Kolkata Chronicle: News, Culture & Art। Robbar
Robbar
  • ১১ অগ্রহায়ণ ১৪৩৩
  • শনিবার
  • ২৮ নভেম্বর ২০২৬

শহরের এদিক-ওদিক

কোথায় কী হচ্ছে। সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে শিল্পপ্রদর্শন– দেখে নিন একঝলকে। রিভিউ কিংবা প্রিভিউ। কড়চায় খবর পাঠানোর জন্য যোগাযোগ করতে পারেন [email protected] এই মেল আইডিতে। 

শেষ আপডেট: নভেম্বর ২৮, ২০২৬, ১১:৫৬   
Facebook WhatsApp Messenger

অমল স্মৃতি কার্টুন মেলা 
২০১৪ সালে পথচলা শুরু ‘কার্টুনদল’-এর। দীর্ঘ ও বর্ণময় এই যাত্রায় বাংলা কার্টুনের প্রচার ও প্রসারে পাশে থেকেছেন অসংখ্য গুণগ্রাহী। ২০২১ ও ২০২২ সালের কার্টুনমেলার অভিজ্ঞতাকে পাথেয় করে এবারও ‘দ্য বেঙ্গল স্টোর’-এর সহযোগিতায় আয়োজিত হতে চলেছে ‘অমল স্মৃতি কার্টুনমেলা’। ২৮ নভেম্বর থেকে ৬ ডিসেম্বর পর্যন্ত চলবে এই মেলা। কার্টুনদলের অভিভাবক প্রয়াত কার্টুনিস্ট অমল চক্রবর্তীর স্মৃতিতে উৎসর্গীকৃত এই আয়োজনে সম্মান জানানো হবে আরেক সরসচিত্রী ‘অভি’ ওরফে মলয় মুখোপাধ্যায়কে। উত্তরবঙ্গ সংবাদে তাঁর ২৫ বছর ধরে এঁকে চলা ‘বিন্দু বিসর্গ’ পকেট কার্টুনের স্বীকৃতিস্বরূপ এ বছর প্রথমবার দেওয়া হবে ‘অমল স্মৃতি পুরস্কার’। প্রদর্শনীতে থাকবে মূল শিল্পকর্ম, প্রফুল্লচন্দ্র লাহিড়ীর (কাফী খাঁ) অরিজিনাল কার্টুন, দুর্লভ ‘শংকর’স উইকলি’ পত্রিকা ও কার্টুন-বিষয়ক বই। প্রকাশিত হবে সতীশচন্দ্র সিংহের কাজ নিয়ে সংকলন ‘সতীশচন্দ্র সিংহ’ এবং অভির ভাবনার খাতা ‘অভিভাবনীয়’। নতুন প্রজন্মকে কার্টুনচর্চায় উৎসাহিত করা এবং শিল্পরসিকদের সঙ্গে যোগাযোগের পরিসর গড়ে তোলাই এই উদ্যোগের লক্ষ্য। আজ, ২৮ নভেম্বর থেকে ৬ ডিসেম্বর, প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত যোধপুর পার্কের ১২৭, গড়িয়াহাট রোডের দ্য বেঙ্গল স্টোরে চলবে মেলা।

………………….ক্ক………………..

zoom
অমল চক্রবর্তী

………………….ক্ক………………..

সন্তোষের সেঞ্চুরি
তাং মত করো, কাফি হো গ্যায়া, সেঞ্চুরি হো গ্যায়া। সত্যিই তো! সত্যজিৎ রায়ের জটায়ু চরিত্রের অভিনেতা একশো পেরিয়ে এলেন। জন্মশতবর্ষ পূর্তি উপলক্ষে সন্তোষ দত্তকে স্মরণ করে ২৪ নভেম্বর রামমোহন হলে আয়োজিত হল অনুষ্ঠান ‘সন্তোষ-এর সেঞ্চুরি’। হারমোনিকা এবং রামমোহন লাইব্রেরি ও ফ্রি রিডিং রুমের যৌথ উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিনেতা পরান বন্দ্যোপাধ্যায়, ‘তোপসে’ সিদ্ধার্থ চট্টোপাধ্যায় এবং চলচ্চিত্র বিশেষজ্ঞ সঞ্জয় মুখোপাধ্যায়। বক্তাদের স্মৃতিচারণে উঠে আসে অভিনেতা ছাড়াও অ্যাডভোকেট এবং সর্বোপরি মানুষ সন্তোষ দত্তের নানা দিক, নানা কথা। প্রদর্শিত হয় ‘সন্তোষ-এর সেঞ্চুরি’ শীর্ষক বিশেষ তথ্যচিত্রটি। শিবেন দাশগুপ্ত ও সায়ক মিত্রের সৃজনশীল পরিকল্পনা ও পরিচালনায় নির্মিত এই তথ্যচিত্রে শতবর্ষে ফিরে দেখা হল বাংলা অভিনয়জগতের এই কিংবদন্তি শিল্পীকে।

