আম্বেদকর তিনটি বিষয়ের ওপর জোর দিয়েছিলেন। প্রতিবাদের ক্ষেত্রে সাংবিধানিক পদ্ধতির ব্যবহার, ‘ব্যক্তিপূজা’ বর্জন এবং ‘সামাজিক গণতন্ত্র’ প্রতিষ্ঠার প্রয়োজনীয়তা। স্বপ্ন দেখেছিলেন এমন এক গণতন্ত্রের, যা ক্ষমতার কেন্দ্রবিন্দু থেকে রাজপথ পর্যন্ত ছড়িয়ে পড়বে, যেখানে আইনের চোখে আমরা সবাই সমান।
আমাদের দেশ ভারতের স্বাতন্ত্র কোথায়? স্বাধীনতার সময় থেকে শুরু করে আজ অবধি ধর্মীয়, ভাষাগত ও জাতিগত বৈচিত্রের বিশালতার দিক থেকে অন্য কোনও দেশই ভারতের সমকক্ষ নয়। পশ্চিম ইউরোপ ও নতুন বিশ্বের (আমেরিকা ও ওশেনিয়া অঞ্চল) হাতেগোনা কয়েকটি দেশ ছাড়া আর কোথাও ভারতের মতো এত ব্যাপক জাতিগত বৈচিত্র দেখা যায় না। তাও তা ভারতের সঙ্গে কোনওভাবেই তুলনীয় নয়। এর নেপথ্যে রয়েছে ঔপনিবেশিক যুগের বিরুদ্ধে বিজয়, দাস ব্যবসা ও জনবসতি স্থানান্তরের মতো ঘটনা, এবং পরবর্তীকালে ‘গ্লোবাল সাউথ’ (উন্নয়নশীল বিশ্ব) থেকে ‘গ্লোবাল নর্থে’ (উন্নত বিশ্ব) মানুষের অভিবাসন। তবে পবিত্রতা ও অপবিত্রতার ধারণার ওপর ভিত্তি করে গড়ে ওঠা বর্জনমূলক ব্যবস্থা– যা আত্মীয়তার সম্পর্ক, সামাজিক মর্যাদার ক্রমবিন্যাস এবং নিজগোষ্ঠীর মধ্যে বিবাহ প্রথার (এন্ডোগ্যামি) মাধ্যমে সুদৃঢ় হয়েছে– তা বিভিন্ন সমাজেই কম-বেশি বিদ্যমান। কিন্তু বিশ্বের আর কোথাও এমন কোনও ব্যবস্থা নেই, যেখানে মানুষের মর্যাদাকে বর্ণপ্রথার মতো এত চরম ও সুনির্দিষ্ট সোপানে বিভক্ত করা হয়েছে। শুনতে খারাপ লাগলেও এটাই ভারতের বৈশিষ্ট্য।

ভারতের সংবিধান গৃহীত হওয়ার কয়েক মাস আগে, এর প্রধান রূপকার ড. বি আর আম্বেদকর গভীর উদ্বেগে আচ্ছন্ন ছিলেন। ভারতের স্বাধীনতা আন্দোলনের সূচনালগ্নে দাঁড়িয়ে তিনি, অন্যান্য প্রতিষ্ঠাতাদের তুলনায় অনেক বেশি ব্যক্তিগতভাবে জানতেন যে, ভারত এক গুরুতর ত্রুটি নিয়েই জন্মগ্রহণ করতে চলেছে। জানতেন, আমাদের সমাজে যেমন বৈচিত্র আছে, তেমনই নানা স্তরভিত্তিক অসমতাও আছে। তার ওপর ভর করেই এই দেশ ও সমাজ প্রতিষ্ঠিত। আমরা এমন এক সংবিধান গ্রহণ করলাম, যেখানে বলা হল যে, আমরা সবাই সমান। কিন্তু আমরা তো জানতামই যে, সবাই সমান নয়!
