সত্যজিৎ রায়ের মতে, উত্তমই ছিলেন বাংলা ছবির একমাত্র হলিউডি ধাঁচের স্টার। ফলে ব্র্যান্ডো ও ব্র্যান্ড উত্তমের মধ্যে সাদৃশ্য থাকাটাই স্বাভাবিক। মার্লন ব্র্যান্ডো ১৯৫০-এর ‘দ্য মেন’ ছবির মাধ্যমে বিপুল পরিচিতি এবং এলিয়া কাজানের ‘অন দ্য ওয়াটারফ্রন্ট’ (১৯৫৪)-এর দৌলতে প্রথম অস্কার অর্জন করেন। আশ্চর্যের বিষয়, ১৯৫২ থেকেই উত্তমকুমারের জয়যাত্রারও শুরু! নির্মল দে-র ‘বসু পরিবার’-এ সুখেনের ভূমিকায় নিজের প্রতিভার ছাপ রাখেন তিনি। ‘সাড়ে চুয়াত্তর’ (১৯৫৩) ও ‘অগ্নিপরীক্ষা’ (১৯৫৪)-র পর বাংলার দর্শকদের কাছে উত্তম হয়ে ওঠেন ‘ম্যাটিনি আইডল’!
‘আচ্ছা, তোর কী মনে হয়– ব্র্যান্ডো, বোগার্ট, পল মিউনি– এঁরা সব পুতুল?’ প্রত্যয়, জিজ্ঞাসা আর জেদের এক অদ্ভুত মিশেল উচ্চারণে। রাত পেরলেই প্রথম ছায়াছবির মুক্তি! অরিন্দম উদ্বিগ্ন। মনে দোটানা, কী হবে তার ভবিষ্যৎ? সত্যজিৎ রায়ের ‘নায়ক’ ছবিতে উত্তমকুমারের এই দৃপ্ত অভিনয় ভোলার নয়। কিন্তু আগতকালের তারকা অরিন্দম কোন আশায় নক্ষত্রলোকের প্রথম তারকা হিসেবে এতটা ভরসা রাখলেন মার্লন ব্র্যান্ডোর প্রতি? বিষয়টা ভাবার মতো।

শিবরাম চক্রবর্তী একদা লিখেছিলেন, এককালে অলৌকিক জিনিসপত্র বেশ সুলভ ছিল; একটু মন দিয়ে ডাকাডাকি করলেই না কি হুরি-পরিদের দেখা মিলত! সিনেমার পরিসরে, বিশেষত হলিউডে, কথাটা অক্ষরে অক্ষরে সত্য। শাপভ্রষ্ট দেবতার মতো চেহারা নিয়ে পৃথিবীতে এসেছিলেন যে ক’জন হলিউডি তারকা, মার্লন ব্র্যান্ডো তাঁদের মধ্যে অগ্রগণ্য। তাই বোধহয় আবির্ভাবের কয়েক বছরের মধ্যেই ‘ম্যাটিনি আইডল’ হয়ে উঠেছিলেন।

দু’বছরের ব্যবধানে পৃথিবীর দুই প্রান্তে এমনই দুই বিগ্রহের আবির্ভাব ঘটেছিল। মার্কিন মুলুকে ব্র্যান্ডোর অভিনয়জীবন শুরু হওয়ার সময় অভিনয়ের প্রচলিত রীতিনীতি বদলাতে শুরু করেছে। নিউ ইয়র্কে স্তানিস্লাভস্কির ছাত্রী স্টেলা অ্যাডলারের কাছে তালিম নিয়ে ব্র্যান্ডো মঞ্চ ও পরে বড়পর্দায় আত্মপ্রকাশ করেন। অতি-অভিনয় বর্জন করে বাস্তবসম্মত, জীবনসদৃশ অভিনয়ই ছিল তাঁর লক্ষ্য। দৈনন্দিন জীবনে মানুষের তাৎক্ষণিক প্রতিক্রিয়া, সূক্ষ্ম অভিব্যক্তি ও আচরণ পর্যবেক্ষণ করে অভিনয়ে তার যথাযথ প্রয়োগ করতে চেয়েছিলেন তিনি।

