Musafir Cafe: Essence of Love Affection and Togetherness। Robbar
Robbar
  • ৬ ভাদ্র ১৪৩৩
  • সোমবার
  • ২৪ আগস্ট ২০২৬

যা কিছু হৃদয়ঘটিত

ব্যর্থ প্রেম আদপে অনেকটা শেষ বিকেলের জংশন স্টেশন, যেখানে অজস্র মুখের ভিড়ের গন্তব্য আলাদা আলাদা। কোথাও মিল নেই। জীবন একবিন্দুতে দাঁড়িয়েও আশ্চর্য রকম একা। ব্যর্থ প্রেম আসলে অসমাপ্তির গল্প বলে। তার নিটোল রূপ নেই। স্মৃতির দেহ আঁকড়ে সে চলিষ্ণু, ক্রমবর্ধমান। ‘মুসাফির ক্যাফে’র চন্দর ও সুধা, সেই অসমাপ্ত গল্পের দুই মানস-মানসী, যারা ক্ষণস্থায়ী সম্পর্কে চিরস্থায়ী ভালোবাসার সাধনা করেছে আজীবন।

Published by: Robbar Digital

Posted:August 24, 2026 4:48 pm | Updated:August 24, 2026 6:00 pm  
Facebook WhatsApp Messenger

প্রেমের নিজস্ব একটা মানচিত্র রয়েছে। তার সীমান্তে কোনও কাঁটাতার নেই। বরং তা ব্যাপ্ত, যতদূর চোখ যায়, মনের শামিয়ানা যতদূর বিছিয়ে দেওয়া যায়, ততদূর পর্যন্ত তার বিস্তৃতি। সেই অসীমত্ব ছুঁতে গেলে একটা মন লাগে। যে মন ভালোবেসে যেতে পারে অবিরাম। আমাদের দশটা-পাঁচটা কিংবা মাঝরাতের ঘুমভাঙানিয়া জীবনে সেই মন সকলের একখাতে বয়ে যায় না। বলতে গেলে জীবনের বাঁকে বাঁকে যে কুয়াশাভেজা স্মৃতি, তাকে আঁকড়ে মন বয়ে চলে নিজের ছন্দে, ভালোবাসা তার গতি। পরিণতির ভাবনা সেই সফরনামায় অকিঞ্চিৎকর।

পাহাড়তলির ক্যানভাসে এক নয়নাভিরাম ক্যাফে, সেই ক্যাফে-কে ঘিরে তিনটি মানুষ, এক প্রেমের ত্রিকোণ, যা অনিঃশেষ ভালোবাসার কথা বলে। সেই অনুভবের স্রোত আপনাকে আঘাত করবে না, বরং আবিষ্ট করবে। মনে হবে এই তো আমি! চোখের আড়াল ঘুচে গিয়ে জন্ম নেবে আরশিনগর। ভালোবাসার সেই বেলাভূমিতে আপনাকে স্বাগত জানাতে তৈরি ‘মুসাফির ক্যাফে’।

zoom
সেলুলয়েড এবং বাস্তবে চর্চায় এখন ‘মুসাফির ক্যাফে’

সভ্যতার মুখোশ যেখানে গলে গলে পড়ছে, যুদ্ধ ও হানাহানির ছোবলে ভরে উঠছে সামাজিকতার ক্ষত, ভয় ও ভরসার প্যারামিটার যেখানে মানুষের বাঁচার মহৌষধি; সেই ক্ষয়ে আসা পৃথিবীতে ‘মুসাফির ক্যাফে’ এক সোনার পাথরবাটি। যেখানে ভালোবাসা স্বার্থ-সংকীর্ণতার ঊর্ধ্বে, কামনা-বাসনা-চাহিদার চৌহদ্দি ডিঙিয়ে একটা পরিপূর্ণ সত্তা, যার সন্ধান আমাদের আজীবন জারি থাকে।

১০ বছর আগে লেখা হিন্দি উপন্যাস যে ২০২৬-এ এসে ওয়েব সিরিজ-রূপে সাড়া ফেলে দেবে সেলুলয়েড থেকে আমআদমির জীবনধারায়, এমনটা হয়তো কল্পনাও করেননি ‘মুসাফির ক্যাফে’র লেখক দিব্য প্রকাশ দুবে। তাঁর বেস্টসেলার বইকে আট পর্বের ওয়েব সিরিজে হাজির করে তাক লাগিয়ে দিয়েছেন পরিচালক রুচির অরুণ।

zoom
দিব্য প্রকাশ দুবের যে উপন্যাস অবলম্বনে তৈরি ’মুসাফির ক্যাফে’

