Modernisation and the Disappearing Wildlife of Festivals | Robbar
Robbar
  • ২৬ কার্তিক ১৪৩৩
  • শুক্রবার
  • ১৩ নভেম্বর ২০২৬

মানুষ নিকটে গেলে

কার দোষে, কীসের দোষে হারিয়ে গেল শ্যামাপোকা? শ্যামা মায়ের পুজোর এত আয়োজন, কিন্তু নেই সেই প্রধান সংবাদদাতা! মণ্ডপের বাইরে একটা লঙ্কাশীর গাছ উপড়ে ঝুলিয়ে দেওয়া, আর তাতে হাজার হাজার শ্যামাপোকা পাক খাচ্ছে– এ দৃশ্যটিও হারিয়ে গেল। ঠিক যেমন কালীপুজোর অন্ধকার রাতে জঙ্গল থেকে লোকালয়ে আসা শেয়াল ক্রমে হারিয়ে গেল। প্রকৃতিকে কি এইভাবেই আমরা নিঃস্ব করে দেব?

শেষ আপডেট: নভেম্বর ১৩, ২০২৬, ১৬:০৫   
Facebook WhatsApp Messenger

দুগ্গা, দুগ্গা! আবার এসো মা পরের বছর। আবার আসিস রাণু– ছেলেমেয়ে-জামাইকে নিয়ে ঘুরে যাস গোটা চারেক দিন। সাবধানে যাস। পৌঁছে খবর দিস। দুগ্গা দুগ্গা। দুগ্গা এল, দুগ্গা চলে গেল। শুধু সে কেন এল না। কে? ঝিঁঝিপোকা। নাম শোনেননি? সে কী কথা! জেন-জি আর জেন-আলফার টাট্টুঘোড়ার মতো টগবগে ট্যাটু-করানো ছেলেমেয়েরা হয়তো নাম শোনেনি। কিন্তু তাই বলে আপনিও? বেশ তো চুলে পাক লেগেছে দেখছি, তাও ভুলেছেন ঝিঁঝিপোকাকে?

বাংলার মাঠে-প্রান্তরে ঝোপেঝাড়ে, বাড়ির পেছনে, পাশে, ডোবা, খানা, পুকুরের পাড়ে, লঙ্কাশীর গাছ, ঘেঁটুফুল, কালকাশুন্দে, গ্যাঁদাল পাতার লতার আড়ে, মুথাঘাস আর দুর্বাঘাসের গোড়ায় গোড়ায় সে তো অদৃশ্যে থাকে! শহরে নগরেও থাকে। ঝোপঝাড়ে। স্যাঁতস্যাঁতে জায়গায় সামান্য মাটির কোল পেলেই তাদের চলে। দেখতে কেমন?

zoom
ঝোপেঝাড়ে

তাকে কি চোখে দেখা যায় না কি? কে কবে গ্যারান্টি দিয়ে বলতে পেরেছে যে ঝিঁঝিপোকা দেখেছে? ওকে দেখা যায় না। না না দেখা যায়– গুগল সার্চ করলে। তবে? তবে আর কী! তার ডাক‌ শোনা যায় ভর সন্ধেবেলায়, গভীর রাতে, আর নিঝুম দুপুরে যেখানে মানুষের আনাগোনা কম, একটু নির্জনে। তার যে নির্জনতা চাই। মা দুর্গার গয়না গড়বে যে। সে যে স্যাকরা! মন দিয়ে, নিষ্ঠা দিয়ে মায়ের গয়না গড়তে হয়– হাতের বাজুবন্ধ, বালা, বাউটি, গলার চন্দ্রমুখী হার, সাতনরি সীতাহার, কানে সীতা দুল, গলার চিক, পায়ের নূপুর, আঙুলের আংটি, খোঁপার ফুলবাগান, কপালের টায়রা, টিকলি, নাকের নথ– আরও কত কী! এত ব্যস্ততায় তার ফুরসত কই, যে সে তোমাদের সামনে আসবে আর ঘুরঘুর করবে!