স্বাধীনতার পর, উদার-গণতান্ত্রিক রাজনৈতিক কাঠামো বেছে নেওয়া প্রাক্তন ঔপনিবেশিক দেশগুলোর মধ্যে ভারতই একমাত্র ছিল না। তা সত্ত্বেও, ভারতের বিশাল ভৌগোলিক আয়তন, জনসংখ্যা, সামাজিক বৈচিত্র এবং অর্থনৈতিক অনগ্রসরতা, একে গণতান্ত্রিক রাষ্ট্রগুলোর মধ্যে এক অনন্য অবস্থানে দাঁড় করিয়েছে। পশ্চিম বিশ্বে ব্যাপক শিল্পায়ন ও অর্থনৈতিক অগ্রগতির অনেক পরে নারীরা, এবং অন্যান্য সব জাতিগোষ্ঠীর মানুষ সর্বজনীন ভোটাধিকার লাভ করেছিল। সম্পূর্ণ ভিন্ন পরিস্থিতিতে, ভারত গণতান্ত্রিক নীতির ওপর ভিত্তি করে একটি রাজনৈতিক কাঠামো গড়ে তুলেছিল, এবং ২১ মাসের জরুরি অবস্থা ছাড়া, এখনও পর্যন্ত সেই কাঠামো বজায় রাখতে সক্ষম হয়েছে। ১৯৫০ সালে সংবিধান কার্যকর হওয়ার পর থেকে এ-সংবিধান যে ব্যাপক প্রশংসা অর্জন করেছে, তার একটি কারণ এটিই।

১৯৪৯ সালের নভেম্বর মাসে সংবিধানের চূড়ান্ত খসড়া প্রস্তুত হয়। তার ঠিক দুই মাসের মধ্যেই ভারত একটি প্রজাতন্ত্রে পরিণত হতে যাচ্ছিল। আম্বেদকর জানতেন যে, সংবিধান যতই প্রগতিশীল হোক না কেন, এর কার্যকারিতা নির্ভর করবে তা রক্ষার দায়িত্বে থাকা ব্যক্তিদের ওপর। ২৫ নভেম্বর সংসদের সেন্ট্রাল হল-এ নিজের অন্যতম শ্রেষ্ঠ ভাষণ ‘দ্য গ্রামার অফ অ্যানার্কি’ বা ‘নৈরাজ্যের ব্যাকরণ’ প্রদানকালে আম্বেদকর প্রশ্ন রাখেন, ‘ভারত একসময় তার স্বাধীনতা হারিয়েছিল। সে কি দ্বিতীয়বারের মতো তা হারাবে?’ কারণ তাঁর মনে সেদিন প্রশ্ন উঠেছিল, ভারতীয় প্রজাতন্ত্র যে জন্মগত ত্রুটি নিয়ে আত্মপ্রকাশ করছে, তা অচিরেই বড় রোগ হিসেবে সামনে আসবে। পরদিন আনুষ্ঠানিকভাবে সংবিধান গৃহীত হয়। সেই মুহূর্তেও আম্বেদকরের মনে সংশয় ছিল– ভারত যে-স্বাধীনতা পেতে চলেছে, তা ধারণ করার মতো সক্ষমতা বা পরিপক্কতা দেশটির আছে কি না।
আম্বেদকর ‘দ্য গ্রামার অফ অ্যানার্কি’ লিখেছিলেন ভারতের ইতিহাসের এক চরম সন্ধিক্ষণে। সময়টা ১৯৪৭ থেকে ১৯৫০ সালের মধ্যবর্তী পর্ব, যখন ভারত স্বাধীন হলেও, তখনও কোনও সংবিধান পায়নি। সে সময় কোনও নিয়মকানুনই অবশিষ্ট ছিল না। এই লেখাটি এমন এক চমৎকার ও সুনিপুণ দিকনির্দেশনা, যা ভারতকে বর্তমানের সেই ভয়াবহ পরিস্থিতি থেকে রক্ষা করতে পারে– যখন দেশটি চরম বিশৃঙ্খলায় নিমজ্জিত, যখন স্বাধীনতা যেন এক অভিশাপে পরিণত হয়েছে। এমনকী, ক্ষমতায় থাকা রাজনৈতিক দলগুলো মনে করে, ক্ষমতার মূল উদ্দেশ্য হল, করদাতার অর্থে পরিচালিত বিলাসবহুল দপ্তরে বসে, জনসাধারণকে নিপীড়ন করা। যেন প্রত্যেকেই গণতন্ত্রের ভাষাকে ব্যবহার করতে শিখেছে কেবল গণতন্ত্রকেই ধ্বংস করার জন্য।

