communal harmony and politics from Tagore's perspective | Robbar
Robbar
  • ২৬ কার্তিক ১৪৩৩
  • শুক্রবার
  • ১৩ নভেম্বর ২০২৬

শ্রেষ্ঠ কবি, শ্রেষ্ঠ সমাজবিজ্ঞানী

হিন্দু-মুসলমান সম্পর্কের নির্মোহ এবং ঐকান্তিক বিশ্লেষণ। কোন ধর্মে ‘আচার’ প্রতিবন্ধক (হিন্দু), কোন ধর্মে ‘ধর্মপ্রেমই’ প্রাচীরসম (ইসলাম), তিনি প্রাঞ্জলতম ভাষায় বুঝিয়ে দিয়েছেন। অনেক প্রতিভাধরই এই অতিশয় বিভ্রান্তিকর বিষয়টি নিয়ে লিখেছেন– বঙ্কিমচন্দ্র থেকে মুহম্মদ শহীদুল্লাহ, অক্ষয়কুমার মৈত্র থেকে কাজী আবদুল ওদুদ– কিন্তু প্রত‌্যেকের বিশ্লেষণকে ছাপিয়ে যায় রবীন্দ্রনাথের ব‌্যাখ‌্যা।

শেষ আপডেট: নভেম্বর ১৩, ২০২৬, ১৭:৩৫   
Facebook WhatsApp Messenger

‘কোনও ধর্মের প্রতি ঘৃণা প্রদর্শন করিলে
ঈশ্বরের প্রতি ঘৃণা প্রদর্শন করা হয়।’

[রবীন্দ্রনাথ কর্তৃক উদ্ধৃত সম্রাট আকবরের একটি মন্তব‌্য, পৃ. ২৩]

পূর্বমুখ: আমাদের একজন অগ্রণী সমাজবিজ্ঞানী, ইতিহাসবিদ রণজিৎ গুহ তাঁর জীবনের শেষ পর্বটি কাটিয়েছিলেন ভিয়েনায়। আমাদের একজন অগ্রণী কবি, আমার অগ্রজ অলোকরঞ্জন দাশগুপ্ত– একই পর্বে বাস করতেন হাইডেলবার্গ শহরের উপকণ্ঠে হির্শবার্গ নামে একটি গ্রামে। দু’জনের দীর্ঘক্ষণ কথা হত টেলিফোনে, ঘনঘন, রাতে। তাঁদের সংলাপের বিষয় কী ছিল? অবশ‌্যই রবীন্দ্রনাথ। উপরন্তু, দু’জনেই আলোচনা করতেন কবির রাজনৈতিক চেতনা, সামাজিক মননশীলতা এবং ইতিহাসবোধ নিয়ে। অবশেষে দুই প্রবাসী সুখ্যাত বাঙালি সেই অবধারিত সিদ্ধান্তে পৌঁছেছিলেন যে, রবীন্দ্রনাথ আমাদের শ্রেষ্ঠ সমাজবিজ্ঞানী। 

এই সিদ্ধান্ত বা বিচারের ওপরই শিলমোহর পড়ল কয়েক বছর আগে, যখন শঙ্খ ঘোষ এবং গায়ত্রী চক্রবর্তী স্পিভাক হাজার বছরের দীর্ঘ বাংলা সাহিত‌্যের সম্পদ থেকে তিনটি মণিরত্ন বেছে নিলেন ইংরেজিতে অনুবাদের জন‌্য এবং বিশ্বব‌্যাপী প্রচারের লক্ষ‌্যে। এই তিনটি গ্রন্থ হল– মাইকেল মধুসূদন দত্তের ‘মেঘনাদবধ কাব‌্য’, আখতারুজ্জামান ইলিয়াসের ‘চিলেকোঠার সেপাই’ এবং রবীন্দ্রনাথের ‘কালান্তর’। বিশ্বসাহিত্যে দ্বিতীয় কোনও স্বনামধন‌্যর নাম করা যাবে না, যিনি একাধারে শ্রেষ্ঠ কবি এবং একই নিঃশ্বাসে শ্রেষ্ঠ সমাজবিজ্ঞানীও। না, এমনকী গোয়েটেও এই সম্মান অর্জন করতে পারেননি, টলস্টয়ও না। 

