রাস আমাদের নাচে-গানে বহুলচর্চিত। রাধা-কৃষ্ণ-গোপী আর গাছ-ফুল-পশু-পাখি নিয়ে রাসমণ্ডলের কল্পনা আমাদের শিল্পের এক বলিষ্ঠ পদক্ষেপ। পটচিত্র আর মন্দিরের ভাস্কর্য রাসমণ্ডলে উল্লসিত হয়ে আছে। কারণ ‘রাসমণ্ডল জীবনচক্রের অন্যতম ভাবনা ব্যতীত অন্য নহে’। সেই পট ফুরিয়ে আসছে। মন্দিরে লেগেছে নোনা। তাও যেটুকু দেখা যায়, তাতেও বুঝি দর্শকের দেহবোধ লুপ্ত হয়।
সদ্য শারদ রাসের জোছনায় আমাদের রাত অতিক্রান্ত হল। আমাদের মননের অতি গভীরে, রাধা-কৃষ্ণের অস্তিত্ব গ্রথিত হয়ে আছে সেই কোন পুরনো সময় থেকে। সেই প্রেমসাহিত্যের শুরু আভীর উপজাতির গোচারণভূমিতে, তাদের রাখালদের সঙ্গে আভীর নববধূদের বিবাহরহিত প্রেম থেকে। কতক চটুল, কতক স্থূল ছিল তার চলন। সে-সকল রাখালিয়া ছড়া-গান প্রায় ষষ্ঠ শতকের মধ্যেই ছড়িয়ে পড়ল। লৌকিক সংস্কৃতির সহজাত সমীকরণের ঝোঁক ঢেউ দিল পুরাণের সাগরে। আভীর ছড়া হয়ে উঠল বৃন্দাবনের রাধা-কৃষ্ণ লীলার আখ্যান। তারপর ক্রমশ সূক্ষ্মতর হতে থাকে সেই প্রেম, অধ্যাত্মবাদ তার নিবিড় দর্শনে সেই প্রেমকে উদ্ভাসিত করে চলে প্রতিনিয়ত। শেষে ‘এই রাখালিয়া ঐতিহ্য বনে বনান্তরে নহে, মনে মনে আপনার প্রতাপ বিস্তার করে।’

কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে বাসন্তী রাসের উল্লেখ থাকলেও, মূলত উদ্যাপিত হয় শারদ রাস। পুরাণ বলে, বস্ত্রহরণের দিনই না কি কৃষ্ণ গোপিনীদের কাছে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিলেন যে, তিনি পরের পূর্ণিমায় তাদের সঙ্গে রাসলীলা করবেন।
‘যখন করেন হরি বস্ত্রহরণ।
গোপিদের কাছে তিনি করিলেন পণ।।
আগামী পূর্ণিমাকালে তাঁহাদের সনে।
করবেন রাসলীলা পুণ্য বৃন্দাবনে।।’
রাসলীলা সহজ কথায়, কৃষ্ণের সঙ্গে রাধার ও গোপীদের সুললিত নাচ বোঝালেও, সেই নাচ সহজ নয়। সে সমবেত নাচে দেহস্মৃতি লোপ পায়। ‘কবীন্দ্রবচনসমুচ্চয়’ কাব্য বলছে, ‘দিবস শিথিল হইয়া আসিতেছে, তখন গোরুগুলিকে ফিরাইয়া লইয়া মন্দ মন্দ বেণু বাজাইতে বাজাইতে কৃষ্ণ গৃহাভিমুখে ফিরিতেছে, তাহার মাথায় গোধূলিধুম্রময়ূরপুচ্ছের চূড়া, গলায় দিবসম্লান বনমালা, শ্রান্ত হইয়াও সে রম্য।’ এ তো তার দিনশেষে বাড়ি ফেরার বিবরণ। তাহলে যমুনা-তীরস্থ ঘন জঙ্গলে হেমন্তের জোছনাদারি, যেখানে নিঃস্ব করে ছাড়ে সেখানে কৃষ্ণের সৌন্দর্য কোথায় পৌঁছতে পারে! আমাদের সাহিত্য সেই বর্ণনায় সমৃদ্ধ।

