Virginia Woolf's To the Lighthouse: A Timeless Novel | Robbar
Robbar
  • ৫ অগ্রহায়ণ ১৪৩৩
  • রবিবার
  • ২২ নভেম্বর ২০২৬

আলো ক্রমে আসিতেছে

বাঙালি পাঠকের কাছে ভার্জিনিয়া উল্‌ফ কখনও হেমিংওয়ে বা মার্কেসের মতো ঘরের লোক হননি। নামটা সবাই জানেন; বই ক’জন শেষ করেছেন, সন্দেহ আছে। তার একটা কারণ, আমাদের উপন্যাস-পাঠের অভ্যাস গল্প-নির্ভর। শরৎচন্দ্র থেকে আজকের ধারাবাহিক পর্যন্ত আমরা জানতে চাই, তারপর কী হল। অথচ উল্‌ফ যা ধরতে চেয়েছিলেন, তা হল একটা মুহূর্তের ভিতরটা।

শেষ আপডেট: নভেম্বর ২২, ২০২৬, ২০:৩০   
Facebook WhatsApp Messenger

একটা উপন্যাস, যার প্রধান চরিত্র বইয়ের মাঝখানে মারা যান, এবং সে-খবর দেওয়া হয় বন্ধনীর ভিতরে। এক বাক্যে, যেন পাদটীকা: ‘[Mr. Ramsay, stumbling along a passage one dark morning, stretched his arms out, but Mrs. Ramsay having died rather suddenly the night before, his arms, though stretched out, remained empty.]’ (এক অন্ধকার ভোরে বারান্দায় হোঁচট খেতে খেতে মিস্টার র‍্যামজি দু’হাত বাড়িয়ে দিলেন, কিন্তু মিসেস র‍্যামজি আগের রাতে খানিকটা আচমকাই মারা যাওয়ায়, তাঁর বাড়ানো হাত দুটো খালিই রইল।)

প্রথমবার পড়লে পাঠক থমকে যান। পাতা উল্টে ফিরে গিয়ে আবার পড়েন। ১০০ পাতা ধরে যে-মহিলার চোখ দিয়ে আমরা একটা গোটা বিকেল আর সন্ধে দেখলাম, তাঁর সেলাই, তাঁর আট ছেলেমেয়ে, তাঁর রাতের খাবারের টেবিল– তিনি নেই, এবং সেকথা জানানো হল একটা অধীন বাক্যাংশে। মৃত্যুশয্যা নেই, শেষ কথা নেই, কান্না নেই। লেখিকা যেন চোখ সরিয়ে নিয়েছেন।

আসলে উল্টো। ভার্জিনিয়া উল্‌ফ জানতেন, মৃত্যু ওই রকমই আসে– গল্পের মাঝখানে, অসময়ে, বাকি সবাই যখন অন্য কাজে ব্যস্ত। যারা থেকে যায়, তাদের হাত বাড়ানো থাকে, আর হাতে কিছু ঠেকে না। ‘টু দ্য লাইটহাউস’ ওই খালি হাত দুটো নিয়ে লেখা। বইটা বেরিয়েছিল ১৯২৭ সালের ৫ মে। সামনের বৈশাখে ১০০ বছর!

zoom
‘টু দ্য লাইটহাউস’ বইয়ের প্রচ্ছদ; শিল্পী: ভ্যানেসা বেল

৫ মে

তারিখটা লেখিকা নিজে বেছেছিলেন। ১৮৯৫ সালের ৫ মে তাঁর মা জুলিয়া স্টিফেন মারা যান; ভার্জিনিয়ার বয়স তখন ১৩। ঠিক ৩২ বছর পরে, ওই দিনেই, মা’কে নিয়ে লেখা উপন্যাসটি তিনি ছাপলেন– নিজেদের ছাপাখানা থেকে, কারণ তিনি আর তাঁর স্বামী লেনার্ড উল্‌ফ ততদিনে হোগার্থ প্রেস নামে একটা ছোট প্রকাশনা চালান। মলাট এঁকেছিলেন দিদি ভ্যানেসা বেল। ঘরের লোকেদের নিয়ে লেখা বই, ঘরের লোকেদের হাতে তৈরি।

