

চ্যাটজিপিটি এবং ক্লডের মতো এআই টুল ব্যবহার করে উপন্যাস লিখেছেন ফরাসি সাহিত্যিক ফিলিপ জেনেদা। “L’Inconnue du quai de Javel” নামে সেই উপন্যাস সম্প্রতি জিতে নিয়েছে ফ্রান্সের সাহিত্যজগতে অত্যন্ত মর্যাদাপূর্ণ পুরস্কার ‘প্রিক্স গঁকুর’। তবে পুরস্কার প্রাপ্তির থেকেও ফিলিপ জেনাদার এই উপন্যাস ঘিরে সবচেয়ে বেশি আলোচনা তৈরি হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারের ধরন নিয়ে। এই উপন্যাস লেখার সময় এআইয়ের সাহায্য নিয়েছিলেন, অকপটেই তা জানিয়েছেন লেখক। আর তা নিয়েই সাহিত্যমহলে তৈরি হয়েছে শোরগোল। প্রশ্ন উঠেছে ভবিষ্যতের সাহিত্য কি মানুষের একক সৃজনশীলতার পরিচয় হয়ে থাকবে, না কি মানুষের কল্পনা ও যন্ত্রের বুদ্ধিমত্তার যৌথ নির্মাণই হয়ে উঠবে সাহিত্যের নতুন দিগন্ত?
‘সিনেমার ক্ষেত্রে ভিএফএক্সের ব্যবহার হলে সেটা ভালো, আর সাহিত্যের ক্ষেত্রে এআইয়ের ব্যবহার হলে নিম্নগামী? একই যাত্রায় পৃথক ফল কেন হবে? শুধু তাই নয়, সাহিত্যে এআইয়ের ব্যবহার হলে, সেটা লুকিয়ে রাখার কিছু নেই। সেই ব্যবহারের কথা জনসমক্ষে আনতে দোষ কোথায়?’– এই বক্তব্য বিখ্যাত লেখক ফিলিপ জেনাদা-র, সম্প্রতি যিনি ফ্রান্সের সাহিত্যক্ষেত্রে শীর্ষ পুরস্কার লাভ করেছেন। তাঁর লেখা এক রহস্য-রোমাঞ্চ উপন্যাসকে শ্রেষ্ঠ বলে বেছে নিয়েছে বিচারক-মণ্ডলী।
কিন্তু এই উপন্যাস লিখতে, ফিলিপ ব্যবহার করেছেন চ্যাটজিপিটি এবং ক্লডের মতো এআই টুল। তিনি এ-কথা জনসমক্ষে স্বীকার করতেই শুরু হয়েছে দড়ি-টানাটানি। পাঠকদের একাংশ তো বটেই, বিশ্বসাহিত্য মহলের দিগ্গজরা অবধি নাক সিটকে এই ঘটনার বিরোধিতা করেছেন। প্রশ্ন তুলেছেন সাহিত্যের সৃজনশীলতা নিয়ে। কেউ কেউ বলেছেন, এআই-সৃষ্ট সাহিত্যের পুরস্কার একজন মানুষ কেনই বা পাবেন? তবে এইসব নিয়ে ফিলিপ জেনাদা-র ‘কুছ পরোয়া নেহি’! তিনি ফুরফুরে মেজাজে সমালোচকদের উদ্দেশে বলেছেন, ‘একজন চিত্রপরিচালক কি কখনও স্পেশাল এফেক্টস ব্যবহারের কথা লুকিয়ে রাখেন?’ ফিলিপের যুক্তিও দাগ কেটেছে অনেকের মনে। এই উত্তর-আধুনিক যুগে সাহিত্যে এআই কেন নয়? সেই সঙ্গে, এআই রহস্য-রোমাঞ্চের ক্ষেত্রে এমন সৃজনশীলতা কীভাবে আয়ত্ত করছে, প্রশ্ন থাকছে তা নিয়েও।

