An Abandoned Cat and Murakami’s World of Solitude। Robbar
Robbar
  • ২২ কার্তিক ১৪৩৩
  • সোমবার
  • ৯ নভেম্বর ২০২৬

বাবা, বিড়াল ও স্মৃতিরা

হারুকি মুরাকামি। খ্যাতিসম্পন্ন জাপানি সাহিত্যিকের কিছু নিঃসঙ্গ কথা। কিছু ব্যক্তিগত বেদনা। বাবার স্মৃতি। আর একটি বিড়ালকে ত্যাগ করার গল্প। যে গল্পের ইংরেজি অনুবাদের নাম– ‘Abandoning a Cat’। বাবার চোখে এক ত্যাজ্যপুত্র এবং একটা পরিত্যাগ করা বিড়াল, দু’জনকে একই মিক্সচারে পুরে ঘেঁটে দিয়েছেন মুরাকামি। সেই হলাহল থেকে উঠে এসেছে কিছু স্মৃতি, কিছু ব্যথা, মনকেমন আর নস্টালজিয়া।

শেষ আপডেট: নভেম্বর ৯, ২০২৬, ২০:৩০   
Facebook WhatsApp Messenger

১১৩.

চুপ। শব্দ ক’রো না। নিস্তব্ধ ক’রো সেলফোন। হৃদয়কথায় দাও আমাকে পরিসর।

আমি জাপানি সাহিত্যিক হারুকি মুরাকামি। নিতান্ত কিছু নিঃসঙ্গ কথা। ব্যক্তিগত বেদনা। আমার বাবার স্মৃতি। আর একটি বিড়ালকে ত্যাগ করার গল্প। যে গল্পের ইংরেজি অনুবাদের নাম– ‘Abandoning a Cat’। সংস্কৃত-ঘেঁষা বাংলা নাম হতে পারে– ‘মার্জার পরিত্যাগ’। আমার বাবা এবং একটা বিড়াল, দু’জনকে একই মিক্সচারে পুরে ঘেঁটে দিয়েছি। তার সঙ্গে কিছু স্মৃতি। ব্যথা। মনকেমন। নস্টালজিয়া।

zoom
হারুকি মুরাকামি

একটা আকাশছোঁয়া পাইনগাছ। আমার সঙ্গীহীন অপেক্ষা। কিছু বৃষ্টি। এবং একটি গভীর দার্শনিক প্রশ্ন: আমার বাবা যদি আমার মাকে বিয়ে না-করে, অন্য কাউকে বিয়ে করত, তা হলে আমি মানুষটা কেমন হতাম, কেমন হত আমার জীবন? আবার আমার মা যদি আমার বাবাকে বিয়ে না-করে, অন্য কাউকে বিয়ে করত, যে মানুষটা একেবারে নয় আমার বাবার মতো, তাহলে কেমন হতাম আমি? কেমন হত আমার জীবন? ভেবে কূল-কিনারা পাই না। কত যে সম্ভাবনা। এবং অসম্ভাবনা। আপনারাও এই দার্শনিক ভাবনাটি ভাবতে পারেন। তবে লেখার টেবিলটাকে সঙ্গে নেবেন, ভাবনাকে নতুন নতুন পথে চালিত করার জন্য।

zoom

এবার আমার একান্ত নিরালা মনের কথায়: একদিন বনের ছায়ায়, সমুদ্রের ধারে, পাহাড়ের নির্জনতায়, রাতের আকাশের তারাভরা অপরিমিতির তলায় কাউকে হঠাৎ বলতে পেরেছিলাম, আজ যেমন করে গাইছে বাতাস, নিবিড় হয়ে শোনো গো। আর তখনই, ঠিক তখনই আমার মধ্যে জন্মেছিল আমার প্রথম উপন্যাস: ‘হিয়ার দ্য উইন্ড সিং’। তারপর ১৯৮৭-তে লিখলাম– ‘নরওয়েজিয়ান উড’। ব্যস, ঘটে গেল ম্যাজিক! আমি হয়ে গেলাম জগৎজোড়া লেখক।