zoom
সন্তোষ দত্ত

………………….ক্ক………………..

রোকেয়ার নারীসমাজ
বাইরের জগৎ নয়, অন্দরমহলের চার দেওয়ালের ঘেরাটোপে বন্দিজীবন বরাদ্দ নারীদের। পিতৃতন্ত্রের এই অচলায়তন জ্ঞানের আলোয় ভাঙতে চেয়েছেন রোকেয়া সাখাওয়াত হোসেন। নিজেদের অধিকার আদায়ের প্রশ্নে মেয়েদের শিক্ষিত হতে হবে, উপলব্ধি করতে পেরেছিলেন বাঙালি এই চিন্তাবিদ। সামাজিক প্রত্যাখান উপেক্ষা করেই গড়ে তুলেছিলেন ‘সাখাওয়াত মেমোরিয়াল গার্লস স্কুল’। সেই মুক্তিকামী ভাবনার প্রকাশ দেখা যায় তাঁর লেখাতেও। “সুলতানা’জ ড্রিমস”-এর লেখিকার উদ্ভাবনী ভাবনা, যুক্তিবাদী দৃষ্টিভঙ্গি ছিল চোখে পড়ার মতো। তার মেধাবী লিখন আবেগময় অথচ স্পষ্ট, কৌতুকময় অথচ তীক্ষ্ণ। নারীর সামাজিক উন্নয়নে রোকেয়ার অবদানকে স্মরণ করে আগামী ১১ ডিসেম্বর, শুক্রবার, বেলা ১টায় কলকাতা রামমোহন লাইব্রেরি হলে আয়োজিত হতে চলেছে ‘রোকেয়া সাখাওয়াৎ হোসেন স্মরণ অনুষ্ঠান’। আলোচনায় উপস্থিত থাকবেন– স্বাতী ভট্টাচার্য, পাপিয়া নাগ, আফরোজা খাতুন, সৌরভ মুখার্জী, প্রাণতোষ মুখোপাধ্যায়-সহ প্রমুখ বিশিষ্টজন।

zoom
বেগম রোকেয়া

 

………………….ক্ক………………..

হে নূতন
নবীন প্রকাশনা সংস্থা ‘স্পাউট’-এর উদ্যোগে ২৪ নভেম্বর, বিকেল পাঁচটায় নন্দন চত্বরের অবনীন্দ্র সভাগৃহে অনুষ্ঠিত হল ‘আমাদের নতুন বই-টই’ শীর্ষক বইপ্রকাশ অনুষ্ঠান। সায়নীর গানে সূচনা, তার পর বইপ্রকাশ, পাঠ ও স্মৃতিচারণ। অকালপ্রয়াত গ্রন্থকর্মী ও বহু কাছের মানুষকে স্মরণ করলেন প্রকাশক স্বর্ণ জানা। প্রবীণ শিল্পী ও গবেষক প্রণবেশ মাইতির হাত দিয়ে ‘মন তৈরির কারিগর’ সম্মাননায় ভূষিত হলেন লেখক যশোধরা গুপ্ত। নীলোৎপল সৌগত ও যশোধরার কথায় উঠে এল বাংলা শিশুসাহিত্যের বদল ও মানের প্রসঙ্গ। ঘণ্টা বাজিয়ে আনুষ্ঠানিক ভাবে প্রকাশিত হল ঐতিহাসিক উপন্যাস ‘কৃষ্ণা দ্বাদশীর জ্যোৎস্না’, ‘পূর্ণ চাঁদের মায়া’ নামের মনোজগৎ বিষয়ক গদ্য সংকলন ও ছোটদের জন্য লেখা ছবি ভরপুর ইংরেজি বই ‘লাইফ অফ পাই’। এছাড়াও এডওয়ার্ড স্টেবিংয়ের ১৯১০ সালের গ্রন্থের সুমন ধর-কৃত বঙ্গানুবাদ ‘শিকারীর অরণ্য’ ও পূর্বোল্লিখিত বইগুলি নিয়ে লেখকদের মনোজ্ঞ আলোচনা ছিল উপরি পাওনা। শ্রোতাদের মধ্যে থেকে একজনের হঠাৎ গাওয়া গানের মাধ্যমে অনুষ্ঠানের ছকভাঙা পরিসমাপ্তি ঘটল।