zoom

আমাদের সময়ের অন‌্যতম শ্রেষ্ঠ মনীষা অশোক সেন এই অদ্বিতীয়তা সম্পর্কে পূর্ণমাত্রায় সচেতন ছিলেন। তাই তিনি তাঁর শেষ গ্রন্থের বিষয় হিসেবে বেছে নিয়েছিলেন ‘রাজনীতিবিজ্ঞানী’ রবীন্দ্রনাথকে। গ্রন্থটির ভূমিকায় তিনি লিখেছেন, ‘যত দিন যাচ্ছে কেমন যেন বেশি প্রাসঙ্গিক হয়ে পড়ছে রবীন্দ্রনাথের রাজনীতি ভাবনা। তাঁর সামাজিক উদ‌্যোগ-আয়োজনের চালনা ও সামঞ্জস‌্য সকলের উন্নতি ও কল‌্যাণের সংকল্প।’ ঠিক এই বৃত্তে প্রবেশ করেও আমরা অতীব সাধারণ রবীন্দ্রানুরাগী দিশেহারা হই, কোথা থেকে শুরু করব আর কোথায়ই বা শেষ! চরকাকে ঘিরে তাঁর তীব্র সমালোচনা, হিন্দু-মুসলমান সম্পর্কের পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ, সমবায়ের নীতি ও কার্যক্রমের ওপর তাঁর আলোকপাত, উপনিবেশবাদ ও অর্থসর্বস্ব ধনতন্ত্রের কঠিন সমালোচনা, স্বদেশ ও সমাজের প্রার্থিত উন্নয়নের সঙ্গে প্রত‌্যেকটি ব‌্যক্তির প্রগতির মেলবন্ধন, যা তাঁর আগে একমাত্র কাল মার্কস-এর রচনায় ভাস্বর হয়ে উঠেছিল, শ্রেণি নিপীড়নের বিরুদ্ধে বর্ষিত সোচ্চার ধিক্কার, তাঁর বহুকথিত ‘আত্মশক্তি’র সঙ্গে সমষ্টির মঙ্গলের সুনিবিড় যোগসাধন… সত‌্যি, তাঁর সমাজবিজ্ঞানের এই অসামান‌্য বহুস্তর, বৈচিত্র, ব‌্যাপ্তি আমাদের স্তম্ভিত করে। 

সমস‌্যা বাড়ে বইকি, কমে না, যখন স্মরণ করি কবির প্রায় প্রাত‌্যহিক রাজনৈতিক সক্রিয়তা। বিস্ময়ের ঘোরে প্রশ্ন করি, আপাদমস্তক সাম‌্যবাদী কবি মায়াকভস্কি এবং নেরুদাও কি এতটা সক্রিয় হতে পেরেছিলেন? প্রথম বঙ্গভঙ্গের অধ‌্যায়ে তাঁর ঐতিহাসিক ভূমিকা, প্রায় প্রতি মুহূর্তে মহাত্মা গান্ধীকে উদ্দেশ‌্য করে কথিত হয় মগ্ন প্রশস্তি, বা হয়তো কঠোর সমালোচনা (কী অনবদ‌্য Dialectical বা দ্বান্দ্বিক প্রক্রিয়া এবং প্রতিক্রিয়া), সর্বোপরি জালিয়ানওয়ালাবাগের মারণযজ্ঞের পর তাঁর একাকী, নিঃসঙ্গ প্রতিবাদ ও প্রতিরোধ। এই অবিরাম ক্রিয়া-প্রক্রিয়া এবং চিন্তা-বিচিন্তার মাঝে ঘুরপাক খেতে খেতে আমরা পথনির্দেশ খুঁজি। সন্ধানের সেই মাহেন্দ্রক্ষণেই হাতে তুলে নিই অশোকদার এই অনবদ‌্য গ্রন্থটি। সুদৃঢ়কণ্ঠে বলব, তাঁর কবিতার মতোই বহুমাত্রিক তাঁর সমাজচেতনা এবং অক্লান্ত উদ‌্যোগ নিয়ে এহেন সূক্ষ্ম ও গভীর, অন্তঃস্পর্ধী এবং প্রসিদ্ধ বই এর আগে লেখা হয়নি। বিদ‌্যাসাগর সম্পর্কে তাঁর অদ্বিতীয় গ্রন্থ ‘Iswar Chandra Vidyasagar and his Elusive Milestones’ আমাদের যেভাবে আলোকিত করেছিল, এই বইটিও ঠিক সেভাবে অন‌্য এক রবীন্দ্রনাথকে উন্মোচিত করে। তাঁর অদ্বিতীয়তা ঠিক কোথায় সন্নিহিত? মহাত্মার কর্মযোগের সঙ্গে তুলনা করে অশোক সেন লিখেছেন, ‘উপনিবেশিক ভারতের রাষ্ট্রব‌্যবস্থায় একদিকে যখন জাতীয় কংগ্রেস আর মহাত্মা গান্ধীর অসহযোগ, রবীন্দ্রনাথ তখন গঠনমূলক সামাজিক কার্যক্রমকে অগ্রগণ‌্য ভেবেছেন। তা হল, বরাবর স্বরাজের লক্ষ‌্যে স্বদেশের কাজ। জাতিধর্মভাষার বহুতর বিভেদ নিরসনে সমস্ত বুদ্ধিশক্তি ও কর্মশক্তিকে দেশ জু়ড়ে বিস্তৃত করার যে স্বপ্ন দেখেছিলেন রবীন্দ্রনাথ, তা-ও তাঁর সমাজ-রাজনীতি ভাবনার যথার্থ পরিচয়।’

