Can Couples Really Be Trained for Married Life? | Robbar
Robbar
  • ৩ অগ্রহায়ণ ১৪৩৩
  • শুক্রবার
  • ২০ নভেম্বর ২০২৬

বিয়ে কি মুখস্থবিদ্যা?

বিয়ে করার চালু অর্থই হল, মানিয়ে চলতে শেখা! কীভাবে সঙ্গীর মন জুগিয়ে চলা যায়, কীভাবে নিয়ন্ত্রণে রাখা যায় সঙ্গীকে… এমনকী, সময়বিশেষে এড়িয়ে চলা যায় উল্টোদিক থেকে ছুটে আসা ব্যক্তি-আক্রমণ, ‘বিয়ে’ যেন পদে পদে পরীক্ষা নেয় তারই। কিন্তু যুগ বদলেছে যখন, এই মানিয়ে নেওয়ার শিক্ষাও কি আপডেট করা জরুরি নয়? এই ‘বিশেষ জ্ঞান’ই জনে জনে বিলোতে, চালু হয়েছে ১৫ দিনের কোচিং ক্লাস!

শেষ আপডেট: নভেম্বর ২০, ২০২৬, ২০:৩৮   
Facebook WhatsApp Messenger

‘সংসার সুখী হয় রমণীর গুণে!’ এহেন কথকতা শুনতে শুনতে বড় হওয়া নবপ্রজন্মের দল এখন চুটিয়ে সংসার করছে। বাজারের ব্যাগ হাতে, অথবা ফোনের সুইচ টিপে আনিয়ে নিচ্ছে প্রতিদিনের উচ্ছে, পটল, বেগুন। বিয়ে এবং প্রেম যে এক বিষয় নয়, সেটা বুঝতে শিখেছে নবপ্রজন্ম। সংসারের সংজ্ঞা বদলে গিয়েছে উত্তর-আধুনিক যুগে। বদলে গিয়েছে সম্পর্কের সমীকরণ। বিবাহের প্রতি অনীহা, বিবাহবিচ্ছেদের হার বৃদ্ধি, একা থাকার প্রাধান্য, সন্তানহীন জীবনযাপনের ঝোঁক এখন নতুন সম্পর্কের ধারক-বাহক। সেই সঙ্গে সম্পর্কের অভিধানে উড়ে এসে জুড়ে বসেছে নতুন কিছু শব্দ– ‘সিচুয়েশনশিপ’, ‘সফট ল্যান্ডিং’, ‘লঞ্চিং’, ‘বেঞ্চিং’ ইত্যাদি। এইসব পেরিয়ে, ‘বিয়ে’ নামক প্রতিষ্ঠানের প্রতি কি আস্থা হারিয়েছে নবপ্রজন্ম?

zoom
‘বরফি’ সিনেমার দৃশ্য়

বিবাহ কেবল দু’টি মানুষের এক ছাদের নিচে বসবাস নয়। বরং দু’টি স্বতন্ত্র মানুষের অভ্যাস, সংস্কার, মূল্যবোধ, চাহিদা এবং জীবনবোধের সহাবস্থান। প্রেমের সম্পর্ক যতই গভীর হোক, দাম্পত্যের দীর্ঘ পথচলায় মতের অমিল, প্রত্যাশার সংঘাত, অভিমান, মনোমালিন্য আসতেই পারে। কারণ, কাউকে ভালোবাসা আর তার সঙ্গে প্রতিদিনের জীবন ভাগ করে নেওয়া, এক নয়। অথচ বিয়ের আগে সঙ্গী নির্বাচন থেকে শুরু করে বিয়ের আয়োজন– সব কিছু নিয়েই বিস্তর আলোচনা, পরিকল্পনা ও প্রস্তুতি থাকে। শুধু প্রস্তুতি থাকে না বিয়ের পরের জীবনটার। কীভাবে মতপার্থক্য সামলাতে হয়, একে অপরের ব্যক্তিস্বাধীনতাকে মর্যাদা দিতে হয় এবং সম্পর্কের টানাপোড়েনের মধ্যেও পারস্পরিক শ্রদ্ধা বজায় রাখতে হয়, তার কোনও প্রাতিষ্ঠানিক পাঠ সচরাচর মেলে না।

