

যোগেন-কমলের বন্ধুত্ব সম্ভবত ক্রমশ গভীর ও আন্তরিক হয়। নচেৎ কেনই-বা যোগেন চৌধুরীর মতো আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শিল্পী, এই বইয়ের জন্য কমলের অনুরোধে তিনবার তিনরকমের কভার ডিজাইন করে পাঠিয়েছিলেন! এই তিনটির মধ্যে একটি কমলের পছন্দের হয় এবং কৌরব প্রকাশনী থেকে ১৯৯৩ সালে প্রথম গ্রন্থকারে প্রকাশিত হয়।
এখন মনে হয় এই সখ্য স্বাভাবিক, অনিবার্য। একজন দুর্মর রেখার বিভঙ্গে দুমড়ে মুচড়ে সৃষ্টি করেছেন আনকোরা আধুনিক এক চিত্রভাষ্য, অন্যজন প্রায় ক্রিয়াপদ-বর্জিত নিয়মভাঙা গদ্যের আঙ্গিকে নির্মাণ করেছেন নতুন স্বকীয় এক বাংলা ভাষা। যোগেন চৌধুরী এবং কমল চক্রবর্তী।
সে এক অন্য সময়। গত শতকের সাত-আটের দশক। যোগেন-কমল দু’জনেই এক অর্থে প্রবাসে– যোগেন কর্মসূত্রে দিল্লি, আর কমলের বসবাস ও চাকরি জামশেদপুরে। দু’জনের বন্ধুবান্ধব-প্রিয়জনদের টানে ঘনঘন কলকাতা আগমন। সেই সময়ে কলকাতার বিড়লা অ্যাকাডেমিতে যোগেন চৌধুরীর একাধিক অসাধারণ, পরবর্তীকালে স্মরণীয়, পেন্টিংয়ের বিশাল আকারের একক প্রদর্শনীর আয়োজন হয়। অন্যদিকে, কমল চক্রবর্তীর ‘কৌরব’ কলকাতার পাঠকমহলে সাড়া ফেলেছে।

কৌরবে মুদ্রিত তাঁর প্রথম দু’টি উপন্যাস– ‘আমার পাপ’ ও ‘রুটির ওপিঠ’ প্রশংসিত হচ্ছে। যোগেনের ছবি ও কমলের গদ্যের মেলবন্ধন কৌরবেরই পৃষ্ঠায়। ১৯৮০ সালে ‘কৌরব-৩১’ শারদীয়া সংখ্যায় কমলের উপন্যাস ‘স্যার যদুনাথের আদি ভারতবর্ষের ইতিহাস’ প্রকাশিত হয়। সঙ্গে যোগেন চৌধুরীর ১৫টিরও বেশি অনবদ্য স্কেচ! এর কয়েক মাস আগে অবশ্য, কমল আমাদের উসকোখুসকো মফস্সলের রাতের আড্ডায় সহর্ষ ঘোষণা করতে ভোলেনি, ‘এবার পুজোর কৌরবে যোগেনের ফাটাফাটি স্কেচ! সঙ্গে প্রচ্ছদেরও ছবি…!’ এই উপন্যাসের প্রথম পৃষ্ঠার শীর্ষে মুদ্রিত– ‘ছবি: যোগেন চৌধুরী’, ‘বিকৃতি: কমল চক্রবর্তী’। তবে এহেন যোগেন-অলংকৃত কমলের উপন্যাসকে ১৬ বছর প্রতীক্ষা করতে হয় গ্রন্থাকারে প্রকাশিত হওয়ার জন্য। ১৯৯৬ সালের আগস্টে ‘স্যার যদুনাথের আদি ভারতবর্ষের ইতিহাস’, যোগেন চৌধুরীর অলংকরণে কৌরব থেকেই প্রকাশিত হয়।

যোগেন-কমল রেখা-লেখার যুগলবন্দির আরেকটি, ‘ব্রম্ভভার্গব পুরাণ’। কমলের ভাষায়, ‘স্বপ্নে পাওয়া এই ধর্মগ্রন্থ’। ২০১২ সালে ‘বঙ্কিম পুরস্কার’ প্রাপ্ত এই উপন্যাসের পাণ্ডুলিপি তিন-চার বছরের বেশি অমুদ্রিত অবস্থায় পড়ে থাকে। এই সময়ে কমল কখনও-সখনও নিজের ঝোলা ব্যাগ থেকে খানকয়েক পৃষ্ঠা বের করে লেখার অংশবিশেষ আমাকে পাঠ করে শোনাত। কখনও-বা ভারী গলায় গেয়ে উঠত, ‘জগন্নাথ হে/ আর জন্মে ছ্যইলা কইর হে/ জগন্নাথ হে/ আর জন্মে মাইয়া কইর হে…।’ কৌরবের ‘সম্পাদকমণ্ডলীর পছন্দ না হওয়ায় পড়ে থাকে’ এই উপন্যাস, অবশেষে সমীর রায়চৌধুরীর ‘হাওয়া-৪৯’ পত্রিকায় ছাপা হয়।
‘ব্রম্ভভার্গব পুরাণ’-এর অলংকরণ প্রসঙ্গে যোগেন চৌধুরীর স্মৃতিচারণ, ‘আমি যখন কয়েক বছর হল কলাভবনে যোগ দিয়েছি– সেই সময় হঠাৎ একদিন একটি উপন্যাসের পাণ্ডুলিপি নিয়ে হাজির। উপন্যাসের নাম ‘ব্রম্ভভার্গব পুরাণ’– হিজড়েদের নিয়ে লেখা। ইলাস্ট্রেশন করে দিতে হবে। এই রকম মজার, সিরিয়াস অসাধারণ লেখা এর আগে কেউই লেখেননি– এদেশে কিংবা বিদেশে। বেশ কিছু কালো কালি আর তুলিতে ইলাস্ট্রেশন করে দিলাম। বইটির প্রচ্ছদও করে দিতে হল।’ যোগেন-কমলের বন্ধুত্ব সম্ভবত ক্রমশ গভীর ও আন্তরিক হয়। নচেৎ কেনই-বা যোগেন চৌধুরীর মতো আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শিল্পী, এই বইয়ের জন্য কমলের অনুরোধে তিনবার তিনরকমের কভার ডিজাইন করে পাঠিয়েছিলেন! এই তিনটির মধ্যে একটি কমলের পছন্দের হয় এবং কৌরব প্রকাশনী থেকে ১৯৯৩ সালে প্রথম গ্রন্থকারে প্রকাশিত হয়।

‘ব্রম্ভভার্গব পুরাণ’ পড়ে বেশ কয়েকজন জানতে চাইত, বাস্তবে এই নামে সত্যি সত্যি কোনও পুস্তিকা আছে কি না! উত্তর, না নেই। সবই কমলের মস্তিষ্কপ্রসূত। কে আর কমলের মতো অশ্রুতপূর্ব গণেশ বন্দনা আর সরস্বতী প্রার্থনা লেখার কথা ভাবতে পারে! আর কে ‘ব্রম্ভভার্গব পুরাণ’-এর রুদ্রবর্ণ, রামভরোসা, শশীকুমারদের কালো কালির তুলির টানে যোগেনের মতো মূর্ত, জীবন্ত করে তুলতে পারত!
………………..
পড়ুন মিনি সিরিজ-এর অন্যান্য লেখা
………………..
A Unit of: Sangbad Pratidin Digital Private Limited. All rights reserved