zoom

এটা আমার জীবনে একটা দিক। অন্যদিকটা এরকম: আমার মনে আমার বাবার অনেক স্মৃতি। এবং সেটাই স্বাভাবিক। আমাদের বাড়িটা ছিল ছোট। সেই বাড়িতে একই ছাদের তলায় গা ঘেঁষাঘেঁষি করে যে বাপের সঙ্গে জীবন কাটিয়েছি, তার অনেক স্মৃতি তো মনের মধ্যে থাকবেই। আমার জন্ম থেকে ১৮ বছর বয়সে আমার গৃহত্যাগ পর্যন্ত, অনেক দিনের সম্বন্ধ। কিছু স্মৃতি আনন্দের। কিছু দুঃখের। কিন্তু বাবাকে নিয়ে যে স্মৃতিগুলো তেমন আনন্দের নয়, আবার নিরানন্দ নয়, সাধারণ ঘটনার স্মৃতি, সেইগুলোই আমার মনের মধ্যে বেশি জড়ো হয়ে আছে। আর মায়ের কাছে বাবার বিষয়ে কিছু শোনা কথা, সেগুলোও মন থেকে ঝেড়ে ফেলতে পারিনি।

আমার মায়ের মুখে শুনেছি, আমার বাবা যৌবনে ছিল বন্য প্রকৃতির, ইংরেজিতে ‘ওয়াইল্ড’ বলা যায়। বড্ড বেশি মদ খেত। চড়া মেজাজ। কড়া স্বভাব। কর্কশ ব্যবহার। এবং বেপরোয়া জীবন। সেই মানুষ কাজ নিল পুরোহিতের! আমি এক পুরোহিতের পুত্র। নিজেও পুরোহিত হতে পারতাম। কিন্তু হলাম সাহিত্যিক। তবে বাবা পুরোহিত থেকে শিক্ষক হয়েছিল। আমি যত বড় হতে লাগলাম, ততই আমার সঙ্গে বাবার ঝামেলা হতে লাগল।কেননা বাবার সঙ্গে আমার মনের এতটুকু মিল হল না। ক্রমশ ফারাক বাড়ল। এবং ১৮ বছর বয়সে বাড়ি ছেড়ে চলে গেলাম।

zoom

বিশ বছর আমাদের কোনও যোগাযোগ ছিল না। যোগাযোগ হল, কিছু বোঝাবুঝিও হল। বাবা তখন মৃত্যুশয্যায়। বাবার সঙ্গে আমার স্মৃতিতে আমি ত্যাজ্যপুত্র, এই কথাটা কোনও দিন মুছে যায়নি। এবং এই কারণেই ছেঁড়া সম্পর্কের বিষয়টা আমার গল্পে বারবার প্রচ্ছন্ন বুননে ফিরে এসেছে। এই প্রসঙ্গে ফরাসি ফিল্ম ডিরেক্টর ফ্রাঁসোয়া ত্রুফ-র আত্মজীবনী মনে এল। তিনি ছেলেবেলায় বাধ্য হয়েছিলেন বাবা-মাকে ছেড়ে থাকতে। এবং সেই কারণেই তাঁর ছবিতে ফিরে ফিরে এসেছে পরিত্যক্ত জীবনের চাপা বেদনাবোধ।

zoom

এই যে আমি, অনেক ছেলেবেলায় একটি বিড়ালকে পরিত্যাগ করার ঘটনা ভুলতে পারিনি এবং এত বছর পরে, এই বয়সে, সেই ঘটনার সঙ্গে বাবার স্মৃতি মিশিয়ে একটা গোটা বই লিখে ফেললাম, তার মূলে হয়তো আছে পরিত্যক্ত পুত্র হয়ে আমার বড় হওয়ার জীবনবোধ, অভিমান, দহন।