এই শূন্যস্থান পূরণের জন্যই অভিনব উদ্যোগ নিয়েছে গোয়ার এক কলেজ। সেখানে দাম্পত্য জীবন শুরুর আগে তরুণ-তরুণীদের প্রস্তুত করতে, চালু হতে চলেছে বিশেষ পাঠক্রম। অর্থাৎ, বিয়ের আগে শুধু জীবনসঙ্গী খোঁজাই শেষ কথা নয়, শিখে নিতে হবে তাঁর সঙ্গে জীবন কাটানোর পদ্ধতি। এই বিশেষ পাঠক্রমটির নাম ‘ম্যারেজ রেডিনেস: প্রিপেয়ারিং ফর হেলদি অ্যান্ড লাস্টিং রিলেশনশিপস’। পানাজিতে অবস্থিত ‘গোয়া কলেজ অফ হোম সাইন্স’-এর ‘ডিপার্টমেন্ট অফ হিউম্যান ডেভেলপমেন্ট অ্যান্ড ফ্যামিলি স্টাডিস’-এর উদ্যোগে ২ থেকে ১৭ ডিসেম্বর, ২০২৬, চলবে এই সার্টিফিকেট কোর্স। ১৫ দিনের নির্ধারিত সময়সীমার মধ্যে থাকছে ১০টি ক্লাস। কলেজের অধ্যক্ষ মহেশ পাইয়ের বক্তব্য অনুযায়ী, স্নাতক ও স্নাতকোত্তর স্তরের পড়ুয়া, অবিবাহিত তরুণ-তরুণী ছাড়াও, সুস্থ দাম্পত্য গড়ে তুলতে আগ্রহী যে-কেউ এই কোর্সে অংশ নিতে পারেন। এমনকী, বিবাহিতরাও!

zoom

পাঠক্রমে রয়েছে ডেটিংয়ের উদ্দেশ্য ও গতিপ্রকৃতি, আত্মসচেতনতা, অন্যের সঙ্গে মানসিক সংযোগ তৈরির প্রয়োজনীয়তা, পুরুষত্ব ও নারীত্বের সামাজিক ধারণা কীভাবে সম্পর্ককে প্রভাবিত করে এবং বিয়ের অনুষ্ঠান ও প্রকৃত দাম্পত্য জীবনের মধ্যে পার্থক্য বোঝার মতো বিষয়। পাশাপাশি, আলোচনা হবে জীবনসঙ্গী নির্বাচন, ব্যক্তিত্বের পরিপক্বতা, ভালোবাসা, ঘনিষ্ঠতা এবং সম্পর্কের সংঘাত সামলানোর নানা দিক। তাত্ত্বিক আলোচনা ছাড়াও থাকছে ব্যক্তিত্ব যাচাই, আত্মবিশ্লেষণ, ব্যবহারিক অনুশীলন ও বিশেষজ্ঞদের অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ। বিয়েকে নিছক একটি সামাজিক অনুষ্ঠান কিংবা দু’টি পরিবারের মধ্যে সম্পর্ক স্থাপনের আয়োজন হিসেবে না দেখে, দীর্ঘমেয়াদি সহাবস্থানের দায়িত্বপূর্ণ সিদ্ধান্ত হিসেবে বোঝার চেষ্টাই হবে মূল লক্ষ্য। কলেজ কর্তৃপক্ষের মতে, কেরিয়ার গড়তে মানুষ জীবনের প্রায় দু’দশক ব্যয় করলেও, দীর্ঘস্থায়ী দাম্পত্য সম্পর্কের প্রস্তুতির জন্য আলাদা করে সময় বরাদ্দ থাকে না। সেই শূন্যস্থান পূরণই এই উদ্যোগের উদ্দেশ্য।

