আমি একটা পিঁপড়ে হলে খুব মজা হত। পিঁপড়েরা গুটিগুটি পায়ে যেখানে সেখানে যেতে পারে। আমি তাই-ই করতাম। আমি ছোট হয়ে বাড়ির যে কোনও কোনায় চলে যেতাম। মা যে চকলেটগুলো লুকিয়ে রাখে, আমি সেগুলো ঠিক খুঁজে পেয়ে যেতাম। মা বুঝতেও পারত না! খোলা আকাশের নিচে লাইন করে করে যেতাম আরও অনেক পিঁপড়ের সঙ্গে। যারা দুষ্টুমি করে, আমি তাদের কুট্টুস করে কামড়ে দিতাম। আমি সব পিঁপড়ের সঙ্গী হতাম।
নাম: আগ্নিক দালাল
বয়স: ৬
……………………………………..
আমি কালো পিঁপড়ে হতাম। মাটির দুর্গ বানাতাম। গুটিগুটি পায়ে হাঁটতাম। শুঁড় নাচিয়ে মজা করতাম। আমি শুঁড় দিয়ে কাতুকুতু দিতে পারি, তোমাদের হাসতে ইচ্ছে হলে আমায় ডেকো। এখন আমরা দলবেঁধে খাবার খুঁজতে বের হই। শীতের খাবার আগেই জমা করি, মাকে আর খাবার দিতে হয় না। আমি খুব ছোট, আমায় মাড়িয়ে দিও না। আমি তোমাদের বৃষ্টির খবর এনে দেব, এখন যাই।
নাম: অক্ষর
বয়স: ৭
……………………………………..
আমি একটি রং পেনসিল, আমার রং গোলাপি। আমার বন্ধু হল নীল-লাল-কমলা-সবুজ আর হলুদ। তোমাদের বন্ধুদের কী নাম গো? জানো আমার চুলটা মজার আর সুন্দর। সেই চুল দিয়ে আমি ছবির ওপর গোলাপি রং করতে পারি। মাঝে মাঝে মনে হয়, যেন দেওয়ালে, বইতে, মেঝেতে রং করি। রং করা হয়ে গেলেই, আমাদের বাক্সতে ঢুকিয়ে দেয় মানুষগুলো। কী দুষ্টু, ইশ, একদম ভালো লাগে না। মানুষগুলো যদি একটু আমাদের জন্য ভাবত।
যাক গে, আমি তো আর ভয়টয় পাই না। তাই আমি মাঝে মাঝেই বাক্স থেকে বাইরে বেরিয়ে এদিক-ওদিক চলে যাই। ভাবি, কী কী আমি রং করতে পারি। যেরকম মেঘটা সাদা, আমি যদি গোলাপি করে দিতে পারতাম! গাছটা কীরকম সবুজ-সবুজ আমি যদি গোলাপি করতে পারতাম! আর সবথেকে ভালো হত– যদি আমি গোটা পৃথিবীটাকেই গোলাপি করে দিতে পারতাম!
নাম: অত্রীশ মুখোপাধ্যায়
বয়স: ৮
……………………………………..
আমি যদি টিফিন বক্স হতাম, তাহলে আমার খুব আনন্দ হত। কারণ আমার মধ্যে তখন দারুণ দারুণ খাবার থাকত। আর সব থেকে মজার কথা কোনও পড়াশোনা করতে হত না। ব্যাগের মধ্যে সবসময় ঘুমিয়ে থাকতাম। যে দিনগুলো ভালো খাবার থাকত, সেই দিন আমায় নিয়ে সে কী কাড়াকাড়ি! তবে কাঁটাচামচ দিয়ে খাবার খাওয়ার সময় আমার একটু ব্যথা লাগত। বাড়ি এসে সাবান দিয়ে যখন আমায় চান করাত, তখন একটু চোখ জ্বালা করলেও, পরে নরম তোয়ালে দিয়ে মোছার সময় আরাম হত। শনি-রবিবার আমার কোনও কাজ থাকত না। তবে ভুল করে যেদিন আমায় কেউ স্কুলে ফেলে রেখে আসে, তখন ভয় করে। একজন এসে আমায় আমার মতো আরও বন্ধুদের সঙ্গে একটা আলমারিতে রেখে দেয়। পরের দিন যখন খুঁজে নিয়ে যায়, আমার খুব মজা হয় তখন। আমার সব বন্ধুদের সঙ্গে টিফিনের সময়ই দেখা হয়, এটাই যা দুঃখ।
নাম: ধ্রুবক ভট্টাচার্য
বয়স: ৬
……………………………………..
