obituary of prabir sen by pranabesh maity। Robbar
Robbar
  • ১২ কার্তিক ১৪৩৩
  • শুক্রবার
  • ৩০ অক্টোবর ২০২৬

বইশিল্পের একান্ত আপন

প্রয়াত শিল্পী প্রবীর সেন। শিল্পীর বিষণ্ণতায় অনেক আগেই নিজেকে বিচ্ছিন্ন করে নিয়েছিলেন চেনা পরিসর থেকে। এমনকী নিজের ছবি ও বইয়ের জগৎ থেকেও। লোকচক্ষুর অন্তরালেই তৈরি করে নিয়েছিলেন নিজের জগৎ। কলেজ স্ট্রিটের বইপাড়ায় জন্ম প্রবীর সেনের। বেশিরভাগ প্রচ্ছদই তিনি করেছেন ক্যালিগ্রাফি দিয়ে। প্রচ্ছদে সেই ক্যালিগ্রাফির উপস্থিতি ছিল বিকল্পহীন। শুধুমাত্র ন্যারেটিভ নয়, বিষয়ের ভিতরে প্রবেশ করার চেষ্টা করেছেন প্রবীর সেন। ছবি লেখার হুবহু অনুবাদ হয়ে ওঠেনি কখনও।

শেষ আপডেট: অক্টোবর ৩০, ২০২৬, ১৭:৩৮   
Facebook WhatsApp Messenger

প্রবীর চলে গেল। প্রবীর সেন।

শিল্পীর বিষণ্ণতা ছিল ওঁর মধ্যে। কী একটা কারণে, নিজেকে বিচ্ছিন্ন করে নিয়েছিলেন সব কিছু থেকেই। এমনকী, যা ওঁর নিজের, সেই ছবি ও বইয়ের জগৎ থেকেও। হয়তো একান্তে, নিজে, নিজের চার দেওয়ালের মধ্যেও গড়ে তুলেছিলেন তাঁর নিজস্ব জগৎ।

zoom
প্রবীর সেন

প্রবীর জন্মেছিলেন, খাস কলেজ স্ট্রিটে। পরে জেনেছিলাম, ওঁদের বইয়ের দোকান ছিল। মূলত বিদেশি বই আসা-যাওয়া করত। প্রবীর যখন আর্ট কলেজ থেকে পাশ-টাস করে অলংকরণ ও বইয়ের প্রচ্ছদ নিয়ে মেতে উঠেছিলেন, ওঁর বাবা না কি বলেছিলেন, ‘ঘুরে ফিরে সেই বইপাড়াতেই!’

zoom

অজানা কোনও কারণে, দেখেছি, প্রবীর আমাকে সমীহই করতেন। পেপার কাটিংয়ে, আমাদের দু’জনেরই আগ্রহ ছিল। প্রবীর আমার পেপার কাটিংয়ের কাজ পছন্দ করতেন। প্রচ্ছদের চেয়ে, আমি প্রবীরের অলংকরণকেই এগিয়ে রাখব। শুধুমাত্র ন্যারেটিভ নয়, বিষয়ের ভিতরে প্রবেশ করার চেষ্টা করেছেন প্রবীর। ছবি কখনও লেখার হুবহু অনুবাদ হয়ে ওঠেনি।

zoom

প্রবীর তাঁর বেশিরভাগ প্রচ্ছদই করেছেন ক্যালিগ্রাফি দিয়ে। সেই ক্যালিগ্রাফি অনেক সময় অন্য ব্যঞ্জনা এনেছে, এমন নয়, কিন্তু প্রচ্ছদে সেই ক্যালিগ্রাফির উপস্থিতি অবিকল্প মনে হয়েছে। অথচ সে অর্থে প্রবীরের বহু প্রচ্ছদ-অলংকরণ আমরা দেখতে পাই না! নিজেকে খোলা বাজারে নামিয়ে আনতে সম্ভবত আপত্তি ছিল তাঁর। বহুলপ্রসবে তিনি ছিলেন অরাজি। যে কাজই করেছেন, তার মধ্যে যত্ন ও পরিশীলিত ভাব ছিল।

zoom

প্রবীর, পরে কৃষ্ণেন্দু চাকীর সঙ্গে মিলে ‘প্রকৃতি’ নামের একটি প্রকাশনা গড়ে তোলেন। সেই প্রকাশনা, বাংলা বইকে দেখতে-পড়তে অন্যরকম করে তুলেছিল। লেটার প্রেস যখন গুটিকতক, প্রায় কোনও কাগজ-বই-পত্রিকাই সেদিকে ঝুঁকছে না, তখন ‘প্রকৃতি’ বইয়ের আদল বদলে দিতে, লেটার প্রেসের দিকে ঝুঁকেছিল। তবে সেসব বই গড়নে সাধারণের চেয়ে এত আলাদা যে, বইয়ের তাকে সহজে ঠাঁই দেওয়া মুশকিল।

zoom

মানুষ একা আসে। একাই যায়। মাঝে গড়ে ওঠে মানুষের জটলা। প্রবীর এই মানুষের জটলা থেকে আগেই বিদায় নিয়েছিলেন। সেই ভিড়ে আর ফিরে আসার কোনও পথ রইল না। কলেজ স্ট্রিটে জন্মানো আর কোনও শিল্পী কি বইয়ের জন্য সারা জীবন অক্লান্ত ভেবে চলেছিলেন? জানা নেই।

বিদায় প্রবীর।

Art & Craft artist Bengali illustrator college street illustration Illustrator Prabir Sen Sangbad Pratidin Sangbad Pratidin Robbar

Share this article on