

কয়েকমাস কাজ করেই চন্দ্রশেখর কুণ্ডু যে সহজ হিসেবটা বুঝতে পেরেছিলেন, আমাদের সরকার বা সমাজ স্বাধীনতার ৯০ বছর পার করেও তা বুঝতে পারেনি। হিসেবটা হল, যে বাচ্চাটা ভরপেট পুষ্টিকর খাবার পায়, সে পড়াশোনায় বেশি মনোযোগ দিতে পারে, আবার যে বাচ্চাটা পড়াশোনায় ব্যাপারে সমাজ ও রাষ্ট্রের সহযোগিতা পায়, সে বড় হয়ে একজন সুস্থ-সবল, শিক্ষিত ও কর্মক্ষম নাগরিক হয়। আর এরকম নাগরিকরাই পারে একটা দেশকে উন্নত করে তুলতে।
সাহিত্যের ছাত্রছাত্রীরা জানেন, ছোটগল্প রচনার ক্ষেত্রে অনেক সময়ই ‘ইমপ্রেশন’ খুব বড় ভূমিকা নেয়। হঠাৎ চোখে পড়া কোনও একটা খুব সাধারণ দৃশ্য লেখকের মনের মধ্যে একটা গভীর ছাপ ফেলে যায়। সেই দৃশ্যটার মধ্যে থাকে একটা বীজ, যা পরে গোটা একটা গল্পকে বুনে তোলে। ধরা যাক, পদ্মার বুকে বোটে যেতে যেতে রবীন্দ্রনাথ দেখলেন, নদীর পাড়ে একদল ছেলে খেলাচ্ছলে একটা গাছের গুঁড়িকে গড়িয়ে নিয়ে যাচ্ছে। এই সামান্য দৃশ্যটা তাঁর মনে সেই ‘ইমপ্রেশন’ তৈরি করল, যার ফলস্বরূপ জন্ম নিল একটা অবিস্মরণীয় ছোটগল্প– ‘ছুটি’।
কেউ কেউ অবশ্য এমনই এক-একটা দৃশ্যের অভিঘাতে, ছোটগল্প নয়, এক-একটা বড়সড় উপন্যাসই লিখে ফেলেন। যেমন লিখেছেন চন্দ্রশেখর কুণ্ডু নামে আসানসোলের জনৈক অধ্যাপক। ঘটনাটা ২০১৫ সালের এক সন্ধ্যার। ছেলের জন্মদিনের পার্টি ছিল। খাবারের উচ্ছিষ্টগুলো নিয়ে গিয়ে ফেলা হচ্ছিল রাস্তার ধারের ডাস্টবিনে। যেমনটা ফেলা হয় আর কী! হঠাৎ-ই অধ্যাপক কুণ্ডুর নজর পড়ল, সেই আস্তাকুঁড় ঘেঁটে ফেলে দেওয়া বিরিয়ানির মধ্যে থাকা মাংসের টুকরোগুলো বেছে বেছে খাচ্ছে দুটো বাচ্চা মেয়ে!
দৃশ্যটা তাঁকে এতটাই আহত করে যে, তিনি শুধু সেই মেয়েদুটোকে ডেকে এনে ভরপেট খাওয়ালেন, তাই-ই নয়, পরদিন থেকেই লেগে পড়লেন এক নতুন কর্মযজ্ঞে। প্রতিদিন অফিস যাওয়ার পথে তিনি অনেকগুলো টিফিন কেরিয়ার নিয়ে বেরতেন, আর বিভিন্ন স্কুল-কলেজ-সরকারি অফিসের ক্যান্টিনে ঘুরে ঘুরে বিক্রি না-হওয়া খাবারগুলো নিয়ে এসে পথশিশুদের খাওয়াতেন। দিন-মাস-বছর পেরিয়ে গেল, অধ্যাপক কুণ্ডু তার মতোই একদল খ্যাপা লোকজনকে জুটিয়ে প্রথমে বানালেন কমিউনিটি কিচেন, যাতে বাচ্চাদের বাসি খাবারের বদলে টাটকা গরম গরম খাবার দেওয়া যায়। বেশ কয়েকটি বহুজাতিক কোম্পানির সঙ্গে কথা বলে ‘কর্পোরেট সোশাল রেসপনসিবিলি’-র তহবিল থেকে স্পনসরশিপ জোগাড় করলেন। পরের ধাপে পথশিশুদের জন্য রীতিমতো স্কুল তৈরি করতে শুরু করলেন। এখন, এই ২০২৬ সালে আসানসোল আর পুরুলিয়ার আদিবাসী-প্রধান এলাকাগুলোতে তাঁর সংস্থা মোটের ওপর প্রায় ২০টি স্কুল চালাচ্ছে এবং প্রতিদিন হাজার দুয়েক বাচ্চার মুখে পুষ্টিকর খাবার তুলে দিচ্ছে। কি, বলা যায় না একে ‘রীতিমতো নভেল’?