………………….ক্ক………………..

গুহা থেকে ক্যানভাস
‘ইনস্টিটিউট অফ সোশ্যাল অ্যান্ড কালচারাল স্টাডিজ, ইন্ডিয়া’র উদ্যোগে তৃতীয় ‘পূর্বোদয় লিট ফেস্ট’-এর অন্তর্গত আলোচনাসভা ‘কেভস টু ক্যানভাস: দ্য এভোলিউশন অফ আর্ট হিস্ট্রি ইন ইস্টার্ন ইন্ডিয়া’ অনুষ্ঠিত হতে চলেছে ২৬ নভেম্বর। বিকেল ৪টে থেকে ৬টা পর্যন্ত কলকাতার আইসিসিআর-এর নন্দলাল বসু গ্যালারিতে আয়োজিত এই আলোচনায় সভাপতিত্ব করবেন ললিত কলা অ্যাকাডেমির কলকাতা আঞ্চলিক কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত ড. রহস কুমার মহান্তি। আলোচনায় অংশ নেবেন শিল্পসমালোচক ও কিউরেটর নানক গঙ্গোপাধ্যায়, বিশিষ্ট ভাস্কর অদ্বৈতচরণ গড়নায়ক এবং অম্বুজা নেওটিয়া গোষ্ঠীর চেয়ারম্যান হর্ষবর্ধন নেওটিয়া। পূর্ব ভারতের শিল্প-ঐতিহ্য ও তার বিবর্তনই আলোচনার মূল বিষয়। সহযোগিতায় আইসিসিআর।

………………….ক্ক………………..

এপার ওপার ইছামতী: শরদিন্দু সংখ্যা
বাংলা সাহিত্যের গোয়েন্দা চরিত্র ব্যোমকেশ বক্সী ও তাঁর স্রষ্টাকে চেনে না, এমন পাঠক পাওয়া ভার। বাঙালির সেই অতি প্রিয় লেখক শরদিন্দু বন্দ্যোপাধ্যায় ও তাঁর সাহিত্য নিয়ে সম্প্রতি বিশেষ সংখ্যা প্রকাশ করল লিট্ল‌ ম্যাগাজিন ‘এপার ওপার ইছামতী’। পত্রিকার একাদশ বর্ষের এই সংখ্যা প্রকাশ উপলক্ষে ২২ নভেম্বর স্কটিশ চার্চ কলেজের মিলেনিয়াম বিল্ডিং অডিটোরিয়ামে আয়োজিত হল বইপ্রকাশ ও আলোচনা সভা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অনিন্দ্য চট্টোপাধ্যায় ও শুভ্রজিৎ দত্ত। বিশেষ অতিথিদের মধ্যে ছিলেন অধ্যাপক শ্রাবণী পাল, বিশ্বনাথ দাশগুপ্ত ও বিনায়ক বন্দ্যোপাধ্যায়। শরদিন্দুকে নিয়ে আলেখ্য পরিবেশনের পাশাপাশি ছিল কবিতা পাঠ ও সংগীতানুষ্ঠান। ইন্দিরা ব্যানার্জি মুখার্জি, সহেলী চৌধুরী, দেবযানী ভৌমিক, শিল্পী পণ্ডিত, অনুষ্কা চৌধুরী ও ললিতা রায় প্রমুখ শিল্পীর সংগীত পরিবেশনা মুগ্ধ করে। তেমনই কবিতা পাঠে অংশ নেন রতন সেনগুপ্ত, অসীম দাস, শঙ্করনাথ চক্রবর্তী, কাজল গুপ্ত, তপন চন্দ, ইন্দ্রজিৎ গুপ্ত, অর্ণব রায়, শ্রমণা মিত্র-সহ অনেকে। গান ও কবিতাপাঠের যুগলবন্দিতে অনুষ্ঠানটি হয়ে উঠেছিল সাহিত্য ও সংস্কৃতির এক নিবিড় উদ্‌যাপন।

