Air India Maharaja: The Story Behind the Iconic Mascot | Robbar
Robbar
  • ২৭ কার্তিক ১৪৩৩
  • শনিবার
  • ১৪ নভেম্বর ২০২৬

বিজ্ঞাপনের মহারাজা

ববি কুকা এবং শিল্পী উমেশ রাও ১৯৪৬ সালে এয়ার ইন্ডিয়ার ইন-ফ্লাইট মেমো প্যাডের জন্য যে মহারাজার জন্ম দিয়েছিলেন, জল কাওয়াসজি তাঁকে সাধারণ একটি প্রতীক থেকে প্রধান তারকা বা ব্র্যান্ড অ্যাম্বাসেডরে পরিণত করেন। মহারাজা আসলে একজন রসিক, ভ্রমণপিপাসু এবং অ্যাডভেঞ্চারপ্রিয় চরিত্র, যিনি বিশ্বের বিভিন্ন শহরে গিয়ে সেখানকার সংস্কৃতির সঙ্গে মিশে যেতে পারেন। শুরুতে মহারাজা কিছুটা ‘লাজুক’ ছিলেন। কিন্তু বিশ্ব মানচিত্রে সেদিনের উড়ান-শিল্পের প্রয়োজনে কাওয়াসজি তাঁর মধ্যে থাকা বিশাল সম্ভাবনাকে অমর করে গিয়েছেন। 

শেষ আপডেট: নভেম্বর ১৪, ২০২৬, ২০:৪৭   
Facebook WhatsApp Messenger

নাম তার সোহরাব কাইখসরু কুকা, কিন্তু সকলে তাঁকে চিনতেন ‘ববি কুকা’ নামেই। তিনি ছিলেন এয়ার ইন্ডিয়ার কর্মাশিয়াল ডিরেক্টর। জে আর ডি টাটার ঘনিষ্ঠ হিসেবে ৩৫ বছরেরও বেশি, এয়ার ইন্ডিয়ার ব্র্যান্ডিং ও বিপণন সামলেছেন। ববি কুকাকে যিনি যোগ্য সঙ্গত দিয়েছিলেন, তিনি জল বি. কাওয়াসজি। এয়ার ইন্ডিয়া-র কিংবদন্তি আর্ট ডিরেক্টর এবং পাবলিসিটি চিফ। প্রখ্যাত শিল্পসমালোচক ও শিল্পী ওয়াল্টার ল্যাংহ্যামারের প্রাক্তন সহকারী হিসেবে ‘দ্য টাইমস অফ ইন্ডিয়া’-র আর্ট স্টুডিওতে কাজ করার পর, তিনি এয়ার ইন্ডিয়ায় যোগ দেন এবং এয়ার ইন্ডিয়ার নিজস্ব ডিজাইন স্টুডিও পরিচালনার দায়িত্ব নেন। 

zoom
ববি কুকা

ববি কুকা-কাওয়াসজি ভারতীয় বিজ্ঞাপনের ইতিহাসে অন্যতম সফল জুটি। এঁরা দু’জনে মিলে এয়ার ইন্ডিয়ার বিশ্বখ্যাত মাসকট ‘মহারাজা’-কে একদিকে যথার্থ ভারতীয়, অন্যদিকে একটি আন্তর্জাতিক সাংস্কৃতিক চরিত্রে পরিণত করেছিলেন। বিপণনের গণ্ডি পেরিয়ে ও বিজ্ঞাপনের তাৎক্ষণিক প্রয়োজন ছাড়িয়ে, নম্র, বিনয়ী, অতিথিবৎসল মহারাজা দেশের অন্যতম পরিচিত ‘মুখ’ হয়ে উঠেছিল।

