Who Is Responsible for Protecting the Environment? | Robbar
Robbar
  • ৮ অগ্রহায়ণ ১৪৩৩
  • বুধবার
  • ২৫ নভেম্বর ২০২৬

একা বনাম রাষ্ট্র

পরিবেশ রক্ষার দায় নির্দ্বিধায় প্রশাসনের ওপর চাপিয়ে দিয়ে আমরা, অর্থাৎ সাধারণ জনগণ, নির্লিপ্ত হয়ে যাই। তাতে আগামীর ধ্বংসের দায়ভার রোখা যায় না কোনওভাবেই! বিট্টুর বদলে যদি প্রশাসনিক দায়িত্বে আজনারের সাফাই হয়, তাহলেই যে তাতে ময়লা পড়া বন্ধ হয়ে যাবে, এমন দাবি করা চলে কি? ‘পরিবেশ’ বিষয়টাকেই তো আমরা হালকা চালে নিই। পাহাড়ে ট্রেকিংয়ে গিয়ে এক বন্ধু যদি বাকিদেরও আবর্জনা যত্রতত্র ফেলতে বারণ করে, তাহলে বাকিদের কাছে সে হয়ে ওঠে হাসির পাত্র।

শেষ আপডেট: নভেম্বর ২৫, ২০২৬, ২১:৩৪   
Facebook WhatsApp Messenger
Who Is Responsible for Protecting the Environment? | Robbar

রোদঝলমলে সহজ সকাল। এমন দিনে সব কিছুই বেশি বেশি ভালো লাগে যেন। ধরা যাক, এমনই কোনও এক সকালে, হাতে বাজারের ব্যাগ দুলিয়ে বাড়ি ফিরছেন। চোখ আটকাল রাস্তার ধারের ময়লার ভ্যাটে! সবজির খোসা, দুধের প্যাকেট, মরা ইঁদুর– উপচে পড়ছে, ভনভন করছে মাছি! তারই মধ্যে মুখ গুঁজে খাবার খুঁজছে পেট-পরানো দুটো কুকুর, একটা গরু। হয়তো এর মধ্যেই আরও দু’-একটা পলিথিন-বন্দি আবর্জনার দলা ছুটে এসেছে নোংরার গাদার দিকে। একটুর জন্য বেরিয়ে গিয়েছে আপনার মাথার ওপর দিয়ে, অথবা গা ছুঁয়ে! এতক্ষণে দুর্গন্ধ যেন ঢুকে পড়েছে আপনার শরীরেও! তাই কোনওক্রমে নাক চেপে পালিয়ে গেলেন এ দৃশ্য থেকে। দ্রুত পেরিয়ে যাওয়া ছাড়া আর কী-ই বা করা সম্ভব?

zoom

চাইলেই এমনভাবে এড়িয়ে যেতে পারতেন মধ্যপ্রদেশের বিয়োরার বাসিন্দা সুরেন্দ্র সিং চৌধুরীও। কিন্তু পারলেন কই? এই কলেজপড়ুয়া নিজের উদ্যোগেই শুরু করলেন স্থানীয় আজনার নদীকে আবর্জনামুক্ত করার কাজ। দিনরাত এক করে নদী থেকে তুলে আনলেন আবর্জনার প্রতিটি কণা। ক্ষণে ক্ষণে সে কাজের আপডেটও জানালেন সোশাল মিডিয়ায়। এমনকী, আলোচ্য হয়ে উঠলেন বিশ্বমঞ্চেও। কিন্তু তারপর?

অল্প দিনের মধ্যেই আবারও আবর্জনা নিক্ষেপ শুরু হল! আজনার ময়লার স্তরে ঢেকে গেল আবার। সুরেন্দ্র এখনও পরাজয় মানেননি ঠিকই, তবে হয়তো ভবিতব্য তা-ই। ইদানীংকালে তাঁর শরীরে দেখা গিয়েছে ভয়াবহ চর্মরোগ। যন্ত্রণায় রাতে ঘুম আসে না। এখনও যে জারি রয়েছে আজনার সাফাই, সে-কথা বেমালুম লুকিয়ে রাখতে হয়েছে বাড়ির লোকের থেকে। সুরেন্দ্র সিংয়ের নাম অচেনা ঠেকতেই পারে, তবে ‘বিট্টু তবাহি’ বললে চিনবেন অনেক বেশি মানুষ।

zoom
সুরেন্দ্র সিং, ‘বিট্টু তাবাহি’ নামে পরিচিত

কিন্তু কেন এমন লড়াইয়ে প্রশাসনের সাহায্য পেলেন না বিট্টু? আজনার কি বিট্টুর একার সম্পত্তি ছিল? এ লড়াই যদি আরও অনেক দূর চলে, তাহলেও কি ব্যর্থতা-হতাশা ছাড়া আর কিছু আসবে বিট্টুর ভাগে? কিন্তু এ ছবিতো অন্যরকম হওয়ার কথা ছিল। সম্মান-সংবর্ধনা পাওয়ার কথা ছিল বিট্টুর। সরকারি মদতে এগিয়ে নিয়ে যাওয়া উচিত ছিল এই কর্মোদ্যোগ। প্রশাসনিক স্তরে সামাজিক সচেতনতা তৈরি করতে, সামনে উদাহরণ হিসেবে রাখার প্রয়োজন ছিল বিট্টু তবাহিকে।

