রবীন্দ্রনাথের জীবনী যেভাবে লিখেছিলেন প্রশান্তকুমার পাল, তা পড়লে বিস্ময়ে হতবাক হতে হয়। কোনও যন্ত্রের সাহায্য ছাড়াই রবিজীবনীর প্রতিটি খণ্ড, পাতার পর পাতা লিখে ভরিয়ে তুলেছেন সুনিপুণ ব্যাখ্যায়। ‘রবিজীবনী’ শুধু তো আর জীবনী গ্রন্থ নয়, এক বিরাট সময়ের মহাফেজখানা।
প্রশান্তকুমার পালের ওপর আমার খুব রাগ। তিনি আমার অনেক কিছু কেড়ে নিয়েছেন। আমার দুপুরগুলো কেড়ে নিয়েছেন। আমার রাত্রিগুলো কেড়ে নিয়েছেন। সকালটাকে আমি ব্যারিকেড করে রাখি, চার ঘণ্টা নিজের জন্য, কবিতার জন্য, সেখানে কিছুতেই ওঁকে ঢুকতে দিই না। আমার ভয় তিনি আমার সকালেও ঢুকে পড়তে পারেন।
‘রবিজীবনী’। একটা জীবনী। একজন লেখকের জীবনী, একজন কবির জীবনী। কত কবির জীবনী পড়েছি আমরা, কত বিজ্ঞানীর জীবনী পড়েছি, কত রাজারানির জীবনী পড়েছি। কিন্তু এরকম জীবনী আমি আর কখনও কোনও দিন পড়িনি। একটা জীবনী লিখতে দশ খণ্ড লাগে? এক একটা খণ্ড চারশো পাতার, পাঁচশো পাতার? এরকম কাজ একজন গবেষক একা হাতে কী করে লিখলেন? কম্পিউটার ছাড়া? এখন একটা ৩০০ পাতার অভিধানও তৈরি হয় না কম্পিউটার ছাড়া। প্রশান্তকুমারের মেধা-মনন-দর্শন– সব সরিয়ে রেখে একটা কথা বলি, কী করে এতগুলো পাতা তিনি লিখলেন? তিনি কি কোনও দেবদূত? কাঁকিনাড়া থেকে লোকাল ট্রেনে উঠে তিনটে নাগাদ নামতেন শিয়ালদহ স্টেশনে, তারপর পায়ে হেঁটে সিটি কলেজ। স্টাফরুমে এসে বসতেন, একটু জল খেতেন, ক্লাস করতেন সন্ধেবেলার কলেজ আনন্দমোহনে। আমার ছিল সিটি কলেজ, দুপুরবেলা। উনি যখন আসতেন আমি তখন বেরতাম। মাঝে মাঝে বেরতাম না। মানুষটার টানে থেকে যেতাম। একদিন জিজ্ঞেস করলাম, ততদিনে ছ’টা খণ্ড বেরিয়ে গিয়েছে, ‘‘কী করে পারেন? এতগুলো পৃষ্ঠা লিখলেন কী করে? আরও ক’টা খণ্ড হবে?’’