zoom
জল বি. কাওয়াসজি এবং জে. আর. ডি. টাটা

১৯৪৬ সালে এই আইকনিক ‘মহারাজা’ মাসকটটির জন্ম হয়। জে. আর. ডি. টাটা ১৯৩২ সালের ১৫ অক্টোবর ‘টাটা এয়ারলাইন্স’ প্রতিষ্ঠা করেন। ওইদিন তিনি নিজে একটি একক-ইঞ্জিন বিশিষ্ট ‘ডি হ্যাভিল্যান্ড পুস মথ’ বিমান চালিয়ে, করাচি থেকে আহমেদাবাদ হয়ে বোম্বে (বর্তমান মুম্বই) পর্যন্ত ডাক বয়ে নিয়ে আসেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর, ১৯৪৬ সালের ২৯ জুলাই ‘টাটা এয়ারলাইন্স’ একটি পাবলিক লিমিটেড কোম্পানিতে রূপান্তরিত হয়। জন্ম হয় ‘এয়ার ইন্ডিয়া লিমিটেড’-এর। ১৯৫৩ সালে ভারত সরকার এয়ার ইন্ডিয়াকে জাতীয়করণ করে। ১৯৪৬ সালে ‘মহারাজা’ আত্মপ্রকাশ করে। এর জন্মের পিছনে একটি মজার ইতিহাস রয়েছে। সংস্থাটির নাম ‘এয়ার ইন্ডিয়া’ হওয়ার পর, যাত্রীদের জন্য বিমানের ভেতরের ইন-ফ্লাইট মেমো প্যাড এবং লেটারহেডে ব্যবহারের জন্য একটি আকর্ষণীয় প্রতীকের প্রয়োজন ছিল।

zoom
এয়ার ইন্ডিয়ার বিখ্যাত মাসকট ‘মহারাজা’

ববি কুকা ‘মহারাজা’র মূল ধারণাটি ভেবেছিলেন। প্রথমদিকে বিজ্ঞাপনের মজার এবং বুদ্ধিদীপ্ত স্লোগান বা কপিগুলোও তিনিই লিখতেন। মুম্বইয়ের বিখ্যাত বিজ্ঞাপন সংস্থা ‘জে. ওয়াল্টার থম্পসন লিমিটেড’-এর (যা পরবর্তীতে ‘হিন্দুস্তান থম্পসন অ্যাসোসিয়েটস্‌’ বা ‘HTA’ নামে পরিচিত হয়) ডিজাইনার শিল্পী উমেশ রাও, ববি কুকার ধারণা অনুযায়ী মহারাজার প্রথম ছবিটি এঁকেছিলেন। চারের দশকে সংস্থাটি এয়ার ইন্ডিয়ার বিজ্ঞাপনের কাজ দেখত। ববি কুকা তাঁর ভাবনার কথা জানালে, রাও অসংখ্য স্কেচ ও নকশা এঁকে পরীক্ষা-নিরীক্ষা করেন। অবশেষে ডোরাকাটা রাজকীয় পাগড়ি, বিশাল পাকানো গোঁফ, নাকের ডগায় সূক্ষ্ম ভাঁজ, গোলগাল ভুঁড়ি এবং চোখ বুজে নমস্কার জানানোর ভঙ্গিতে মহারাজার সেই চিরচেনা রূপটি আঁকেন। ভারতীয় বিজ্ঞাপনের ইতিহাসে ‘আমূল গার্ল’ বা এশিয়ান পেইন্টসের ‘গাট্টু’-র মতোই, উমেশ রাওয়ের আঁকা ‘মহারাজা’ আজও অন্যতম শ্রেষ্ঠ ব্র্যান্ড মাসকট হিসেবে বিবেচিত হয়। ১৯৬৬ সালে আমূল গার্ল এঁকেছিলেন আর্ট ডিরেক্টর ও ইলাস্ট্রেটর ইউস্টেস ফার্নান্দেজ এবং ১৯৫৪ সালে এশিয়ান পেইন্টসের গাট্টু এঁকেছিলেন কিংবদন্তি কার্টুনিস্ট আর. কে. লক্ষ্মণ। 

zoom
মহারাজের পোস্টারগুলো ভারতীয় বিজ্ঞাপনে এক নতুন ধারার সূচনা করেছিল

মহারাজার বিজ্ঞাপন ও পোস্টারগুলো ভারতীয় বিজ্ঞাপনের জগতে নতুন এক ধারার জন্ম দেয়। ভারতীয় দর্শক-যাত্রী সহজেই বিশ্বভ্রমণে যেমন যাবেন, তেমনই ভারতে আসতে আগ্রহী বিদেশী পর্যটকও যেন নিরাপদ বোধ করে– বিজ্ঞাপনের মধ্যে তা নিশ্চিত করাই ছিল বড় চ্যালেঞ্জ! কোনও বিজ্ঞাপনে বোধহয় বিশ্বের এত শহর ও তার আকর্ষণকে এমন দুর্দান্তভাবে তুলে ধরা হয়নি।