রাসের রাত কার্তিক-পূর্ণিমার, আর নদী যমুনা। কৃষ্ণের ব্যাকুল বাঁশি শুনে গোপীরা যে যার কাজ ফেলে ছুটে এল। ঘিরে ঘিরে নাচ হল প্রায় সারা রাত। তারপর যেই শ্যামকে নিয়ে গোপিনীদের মনে অহংকার জন্মাল, অধিকারবোধ জন্মাল, কৃষ্ণ চলে গেলেন! গোপিনীরা বনময় তাঁকে খুঁজে ফিরল। এ তো হল রাসলীলার ঘটনাক্রম। কিন্তু রাসের ঘটনা আর চেতনায় আমাদের দর্শন ক্রমশই সঞ্চারণশীল।
কৃষ্ণের ভাব দু’টি; ঐশ্বর্য– যাতে ভক্তি জাগে, আর মাধুর্য– যাতে প্রেম জাগে। রাসলীলাই হল সেই মাধুর্য ভাবের উৎকৃষ্ট প্রকাশ। আর রাস ব্যাখ্যায় রাধার গুরুত্ব সর্বাধিক। আধ্যাত্মবাদ অনুসারে যদিও কৃষ্ণের হ্লাদিনী বা আনন্দ শক্তি হলেন রাধা; তাও রাধাই মূল আশ্রয়। কমলকুমার মজুমদার লিখছেন, ‘তাঁর মুখখানির দিকে চাহিয়া আমরা অন্তরে উদ্বেলিত হইয়া উঠি; …বেদান্ত এই সৌন্দর্য্যকে বিদ্রূপ করিতে পারে না। কেননা দীর্ঘ আয়ত চক্ষুদ্বয়, কেননা অধরে স্মিতহাস্য রেখা এবং পদ্মপত্রস্থিত জলকণার লাবণ্য এখানে বেপথুমান।’ এমন আশ্রয়ের বিষয় শ্রীকৃষ্ণ। স্বামী বেদানন্দ তাঁর ‘বৃন্দাবনের রাসলীলা’-তে লিখছেন, ‘আশ্রয়ের সাথে বিষয়ের গাঢ় মিলন হল রাস।… রাসলীলার বিরহ একে আরও নিবিড় করে তোলে।’

‘শ্রীরাধার ক্রমবিকাশ’ বইটিতে শশিভূষণ দাশগুপ্ত রাস প্রসঙ্গে যোগেশচন্দ্র রায়ের মতামতটিকে ব্যক্ত করেছেন, ‘কোন কোন পণ্ডিত মনে করেন, রাধাকৃষ্ণতত্ত্বে মূলতঃ কোনও ধর্মতত্ত্ব ছিল না, ইহা মূলতঃ একটি জ্যোতিষতত্ত্ব। বিষ্ণু হইলেন সূর্য… কৃষ্ণ হইলেন এই বিষ্ণুর অবতার, অর্থাৎ সূর্যের রশ্মিস্থানীয়, বা প্রতিবিম্ব।… কৃষ্ণ হইল সূর্য-প্রতিবিম্ব, গোপী তারকা।… কবি কৃষ্ণ-রবিকে রাস-মধ্যস্থ ও গোপী-তারাকে মণ্ডলাকারে সাজাইয়াছেন।’ তিনি সিদ্ধান্তে আসছেন, ‘কতকগুলি জ্যোতিষতত্ত্বই কবিকল্পনার আশ্রয় গ্রহণ করিয়া রূপকধর্মী হইয়া উঠিয়াছে। পরবর্তীকালের লোকেরা পৌরাণিক যুগের এই জ্যোতিষতত্ত্বটি আস্তে আস্তে ভুলিয়া গিয়া রূপকটাকেই সত্য বলিয়া গ্রহণ করিয়াছেন এবং এইভাবেই রূপকাশ্রয়ে বহুপল্লবিত রাধাকৃষ্ণ লীলোপাখ্যানের উদ্ভব হইয়াছে।’ অবশ্য শেষে একটা সতর্কতাও তিনি দিয়েছেন, ‘রাধাকৃষ্ণ সম্বন্ধে শ্রদ্ধেয় যোগেশবাবুর মত প্রণিধানযোগ্য বটে… কিন্তু এ বিষয়ে আরও অনেক স্পষ্ট তথ্য না পাইলে… এ-কথা এখন সম্পূর্ণরূপে মানিয়া লওয়া শক্ত।’
রাসলীলা বিষয়ে কমলকুমার মজুমদার আরেকটি দিক উন্মোচন করেছিলেন তাঁর প্রবন্ধ ‘বাঙ্গালার টেরাকোটা’-এ। তিনি লিখছেন, “রাসমণ্ডলের কল্পনা সংযম ও শ্রদ্ধার শেষ বাক্য।… যে ভাগবতের লেখক স্বয়ং ব্যাসদেব, বক্তা আবাল্য ব্রহ্মচারী পরমযোগী শুকদেব, এবং শ্রোতা মৃত্যু প্রতীক্ষারত রাজা পরীক্ষিত, সেখানে ‘রাস’ বাক্যের অর্থ আর এক, যোগ ব্যতীত সে-অর্থ উপলব্ধি করা যায় না। কেননা, ‘রাস’ আদিরসাত্মক ক্রীড়া নহে, উহা বৈরাগ্যজনীন ক্রীড়া।” তিনি এ-প্রসঙ্গে কৃষ্ণনাথ ন্যায়রত্নের ‘রাস পঞ্চাধ্যায়’-এর ভাবার্থটিও তাঁর লেখায় যুক্ত করেছেন; ‘সেই রক্ষকশূন্য ভীষণতাময় অরণ্যে গোপীদিগের সর্ব্বপ্রকারে রক্ষক হইয়া উপগায়নরীতিতে কৃষ্ণ নাম গান করিয়াছিলেন এবং সেই গোপীপ্রদত্ত নানা পুষ্পরচিত মালা ধারণ করিয়াছিলেন। অথবা সংসারকে যে গোপীসমূহ জয় করিয়াছে, সেই বেষ্টনাকারে মালার ন্যায় শ্রেণীবদ্ধ গোপীমালাকে ধারণ করিয়াছিলেন (অর্থাৎ ভক্তত্বে গ্রহণ করিয়াছিলেন)।”

