ে ওঠে ‘সাজানো বাগান’-এ। তার আগে বা পিছে লেখা ‘কেনারাম বেচারাম’ হয়ে ‘সাজানো বাগান’। এরপর ‘রাজদর্শন’, ‘কিনু কাহারের থেটার’ প্রভৃতি। অদম্য স্পৃহাই হয়ে ওঠে সমস্ত নাটকের মূলমন্ত্র। বেঁচে থাকার কথা নানাভাবে ঘুরে আসে। এক ত্রিকালজ্ঞ বৃদ্ধের বেঁচে থাকা শেষ অবধি যেন মানব সভ্যতার বেঁচে থাকা হয়ে ওঠে। মনোজ মিত্রর নাটকে মানুষের আশ্রয়হীনতার আতঙ্ক ঘুরে ঘুরে এসেছে। রূপক হয়ে এসেছে। আজ সমস্ত পৃথিবীর দিকে তাকিয়ে দেখুন, ভিটেমাটি ছেড়ে দেশান্তর যাত্রাই যেন মানুষের ভবিতব্য! দেশান্তর হওয়ার ভয়ে মানুষ আত্মহত্যাও করছে। একথাই তিনি সারাজীবন বলতে চেয়েছেন গজমাধব, কেনারাম, বাঞ্ছারামের চরিত্রের ভিতর দিয়ে। 

zoom
বাঞ্ছারামের চরিত্রে মনোজ মিত্র

তাঁর গদ্যভাষা অনুপম। যদি ‘গল্পনা’, ‘ভাসিয়ে দিয়েছি কপোতাক্ষ জলে’ এবং ‘মনোজাগতিক’ এই তিনটি বই পাঠক পড়েন, টের পাবেন কী অনিন্দ্যসুন্দর গদ্যশৈলীতে তা লেখা! আর জীবনের কত গভীরে তিনি যেতে পারেন। প্রথম দু’টি বইয়ে আমাদের বাবা-মা-ঠাকুরমা-ঠাকুরদা, আমাদের সাতক্ষীরে-ধূলিহর-বেতনা-কপোতাক্ষের কথা আছে। আছে টাঙ্গাইল, কালিহাতি, যমুনা নদীর কথা। আছে উত্তরবঙ্গের লালমণির হাটের কথা। যেন আছে ছবি হয়ে, নানা রঙে আঁকা। আমাদের গ্রাম, নদী সব ফেলে এসেছিলাম সেই দেশভাগের পর-পর, সেই কথা তিনি স্মরণ করেছেন ‘গল্পনা’-য়। একটু উদ্ধৃত করি,

‘নদীর নাম বেত্রবতী। ধুলিহরের লােকে ডাকত বেতনা। রূপে গুণে যে খুব মনকাড়া তা নয়, তবে বেত্রবতীর উৎপত্তিতে কবিচিত্তহারী কপােতাক্ষ আর দুরন্ত ভৈরব নদ। মা-বাপের নামডাকেই তার যতটুকু যা গৌরব। তবে তার সবচেয়ে বড় পরিচয়টা বুঝি, জন্মের পরপরই সে শুনেছে সাগরের ডাক। বঙ্গোপসাগরের জোয়ার-ভাটায় তাল মিলিয়ে নাচে বেতনা। জোয়ারে তার ফুলে ফুঁসে ওঠা আর ভাটায় তার হু হু করে চুপসে ফতুর হয়ে যাওয়া– নিত্য চলে ঘড়ি মেপে। ধূলিহর ছাড়িয়ে আরও বিশ-পঁচিশ মাইল চলে দক্ষিণে সুন্দরবনে ঢুকে আর মাথা ঠিক রাখতে পারেনি যৌবনবতী বেতনা, চারদি্কে ছোটবড় নদীনালার হাতছানি। যাকেই সামনে পেয়েছে, তাকেই বুকে টেনে নিয়ে মরণ ঝাঁপটি মেরেছে উপসাগরে।’

‘গল্পনা’ গ্রন্থে তিনি গল্পের মতো করে ছোটবেলার কথা লিখেছেন। আর ‘ভাসিয়ে দিয়েছি কপোতাক্ষ জলে’ আমাদের দুই ভাইয়ের কথা। আমি লিখেছিলাম আমাদের দেশের বাড়ি, ফিরে একবার দেখার কাহিনি। গ্রাম ধূলিহর, এখন জেলা সাতক্ষীরা। বাংলাদেশ। আর দাদা লিখেছিলেন ১৯৪৭-এর আগের পূর্ববঙ্গের ছেলেবেলার কথা। সেই ছেলেবেলা, হিন্দু-মুসলমানে একসঙ্গে থাকা, দেশভাগ হয়ে গেলে এপারে চলে আসা– তার হৃদয়-স্পর্শী বিবরণ আছে সেই বইয়ে। ‘মনোজাগতিক’ তাঁর যৌবনকালের কথা। এই কলকাতার।

এইসব নিয়ে মনোজ মিত্র আছেন। মৃত্যু তাঁকে স্পর্শ করতে পারেনি, তিনিই বঙ্কিম অথবা বাঞ্ছারাম।

*ছবি সৌজন্য: কলকাতাথিয়েটার.কম 

Bancharamer Bagan Bibhash Chakraborty Chak Bhanga Madhu emergency period Manoj Mitra Mohit Chattopadhyay Narak Gulzar Playwright Sajano Bagan Sangbad Pratidin Sangbad Pratidin Robbar

Share this article on