ধীরে ধীরে আন্তর্জাতিক সংস্কৃতির মেধাবী বুঝদার হিসেবে মহারাজা নিজেকে প্রতিষ্ঠা করে। কাওয়াসজির তত্ত্বাবধানে, মুম্বইয়ে এয়ার ইন্ডিয়ার নিজস্ব ডিজাইন স্টুডিও পাঁচ ও ছয়ের দশকে মহারাজার অসংখ্য কালজয়ী পোস্টার তৈরি করে। সিডনিতে সাঁতারু, মস্কোতে রুশ নর্তকী কিংবা প্যারিসে রোমান্টিক প্রেমিকের বেশে মহারাজার উপস্থিতি সকলকে চমকে দেয়। মহারাজা বিশ্বজুড়ে এয়ার ইন্ডিয়াকে এনে দেয় এক অনন্য পরিচিতি। ‘অতিথি দেব ভবঃ’-এর দেশে মহারাজা যেন ভারতীয় আতিথেয়তার পরাকাষ্ঠা। ভারতের রাজকীয় ঐতিহ্যের প্রতীক। সিংহাসন থেকে নেমে আসা মহারাজের বেশে, এ যেন এক আন্তরিক আপনজন। কিন্তু এই ‘মেকি’ রাজকীয় উপস্থিতি সমালোচনার মুখেও পড়েছে। তার উত্তরে ববি কুকা বলেছিলেন, ‘আমরা ভালো কোনও নামের অভাবে তাকে মহারাজা বলি, কিন্তু তার শরীরে নীল রক্ত (রাজরক্ত) নেই। তাকে দেখতে রাজার মতো হলেও সে আসলে রাজা নয়।’ মহারাজা আসলে একজন রসিক, ভ্রমণপিপাসু ও অ্যাডভেঞ্চারপ্রিয় চরিত্র, যিনি বিশ্বের বিভিন্ন শহরে গিয়ে সেখানকার সংস্কৃতির সঙ্গে মিশে যেতে পারেন। 

zoom
সিডনিতে সাঁতারু কিংবা প্যারিসে রোমান্টিক প্রেমিক মহারাজার উপস্থিতি সকলকে চমকে দেয়

জল কাওয়াসজি মহারাজাকে সাধারণ একটি প্রতীক থেকে, এয়ার ইন্ডিয়ার প্রধান তারকা বা ব্র্যান্ড অ্যাম্বাসেডরে পরিণত করেন। শুরুতে মহারাজা কিছুটা ‘লাজুক’ ছিল। কিন্তু বিশ্ব মানচিত্রে সেদিনের উড়ান-শিল্পের প্রয়োজনে, কাওয়াসজি তাঁর মধ্যে থাকা বিশাল সম্ভাবনাকে অমর করে গিয়েছেন। বিদেশিদের চোখে স্টিরিওটাইপ ভারতকে দেখার অভ্যাস মহারাজা ভেঙে দেয়।

সেই যুগে সোশাল মিডিয়া বা টেলিভিশনের প্রসার না-থাকায়, এয়ার ইন্ডিয়া এই পোস্টার ও বিজ্ঞাপনের মাধ্যমে মানুষের কাছে তাদের বার্তা পৌঁছে দিত। মুম্বইয়ের কেম্পস কর্নারের ইন্ডিয়া হাউস এবং পরবর্তীতে নরিমান পয়েন্টের এয়ার ইন্ডিয়া বিল্ডিংয়ের বিশাল হোর্ডিংগুলোতে, নিয়মিত মহারাজার নতুন কার্টুন ও পোস্টার লাগানো হত। এগুলো এতটাই জনপ্রিয় ছিল যে, পথচারীরা নতুন বিজ্ঞাপন দেখার জন্য রীতিমতো অপেক্ষা করত এবং শোনা যায় রাস্তায় জ্যাম লেগে যেত! প্রতিটি নতুন ট্যাগলাইন তৈরির সঙ্গে সঙ্গেই কুকার অফিস থেকে ফোন যেত জে ওয়াল্টার থম্পসনের শিল্পী বাহাদুরের কাছে। পুরো ব্যাপারটা মগজে সাজিয়ে নিতে, তিনি মোটরবাইক চালিয়ে ছুটে আসতেন। এরপর আসতেন ক্রিয়াডো, যিনি বাঁশের মাচা বেয়ে ওপরে উঠে কাগজের নকশাটি হুবহু হাতে এঁকে ফুটিয়ে তুলতেন। মাত্র কয়েক ঘণ্টার মধ্যে বিশাল হোর্ডিংয়ের পুরো ছবিটি এঁকে শেষ করতেন, যাতে পরদিন সকালের মধ্যেই তা দর্শক দেখতে পায়। ২০০০ সালের দিকে প্রিন্টেড ফ্লেক্স আসার পর, জনসমক্ষে এই হাতে আঁকার কাল ফুরিয়ে যায়। 