এবার মার্জার কাহিনিতে ফিরি। গ্রীষ্মের দুপুর। বাবা আর আমি বেরিয়ে পড়লাম বিড়ালটাকে অনেক দূরে সমুদ্রতীরে ছেড়ে দিয়ে আসতে। ওটার ঝামেলা ঘাড় থেকে নামাতে বাবা বদ্ধপরিকর। আর আমি বাবার বাধ্য সঙ্গী। আমরা বাইসাইকেলের যাত্রী। বাবা সাইকেল চালাচ্ছে। আমি পিছনে বিড়াল নিয়ে। বেড়ালটা একটা বাক্সের মধ্যে। কেউ বুঝতে পারছে না, আমার হাতে বাক্সের মধ্যে কী আছে।

আমরা শুকুগাওয়া নদীর পাশ দিয়ে অনেক দূর চলে এলাম। পৌঁছলাম কোরোএনের সমুদ্রতীরে। সেখানে একটা জায়গায় দেখলাম কিছু গাছপালা। তারই ছায়ায় বক্সটা রাখলাম। এবং একবারও পিছনে না তাকিয়ে সোজা বাড়ির দিকে রওনা দিলাম। বিড়ালটাকে অন্তত দু’কিলোমিটার দূরে ছেড়ে এসেছি।

zoom

বাবা আর আমি বাড়ি পৌঁছলাম। বিড়ালটাকে একলা, অত দূরে ছেড়ে এসে মনটা বেশ ভারাক্রান্ত। কিন্তু কী বা করার ছিল, এভাবে ওকে ঘাড় থেকে নামানো ছাড়া? আমরা বাড়ির দরজা খুলে ভিতরে ঢুকলাম। এবং আমাদের চোখের সামনে দাঁড়িয়ে সেই বিড়ালটা, যাকে আমরা সমুদ্রের ধারে একটু আগে ছেড়ে এসেছি! বন্ধুত্বের ‘মিয়াও’ বলে আমাদের বাড়িতে আমাদের স্বাগত জানাচ্ছে! কী করে সম্ভব হল বিড়ালটার পক্ষে আমাদের থেকেও দ্রুত বাড়ি ফেরা? এই ভাবনা এত বছর ভেবেছি। রহস্যের সমাধান হয়নি।

আরও একটা বিড়াল জড়িয়ে আছে আমার ছেলেবেলার স্মৃতিতে।

একটা বিড়াল যে কীভাবে, কখন চলে আসতে পারে জীবনে, আটকে থাকতে পারে নানা ঘটনার স্মৃতিতে, এমনকী মনকেমনে, অতীত বিধুরতায়, তার হদিশ পাওয়া সহজ নয়। আমার জীবনে একটা ছোট্ট বাচ্চা সাদা বিড়াল হঠাৎ দেখি আমার পায়ে পায়ে ঘুরছে। আরে! কবে এটা প্রথম এল আমার জীবনে? লেখার টেবিলে বসে স্মৃতিকে নিয়ে যেতে চেয়েছি আরও পিছনে। লেখার টেবিল মৃদু উচ্চারণে যেন বলল, কোনও লাভ নেই। মনে পড়বে না। ছোট্ট বিড়ালটা তোমার পায়ে পায়ে ঘুরঘুর করছে, ওখান থেকেই তোমার জীবনে ওর শুরু। তার পিছনে অনন্ত মার্জার-রহস্য, যেখানে মানুষের প্রবেশাধিকার নেই!

zoom

আমি টেবিলের কথা মেনে নিয়ে ছোট্ট সাদা বিড়ালটাকে আমার জীবনে গ্রহণ করার চেষ্টা করতে লাগলাম। বড্ড ছোট্ট তুলতুলে নরম। ওকে ভালোবাসতে দেরি হল না। কিন্তু বিড়ালটা হয়তো ভাবে, ও তেমন স্মার্ট নয় বলে আমি ওকে পাত্তা দিচ্ছি না। তাই নানা রকম কসরত করে ও আমাকে অবাক করতে চেষ্টা করে। আর ওর পাকামো দেখে আমার হাসি পায়।

