akash pradip and fanus two folk arts of bengal | Robbar
Robbar
  • ৩০ কার্তিক ১৪৩৩
  • মঙ্গলবার
  • ১৭ নভেম্বর ২০২৬

আলোর নৌকা আকাশ পানে

উন্মুক্ত উঠোনে প্রায় ২৫-৩০ ফুট উচ্চতার খাড়া বাঁশ পুঁতে সুতলির সাহায্যে আকাশপ্রদীপ ঝোলান গেরস্থরা। স্কন্দপুরাণের বিষ্ণুখণ্ডের কার্তিকমাস মাহাত্ম্যম অংশে ২০ হাত (বা গিঁট) লম্বা বাঁশকে উত্তম দণ্ড বলা হয়েছে। নয় হাত হল মধ্যম এবং পাঁচ হাত অধম দণ্ড। বাঁশের নবম গিঁটে একটি পতাকা এবং শিরোদেশে ময়ূরপুচ্ছে রাখার নির্দেশ আছে। কপিকলের সাহায্যে দড়ি ধরে টান দিলে যেমন ধীরে ধীরে আকাশপ্রদীপ ওঠে, তেমনই সকালবেলাতে একই পদ্ধতিতে প্রত্যাবর্তন। 

শেষ আপডেট: নভেম্বর ১৭, ২০২৬, ২০:১০   
Facebook WhatsApp Messenger

৫৮.

এসেছে হেমন্ত। ভোরের ভৈরবীতে নেই টহলের গান: ‘রাই জাগো রাই জাগো শুক সারি’র ‘ঘুম ভাঙানিয়া’ সেই মন-উদাসী সুর। পাহাড়ি মেঘের মতো হালকা কুয়াশা আর হিম হিম হাওয়ার চকিত পরশ থাকলেও দ্রুত বদলে যাওয়া ধানি মাঠের ‘রঙিন চলচ্চিত্র’ দৃষ্টির অগোচরে। হৈমন্তী রাতের আকাশে অবারিত নক্ষত্রবীথির নিবিড় আদিম সৌন্দর্য শহুরে কৃত্রিম আলোর জাঁকজমকে হারিয়ে গেছে বিস্মৃতির তেপান্তরে। কোনও কোনও ভাগ্যবান হয়তো-বা নাগরিক খণ্ডিত আকাশে অতর্কিতে আবিষ্কার করেন–

মাথার উপর ডাকল পেঁচা, চমকি উঠি আরে!
আধখানা চাঁদ আটকে আছে টেলিগ্রাফের তারে। 

অথচ এই তো সেদিনের কথা। বিদ্যুৎবিহীন অজ-পাড়া-গাঁ। চারদিক ঘোর অন্ধকার। কৃত্তিকা নক্ষত্র খচিত কার্তিক মাস। অজস্র তারায় তারায় আকাশে খই ফুটছে। দিগবধূরা যেন আকাশের ময়দানে জ্বেলে দিয়ে দিয়েছে অগণন প্রদীপ। 

zoom

গেরস্থের উঠোনে ঝোলে এক কুচি তারা, আকাশপ্রদীপ। অনন্ত নক্ষত্রমণ্ডলীর মধ্যে কৃত্তিকাকে নিজের আঙিনায় বেঁধে রাখার নান্দনিক প্রয়াস। এক আদিম রোমান্টিক লোক-বিস্ময়! 

এই ‘লোক-বিস্ময়’ থেকে শুধু আকাশপ্রদীপের উদ্ভব হয়নি, তাকে কেন্দ্র করে মহাকাশ বিস্তারী স্বর্গের কল্পনা, পিতৃলোকের ধারণা, কাব্য-সাহিত্যে তার প্রতিফলন, বিলুপ্তপ্রায় লোকশিল্পের পরম্পরা এবং লোকায়ত কৃষি-চেতনার এমন এক মিলনস্থল রচিত হয়েছে, যেখানে গঙ্গা-যমুনার ধারার মতো দু’টি স্রোত একে অপরের মধ্যে বিলীন হয়ে গেছে।

