

ভাঙা পড়েছে ‘সানাই সম্রাট’ বিসমিল্লা খাঁয়ের বারাণসীর বাড়ির অনেকখানি। নেপথ্যে শরিকি বিবাদ নাকি বারাণসীর সামগ্রিক আধুনিকিকরণ– সে আলোচনা এখানে অবান্তর। প্রশ্ন হল, কোনও যুক্তিতেই কি ভেঙে ফেলা যায় এমন ঐতিহাসিক গুরুত্বসম্পন্ন আবাস? আর ভেঙে ফেলা যায়ও যদি-বা, তাতেও কি এর পবিত্রতাকে কলুষিত করা যায় কোনও অংশে? এই ক্ষতি বুঝি শিল্পজগতের সঙ্গে যুক্ত প্রত্য়েককেরই ভাগে পড়ে অল্পবিস্তর।
বেশ কয়েকবছর আগের ঘটনা। পণ্ডিত রবিশংকরের একটা বইয়ের ওপর কাজ করছি সে সময়। গিয়েছি বারাণসীতে, সঙ্গে আমার ফোটোগ্রাফার অলোক মিত্র। রবিদার বাড়িতেই থেকেছিলাম। একদিন হঠাৎ রবিদা বললেন অলোককে, ‘আমাদের তো অনেক কাজ রয়েছে লেখালেখির, তোমার ছবির কী কাজ আছে বলো। সেগুলো মিটিয়ে দিয়ে আমরা একেবারে লেখায় চলে যাব।’ অলোক বলল, ‘পণ্ডিতজি, আমার বাসনা, যখন সূর্য ওঠে সেই আলোয় আপনার সেতার-সমেত একটা ছবি তুলব, গঙ্গার উপর নৌকোয় ভাসতে ভাসতে।’

আমরা, ভোরবেলা, পাঁচটার সময় গিয়েছি। রবিদার নিদান, পোজ দেওয়ার জন্য বিরক্ত করা যাবে না। সাধারণ আলাপচারিতার মধ্যেই সুযোগ বুঝে ফোটো তুলতে হবে অলোককে! যখন কাশীর দশাশ্বমেধ ঘাটের পাশ দিয়ে ধীর গতিতে আমাদের বজরা যাচ্ছে, আমাকে ডেকে রবিদা বললেন, ‘এই যে দেখছ দশাশ্বমেধ ঘাট, ওই যে শিবের মন্দির দেখতে পাচ্ছ, এর পাশ দিয়ে গিয়ে, ওদিকে বেঁকে তারপর আরেকটু বাঁদিকে গিয়ে একটা গলি পাবে। সেই গলিতে থাকেন বিসমিল্লা খাঁ সাহেব। তুমি একবার সময় করে অবশ্যই গিয়ে দেখে আসবে।’
কী আশ্চর্য সেই বাড়ি! বেশ কয়েক প্রজন্ম ধরেই ওই বাড়িতে শিল্পীরা জন্মেছেন, বাঁশি বাজিয়েছেন আর বাজিয়েছেন সানাই। উল্লেখযোগ্য ব্যাপার হল, বিসমিল্লা খাঁ সাহেব ও-বাড়িতে থাকাকালীন, সময় পেলেই গিয়ে কাশীর মন্দিরে মহাদেবের সামনে বাঁশি বাজিয়ে আসতেন! এটা অনেক দিন, বহু সময় করেছেন। এ গল্পও রবিশঙ্কর বলেছিলেন।