zoom

অশোকদা আমার বাড়ির কাছেই থাকতেন। তাঁর সম্পাদিত ‘বারোমাস’ পত্রিকায় আমি নিয়মিত লিখতাম। সম্ভাব‌্য লেখার বিষয়ে আলোচনা হত বসার ঘরে– রোজা লুক্সেমবুর্গের বিপ্লবী চিন্তা, ব্রেশটের ‘আর্তুরো উই’ নাটকে হিটলারকে কীভাবে নলছাঁচা করা হয়েছে, বিষ্ণু দে-র ওফেলিয়া কতটা স্বতন্ত্র ইত‌্যাদি বিষয়ে সংলাপ হত। হঠাৎই একদিন উনি আমাকে বললেন, “জানো ‘কালান্তর’ বুঝবার জন‌্য চাই একটি উপযুক্ত সময়– মননের সময় এবং সমাজের সময়। আমি চারিদিকে যা দেখছি, তা বিচার করে মনে হচ্ছে সেই দ্বৈতসময় বা প্রহর আসছে।” সেদিনই বুঝেছিলাম, এবারে তিনি দৃষ্টি দেবেন কবির রাজনীতির দিকে। সম্ভবত এটিই হবে তাঁর শেষ অবদান। তা-ই হল, প্রস্থানের আগে তিনি রেখে গেলেন ২৩৮ পৃষ্ঠার একটি গ্রন্থ, যেটিকে এই বৃত্তের সর্বোৎকৃষ্ট সম্পদ হিসেবে বিবেচনা করা যেতে পারে।

