

সুদূর প্যারিস থেকে কলকাতার গড়িয়াহাট, এমনকী শান্তিনিকেতন পর্যন্ত, ছড়িয়ে রয়েছে যোগেন চৌধুরী ও উৎপলকুমার বসুর বন্ধুত্বের রঙিন উজ্জ্বল ফুলগুলি। তাঁদের আড্ডার শব্দগুলি আশ্চর্য চোরাবালি নয়, তাঁদের আড্ডা, অ্যান্টি-আড্ডা। ধূসর আতাগাছের উর্বরতার জন্য পলিমাটির রঙিন ক্যানভাস।
যোগেন চৌধুরী ও আমার বাবা– উৎপলকুমার বসুর বন্ধুত্ব ঠিক কবে, কোথায় শুরু, তা আমার জানা নেই। তবে আন্দাজ করতে পারি, বাবার কলেজ জীবনের পরপরই। ছবি, চিঠি– তার সাক্ষ্য। সালের হিসেবে, ছয়ের দশকের মাঝ থেকে। একটা চিঠির কথা মনে পড়ছে, বাবারই লেখা। তারিখ ৭ ডিসেম্বর, ১৯৬৫।

‘ডিয়ার এস. এন
শেষ পর্যন্ত প্যারিস, এবং এখনও যে পাগল হয়ে যাইনি, সেটাই আশ্চর্য! আমরা একটা বিরাট চক্কর দিয়ে এলাম লুক্সেমবার্গ বাগানের পাশ দিয়ে। …যোগেনদার জন্য থাকার যে ব্যবস্থা, তার জন্য গ্র্যান্ড হোটেল নাবালক মাত্র। একটি সম্পূর্ণ দেওয়াল কাচের। ছাদ থেকে পর্দা ঝুলছে। সরিয়ে দিলে আলোয় সব ঘর ভরে যায়। এটা একটা স্টুডিও, শোবার ঘর, কিচেন বাথরুম– সবকিছুই… একমাত্র ফ্রান্সই পারে আর্টিস্টদের জন্য এত সহানুভূতিশীল হতে। …আমরা ভাত খাই, সবজি, মাখন, ডিম, দই ও ফল। তুমি ইমিডিয়েটলি চলে এসো। যোগেনদার সঙ্গে এখানে থাকতে পারো। অবশ্য একত্রে থাকতে হবে, নইলে সরাসরি লন্ডন চলে এসো।…’

এ চিঠি দীর্ঘ, তা এখানে বিস্তারিত করার দরকার নেই। কিন্তু প্যারিসে যোগেন চৌধুরীর বাড়ি, থাকা ও খাওয়া-দাওয়ার আঁচ পাওয়া যায়। দস্তুরমতো জীবনযাপনের ছাপ রয়েছে বাবার লেখা এই নিমন্ত্রণপত্রের মতো চিঠিতে। ১৯৬৫ সালে এই বন্ধুত্ব যথেষ্টই, তা বোঝা যাচ্ছে। বাবা যখন লন্ডনে ছিলেন, তখনও যোগেন চৌধুরী লন্ডনে গিয়েছিলেন, ও বাবার সঙ্গে ছিলেন। তখন বাবা-মা সংসারী, আমি খুবই ছোট।
যোগেনকাকুর সঙ্গে আমার প্রথম দেখা হয় ১০-১২ বছর বয়সে। দিল্লিতে, ওঁর বাসভবনেই। আমরা যদিও এখানে, কলকাতায় যোগেনকাকুর বাড়িতে খুব গিয়েছি, তা নয়। বরং কলকাতার বাইরে, শান্তিনিকেতন-সহ নানা জায়গায় দেখা হয়েছে। স্মৃতি প্রচুর। প্রচুর একসঙ্গে ছবি তোলা। দু’জনেই দু’জনকে ‘আপনি’ করে বলতেন, এত ঘনিষ্ঠতা সত্ত্বেও। মনে পড়ল, আরেক অতিপ্রিয় বন্ধু সন্দীপন চট্টোপাধ্যায়কেও কিন্তু ‘আপনি’ করেই সম্বোধন করতেন বাবা।