মিসেস র‍্যামজি তাঁর মা। মিস্টার র‍্যামজি– দার্শনিক, খিটখিটে, স্ত্রীর কাছে সারাক্ষণ সান্ত্বনার কাঙাল, নিজের খ্যাতি টিকবে কি না সেই দুশ্চিন্তায় অস্থির– তাঁর বাবা লেসলি স্টিফেন, ভিক্টোরীয় ইংল্যান্ডের নামকরা পণ্ডিত ও সম্পাদক। বইয়ের সমুদ্রতীরের বাড়িটা আসলে কর্নওয়ালের সেন্ট আইভ্‌স-এর ট্যাল্যান্ড হাউস, যেখানে স্টিফেন পরিবার প্রতি গ্রীষ্ম কাটাত; উপসাগরের ওপারে গডরেভি-র বাতিঘরটা বাগান থেকে দেখা যেত। মায়ের মৃত্যুর পরে বাবা বাড়িটা ছেড়ে দেন। ভার্জিনিয়ার শৈশব ওখানেই শেষ।

উপন্যাসে তিনি জায়গাটা সরিয়ে নিয়ে গিয়েছেন স্কটল্যান্ডের এক দ্বীপে, যেখানে তিনি তখনও যাননি। লেখার সময় এক বন্ধুকে চিঠিতে কবুল করেছিলেন: ‘All my facts about lighthouses are wrong’ (বাতিঘর নিয়ে আমার সব তথ্যই ভুল)। স্কটল্যান্ডের পাঠকেরা পরে চিঠি লিখে জানিয়েছিলেন, ও-দ্বীপে ও-রকম গাছ হয় না, ও-পাখি ডাকে না। তাতে কিছু এসে যায়নি। যে-বাড়িটা তিনি লিখছিলেন, সেটা কোনও মানচিত্রে নেই। সেটা ১৩ বছরের একটা মেয়ের মাথার ভিতরে।

zoom
শৈশবের দিনগুলিতে

বই ছাপার পরে ভ্যানেসা বোনকে লিখেছিলেন, মায়ের এমন জীবন্ত ছবি তিনি কল্পনাও করতে পারেননি; পড়তে পড়তে মনে হয়েছে মৃত মানুষটি উঠে এসেছেন, এবং সেটা প্রায় সহ্য করা যায় না। ভার্জিনিয়া নিজে অনেক পরে একটা স্মৃতিকথায় লিখেছেন, ৪৪ বছর বয়স পর্যন্ত মা তাঁকে ছাড়েননি। রোজ তাঁর গলা শুনতেন, তাঁকে দেখতেন, ভাবতেন– এখন মা থাকলে কী বলতেন! তারপর একদিন লন্ডনের রাস্তায় হাঁটতে হাঁটতে গোটা বইটা একসঙ্গে তাঁর মাথায় এল। খুব তাড়াতাড়ি লিখে ফেললেন; আর, ‘when it was written, I ceased to be obsessed by my mother’ (লেখা শেষ হতেই মায়ের ঘোর আমার কাটল)। মনোবিদেরা রোগীর জন্য যা করেন, তিনি নিজের জন্য তা-ই করেছিলেন বলে তাঁর ধারণা।

কথাটা আমি বিশ্বাস করি, এবং একটু ভয়ও পাই। লিখে ফেললে মানুষ চলে যায়। যাঁরা লেখেন, তাঁরা জানেন, এটা আশীর্বাদ, আবার অভিশাপও।

যে-বইয়ে কিছু ঘটে না

গল্প বলতে যা বোঝায়, তা এ বইয়ে প্রায় নেই। তিনটে ভাগ। প্রথম ভাগ, ‘জানালা’: এক দিনের বিকেল থেকে রাত। ছ’বছরের ছেলে জেমস পরদিন নৌকোয় বাতিঘরে যেতে চায়। মা বলেন, ‘Yes, of course, if it’s fine tomorrow’ (হ্যাঁ, নিশ্চয়ই, কাল যদি আবহাওয়া ভালো থাকে)। বইয়ের প্রথম বাক্য ওটাই। বাবা বলেন, আবহাওয়া ভালো থাকবে না। ছেলেটির ইচ্ছে করে, হাতের কাছে কুড়ুল পেলে বাবার বুকে বসিয়ে দেয়। ব্যস, এই। বাকিটা জুড়ে লোকে বাগানে হাঁটে, ছবি আঁকে, তর্ক করে, রাতে খেতে বসে। বাতিঘরে যাওয়া হয় না।