তিনি হো হো করে হেসে উঠলেন স্টাফরুমে। আমার পিঠে স্নেহের হাত রেখে বললেন, ‘‘কালকেই তোমার একটা কবিতা পড়লাম ‘দেশ’ পত্রিকায়।’’ আমি বললাম, ‘‘বলুন না ক’টা খণ্ড হবে?’’ এবার একটু গম্ভীর হয়ে বললেন, ‘সে কি বলা যায় এত আগে, ১৫-১৬টা তো হবেই।’ সেদিন অনেক কথা হল, রবীন্দ্রনাথ নিয়ে কোনও কথা হয়নি, বিশ্বভারতী নিয়ে কোনও কথা হয়নি। কাঁকিনাড়া থেকে যাতায়াতে তাঁর সময় নষ্ট হচ্ছে, সেটা বললেন। আর একটা কথা বললেন যেটা আজ বুঝতে পারি, কথাটা মারাত্মক ছিল, ‘আমার সময় বড় কম, প্রতিদিন সময়টা ছোট হয়ে আসছে।’ এটা যে একটা বড় অসুখের ইশারা, সেটা আমি সেদিন বুঝিনি। পরে জেনেছিলাম। পরে এও জেনেছিলাম, অধ্যাপক পালকে বিশ্বভারতীতে নিয়ে যাওয়া হয়েছিল যাতে সেখানে বসে গবেষণার সাধনা চালিয়ে নিয়ে যেতে পারেন। বিশ্বভারতীতে আনন্দবাজার পত্রিকা প্রবর্তিত অশোককুমার সরকার স্মৃতিবৃত্তির প্রথম প্রাপকরূপে তিনি কাজ করতে পেরেছিলেন। পরবর্তী সময়ে বিশ্বভারতীতে অধ্যাপনা করেছিলেন। এই সময়খণ্ড তাঁর সোনা খোঁজার কাজে ভৌগোলিক কারণে অনেক সহজ হয়েছিল।
রবীন্দ্রনাথ জাপানে বিপর্যস্ত হয়ে জাহাজে উঠলেন। জাপানে তাঁর সময়টা ভালো কাটেনি। পত্রপত্রিকায় কটু সমালোচনায় তাঁর মনটা তিক্ত হয়ে ছিল। জাপান থেকে চলে আসার আগে তিনি ‘আসাহি শিম্বুন’ পত্রিকায় একটি সাক্ষাৎকার দেন, সেখানে বলেন তাঁর বক্তৃতার ভুল ব্যাখ্যা হয়েছে। তিনি কখনওই ‘বস্তুবাদী সভ্যতা’কে অভিশাপ দেননি। তিনি ‘আধ্যাত্বিক সভ্যতা’র কথা বলেছেন। সেটা নিয়েই গন্ডগোল বেঁধে গিয়েছে। রবীন্দ্রনাথ ব্যাখ্যা করে বোঝালেন, তোমার হাতে একটা ধারালো ছুরি আছে, সেটা যেন তোমার গলা না কেটে ফেলে, তুমি ছুরি ব্যবহার করো, ছুরি যেন তোমাকে ব্যবহার না করে।

প্রশান্ত মহাসাগরের দীর্ঘ ঝড়ের জলপথ পার হয়ে তিনি এসে পৌঁছলেন ক্যালিফোর্নিয়ায়। ১৯১৬ সাল, অক্টোবরের শুরু। সময়টা বড় খারাপ। ইউরোপে প্রথম বিশ্বযুদ্ধ চলছে। সান ফান্সিসকোর যে হোটেলে উঠলেন তার নাম ‘প্যালেস’। এখানেই তাঁকে খুন করার একটি ষড়যন্ত্র তৈরি হয়েছিল। ষড়যন্ত্র না প্রহসন? খালসা দিওয়ান সোসাইটির পক্ষ থেকে একজন বয়স্ক অধ্যাপক বিশেন সিং মাত্তু দুই সন্ধি-সহ সঙ্গী-সহ রবীন্দ্রনাথকে আমন্ত্রণ জানাতে এসেছিলেন। হোটেলের সামনে একহাত কাটা জীবন সিং ও হাতেশী নামে দু’জন বাধা দেয়। কথা কাটাকাটি চলে। অধ্যাপকের মাথার পাগড়ি মাটিতে লুটিয়ে পড়ে। বিষয়টি আদালতে পর্যন্ত গড়ালে ২০ ডলার জামিনে তাঁরা ছাড়া পান। এই ঘটনার পর সিয়াটেলের টাইমস পত্রিকা হেডলাইন করে বসল: Rabindranath Tagore, Hindu poet, Fugitive