আকাশপ্রদীপ মৃত্যুচেতনার ‘ধূসর পাণ্ডুলিপি’। লোকবিশ্বাস অনুসারে পরলোকে চলে যাওয়া মৃতেরা দূর আকাশের নক্ষত্র। দ্যুলোকরূপী সেই তারাময় রাতের পটভূমিতে নক্ষত্ররূপী পিতৃপুরুষের সঙ্গে সংযোগ স্থাপনের যে তীব্র মানসিক ও নান্দনিক রোমান্টিকতা, তারই লৌকিক সংস্কার আকাশপ্রদীপ– পিতৃলোকের আলোকসেতু।

zoom

বয়স্ক ব্যক্তিরা প্রয়াত হলে শ্রাদ্ধশান্তির পর নাতিপুতিরা রাতে প্রাচীন পুকুর বা নদীতে আকাশপ্রদীপের ক্ষুদ্র সংস্করণ ‘দোলাদীপ’ প্রজ্জ্বলিত করে ভাসিয়ে দেয়। যেন পরলোকাশ্রিত বৈতরণী নদী পারাপারের প্রার্থনা-প্রদীপ। আকাশদীপও প্রয়াত পিতৃপুরুষদের স্বর্গপথ গমনের আলোক-দ্যুতি। একই অনুষঙ্গে ভারতীয় সৈন্যরা শহিদ হলে অনেকে আকাশদীপ দেখান।

স্কন্দপুরাণ ও স্মৃতিশাস্ত্রের বিধান অনুযায়ী তুলা রাশিতে সূর্যের অবস্থানকালে কার্তিকমাসে আকাশে লক্ষ্মী-সহ বিরাজমান ভগবান দামোদরকে আলোকদীপ উৎসর্গ করা অক্ষয়পুণ্য ও কল্যাণব্রত। বৈষ্ণবীয় অনুষঙ্গে কার্তিকমাসকে দামোদরমাস বলে। সেই কারণে যোগনিদ্রায় মগ্ন বিষ্ণুকে আকাশপ্রদীপ দেখানো ঘুমভাঙানিয়া আলোক-শিখা। বৌদ্ধ ঐতিহ্যেও প্রবারণা অর্থাৎ আশ্বিন পূর্ণিমা থেকে কার্তিক পূর্ণিমা পর্যন্ত আকাশে রঙিন ফানুস ওড়ানোর প্রথা প্রচলিত, যার মূলে রয়েছে স্বর্গে রক্ষিত বুদ্ধদেবের কেশধাতুকে আলোর অর্ঘ্য নিবেদনের বৌদ্ধ ভাবনা। 

ধর্মীয় ও আধ্যাত্মিক ঐতিহ্যের পাশাপাশি আকাশপ্রদীপ দানের নেপথ্যে আছে লোক-কৃষিবিজ্ঞান-আশ্রিত ফসল রক্ষা করার প্রযুক্তি। কৃষিপ্রধান ভারতবর্ষে আশ্বিন-কার্তিক মাসে হঠাৎ করে শ্যামাপোকা ও অন্যান্য কীটপতঙ্গের ব্যাপক প্রাদুর্ভাব ঘটে। পোকামাকড়ের আক্রমণ থেকে পাকা ফসল রক্ষা করার জন্য চাষিরা একসময় জমির মধ্যে বাঁশের টুকরো পুঁতে তার মধ্যে প্রদীপ জ্বেলে দিতেন। পোকামাকড়রা আলোর আকর্ষণে সেখানে ভিড় করে এবং এভাবেই ফসল রক্ষা পায়। এ যেন এক ঢিলে দুই পাখি মারার কৌশল!

zoom

বেগুনের খেতেও দীপদান আঞ্চলিক প্রথা। কালীপুজোর সময় গ্রামবাংলায় ‘মেড়া’ নামক শুকনো জঞ্জাল পোড়ানোর নিয়ম। মেড়া পোড়াবার সময় হুল্লোড় করে ছেলেপুলেরা ছড়া কাটে– ‘মশামাছি দূরে যা, পোকামাকড় দূরে যা।’ আশ্বিন সংক্রান্তি বা পয়লা কার্তিকে পালিত গারসিব্রত উপলক্ষেও একইভাবে মশা-মাছি ও কীটপতঙ্গ তাড়ানো লোকজ রীতি।