ফিলিপ জেনাদা সমকালীন ফরাসি সাহিত্যের এক স্বতন্ত্র কণ্ঠস্বর। ১৯৯৭ সালে ‘Le Chameau sauvage’ উপন্যাসের মাধ্যমে তাঁর সাহিত্যজীবনের সূচনা। প্রথম উপন্যাসের জন্যই তিনি ‘প্রিক্স দ্য ফ্লোর’ (Prix de Flore) এবং ‘প্রিক্স আলেকজান্দ্র-ভায়ালাত’ (Prix Alexandre-Vialatte) পুরস্কার পান। পরবর্তী সময়ে ‘Sulak’, ‘La Petite Femelle’, ‘La Serpe’, ‘Au printemps des monstres’ এবং ‘La Désinvolture est une bien belle chose’ তাঁকে বিশেষ পরিচিতি এনে দেয়। বিশেষত ফ্রান্সের অতীতের আলোচিত ও রহস্যময় অপরাধের ঘটনাগুলিকে কেন্দ্র করে তাঁর অনুসন্ধানধর্মী উপন্যাসগুলি পাঠকমহলে বেশ সমাদৃত। পুরনো সংবাদপত্র, পুলিশি ও বিচারবিভাগীয় নথি, ঐতিহাসিক দলিল ঘেঁটে তিনি প্রায় অনুসন্ধানী সাংবাদিকের মতো ঘটনার পুনর্নির্মাণ করেন। ২০১৭ সালে ‘La Serpe’ উপন্যাসের জন্য তিনি ‘প্রিক্স ফেমিনা’ (Prix Femina) পুরস্কার পান। তাঁর লেখার অন্যতম বৈশিষ্ট্য, অপরাধের বিবরণের পাশাপাশি অভিযুক্ত ও সংশ্লিষ্ট মানুষদের মনস্তত্ত্ব, সামাজিক বাস্তবতা এবং বিচারব্যবস্থার অসংগতিগুলি তুলে ধরা। ২০২৬ সালে তাঁর ১৩তম উপন্যাস “L’Inconnue du quai de Javel”-এর জন্য ‘প্রিক্স গঁকুর’ (Prix Goncourt) অর্জন, তাঁকে আবার আন্তর্জাতিক সাহিত্যচর্চার কেন্দ্রে নিয়ে এসেছে।
ফ্রান্সের সাহিত্যজগতে ‘প্রিক্স গঁকুর’ অত্যন্ত মর্যাদাপূর্ণ এক সাহিত্য পুরস্কার। ফরাসি ভাষায় প্রকাশিত শ্রেষ্ঠ উপন্যাসকে স্বীকৃতি দেওয়ার উদ্দেশ্যে, ১৯০৩ সালে এই পুরস্কার প্রবর্তিত হয়েছিল। প্রতি বছর ‘Académie Goncourt’-এর ১০ জন সদস্যের বিচারকমণ্ডলী, দীর্ঘ আলোচনা ও একাধিক দফার নির্বাচনের পর বিজয়ী লেখকের নাম ঘোষণা করে।
প্যারিসের বিখ্যাত রেস্তরাঁ ‘দ্রুয়াঁ’তে এই পুরস্কার ঘোষণার এক দীর্ঘ ঐতিহ্য রয়েছে। ফরাসি সাহিত্যজগতে এই পুরস্কার লেখকের পরিচিতি ও বইয়ের বিক্রিতে উল্লেখযোগ্য প্রভাব ফেলে। যদিও পুরস্কারের আর্থিক মূল্য মাত্র ১০ ইউরো। তবু এর সাহিত্যিক মর্যাদা ও প্রকাশনা-জগতে প্রভাব অত্যন্ত গুরুত্বপূর্ণ।

২০২৬ সালের ৩ নভেম্বর, এই পুরস্কারের ১২৪-তম আসরে ফিলিপ জেনাদা তাঁর “L’Inconnue du quai de Javel” উপন্যাসের জন্য সম্মানিত হন। ছয়টি ভোট পেয়ে তিনি সিলভাঁ প্রুদোমকে পরাজিত করেন।
জেনাদার পুরস্কারজয়ী উপন্যাসের কেন্দ্রে রয়েছে ১৯৪৯ সালের প্যারিসের এক অমীমাংসিত হত্যাকাণ্ড। ৬-৭ সেপ্টেম্বরের রাতে শেন নদীর তীরবর্তী জাভেল এলাকায় উদ্ধার হয় ২৯ বছর বয়সি লুইস ক্যানসটের মৃতদেহ। তরুণীটি জীবিকার সন্ধানে প্যারিসে এসেছিলেন এবং একসময় মঁপারনাস এলাকার শিল্পীদের কাছে অত্যন্ত জনপ্রিয় মডেল হয়ে উঠেছিলেন। তাঁর মৃত্যুর তদন্তে পুলিশ কয়েকজন সন্দেহভাজনকে চিহ্নিত করলেও, প্রায় চার মাসের তদন্তের পরও অপরাধীকে শনাক্ত করতে পারেনি। বন্ধ হয়ে যায় মামলার ফাইল। প্রায় সাত দশক পর সেই পুরনো মামলার নথি, আদালতের দলিল, সংবাদপত্রের প্রতিবেদন এবং অন্যান্য ঐতিহাসিক উপাদান ঘেঁটে নতুন করে তদন্ত শুরু করেন জেনাদা।
