Before Suchitra Sen, There Was Chandrabati Devi। Robbar
Robbar
  • ১১ অগ্রহায়ণ ১৪৩৩
  • শনিবার
  • ২৮ নভেম্বর ২০২৬

ঘরভাঙা নায়িকা

কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত প্রায় সব উপন্যাসের নায়িকার ভূমিকায়, ছায়াছবিতে তিনি হয়ে উঠেছিলেন এক এবং অদ্বিতীয়া। কথিত আছে শরৎচন্দ্রের ইচ্ছানুসারেই তিনি নাকি ‘দত্তা’ ছবিতে বিজয়ার ভূমিকায় অভিনয় করার সুযোগ পেয়েছিলেন। আশ্চর্য ছিল তাঁর অভিনয় প্রতিভা। প্রযোজক হয়েছেন, সম্পাদনা করেছেন ‘বায়োস্কোপ’ পত্রিকার। তিনি– চন্দ্রাবতী দেবী।         

শেষ আপডেট: নভেম্বর ২৮, ২০২৬, ২০:৫২   
Facebook WhatsApp Messenger
Before Suchitra Sen, There Was Chandrabati Devi। Robbar

উনিশ-বিশ শতকেও ধনী, শিক্ষিত বাঙালি পরিবারে, বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে, মঞ্চ এবং চলচ্চিত্রে অভিনয় করার ওপর জারি ছিল কঠিন নিষেধাজ্ঞা। নারী-পুরুষ নির্বিশেষে সিনেমায় অভিনয় করাকে বলা হত, সিনেমায় ‘নামা’। চলচ্চিত্রে অভিনয় করার ক্ষেত্রে এখনও এই ‘নামা’ শব্দটি প্রচলিত। আক্ষরিক অর্থে সেই যুগে সমাজের গুরুমশাইদের চোখে, সামাজিক অবস্থানের দিক থেকে মঞ্চ বা চলচ্চিত্রে অভিনয় করাকে, ভাবা হত চারিত্রিক ‘অধঃপতন’। এই প্রেক্ষাপটে এক বর্ধিষ্ণু পরিবারের কন্যা, নানা সামাজিক-পারিবারিক প্রতিবন্ধকতাকে অগ্রাহ্য করে ‘অভিনয়’কে জীবনের ‘ধ্রুবতারা’ হিসেবে গ্রহণ করে যেভাবে এগিয়ে গিয়েছিলেন, প্রতিভার স্বাক্ষর রেখেছিলেন অভিনয় জগতে, তা অবিশ্বাস্য এক কাহিনি।

zoom
চন্দ্রাবতী দেবী

তিনি চন্দ্রাবতী দেবী। ১৯০৯ সালের ১৯ অক্টোবর চন্দ্রাবতীর জন্ম হয়েছিল বিহারের মুজাফফর শহরে। পিতা গঙ্গাধরপ্রসাদ সাহু ছিলেন একজন জমিদার এবং অনারারি ম্যাজিস্ট্রেট। শিক্ষিত হলেও, চন্দ্রাবতীর পরিবার ছিল অত্যন্ত রক্ষণশীল। চন্দ্রাবতী ও তাঁর দিদি কঙ্কাবতী– দু’জনেই ছিলেন মেধাবী এবং সৃজনশীল। চন্দ্রাবতীর পড়াশোনার সবটাই হয়েছিল এই কলকাতায়। সে যুগে কলকাতা শহর ছিল বাংলার নবজাগরণের আঁতুড়। রামমোহন রায়, জন এলিয়ট বেথুন, বিদ্যাসাগর প্রমুখের আদর্শে উদ্বুদ্ধ তরুণ প্রজন্ম শিক্ষা-সংস্কৃতি চর্চায় হয়ে উঠেছিল নিবেদিত প্রাণ। সাহু পরিবারের দুই কন্যা– কঙ্কাবতী, চন্দ্রাবতীও সেই তরুণ প্রজন্মের প্রদর্শিত পথেরই অনুগামী ছিলেন। চন্দ্রাবতীর শিক্ষাজীবনের শুরু হয়েছিল কলকাতার ব্রাহ্ম বালিকা বিদ্যালয়ে। প্রবেশিকা পরীক্ষায় সসম্মানে উত্তীর্ণ হয়ে ভর্তি হলেন বেথুন কলেজে। পরবর্তীকালে বেথুন কলেজ থেকে বাংলা সাহিত্যে তিনি স্নাতক ডিগ্রি অর্জন করেন।