আমাদের মধ্যবিত্ত বাঙালি পরিবারে বিয়ের আগে গুরুজনদের কাছ থেকে দাম্পত্য জীবনের জন্য উপদেশ পাওয়া খুব একটা অস্বাভাবিক নয়। কীভাবে সংসার করতে হবে, কীভাবে সঙ্গীর সঙ্গে মানিয়ে চলতে হবে, শ্বশুরবাড়ির লোকজনের সঙ্গে কেমন ব্যবহার করতে হবে, কীভাবে সংসারের খরচ সামলাতে হবে– এমন সব বিষয়ে বিয়ের আগেই চলে বিস্তর পরামর্শ। তাহলে গুরুজনদের উপদেশের পরিবর্তে, অর্থ খরচ করে প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ নেওয়ার প্রয়োজন পড়ছে কেন? এখানেই বদলে যাচ্ছে দাম্পত্যশিক্ষার দৃষ্টিভঙ্গি। এতদিন সংসার করার শিক্ষা বলতে মূলত বোঝানো হয়েছে মানিয়ে নেওয়া, সহ্য করা ও সম্পর্ক টিকিয়ে রাখার কৌশলকে। বিশেষত নারীদেরই সংসারের সুখ-শান্তি বজায় রাখার দায়ভার নিতে শেখানো হয়েছে। কিন্তু আধুনিক দাম্পত্যের সমীকরণ সেই পুরনো ধারণায় আটকে নেই। সংসার এখন দু’জনের সমান অংশগ্রহণের ক্ষেত্র। সেখানে নিজের ব্যক্তিস্বাধীনতা বজায় রাখা, সঙ্গীর মতামতকে মর্যাদা দেওয়া, মতপার্থক্য হলে আলোচনার মাধ্যমে সমাধান খোঁজা, আবেগের দায়িত্ব ভাগ করে নেওয়া– সবই সমান গুরুত্বপূর্ণ। পারিবারিক পরিসরে এই বিষয়গুলির চর্চা থাকলেও তা সব সময় সুসংহত বা বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গিতে হয় না। সেই জায়গাতেই প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণের প্রাসঙ্গিকতা।

zoom

দাম্পত্যজীবনের প্রস্তুতি নিয়ে প্রাতিষ্ঠানিক শিক্ষার ধারণা অবশ্য একেবারে নতুন নয়। প্রায় এক শতক আগে, ১৯২২ সালে আমেরিকার বোস্টন ইউনিভার্সিটিতে সমাজবিজ্ঞানী আর্নেস্ট আর গ্রোভস বিবাহের প্রস্তুতি নিয়ে কলেজ-স্তরের পাঠক্রম তৈরির উদ্যোগ নেন। পরবর্তীকালে ১৯২৭ সালে ‘ইউনিভার্সি‌টি অফ নর্থ ক্যারোলিনা’তে শুরু করেন আরও বিস্তৃত বিবাহ ও পারিবারিক জীবনবিষয়ক পাঠক্রম। তাঁর উপলব্ধি– বিবাহ দু’জন মানুষের ব্যক্তিগত আবেগ পেরিয়ে, জড়িয়ে রয়েছে মনস্তত্ত্ব, সমাজবিজ্ঞান, যৌনতা, অর্থনীতি এবং পারিবারিক দায়িত্বের মতো একাধিক বিষয়ের সঙ্গে। ধীরে ধীরে আমেরিকার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এই ধরনের পাঠক্রম ছড়িয়ে পড়ে। ১৯৫০ সালে প্রিন্সটন ইউনিভার্সিটিতেও চালু হয় ‘এ কোর্স অন ম্যারেজ অ্যান্ড ফ্যামিলি লাইফ’– যেখানে জীবনসঙ্গী নির্বাচন, যৌনতা, জন্মনিয়ন্ত্রণ, পারিবারিক অর্থনীতি এবং বিবাহের আইনি দিক নিয়ে পড়ানো হত। বর্তমানে সিঙ্গাপুর, অস্ট্রেলিয়া, জার্মানি ও আমেরিকার মতো দেশেও বিভিন্ন সরকারি, সামাজিক ও শিক্ষাপ্রতিষ্ঠানের উদ্যোগে ‘ম্যারেজ প্রিপারেশন’ বা ‘রিলেশনশিপ এডুকেশন’ কর্মসূচি রয়েছে।