যদি আমি একটা পিঁপড়ে হতাম, আমি প্রথমেই আয়নার কাছে গিয়ে নিজেকে ভালো করে দেখতাম। আমি, অন্য পিঁপড়ে কী করে, তা দেখতাম। তাদের সঙ্গে কথা বলতাম। আমি মাটির জগতে গিয়ে পিঁপড়েদের সঙ্গে গল্প করতাম। আমি একটা পিঁপড়ে হয়ে গিয়ে আমাকে দেখতে পাচ্ছি। আবার মানুষ আমি ছোট্ট পিঁপড়েদের লক্ষ করছি। মানুষ-আমি এইরকম ক্ষুদ্র প্রাণী– যেমন শামুক, ফড়িং, মাকড়সা, পিঁপড়েকে লক্ষ করতে পছন্দ করি। ভয়ও একটু পাই। আবার পিঁপড়ে হয়ে বাসার আশপাশে প্রাণীদের সঙ্গে আমি বন্ধুত্ব করি ও সবরকমের প্রাণীর কথা জানি। এতক্ষণে রাত হয়ে যায়। আমি আবার আমার মানুষদেহে ফিরে আসি। দিনটা মজার হয়। পোকামাকড় খুব মজার।
নাম: ধ্রুপদী শঙ্খমালা আদিরা
বয়স: ১০
……………………………………..
যদি চড়াই হতাম খুব মজা হত। আমার দুটো ডানা থাকত। যেখানে-সেখানে আমার ইচ্ছেমতো যেতে পারতাম। গাছের ফল খেতাম। কেউ বারণ করত না। বৃষ্টি পড়লে একটু ভিজতাম। কখনও উড়ে বাসায় চলে যেতাম। অন্য চড়াইদের সঙ্গে কিচিমিচি করে কথা বলতাম। অনেক উঁচু ছাদে এসে বসতাম। উঁচু গাছে গিয়ে বসতাম। কিন্তু গরমকালে বেশিক্ষণ উড়লে আমারই কষ্ট হত। জলের জন্য আকাশের দিকে তাকিয়ে থাকতাম।
নাম: দ্রীশানী চক্রবর্তী
বয়স: ৭
……………………………………..
আমি যদি জানলা হতাম, তবে আমাদের বাসার সামনের ঘরের যে জানলা আছে, সেই জানলা হতাম। এই জানলা দিয়ে রাস্তা দেখা যায়, মানুষ দেখা যায়, আকাশ দেখা যায়, চিল দেখা যায়। আমি জানলা হয়ে সারাদিন এগুলো দেখতাম। অন্যদেরকেও দেখতে দিতাম। অনেক মজা হত। কিন্তু জানলা হওয়ার অনেক বিপদ আছে। সন্ধ্যা হলেই আমার ভিতর দিয়ে মশাগুলো ঘরে ঢুকে পড়ত। আর সঙ্গে ভূত! কিন্তু বাবা বলেছে, শহরের বাসার জানলা হয়ে মজা নেই। জানলা হতে হলে গ্রামের কোনও বাসার জানলা হতে হবে। তাহলে আমি সবাইকে সকালের মিষ্টি আলো আর সারাদিন সুন্দর ঠান্ডা বাতাস দিতে পারব। দিনের বেলা আমি যেমন সবাইকে সবুজ গাছ আর পাখি দেখাতে পারব, তেমনই রাতের বেলা আকাশের চাঁদ আর পেঁচা দেখাতে পারব।
তবে আমি কখনও গ্রামে যাইনি। কিন্তু এক শীতে আমি বাবা আর মা-র সঙ্গে বান্দরবন বেড়াতে গিয়েছিলাম। সেখানে গিয়ে আমরা পাহাড়ের ওপর ছোট একটা কুঠিবাড়িতে ছিলাম। তাই সত্যিই আমি যদি জানলা হতাম সেই কুঠিবাড়ির জানলা হতাম। আর সবাইকে দূরে সবুজ পাহাড় আর মেঘ দেখাতাম।
নাম: ফাতিমাহ্ লাজিনা
বয়স: ৭
……………………………………..