শিক্ষা, সাহিত্য, অভিনয় এবং সংগীতের প্রতি চিরদিনই চন্দ্রাবতীর ছিল গভীর অনুরাগ। বেথুন কলেজে পড়ার সময়ে রবীন্দ্রনাথের সংস্পর্শে আসার সৌভাগ্য হয় তাঁর। কবি তাঁকে অত্যন্ত স্নেহ করতেন। তাঁর পায়ের কাছে বসেই সংগীতের তালিম নিয়েছিলেন দিনেন্দ্রনাথ ঠাকুরের কাছে। রবীন্দ্রসংস্কৃতির আবহ এবং নিয়মিত সাহিত্যচর্চা তাঁর শিল্পসত্তাকে সমৃদ্ধ করেছিল। রক্ষণশীল পরিবারের নিয়মকানুন নিয়ে চন্দ্রাবতীর কোনও আগ্রহ ছিল না। অভিনয়ের প্রতি তাঁর আকর্ষণ তাঁকে সমস্ত রকমের সামাজিক প্রতিরোধকে অগ্রাহ্য করে স্বনির্বাচিত পথে এগিয়ে যেতে অনুপ্রাণিত করেছিল।

zoom
কঙ্কাবতী দেবী

চন্দ্রাবতীর দিদি কঙ্কাবতী দেবী ছিলেন সে যুগের বাংলা রঙ্গমঞ্চের এক খ্যাতনামা অভিনেত্রী, শিশিরকুমার ভাদুড়ীর মন্ত্রশিষ্যা এবং পরবর্তীকালে তাঁর সহধর্মিনী। সেই সময়ে নাট্যাচার্য চন্দ্রাবতীকে তাঁর ‘সীতা’ ছবিতে অভিনয় করার প্রস্তাব দিয়েছিলেন। রামের ভূমিকায় তিনি নিজে আর সীতার ভূমিকায় অভিনয় করেছিলেন কঙ্কাবতী। শিশিরবাবু নাকি কিশোরী চন্দ্রাবতীকে বলেছিলেন, ‘‘তোমার দিদির কাছে শুনেছি, তোমার অভিনয় করার ইচ্ছের কথা। আমাদের ‘সীতা’ ছবিতে তুমি ঊর্মিলার পার্টটা করো না কেন। তোমাকে মানাবে খুব ভালো।’’ দিদির আপত্তিতে চন্দ্রাবতীর সেই সময়ে অভিনয়ের জগতে আসা হয়ে ওঠেনি। তবে চন্দ্রাবতীর মনের গহনে গেঁথে গিয়েছিল অভিনয়ের প্রতি আকর্ষণ ও এক গভীর ভালোবাসা। ইতিমধ্যে পরিবারের নির্দেশ অনুসারে বিবাহ হয়ে গেল চন্দ্রাবতীর। স্বামী সুপুরুষ। সুখী সংসার। সন্তান এল কোলে। এসবের মধ্যেও অভিনয় করার স্বপ্নে বিভোর থাকলেন তিনি। স্বামীকে একদিন জানালেন তাঁর ইচ্ছের কথা। স্বামী মত দিলেন না। অভিনয়ের পথে গেলে পরিবার, স্বামী, সন্তান সব ত্যাগ করে চলে যেতে হবে। কোনও সম্পর্ক থাকবে না। স্বামীর কথা শুনে স্তব্ধ হয়ে চন্দ্রাবতী বসে রইলেন খানিকক্ষণ। জীবন চলতে থাকল। অবশেষে একদিন যা ঘটার, ঘটল তাই। মায়ার বন্ধন ছিন্ন করে গৃহত্যাগ করলেন চন্দ্রাবতী। মঞ্চে নয়, যোগ দিলেন চলচ্চিত্রে।