zoom
কখনও ব্যাংকক, কখনও টোকিও, সর্বত্র উজ্জ্বল মহারাজা

পোস্টারগুলোর বেশিরভাগই মাদ্রাজের (বর্তমান চেন্নাই) ‘প্রসাদ প্রসেস প্রাইভেট লিমিটেড’ ছাপাখানায় ছাপা হত। এই ঐতিহ্যবাহী মুদ্রণ প্রতিষ্ঠানটি সে সময় সিনেমার পোস্টারসহ বিভিন্ন উচ্চমানের রঙিন বিজ্ঞাপন সামগ্রী ছাপানোর জন্য বিখ্যাত ছিল। বিশ্বজুড়ে এয়ার ইন্ডিয়ার নিজস্ব বুকিং অফিস, বিমানবন্দরের কাউন্টার এবং আন্তর্জাতিক ট্রাভেল এজেন্টদের দপ্তরে এই বড় রঙিন পোস্টারগুলো ফ্রেম করে বা দেয়ালে টাঙিয়ে রাখা হত। ভারতের পাশাপাশি বিদেশের বড় শহরগুলোতে (যেমন, লন্ডনের বন্ড স্ট্রিট বা নিউইয়র্কের ফিফথ অ্যাভিনিউ) এয়ার ইন্ডিয়ার যে অভিজাত অফিসগুলো ছিল, সেখানেও এগুলো শোভা পেত।

zoom
এয়ার ইন্ডিয়ার রঙিন পোস্টার

১৯৭৭ সালে এয়ার ইন্ডিয়া ‘রোগস গ্যালারি’ (Rogue’s Gallery) নামে ক্যাটালগ প্রকাশ করে। যেখানে এয়ার ইন্ডিয়ার ১৯৪৬ থেকে ১৯৭২ সাল পর্যন্ত তৈরি ১৯১টি ঐতিহাসিক ভ্রমণ পোস্টারের সংকলন ও তালিকা প্রকাশ করা হয়েছিল। মহারাজার নানান দুষ্টুমির কারণে, তাকে আদর করে ‘দুর্বৃত্ত’ অর্থাৎ ‘রোগ’ বলা হত! নার্গিস ওয়াদিয়া প্যারিসে তাঁর প্রথম সফরের সময় বিখ্যাত নাইটক্লাব ‘Crazy Horse Cabaret’ দেখতে গিয়েছিলেন। সেখানকার নৃত্যশিল্পীদের রঙিন পোশাক ও নাচের ভঙ্গি থেকে অনুপ্রাণিত হয়ে, তিনি পোস্টারের ‘Paris’ শব্দটির অক্ষরগুলো নৃত্যশিল্পীদের পায়ের আদলে সাজিয়েছিলেন। ইংরেজি ছোট হাতের ‘i’ অক্ষরের উপরের বিন্দুর (dot) জায়গায় তিনি এয়ার ইন্ডিয়ার বিখ্যাত মাসকট, পাগড়ি-পরা মহারাজার মাথা বসিয়েছিলেন। 

zoom
এই পোস্টার ভারতের সংসদে তীব্র বিতর্কের সৃষ্টি করে, পরে তাই মহারাজার মুখ সরানো হয়