এদিকে দক্ষিণ কলকাতার ভবানীপুরে বেড়ে উঠছিলেন আরেক সিনেমাপ্রাণ যুবক। ভালো খেলোয়াড়, সাঁতারু ও গায়ক হিসেবে এলাকায় তাঁর সুনাম ছিল। পাড়ার ক্লাব ‘সুহৃদ সমাজের’ নাটকে নিয়মিত অভিনয় করতেন। পোর্ট ট্রাস্টের চাকরির সময়টুকু বাদে বাকি সময় কাটত অভিনয়চর্চায়। বাবা ‘মেট্রো’ সিনেমার চিফ প্রোজেকশনিস্ট হওয়ায় উৎকৃষ্ট হলিউড ছবি দেখার অবারিত সুযোগ ছিল। ‘ব্র্যান্ডো, বোগার্ট, পল মিউনি’র অভিনয় মনোজগতে গভীর ছাপ ফেলেছিল তাঁর। যাত্রা ও থিয়েটারের অভিনয় দেখেও ফিরতি পথে ভাই তরুণকে বলতেন, অমুক দৃশ্যের তমুক সংলাপ তিনি করলে আরও স্বাভাবিকভাবে বলতে পারতেন, অতি-অভিনয় বাদ দিয়ে! এই সংবেদই একদিন অরুণকুমার চট্টোপাধ্যায়কে করে তুলেছিল মহানায়ক উত্তমকুমার।

২০২৪ ও ২০২৬ সালে যথাক্রমে এই দুই মহাতারকার জন্মশতবর্ষ উপলক্ষে ‘উত্তরপাড়া সিনে ক্লাব’ প্রকাশ করেছে ‘বুলেটিন’ নামের সিনেমাণিক্যে ভরা দু’টি স্মারক পুস্তিকা। সিনেমাকে ‘বই’ বলা বাঙালির চিরকেলে অভ্যেস। তাই এই দুই বুকলেট নিয়ে দু’-চার কথার আগে প্রাথমিক ধরতাইটুকু ‘সিনেম্যাটিক টাইম জাম্পের’ মতোই মূল বিস্তারের আগের আলাপমাত্র।

প্রতিভা সর্বদেশে, সর্বকালে বিরল। তাই বোধহয় পরিবেশ ও পরিস্থিতির বিস্তর ফারাক সত্ত্বেও দুই তারকার দ্যুতিতে আশ্চর্য মিল। ব্র্যান্ডোর শৈশব ছিল অশান্ত। বদমেজাজি বাবা, মদ্যপ মা এবং পারিবারিক অশান্তির মধ্যে বেড়ে ওঠা মার্লন হয়ে উঠেছিলেন একগুঁয়ে, অবাধ্য ও কর্তৃত্বের বিরোধী। একের পর এক স্কুল থেকে বিতাড়িত হলেও পশুপাখির প্রতি মমত্ব, বর্ণবিদ্বেষের বিরোধিতা এবং আর্তকে সাহায্য করার প্রবণতা কখনও হারাননি।
১৯৪৬-’৪৭ সালে ‘আ স্ট্রিটকার নেমড ডিজায়ার’ নাটকে অভিনয় করে বিপুল জনপ্রিয়তা পান ব্র্যান্ডো। অন্যদিকে, স্বাধীনতার প্রাক্কালে পোর্ট ট্রাস্টের কেরানি অরুণকুমার চট্টোপাধ্যায় তখন স্টুডিওপাড়ায় একটি রোলের আশায় ঘুরছেন। ১৯৪৭ সালে ‘মায়াডোর’ ছবিতে এক্সট্রার ভূমিকায় সুযোগ পেলেও ছবিটি মুক্তি পায়নি। পরপর সাতটি ছবিতে অভিনয় করেও সাফল্য না পাওয়ায় জুটেছিল ‘ফ্লপমাস্টার জেনারেল’ তকমা।