from Assassin’s plot. হিন্দু কবি রবীন্দ্রনাথ ঠাকুর, হত্যাকারীর হাত থেকে পালিয়ে বেড়াচ্ছেন। একথা আমেরিকায় ছড়িয়ে পড়ল। কেউ কেউ এটাও বলল যে, রবীন্দ্রনাথ জনগণমন-অধিনায়ক লিখে ইংরেজের স্তুতি করেছেন তাই বিপ্লবীরা তাঁকে মারার জন্য স্টকহোম থেকে লোক পাঠিয়েছে। ৭ অক্টোবর লস অ্যাঞ্জেলস এগ্জামিনার পত্রিকায় সই করে চিঠি পাঠালেন, এরকম কিছু ঘটেনি, কেউ আমাকে মারতে আসেনি, ভয়ে আমি পালিয়ে বেড়াচ্ছি না, আমি কোনও অনুষ্ঠান ক্যানসেল করিনি। এই তো ট্রেনে চেপে দিব্যি পৌঁছে গেলাম সান্তা বারবারা।
কিন্তু এই বিষয়ে প্রশান্তকুমার পাল তারিখ, হোটেল, সংবাদপত্র উল্লেখ করে যে পাঁচটি পাতা আমাদের উপহার দিয়েছেন, তা যেন মনে হয় উমবের্তো একোর বিদুষী থ্রিলার পাঠ করছি।

সত্যেন্দ্রনাথ দত্তের মৃত্যুর পর তাঁর স্মরণসভা কেমন হয়েছিল, আমরা কি জানি? আমি তো জানতাম না। প্রশান্তকুমার পাল জানিয়েছেন, সত্যেন্দ্রনাথের মৃত্যুতে রবীন্দ্রনাথ খুব কষ্ট পেয়েছিলেন। স্মরণসভায় তিনি উপস্থিত হয়ে যেভাবে প্রশংসা করেছিলেন, সেই প্রশংসা রবীন্দ্রনাথ তাঁর পরবর্তী কবি সম্পর্কে কখনও করেননি। সত্যেন্দ্রনাথের ছন্দ না কি তাঁর ছন্দকেও অতিক্রম করে গিয়েছিল।
ড. রাসবিহারী ঘোষের সঙ্গে রবীন্দ্রনাথ নাইটহুড নিয়েছিলেন। গান্ধী যখন চরকা কাটতে বললেন রবীন্দ্রনাথকে তখন রবীন্দ্রনাথ গান্ধীকে বলেছিলেন, তুলো দিয়ে আমি কী করব? টমসন নামে এক ইংরেজ ‘অক্সফোর্ড বুক অফ বেঙ্গলি ভার্স’ বের করতে চেয়েছিলেন তিন খণ্ডে। এই টমসন রবীন্দ্রনাথের বায়োগ্রাফি লিখেছিলেন। প্রথম খণ্ড হয়ে গিয়েছিল, রবীন্দ্রনাথ বারবার অনুরুদ্ধ হয়ে ভূমিকা লিখে দেবেন বলেছিলেন, কিন্তু সে বই বেরয়নি। এরকম অজস্র হিরের কুচি ছড়িয়ে রয়েছে পাতায় পাতায়। প্রত্যেকটি ঘটনার সাল-তারিখ লিপিবদ্ধ আছে। এটি এমন একটি জীবনী যেন প্রতিটা পৃষ্ঠার প্রমাণ আমি বিশ্বভারতীর রবীন্দ্র ভবনে দাঁড়িয়ে হাতে নিয়ে দেখছি।
প্রশান্তকুমার পাল মুসোলিনির সঙ্গে রবীন্দ্রনাথের মুহূর্তগুলোকে নিখুঁতভাবে তুলে এনেছেন। ২০২৬, ৩০ মে, ১৬ জ্যৈষ্ঠ, সকালে রবীন্দ্রনাথ নেপলস এলেন। মুসোলিনি একটি বার্তায় তাঁকে সরকারি অতিথি হিসেবে রোমে আমন্ত্রণ জানান। নেপলস থেকে রোমে পৌঁছনোর যে ট্রেন, সেই ট্রেনে রবীন্দ্রনাথের বিশেষ রাজকীয় বগি না লাগা পর্যন্ত ট্রেন দাঁড়িয়েছিল। স্টেশন চত্বর লোকে লোকারণ্য। ‘মধ্যধরণী সাগর’ থেকে রোমে এসে মুসলিনির সঙ্গে দেখা হতেই ইতালির প্রধানমন্ত্রী বললেন: Allow me to tell you that I am one of those, who have read every one of your books in