পরিচয় হল কলকাতার চলচ্চিত্র ও পত্রিকা জগতের সঙ্গে যুক্ত জনৈক বিমল পালের সঙ্গে। চন্দ্রাবতী এবং বিমলবাবুর যৌথ উদ্যোগে প্রতিষ্ঠিত হল প্রযোজনা সংস্থা ‘মুভি প্রডিউসার্স’। চন্দ্রাবতীর প্রথম চলচ্চিত্র ‘পিয়ারী’র পরিচালকও ছিলেন বিমল পাল। এটি ছিল নির্বাক ছবি। নানা প্রতিকূলতার মধ্যে একজন মহিলা হয়েও প্রযোজনার কাজে ঢুকে পড়াও চন্দ্রাবতীর পক্ষে ছিল এক সাহসী পদক্ষেপ। ছবির কাহিনি লিখেছিলেন সে যুগের প্রখ্যাত সাহিত্যিক সৌরীন্দ্রমোহন মুখোপাধ্যায়। শুধু ছবি তৈরি নয়, বিমল পাল এবং চন্দ্রাবতী উভয়ে মিলে শ্যামবাজার অঞ্চলে ‘টকি শো হাউস’ নামে একটি সিনেমা হল চালু করেন। অভিনেত্রী হিসেবে অচিরেই যশ ও খ্যাতি লাভ করলেন চন্দ্রাবতী। ১৯৩০ সালে তাঁদের এই পার্টনারশিপ ভেঙে যায়। চন্দ্রাবতী যোগদান করেন ‘নিউ থিয়েটার্সে’।

zoom
টকি শো হাউস

১৯৩২ সালে চিত্রা সিনেমায় মুক্তি পেয়েছিল নিউ থিয়েটার্সের ‘চণ্ডীদাস’ ছবি। সেই ছবির প্রথম শো-তে কলকাতার চলচ্চিত্র জগতের সঙ্গে যুক্ত বহু বিখ্যাত ব্যক্তির সঙ্গে ‘পিয়ারী’ ছবির নায়িকা ও অন্যতম প্রযোজক হিসেবে চন্দ্রাবতীও আমন্ত্রিত হয়েছিলেন। শো শেষে দেখা হয় নিউ থিয়েটার্সের বিএন সরকারের সঙ্গে। চন্দ্রাবতীকে তিনি প্রস্তাব দেন তাঁদের পরবর্তী ছবি ‘মীরাবাঈ’ সিনেমার নামভূমিকায় অভিনয় করার জন্য। প্রথমে একটু দ্বিধাগ্রস্ত ছিলেন তিনি কারণ ছবিতে মীরাবাঈকে গান গাইতে হবে বেশিরভাগ দৃশ্যে। তাঁর ধারণা ছিল– তিনি তা পেরে উঠবেন না। চন্দ্রাবতী রবীন্দ্রসংগীত শিখেছেন শুনে টেস্ট নিতে তাঁকে স্টুডিওতে ডেকে নেওয়া হল। গানের পরীক্ষায় চমৎকারভাবে উতরে গেলেন তিনি। পরিচালক দেবকী বসু চন্দ্রাবতীকে অতি যত্ন করে মীরাবাঈয়ের চরিত্রাভিনয়ের জন্য তালিম দিলেন। অন্যদিকে সংগীত পরিচালক রাইচাঁদ বড়ালের শিক্ষা ও সহায়তায় ভজন পরিবেশনেও চন্দ্রাবতী পারদর্শী হয়ে উঠলেন। এটি ছিল তাঁর প্রথম সবাক ছবি। অসাধারণ অভিনয় এবং তাঁর ভক্তি রসসিক্ত ভজনে মুগ্ধ হলেন আপামর দর্শকবৃন্দ। ‘মীরাবাঈ’ ছবি চন্দ্রাবতীকে খ্যাতির শীর্ষে পৌঁছে দিল। আর পিছন ফিরে তাকাতে হয়নি তাঁকে।