শুধু অপরাধীকে খুঁজে বের করাই তাঁর উদ্দেশ্য ছিল না। লুইস ক্যানসট নামের মেয়েটির হারিয়ে যাওয়া জীবন, তাঁর সামাজিক অবস্থান, নারীর প্রতি তৎকালীন সমাজের দৃষ্টিভঙ্গি এবং বিচারব্যবস্থার সীমাবদ্ধতাকেও সামনে আনতে চেয়েছেন তিনি। এই অনুসন্ধানের প্রস্তুতিতে জেনাদা জর্জেস সিমেননের গোয়েন্দা চরিত্র কমিশনার মেগ্রের ৭৫টি কাহিনির প্রায় সবক’টিই পড়ে ফেলেন। বাস্তবের একটি অমীমাংসিত অপরাধকে সাহিত্যের মাধ্যমে পুনরায় বিচার করার এই প্রচেষ্টাই উপন্যাসটিকে নিছক ক্রাইম থ্রিলারের গণ্ডি থেকে বের করে এনেছে।
ফিলিপ জেনাদার এই উপন্যাস ঘিরে সবচেয়ে বেশি আলোচনা তৈরি হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারের ধরন নিয়ে। ফরাসি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানান, এই উপন্যাস লেখার সময় তিনটি ক্ষেত্রে এআইয়ের সাহায্য নিয়েছিলেন। ঐতিহাসিক অপরাধের তদন্তের প্রয়োজনে তথ্য সংগ্রহ, কিছু বৈজ্ঞানিক প্রশ্নের উত্তর খোঁজা এবং সাহিত্যভিত্তিক পরীক্ষা-নিরীক্ষা। যেমন, ১৯৪৯ সালের হত্যাকাণ্ডের পরিস্থিতি পুনর্গঠনের সময় তিনি এআই-কে প্রশ্ন করেছিলেন, ১৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং কম বাতাসের বেগে কোনও তরুণীর লম্বা চুল আগে শুকোবে, না কি প্যারিসের পাথরের রাস্তা? এআই টুলের কাছ থেকে তিনি পরস্পরবিরোধী উত্তর পান। বিষয়টি তাঁর কাছে এতটাই মজার মনে হয়েছিল যে, সেই অদ্ভুত উত্তরকেও উপন্যাসের মধ্যে জায়গা দেন।
অন্য একটি ক্ষেত্রে তিনি জানতে চেয়েছিলেন, দীর্ঘক্ষণ জলে ডুবে থাকলে মৃতদেহের আঙুলের চামড়ায় কী ধরনের পরিবর্তন ঘটে। অপরাধের সময় ও পরিস্থিতি পুনর্গঠনের ক্ষেত্রে এ ধরনের ফরেনসিক তথ্য তাঁর গবেষণায় সহায়ক হয়েছিল।

তবে জেনাদার এআই পরীক্ষার সবচেয়ে চমকপ্রদ দিক ছিল, একধরনের সাহিত্যিক খেলা। তিনি চ্যাটজিপিটি-কে দিয়ে একটি বাক্য তৈরি করিয়ে, তার একটি অংশ উপন্যাসের ২১৫ নম্বর পাতায় লুকিয়ে রাখেন। পাঠকদের উদ্দেশ্যে রাখা হয়েছিল এক অদ্ভুত চ্যালেঞ্জ। তাঁরা কি বুঝতে পারবেন, কোন বাক্যটি মানুষের লেখা আর কোনটি কৃত্রিম বুদ্ধিমত্তার? লেখকের দাবি, বইটি প্রকাশের পর অনেক পাঠক সম্ভাব্য বাক্যটি শনাক্ত করার চেষ্টা করলেও কেউ সঠিক উত্তর দিতে পারেননি।
এই পরীক্ষার মধ্যে দিয়ে, জেনাদা আসলে ভাষার মৌলিকত্ব নিয়ে প্রশ্ন তুলেছেন। মানুষের লেখা ও যন্ত্রের তৈরি– দুই ক্ষেত্রেই একটি বাক্য যদি সমান স্বাভাবিক ও গ্রহণযোগ্য মনে হয়, তাহলে কেবল ভাষার সৌন্দর্য দিয়ে তার স্রষ্টাকে চিহ্নিত করা কতটা সম্ভব?