একদিন বাড়ির ছোট্ট উঠোনে বসে আছি বিকেলবেলা। সামনেই একটা লম্বা পাইন গাছ। এত দীর্ঘ যে, মনে হয় মাথা আকাশে ঠেকে গিয়েছে। হঠাৎ ছোট্ট সাদা নরম বিড়াল বাচ্চা পিছন থেকে তীব্র বেগে ছুটে বেরিয়ে পাইন গাছের ডগায় উঠে মিলিয়ে গেল। আমি তো ওর কেরামতি দেখে থ! ছুটে গেলাম পাইন গাছের তলায়। কোথায় বিড়াল। তার গায়ের সাদা ফার কোটটা কোথাও চোখে পড়ছে না। শুধু পাইন গাছের মাথা থেকে ‘মিউমিউ’ শব্দ।

তখন আমি বাবাকে ডাকলাম। বললাম কী ঘটেছে। বাবা একটা মই নিয়ে এল। কিন্তু পাইন গাছের মাথার নাগাল পাওয়ার মতো লম্বা মই আছে না কি পৃথিবীতে? হঠাৎ মনে হল বেড়ালটাকে বোধহয় দেখতে পাচ্ছি। সে এতটাই উঁচুতে উঠে গিয়েছে যে, সেখান থেকে নিচের দিকে তাকিয়ে ভয় পাচ্ছে। কী করে নামবে?

zoom

কিছুক্ষণের মধ্যে সন্ধে নামল। তারপর রাত। আমি অনেক রাত পর্যন্ত বাইরে বসে অপেক্ষা করলাম। তারপর ঘরে গিয়ে শুয়ে পড়লাম। মিউমিউ ডাকটা কানে লেগে রইল। পরের দিন সকাল হতেই পাইন গাছের তলায় গিয়ে দাঁড়ালাম। সেই মিউমিউ মিলিয়ে গিয়েছে। ছোট্ট বিড়ালের কোনও চিহ্ন নেই। কিন্তু তার সেই নরম তুলতুলে চেহারা, তার গায়ে সেই সাদা ফার কোট, আর তার আর্ত ডাক, আমার মনকেমনে আজও থেকে গিয়েছে।

এই লেখাটা এখানেই শেষ হতে পারত। কিন্তু তাহলে তো আমি হারুকি মুরাকামি হতে পারতাম না!

আমার এই বইটা তো শুধু বিড়ালের গল্প নয়। আমার বাবাও তো আমার জীবনে বিড়ালের সঙ্গে মিশে আছে। তাই বইটার শেষে বাবাকেও আনতে হবে। তাই লিখলাম, আমার মৃত্যুর পরে বাবা আর আমি পৃথিবীতে ফিরে ফিরে আসব। বৃষ্টির ফোঁটা হয়ে!

zoom

কেমন করে বোঝা যাবে, কোন বৃষ্টির ফোঁটা আমি? যে বৃষ্টির ফোঁটায় ছোট্ট সাদা একটা বিড়ালবাচ্চা পাইন গাছের ডগা থাকে জুলজুল করে পৃথিবীর পানে তাকিয়ে আছে, কিন্তু জানে না, কী করে পৃথিবীর বুকে ফিরে আসবে, সেই বৃষ্টিবিন্দু তো আমি– হারুকি মুরাকামি।

একটা কথা, শেষ ভাবনাটা আমার নয়। আমার লেখার টেবিলের।

…………………

রোববার.ইন-এ পড়ুন কাঠখোদাই-এর অন্যান্য লেখা

…………………

Abandoning a Cat: A Personal Story François Truffaut Haruki Murakami Hear the Wind Sing Norwegian Wood Sangbad Pratidin Sangbad Pratidin Robbar

Share this article on