অসমিয়ারা তিন ধরনের বিহু উৎসব পালন করেন– রঙালি বিহু, মাঘ বিহু এবং কাতি বা কাঙালি বিহু। কার্তিক মাসে পালিত এই কাঙালি বিহু উপলক্ষে মহিলারা ধানের জমিতে ও তুলসীতলায় দীপ জ্বালেন। দীপের আলো শুধু অমঙ্গল নাশ করে না, পাকা খেতে যাতে কীটপতঙ্গ ক্ষতি না করতে পারে, তার সরল কামনাটিও উচ্চকিত হয়। এভাবেই ফসল রক্ষার সাথে নিবিড় যোগ রয়েছে আকাশবন্তি বা আকাশপ্রদীপের। 

সর্বভারতীয় স্তরে আকাশপ্রদীপের অঞ্চল ভেদে নানা নাম ও নানা আকৃতির লোকায়ত শিল্প। যেমন মহারাষ্ট্র গোয়া অঞ্চলে আকাশকান্দিল; গঠনগত দিক থেকে বেশ মিল রয়েছে ফানুসের সঙ্গে। কর্ণাটক বা দক্ষিণভারতে আকাশদীপের নাম গুডুদীপা। বাঁশের কাঠামোর ওপরে জ্যামিতিক নকশায় রঙিন কাগজ এবং খাঁচায় কাঠ বা ধাতুর তৈরি লণ্ঠন। কাশী বা বারানসীর গঙ্গার ঘাটে উঁচু বাঁশের মাথায় বেত বা বাঁশের ঝুড়ির ভিতরে প্রজ্জ্বলিত নান্দনিক আলোক বন্দনা– দেখার জিনিস!

zoom
আকাশকান্দিল

বাংলায় আকাশপ্রদীপের নানা নাম যেমন স্বর্গপ্রদীপ বা স্বর্গবাতি, সন্ধ্যামণি, ফানুস ইত্যাদি। মাধ্যম হিসাবে দু’ ধরনের আকাশপ্রদীপ, যেমন– পোড়ামাটির এক বা বহুমুখী প্রদীপ-সহ কলসি কিংবা বিশেষ ধরনের আলোক-হাঁড়ি। পোড়ামাটির আকাশদীপ বা স্বর্গবাতির ব্যবহার আছে মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া হুগলির গ্রামীণ এলাকায়। কলসির ভিতরে প্রদীপ জ্বেলে বাঁশের ডগায় টাঙানো বিচিত্র দীপ। আলোক-হাঁড়ির সহজিয়া শিল্পকর্ম অসাধারণ। লক্ষ্মীর ভাঁড়ের মতো দেখতে, উপরে রয়েছে আঙটা। এক পাশে হাত ঢোকানোর মতো বড় মুখ। চারপাশে হাওয়া চলাচলের জন্য গোলাকার কিংবা একাধিক লম্বাটে ছিদ্র। ভিতরে থাকে তৈলাক্ত প্রদীপটি যা ঝড়-বাতাসেও নেভে না।

বর্ধমান বীরভূম অঞ্চলে আকাশপ্রদীপের নাম ফানুস। আটকোণা বা ত্রিভুজাকৃতি। গায়ে হীরকাকৃতি খোপ। শাস্ত্রে যে অষ্টদল পদ্ম বা আটকোনা দীপাধারের কথা আছে, এটি তারই লোকজ ও কারিগরি বিবর্তন। বহু বর্ণিল কাগজের ব্যবহারে শিল্পকর্মের প্রকাশ। নিচে ঝালর বা লটকন। গাঠনিক মিল দেখা যায় আকাশকান্দিল বা টুসু উৎসবের চৌদলের সঙ্গে। অন্ধকারে দূর থেকে উজ্জ্বল জ্যোতিষ্কের মতো দেখতে লাগে। এছাড়া পাটকাটি বা বাঁশ-কঞ্চির সহযোগে তারাকৃতি বা চৌকো ফানুসের ব্যবহারও দেখা যায়। 

‘ফানুস’ শব্দটি আরবি-ফারসি হয়ে বাংলায় এলেও এর আদিম উৎস প্রাচীন গ্রিক শব্দ ‘ফানোস’ (Phanos), যার অর্থ– আলো, মশাল বা লণ্ঠন। মিশরে ‘ফানুস’ নামে বিশেষ বাতি জ্বেলে অভিবাদন জানানোর প্রথা ছিল। তারও আগে ফারাওরা সাইরিয়াস নামে নক্ষত্রের উদয়কালীন উৎসব উপলক্ষে যে মশাল ব্যবহার করতেন– তার থেকেই ফানুসের উদ্ভব। কৃত্তিকা নক্ষত্রের সঙ্গে আকাশপ্রদীপের আন্তরিক সম্পর্কটি ‘ফানুস’ নামকরণে প্রকাশিত।