সাহিত্য সৃষ্টিতে এআইয়ের ব্যবহার কি লেখকের সৃজনশীলতার পরিপন্থী, না কি লেখার প্রক্রিয়ায় যুক্ত হওয়া নতুন প্রযুক্তিগত উপকরণমাত্র? জেনাদা এই বিতর্কে প্রযুক্তির ব্যবহারকে গোপন করার পক্ষপাতী নন। জেনাদার বক্তব্যের সঙ্গে একমত হওয়ারও যথেষ্ট কারণ রয়েছে বইকি! প্রযুক্তির অগ্রগতিকে অস্বীকার করে সাহিত্যকে সম্পূর্ণ প্রযুক্তিমুক্ত রাখার চেষ্টা বাস্তবসম্মত নয়। আজ কবিতা, ছোটগল্প, উপন্যাস, কথাসাহিত্য থেকে গোয়েন্দাকাহিনি– প্রায় সব ধারার সাহিত্যেই এআই ব্যবহারের পরীক্ষা-নিরীক্ষা চলছে। বাংলা সাহিত্যও এর বাইরে নয়। তবে এআইকে গবেষণা, তথ্য বিশ্লেষণ ও সম্পাদনার কাজে ব্যবহার করা এবং যন্ত্রকে দিয়ে সম্পূর্ণ সাহিত্য রচনা করিয়ে নেওয়া– এক বিষয় নয়। জেনাদার ভিএফএক্সের উপমাটি যুক্তিযুক্ত হলেও, সিনেমার স্পেশাল এফেক্টসের সঙ্গে জেনারেটিভ এআইয়ের মৌলিক পার্থক্য রয়েছে। কারণ, এআই শুধু লেখকের কল্পনাকে দৃশ্যমান করে, তাই নয়, নিজেই ভাষা, সংলাপ ও কাহিনির উপাদান তৈরি করতে পারে। ফলে সাহিত্যে এআইয়ের ব্যবহারের পাশাপাশি লেখকের মৌলিক অবদান, মেধাস্বত্ব এবং স্বচ্ছতার প্রশ্নও উঠে আসে। প্রযুক্তি লেখকের গবেষণার পরিসর বাড়াতে পারে, নতুন কল্পনার দরজা খুলে দিতে পারে; কিন্তু মানুষের জীবনবোধ, অভিজ্ঞতা ও সামাজিক পর্যবেক্ষণের বিকল্প হতে পারে না। তাই এআইকে সাহিত্যের প্রতিপক্ষ না ভেবে সহায়ক হিসেবে গ্রহণ করাই যুক্তিযুক্ত। শেষ পর্যন্ত যন্ত্র কতটা লিখল, তার চেয়ে গুরুত্বপূর্ণ– সেই সৃষ্টিতে লেখকের নিজস্ব কল্পনা ও সৃজনশীলতার অবদান কতটা!

রহস্য-রোমাঞ্চ, বিশেষত গোয়েন্দাকাহিনি নির্মাণে কৃত্রিম বুদ্ধিমত্তার সম্ভাবনা তুলনামূলকভাবে বেশি। কারণ এই সাহিত্যধারার মূল ভিত্তিই হল তথ্য, যুক্তি, পর্যবেক্ষণ, সূত্রের পারস্পরিক সম্পর্ক এবং মানুষের মনস্তত্ত্ব। একটি হত্যাকাণ্ডের নেপথ্যে একাধিক সন্দেহভাজন, প্রত্যেকের আলাদা উদ্দেশ্য, পরস্পরবিরোধী সাক্ষ্য এবং ঘটনাস্থলে ছড়িয়ে থাকা অসংখ্য সূত্র– এই বিচ্ছিন্ন উপাদানগুলিকে একত্র করে সম্ভাব্য অপরাধের চিত্র তৈরি করতে পারে কৃত্রিম বুদ্ধিমত্তা। বিপুল তথ্যের মধ্যে যোগসূত্র খুঁজে বের করা, অপরাধের সম্ভাব্য উদ্দেশ্য নির্ধারণ, চরিত্রের অতীত ও বর্তমানের মধ্যে সম্পর্ক স্থাপন কিংবা একই রহস্যের একাধিক সম্ভাব্য সমাপ্তি নির্মাণে সে লেখককে সাহায্য করতে পারে। এমনকী, কাহিনির কোথাও যুক্তির অসংগতি থাকলে, সেটিও চিহ্নিত করার সুযোগ রয়েছে। ফলে লেখক একইসঙ্গে একাধিক কাহিনির সম্ভাবনা যাচাই করতে পারেন।