কলকাতায়, পরে কথা হয়েছে যখন বিসমিল্লা খাঁ সাহেবের সঙ্গে, আমি বলেছিলাম, ‘শুনেছি আপনি মন্দিরে গিয়ে বাঁশি বাজান, তা কি সত্যি?’ বললেন, ‘ওটা তো গানেরই জায়গা, বাজনার জায়গা। মন্দিরে কি শুধু পুজো হবে? গান-মন্ত্র-সুর হবে না– শাস্ত্র কী তা বলে?’ আমি বললাম, ‘আপনি এটা কবে থেকে করেন?’ বললেন, ‘ছেলেবেলা থেকে। যবে থেকে আমার হাতে সানাই উঠেছে, আমি ওখানে গিয়ে বাজাই।’ বলা চলে, বিসমিল্লা খাঁ সাহেব হলেন ‘দ্য লাস্ট ওয়ার্ড ইন সানাই’। যদি সর্বকালের শ্রেষ্ঠ পাঁচ ভারতীয় সংগীতশিল্পীর নাম বলতে হয়, তবে বিসমিল্লা খাঁ সাহেবের নাম করতেই হবে। সেই মানুষটার বাড়ি যে ভাঙা হয়েছে, যে সে কোনও কারণেই হোক না কেন, তা তো ইতিহাসকেই ভেঙে ফেলার নামান্তর।
বিসমিল্লা খাঁ সাহেবের বাড়ি ভাঙা হয়েছে জেনে ভয়ানক লজ্জা হয়েছে আমার। শুনেছি, ও নিয়ে বুঝি শরিকি ঝামেলা চলছিল, তা সত্ত্বেও ভাঙা যায় না ওই বাড়ি। ওটা যেমন আছে, সেভাবে রেখেই সুন্দর করে গড়ে দিতে হবে। এ যুক্তিতে তো আর ৫০০ বছর পরে যদি তাজমহল ঝুরঝুরে হয়ে যায়, তবে তাকেও ভেঙেচুরে সাফ করে দিতে হয়! বিসমিল্লা খাঁ সাহেবের বাড়ি মানে কাশীর তাজমহল। কাশীকে বিখ্যাত করেছে তিনটে জিনিস– প্রথমত মহাদেব, দ্বিতীয়ত গঙ্গা, তৃতীয়ত বিসমিল্লা খান সাহেব। এ বিষয়ে কোনও সন্দেহ নেই। আমি ওঁকে যেটুকু দেখেছি আশপাশ থেকে বা কাছে গিয়ে, বাজনা শুনেছি ছোট থেকে এবং এখনও– তিনি বাজাতে এলে, টাকাপয়সা জোগাড় করে টিকিট কাটতাম।
অপূর্ব ওঁর বাজনা। সন্ধেবেলায় ওঁর একটা সোলো ছিল, আমার বন্ধু সুব্রত রায়চৌধুরি সেতার-বাজিয়ে, সে বলল, ‘চলো, বিসমিল্লা খাঁ সাহেবের বাজনা শুনে আসি। রাত্রে আমরা গেলাম। কী অসামান্য বেহাগ, দেশ, খাম্বাজ, ঠুংরি– অকল্পনীয়! বিসমিল্লা খাঁ সাহেব এবং বিলায়েত খান সাহেবের ডুয়েটও শুনেছি। এখন তার রেকর্ড চাইলেই শুনতে পারা যায়। আমার এক এক সময় মনে হয়, উনি ভারতের মোৎজার্ট। এত সুর, এত সুর, সুরের উপরে চলছে মানুষটা সারাক্ষণ, কোত্থেকে কোথায় নিয়ে যাচ্ছেন আর কী আওয়াজ সৃষ্টি করছেন, চিন্তা করা যায় না! যে কোনও রাগেরই যে এমন সুরেলা চেহারা হতে পারে, তা বিসমিল্লা খাঁ সাহেব দেখিয়েছেন।