zoom
শরদিন্দু বন্দ্যোপাধ্যায়

ইতিহাসের পথ পরিক্রমা
ভারতের ইতিহাস ও সংস্কৃতিচর্চার অনুসন্ধান ও সংরক্ষণে এশিয়াটিক সোসাইটির ভূমিকা পথপ্রদর্শকের। জ্ঞানচর্চার প্রসার থেকে দুর্লভ পাণ্ডুলিপি কিংবা গ্রন্থ সংরক্ষণ, প্রায় ২৫০ বছরের পথচলায় এশিয়াটিক সোসাইটি নিজেও হয়ে উঠেছে ইতিহাস ও ঐতিহ্যের অঙ্গ। ২১ নভেম্বর থেকে এশিয়াটিক সোসাইটিতে শুরু হ‌ওয়া ‘Echoes of the Past: A Journey through Rare Books & Journals’ প্রদর্শনী সেই ইতিহাসকে তুলে ধরেছে দর্শকদের সামনে। ঐতিহ্যবাহী এই প্রতিষ্ঠানের সংগ্রহে থাকা দুর্লভ বই ও সাময়িকপত্র ব‌ইপ্রেমীদের সামনে তুলে ধরতে এই প্রয়াস। ২১ নভেম্বর থেকে শুরু হ‌ওয়া এই প্রদর্শনী চলবে ৫ ডিসেম্বর ২০২৬, দুপুর ১২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। এএম‌আই আর্টস ফেস্টিভ্যালের উদ্যোগে, ইমামি ফাউন্ডেশন ও কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রকের যৌথ সহযোগিতায় এই আয়োজন। প্রদর্শিত নথি ও সাময়িকীর মাধ্যমে আদিবাসী জনগোষ্ঠীর ইতিহাস ও সংস্কৃতি, ঐতিহ্য ও সামাজিক অবস্থার কথা বিশদে জানতে পারবেন উপস্থিত দর্শকরা। পাশাপাশি অনুভব করতে পারবেন গবেষণাধর্মী সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণের প্রয়োজনীয়তাকে।

………………….ক্ক………………..

সুদূরের ডাক
১৭৬৬ সালে পথচলা শুরু ভারতীয় ডাকব্যবস্থার, নেপথ্যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি। তখন থেকে ২০২৬ সাল পর্যন্ত, ভারতের ডাকব্যবস্থার ইতিহাস সুদীর্ঘ। তারই নানা অধ্যায় উঠে এসেছে এক বিশেষ প্রদর্শনীতে। ডাকটিকিট সংগ্রাহক ও শিল্পী দীপক দে-র উদ্যোগে আয়োজিত এই প্রদর্শনীর বিষয় ‘মাইলস্টোনস ইন ইন্ডিয়ান পোস্টাল হিস্ট্রি (১৭৬৬-২০২৬)’। ২৫ থেকে ২৮ নভেম্বর, ২০২৬, পর্যন্ত কলকাতার আইসিসিআর-এর স্কাল্পচার কোর্টে চলবে এই প্রদর্শনী। প্রতিদিন সকাল ১১টা থেকে সন্ধে ৬টা পর্যন্ত দর্শকদের জন্য খোলা থাকবে গ্যালারি। ভারতের আড়াইশো বছরের ডাক পরিষেবার বিবর্তন, ইতিহাস ও নানা উল্লেখযোগ্য অধ্যায় সম্পর্কে জানার সুযোগ মিলবে এখানে।

………………….ক্ক………………..