দ্বিতীয় ভাগ, ‘সময় বয়ে যায়’: ২০ পাতায় ১০ বছর। বাড়ি খালি। বন্ধ ঘরে হাওয়া ঢোকে, দেওয়ালের কাগজ খসে পড়ে, বইয়ে ছাতা ধরে। আর বন্ধনীর ভিতরে, ছোট ছোট বিজ্ঞপ্তির মতো, খবর আসে: মা মারা গেলেন। বড় মেয়ে প্রু বিয়ের পরের বছর সন্তান হতে গিয়ে মারা গেল। বড় ছেলে অ্যান্ড্রু ফ্রান্সে গোলার আঘাতে মরল, সঙ্গে আরও ২০-৩০ জন; তার মৃত্যু, ভাগ্য ভালো, তৎক্ষণাৎ হয়েছিল। একটা মহাযুদ্ধ চলে গেল বন্ধনীর ভিতর দিয়ে। ইংরেজি গদ্যে এমন জিনিস আগে কেউ করেননি, পরেও কম করেছেন। মানুষের বড় বড় ঘটনাগুলো এখানে ছোট হরফে, আর ধুলো, হাওয়া, আলোর নড়াচড়া বড় হরফে। সময়ের চোখ দিয়ে দেখলে হয়তো ওরকমই দেখায়।

ওই ফাঁকা বাড়িতে একজনই মানুষ ঢোকেন: মিসেস ম্যাকন্যাব, ৭০ ছুঁই-ছুঁই এক ঠিকে ঝি। হাঁটুতে ব্যথা, দাঁত নেই, গুনগুন করে একটা পুরনো গান গাইতে গাইতে তিনি ঘর ঝাড়েন, জানালা খোলেন, ছাতা-পড়া বই রোদে দেন। বাড়িটা যে ভেঙে পড়েনি, তা তাঁরই জন্য। উল্‌ফ তাঁকে লিখেছেন মমতায়, আবার খানিক দূর থেকেও; তাঁর মাথার ভিতরে লেখিকা ঢোকেন, তবে র‍্যামজিদের মাথায় যেমন অবাধে, তেমন নয়। এ নিয়ে পরে সমালোচনা হয়েছে, এবং সেটা অন্যায্য নয়। উল্‌ফ নিজের শ্রেণির ভিতরটা যত নিখুঁত দেখেন, বাইরেটা তত নয়; তাঁর ডায়েরিতে ঝি-চাকরদের নিয়ে এমন মন্তব্য আছে, যা পড়ে অস্বস্তি হয়। তবু এটুকু বলব: গোটা বইয়ে যে-একটি চরিত্র সত্যিই কিছু রক্ষা করে, সে কোনও দার্শনিক নয়, শিল্পী নয়, এক বুড়ি ঝি! এটা লেখিকা জানতেন।

তৃতীয় ভাগ, ‘বাতিঘর’: ১০ বছর পরে কয়েকজন ফিরে আসেন। বুড়ো মিস্টার র‍্যামজি এবার ছেলেমেয়েকে প্রায় জোর করে নৌকোয় তুলে বাতিঘরে নিয়ে যান, মৃত স্ত্রীর স্মৃতিতে এক রকম তীর্থযাত্রা। আর বাগানে ইজেল পেতে বসে লিলি ব্রিসকো– পরিবারের বন্ধু, অবিবাহিতা, ৪০ পেরনো এক শখের চিত্রশিল্পী– ১০ বছর আগে যে-ছবিটা শেষ করতে পারেননি, সেটা আবার ধরেন। নৌকো বাতিঘরে পৌঁছয়। লিলি ক্যানভাসের মাঝখানে একটা রেখা টানেন। বই শেষ হয় তাঁর এই ভাবনায়: ‘I have had my vision’ (আমি আমার দেখাটুকু দেখেছি)।