Italian and I am one of your Italian admirers. মুসোলিনি ইংরেজি জানতেন। তবু তিনি দোভাষী নিয়ে কথা বললেন। রবীন্দ্রনাথের ইতালি সফরের মধ্যে একটা ‘থ্রিলার এলিমেন্ট’ ছিল। ইতালিতে আসার নেপথ্যে যে আধ্যাপক-পণ্ডিত মানুষটি ছিলেন, তাঁর নাম ফরমিকি। তিনি মুসোলিনির লোক। তিনি ইতালিয়ান রেনেসাঁস ও ইতালিয়ান সাহিত্যের এক লাইব্রেরি বই উপহার দেন বিশ্বভারতীকে ও ড. তুচ্চিকে পাঠান অধ্যাপনা করতে রোমের খরচে। পুরোটাই মুসোলিনির ফাঁদ। রবীন্দ্রনাথ গলে গেলেন। কিন্তু প্রশান্তচন্দ্র মাঝখানে ঢুকে পড়ায় অন্য খেলা শুরু হল। রানি লিখছেন, ফরমিকি কবিকে সবসময় পাহারা দিয়ে রেখেছেন। যারা ইন্টারভিউ নিতে আসে তাদেরকে ফরমিকি ইতালিতে ব্রিফ করে দেন কবির ইংরেজি ভাষ্য। ফরমিকি সেগুলোকে মুসোলিনির ভূয়সী প্রশংসা হিসেবে চালিয়ে দেন। সারা ইতালিতে ছড়িয়ে পড়ল রবীন্দ্রনাথ ফ্যাসিইজমের প্রশংসা করছেন। কী মারাত্মক ঘটনা? একদম করেননি, তা তো নয়। যেমন: His Excellency Mussolini seems modelled body and soul by the chisel of a Michael Angelo. এসব কথা বড় বড় কাগজে বড় বড় হেডলাইন হয়ে উঠল। ফাসিস্ত মুখপত্র ‘ত্রিবুনা’ রবীন্দ্রনাথকে আকাশে তুলে দিল। যিনি নিজেই আকাশ তাঁকে আকাশে তুলতে হবে কেন? কিন্ত যা সর্বনাশ হওয়ার হয়ে গিয়েছে। প্রশান্তচন্দ্র ডিকশনারি কিনে গ্রামার বই কিনে স্থানীয় খবরের কাগজ পড়ে জানতে পারলেন ফরমিকি যা করার করে দিয়েছেন। সারা ইউরোপ জেনে গিয়েছে রবীন্দ্রনাথ এখন মুসোলিনির লোক। কবি পাল্টে গিয়েছেন।

রোম থেকে তিনি চলে এলেন এরপর সুইজারল্যান্ড। সেখানে এসেই বুঝতে পারলেন কী ভুল তিনি করেছেন। রমা রঁলা তাঁকে বকাবকি করলেন। ড্যামেজ কন্ট্রোল করতে রঁলাই পথে নামলেন। তিনি সংবাদপত্রের সঙ্গে কথা বলে সাংবাদিকদের ডেকে রবীন্দ্রনাথকে বসিয়ে দিলেন। রবীন্দ্রনাথ মুসোলিনির বিরুদ্ধে বললেন। খবর পৌঁছে গেল মুসোলিনির কাছে। তিনি বললেন, আমার দেশে এসে আমার ঘরে থেকে আমার প্রশংসা করে যায় যারা তারাই বর্ডার পেরলে আমার নিন্দা করে, এই তো সব আজকের বুদ্ধিজীবী!
রবীন্দ্রনাথের জীবন মানে রবীন্দ্রনাথের জীবন নয়। রবীন্দ্রনাথের জীবন মানে একটা দেশের ৮০ বছর, একটা ভূখণ্ডের ৮০ বছর, একটা সময় খণ্ডের ৮০ বছর, একটা ভুবনায়নের ৮০ বছর। ‘রবিজীবনী’ শুধু একটি জীবনী গ্রন্থ নয়, একটি বিরাট সময়ের মহাফেজখানা। প্রশান্তকুমার পাল অমর হয়ে থাকবেন, যতদিন রবীন্দ্রনাথ থাকবেন।
………………..
রোববার.ইন-এ পড়ুন সুবোধ সরকার-এর অন্যান্য লেখা
………………..
A Unit of: Sangbad Pratidin Digital Private Limited. All rights reserved