প্রথমদিকে মাত্র কয়েকমাস কাজ করেই চন্দ্রশেখরবাবু যে সহজ হিসেবটা বুঝতে পেরেছিলেন, আমাদের সরকার বা সমাজ স্বাধীনতার ৯০ বছর পার করেও তা বুঝতে পারেনি। হিসেবটা হল, যে বাচ্চাটা ভরপেট পুষ্টিকর খাবার পায়, সে পড়াশোনায় বেশি মনোযোগ দিতে পারে, আবার যে বাচ্চাটা পড়াশোনায় ব্যাপারে সমাজ ও রাষ্ট্রের সহযোগিতা পায়, সে বড় হয়ে একজন সুস্থ-সবল, শিক্ষিত ও কর্মক্ষম নাগরিক হয়। আর এরকম নাগরিকরাই পারে একটা দেশকে উন্নত করে তুলতে। সেই কারণেই এই সেদিন পর্যন্ত কেন্দ্রীয় সরকারের শিক্ষামন্ত্রকের নাম ছিল ‘মানবসম্পদ উন্নয়ন মন্ত্রক’। (নামটা এখনও আছে কি? কে জানে! গুগল করে দেখতে হবে।) অতএব দেখা যাচ্ছে, শিক্ষারও আগে পুষ্টি জরুরি। চন্দ্রশেখরবাবুও তাই পুষ্টি দিয়ে শুরু করে তারপরে হেঁটেছেন শিক্ষার পথে।
আমাদের রাষ্ট্র অবশ্য এখনও শিশুদের ‘পুষ্টি’-র গুরুত্বটাই ঠিকঠাক বুঝে উঠতে পারেনি। ২০০১ সালে সুপ্রিম কোর্টের নির্দেশে আমাদের দেশের সমস্ত রাজ্যে প্রাথমিক স্কুলের বাচ্চাদের মিড-ডে মিল দেওয়া শুরু হয়। তখনও এমন দিন ছিল। সর্বোচ্চ আদালতের নির্দেশ ফুৎকারে উড়িয়ে দিতে পারে, এত সাহস তখনও পর্যন্ত কেন্দ্র বা রাজ্যের কোনও সরকারের ছিল না। ইদানীং অবিশ্যি দিনকাল অনেক বদলে গিয়েছে। তা সে যাই হোক, আমাদের মনে রাখতে হবে, সেদিনও কিন্তু মিড ডে মিল চালু করার নেপথ্যে রাজ্য সরকারগুলোর আন্তরিক কোনও ‘গরজ’ ছিল না, ছিল শুধুমাত্র আদালতের আদেশ পালন করার ‘দায়’। আসলে ঠেলায় পড়ে যে কাজ করা হয়, তাতে কখনওই আন্তরিকতার ছোঁয়া থাকে না। শুরুর দিনগুলোতেই যে আন্তরিকতা দুর্লভ ছিল, কালে কালে তার স্রোত যে আরও শুকিয়ে যাবে, তা অনস্বীকার্য। মিড-ডে মিল তাই আজও সরকারের কাছে একটা বোঝা, একটা ফালতু ঝামেলা হিসেবেই গণ্য হয়।