আমি চাইতাম, আমি আম গাছ হই। আমার ডালে কাঁচাপাকা আম ঝুলত। মোটা মোটা ডালে পাখিরা বাসা করত। পাখিরা পাকা আম খেত। বাচ্চারা ঢিল বা লাঠি দিয়ে আম পাড়ত। কেউ কেউ গাছে উঠেও আম পাড়ত। বাচ্চারা কাঁচা আম নুন-চিনি-লঙ্কা দিয়ে মেখে খেত। পাকা আমের জুস খেত। আমি গ্রামের বাড়ির পাশে জন্মাতে চাইতাম। আমার নিচে অনেকে ছায়ায় দাঁড়াত। আমি সবাইকে অক্সিজেন দিতাম। আমার নিজের ওপর অনেক গর্ব হত।
নাম: ঈশাণ মণ্ডল
বয়স: ৭
……………………………………..
যদি আমি পিঁপড়ে হতাম, তাহলে আমার ফুটবলটা আমার কাছে একটা লাল রাক্ষুসে নাগরদোলা হয়ে যেত। আমার বাড়িটাই আমার কাছে একটা বিরাট বড় দেশ বলে মনে হত। যেখানে বড় বড় দানবের মতো ঘর-চেয়ার-টেবিল-খাট-আলমারি-সিঁড়ি ও অনেক কিছু থাকত। যেগুলো অতিক্রম করা আমার কাছে প্রতিদিনের দুঃসাহসিক কাজ হত। রান্নাঘরের কোণের এক টুকরো সন্দেশ আমার কাছে আলাদিনের জিনের কাছে পাওয়া খাদ্যভাণ্ডার মনে হত। খাবার নিয়ে ফেরার সময় হঠাৎ চারপাশটা অন্ধকার করে, ওপর থেকে নেমে আসত একটা বিশাল কালো পাহাড়। আরে না না, ওটা তো মানুষের পা! আমি চিৎকার করে আমার বন্ধুদের বলতাম: ‘পালাও সবাই! ডাইনোসর আসছে!’ তখন আমরা মেঝের ফাটলে ঢুকে প্রাণ বাঁচাতাম। দিনের শেষে বন্ধুদের সঙ্গে খাবার নিয়ে মাটির নিচের কলোনিতে ফিরে আসতাম।
যদি পিঁপড়ে হতাম তাহলে হয়তো জীবনটা অনেক ছোট ও ঝুঁকিপূর্ণ হত ঠিকই, কিন্তু সেখানে থাকত অনেক বন্ধু, ঐক্য, আনন্দ। যদি পিঁপড়ে হতাম, তালে লেখাপড়া হারজিতের লড়াই পরীক্ষার নম্বরের কমবেশি থেকে মুক্তি পেতাম।
নাম: প্রহান চক্রবর্তী
বয়স: ৯
……………………………………..
আমি যদি রং পেনসিল হতাম, তাহলে আমাকে দিয়ে সবাই সুন্দর সুন্দর ছবি আঁকত। আর প্রশংসা করত যে, আমাকে দিয়ে আঁকলেই আঁকাটা খুব সুন্দর হয়ে যায়। কিন্তু তা নয়। আমি হতাম এক ম্যাজিক রং পেনসিল। সেটা দিয়ে যা আঁকা হত সব সত্যি হত। তবে এই শর্তে, আমাকে কোনও বাজে কাজে লাগানো যাবে না। আমার এই লাল আর নীল রং পেনসিলের পিছনে থাকত একটা ছোট্ট বাটন। আর গায়ে একটা স্ক্রিন। ওখানে টিপে যে-কেউ কোনও জায়গা এন্টার করলেই আমি একটা বড় রং পেনসিলে পরিণত হয়ে তাকে আমার পিঠে চড়িয়ে উড়ে উড়ে দেশবিদেশ ঘোরাতাম। সঙ্গে আমার ঘোরাও হয়ে যেত। কোনও টাকা কোনও পাসপোর্ট-ভিসারও বালাই থাকত না। যখন খুশি ঘুরে বেড়াতাম।
কিন্তু ভগবান কি আমার সেকথা শুনল? শেষ পর্যন্ত তো আমাকে এইসবের আশা ছেড়ে মানুষই হতে হল। ম্যাজিক রং পেনসিল থাক, আমার গায়ে অন্তত ডানা লাগিয়ে দিতে পারত। যাতে আমি উড়ে উড়ে দেশবিদেশে ঘুরে বেড়াতে পারি। কিচ্ছু না। মাঝেমধ্যেই আমার এসব কথা মনে পড়ে আর ভ্যাঁ ভ্যাঁ করে কাঁদি। ধুত! আর ভালো লাগে না।
নাম: পৃথ্বীজিৎ চৌধুরী
বয়স: ১২
……………………………………..