zoom
ঝিঁঝিপোকা

ঝিঁঝিপোকা তো পোকা– তাকে স্যাকরা বলার কারণ কী? কারণ এটাই, আমাদের এই যে দুর্গাপূজা, তা আসলে প্রকৃতি-পূজা। তিনি প্রকৃতির কন্যা বা তিনি নিজেই প্রকৃতি মা। তাই তাঁকে সাজানোর দায় তো তুলে নিতে হয় প্রকৃতির বাস্তুতন্ত্রের কোনও না কোনও উপাদানকেই। ঝিঁঝিপোকা সেই কাজটি করে। বর্ষার শেষ বা ভাদ্রমাস থেকে ডাকতে শুরু করে সারা সন্ধে ধরে। কান ঝালাপালা করে। হাজারে হাজারে শ’য়ে‌ শ’য়ে। তবে একটু জোর করে হাতের তালি বাজালে সেই অদৃশ্য পোকাগুলো আপনা থেকেই ভয়ে ডাকা বন্ধ করে দেয়। একটু থেমে যায়। আবার পাঁচ-সাত মিনিট পরে ডাকতে শুরু করে। মানুষ যখন নিঝুম রাতে ঘুমিয়ে পড়ে, সারারাত তারা ডাকে– ঝিঁঝি। সকালবেলায় বাড়ির উঠোনে নরম মাটিতে সুন্দর সুন্দর নকশা দেখতে পাওয়া যায়। পোকাগুলো নরম মাটি ভেদ করে ঢোকে, আর তার ফলে ভেতরের মাটি ওপরে উঠে আসে, আর কী আশ্চর্য! মাটিতে ফুটে ওঠে নানা আকার-আকৃতি, ঠিক যেন মেয়েদের নানা গয়না! আমরা বলতাম ওইগুলো সব দুগ্গা ঠাকুরের গয়না।

zoom
ঝিঁঝিপোকার খোঁড়া মাটি

অবোধ শিশুর দেবতা-ভক্তিতে বিস্ময় জাগে– দেবতার গয়না কি মানুষ গড়তে পারে? অসম্ভব। ঝিঁঝিপোকা সারা সন্ধে ধরে একঘেয়ে আওয়াজ করে মাটি তোলে আর সকালে উঠোনে গয়না সাজানো হয়ে যায়। যতদিন না পুজো হচ্ছে ততদিনই এই ঝিঁঝিপোকারা এই কাজে ব্যস্ত থাকত। রোদ উঠলে সেগুলোর কোনও-কোনওটা বেশ শক্ত হয়ে যেত। আর সে মাটি হত অত্যন্ত মসৃণ। না– সে গয়না দুগ্গা মাকে পরানো হত না ঠিকই, আসলে প্রকৃতিতে ওদেরও অবদান আছে, এটাই শেখানো হত। অবাক হতাম পুজো হয়ে গেলে আর ওদের ডাক শোনা যেত না। আসলে বর্ষার পরে শরতের ভিজে মাটি থেকে ওরা খাদ্যসংগ্রহ করে, আর আসন্ন শীতের জন্য বাসা তৈরি করতে শুরু করে দেয়। ওদের পরিশ্রমের জন্যই একটা আওয়াজের সৃষ্টি হয়। মাটির তলা থেকে উঠে আসা ওই মাটিটা অসম্ভব মসৃণ, ঠিক যেন বোরোলিন আর সামান্য চটচটে। যে কোনও মাটির সঙ্গে মিশিয়ে দিলে মাটির উর্বরতা বেড়ে যায়। এই সময় গৃহস্থের উঠোনে বাড়তি জায়গায় যে নটে পালং বা খসলা শাকের ফলন করা হয়, সেখানে ওই মাটিটি সার হিসাবে ব্যবহার করা যায়। আজ সেসব গিয়েছে হারিয়ে। হারিয়ে গিয়েছে ঝিঁঝিপোকা আর তার গয়না গড়ার গল্প। আমরা ভুলে গিয়েছি। ভুলিয়ে দিয়েছে আধুনিকতার অট্টালিকা আর প্রকৃতির দূষণ। দোষ কার? দোষ কারও নয় গো মা। 