জীর্ণ-শীর্ণ দোতলা-তিনতলা বাড়ি পুনর্নির্মাণ করা যায়, কিন্তু কোনওভাবেই তো ইতিহাসবিস্মৃত হয়ে নয়। কোনওভাবেই যেন এ বাড়িটির পবিত্রতা না গুঁড়িয়ে ফেলা হয়। সেটাকেই তো সংরক্ষণ করতে হত, বাঁচাতে হত, রাখতে হত যুগের পর যুগ। এখন না কি আধুনিক করা হচ্ছে বারাণসীকে, আমার শুনে অবাক লাগে! বারাণসীকে ‘আধুনিক’ করার মানেটা কী? ওই যে গরুটা বসে আছে গলির মুখে, সেটাই বারাণসী। ওই যে পাঁচ-সাতটা বাড়ির পর একটা করে মন্দির, ওটাই বারাণসী।
বারাণসীতে গিয়েছিলাম একবার সুনীল গঙ্গোপাধ্যায় নিয়ে। সুনীলদার ওপর তথ্যচিত্রের কাজে। স্ক্রিপ্ট আমার। সেখানে যে বাড়িটায় আমরা থাকতাম, সেখান থেকে শিবের মন্দিরটা দেখা যায় চাইলেই। মনে আছে, সুনীলদার সঙ্গে ছাদে দাঁড়িয়ে রয়েছি, ছবি তোলা হয়ে গিয়েছে, বেলা তিনটে-সাড়ে তিনটে। সুনীলদা কী অদ্ভুতভাবে বলেছিলেন, ‘ধর্ম-টর্ম নিয়ে আমার কোনও মাথাব্যথা নেই। কিন্তু এইসব মন্দির, এই অপূর্ব মন্দির, এই রাস্তা, এই মানুষ, ওই দূরে নদী– এসব দেখলে কোথাও যেন একটা ভাবনা আসে যে, ধর্ম হয়তো আছে। ধর্ম নয়, আধ্যাত্মিকতা।’ আমি বললাম, ‘আপনি জানেন, এই যে গলিটা দেখছেন, ওটা থেকে এরকমভাবে ঘুরে ওই দিকটায় গেলে ওখানে একটা বাড়ি আছে, যেখানে বিসমিল্লা থাকেন।’ ‘আহা, কী বলছ কী, বিসমিল্লা!’– এই ছিল সুনীলদার রিঅ্যাকশন।

গৌতম ঘোষ তো তথ্যচিত্রও করেছেন বিসমিল্লাকে নিয়ে, ও বাড়িতে গিয়ে ছবি তুলেছেন। এইসব জিনিসের চলে যাওয়া হয়তো পৃথিবী জুড়ে যে ‘ট্রাম্প জমানা’ শুরু হয়েছে, তারই ইঙ্গিত। আমার খুব খারাপ লাগে, ভাবতেও কষ্ট হয়। কোনও অজুহাতেই বিসমিল্লা খাঁ সাহেবের বাড়ির ওপর হাত দেওয়া যায় না। ওটা সুন্দরভাবে সাজিয়ে রাখতে পারলে, লোকে ৩০-৫০-১০০ বছর পরে এসেও জানতে পারত, বিসমিল্লা খাঁ কেমন ঘরে থাকতেন, কোথায় বসে বাজাতেন, কোন জায়গায় হাঁটাহাঁটি করতেন, কোথায় দাঁড়িয়ে কী দেখতেন, কী ভাবতেন, কীভাবে বাঁচতেন। আমার কাছে বারাণসীর যত মন্দির আছে, সেসবের পরেই স্থান পাবে বিসমিল্লার বাড়ি।
দুঃখের তো শেষ নেই, কত রকম দুঃখ নিত্যদিন তৈরি হচ্ছে। বিসমিল্লা খাঁ সাহেব তো আরেকবার ফেরত আসবেন না, সম্ভবও না। তাঁর যা রেকর্ড আছে, যন্ত্রপাতি আছে, সেগুলো নিয়ে আমাদের বেঁচে থাকতে হবে। যখনই ওঁর রেকর্ডিং শুনতে ইচ্ছে হয়, শুনি। মন যেন উদার হয়ে যায় অনেকখানি। কিন্তু এই যে দুঃখটা হল, তার কোনও উপশম নেই। এরপর বারাণসী গেলে, ওই ভাঙা বাড়ির সামনে গিয়ে একটু চোখের জল ফেলে আসব।
A Unit of: Sangbad Pratidin Digital Private Limited. All rights reserved