আমি যদি রং পেনসিল হতাম, তাহলে আমি চাইতাম আমার গায়ের রং হলুদ হোক। কারণ হলুদ রং আমার খুব পছন্দ। আমি সব রঙের সঙ্গে একটি রঙের বাক্সে থাকতাম। আমার অনেক বন্ধু হত। তারাও হত রং পেনসিল। আমি চাইতাম আমাকে কিনে কেউ ছবি আঁকুক। আমাকে দিয়ে ছবি আঁকলে আমার খুব আনন্দ হত। আমাকে দিয়ে সূর্য, কলা, আগুন, আম, জামা, তারা, আরও অনেক হলুদ জিনিস আঁকা যেত। আমাকে যদি কেউ স্কুলে নিয়ে যেত, তাহলে অন্য রঙের সঙ্গে পরিচয় হত। আমি একদম রঙের বাক্সে বসে থাকতে চাইতাম না। আমি চাইতাম স্কুলের সবাই আমাকে দিয়ে ছবি এঁকে আনন্দ পাক। কিন্তু আমি যখন ছোট হয়ে যেতাম, তখন কেউ আমাকে আর কখনও ব্যবহার করত না। তখন আমার খুব মনখারাপ হত।
নাম: ঋদ্ধি মণ্ডল
বয়স: ৯
……………………………………..
যদি আমি টিফিন বক্স হতাম, রোজ সকালে সেজেগুজে আমি স্কুলে যেতাম। কিন্তু আমায় কোনও পড়াশোনা করতে হত না। জলের বোতল হত আমার প্রিয় বন্ধু। যেদিন ম্যাগি, পাস্তা, লুচি আমার সঙ্গে থাকত, সেদিন আমার দারুণ মজা। যেদিন ফল, বাদাম আমার সঙ্গে, সেদিন আমার মজা কম। আমার বন্ধু চামচ আমার সঙ্গে থাকলে, সারাদিন আমাদের খেলা চলত। আমি সব ছোট বন্ধুর ব্যাগে ভরে রোজ রোজ ইশকুল যেতে চাই।
নাম: রিয়ানশু চক্রবর্তী
বয়স: ৯
……………………………………..
যদি আমি চড়াই পাখি হতাম, তখন আমার বেশ দুটো ছোট ছোট ডানা থাকত। ডানা মেলে যখন খুশি, যেখানে খুশি স্বাধীনভাবে উড়ে যেতে পারতাম। কোনও বারণ থাকত না। সকালবেলা ঘুম থেকে উঠে সেই যে ঘুরতে বেরতাম সারাদিন আর বাড়ি ফেরার নামই করতাম না। সকাল হলে স্কুলে যাওয়ার তাড়া থাকত না। হোমওয়ার্ক না করলে বকা খাওয়ার কোনও ভয় থাকত না। দেশ-বিদেশ ঘুরে নানা জায়গার হরেক রকম খবর জোগাড় করে এনে মা-বাবাকে শুনিয়ে অবাক করে দিতাম, মা-বাবা চোখ গোল গোল করে শুনত।
মাঝে মাঝে অনেকের ওপর আমার খুব রাগ হয়, দুঃখ হয়, তখন হয় আমি ভ্যাঁ করে কেঁদে ফেলি বা চুপ করে থাকি। কিন্তু আমি চড়াই পাখি হলে তাদের মাথার ওপর ঠোঁটে করে হয় নোংরা নিয়ে এসে ফেলে দিতাম, নয়তো কিচ্ছু না পেলে চুপচাপ তাদের গায়ে হাগু করে দিতাম। একটা পাখিকে তো আর কেউ কিছু বলতে পারত না। তখন ভারি মজা হত। তাই না?
আমার মা বলেন, আমি না কি সারাক্ষণ চড়াইপাখির মতো তিড়িং-বিড়িং করি। আমি মনে মনে ভাবি, ইশ, যদি সত্যি সত্যি চড়াই পাখি হতাম, তবে কী ভালোই না হত!
নাম: সার্থক পাল
বয়স: ৮
……………………………………..
যদি পিঁপড়ে হতাম আমার জীবন কষ্টে ভরা হত। আমি মাটির নিচে একটা ঘর বানিয়ে থাকতাম। আমার অনেক ভাইবোন হত। আমাদের কাজ ঘরের বাহির থেকে খাবার আনা। আমাদের জন্ম হয় রানি পিঁপড়ের ডিম থেকে। আমাদের খাবার– কেঁচো, চিনি, ধান, কীটপতঙ্গ। মানুষ আমাদের শত্রু। এরা আমাদের ঘর ভাঙে। আমাদের হত্যা করে। এইজন্য আমরা ওদের কামড় দি’। আমাদের অনেক প্রজাতি যেমন বুলেট পিঁপড়ে। এদের কামড়ে মানুষ কেঁপে ওঠে। এই বুলেট পিঁপড়ে ব্রাজিলের আমাজন জঙ্গলে পাওয়া যায়। আমাদের আরও এক বন্ধু– কালো পিঁপড়ে খুবই শান্ত। এরা কামড় দেয় না। অনেক কম সময় কামড় দেয়।
নাম: শাশ্বত মুখোপাধ্যায়
বয়স: ১১
……………………………………..