এই পোস্টার ভারতের সংসদে তীব্র বিতর্কের সৃষ্টি করে। একজন সাংসদ এটিকে জাতির পক্ষে অবমাননাকর বলে আপত্তি তোলেন। তীব্র সমালোচনার মুখে পোস্টারটি বাজার থেকে তুলে নিয়ে, মহারাজার মাথাটি সরিয়ে ফেলা হয় এবং সেখানে একটি সাধারণ বৃত্ত বসিয়ে নতুন সংস্করণ প্রকাশ করা হয়। তবে বিতর্কের আগে মূল পোস্টারটি ‘কমার্শিয়াল আর্টিস্টস গিল্ড’ (CAG) পুরস্কারে প্রথম স্থান অর্জন করেছিল, এবং ২০১৮ সালে Sotheby’s-এর নিলামে (প্রাগ রুটের আরেকটি পোস্টারসহ) ১০ লক্ষ টাকায় বিক্রি হয়! আর সেদিনের বিতর্ক থেকেই প্রমাণিত হয়, মহারাজা ততদিনে শুধু যে ভারতের সাংস্কৃতিক অ্যাম্বাসেডর হয়ে উঠতে পেরেছিল তা-ই নয়, বিজ্ঞাপনের এক চরিত্র যে কত গভীরভাবে রক্ত-মাংসের মানুষের মতো জনমনে ছাপ ফেলতে পারে, তাও প্রমাণ করেছিল।  

zoom
বন্ডি বিচে কোস্টগার্ডের পোশাকে বা প্লেবয় বানির পোশাকে মহারাজা, এই দুই পোস্টার জন্ম দিয়েছিল বিতর্কের

আরেকটি মহারাজা-পোস্টারও তীব্র বির্তকের জন্ম দিয়েছিল। বন্ডি বিচে কোস্টগার্ডের পোশাকে মহারাজা বিকিনি-পরা এক মহিলার দিকে তাকিয়ে আছে! ছবিটিতে নারীকে সরাসরি পযর্টনস্থলের বিষয় করে তোলা শুধু নয়, অভিযোগ ছিল– নারীর ব্যক্তিগত পরিসরকে যেন অগ্রাহ্য করা হয়েছে। আবার নিউ ইয়র্ক নিয়ে একটি সাহসী বিজ্ঞাপনে, মহারাজাকে ‘প্লেবয় বানি’-র পোশাকে দেখা যায়। তিনি প্লেবয়ের প্রতিষ্ঠাতা হিউ হেফনের এবং তাঁর সঙ্গিনী সিন্থিয়া ম্য়াডক্সকে পানীয় পরিবেশন করছেন। এই পোস্টার নিয়েও অনেকে প্রশ্ন তোলেন। তাঁদের মত ছিল, এ নিছক পোশাক পরিবর্তন নয়। বরং, ভারতীয় জাতীয় বিমানসংস্থার প্রতীককে জোর করে আন্তর্জাতিক যৌন বিনোদন সংস্কৃতির সঙ্গে যুক্ত করা। ১৯৬০ সালের ফেব্রুয়ারিতে এয়ার ইন্ডিয়ার বোয়িং ৭০৭ জেট পরিষেবার প্রচারের জন্য একটি বিজ্ঞাপন তৈরি হয়। সেখানে মহারাজাকে নারীর পোশাকে, একটি দোলনা চেয়ারে বসে উল বুনতে দেখা যায়। বিজ্ঞাপনের ক্যাপশন ছিল: ‘Can you keep a secret?’ সেই সময় রানি দ্বিতীয় এলিজাবেথ সন্তানসম্ভবা ছিলেন। বোম্বেতে নিযুক্ত ব্রিটিশ ডেপুটি হাই কমিশনার বিজ্ঞাপনটিকে, রানিকে কটাক্ষ করার প্রচেষ্টা বলে ভুল করেন এবং JWT-র প্রধানকে ফোন করে আপত্তি জানান। বিজ্ঞাপনটি প্রত্যাহার করা হয়।