ইন্ডি কমিক্স ফেস্ট
সম্প্রতি কলকাতায় হয়ে গেল তৃতীয় দফার ‘ইন্ডি কমিকস ফেস্ট– কলকাতা’। শনিবার পার্ক স্ট্রিটের ‘ওয়াইডব্লিউসিএ গ্যালওয়ে হাউস’-এ আয়োজিত এই উৎসবে অংশ নেন শহরের তরুণ ও প্রতিষ্ঠিত কমিক শিল্পী– অনেকেই। মেহফিল জমজমাট হয়ে উঠেছিল আগ্রহী দর্শকদের উপস্থিতিতে। দৈনন্দিন জীবনের নানা ঘটনা থেকে শুরু করে রাজনৈতিক প্রতিবাদ– কমিকসের বিষয় হিসেবে উঠে আসে বিভিন্ন বিষয়। চার্বাক দীপ্ত ও হর্ষ মোহন চট্টোপাধ্যায় উপস্থিত ছিলেন এদিন। কমিকস আঁকার কর্মশালা, থিওরি ও তার বাণিজ্যিকীকরণ নিয়ে আলোচনার পাশাপাশি উঠে আসে অ্যানিমেশন ও গেমিং জগতের সঙ্গে কমিকসের যোগসূত্রের আঙ্গিক। আগামী দিনে ১৫-১৬ জন শিল্পীর কাজ নিয়ে ইংরেজি ও বাংলা ভাষায় একটি কমিকস সংকলন প্রকাশের পরিকল্পনার কথাও ঘোষণা করেন আয়োজকমহল।

zoom
সনৎ কর

………………….ক্ক………………..

প্রিয় করস্পর্শ
ভারতীয় প্রিন্টমেকিংয়ের প্রসঙ্গ উঠলে, শিল্পী সনৎ করের নাম না নিয়ে তা এগয় না। সম্প্রতি শিল্পী সনৎ করের আঁকা নিয়ে এক বিশেষ প্রদর্শনীর আয়োজন করেছে ‘দেবভাষা’। বেঙ্গল বিনালে ইন্টারনোডস-এর উদ্যোগে এই প্রদর্শনী অনুষ্ঠিত হবে ‘দেবভাষা বই ও শিল্পের আবাসে’। কাঠখোদাই বা ‘উড ইন্টাগ্লিও’-র অন্যতম পথিকৃৎকে আগ্রহী দর্শক চেনার সুযোগ পাবে নতুন করে। আগামী কাল ২৯ নভেম্বর, ২০২৬, সন্ধে সাড়ে ৬টায় হবে প্রদর্শনীর উদ্বোধন। ২০ ডিসেম্বর পর্যন্ত চলবে এই প্রদর্শনী। রবিবার ও ছুটির দিন বাদে প্রতিদিনই, দুপুর ২টো থেকে রাত ৮টা পর্যন্ত দর্শকদের জন্য খোলা থাকবে এটি। প্রদর্শনীর ঠিকানা ৭০/২ সেলিমপুর রোড, কলকাতা ৭০০০৩১।

zoom
শিল্পী: বিনোদবিহারী মুখোপাধ্য়ায়

………………….ক্ক………………..

পুবালি বাতাস
হারানো শিল্পের খোঁজে। কবেকার শান্তিনিকেতন। পৌষের নরম রোদ বটচ্ছায়া অস্থির দেহলি। এশীয় শিল্পের ঢেউ এই নবান্নের দেশে বয়ে এনেছিল যারা তেমন পুবালি আলো– ওকাকুরা, টাইকান– যেন বহু চেনা। যেভাবে কাগজে প্রগলভ জলের ধারা আলতো তুলির কারসাজি এই নবান্নের দেশে মিশে গিয়েছিল। পুরনো কলাভবন, মনে করো– নন্দলাল, বিনোদবিহারী। কীভাবে দেখতে হবে, দেখা শেষ হলে কতখানি তুলে নিতে হবে চোখ থেকে মনে, মন থেকে কাগজের অসম ভূমিতে। সাঁওতাল পল্লির দৃশ্য। শালবীথি। উদাসী কদম। দু’-চোখ ভিজিয়ে দেওয়া ম্লান জলদেশ। পাশাপাশি হিরোসিজ, লিং ওয়েন য়ু। চিনে শিল্পীর আঁকা চড়াই ওড়ানো দ্বিপ্রহর। এই মেলামেশা। পুবের হাওয়ায় মিশে নবান্নের দেশ। উইন্ডস ফ্রম দ্য ইস্ট। সাজিয়েছেন তিনজন– সৌমিক নন্দী মজুমদার, বনতন্বী দাসমহাপাত্র আর সন্তোষ কুমার সাখিনালা। ২৫ নভেম্বর থেকে শুরু হল। নন্দন সংগ্রহালয়ে। এই অসময়ে প্রবল পশ্চিম যদি ক্রমাগত হিমযুগ আনে, পুবালি বাতাস তবে ২ জানুয়ারি অবধি শান্তিনিকেতনে।