zoom
শ্যামাপোকা

কার দোষে, কীসের দোষে হারিয়ে গেল শ্যামাপোকা? শ্যামা মায়ের পুজোর এত আয়োজন, কিন্তু নেই সেই প্রধান সংবাদদাতা! এককালে তো এত তথ্য সাপ্লাইয়ের যুগ ছিল না। মানুষ দিন গুনে গুনে, তিথি গুনে গুনে পুজোর নির্ঘণ্ট মনে রাখত। তাও কাজের ভিড়ে ভুল হয়তো হয়ে যেত। কিন্তু রয়েছে যে, শ্যামাপোকা! লক্ষ্মীপুজো পেরিয়ে গেলেই ধীরে ধীরে দেখা মিলত সবুজ রঙের অতি ক্ষুদ্র উড়ন্ত পোকার। হ্যারিকেনের চারপাশে, লম্প, লণ্ঠন, ঠুনঠুনির লাল আলোর চারপাশে উড়ে বেড়াত। কার্তিক মাসের আকাশপ্রদীপের চারপাশেও উড়ত হাজার হাজার শ্যামাপোকা। বাড়িতে বাড়িতে লাল আলোর (ডুম) বাল্ব যখন জ্বলত তখনও শ্যামাপোকা ছিল। কিন্তু যবে থেকে সাদা আলোর বাল্ব এসেছে, ধীরে ধীরে গত ১৫ বছর ধরে কমতে কমতে এই ২০২৬-এ একটাও শ্যামাপোকা আলোর কাছে ঘুরঘুর করেনি! মণ্ডপের বাইরে একটা লঙ্কাশীর গাছ উপড়ে ঝুলিয়ে দেওয়া, আর তাতে হাজার হাজার শ্যামাপোকা পাক খাচ্ছে– এ দৃশ্যটিও হারিয়ে গেল। সকালেই তারা মৃত। মাত্র এক রাত্রির জীবন ছিল তাদের, তাও আমরা কেড়ে নিলাম। নিশ্চিহ্ন হয়ে গেল প্রকৃতির এই পোকা। তাদের বেঁচে থাকার অনুকূল পরিবেশ নষ্ট করে দিলাম আমরা। তারা লড়াই করতে পারল না। চিরতরে হারিয়ে গেল বাস্তুতন্ত্র থেকে। এভাবেই হারিয়ে গিয়েছে নীলকন্ঠ পাখি। আমরা কি ক্ষমার যোগ্য? এ দোষ কি স্বীকার করব না, করব না অনুতাপ? 

zoom
নীলকণ্ঠ পাখি

সেদিন এক খবরে শুনলাম, পুরুলিয়ার এক বাড়িতে এখনও কালীপুজোর সন্ধ্যায় শেয়াল আসে। আসবেই তো। এতে অবাক হওয়ার মতো কিছু আছে কি? কোজাগরী লক্ষ্মীপুজোয় ধবধবে সাদা লক্ষ্মীপেঁচা উড়বে, উড়ে এসে গৃহস্থের চালে বা কাছের নারকেল গাছ, আমগাছে বসবে– এটাই তো স্বাভাবিক। আজ তা অবশ্য ব্যতিক্রম বলে আমরা হল্লা করে উঠি। তেমনি কালীপুজোর অন্ধকার রাতে শেয়াল জঙ্গল থেকে লোকালয়ে আসে। আমাদের কালো মায়ের পাশে যে একটি শেয়ালের মূর্তি থাকে! (আড়ম্বরের আতিশয্যে বেশিরভাগ মণ্ডপে সেটি অদৃশ্য থেকে যায়। খুঁটিয়ে ঠাকুরই বা আজ ক’জন দেখে? সবাই তো চাক্ষুষ করার আগে মোবাইলের ক্যামেরা দিয়ে ঠাকুর দেখে!) অর্থাৎ কার্তিকের এই হিমেল সময়টায় শেয়ালদের খুশি থাকার বা বংশবিস্তার প্রক্রিয়ার সময়। এর পরেই তীব্র শীতে তারা গভীর জঙ্গলে চলে যাবে। এখানেও প্রকৃতিকে সম্মান দেওয়া হয়েছে।

zoom
গ্রাম বাংলায় আর সেভাবে দেখা যায় না শেয়ালদের

কিন্তু হায়! এখন তো শেয়াল বিলুপ্তিতে চলে যাচ্ছে। এখনকার বাচ্চারা শেয়াল চোখে দেখেইনি। দেখেছে। হয়তো চিড়িয়াখানায়, নয়তো গুগলে। প্রকৃতিকে কি এইভাবেই আমরা নিঃস্ব করে দেব? আর তারপর কি আমরা নিজেরা বাঁচতে পারব? আমরা আড়ম্বরে কার আরাধনা করতে গিয়ে কার ক্ষতি করছি ভাবতে হবে এবার! জাগ্রত দেবী তো আসলে প্রকৃতি মা নিজেই– এটা ভুললে চলবে না।

Bengal fox Durgapuja Endangered endangered species Festival Flora and Fauna Green Leafhopper Indian roller kalipuja Neelkantha Bird Sangbad Pratidin Sangbad Pratidin Robbar

Share this article on