এই হল কাহিনি। যাঁরা উপন্যাসে ঘটনা চান, তাঁদের সাবধান করে দেওয়া আমার কর্তব্য: এ বই তাঁদের ধৈর্যের পরীক্ষা নেবে। আমি নিজে ঘটনা ভালোবাসি; প্লট আমার কাছে তুচ্ছ জিনিস নয়। তবু এ বই আমাকে ধরে রাখে। কেন, সেটা বোঝানোর চেষ্টা করি।

zoom
আত্মমগ্ন ভার্জিনিয়া

এক জিনিস, অনেক জিনিস

উল্‌ফ যা ধরতে চেয়েছিলেন, তা হল একটা মুহূর্তের ভিতরটা। একটা মানুষ যখন মোজা বুনছে বা স্যুপ পরিবেশন করছে, তখন তার মাথার ভিতরে একই সঙ্গে কত কী চলে– সামনের লোকটার প্রতি বিরক্তি, ৩০ বছর আগের একটা দুপুর, দুধওয়ালার বিল, মৃত্যুর ভয়, জানালার বাইরের আলো। প্রচলিত উপন্যাস এর মধ্যে থেকে একটা সুতো বেছে নেয়, বাকিগুলো ফেলে দেয়। উল্‌ফ সবগুলো একসঙ্গে রাখতে চান, এবং রাখেন এমন বাক্যে, যা একজনের মাথা থেকে পিছলে আর একজনের মাথায় ঢুকে যায়, পাঠক টের পাওয়ার আগেই।

ফলে একই মানুষকে আমরা পাঁচজনের চোখে দেখি, এবং পাঁচরকম দেখি। মিসেস র‍্যামজি একজনের কাছে দেবী, আর একজনের কাছে কর্তৃত্বপরায়ণ ঘটক, যিনি সবাইকে বিয়ে দিয়ে তবে ছাড়বেন; স্বামীর কাছে আশ্রয়, ছেলের কাছে গোটা জগৎ, নিজের কাছে– একা বসে থাকলে– একটা গোঁজ-আকৃতির অন্ধকার। কোনটা ঠিক? সবক’টা। বইয়ের শেষদিকে জেমস, তখন ১৬ বছরের, অবশেষে বাতিঘরটাকে কাছ থেকে দেখে: সাদা-কালো ডোরাকাটা একটা খাড়া মিনার, জানলায় কাপড় শুকোচ্ছে। ছেলেবেলায় দূর থেকে দেখা সেই রুপোলি, কুয়াশা-মাখা, হলুদ চোখের মিনারটা তবে কি মিথ্যে ছিল? তার মনে হয়, না। ওটাও বাতিঘর। কারণ: ‘For nothing was simply one thing’ (কোনও কিছুই তো শুধু একটা জিনিস নয়)।

ওই ছ’ শব্দের বাক্যটা, আমার মতে, আধুনিক উপন্যাসের ইস্তাহার। আর শুধু উপন্যাসের নয়। আমরা এখন এমন সময়ে বাস করি, যখন প্রত্যেক মানুষকে, প্রত্যেক ঘটনাকে এক লাইনে বুঝে ফেলার জন্য আমাদের উপর প্রচণ্ড চাপ; লোকটা ভালো না খারাপ, আমাদের দলে না ওদের। উল্‌ফ ঠিক এই তাড়াহুড়োর উল্টোদিকে দাঁড়িয়ে। তাঁর বই পড়া মানে ধীরে দেখার অভ্যাস করা।