তবে উপন্যাস হোক কিংবা ওয়েব সিরিজ, প্রজন্মের পর প্রজন্ম মজে গিয়েছেন ‘মুসাফির ক্যাফে’র অন্তর্নিহিত অনুভূতির সঙ্গে। যে অনুভূতি আমাদের শিরায় শিরায় প্রেমের অনুভবকে জাগ্রত করে। ‘মুসাফির ক্যাফে’ কেবল দু’টি মানুষের যোগাযোগের গল্প নয়; বরং তা একুশ শতকের প্রেম ও মানসিক টানাপোড়েনের এক নিরবিচ্ছিন্ন দলিল। ‘মুসাফির ক্যাফে’ আমাদের শেখায়, জীবনের সব পথ গিয়ে কোনও নিশ্চিত গন্তব্যে মেশে না; কিছু সফর অসমাপ্ত থাকার কারণেই হয়তো সুন্দর।

ব্যর্থ প্রেম আদপে অনেকটা শেষ বিকেলের জংশন স্টেশন, যেখানে অজস্র মুখের ভিড়ের গন্তব্য আলাদা আলাদা। কোথাও মিল নেই। জীবন একবিন্দুতে দাঁড়িয়েও আশ্চর্যরকম একা। ব্যর্থ প্রেম আসলে অসমাপ্তির গল্প বলে। তার নিটোল রূপ নেই। স্মৃতির দেহ আঁকড়ে সে চলিষ্ণু, ক্রমবর্ধমান। ‘মুসাফির ক্যাফে’র চন্দর ও সুধা, সেই অসমাপ্ত গল্পের দুই মানস-মানসী, যারা ক্ষণস্থায়ী সম্পর্কে চিরস্থায়ী ভালোবাসার সাধনা করেছে আজীবন। তাদের মানসিকতা ভিন্নধর্মী। আধুনিক। বাস্তববাদী। স্বাধীনচেতা সুধা, পেশায় ডিভোর্সের আইনজীবী হওয়ায়, ভালোবাসার পরিণতিকে সে উপলব্ধি করেছে ভাঙন ও বিচ্ছেদের দৃষ্টিকোণে। বৈবাহিক স্থিতির পরিবর্তে ‘সম্পর্ক এড়িয়ে চলার প্রবণতা’কে সে মান্যতা দিয়েছে। মনের দ্বান্দ্বিকতা কি তাকে আচ্ছন্ন করেনি? করেছে, করেছে বলেই– অনুভূতির তীব্রতা তাকে আকর্ষণ করে, কিন্তু সম্পর্কের চিরস্থায়ী বন্ধন তার কাছে শ্বাসরোধী মনে হয়। সে পরিণতিহীন ভালোবাসায় আস্থা রাখতে চায়। চন্দর? সে কি চায়? প্রেমের যে নিষ্পাপত্ব, যে আন্তরিকতার উত্তাপ, সেই অনুভূতির কাছে সে নিজেকে সঁপে দেওয়া এক ব্যাকুল-সত্তা। সে সম্পর্কের নিরাপত্তা চায়, স্থিতি চায়, কিন্তু ভাগ্যচক্রে সে নিজেকে এমন এক পরিস্থিতিতে খুঁজে পায়, যেখানে ভালোবাসা কোনও স্থায়ী ঠিকানা নয়; কেবলই একটি সাময়িক বিশ্রামাগার, হমসফর আদমির সময় গুজরানোর ‘ক্যাফে’!