বাবার ছবি আঁকার একটা নেশা ছিল। সেসব দেখে অনেক সময়ই মনে হতে পারে প্রশিক্ষিত শিল্পীর আঁকা। নানা কাগজে, পোস্টকার্ডে আলগোছে এঁকে রাখতেন বাবা। বাবার মৃত্যুর পর যে সমস্ত স্মরণসংখ্যা প্রকাশিত হয়েছিল, তাঁর একটিতে যোগেনকাকু লিখছেন, প্যারিসে থাকাকালীন উৎপলকুমার বসু তাঁর থেকে কিছু রং ও কাগজ চেয়ে নিয়ে ছবি এঁকেছিলেন। তাতে খোঁচা খোঁচা দাড়িওয়ালা একজন, আর নিচে লেখা ‘উৎপল’। বাবার চিরকালই শিল্পের প্রতি বিরাট আকর্ষণ ছিল। সে সূত্রেই দু’-চারটে স্কেচ, মাঝেসাঝে।
প্যারিসে যোগেনকাকুর স্টুডিওটা ছিল ভাড়ায় নেওয়া। বাড়িওয়ালা খুব নজর রাখতেন, কে আসছে, কে যাচ্ছে। বাবা লুকিয়ে অনেক রাতে ঢুকে পড়তেন সেই বাড়িতে। সারাদিন ঘুরে বেড়াতেন প্যারিসের রাস্তায় রাস্তায়। রাতে ফিরে যোগেনকাকুর সঙ্গে খানিক পানাহার, গল্পগুজব, অবশেষে ঘুম। এই ছিল বাবার দৈনিক প্যারিস-রুটিন। প্যারিসের নানা শৈল্পিক কাণ্ডকারখানা ঘুরে দেখার কথাও যোগেনকাকু লিখে রেখেছিলেন তাঁর বন্ধু সম্বন্ধীয় স্মৃতিগদ্যে।

বাবা কোনওকালেই বহু মানুষের ভিড় পছন্দ করতেন না। বন্ধুসংখ্যা, সে অর্থে খুবই কম। বাবার শেষ অসুস্থতায় যে সামান্য ক’জন লোক বাবাকে সঙ্গ দিয়েছিলেন, তাঁদের মধ্যে একজন যোগেন চৌধুরী। তখনও ঘণ্টার পর ঘণ্টা গল্প করতে দেখেছি দু’জনকে। স্ট্রোক হওয়ার পর, বাবার নড়াচড়া প্রায় বন্ধ হয়ে গিয়েছিল। বন্ধুর এই অসুস্থতায়, যোগেনকাকুর মুখে-চোখে দেখেছিলাম বিষাদ। ওঁদের আলোচনার অন্যতম বিষয় ছিল শিল্প এবং সাহিত্যের আন্তরিক আদানপ্রদান। যা ইউরোপে বহুলচর্চিত, বারেবারেই এই দুই শাখা নিজেদের আন্দোলিত করে। ভারতীয় পরিপ্রেক্ষিতে যা প্রায় হয়নিই বলা চলে। অথচ সেসময় অনেক চিত্রশিল্পীই কবিদের ঘনিষ্ঠ ছিলেন, কিন্তু পরিকল্পিতভাবে এ কাজ হয়ে ওঠেনি।

ওই প্যারিসের ভাড়াবাড়িতে একটা দীর্ঘকায় কোট ছিল। কে জানে কার কোট, বাবা-ই প্যারিস ঘুরে-টুরে কখনও কিনেছিলেন কি না! সেটার মাপ হাঁটু ছাড়িয়ে আরও নীচ অবধি চলে যেত। মজা করে কেউ কেউ বলত, গোগোলের কোট। নিকোলাই গোগোলের ‘ওভারকোট’ আর কী! সে কোট রাখা থাকত যোগেন চৌধুরীর প্যারিসের ভাড়াবাড়িতেই। অনেকেই প্যারিসের ঠান্ডার জন্য যথেষ্ট প্রস্তুতি না-নিয়েই চলে যেতেন। ওটা ছিল ফ্রি-সাইজ কোট। বাবা রেখে এসেছিলেন, অন্যরা সদ্ব্যবহার করতেন। একবার না কি বাবা হাজির হয়ে বলেছিলেন, ‘আমরা, যা কিছু পুরনো, চলুন ফেলে দিই। সমস্ত সাজ-সরঞ্জাম ফেলে দেব। শুরু করব নতুন জীবন।’ সত্যিই নতুন কেনা হয়েছিল। এমনকী, বাবার পুরনো সুটকেস পর্যন্ত ফেলে দিয়ে একটা রেক্সিনের সুটকেস কেনা হয়েছিল। সেই সুটকেস, টিকে ছিল মাত্র বছর পাঁচেক আগেও।