লেখাটি যখন বক্তব্য আকারে পড়েছিলেন ড. আম্বেদকর, বোঝা গিয়েছিল তিনি বিষয়টা কীভাবে দেখছিলেন। তাঁর সুদূরপ্রসারী ভাবনাচিন্তার ভারে বিস্মিত না হয়ে উপায় নেই, নিজেরই সৃষ্টি করা কাঠামোর ভেঙে পড়ার পূর্বাভাস দিয়েছিলেন তিনি। ১৯৪৯ সালেই, তিনি ২০২৬ সালের ভারতের রূপরেখা বলে দিয়েছিলেন। আমাদের বর্তমান শাসকরা নৈরাজ্য ঠিক ততটাই ভালোবাসেন, যতটা অপছন্দ করতেন সংবিধান প্রণেতারা। প্রতিদিনের প্রতি মুহূর্তকে, জার্মানসুলভ নিখুঁত পরিকল্পনায় বিশৃঙ্খলা সৃষ্টির কাজে লাগানো হয়েছে। ২০২৪ সালের নির্বাচন, তার পরবর্তী বেশ কিছু বিধানসভা নির্বাচন এবং নির্বাচন কমিশনের দিকে যে অভিযোগের আঙুল উঠছে, তা দেখিয়ে দেয়, দিনে দিনে পরিস্থিতি আরও বিশৃঙ্খল হয়েছে। ১৯৫০ সালে আমরা যে সংবিধানকে গ্রহণ করেছিলাম, তার মূল অন্তর্বস্তুই আজ প্রশ্নের মুখে পড়ছে। কী অসম্ভব ভবিষ্যৎদ্রষ্টা ছিলেন বাবাসাহেব!

এই সময়ে আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি বর্তমান সরকারের সৃষ্ট নৈরাজ্য, সংবিধানকে এমন এক পর্যায়ে ঠেলে দিয়েছে যে, তা ভেঙে পড়ার উপক্রম হয়েছে। আম্বেদকর তিনটি বিষয়ের ওপর জোর দিয়েছিলেন। প্রথমত, প্রতিবাদের ক্ষেত্রে সাংবিধানিক পদ্ধতির ব্যবহার– এই পরামর্শটি এমন একটি ধারণার ওপর ভিত্তি করে ছিল যে, আধুনিক ভারতের বিভিন্ন প্রতিষ্ঠান, বিশেষ করে আদালতগুলো, সংবিধানকে নস্যাৎ করার পরিবর্তে বরং তা সমুন্নত রাখবে। দ্বিতীয়ত, তিনি ‘ব্যক্তিপূজা’ বা ‘নায়কপূজা’র বিরুদ্ধে সতর্ক করেছিলেন– ঠিক যে ধরনের পরিস্থিতির কবলে আজ ভারত পড়েছে। আর তৃতীয়ত, তিনি ‘সামাজিক গণতন্ত্র’ প্রতিষ্ঠার প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দিয়েছিলেন; এমন এক গণতন্ত্র, যা ক্ষমতার কেন্দ্রবিন্দু থেকে রাজপথ পর্যন্ত ছড়িয়ে পড়বে, যেখানে আইনের চোখে আমরা সবাই সমান।
আজ সংবিধান দিবস। বর্তমান সমাজের প্রেক্ষিতে, বাবাসাহেব আম্বেদকরের ‘নৈরাজ্যের ব্যাকরণ’ অবশ্যপাঠ্য।
A Unit of: Sangbad Pratidin Digital Private Limited. All rights reserved