ভারতে ২০২৫ সালে ‘ন্যাশনাল কমিশন ফর উইমেন’, ‘তেরে মেরে সপনে’ নামে বিবাহপূর্ব কাউন্সেলিং কেন্দ্র চালু করেছে। বিভিন্ন গবেষণায় দেখা গিয়েছে, দম্পতির পারস্পরিক যোগাযোগ, মতপার্থক্য সামলানো এবং সম্পর্ক পরিচালনার দক্ষতা বাড়াতে এগুলি সাহায্য করতে পারে। তবে শুধু প্রশিক্ষণের মাধ্যমে দাম্পত্যের স্থায়িত্ব কিংবা বিবাহবিচ্ছেদ রোধ করা সম্ভব নয়। এই উদ্যোগগুলির সামাজিক গুরুত্ব অন্য জায়গায়। যৌথ পরিবারের ভাঙন, নিউক্লিয়ার পরিবারের বিস্তার, নারীদের আর্থিক স্বাধীনতা এবং ব্যক্তিস্বাতন্ত্র্যের গুরুত্ব বৃদ্ধির সঙ্গে সঙ্গে বদলে গিয়েছে সংসারের পুরনো সমীকরণ। ফলে দাম্পত্যে পারস্পরিক সম্মান, সমান দায়িত্ববোধ এবং মানসিক বোঝাপড়ার প্রয়োজনীয়তা আরও স্পষ্ট হয়ে উঠছে। এখন প্রশ্ন, এই প্রশিক্ষণ কি কেবল বিয়ে টিকিয়ে রাখার কৌশল শেখাবে, না কি একটি সুস্থ, সম্মানজনক ও সমতাভিত্তিক সম্পর্ক গড়ে তোলার মানসিকতাও তৈরি করবে? কারণ, দাম্পত্যের সাফল্য শুধু সম্পর্ক টিকিয়ে রাখার মধ্যে নয়, দু’জন মানুষের মর্যাদা ও স্বাধীনতা অক্ষুণ্ণ রেখে একসঙ্গে পথ চলার মধ্যে নিহিত।

zoom
‘মেড ইন হেভেন’ সিরিজের দৃশ্য়

সাম্প্রতিক পরিসংখ্যানের দিকে তাকালে প্রশ্নটি আরও প্রাসঙ্গিক হয়ে ওঠে। ভারতের ‘স্যাম্পেল রেজিস্ট্রেশন সিস্টেম’ (SRS)-এর ২০২৪ সালের তথ্য অনুযায়ী, দেশের মোট প্রজনন হার কমে দাঁড়িয়েছে ১.৯-এ, যেখানে জনসংখ্যার স্বাভাবিক প্রতিস্থাপনের জন্য প্রয়োজনীয় হার ২.১। পশ্চিমবঙ্গে এই হার আরও কম, মাত্র ১.৩। অন্যদিকে, গোয়ার রাজ্য আইন দফতরের পরিসংখ্যান অনুযায়ী, ২০২২ থেকে ২০২৫ সালের মধ্যে রাজ্যের দেওয়ানি আদালতে ৩,০০০-এর বেশি বিবাহ ও বিবাহবিচ্ছেদ সংক্রান্ত মামলা দায়ের হয়েছে। শুধু ২০২৪ সালেই এই ধরনের মামলার সংখ্যা ছিল ৯৪৭।

সময়ের সঙ্গে বদলাচ্ছে তরুণ প্রজন্মের বিয়ে সম্পর্কে দৃষ্টিভঙ্গি। কেরিয়ার, আর্থিক স্বাধীনতা, ব্যক্তিগত পরিসর ও মানসিক স্বাচ্ছন্দ্যকে গুরুত্ব দিয়ে জেন জির একাংশ বিয়ে ও সন্তানধারণের প্রচলিত ধারণাকে নতুন করে বিচার করছে। তবে জন্মহার কমার নেপথ্যে নারীদের শিক্ষা, কর্মজীবন, দেরিতে সন্তান নেওয়া এবং সন্তান প্রতিপালনের ক্রমবর্ধমান খরচের মতো একাধিক কারণ রয়েছে। এই বৃহত্তর সামাজিক পরিবর্তনের প্রেক্ষাপটে দাম্পত্যের প্রশিক্ষণ চালু করার মধ্যে কি নতুন প্রজন্মের কাছে বিবাহ-প্রতিষ্ঠানের গ্রহণযোগ্যতা বাড়ানোর একটি প্রচ্ছন্ন চেষ্টা রয়েছে? তরুণদের কি চলতি বিবাহ-প্রতিষ্ঠানের সঙ্গে মানিয়ে নিতে শেখানো হচ্ছে, না কি সময়ের সঙ্গে তাল মিলিয়ে বিবাহ-প্রতিষ্ঠানকেই নতুন করে বদলে নেওয়ার প্রয়োজন দেখা দিয়েছে?