zoom
আধুনিক উপন্যাসের ইস্তাহার লিখেছিলেন তিনি

মিস্টার র‍্যামজির কথা আলাদা করে না-বললে অবিচার হয়, কারণ তাঁকে নিয়েই বইয়ের সবচেয়ে মজার, সবচেয়ে নির্দয় অংশ। তিনি দার্শনিক; নিজের মনটাকে তিনি ভাবেন বর্ণমালার মতো, এ থেকে জেড পর্যন্ত সাজানো। তাঁর হিসেব: ‘He reached Q. Very few people in the whole of England ever reach Q.’ (তিনি কিউ পর্যন্ত পৌঁছেছেন। গোটা ইংল্যান্ডে খুব কম লোকই কিউ পর্যন্ত পৌঁছয়)। কিন্তু কিউ-এর পরে আর। আর-এ তিনি কিছুতেই পৌঁছতে পারছেন না, আর এই না-পারা তাঁকে কুরে কুরে খায়। বাগানে পায়চারি করতে করতে তিনি নিজেকে কল্পনা করেন মেরু-অভিযানের ব্যর্থ নেতা হিসেবে, তুষারঝড়ে দাঁড়িয়ে মরছেন। তারপর ঘরে ঢুকে স্ত্রীর কাছে হাত পাতেন: বলো, আমি ব্যর্থ নই। লেখিকা নিজের বাবাকে নিয়ে হাসছেন, এবং হাসিটা ধারালো। আবার ওই একই লোক রাতে ছেলেমেয়েদের ঘুম পাড়িয়ে স্ত্রীর পাশে বসে বই পড়েন, আর স্ত্রী মুখ ফুটে ‘ভালোবাসি’ না বলেও তাঁকে জানিয়ে দেন যে ভালোবাসেন; দৃশ্যটা ইংরেজি উপন্যাসে দাম্পত্যের সেরা ছবিগুলোর একটা। যাঁরা লেখালিখি বা পড়াশোনার জগতে আছেন, তাঁরা মিস্টার র‍্যামজিকে দেখে একটু কুঁকড়ে যাবেন। আমরা সবাই কোনও না কোনও অক্ষরে আটকে আছি।

তবে তিনি কোনও বড় উত্তরের ভরসাও দেন না, এটা আমার ভালো লাগে। শেষ ভাগে লিলি ইজেলের সামনে দাঁড়িয়ে নিজেকে জিজ্ঞাসা করেন: ‘What is the meaning of life? That was all– a simple question’ (জীবনের মানে কী? ব্যস, এইটুকু– সোজা একটা প্রশ্ন)। এবং সঙ্গে সঙ্গে বোঝেন, বিরাট কোনও উদ্ঘাটন কখনও আসেনি, হয়তো আসবেও না। তার বদলে আছে রোজকার ছোট ছোট অলৌকিক, ঝলক, ‘matches struck unexpectedly in the dark’ (অন্ধকারে আচমকা জ্বলে ওঠা দেশলাই)। একটা মুহূর্ত, যখন সব কিছু একটুক্ষণের জন্য ঠিক জায়গায় বসে যায়। মিসেস র‍্যামজি রাতের খাবারের টেবিলে ওরকম একটা মুহূর্ত বানিয়েছিলেন: মোমবাতি জ্বলছে, বাইরে অন্ধকার, মাংসের পাত্র থেকে ভাপ উঠছে, আর টেবিলের ১২-১৪ জন বেমানান লোক মিনিট কয়েকের জন্য একটা দল। তিনি জানতেন ওটা থাকবে না। দরজা দিয়ে বেরনোর সময় ফিরে তাকিয়ে দেখলেন, ওটা ইতিমধ্যেই অতীত।

লিলির তুলি

বইটা শুধু মায়ের শোকগাথা হলে সুন্দর হত, বড় হত না। বড় হয়েছে লিলি ব্রিসকোর জন্য। লিলি বিয়ে করেননি; মিসেস র‍্যামজির মতে সেটা মেয়েমানুষের জীবনের চরম ব্যর্থতা। তিনি ছবি আঁকেন, এবং জানেন তাঁর ছবি কোনওদিন কোথাও ঝুলবে না; চিলেকোঠায় গুটিয়ে পড়ে থাকবে। বাড়ির এক অতিথি, চার্লস ট্যানস্‌লি নামে এক আত্মম্ভরী তরুণ পণ্ডিত, তাঁর কানের কাছে বলে যায়: “Women can’t paint, women can’t write” (মেয়েরা আঁকতে পারে না, মেয়েরা লিখতে পারে না)। ১০ বছর পরেও কথাটা লিলির মাথায় বাজে।