সমাজতাত্ত্বিকরাও এটাকে একটা খয়রাতিমূলক প্রকল্প হিসেবেই দেখেন। দৃষ্টিভঙ্গি কতকটা এই রকম যে, সরকারি স্কুলের বেশিরভাগ বাচ্চাই তো খেতে পায় না, তাই ওদের জন্য যেমন-তেমন করে দুপুরবেলা এক থালা ভাত-ডালের ব্যবস্থা করে দাও। ভিক্ষার মতো, বন্যাত্রাণের মতো। বাচ্চাগুলোও তাই দিনের পর দিন সেই ভাত-ডাল, ভাত-সোয়াবিন আর পাতলা ট্যালটেলে খিচুড়ির থোড়-বড়ি-খাড়া খাড়া-বড়ি-থোড় গিলে চলে। বৈচিত্রহীন, স্বাদহীন, আনন্দহীন… শুধু খাওয়ার নামেই খাওয়া।
সুইডেন-প্রবাসী এক বন্ধু পুজোর ছুটিতে সপরিবার এসেছিল কলকাতার বাড়িতে। তার সঙ্গে আড্ডায় শুনলাম, সেদেশে শিক্ষার ব্যাপারে সরকার একেবারে মুক্তহস্ত। সরকারি স্কুলগুলোর কথা তো ছেড়েই দিলাম, বেসরকারি স্কুলগুলোতে সরকার প্রচুর ভরতুকি দেয়। সব জায়গায়তেই বাচ্চাদের দু’বার ভরপেট খাবার দেওয়া হয়। সেসব বাচ্চার বাবা-মা দু’জনেই বাইরে কাজ করেন, তাদের স্কুলে নির্ধারিত সময়ের পরেও স্কুলেই থাকার সুন্দর বন্দোবস্ত আছে। মাসে একবার প্রতিটা বাচ্চার শারীরিক এবং মানসিক স্বাস্থ্য যাচাই করা হয়। বাড়িতে বা স্কুলে কোথাও কোনও রকম শারীরিক শাস্তি দেওয়া সেদেশে গুরুতর অপরাধ। বাচ্চার গায়ে সামান্য আচঁড়ের দাগ দেখা গেলেও তার জন্য বাবা-মাকে জবাবদিহি করতে হয়। এককথায় প্রতিটা বাচ্চা যাতে শারীরিক ও মানসিকভাবে সুস্থ সবল নাগরিক হয়ে ওঠে, শৈশবে কোনও রকম বঞ্চনা বা ট্রমার শিকার যাতে তারা না হয়, তার জন্য সরকার সর্বোচ্চ ‘এফর্ট’ দেয়। একেই বলে, মানবসম্পদের গুরুত্ব বুঝতে পারা এবং খাতায়-কলমে তার প্রয়োগ ঘটানো। অনেক ইউরোপীয় দেশেই এই রকম ব্যবস্থা চালু আছে।

২০০১ সালে সুপ্রিম কোর্টের নির্দেশেরও আগে ভারতের একটা-দুটো রাজ্য প্রাথমিক স্কুলে মিড-ডে মিল চালু করেছিল। তারও অনেকটাই আগে, ১৯৮২ সালে স্কুলগুলোতে রান্না করা খাবার দেওয়া শুরু করেছিল তামিলনাড়ু সরকার। এই উদ্যোগ নেওয়ার জন্য তামিলনাড়ুর তৎকালীন মুখ্যমন্ত্রী এম জি রামচন্দ্রনকে প্রচুর টিটকিরি, ব্যঙ্গ-বিদ্রুপ সহ্য করতে হয়েছিল। আর আজ তার ২৫ বছর পরেও মিড-ডে মিল নিয়ে সওয়াল করা সমাজকর্মীদের প্রশাসনিক কর্তাব্যক্তিরা ‘ঝোলাওয়ালা অর্থনীতিবিদ’ বলে টিটকিরি দিয়ে থাকেন। এখানে ‘ঝোলাওয়ালা’ বলতে ‘গরিব-দরদি বামপন্থী’ বুঝতে হবে।