zoom
ফানুস

নক্ষত্র থেকে মর্ত্যের আঙিনায় আকাশবাতির উত্তরণের নেপথ্যে রয়েছে প্রাত্যহিক যাপনের চিরন্তন নৃতাত্ত্বিক আবহ। মানুষ তার দৈনন্দিন যাপনের সবচেয়ে প্রয়োজনীয় ও কার্যকর উপকরণগুলিকে, যেমন– হাঁড়ি কলসি কুলো লণ্ঠন পরবর্তীকালে পুজো বা লোকউৎসবের পবিত্র উপাচারে পরিণত করেছে। বিদ্যুৎ আসার আগে গ্রামবাংলায় রাতের অন্ধকার দূরীকরণের জন্য গেরস্থের আঙিনায় বা রাস্তার মোড়ে বাঁশের খুঁটিতে লণ্ঠন বা ছিদ্রযুক্ত হাঁড়ি-প্রদীপ ঝোলাত। তার ব্যবহারিক প্রয়োজন ফুরিয়েছে, কিন্তু লোকাচার ও ধর্মীয় স্মৃতির হাত ধরে আজও আকাশপ্রদীপ হয়ে টিকে আছে। 

সুতরাং আকাশপ্রদীপ বা স্বর্গবাতি একসময়ে যে বহুল প্রচলিত লোকশিল্প ছিল, সন্দেহ নেই। পুরুষানুক্রমে তৈরি করতেন কুম্ভকার এবং মালাকার সম্প্রদায়। কুম্ভকাররা চাকের সাহায্য তলদেশ তৈরি করার পর উপরের আচ্ছাদনটি হাতে তৈরি করে জোড় দিতেন। একইভাবে হ্যান্ডেল যোগ করে ভাটিতে পুড়িয়ে বিক্রি করতেন। দক্ষিণ ২৪ পরগনা অঞ্চলে এর নাম সন্ধ্যামণি। তুলসীতলায় ও বাঁশের ডগায় দু’রকমভাবেই সন্ধ্যামণি জ্বালাবার প্রথা। বাঁশ সুতো ও কাগজের ফানুস নির্মাণে দক্ষ শিল্পীরা ছিলেন বনকাপাসির মালাকার গোষ্ঠী। বর্তমানে লোকশিল্পদু’টি বিলুপ্তপ্রায়।

zoom

উন্মুক্ত উঠোনে প্রায় ২৫-৩০ ফুট উচ্চতার খাড়া বাঁশ পুঁতে সুতলির সাহায্যে আকাশপ্রদীপ ঝোলান গেরস্থরা। স্কন্দপুরাণের বিষ্ণুখণ্ডের কার্তিকমাস মাহাত্ম্যম অংশে ২০ হাত (বা গিঁট) লম্বা বাঁশকে উত্তম দণ্ড বলা হয়েছে। নয় হাত হল মধ্যম এবং পাঁচ হাত অধম দণ্ড। বাঁশের নবম গিঁটে একটি পতাকা এবং শিরোদেশে ময়ূরপুচ্ছে রাখার নির্দেশ আছে। কপিকলের সাহায্যে দড়ি ধরে টান দিলে যেমন ধীরে ধীরে আকাশপ্রদীপ ওঠে, তেমনই সকালবেলাতে একই পদ্ধতিতে প্রত্যাবর্তন। 

বাঁশের ডগায় হৈমন্তী সন্ধ্যায় আকাশপ্রদীপের নিত্য ওঠানামা যান্ত্রিক আচারে আটকে থাকেনি। সৃষ্টি হয়েছিল গভীর দর্শন ও কাব্যিক অনুভূতির। এককালে যা ছিল ‘লোক-রোমান্টিক’ পরবর্তীকালে বিবর্তিত হয়ে রোমান্টিক সাহিত্য-সংগীতের অন্যতম বিষয় হয়ে দাঁড়ায়। আকশপ্রদীপ দান লুপ্তপ্রায় হলেও বেঁচে আছে ছড়া প্রবাদে কবিতায় গানে। যেমন– 