লিলি মিসেস র‍্যামজিকে ভালোবাসেন, প্রায় পুজো করেন। আবার তাঁর থেকে পালাতেও চান, কারণ মিসেস র‍্যামজি যে-জীবনের প্রতিমা– স্বামীর অহংকে রোজ জোড়া লাগানো, অতিথিদের মন রাখা, নিজেকে বিলিয়ে দেওয়া– সে-জীবন লিলি নেবেন না। শেষ ভাগে একটা দৃশ্য আছে, যা আমার মনে হয় গোটা বইয়ের মেরুদণ্ড। বিপত্নীক মিস্টার র‍্যামজি লিলির সামনে এসে দাঁড়ান, এবং নিঃশব্দে দাবি করেন, যা তিনি সারা জীবন মেয়েদের কাছে দাবি করে এসেছেন: সহানুভূতি। আমাকে দেখো, আমি কত দুঃখী। লিলি দিতে পারেন না। গলা দিয়ে একটা কথাও বেরয় না। শেষে মরিয়া হয়ে বলেন, আপনার জুতোজোড়া কী সুন্দর! অদ্ভুত ব্যাপার, বুড়ো মানুষটি খুশি হয়ে ওঠেন; জুতো নিয়ে তাঁর অনেক কিছু বলার আছে। মিসেস র‍্যামজি যা দিতেন, লিলি তা দিলেন না, দিলেন অন্য কিছু– একজন মানুষ আর এক জন মানুষকে যা দিতে পারে, সেবিকা হিসেবে নয়। আর তাতেই চলে গেল।

zoom
ভার্জিনিয়া ও দিদি ভ্যানেসা

উল্‌ফ নিজের মাকে এই বইয়ে ফিরিয়ে এনেছেন, আবার তাঁর থেকে ছুটিও নিয়েছেন। দু’বছর পরে তিনি “আ রুম অব ওয়ান’স ওন” লিখবেন, যেখানে বলবেন, মেয়েদের লিখতে গেলে চাই নিজের রোজগার আর দরজায় খিল-দেওয়া একটা নিজের ঘর। সে-বইয়ের যুক্তিগুলো এ বইয়ে গল্প হয়ে আছে। লিলির ক্যানভাসই তাঁর নিজের ঘর।

বাংলা থেকে দেখা

বাঙালি পাঠকের কাছে উল্‌ফ কখনও হেমিংওয়ে বা মার্কেসের মতো ঘরের লোক হননি। নামটা সবাই জানেন; বই ক’জন শেষ করেছেন, সন্দেহ আছে। তার একটা কারণ, আমাদের উপন্যাস-পাঠের অভ্যাস গল্প-নির্ভর। শরৎচন্দ্র থেকে আজকের ধারাবাহিক পর্যন্ত আমরা জানতে চাই, তারপর কী হল। চেতনাপ্রবাহের রীতি বাংলায় এসেছে, তিনের দশকেই এসেছে– ধূর্জটিপ্রসাদ মুখোপাধ্যায়ের ‘অন্তঃশীলা’-র কথা এ প্রসঙ্গে ওঠে– কিন্তু মূলধারা হয়নি। আমরা মনের ভিতরের কথা লিখেছি বিস্তর, তবে লেখক সেখানে প্রায় সব সময় ব্যাখ্যাকার হয়ে পাশে দাঁড়িয়ে থেকেছেন।

অথচ বইটার বিষয় আমাদের হাড়ে-মজ্জায় চেনা। একান্নবর্তী বাড়ির সেই মা বা জেঠিমা, যাঁর চারপাশে গোটা সংসার ঘুরত; যিনি চলে যাওয়ার পরে বোঝা গেল, বাড়িটা আসলে বাড়ি ছিল না, ছিলেন তিনি। পুজোর ছুটির পৈতৃক বাড়ি, যেটা পরে বিক্রি হয়ে গিয়েছে বা ভেঙে ফ্ল্যাট উঠেছে। ১০ বছর পরে ফিরে গিয়ে দেখা, উঠোনে আগাছা, কুলুঙ্গিতে কারও ফেলে-যাওয়া চিরুনি। এসব নিয়ে বাংলায় লেখা কম হয়নি। তবে অধিকাংশ লেখায় নস্টালজিয়া একটা মিষ্টি সিরাপ; উল্‌ফ সিরাপটা দেন না। মিসেস র‍্যামজি তাঁর বইয়ে অপরূপা, আবার দমবন্ধ-করা। তাঁর দাম্পত্য গভীর, আবার একতরফা শোষণ। শৈশবের গ্রীষ্ম স্বর্গ, আবার সেখানে ছ’বছরের ছেলে বাবাকে খুন করতে চায়। স্মৃতিকে এতটা ভালোবেসে এতটা নির্মম হওয়া সহজ কাজ নয়। আমার মনে হয়, স্মৃতি নিয়ে যাঁরা লেখেন, তাঁদের কাছে এ বই একটা মাপকাঠি।