একসময় একটি দৈনিক পত্রিকায় সাংবাদিকতা করতাম। একটা বড়সড় ‘খবর’ করার আশায় ব্যাপারটা নিয়ে মন্তব্যের জন্য মিড-ডে মিল আন্দোলনের সঙ্গে যুক্ত একজন বিশিষ্ট সমাজকর্মীকে ধরেছিলাম। তিনি ‘খবর’-টা না করার জন্য আমাকে সর্নিবন্ধ অনুরোধ করেন। বুঝিয়েও বলেন, এই একটা দুর্নীতির সূত্র ধরে প্রশাসনের একটা বড়সড় লবি, যারা মিড ডে মিল বন্ধ করতে চায়, তারা ময়দানে নেমে পড়বে। ফলে একটা ছোট এলাকার কয়েকটি দুর্নীতিগ্রস্ত লোকের জন্য হয়তো কোটিখানেক শিশু, তাদের দুপুরের খাবার থেকে বঞ্চিত হবে।
এমনই একটা ঘটনা ঘটেছিল ২০১৩ সালে, বিহারে। মিড ডে মিলের খাবারে বিষক্রিয়ায় কিছু বাচ্চা মারা যায়। ব্যাপারটা নিছকই অসাবধানতাবশত ঘটে। তার জন্য দায়ী যারা, তাদের যথাযথ শাস্তি হওয়াই যথেষ্ট ছিল। কিন্তু সেদিনও সেই ঘটনাকে হাতিয়ার করে সরকারের সেই ‘লবি’ মিড ডে মিলের মতো একটা ‘ঝামেলা’-কে পাকাপাকিভাবে তুলে দেওয়ার জন্য সওয়াল শুরু করে।

চন্দ্রশেখরের মতো মানুষদের জন্য কোনও প্রশংসাই যথেষ্ট নয়। কিন্তু মুশকিল হল, এই কাজটা তাঁদের নয়। সরকার তাঁর কাজটা ঠিকমতো করে না বলেই চন্দ্রশেখরদের ময়দানে নামতে হয় এবং তাঁদের খুব ছোট আকারের কাজও আমাদের চোখে অনেক বড় হয়ে ধরা দেয়। সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী, সারা দেশে সরকারি স্কুলগুলোয় প্রতিদিন প্রায় ১০ কোটি বাচ্চা মিড-ডে মিল খায়। আর চন্দ্রশেখরের সংস্থা খাবার দেয় মাত্র ২,০০০ বাচ্চাকে। সংখ্যার এই তারতম্যই বুঝিয়ে দেয়, কাজটা আসলে কত বড় আকারের। এই কাজটা সুষ্ঠভাবে করার মতো পরিকাঠামো বা লোকবল একমাত্র সরকারের হাতেই আছে। এ কোনও একক ব্যক্তির বা স্বেচ্ছাসেবী সংস্থার ‘কম্মো’ নয়।