zoom

এক সময়ে কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত প্রায় সব উপন্যাসের নায়িকার ভূমিকায়, ছায়াছবিতে চন্দ্রাবতী হয়ে উঠেছিলেন এক এবং অদ্বিতীয়া। কথিত আছে শরৎচন্দ্রের ইচ্ছানুসারেই চন্দ্রাবতী নাকি ‘দত্তা’ ছবিতে বিজয়ার ভূমিকায় অভিনয় করার সুযোগ পেয়েছিলেন। শুধু ‘দত্তা’র ক্ষেত্রেই নয়, শরৎচন্দ্রের যে কোনও উপন্যাসের নায়িকার চরিত্রে অভিনয় করে চন্দ্রাবতী তাঁদের এক অন্য মাত্রায় পৌঁছিয়ে দিতেন। এমনই ছিল তাঁর অভিনয় প্রতিভা।

zoom

কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় চন্দ্রাবতীর অভিনয় সম্বন্ধে কী ধারণা পোষণ করতেন, সেকথা জানতে পারি সাংবাদিক রবি বসুর লেখা থেকে। প্রমথেশ বড়ুয়া পরিচালিত ‘দেবদাস’ ছবির একটি বিশেষ প্রদর্শনী হয়েছিল উপন্যাসের রচয়িতা শরৎবাবুর সম্মানে। ছবি শেষ হওয়ার পরে দেখা গেল উপস্থিত সব দর্শকের চোখে জল। প্রদর্শনী শেষে সেদিন আসন থেকে উঠে অভিভূত শরৎবাবু হঠাৎই চন্দ্রাবতীর সামনে এসে দাঁড়ালেন। বললেন, ‘আমার রচনার চেয়ে অনেক বেশি সতেজ হয়েছে তোমার অভিনয়।’ স্বীকার করলেন যে, তিনি চরিত্রটিকে ওভাবে ভাবেননি। চন্দ্রাবতীর মধ্যে এমন কিছু আছে যা লেখকের ভাবনার চেয়েও উন্নত। তিনি বলেছিলেন, একমাত্র চন্দ্রাবতী যদি নায়িকা হতে রাজি থাকেন, তাহলেই তিনি তাঁর অন্য উপন্যাসগুলি ছবি করতে দিতে ভরসা পান। তিনি মনে করেন বিজয়া এবং ষোড়শীর চরিত্রে তাঁকে দারুণ মানাবে। চন্দ্রাবতী শরৎবাবুর কাছ থেকে এইরকম প্রশংসা পাওয়ার পরেও, বারবার সাংবাদিক রবিবাবুকে বলেছেন ‘চন্দ্রমুখী’ চরিত্রে ভালো অভিনয় করার কৃতিত্ব যদি কিছু থাকে, তবে তার পুরোটাই বড়ুয়া সাহেবের। উনি তাঁকে মনে-প্রাণে চন্দ্রমুখীতে রূপান্তরিত করেছিলেন।

zoom
‘দেবদাস’ ছবিতে প্রমথেশ বড়ুয়া ও চন্দ্রাবতী দেবী

বাংলা ও হিন্দি চলচ্চিত্রের সে যুগের কিংবদন্তি নায়িকা চন্দ্রাবতী দেবী তাঁর অসাধারণ অভিনয়ের স্বীকৃতিতে একাধিকবার শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার ও সম্মাননা লাভ করেছেন। ১৯৪০ সালে ‘শুকতারা’ এবং ‘প্রিয় বান্ধবী’ ছবিতে অনবদ্য অভিনয়ের স্বীকৃতিস্বরূপ দু’বারই সেরা অভিনেত্রীর পুরস্কার লাভ করেছিলেন। ১৯৪৫ সালে ‘দুই পুরুষ’ ছবিতে ছবি বিশ্বাসের বিপরীতে অভিনয় করে তিনি ‘বিএফজে’ অর্পিত সেরা অভিনেত্রীর পুরস্কার লাভ করেন।