zoom
নীহাররঞ্জন চৌধুরী

………………….ক্ক………………..

শিল্পের নীহারযুগ
প্রাক স্বাধীনতা পর্ব। বাংলা শিল্পের স্থানু চিত্রপট জুড়ে বহু ভাঙচুর। কর্ষণের দাগ। উজ্জীবন পুনরুজ্জীবন। পুরনো আঙ্গিক ভেঙে নতুন শিকড়, আরও নবতর চিত্রভাষা অন্বেষার বহুস্তরী সম্ভাবনাবীজ। অসহযোগ থেকে দেশভাগ ক্রমশ জীবন থেকে শিল্পে ছড়িয়ে পড়তে পড়তে প্রায় বিস্মৃত কলাভবনী নীহাররঞ্জন চৌধুরীর অপরিচিত মুখ কেউ কি আর মনে রাখে আজ? বাস নোয়াখালি। সারাটা জীবনই প্রায় জড়িয়ে থেকেছেন স্বাধীনতা আদায়ের অনিশ্চিত ভূমায়। মাত্র ১৫ বছরের শিল্পজীবন– একরঙা স্ক্রোল থেকে স্কেচবুক, ধ্রুপদী তুলির ছন্দ, জলরং, কলমকারি, কার্ড ও গুয়াশ– বহু কাজ, প্রায় আর্কাইভতুল্য– একত্র করেছেন সম্পূর্ণা চক্রবর্তী। মেলে ধরেছেন এ যুগের শিল্পপিপাসু চাক্ষিকের সামনে। ২৭ নভেম্বর থেকে শুরু হয়েছে প্রদর্শনী। চলবে ডিসেম্বর ৩১ অবধি। স্থান আর্ট এক্সপোজার।

zoom
শিল্পী: হরেন দাস

………………….ক্ক………………..

সময়ের ছাপ
আবার হরেন দাস। এই চলমান ইতিহাসে একটি নিহিত বীজ একখানা প্রাচীন আখর। সময়ের ছাপচিত্রমালা। আমরা যেটুকু দেখি এতদিন যতটা দেখেছি তার থেকে দূরে গিয়ে শুরুর দিকের স্কেচ, রেখাচিত্র, ঝটিতি টানের লব্জে বুনে ফেলা কাঁচা জলরং। এছাড়া প্রিন্টের কাজ– ড্রাই পয়েন্ট, উডকাট, এচিং। সময়ের ছাপ। ইমপ্রেশন্‌স অফ টাইম। সমগ্রে কি ধরা যাবে, ধরা যায়? তবু যতটুকু যায়– চেনা আধোচেনা, সহজ স্টাডির বীক্ষা, অবনীন্দ্র-নকলনবিশি, দেখা, আলোছায়া দেখা, মাপা দাগে দেখে নেওয়া দেহলির সূক্ষ্ম অনুপাত। আবার হরেন দাস। সমগ্রে কি ধরা যাবে, ধরা যায়, গিয়েছে কখনও? তবু হাতছানি যদি কিংবা ছবির ডাক হারানো স্বদেশ– দেখে আসা চলে। মুখ্য পুরোহিত তথা সৌগত চট্টোপাধ্যায়– ভেবেছেন এমনভাবেই। ১৮ নভেম্বর থেকে গ্যাঞ্জেস আর্ট গ্যালারিতে। চলিবে ৪ তারিখ, জানুয়ারি অবধি।

Amal Chakraborty begam royeka Haren Das postal history Sangbad Pratidin Sangbad Pratidin Robbar santosh Dutta কড়চা

Share this article on