ব্র্যান্ডো ইতিমধ্যে ১৯৫০-এর ‘দ্য মেন’ ছবিতে পরিচিতি এবং এলিয়া কাজানের ‘অন দ্য ওয়াটারফ্রন্ট’ (১৯৫৪)-এর দৌলতে প্রথম অস্কার অর্জন করেন। আশ্চর্যের বিষয়, ১৯৫২ থেকেই উত্তমের জয়যাত্রারও শুরু! নির্মল দে-র ‘বসু পরিবার’-এ সুখেনের ভূমিকায় নিজের প্রতিভার ছাপ রাখেন তিনি। ‘সাড়ে চুয়াত্তর’ (১৯৫৩) ও ‘অগ্নিপরীক্ষা’ (১৯৫৪)-র পর বাংলার দর্শকদের কাছে তিনি হয়ে ওঠেন অতি পরিচিত মুখ। দর্শকের কাছে তখন তিনি হয় ‘রামপ্রীতি’, না-হয় ‘কিরীটী’। পাশাপাশি স্টার থিয়েটারে ‘শ্যামলী’ নাটক ৫০০ রজনী অতিক্রম করায় উত্তম তখন রীতিমতো জনপ্রিয়। মৈনাক বিশ্বাসের ‘সময়ের স্বর’-এ পরিসরে পাঠকদের আশ্বস্ত করে!

মহামতি সক্রেটিস যেমন দিওতিমার কাছে পাঠ নিয়েছিলেন, তেমনই স্টেলা অ্যাডলারের কাছে অভিনয়ের রীতিনীতি শিখেছিলেন ব্র্যান্ডো। অন্যদিকে, উত্তমও ‘কামনা’র ছবি রায় কিংবা ‘মর্যাদা’র স্মৃতিরেখা বিশ্বাসের মতো অভিনেত্রীদের কাছ থেকে ক্যামেরার সামনের অভিনয়ের খুঁটিনাটি শিখেছেন। নিজেকে প্রতিনিয়ত উন্নত করার এই প্রবণতাই তাঁদের অভিনয়কে স্বতন্ত্র করেছিল। তাই আজ উত্তমের শতবর্ষে ফিরে তাকালে তৎকালীন সমালোচকদের কেউ কেউ স্বীকার করছেন, জীবদ্দশায় উত্তম তাঁদের কাছ থেকে সেই প্রশংসা বা আনুকূল্য পাননি, যা ব্র্যান্ডো পেয়েছিলেন। শমীক বন্দ্যোপাধ্যায়ের ‘চিনতাম না উত্তমকুমারকে’ লেখায় সেই আমলের তথাকথিত একপেশে দৃষ্টিভঙ্গির আভাস স্পষ্ট।

১৯৭২ সালে ‘দ্য গডফাদার’-এর নামভূমিকায় ব্র্যান্ডোকে নিতে চেয়েছিলেন তরুণ পরিচালক ফ্রান্সিস ফোর্ড কপোলা। কিন্তু ‘প্যারামাউন্ট পিকচার্স’-এর আপত্তি ছিল প্রবল। শেষ পর্যন্ত তিনটি শর্তে তাঁকে রাজি করানো হয়– কম পারিশ্রমিক, শুটিং ব্যাহত হলে ক্ষতিপূরণ এবং একটি স্ক্রিন টেস্ট।

প্রযোজকের শর্তে রাজি হয়ে, সবাইকে অবাক করে এবং নিজের মেকআপ নিজেই করে, ৪৭ বছর বয়সি ব্র্যান্ডো হয়ে উঠেছিলেন ৭০ বছরের বৃদ্ধ ডন করলিওনে! মূল চিত্রনাট্যে বর্ণিত চরিত্রটির উচ্চকিত মাফিয়াসুলভ স্বভাব বদলে তিনি তাকে করে তুললেন পরিবার-আগলানো, স্নেহপরবশ এক কর্তা। কপোলাও সানন্দে মেনে নিলেন তাঁর এই অভিনয়-ভাবনা।