সমস্যা আরও আছে। সাম্প্রতিকতম একটা অভিজ্ঞতার কথা বলি। অপুষ্টিতে ভোগা, রোগা, ময়লা চেহারার একটা মেয়েকে কিছুদিন ধরেই এলাকার রাস্তায় ঘুরে বেড়াতে দেখছিলাম। বয়স ১০-১২ বছর হবে। বাজারের কাছে যে চায়ের দোকানে বসে রোজ সকালে এক কাপ চা খাই, সেদিন সেই দোকানে আশেপাশে মেয়েটাকে ঘুরঘুর করতে দেখে চেপে ধরলাম। ‘সারাদিন ঘুরে বেড়াস কেন, পড়াশোনা নেই?’ মেয়েটা ঝাঁঝিয়ে উঠে বলল, ‘মা স্কুলে ভর্তি করে দেয় না তো আমি কী করব?’ জানা গেল, মেয়েটার বাবা নেই, মা আয়ার কাজ করে, সাতসকালে বেরিয়ে যায়। মেয়েটাকে রেখে যায় দাদুর কাছে। দাদু সকালে বাজারে সবজির ঠেলা নিয়ে বসেন আর দুপুরের পর থেকে জলপথে পরিভ্রমণে বেরিয়ে যান (মানে, আকণ্ঠ মদ গিলে পড়ে থাকেন আর কি!)। বললাম, ‘স্কুলে ভর্তি হবি?’ মেয়েটা এককথায় রাজি। সেখান থেকেই স্থানীয় প্রাইমারি স্কুলের হেডমিস্ট্রেসকে ফোন করলাম। তিনি প্রথমেই জানতে চাইলেন, ‘আধার কার্ড আছে মেয়েটার?’ মেয়েটা মাথা নাড়ল। ম্যাডাম বললেন, ‘ওকে আজই আমি ভর্তি নিতে পারি। কিন্তু আধার ছাড়া সরকারি পোর্টালে নাম তোলা যাবে না। ফলে সরকারিভাবে ওর জন্য কোনও সুযোগ-সুবিধা– যেমন বই-খাতা, ইউনিফর্ম এমনকী, মিড-ডে-মিলও বরাদ্দ হবে না।’ যে মা, মেয়ে খেলো কি খেলো না– তারই খোঁজ করেন না, তিনি মেয়ের আধার কার্ড বানানোর জন্য ছোটাছুটি করবেন, এ তো আশাই করা যায় না।

নতুন আবিষ্কৃত মগজ-ধোলাই যন্ত্রের গুণাগুণ বর্ণনা করতে গিয়ে হীরক রাজার ‘পোষা’ বৈজ্ঞানিক বলেছিলেন, ‘এ এমন কল,/ যার সাহায্যে রাজকার্য হয়ে যায় জল।/ এর সাহায্যে/ রাজভক্তি প্রকাশে নারাজ যে,/ তারে করে তোলা একনিষ্ঠ রাজভক্ত,/ মোটে নয় শক্ত’। এই আধার কার্ডটিকেও আমার তেমনই এক ‘আজব কল’ বলে মনে হয়। এসআইআর-এর সময় সরকার সগর্বে ঘোষণা করেছিল, ‘আধার নাগরিকত্বের প্রমাণ নয়’, অথচ একটা শিশু স্কুলে ভর্তি হতে চাইলে, মিড-ডে মিল খেতে চাইলে আবার সেই আধারই হয়ে দাঁড়ায় ‘বাধ্যতামূলক বাধা’ । প্রশ্ন হল, এই যে বাচ্চাটি পড়াশোনা করতে পারল না, ইচ্ছে থাকলেও স্কুলে ভর্তি হতে পারল না, তার নেপথ্যে তার নিজের দোষ কতটা? এরকম অনাথ বা অর্ধ-অনাথ, দু’বেলা পুষ্টিকর খাবার বা শিক্ষার অধিকার থেকে বঞ্চিত শিশুর সংখ্যা আমাদের দেশে তো নেহাত কম নয়, রাষ্ট্র কি তাদের ‘মানব-সম্পদ’ বলে স্বীকার করেন না?