zoom
বিশ্বখ্যাত শিল্পী টমি উঙ্গেরার অঙ্কিত এয়ার ইন্ডিয়ার পোস্টার

এয়ার ইন্ডিয়ার মুম্বইয়ের নিজস্ব আর্ট স্টুডিওতে নার্গিস ওয়াদিয়া ছাড়াও বেশ কয়েকজন দক্ষ ভারতীয় শিল্পী নিয়মিত মহারাজার পোস্টার আঁকতেন। তাঁদের মধ্যে উল্লেখযোগ্য, ভি. ভি. শেত্যে ও এস. এন. সুর্তি। কাওয়াসজি মহারাজাকে বিশ্বজুড়ে ভিন্ন ভিন্ন রূপে উপস্থাপন করার জন্য বিশ্বখ্যাত শিল্পীদের দিয়েও ছবি আঁকিয়েছিলেন। তাঁদের মধ্যে ফ্রান্সের টোমি আঙ্গেরার ও ব্রিটিশ শিল্পী ডেভিড জেন্টলম্যান অন্যতম। ডেভিড জেন্টলম্যান উডকাট পদ্ধতিতে মহারাজার ব্যতিক্রমী পোস্টার তৈরি করেছিলেন। এয়ার ইন্ডিয়া তাদের চিরায়ত ট্রাভেল পোস্টারগুলোতে ভারতের ঐতিহ্য, বন্যপ্রাণী এবং পর্যটনকে তুলে ধরতে ‘বাঘ’-কে অত্যন্ত কৌশলে ব্যবহার করেছে। উপনিবেশিক ধারার মতোই, বিদেশের বাজারে ভারতকে একটি রোমাঞ্চকর গন্তব্য হিসেবে তুলে ধরতে এই পরিকল্পনা। 

zoom
এয়ার ইন্ডিয়ার অন্যতম সেরা শিকার পোস্টার

এয়ার ইন্ডিয়ার ইতিহাসে বাঘ নিয়ে তৈরি সবচেয়ে উল্লেখযোগ্য ও আলোচিত পোস্টারগুলোর অন্যতম হল একটি শিকার পোস্টার। ১৯৬৯ সালের সেই বিখ্যাত পোস্টারটিতে দেখা যায়, গোলগাল চেহারার পাগড়ি-পরা এক শিকারি (মহারাজা), একটি হিংস্র বাঘের মুখোমুখি দাঁড়িয়ে আছেন এবং তাঁর সঙ্গীরা পিছন থেকে তা দেখছেন। তৎকালীন সময়ে বিদেশি পর্যটকদের কাছে ভারতের জঙ্গলে ‘শিকার’ একটি বড় আকর্ষণ ছিল। 

zoom
বন্যপ্রাণ সংরক্ষণের বার্তাও জায়গা করে নিয়েছিল এয়ার ইন্ডিয়ার পোস্টারে

সাতের দশকের পর যখন ভারতে বাঘ শিকার নিষিদ্ধ হয় এবং বন্যপ্রাণী সংরক্ষণের আন্দোলন শুরু হয়, তখন এয়ার ইন্ডিয়া তাদের বিজ্ঞাপনের সুর পরিবর্তন করে। তারা শিকারের পরিবর্তে, ফোটোগ্রাফি, সাফারি ও সংরক্ষণের বার্তাকে সামনে নিয়ে আসে। মহারাজাকে বন্দুকের বদলে গলায় ক্যামেরা বা বাইনোকুলার ঝুলিয়ে বাঘ দেখতে দেখা যেত। ১৯৫০ ও ৬০-এর দশকে লন্ডন, প্যারিস এবং নিউইয়র্কের রাস্তায় এয়ার ইন্ডিয়ার যে বিলবোর্ডগুলো থাকত, তাতে প্রায়ই বাঘ, হাতি ও সাপুড়ের সঙ্গে মহারাজাকে দেখা যেত। নয়ের দশকে ভারতের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক পর্যটন প্রচারের জন্য তৈরি আরেকটি পোস্টারে দেখা যায়, মহারাজা তার চিরাচরিত রাজকীয় ভঙ্গিতে প্রকৃতি উপভোগ করছেন, আর পিছন থেকে একটি দুষ্টু বাঘ নিঃশব্দে তাঁর দিকে এগিয়ে আসছে।

zoom
এয়ার ইন্ডিয়ার জনসংযোগ কর্তা জোত সিংয়ের সঙ্গে সালভাদর দালি; দালির ডিজাইন অনুযায়ী তৈরি অ্যাশট্রে