zoom
‘তেরে মেরে সপনে’-র বিজ্ঞাপন

দাম্পত্য এমন কোনও পরীক্ষামূলক বিষয় নয়, যেখানে নির্দিষ্ট পাঠক্রম শেষ করলেই সাফল্যের শংসাপত্র পাওয়া যায়। তবু প্রাতিষ্ঠানিক শিক্ষার গুরুত্ব অস্বীকার করার উপায় নেই। এতদিন যে বিষয়গুলি মানুষ মূলত পারিবারিক অভিজ্ঞতা ও ব্যক্তিগত উপলব্ধির মধ্য দিয়ে শিখেছে, সেগুলিকে মনস্তত্ত্ব ও সমাজবিজ্ঞানের আলোয় বুঝে নেওয়ার সুযোগ তৈরি করছে এই উদ্যোগ। তবে তার জন্য দাম্পত্যের পাঠ কেবল বিয়ের আগে কয়েকটি দিনের প্রশিক্ষণে সীমাবদ্ধ রাখলে চলবে না। হয়তো দিন পনেরোর ক্লাস কোনও সংসারকে সুখী করার নিশ্চয়তা দিতে পারে না, তবে বদলাতে পারে এতদিনের চেনা সংসারের সংজ্ঞা।

জয় গোস্বামী লিখেছিলেন–

‘সন্ধেবেলা ঝগড়া হবে, হবে দুই বিছানা আলাদা
হপ্তা হপ্তা কথা বন্ধ মধ্যরাতে আচমকা মিলন
পাগলী, তোমার সঙ্গে ব্রক্ষ্মচারী জীবন কাটাব
পাগলী, তোমার সঙ্গে আদম ইভ কাটাব জীবন।’

zoom

অর্থাৎ, একসঙ্গে জীবন কাটানোর অর্থ এই নয় যে, দু’জন মানুষের মধ্যে কখনও বিরোধ হবে না, কখনও দূরত্ব তৈরি হবে না। সেই বিরোধ ও দূরত্বের মধ্যেও একে অপরের কাছে ফিরে আসার ইচ্ছাটুকুই দাম্পত্য। তাহলে সুখী সংসারের সংজ্ঞা ঠিক করবে কে? সমাজের প্রচলিত ধারণা, পরিবারের অভিজ্ঞতা, না কি কোনও কলেজের পাঠক্রম? যে দম্পতি নিজেদের মতো করে জীবন সাজান, প্রচলিত নিয়মের বাইরে গিয়ে সম্পর্কের শর্ত তৈরি করেন, তাঁদের সুখের মাপকাঠি কি অন্য কেউ নির্ধারণ করতে পারে?

আসলে, সুখী সংসারের কোনও বাঁধাধরা সংজ্ঞা নেই। কোনও প্রশিক্ষণ হয়তো সম্পর্কের জটিলতা বুঝতে সাহায্য করতে পারে, কিন্তু দু’জন মানুষের হয়ে সম্পর্কের ভাষা তৈরি করে দিতে পারে না। সেই ভাষা তৈরি করতে হয় প্রতিদিন– কখনও কথা বলে, কখনও নীরব থেকে, কখনও ঝগড়া করে, আবার কখনও সমস্ত অভিমান সরিয়ে একে অপরের কাছে ফিরে এসে। দাম্পত্যের পাঠশালার সার্থকতা তাই দু’জন মানুষকে নিজেদের মতো করে একটি সম্পর্ক গড়ে তোলার বোধ তৈরি করে দেওয়ায়।

………………….

রোববার.ইন-এ পড়ুন আদিত্য ঘোষ-এর অন্যান্য লেখা

………………….

Affection and Love child birth couple counselling Couple love Goa IndianMarriage Joy Goswami Marriage panaji Sangbad Pratidin Sangbad Pratidin Robbar Sexuality

Share this article on