

রোববার.ইন-এ এবার মাঝে মাঝেই গল্পের আসর। তবে, শুধুই রবিবার করে। কেমন লাগছে সেইসব গল্প আপনাদের? জানাতে পারেন [email protected]এই মেল আইডিতে। গল্প পাঠাতেও পারেন আমাদের। গল্পের শব্দসীমা ২০০০। পাঠাতে হবে ইউনিকোড, ওয়ার্ড ফাইলে। সঙ্গে পরিচয় ও ফোন নাম্বার দিতে ভুলবেন না।
মাথার ভিতর একটা মাথা আছে, সে কেবল চিৎকার করে। যে-সে চিৎকার নয়, চিল চিৎকার। মাথা তাকে ঠান্ডা করার চেষ্টা করে। পারে না, কিন্তু চেষ্টা করে। এত চিৎকার, এত চিৎকার যে মাথা চুপ করলে, মাথা চুপ করে ঘরের মধ্যে ভয় পায়। ভয়ে কাঁপে, ভাবে আবার কখন চেঁচাবে। তার আগে একটু ঘুমিয়ে নিই।
মনের মধ্যে একটা মন আছে। সে কেবল অন্য কথা ভাবে। যা যা ভাবা উচিত নয়, ভাবে ঠিক তাই তাই-ই। মন, মনকে আড়াল করে মনের থেকে। অন্তত চেষ্টা করে আগলে রাখতে। যখন সে ছিঁড়ে কুচি কুচি হয়ে যায়, সে আবার সূচ-সুতো নিয়ে বসে সাবধানে। চেন সেলাই করে, সুন্দর সুন্দর ফুল আঁকে। আঁকে নদী, পাহাড়, জঙ্গল। সমুদ্র আঁকতে চায়, পারে না। চেন সেলাইয়ে কী করে সমুদ্র আঁকা যায়, সে শেখেনি। সমুদ্রের মধ্যে ঢুকে সে চান করতে পারে ডুবে ডুবে। উথালপাথাল সমুদ্র। গরম ঢেউ, ঠান্ডা ঢেউ। আবার গরম ঢেউ। ঢেউয়ের বুক পেট চিরে সে সার্ফ করতে পারে। তার লাইফ জ্যাকেট লাগে না, লাগে না লাইফ বোট। কিন্তু না, সে বসে থাকে পাড়ে। ঢেউ এসে পায়ে লাগে, কিছুটা কোমরে। সে সমুদ্রে যেতে পারে না। তার মানা আছে, সমুদ্রে তার অমঙ্গল। পূর্বজন্মে সে সমুদ্রে মরেছিল। এ জন্মে তাই সে স্বপ্ন দেখে সমুদ্রের পাড় থেকে।
তার হাতের মধ্যে একটা হাত আছে। সে সব ছুঁতে পারে। জঙ্গলের ফুল, গ্রিসের নীল-সাদা বাড়ির দেওয়াল, ছুঁচলো পাতা, কোঁকড়া চুল, সমুদ্রের ভিতর মাঝের পিচ্ছিল ত্বক। হাত তাকে আটকায়, টেনে আনে কলকাতার দুপুরের ঘরে। সেখানে রোদ আসে, যায়, আবার আসে। ধীরে ধীরে পুরো চলে যায়। শীত আসে, গরম, বর্ষা। বিকেল হয়। রোদ আর আসে না। অন্ধকার হয়। মশারা ঢুকে পড়ে ঘরে। কামড়ে কামড়ে হাত জ্বালা করে দেয়। সমুদ্রের মধ্যে হাঙর তাকিয়ে থাকে, গ্রিসের ঘরের পর্দাগুলো হাওয়ায় দোলে না, থেমে থাকে, পাহাড়ি ফুল নিভে যায়, পাহাড়ি কুকুর ঘুমিয়ে পড়ে। আমি জেগে থাকি। রাত দুটো-দুই, মাথার মধ্যে মাথা চিৎকার করে। এত চিৎকার, এত চিৎকার, পাড়া প্রতিবেশীরা জেগে ওঠে। আলো জ্বালিয়ে দেয় বাড়ির বড়রা, ছোটরা বিছানায় শুয়ে ভয়ে কাঁপে। দুর্গাপুজোর আলোয় গোটা পাড়া ফ্যাটফ্যাট করে। কুকুরেরা আরও জোরে চিৎকার করে, মাথার ভিতর বুলেট বাইক জোরে আওয়াজ করে বেরিয়ে যায়, না না বুলেট নয়, ধূমকেতু। না, না, ক্যাপ বন্দুক। না রে বাবা, এটা