এখানেই মনে পড়ে যায় ১৯৭৪ নাগাদ উত্তমকুমারের ‘যদুবংশ’ ছবিতে গণনাথ ওরফে গনাদা হয়ে ওঠার কথা। নায়কোচিত ইমেজ ভেঙে, পারিশ্রমিকের তোয়াক্কা না করে, স্রেফ চরিত্রের খিদে থেকেই অভিনয় করেছিলেন তিনি।

ধৃতিমান চট্টোপাধ্যায়ের স্মৃতিচারণে জানা যায়, বরানগরে নকশাল আমলের উত্তাল পরিবেশে ছবিটির শুটিং হয়েছিল। উত্তম শুধু অভিনয়ই করেননি, লুকটেস্ট, দাড়ির ধরন, ক্যামেরার প্রেফারেন্স এবং ওভার-দ্য-শোল্ডার শটের মতো বিষয়েও পরিচালক পার্থপ্রতিম চৌধুরীকে সাহায্য করেছিলেন। উত্তমের অবচেতনে কি তবে ডন করলিওনের ছায়া পড়েছিল?

ব্র্যান্ডো ও উত্তম– দু’জনেই চমৎকার আত্মজীবনী লিখে গিয়েছেন। ‘সংগ্স মাই মাদার টট মি’ এবং ‘হারিয়ে যাওয়া দিনগুলি মোর’ কিংবা ‘আমার আমি’– এই লেখাগুলিতে দুই তারকার অভিজ্ঞতা ও উপলব্ধির আশ্চর্য সাদৃশ্য চোখে পড়ে। দু’জনেই পরিণত বয়সে সহলেখকের সাহায্য নিয়েছিলেন। ব্র্যান্ডোর সহলেখক ছিলেন রবার্ট লিন্ডসে, উত্তমের গৌরাঙ্গপ্রসাদ ঘোষ। সায়নদেব চৌধুরী যথার্থই ‘নায়ক’ ছবিকে মেটা-সিনেমাটিক বলেছেন। সত্যজিৎ রায়ের মতে, উত্তমই ছিলেন বাংলা ছবির একমাত্র হলিউডি ধাঁচের স্টার। ফলে ব্র্যান্ডো ও ব্র্যান্ড উত্তমের মধ্যে সাদৃশ্য থাকাটাই স্বাভাবিক।

এই মিল শুধু অভিনয়ে নয়, ছিল জীবনবোধেও। ‘কুইমাদা’ ছবির শুটিংয়ে কলম্বিয়ার কৃষ্ণাঙ্গ অভিনেতাদের সঙ্গে বৈষম্যমূলক আচরণ দেখে প্রতিবাদ করেছিলেন ব্র্যান্ডো। সাদা ও কালো চামড়ার অভিনেতাদের জন্য আলাদা খাবারের ব্যবস্থা মেনে নিতে পারেননি তিনি। শুটিং বন্ধের হুঁশিয়ারি দিয়ে শেষ পর্যন্ত সকলের জন্য সমান খাবারের ব্যবস্থা করিয়েছিলেন। এই ঘটনা মনে করিয়ে দেয় টালিগঞ্জের স্টুডিওপাড়ার এক দুপুরের কথা। উত্তমকুমারের জন্য সুদৃশ্য প্লেটে খাবার পরিবেশিত হলেও অনিল চট্টোপাধ্যায়ের জন্য বরাদ্দ হয়েছিল শালপাতার থালা। রাগে ফেটে পড়ে উত্তম জানিয়ে দেন, সকলের জন্য একই ব্যবস্থা না হলে শুটিং বন্ধ! দেশকাল পেরিয়ে দুই তারকার মানবিক সংবেদ যেন একই সূত্রে বাঁধা।

আত্মজীবনীতে ব্র্যান্ডো লিখেছিলেন, মানুষের মুখ একটি সূক্ষ্ম দলিল; তার অসংখ্য পেশির ক্রিয়া-প্রতিক্রিয়ায় লুকিয়ে থাকে অনুভূতি। মানুষের প্রকৃতি বুঝতে হলে তাকে ধৈর্য ধরে পর্যবেক্ষণ করতে হয়। হয়তো সেই একই মনোভাব থেকে উত্তম পাঁচের দশকে প্রবীণ অভিনেতা সন্তোষ সিংহের কাছে মুখের পেশি ব্যবহার করে ২৬ রকম অভিব্যক্তি প্রকাশের কৌশল শিখেছিলেন। স্টেলা অ্যাডলারের কাছে ব্র্যান্ডোর অভিনয়ঋণ যেমন চিরকালীন, তেমনই গুরু সন্তোষ সিংহকে কোনওদিন ভোলেননি উত্তম।