উনি ‘সমাজের সময়’-এর কথা বলেছেন, এই মন্তব‌্য সর্বাংশে নির্ভুল। কারণ ঠিক এই সময়েই তাঁর অন্তত তিনটি মৌলিক চিন্তা গ্রামোন্নয়ন সম্পর্কে, আত্মশক্তি বিষয়ে এবং সমবায় অর্থনীতিকে কেন্দ্র করে আত্মসাৎ ও বিকৃত করা হচ্ছে অশুভ রাজনৈতিক দূরভিসন্ধির প্ররোচনায়। এই স্পর্শকাতর বিষয় অর্থাৎ তাঁর রাজনৈতিক দর্শনের সুচতুর অপব‌্যাখ‌্যা নিয়ে বিশদ বলব না। আদৌ বলার কি প্রয়োজন আছে? যে অবক্ষয়ে নব‌্যউদারপন্থাকে অর্থনীতির মন্ত্রগান হিসেবে নিরন্তর গাওয়া হয়েছে, সে-অধ‌্যায়ে রবীন্দ্রনাথের সমবায় কার্যক্রম, পল্লিসংস্কার এবং আত্মউন্নয়নের প্রয়াসের বিন্দুমাত্র অবকাশ বা সুযোগ নেই। বইটির অপরিহার্য মূল‌্য ঠিক এইখানে। অশোকদার বিশ্লেষণ পড়েই বুঝতে পারি তাঁর স্বপ্ন এবং আমাদের বাস্তবের ভিতরে পার্থক‌্য কতটা অলঙ্ঘনীয়। এই নিদারুন তারতম‌্য উদ্‌ঘাটন করে লেখক গ্রন্থের শেষ পৃষ্ঠায় লিখেছেন, ‘রবীন্দ্রনাথের রাজনীতি ভাবনাতে সমাজ-অর্থনীতির যত্নরিক্ত রাষ্ট্রক্ষমতায় কেবল আধিপত‌্যের অপপ্রয়োগ হয়ে পড়ার আশঙ্কা খুব প্রবল। বারবার বলেছেন যে তারই নিদর্শন ইংরেজ শাসিত ভারতে নিছক আইন-শৃঙ্খলার (law and order) অতিরেক।’ যে সমাজে সেই আইন-শৃঙ্খলা কায়েম করার জন‌্য নির্বিচারে সেপাই-সান্ত্রীরা পেলেট ব‌্যবহার করে, তখনই বুঝি তাঁর সতর্কবাণী কী অমোঘ ছিল! বা যখন তিনি অমিয় চক্রবর্তীকে তাঁর চিঠিতে লেখেন (এই পত্রটি উদ্ধৃত করেই বইটির সমাপ্তি রচনা করা হয়েছে): “শিক্ষাসংস্কার এবং পল্লীসঞ্জীবনই আমার জীবনের প্রধান কাজ। এর সংকল্পের মূল‌্য আছে, ফলের কথা আজ কে বিচার করবে।”, তখন সুতীব্র বেদনার্ত অনুভবের প্রাবল‌্যে মনে হয়, উনি কি আমাদের মধ‌্যে বিপর্যস্ত সবকিছু দেখছেন, আদিবাসীদের অরণ‌্যের অধিকারহরণ থেকে পরীক্ষার ক্ষেত্রে চরম নৈরাজ্য? তাঁর চেতনা ও দৃষ্টি কতটা সুদূরপ্রসারী ছিল!

zoom

প্রথম বঙ্গ বিভাজনের সময় রবীন্দ্রনাথের অদম‌্য সক্রিয়তা সর্বজনবিদিত। কিন্তু অনেক পরে, ‘কালান্তর’-এ তিনিই লিখেছেন যে, সংখ‌্যাগরিষ্ঠ বাঙালি মুসলমান সম্প্রদায় সেই আন্দোলন থেকে দূরে দাঁড়িয়েছিল। কিন্তু কেন এই নিস্পৃহতা? আত্মবিশ্লেষণ করে তিনি বলেছিলেন, সুদীর্ঘ সময় ধরে ‘আমরা’ ‘তাদের’ ন‌্যূনতম সম্মানটুকু দেব না, প্রতিটি পদক্ষেপে অমার্জনীয় ব‌্যবধান রচনা করব, তারপর হঠাৎ একদিন সকালে বলব, ‘তোমরা সবাই ভাই, এসো একসঙ্গে আন্দোলন করি।’ এই সুযোগসন্ধানী আহ্বানে তারা কেন সারা দেবে?