তো গাড়ির হর্ন, কানের পাশে বেজেই চলেছে, বেজেই চলেছে। কান চাপা দেয় হাত। হাত কান ছোঁয় না, সে ছুঁয়ে ফেলে চেন সেলাই করা মলমল কাপড়, ছুঁয়ে ফেলে দুধ-সাদা পাহাড়ের চূড়া, বেনারসের ঘাটের সিঁড়িতে রাখা প্রদীপের আগুন। আগুন লেগে যায় তার সাদা ফুলকারি জামায়। সে আগুন লাগা শরীর নিয়ে ছুটে গঙ্গায় নেমে পড়ে। ধীরে ধীরে পুরো গঙ্গায় এখন আগুন। সে জ্বলছে, সঙ্গে পুরো গঙ্গা, জ্বলছে বেনারসের ঘাট। তার শরীরটাই এখন পুরো গঙ্গা। আগুনের ওপর দিয়ে চলে যাচ্ছে একটার পর একটা জাহাজ, পাড়ে দাঁড়িয়ে বাঁধা নৌকোরা দেখে বাড়াবাড়িটা। হোটেল রুম থেকে সকলে দেখে আমায় আগুন হতে, আগুনে পুড়তে, ঝলসে যেতে, দিশেহারা হতে। তারা বারান্দায় বসে চা খায়। আমার ছোটবেলার বাড়ির বাড়িওয়ালি, বড়বেলার রিকশাওয়ালা, থিয়েটারের দু’-একজন বন্ধু, দূরদর্শনের গেটকিপার, গড়িয়াহাটের শাড়ির দোকানের লোকটা, বোনের শাশুড়ি, বাবা, দলের ডিরেক্টর, মেগার বন্ধুরা, দুর্গা ঠাকুর, বন্ধুর সদ্য জন্মানো ছয়দিনের ছেলে, চার বছর আগে মরে যাওয়া পাড়ার দিদি। আমি পুড়ি। পুড়ে পুড়ে ছাই হই না, আগুন হই। আগুন আরও বাড়ে, বাড়তে বাড়তে আমি ওদের আর দেখতে পাই না। আগুন মাথার ওপর উঠে যায়, আমি চোখ বন্ধ করি।

চোখ খুলে যায়। চোখ বরফ দেখে, বৃষ্টি দেখে। ঢেউ আসে, ঢেউ যায়। বাইকে করে ঘুরি আমি অজানা শহরে। চোখের মধ্যে হাওয়া ঢুকে যায় অচেনা শহরের। আগুনকে ভুলে যায় চোখ, মন ভোলে না। মন আগলে রাখে মনকে। তুলোর মধ্যে রাখে তাকে। তাও মনে পোকা লাগে, জ্বালা করে। যখন যন্ত্রণা হয় মনের, পাঁজর দিয়ে পাঁজর এমন সেলাই করে, ব্যথা সে অনুভবই করে না। তখন শুধু পাঁজরে ব্যথা হয়, টনটন করে। কিন্তু সে ভালো, বুকে ব্যথার থেকে পাঁজরে ব্যথা অনেক ভালো। সপ্তমী অষ্টমী নবমী যায়, ফড়িংগুলো ঘুরে বেড়ায় মাথার ওপর আকাশে। মেঘের মধ্যে ঢুকে যায়, বেরিয়ে আসে ভেজা পাখনায়। ভারী হয়ে যায়। গঙ্গায় পড়ে যায়, আগুনে পুড়ে যায়। আবার আমি আগুনে চোখ খুলি, তখন আর হোটেলের বারান্দায় কেউ নেই। ক’টা আন্ডারওয়ার শুকোচ্ছে, হাওয়ায় দুলছে। একটা বাঁদর, রানি-রঙের আন্ডারওয়ারটা ক্লিপ থেকে টেনে বের করে চিবোচ্ছে। আমি চিনি, আমি ঠিক চিনি এটা আমার আন্ডারওয়ার। বেনারস আসার আগে নতুন কিনেছি। বাঁদরের হাত থেকে ওটা ছিটকে পড়ে যায়। গঙ্গার আগুনে জ্বলতে থাকে, বাঁদরটা রেগে যায়। এদিক ওদিক ছোটাছুটি করে। দিশেহারা হয়ে ওটা নিতে তিনতলার বারান্দা থেকে নদীতে নেমে আসে। ওর ল্যাজে আগুন লেগে যায়, ও পালিয়ে যায়। পালিয়ে যেতে যেতে কত হোটেল, বাড়ির ছাদে যে জামাকাপড়ে আগুন লাগাতে লাগাতে যায় কে জানে!