২০১৭ সালের ২৮ ফেব্রুয়ারি, কেন্দ্রীয় সরকারের তরফে নির্দেশনামা জারি করে মিড-ডে-মিলের জন্য আধার নথিভুক্তি বাধ্যতামূলক করা হয়। এই নিয়ে প্রবল প্রতিবাদ ওঠায় কিছুদিন পর সেই অর্ডার সংশোধন করে বলা হয়, আধার না থাকলে অন্য যেকোনও দু’টি (জন্মের প্রমাণপত্র অথবা বাবা-মায়ের আধার কার্ড) জমা দিলেও চলবে। তা নিয়েও সংবাদপত্র ইত্যাদিতে প্রচুর লেখালিখি হওয়ায় দ্বিতীয়বার আদেশনামা সংশোধন করে কোনও রকম শংসাপত্র জমা দেওয়াই ‘ঐচ্ছিক’ করে দেওয়া হয়। বাস্তবে কিন্তু আধারের জন্য নানা মহল থেকে চাপ দেওয়া চলতেই থাকে। এই তালিকায় সর্বশেষ সংযোজন ‘আপার আইডি’ তৈরি।
কেন্দ্রীয় সরকার সম্মতি একটা কেন্দ্রীয় পোর্টাল তৈরি করে সেখানে স্কুল-পড়ুয়াদের বিস্তারিত তথ্য সংরক্ষণে উদ্যোগ নিয়েছেন। এই পোর্টালে নাম তুলতেও আধার নম্বর সংযুক্তিকরণ বাধ্যতামূলক করা হয়েছে। আইন বাঁচাতে অবিশ্যি একটা ফাঁক রেখে দেওয়া হয়েছে। প্রত্যেক অভিভাবকের কাছ থেকে এই মর্মে একটা সম্মতিপত্রে স্বাক্ষর করিয়ে নেওয়া হচ্ছে যে, তিনি তার সন্তানের ব্যক্তিগত তথ্য (এমন চোখের ছবি, হাতের ছাপ ইত্যাদি) আধারের মাধ্যমে ব্যবহার করার জন্য স্বেচ্ছায় সম্মতি দিচ্ছেন। কোনও অভিভাবকের ধড়ে ক’টা মাথা আছে যে, স্কুল কর্তৃপক্ষের তরফে চাওয়া হলে এই সম্মতি না দেওয়ার সাহস দেখাবেন?

এভাবেই নানা আইনি জটিলতার কানাগলিতে মিড-ডে মিলের মতো একটা সত্যিকারের জনকল্যাণমূলক প্রকল্প পথ হারাচ্ছে। লক্ষ্যের থেকে গন্তব্যকে বেশি গুরুত্ব দেওয়ায় এই প্রকল্পটাও আর দশটা সামাজিক প্রকল্পের মতো যান্ত্রিক আর কাগজ-সর্বস্ব হয়ে উঠেছে। স্থানীয় স্কুল-পরিদর্শকের অফিস থেকে মাঝেমধ্যে মিড-ডে মিলের পরিদর্শনের জন্য পর্যবেক্ষক আসেন বটে, কিন্তু তিনিও স্কুলে পা দিয়েই অবিলম্বে হিসেবের খাতা খুলে বসে যান। আর জমা-খরচের খুঁটিনাটি মিলিয়ে সন্তুষ্ট হলে তাঁর বিদায় নিতেও দেরি হয় না। তোতাকাহিনির নিন্দুকের মতো মাঝেমাঝেই ইচ্ছে জাগে, তাঁকে ডেকে জানতে চাই, ‘মহারাজ, পাখিটাকে দেখিয়াছেন কি?’ বাচ্চাগুলো ভরপেট খাবার পেল কি না, সেই খাবার তাদের খেতে ভালো লাগছে কি না, কেউ একবার উঁকি দিয়েও দেখে না। মনে হয়, বাচ্চাদের পুষ্ট-ফুষ্টি বাজে কথা, কখনও আধারের মাধ্যমে তাদের ব্যক্তিগত তথ্যের ভাণ্ডার তৈরি, কখনও দুর্নীতি বন্ধ করা, কখনও তারা আমিষ খাবে না কি নিরামিষ, তাই নিয়ে সরকার আর বিরোধী দলের কাজিয়া চালানোই এই প্রকল্পের আসল উদ্দেশ্য।
চন্দ্রশেখরদের উদ্দেশ্যে প্রতিটা স্যালুটকেই কিন্তু তাই প্রকারান্তরে আমাদের রাষ্ট্র তথা শাসনযন্ত্রের প্রতি এক-একটা ধিক্কার হিসেবে ফিরে যায়। যে যেমনভাবে দেখে আর কী!
……………………
রোববার.ইন-এ পড়ুন সীমান্ত গুহঠাকুরতা-র অন্যান্য লেখা
……………………
A Unit of: Sangbad Pratidin Digital Private Limited. All rights reserved