রাষ্ট্রীয় মর্যাদা অবশ্য পেয়েছিলেন অসমের ‘পদ্মশ্রী’ যাদব মলাই পায়েং। নির্বিচারে গাছ কাটার ফলে গরম বাড়ছে উত্তরোত্তর, তাই ব্রহ্মপুত্রের তীরে বসাতে শুরু করলেন গাছ। একটা একটা করেই তৈরি হল একটা গোটা জঙ্গল। এভাবে কেটে গেল ৩৭ বছর। ১৩৬০ একরের সেই জঙ্গলে এসে বাসা বাঁধল খরগোশ, ছোট পাখি, পোকার মতোই গণ্ডার-হাতি-বাঘও। জঙ্গলের নামই হয়ে দাঁড়াল ‘মলাই ফরেস্ট’। কিন্তু এ গল্প কি দেশের সাধারণ নাগরিকের কাছে সেভাবে পৌঁছল, যেমনটা পৌঁছেছে আরাবল্লীর ধ্বংস অথবা আন্দামানের বুক থেকে প্রবালখণ্ড উপড়ে আনার খবর?

zoom

উত্তরপ্রদেশের রঘুনাথপুর গ্রামের ঘটনা অবশ্য এরই মধ্যে আশা জাগায় মনে। গ্রামের প্রধান পরমেশ্বর পাল নিজেই ই-রিকশা চালিয়ে নেমেছিলেন আবর্জনা সাফাইয়ের কাজে। যে বিপুল পরিমাণ প্লাস্টিক জমা হয়ে খেতের উর্বরতা কমাচ্ছিল, ড্রেনের জল যাওয়া আটকে দিচ্ছিল, সেই সব নিজে হাতে সরিয়ে ফেলেন তিনি। তাঁকে দেখে এগিয়ে আসে গ্রামের সাধারণ মানুষ। খাতায়-কলমে ৩০০টি পরিবার যোগ দিয়েছে তাঁর এই উদ্যোগে। সকলে মিলে সরিয়েছে আনুমানিক ২০০ কেজি প্লাস্টিক আবর্জনা।

তবে সমস্ত দায় যদি নির্দ্বিধায় প্রশাসনের ওপর চাপিয়ে দিয়ে আমরা, অর্থাৎ সাধারণ জনগণ, নির্লিপ্ত হয়ে যাই, তবে আগামীর ধ্বংসের দায়ভার রোখা যায় না কোনওভাবেই! বিট্টুর বদলে যদি প্রশাসনিক দায়িত্বে আজনারের সাফাই হয়, তাহলেই যে তাতে ময়লা পড়া বন্ধ হয়ে যাবে, এমন দাবি করা চলে কি? ‘পরিবেশ’ বিষয়টাকেই তো আমরা হালকা চালে নিই। পাহাড়ে ট্রেকিংয়ে গিয়ে এক বন্ধু যদি বাকিদেরও আবর্জনা যত্রতত্র ফেলতে বারণ করে, তাহলে বাকিদের কাছে সে হয়ে ওঠে হাসির পাত্র। পথে-ঘাটে-ট্রেনে-বাসে– যেখানে খুশি, যখন তখন ময়লা ফেলতেই থাকে মানুষ।

zoom
রঘুনাথপুরে পরমেশ্বর পালের ই-রিকশা

গ্রেটা থুনবার্গের নাম সেই কোন কালে শুনেছি। একরত্তি এক মেয়ে, পরিবেশ নিয়ে বড় বড় কথা-টথা বলে। তারপর অনেক জল বয়ে গিয়েছে গঙ্গায়। গ্রেটা কখনও মিম মেটেরিয়াল হয়েছেন, কখনও হারিয়েই গিয়েছেন সাধারণের আলোচনা থেকে। তবে আমরা খোঁজ রাখি না বলেই তো আর থেমে থাকেনি পরিবেশরক্ষায় গ্রেটার ভূমিকা। আফসোস হয়, বিট্টু তবাহি ভারতীয় না-হয়ে প্রথম বিশ্বের কোনও দেশে জন্মালে হয়তো মানুষের কাছে পৌঁছতে পারতেন আরও সহজে। তিনি ও তাঁর মতো অন্যান্যদের যে লড়াই আদতে বিপর্যয় বনাম মানুষের হওয়ার কথা ছিল, তা একা বনাম রাষ্ট্রের হয়ে দাঁড়াত না।

আসলে যা কিছু সহজাত, সহজলব্ধ, তাকে অবহেলা, উপেক্ষায় ভাসিয়ে দেওয়ার প্রবণতাই মানুষের মধ্যে প্রবল। পরিবেশ নিয়ে গণপরিসরে কথা বললেই আমাদের মধ্যে এক ধরনের উপেক্ষা কাজ করে। পরিবেশের ভালো-মন্দ সারা বছর ধরেই নানা গণমাধ্যমে প্রকাশিত হয়। কিন্তু তা থেকে আমাদের অর্জন কতটুকু? এ-লেখাও কি তার বাইরে কোনও ছাপ রাখবে?

…………………..

রোববার.ইন-এ পড়ুন উৎসা তরফদার-এর অন্যান্য লেখা

…………………..

Ajnar River Bittu Tabahi environment Environmental Ethics forest conservationist Garbage Infection Molai Payeng Protecting Environment Sangbad Pratidin Sangbad Pratidin Robbar trash

Share this article on