আমি আর দেখতে পাই না, চোখ বুজি। আগুন ততক্ষণে নদীর ওপরের ঘুড়িটা, মেঘটাকেও খেয়ে ফেলেছে। সবই জ্বলছে এখন। আমার চোখ, চোখের মধ্যে আগুন ঢুকতে দেয় না। সে আড়াল করে চোখকে তাপ থেকে। বাড়িতে বসে আমি রোদ থেকে সরে আসি, পর্দা দুটো একটু টেনে দিই, কাফকা পড়ি। একটা লাইন একবার পড়ি, দু’বার, বারবার। তাও বুঝতে পারি না। কী যে বলতে চাইছে! একজন গায়ক, তাকে শ্রোতারা পছন্দ করে, আবার করেও না। সে ভালো গায়, আবার গায়ও না। সে ফেমাস, আবার তাকে ছাড়াও চলে। সে বেশি গুরুত্বপূর্ণ তার গানের থেকে। সে কোনও কাজ করে না, যাতে গান গাওয়াতে কোনও ব্যাঘাত না ঘটে। এদিকে সে গান গায় না। এর মানে কী? আমি কিছুই বুঝি না। কাকে জিজ্ঞেস করব আমি? কেউ তো নেই আশপাশে। আমি পুড়ছি, গঙ্গা পুড়ছে। পুড়ছে মেঘ, ঘুড়ি। গ্রিসের নীল-সাদা বাড়িগুলো পুড়ে পুড়ে কালো হয়ে গিয়েছে। আমার মাথা চিৎকার করছে, না না আমি না, তার মাথা চিৎকার করছে। আমি তো পুড়ছি। সপ্তমী অষ্টমী নবমী যাচ্ছে। রাত তিনটে-এক। রাস্তায় আলো ফ্যাটফ্যাট করছে। সবার জানলা অন্ধকার। ঘুমচ্ছে সবাই, কেউ আমার চিৎকার শুনতে পাচ্ছে না। আমি চুপ করে যাই। দেখি তাকিয়ে তাকিয়ে জানলায়। সবার ছাদে, বারান্দায় জামাকাপড় পুড়ছে। আগুন লেগেছে কলকাতায়, সবাই খালি ঘুমচ্ছে। আমি জেগে আছি।

ভোর হব হব করছে। বাঁদরটা কিছুটা দূরে একটা ফ্ল্যাটের ছাদে বসে সোজা আমার দিকে তাকিয়ে। আমিও সোজা তার দিকেই তাকিয়ে। অনেকক্ষণ। সপ্তমী যায়, অষ্টমী, নবমী। এভাবে কতক্ষণ তাকিয়ে থাকা যায়! আলো ফুটবে ফুটবে করছে। গায়ে কাঁথা চাপা দিয়ে, এসিটা ১৯-এ করে আমি শুয়ে পড়ি। এখনই ঢাক বাজল বলে। তার আগে একটু ঘুমিয়ে পড়তে হবে। আমি চোখ বন্ধ করি, জেগে থাকে কাঁথার গায়ে চেন সেলাই করা ফুল-পাখি-মাছ। নীল-সাদা ঘর, ফড়িং। নড়তে থাকে লাল বাঁদরের হলুদ ল্যাজ।
ভোর হয়, পোড়া গন্ধ আসে নাকে। এসিটা পুড়ছে। বাইরে বাবা-মা চেঁচাচ্ছে, দরজা ধাক্কা দিচ্ছে। বুঝতে পারছি, শুনতে পাচ্ছি, উঠতে পারছি না! আমার কান, কানকে আড়াল করছে। শুনতে দিচ্ছে না বাইরের আওয়াজ। কান শুনছে চিলচিৎকার, ধূমকেতুর চিৎকার, মাছেদের চিৎকার, স্টেজে অভিনেতার চিৎকার, সদ্যোজাত শিশুর চিৎকার, পাড়ার মৃত দিদির অ্যাসিড খেয়ে যন্ত্রণার চিৎকার।
পাশ ফিরে শুই আমি, আরও গভীর ঘুমে ডুবে যাই। সকাল সাতটা-তিন। গুড মর্নিং।
…………………….
রোববার.ইন-এ পড়ুন রোববারের গল্প-র অন্যান্য লেখা
…………………….
A Unit of: Sangbad Pratidin Digital Private Limited. All rights reserved