zoom
ভার্জিনিয়া উল্‌ফের চিঠি

দেখাটুকু

বই বেরনোর আগে ভার্জিনিয়া তাঁর বন্ধু ভিটা স্যাকভিল-ওয়েস্টকে একটা কপি পাঠিয়েছিলেন। ভিতরে লেখা: ভিটাকে, ভার্জিনিয়া; তার নিচে বন্ধনীতে, ‘In my opinion the best novel I have ever written’ (আমার মতে, আমার লেখা সেরা উপন্যাস)। ভিটা খুলে দেখেন, সব পাতা সাদা। ওটা ছিল ছাপাখানার বাঁধাইয়ের নমুনা। রসিকতাটা উল্‌ফের স্বভাবের সঙ্গে মেলে; তিনি নিজের লেখা নিয়ে যত সংশয়ে ভুগতেন, ততটাই জানতেন কোনটা ভালো হয়েছে। আসল বইটা প্রথম বছরেই তাঁর আগের সব বইয়ের চেয়ে বেশি বিকিয়েছিল। সেই টাকায় উল্‌ফ-দম্পতি তাঁদের প্রথম মোটরগাড়ি কেনেন।

তার ১৪ বছর পরে, আর একটা মহাযুদ্ধের মাঝখানে, অসুখ ফিরে আসার ভয়ে তিনি নিজের জীবন শেষ করে দেন। ও-কথাটা এখানে তুলছি, কারণ তাঁর মৃত্যুর গল্প তাঁর বইগুলোর উপর একটা ছায়া ফেলে রেখেছে; লোকে তাঁকে পড়ার আগেই জানে, তিনি ‘বিষাদের লেখিকা’। ‘টু দ্য লাইটহাউস’ বিষাদের বই নয়। এ বইয়ে মৃত্যু আছে, শূন্যতা আছে, কিন্তু শেষ পাতায় একজন মহিলা ক্লান্ত হাতে তুলি নামিয়ে রাখেন এবং জানেন, কাজটা হয়েছে। ছবিটা চিলেকোঠায় যাবে, কেউ দেখবে না, তাতে কী? তিনি দেখেছেন।

১০০ বছর পরে বইটার কাছে আমি ওইটুকুর জন্যই ফিরি। আমরা যারা লিখি বা আঁকি বা গান বাঁধি, অধিকাংশই লিলি ব্রিসকো– র‍্যামজি নই, উল্‌ফ তো নই-ই। আমাদের কাজ কোথাও ঝুলবে না। কানের কাছে কেউ না কেউ সব সময় বলে যাবে, তোমার দ্বারা হবে না। তবু ক্যানভাসের মাঝখানে রেখাটা টানতে হয়। আবহাওয়া ভালো থাকুক বা না-থাকুক।

তথ্যসূত্র:

১। টু দ্য লাইটহাউস, ভার্জিনিয়া উল্‌ফ
২। মোমেন্টস অব বিয়িং, ভার্জিনিয়া উল্‌ফ
৩। আ রুম অব ওয়ান’স ওন, ভার্জিনিয়া উল্‌ফ
৪। ভার্জিনিয়া উল্‌ফ, হারমায়োনি লি
৫। দ্য লেটার্স অব ভার্জিনিয়া উল্‌ফ, তৃতীয় খণ্ড

Centenary human psychology Novel Sangbad Pratidin Sangbad Pratidin Robbar Stream of thought Subconscious Mind To The Lighthouse Virginia Woolf

Share this article on