আলো দিলাম, বাতি দিলাম, দিলাম আকাশ পানে,
পিতৃপুরুষ স্বর্গে যান এই আলোর টানে।।

লোকায়ত এই বিশ্বাসই রবীন্দ্রনাথের কলমে এসে আধুনিক কাব্যরূপ পায়–

অন্ধকারের সিন্ধুতীরে একলাটি ওই মেয়ে
আলোর নৌকা ভাসিয়ে দিল আকাশ-পানে চেয়ে।
মা যে তাহার স্বর্গে গেছে এই কথা সে জানে,
ওই প্রদীপের খেয়া বেয়ে আসবে ঘরের পানে।। (ছড়ার ছবি: আকাশপ্রদীপ)

zoom
ছড়ার ছবি, রবীন্দ্রনাথ ঠাকুর

রবীন্দ্রনাথ ‘আকাশপ্রদীপ’ নামে কাব্যগ্রন্থ রচনা করেন ১৯৩৯ সালে। নাম-কবিতায় লিখেছেন– 

অকারণে তাই এ প্রদীপ জ্বালাই আকাশ-পানে
যেখান হতে স্বপ্ন নামে প্রাণে।

রবীন্দ্রনাথের কবিতায় আকাশপ্রদীপ ‘কাব্য-স্বপন’ বা কবি কল্পনার উৎস মোটিফ। 

আকাশবাতি বা ফানুস কখনও ‘হৃদয় আকাশে আগুন পোড়া ঘুড়ি’র চিত্রকল্প। কখনও ‘হায়রে মানুষ, রঙিন ফানুস’– কাব্যিক প্রবাদবাক্য। স্মরণজিৎ চক্রবর্তীর কবিতায় ‘আকাশদীপ’ গভীর প্রত্যয় রূপে ধরা দিয়েছে–

এই শহরের কোথাও আছো– মনকে বোঝাই
অন্ধকারে তাই তো জ্বলে আকাশপ্রদীপ। 

জীবনানন্দ দাশের কবিতায় আকাশপ্রদীপ রূপসী বাংলার হেমন্তের অন্যতম চিত্রকল্প। আকাশপ্রদীপের দণ্ডে বসে থাকা খয়েরি চিল, কিংবা হিমেল রাতের শেষে নিভে যাওয়া আকাশপ্রদীপের আবেগঘন ছবি। ‘কতদিন সন্ধ্যার আকাশে’ শীর্ষক কবিতায় হেমন্তের পল্লিবাংলার ছবিতে স্পষ্ট হয়ে উঠেছে আকাশপ্রদীপ:

কতদিন সন্ধ্যার অন্ধকারে মিলিয়াছি আমরা দুজনে;
আকাশপ্রদীপ জ্বেলে তখন কাহারা যেন কার্তিকের মাস
সাজায়েছে…

zoom

আধুনিক বাংলা গানে আকাশপ্রদীপ প্রেমবিরহস্মৃতির সলতে উসকে দিয়েছে। গীতিকার সুরকার সুধীন দাশগুপ্তের লেখা, ‘ঐ আকাশপ্রদীপ তারা জ্বেলো না’ সতীনাথ মুখোপাধ্যায়ের দরদি কণ্ঠে গান আজও শ্রোতারা ভুলতে পারেননি। ভোলা যায় না হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে ‘ও আকাশ প্রদীপ জ্বেলো না/ ও বাতাস আঁখি মেলো না’ গানটি। লতা মঙ্গেশকরের সেই বিখ্যাত গানটিতে সুরের ছবিতে ফুটে উঠেছে, ‘আকাশপ্রদীপ জ্বলে দূরের তারার পানে চেয়ে’।

সময়ের বিবর্তনে প্রাক-বৈদ্যুতিক যুগের বাতাস নিরোধক লণ্ঠনের ব্যবহারিক প্রয়োজন ফুরিয়েছে। বদলে গিয়েছে প্রদীপের আধারও। তবু হৈমন্তী সন্ধ্যায় আকাশপানে জ্বলে ওঠা বিলীয়মান আকাশপ্রদীপ আজও আমাদের শিকড় আর পুর্বপুরুষের স্মৃতিকে করে জাগরুক। বাঙালির স্মৃতি ও সংস্কৃতিতে তাই আকাশপ্রদীপ অনির্বাণ আলোকশিখা।

………….

পড়ুন ঠাকুরদার ঝুলির অন্যান্য পর্ব

………….

Lamp lantern Sangbad Pratidin Sangbad Pratidin Robbar আকাশপ্রদীপ

Share this article on