বাবার অনেক বন্ধুকেই দেখেছি। সুনীল গঙ্গোপাধ্যায়, শক্তি চট্টোপাধ্যায়ের সঙ্গে যে আড্ডা, তার ধরন ছিল অন্যরকম। এই আড্ডাগুলো একটু বিষয়ধর্মী, মাঝে মাঝে ইয়ার্কি-ঠাট্টার প্রলেপ দেওয়া। যোগেনকাকুর সঙ্গে বাবার আড্ডাটা যে কোনও দিকেই যেতে পারত। ওঁরা ‘কলোকিয়াম’ বলে একটা পরিকল্পনা করেছিলেন। তা হল: একটা জায়গায় যাওয়া হবে, একটা বিষয় থাকবে এবং অনেকে অগোছালোভাবে সে নিয়ে বলবেন। অন্তত গোটা পাঁচ-ছয় কলোকিয়াম হয়েছিল। মনে আছে, যোগেন চৌধুরী, সুনীল গঙ্গোপাধ্যায়, মিহির চক্রবর্তী, নমিতা চক্রবর্তী, প্রকাশ কর্মকার, হিরণ মিত্র– এঁরা গিয়েছিলেন সেখানে। সমস্ত ধরনের মানুষই যেতে পারতেন। প্রত্যেকেই খরচ দিতেন সমানভাবে, কোনও বিলাসবহুল ব্যাপার নয়। ‘মদ খেয়ে একেবারে জমিয়ে দিয়েছিল’– এরকম ঘটনা ঘটত না একেবারেই। এই যে কলোকিয়াম, তার নেপথ্যে ছিলেন আমার বাবা এবং পার্বতী চট্টোপাধ্যায়। এটা তাই ঠিক আড্ডা নয়, ‘অ্যান্টি-আড্ডা’। বাবা ছিলেন এই আড্ডার কোষাধ্যক্ষ, এখনও সেই হিসেবের খাতাগুলো আছে। এমনকী, আড্ডার পরে টাকা বাঁচিয়ে কখনও-সখনও ফেরত দিয়েছিলেন, সে উল্লেখও রয়েছে।

১৯৯৩ সালে, ৩১ মে, বাবার এক ঘণ্টার একক কবিতাপাঠের আয়োজন করেছিলেন পার্বতী চট্টোপাধ্যায় ও যোগেন চৌধুরী। রাসবিহারী অ্যাভিনিউয়ের ‘দ্য লিটল গ্যালারি’তে। ‘চৈত্রে রচিত কবিতা’ ও ‘খণ্ড বৈচিত্র্যের দিন’ থেকে কবিতা পড়েছিলেন বাবা। আমন্ত্রণপত্র নিজের ছবি ও হাতের লেখায় সাজিয়ে তুলেছিলেন যোগেন চৌধুরী।
বাবা যখন খুব অসুস্থ, যোগেনকাকুকে সেসময় চিন্তিত হয়ে থাকতে দেখেছি। শুধু তা-ই নয়, যোগেনকাকু বাবার সঙ্গে কথাবার্তার ভিডিও রেকর্ডিং করে রেখেছিলেন তখন। বাবাকে নিয়ে আস্ত একটা ডকুমেন্টারির প্ল্যান করেছিলেন। দু’-চার জায়গায় হয়তো অভিনয়ের দরকার ছিল, অভিনেতাদের সঙ্গেও নাকি কথা হয়েছিল। কিন্তু সেসব হয়ে ওঠেনি স্বাভাবিকভাবেই। যোগেনকাকু এত ব্যস্ত, এত বড় শিল্পী, তিনি ছবি আঁকা ছাড়া অন্য কোনওদিকে মন দেবেনই বা কী করে? কিন্তু কীরকম হত সেই ছবি? কবি ও ছবি-আঁকিয়ের নিবিড় বন্ধুত্বের কথাও থাকত নিশ্চয়ই। সেসব আর কখনও প্রকাশ্যে না-এলেও, ওঁদের বন্ধুত্ব এতটুকু ক্ষুণ্ণ হবে না।
ছবিঋণ: ফিরোজ বসু
………..
পড়ুন মিনি সিরিজ-এর অন্যান্য লেখা
…………
A Unit of: Sangbad Pratidin Digital Private Limited. All rights reserved