বইটির অনেকাংশ জুড়ে রয়েছে এই হিন্দু-মুসলমান সম্পর্কের নির্মোহ এবং ঐকান্তিক বিশ্লেষণ। কোন ধর্মে ‘আচার’ প্রতিবন্ধক (হিন্দু), কোন ধর্মে ‘ধর্মপ্রেমই’ প্রাচীরসম (ইসলাম), তিনি প্রাঞ্জলতম ভাষায় বুঝিয়ে দিয়েছেন। অনেক প্রতিভাধরই এই অতিশয় বিভ্রান্তিকর বিষয়টি নিয়ে লিখেছেন– বঙ্কিমচন্দ্র থেকে মুহম্মদ শহীদুল্লাহ, অক্ষয়কুমার মৈত্র থেকে কাজী আবদুল ওদুদ– কিন্তু প্রত‌্যেকের বিশ্লেষণকে ছাপিয়ে যায় রবীন্দ্রনাথের ব‌্যাখ‌্যা। তাঁর এই অসামান‌্য অবদান সম্পূর্ণ করে অশোকদা লিখেছেন, ‘সেই বঙ্গভঙ্গ থেকে বাংলায় হিন্দু-মুসলমান সম্পর্কে ক্রমাবনতির চোট লাগল… সাম্প্রদায়িক বিরোধের ক্ষেত্রে জমিদার-প্রজা সম্পর্ক, ইংরেজি শিক্ষার আবশ‌্যকতায় জড়িত কাজকর্মে মুসলমানদের বিলম্বিত প্রবেশ, আচারের অত‌্যাচার, ধর্মীয় গোঁড়ামি প্রভৃতি নানা প্রভাবের কথাই বলেছেন রবীন্দ্রনাথ।’ (পৃ. ৫৫) মুক্তি বা পরিত্রাণের পথও দেখিয়েছেন তিনি, এপার বাংলায় ওপার বাংলায়। না-দেখালে শামসুর রহমান আমাকে বলতেন না, ‘শুভ, উনি আমাদের পান্থজনের সখা’ এবং অন‌্য এক বাংলাদেশের কবি বলতেন না, ‘রবীন্দ্রনাথ, তুমি আমার অস্তিত্বে ঈশ্বরের মতন’।

zoom

সবশেষে দাবি করব যে, সৃজনশীল রবীন্দ্রনাথকে তো সমাজবিজ্ঞানী রবীন্দ্রনাথের থেকে বিচ্ছিন্ন করে বিবেচনা একেবারেই অসম্ভব। অশোকদা বিলক্ষণ এটা বুঝেছিলেন, তাই ২০৪ পৃষ্ঠা থেকে ২১৪ পৃষ্ঠা পর্যন্ত এই পরিসরে তিনি তাঁর রাজনীতিকে গ্রথিত করেছেন তাঁর উপন‌্যাসগুলির সঙ্গে– ‘গোরা’, ‘চতুরঙ্গ’, ‘ঘরে-বাইরে’। এই অন্তর্নিহিত সম্পর্ক বিষয়ে সত‌্যিই বলার কি কিছু আছে? গোরার অত‌্যাশ্চর্য আবিষ্কারেই তো এর মহিমা উদ্ভাসিত। আসলে গোরার সেই ঐতিহাসিক বিপ্লবী উক্তি– ‘না, আমি হিন্দু নই’ রবীন্দ্রনাথের স্বদেশপ্রেম, ইতিহাসচেতনা এবং বাস্তবের সঙ্গেই যুক্ত মরমিয়া বোধকে ভাস্বর করে তোলে। দামিনীকে প্রণতি জানিয়ে অশোক সেন লিখেছেন, ‘কেবল বসবাসের ধারাবাহিকতা নয়। পাড়ার ছোট ছোট মুসলমান মেয়েদের সেলাই শিক্ষার আয়োজন করে দামিনী যেন ওই বাড়ির গোটা ঐতিহ‌্যের সঙ্গে জুড়ে দেয় বর্তমানের জীবনযাত্রা।’ (পৃ. ২১২)

বইটি আত্মস্থ করার পর যে চূড়ান্ত প্রশ্নটি জেগে ওঠে, তা হল: সেই মাঙ্গলিক জীবনযাত্রা কবে আসমুদ্র হিমাচল প্রসারিত হবে?

…………………………

রাজনীতির পাঠক্রমে রবীন্দ্রনাথ
অশোক সেন
বিশ্বভারতী
৩০০ টাকা

Harmony Indian Politics political Agenda Rabindranath Tagore religious polarization Sangbad Pratidin Sangbad Pratidin Robbar unity in diversity

Share this article on