রাসলীলার স্থান নিবিড় বন। তাই রাস সংস্কৃতিতে গাছ-ফুল-পশু-পাখি খুব প্রয়োজনীয়। এমন ঘন জঙ্গল না থাকলে বোধহয় এই লীলার, এই নাটকের ‘unity of time, place and action’ থাকত না। শক্ত বুনোট না থাকলে এই দর্শন বয়ে নিয়ে চলা অসম্ভব। তাঁর ‘রোজনামা-২’-তে আবারও কমলকুমার মজুমদারকে পড়া যায়। হঠাৎ নাচ থামিয়ে কৃষ্ণ উধাও হলে, গোপীরা বনময় শুধিয়ে ফিরছেন, ‘হে অশ্বথ্থ, হে পিপুল, হে বটবৃক্ষ, তোমাদিগকে জিজ্ঞাসা করিতেছি প্রেম, হাস্য একভাবে অবলোকন করিয়া নন্দতনয় আমাদিগের মনপ্রাণ হরণ করিয়া গিয়াছিল, তোমরা কি দেখিয়াছ? …হে মালতি, হে মল্লিকে, হে জাতিযূথিকে …তোমরা দেখিয়াছ?’ তাদের সেই অব্যক্ত দেখার সঙ্গে, আমাদের দেখাকে মিলিয়ে দিতে চায় রাসলীলা।
রাস আমাদের নাচে-গানে বহুলচর্চিত। রাধা-কৃষ্ণ-গোপী আর গাছ-ফুল-পশু-পাখি নিয়ে রাসমণ্ডলের কল্পনা আমাদের শিল্পের এক বলিষ্ঠ পদক্ষেপ। পটচিত্র আর মন্দিরের ভাস্কর্য রাসমণ্ডলে উল্লসিত হয়ে আছে। কারণ ‘রাসমণ্ডল জীবনচক্রের অন্যতম ভাবনা ব্যতীত অন্য নহে’। সেই পট ফুরিয়ে আসছে। মন্দিরে লেগেছে নোনা। তাও যেটুকু দেখা যায়, তাতেও বুঝি দর্শকের দেহবোধ লুপ্ত হয়।

আগেই জানালাম যে, রাস সংস্কৃতিতে গাছ-ফুল-পশু-পাখি খুব প্রয়োজনীয়। তাই রাস উৎসব উপলক্ষে শোলার গাছ-ফুল-পশু-পাখি-মাছ এখনও কিছু বানানো হয়। সেগুলি সাধারণত ঠাকুরের আসনের চারপাশে বা সিংহাসনে ঝোলানো হয়। এরা আমাদের রোজের জীবনে অরণ্যের অপরিহার্যতার বাহক। কিন্তু এ শিল্পও মলিন হয়ে আসছে।
রাসমণ্ডলের দিকে আমর্ম তাকিয়ে থাকলে, আমরা নিজেদেরই ওখানে আবিষ্কার করে ফেলি। আমরা প্রত্যেকেই ওই চক্রের অন্তর্গত। কেউ থাকি ধর্মে, কেউ শিল্পে, কেউ মেলায়। শুধু ফাঁকি পড়ে যায় অরণ্যের ভাগে।
…………………
রোববার.ইন-এ পড়ুন সীমন্তিনী ভট্টাচার্য-র অন্যান্য লেখা
…………………
A Unit of: Sangbad Pratidin Digital Private Limited. All rights reserved