নিউ থিয়েটার্সের ব্যানারে তৈরি হয়েছিল শরৎচন্দ্রের ‘দত্তা’ উপন্যাস অবলম্বনে ছায়াছবি ‘বিজয়া’। নামভূমিকায় অভিনয় করে চন্দ্রাবতী মুগ্ধ করেছিলেন দর্শকদের। চন্দ্রাবতী তাঁর দীর্ঘ অভিনয়জীবনে নায়ক হিসেবে বিপরীতে পেয়েছিলেন প্রমথেশ বড়ুয়া, দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়, কে এল সায়গল, পাহাড়ী সান্যাল, ছবি বিশ্বাস, ধীরাজ ভট্টাচার্য প্রমুখকে। প্রবাদপ্রতিম অভিনেতাদের সঙ্গে অভিনয় করে তাঁর নিজের অভিনয় ক্ষমতার যেমন প্রমাণ দিয়েছেন, তেমনই আবার অভিনয়কালে তাঁর সাবলীলতা, তাঁর নিষ্ঠা, অনুরাগী দর্শকবৃন্দকে মোহিত করেছে।

zoom

নায়িকার চরিত্রে যখন চন্দ্রাবতী খ্যাতির মধ্যগগনে, তখনই সেই পাঁচ-ছয়ের দশকে তিনি সরে এসেছিলেন চরিত্রাভিনয়ের দিকে। ‘অগ্নিপরীক্ষা’ ছবিতে সুচিত্রা সেন অভিনীত নায়িকা তাপসীর অভিজাত এবং আধুনিকা মধ্যবয়সি মায়ের চরিত্রে চন্দ্রাবতীকে দর্শক পেয়েছিলেন এক অন্যরূপে। ‘পুত্রবধূ’ ছবিতে তিনি পর্দায় দেখা দেন নায়ক উত্তমকুমারের রক্ষণশীল মায়ের চরিত্রে, যিনি পুত্রবধূকে সহ্য করতে পারেন না। ‘শশীবাবুর সংসার’ ছবিতে চন্দ্রাবতী শশীবাবুর স্ত্রীয়ের ভূমিকায় অভিনয় করেন, যিনি স্বামী ও সন্তানদের মধ্যে সংযোগ স্থাপনে বারবার ব্যর্থ হয়েছেন। প্রতি ক্ষেত্রে চরিত্রের বৈচিত্র এবং পূর্ণতা চন্দ্রাবতী সার্থকভাবে তাঁর অভিনয়ের মাধ্যমে ফুটিয়ে তুলেছেন, কোথাও বিচ্যুত হননি। যে কোনও চরিত্রে চন্দ্রাবতী যেভাবে সাফল্য লাভ করেছিলেন তার নেপথ্যে ছিল অভিনয়ের প্রতি তাঁর নিষ্ঠা, একাগ্রতা ও পরিশ্রম। অভিনয়ের প্রতি তাঁর আকর্ষণ, তাঁর ভালোবাসা প্রসঙ্গে চন্দ্রাবতী আত্মজীবনীতে লিখেছেন, ‘রাতে ঘুমোতে পারি না– স্বপ্নের মধ্যে আসা যাওয়া করে লুপে ভ্যালের অপূর্ব অভিনয়, চার্লি চ্যাপলিনের ভাবে ভরা মুখ, গ্রেটা গার্বোর মহিমাময় অভিব্যক্তি। না মঞ্চে নয়, সিনেমাই আমার নিজের জগৎ।’ অভিনয়-জীবনের সংগ্রাম ও শুদ্ধতা প্রসঙ্গে তিনি আরও লিখেছিলেন, ‘যে পিচ্ছিল পথে আমায় কর্মজীবনে চলতে হয়েছে তাতে শুদ্ধ থাকবার বাধা প্রতি পদেই। তবু এক অনাবিল শুদ্ধতার স্বপন আমি চিরদিনই দেখেছি। কতটা পেরেছি সে প্রশ্ন বড়ো নয়।’