তবে গোয়েন্দাসাহিত্যের আসল আকর্ষণ শুধু যুক্তির নিখুঁত বিন্যাসে নয়, বরং পাঠককে বিভ্রান্ত করা, অপ্রত্যাশিত মোড় তৈরি করা এবং শেষ মুহূর্তে এমন এক সত্যের মুখোমুখি দাঁড় করানো, যা এতক্ষণ চোখের সামনেই ছিল, অথচ ধরা যায়নি। মানুষের মনস্তত্ত্ব, আবেগ, প্রতারণা ও অযৌক্তিক আচরণের সূক্ষ্ম দিকগুলি উপলব্ধি করার ক্ষেত্রে যন্ত্রের সীমাবদ্ধতা রয়েছে। তার ওপর ভুল তথ্য বা কল্পিত সূত্র তৈরির প্রবণতা একটি গোয়েন্দাকাহিনির বিশ্বাসযোগ্যতাকেও নষ্ট করতে পারে। তাই কৃত্রিম বুদ্ধিমত্তা রহস্যের জাল বুনতে সাহায্য করলেও সেই জালের মধ্যে প্রাণ সঞ্চার করা, পাঠকের কৌতূহল ধরে রাখা এবং শেষপর্যন্ত একটি বিশ্বাসযোগ্য সাহিত্যিক অভিজ্ঞতা তৈরি করার দায়িত্ব লেখকেরই।

প্রযুক্তির অগ্রগতির পথ আটকে দেওয়া যায় না। তাকে কীভাবে ব্যবহার করা হবে, সেই বোধ তৈরি করাই সময়ের দাবি। ছাপাখানা থেকে কম্পিউটার, টাইপরাইটার থেকে ওয়ার্ড প্রসেসর– প্রতিটি নতুন প্রযুক্তিই একসময় সৃজনশীলতার প্রচলিত ধারণাকে চ্যালেঞ্জ জানিয়েছে। কৃত্রিম বুদ্ধিমত্তাও তার ব্যতিক্রম নয়। তাকে নিষিদ্ধ করা বা সাহিত্যের পরিসর থেকে দূরে সরিয়ে রাখার চেষ্টা সম্ভবত অর্থহীন। বরং প্রয়োজন তার যথাযথ প্রয়োগ, লেখকের নিজস্ব সৃজনশীলতার স্বীকৃতি এবং প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রে স্বচ্ছতা ও নৈতিক দায়বদ্ধতা নিশ্চিত করা। বিশেষত বাংলা সাহিত্যে এই নতুন মাধ্যম গবেষণা, ভাষার চর্চা এবং কাহিনি নির্মাণের নতুন সম্ভাবনা তৈরি করতে পারে। তবে প্রযুক্তির সুবিধা নিতে গিয়ে যেন লেখকের নিজস্ব পর্যবেক্ষণ, কল্পনাশক্তি ও জীবনবোধ বিসর্জিত না হয়। কারণ শেষপর্যন্ত সাহিত্য কেবল শব্দ ও বাক্যের বিন্যাস নয়, তা মানুষের অভিজ্ঞতা, অনুভূতি এবং সময়কে দেখার এক বিশেষ দৃষ্টিভঙ্গি। যন্ত্র হয়তো নিখুঁতভাবে একটি রহস্যের জট খুলতে পারবে, কিন্তু সেই রহস্যের আড়ালে লুকিয়ে থাকা মানুষের যন্ত্রণা কতটা অনুভব করতে পারবে, তা নিয়ে সংশয় থেকেই যায়।
তাহলে ভবিষ্যতের সাহিত্য কি মানুষের একক সৃজনশীলতার পরিচয় হয়ে থাকবে, না কি মানুষের কল্পনা ও যন্ত্রের বুদ্ধিমত্তার যৌথ নির্মাণই হয়ে উঠবে সাহিত্যের নতুন দিগন্ত?
…………….
রোববার.ইন-এ পড়ুন আদিত্য ঘোষ-এর অন্যান্য লেখা
…………….
A Unit of: Sangbad Pratidin Digital Private Limited. All rights reserved