‘লাস্ট ট্যাঙ্গো ইন প্যারিস’ (১৯৭২)-এ পরিচালক বের্নার্দো বের্তোলুচির অনুমতি নিয়ে নিজের চরিত্রকে প্রায় সম্পূর্ণ নতুনভাবে নির্মাণ করেছিলেন ব্র্যান্ডো। ব্যক্তিগত জীবনের বিপর্যস্ত অভিজ্ঞতাও ঢেলে দিয়েছিলেন ‘পল’ চরিত্রে। উত্তমও বহু ছবিতে সংলাপ, দৃশ্যগ্রহণ ও অভিনয়ের ধরনে নিজস্ব পরিবর্তন আনতেন। পরিচালক পীযূষ বসু তাঁর ‘উত্তমদার’ এই স্বাধীনতায় প্রবল আস্থা রাখতেন। ‘জীবন জিজ্ঞাসা’, ‘সন্ন্যাসী রাজা’, ‘বহ্নিশিখা’, ‘দুই পৃথিবী’ ছবিগুলি সেই সাক্ষ্য বহন করে।

পরিচালনার প্রতি উত্তমকুমারের আগ্রহ ছিল; জীবদ্দশায় তিন-তিনটি ছবি পরিচালনা করেন। ব্র্যান্ডোরও পরিচালক হওয়ার ইচ্ছে ছিল, যদিও অভিনয় আর নির্দেশনা একসঙ্গে চালানো কঠিন বলে, ‘ওয়ান-আইড জ্যাকস’ (১৯৬১) ছাড়া আর কোনও ছবি পরিচালনা করেননি।
ব্র্যান্ডো তাঁর আত্মজীবনীতে ক্লার্ক গেবল ও হামফ্রে বোগার্টের মতো তারকাদের অভিনয়ের একঘেয়েমি নিয়ে প্রশ্ন তুলেছিলেন। তাঁর মতে, এঁদের অনেকেই প্রতিটি ছবিতে নিজেদের অভিনয়েরই পুনরাবৃত্তি করেছেন। উত্তমের ক্ষেত্রেও এই বৌদ্ধিক ও প্রায়োগিক অভিনিবেশের পরিচয় মেলে। সত্যজিৎ রায় ‘নায়ক’-এ অরিন্দমকে দিয়ে বলিয়ে নিয়েছিলেন– ‘তুই যে কোনও পার্ট দে, ওই এক ছাঁচে ফেলে দেবে– ওই এক অভিনয়, ওই এক ম্যানারিজম, ওই এক কণ্ঠস্বর…।’
দুই গোলার্ধের দুই তারকার অভিনয়দর্শন আবারও মিলে যায় এক আশ্চর্য পরিসরে। সেই পরিসরের আরেক নাম মেরিলিন মনরো। ২০২৬-এ তিনিও শতবর্ষীয়া। ব্র্যান্ডোর বান্ধবী ও সহকর্মী মনরোর অকালপ্রয়াণের পর উত্তম লিখেছিলেন, ‘বৈচিত্র ছিল না বলেই মেরিলিন মনরো আত্মহত্যা করেছে।’ এমন অমোঘ উচ্চারণের ব্যাখ্যা খুঁজে পাওয়া ভার!