এরই সঙ্গে জড়িয়ে আছে একটি ছাইদানের জন্মকথাও। এয়ার ইন্ডিয়ার জনসংযোগ কর্তা জোত সিংয়ের সঙ্গে নিউইয়র্কের একটি অভিজাত হোটেলে দেখা হয়ে গেল সালভাদর দালির। ১৯৬৭ সাল। তখনও বিমানে ধূমপান নিষিদ্ধ হয়নি। এয়ার ইন্ডিয়া তাদের ফার্স্ট ক্লাস ভিআইপি যাত্রীদের জন্য, দালিকে স্মারক হিসেবে একটি বিশেষ ছাইদান বানানোর অনুরোধ করে। কিমাশ্চর্যম! দালি রাজি হয়ে যান। পরের বছর অ্যাশট্রে বানিয়ে দেন। সেই সাদা পোর্সিলিনের সুররিয়্যাল ছাইদানের কিনারায় ছিল সবুজ রঙের সাপ আর তলার দিকে স্ট্যান্ড হিসেবে, হাতির মাথা ও রাজহাঁস। ফ্রান্সের বিখ্যাত ‘লিমোজেস’ কারখানায় এই সীমিত সংস্করণের প্রায় ৫০০টি অ্যাশট্রে তৈরি করা হয়। যাঁরা পেয়েছিলেন সেই ছাইদান, তাঁদের মধ্যে অন্য়তম স্পেনের রাজা জন কার্লোস। এই অ্যাশট্রেগুলো মাঝেমধ্যে অনলাইন নিলামে ওঠার খবর আসে।

কাজশেষে যখন সালভাদর দালিকে পারিশ্রমিক দেওয়ার সময়, তিনি টাকার বদলে একটি হাতির বাচ্চা চেয়ে বসেন! কারণ হিসেবে বলেছিলেন, ‘আমি আমার জলপাই বাগানে হাতিটিকে রাখতে চাই। চাঁদের আলো, গাছের ডালপালা ভেদ করে ওর পিঠে যে ছায়ার নকশা তৈরি করবে, তা দেখতে চাই।’ এয়ার ইন্ডিয়া দালির এই আবদার রক্ষা করে। দায়িত্ব সামলান সেদিনের এয়ার ইন্ডিয়ার ডেপুটি কমার্শিয়াল ডিরেক্টর উত্তরা পারেখ। ভারতের বেঙ্গালুরু চিড়িয়াখানা থেকে দুই বছর বয়সী একটি বাচ্চা হাতি সংগ্রহ করে, বিমানে করে সুইজারল্যান্ডের জেনেভায় নিয়ে যাওয়া হয়। সেখান থেকে ট্রাকে করে স্পেনের কাদাকেসে দালির বাড়িতে হাতিটি পৌঁছে দেওয়া হয়। সঙ্গে যায় একজন মাহুত। কল্পনাপ্রবণ সুররিয়ালিস্ট বলেছিলেন যে, তিনি ওই হাতির পিঠে চেপে আল্পস পর্বত পেরবেন। সে আশা পূর্ণ হয়নি। হাতিটি শেষমেশ বার্সেলোনা চিড়িয়াখানায় ঠাঁই পায়। 

zoom
নানা ধরনের পোস্টারে এয়ার ইন্ডিয়ার মহারাজা

২০২৩ সালের পর থেকে মহারাজা তার আগের গৌরব হারিয়েছে। বর্তমানে তাকে আর এয়ার ইন্ডিয়ার প্রধান মুখ বা লোগো হিসেবে ব্যবহারও করা হয় না। ৭৫ বছরের উজ্জ্বল উপস্থিতি শেষে, বিমানবন্দরের প্রিমিয়াম লাউঞ্জ, ফার্স্ট ও বিজনেস ক্লাস কেবিন এবং ক্রোকারিজ বা বাসনপত্রে মহারাজার উপস্থিতি এখন সীমাবদ্ধ। চিরদিন কাহারও সমান নাহি যায়। নাহ্, সে মহারাজা হলেও নয়। 

 

কৃতজ্ঞতা: 

এয়ার ইন্ডিয়া অফিসিয়াল আর্কাইভ ও নিউজরুম
আমেরিকান ইনস্টিটিউট অফ গ্রাফিক আর্টস ম্যাগাজিন
পোস্টার মিউজিয়াম Poster House / নিউ ইয়র্ক
ইন্ডিয়ান এক্সপ্রেস
ফার্স্ট পোস্ট
ইন্টারনেট

Advertisement Air India Illustation J.R.D. Tata Maharaja Salvador Dalí Sangbad Pratidin Sangbad Pratidin Robbar Tata Group

Share this article on