চন্দ্রাবতী প্রসঙ্গে তাঁর সমসাময়িক এক নামকরা অভিনেত্রী লিখেছিলেন,‘‘‘দিদি’ ছবিতে ‘প্রেসিডেন্টের’ ভূমিকায় চন্দ্রাবতীর অভিনয় এখনও চোখের সামনে ভাসে। ব্যক্তিত্বপূর্ণ ও ডিগনিফায়েড রোলে ওঁকে দারুণ মানাত।’’ যিনি একথা অকপটে লিখেছেন, তিনি কানন দেবী। লিখেছিলেন তাঁর আত্মজীবনীমূলক গ্রন্থ ‘সবারে আমি নমি’তে।

zoom

চন্দ্রাবতী তাঁর প্রতিভা, সাহস এবং অসাধারণ ব্যক্তিত্বকে পাথেয় করে এমন এক শিল্পের পথে হেঁটেছিলেন, যা ছিল সে যুগে প্রায় অকল্পনীয়! নারী হিসেবে তাঁকে বহু প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছে, কিন্তু সর্বক্ষেত্রেই তিনি তাঁর আত্মমর্যাদা অক্ষুণ্ণ রেখে এগিয়ে গিয়েছেন। এখানেই চন্দ্রাবতীর স্বাতন্ত্র্য। চন্দ্রাবতী শুধুমাত্র একজন ‘অভিনেত্রী’ ছিলেন না। ছিলেন বহুমুখী প্রতিভার অধিকারিণী– একজন প্রতিভাময়ী লেখক, সম্পাদক এবং প্রযোজক। চলচ্চিত্র বিষয়ক পত্রিকা ‘বায়োস্কোপ’-এর সম্পাদনার কাজের সঙ্গে তিনি যুক্ত ছিলেন দীর্ঘদিন। এরই পাশাপাশি নিজের জীবনের অভিজ্ঞতা ও স্মৃতি লিপিবদ্ধ করে গিয়েছেন তাঁর আত্মজীবনীমূলক গ্রন্থে। এর ফলে তৎকালীন চলচ্চিত্রের ইতিহাসও তাঁর লেখার মাধ্যমে সংরক্ষিত হয়েছে অনেকাংশে। চন্দ্রাবতী একাধারে হয়ে উঠেছেন ইতিহাসকার।

তাঁর অন্যতম উল্লেখযোগ্য উদ্যোগ ছিল, নদিয়া জেলার রানাঘাটে ‘রানাঘাট টকিজ’-এর প্রতিষ্ঠা এবং তার পরিচালনার কাজে যুক্ত থাকা। সংস্কৃতির বিভিন্ন ক্ষেত্রে তাঁর সহজ বিচরণ প্রমাণ করে যে, তিনি চলচ্চিত্রকে শুধুমাত্র অভিনয়ের মাধ্যম হিসেবে দেখেননি। সেই যুগে এক নামী অভিনেত্রী হয়েও চলচ্চিত্রকে এক সম্পূর্ণ শিল্প হিসেবে বিচার করেছেন।