ব্র্যান্ডোর বৈভবময় জীবনযাপন ছিল চোখধাঁধানো। তাহিতিতে ‘তেতি আরোয়া’ নামে একটি দ্বীপ লিজ নিয়ে তৈরি করেছিলেন বিলাসবহুল আস্তানা, যা আজ ‘দ্য ব্র্যান্ডো’ নামে রিসর্ট। অন্যদিকে, উত্তমের ব্যবহৃত লঞ্চ ‘অমানুষ’ ছবির খ্যাতিতে সুন্দরবনে হয়ে উঠেছে উত্তম-স্মৃতিধন্য পর্যটনস্থল। অথচ এই ব্র্যান্ডোই ১৯৭৩ সালে ‘গডফাদার’-এর জন্য পাওয়া অস্কার প্রত্যাখ্যান করেন। মার্কিন আদিবাসীদের প্রতি প্রশাসনের অবিচারের প্রতিবাদে অভিনেত্রী শাশিন লিটল ফেদারের মাধ্যমে অ্যাকাডেমিতে পাঠিয়েছিলেন নিজের বক্তব্য। সেই সম্পূর্ণ চিঠির বাংলা তরজমা অন্তর্ভুক্ত হয়েছে উত্তরপাড়া সিনে ক্লাবের ব্র্যান্ডো-বুলেটিনে। পাঠকদের কাছে এ-ও এক প্রাপ্তিযোগ।
১৯৬৭ সালে দিল্লির ‘অল ইন্ডিয়া রেডিও’তে অমিতা মালিকের সঞ্চালনায় সত্যজিৎ রায়ের সঙ্গে ব্র্যান্ডোর দীর্ঘ কথোপকথন হয়েছিল। সেই সাক্ষাৎকারের অংশবিশেষের বাংলা তরজমাও এই পুস্তিকার অন্যতম আকর্ষণ। বিশেষত সত্যজিৎ যখন ব্র্যান্ডোকে ‘নায়ক’ দেখার অনুরোধ জানিয়ে বলেন, ‘এটা একটা মৌলিক কাহিনি। তালিকার শীর্ষে থাকা বাঙালি অভিনেতাদের একজনকে দিয়ে অভিনয় করিয়েছি। আমি চাইব, এটা আপনি দেখুন।’ সিনেপ্রেমী পাঠকের কাছে এ এক রোমাঞ্চকর মুহূর্ত– এক আকাশে দুই সূর্যের দ্যুতি সামলানো বড় সহজ কথা নয়।

দু’টি পুস্তিকারই নিজস্ব বৈশিষ্ট্য রয়েছে। শমীক বন্দ্যোপাধ্যায়, মৈনাক বিশ্বাস, ধৃতিমান চট্টোপাধ্যায় ও সায়নদেব চৌধুরীর লেখা যেমন ভাবায়, তেমনই মৈনাক পাল, শাশ্বতী গুহঠাকুরতা, লিলি চক্রবর্তী ও সীমা গঙ্গোপাধ্যায়ের লেখায় নানা আঙ্গিকের উত্তমকুমার প্রতীয়মান হন। অন্যদিকে, ব্র্যান্ডো-বুলেটিনে তাঁর নিজের লেখা, সাক্ষাৎকার ও অন্যান্য তথ্যের মধ্য দিয়ে উঠে আসে এক বহুমাত্রিক শিল্পীসত্তা। ফলে দু’টি ক্ষীণকায় পুস্তিকা আসলে পরস্পরের পরিপূরক। একত্রে পড়লে এ যেন দুই ম্যাটিনি আইডলের নির্যাস নিয়ে গড়ে ওঠা এক মায়াবী সিনে-সফর।
গডফাদার যেখানে আঁকড়ে ধরেন গণনাথের হাত, সেখানে সেলুলয়েডের দুই ছায়াপুরুষের জৌলুসে চোখ ধাঁধিয়ে যেতে বাধ্য সিনেপ্রেমী পাঠকদের!
জন্মশতবর্ষে মার্লন ব্র্যান্ডো (বুলেটিন ৬| ২০২৪)
উত্তরপাড়া সিনে ক্লাব
৫০্
উত্তম: জন্মশতবর্ষে অরুণকুমার চট্টোপাধ্যায় (বুলেটিন ৪| ২০২৬)
উত্তরপাড়া সিনে ক্লাব
৮০্
A Unit of: Sangbad Pratidin Digital Private Limited. All rights reserved