আমি যদি চড়াই হতাম, সারাদিন উড়ে উড়ে বেড়াতাম। নীল আকাশে ঘুরে ঘুরে স্বপ্ন সংগ্রহ করতাম। নিচে তাকালে বুঝতাম এই পৃথিবীতে কত মানুষ স্বপ্ন দেখে, কিন্তু সেই স্বপ্নগুলো স্বপ্নই থেকে যায়। আমি সেই স্বপ্নগুলো ধরে ধরে আবার ফেরত দিয়ে দিতাম। বলতাম, স্বপ্ন দেখা ছেড়ো না ভায়া। বাকি চড়াইদেরও তাই-ই বলতাম। সঙ্গে মানুষদের প্রশ্ন করতাম, ‘চড়াইদের স্বপ্নের কি কোনও দাম নেই? আমাদের কি মনখারাপ হয় না?’
নাম: সৌজন্য জানা
বয়স: ৭
……………………………………..
আমি সারাদিন ফুড়ুৎ ফুড়ুৎ উড়ে বেড়াই। এ-ডাল থেকে ও-ডাল। মাঠ-ঘাট-গাছ– সব জায়গায় উড়ে বেড়াই। আমার কখনও এক জায়গায় থাকতে ভালো লাগে না। আমি চড়াই। আমি কাঁঠাল গাছে এক বাসা বেঁধেছি। একদিন হঠাৎ করে আমি ডিম পেড়ে ফেললাম। কিছু দিন বাদে ডিম ভেঙে আমার বাচ্চা বেরিয়ে এল, দেখতে একদম আমার মতো! আমি চাই দুষ্টু লোক আমাদের ঢিল না ছোড়ে। আমার দাদু শিকারির হাতে মারা গিয়েছিল। তাই আমার খুব ভয়। আর এখন শুনেছি মোবাইল ফোনের জন্য অনেককে খুঁজে পাওয়া যাচ্ছে না। তোমাদের বলছি তোমরা মোবাইল ফোন বেশি ব্যবহার করো না। আর ঢিল ছুড়ো না। সে ভয়ে আমি আমার বাচ্চাকে আগলে রাখি। ওকে বড় করতে হবে যে…
নাম: তূর্য ভট্টাচার্য
বয়স: ৯
……………………………………..
আমার গায়ের রং লাল। আমার দু’পাশে দুটো সবুজ রঙের কান আছে। সেই কান দুটো ঘোরালেই আমাকে সহজে বন্ধ করা যায়। আমার গঠনটি চৌকো। আমার ভিতর দু’টি ভাগ আছে। সঙ্গী একটি চামচ। আমি একটি নীলরঙের ব্যাগে করে রোজ স্কুল যাই। আমার স্কুলে যাওয়ার সময় সকাল সাড়ে ৬টা। আর ফেরার সময় দুপুর ২টো। এর মাঝে আমি ব্যাগ থেকে বেরই সকাল ৯টা ও ১১টার সময়। আমি একটি দুষ্টুমিষ্টি ছেলের টিফিনবক্স। সে আমাকে রোজ সবুজ কান মুলে খোলে। আবার একইভাবে বন্ধ করে। আমি প্রতিদিন নতুন নতুন খাবার খাই। আর আমি যেদিন লুচি-আলুর দম পেলাম, সেদিন আমি তার গন্ধে আমার মন-পেট ভরিয়ে নিলাম। একদিন হঠাৎ করে আমি বিরিয়ানির গন্ধ পেলাম। সেদিন আমার খুব আনন্দ হয়েছিল। যেদিন ৯টার ঘণ্টা বাজল, ১১টার ঘণ্টাও বাজল, কিন্তু আমাকে খোলা হল না, ৩টের সময় অন্য কেউ আমাকে ব্যাগ থেকে বের করল আর ছুড়ে ফেলে দিল। কী যে হল সেদিন, কিছুই বুঝতে পারলাম না।
নাম: তূর্ণা ভট্টাচার্য
বয়স: ৯
……………………………………..
A Unit of: Sangbad Pratidin Digital Private Limited. All rights reserved