zoom

সুচিত্রা সেনের আগেই, সেটে ‘ম্যাডাম’ বলে ডাকা হত চন্দ্রাবতীকে, তাঁর ব্যক্তিত্বের প্রতি সম্মান জানিয়ে। একথা লিখেছেন সে যুগের বিশিষ্ট অভিনেতা বিকাশ রায়, তাঁর আত্মজীবনীতে। সৌন্দর্য ও ব্যক্তিত্ত্ব সহজাত হলেও সাজতে বড় ভালোবাসতেন চন্দ্রাবতী। মেক-আপ রুমে দীর্ঘ সময় কাটিয়ে দিতেন রূপসজ্জায় ‘ফিনিশিং টাচ’ দিতে। ‘মরুতীর্থ হিংলাজ’ ছবিতে প্রবীণ ভৈরবীর চরিত্রে অভিনয় করতে এসে মেক-আপের জন্য অস্থির হতেন। এই ছবির পরিচালক বিকাশ রায় চন্দ্রাবতী দেবীর সাজগোজের প্রবণতা নিয়ে বেশ মজার এক পরিস্থিতির সম্মুখীন হয়েছিলেন। চরিত্রের প্রয়োজনে পরিচালক চন্দ্রাবতীর ‘নো মেক-আপ লুক’ চেয়েছিলেন। চন্দ্রাবতী যেহেতু সাজতে ভালোবাসতেন, তাই তিনি বিকাশ রায়ের চোখ এড়িয়ে হালকা বেসের ওপর পাউডার বুলিয়ে সেটে চলে আসতেন। বিকাশ রায়ের নজরে পড়ে গেলে প্যারাফিন লাগিয়ে মেক-আপ তুলতে হত আর এতে শুটিংয়ে অযথা সময় নষ্ট হত। বিরক্ত পরিচালক এ নিয়ে অনুযোগ করলে চন্দ্রাবতী সরলভাবে হেসে বলেছিলেন, মেক-আপ না করলে শুটিং করছেন বলেই মনে হয় না তাঁর, তাই তিনি রোজ একটু-আধটু মেক-আপ করেই আসবেন আর বিকাশ না-হয় রোজ তা তুলে দেবেন! চন্দ্রাবতীর কথার সারল্য পরিচালকের মনকে ছুঁয়ে গিয়েছিল। তিনি আর এ নিয়ে বাদানুবাদ করেননি। তবে তাঁর স্মৃতিকথায় এই ঘটনার উল্লেখ করতেও ভোলেননি।

স্পষ্টবক্তা চন্দ্রাবতী আবার অন্যদিকে ছিলেন নারীবাদী যিনি ছায়াছবির জগতে মেয়েদের অর্থনৈতিক স্বাধীনতা ও কর্মক্ষেত্রে তাঁদের সুযোগ-সুবিধা নিয়ে প্রয়োজনে ব্যবস্থা গ্রহণ করতে দ্বিধাবোধ করতেন না। নায়িকার ভূমিকা ছাড়া চরিত্রাভিনেত্রী হিসেবে চন্দ্রাবতীর অবদানও কিছু কম ছিল না। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে চন্দ্রাবতীর অভিনয়ে এসেছে বৈচিত্র এবং পূর্ণতা। কত রকমের চরিত্রে যে তিনি অসাধারণ নৈপুণ্যের সঙ্গে অভিনয় করেছেন, তা এখনও চলচ্চিত্রপ্রেমীদের আশ্চর্য করে!

চন্দ্রাবতী দেবী যেমন দীর্ঘদিন অভিনয় করেছেন, তেমনই লিখেছেন নিঃসংকোচে নিজের জীবন সংগ্রামের কথা। এখানেই চন্দ্রাবতী অনন্যা। প্রায় বিস্মৃত অসাধারণ প্রতিভাময়ী চন্দ্রাবতী দেবীর প্রয়াণ ঘটে কলকাতায় ২৯ এপ্রিল, ১৯৯২ সালে।

তথ্যসূত্র

চন্দ্রাদি। রবি বসু
চন্দ্রাবতী দেবী বলছি। চন্দ্রাবতী দেবী
আমার অভিনেত্রী জীবন। চন্দ্রাবতী দেবী

Chandrabati Devi Chandrabati Devi Bengali actress Early Bengali actresses History of Bengali cinema Sangbad Pratidin Sangbad Pratidin Robbar Sarat Chandra favourite actress Women pioneers in Indian cinema

Share this article on