zoom
‘মুসাফির ক্যাফে’র দুই কেন্দ্রীয় চরিত্র চন্দর ও সুধা

এখানেই এক অমোঘ প্রশ্ন ভিড় করে আসে। প্রেম কি কখনও ব্যর্থ হতে পারে? একটা বৈবাহিক বন্ধন কি ভালোবাসার লক্ষ্মণরেখা টেনে দিতে পারে? মুছে দিতে পারে পুরনো প্রেমের ক্ষুরধার দাবি? প্রেম কি পারে, একটা জীবনে স্রেফ একার কারও হয়ে, যাপনের অভ্যাসে অভ্যস্ত হতে? প্রথাগত প্রেমকাহিনি আমাদের শেখায়– মিলনই গল্পের একমাত্র সার্থক পরিণতি। কিন্তু ‘মুসাফির ক্যাফে’ প্রেমকে কোনও চেনা ছকে বাঁধে না। এখানে ভালোবাসা কেবল শারীরিক উপস্থিতি বা বিবাহের আইনি চুক্তি নয়। মনস্তাত্ত্বিক দৃষ্টিকোণ থেকে দেখলে, তা অন্তরের সেই চিরন্তন শূন্যতাকে তুলে ধরে, যা প্রতিটি মানুষ অন্য এক সত্তার মধ্যে পূর্ণ করতে চায়। আসলে অন্তবিহীন পথে চলাটাই জীবন। নশ্বর জীবনের সেই ‘মুসাফিরনামা’য় প্রেম প্রতিটি বাঁকে ভালোবাসার মুখকে খুঁজে পায়। পায় বলেই, একবার কাউকে ভালোবেসে ফেললে তাকে আর যাই হোক, কখনও না-ভালোবাসা যায় না।

zoom
‘মুসাফির ক্যাফে’তে চন্দর চরিত্রে বিক্রম মাসি

‘মুসাফির’ অর্থাৎ যাযাবর বা পথিক, আর ‘ক্যাফে’ হল সেই ক্ষণস্থায়ী আশ্রয়, যেখানে পথশ্রান্ত পথিক কিছুক্ষণ বসে, পথের ক্লান্তি দূর করে এবং আবার নতুন উদ্যমে পরবর্তী উদ্দেশ্যে পা বাড়ায়। চন্দর ও সুধার জীবন যেন ঠিক এমনই এক ক্যাফে– যেখানে অনুভূতির তীব্র আদান-প্রদান আছে, কিন্তু চিরকাল থেকে যাওয়ার বাঁধন নেই। কিন্তু ‘মুসাফির’ মানেই তো ভুলে যাওয়া নয়, হারিয়ে ফেলাও নয়। বরং স্মৃতিকে সঙ্গী করে পথ চলতে শেখা। আমাদের জীবনে এমনকিছু মানুষের আবির্ভাব ঘটে, যারা আসে আমাদের অন্তরকে বদলে দিয়ে চলে যাওয়ার জন্য। ভালো-খারাপের বেড়াজাল ভেদ করে তাদের উপস্থিতিটুকু মহার্ঘ হয়ে ওঠে আমাদের জীবনে। ‘মুসাফির ক্যাফে’তে চন্দরের জীবনে সুধার ভূমিকা ঠিক তেমনই। ঠিক তেমনই চন্দরেরও জীবনে সেই ভূমিকা প্রীতির। যার উপস্থিতি ছাড়া ‘মুসাফির ক্যাফে’র বাস্তবায়ন কখনও সম্ভব হত না। মুসৌরির বুকে সে চন্দরের ‘ড্রিম ক্যাফে’র প্রজেক্ট বাস্তবায়িত করেছিল। নিজেকে জুড়ে নিয়েছিল চন্দরের ভাবনা ও জীবনের পরিমিতিবোধের সঙ্গে। উভয়ের প্রেমের সঙ্গে নিবিড় গাঁটছড়া হয়তো হয়নি। সেই অপূর্ণতা ‘মুসাফির ক্যাফে’র গ্রহণযোগ্যতা বাড়িয়েছে।

zoom
‘মুসাফির ক্যাফে’র দুই চরিত্র প্রীতি ও চন্দর

সামাজিকতার উঁচু দেওয়ালের ওপারে থাকা যে বন্ধনহীন মুক্তপ্রেম, যা পারস্পরিক দায় ও দায়িত্বের দাবিমুক্ত, সেই প্রেমকে রবীন্দ্রনাথ চিনিয়েছিলেন ‘শেষের কবিতা’য়, অমিত-লাবণ্যের প্রেমের গভীরতায়। ঘড়ায় তোলা জল আর দিঘির জলের প্রাসঙ্গিকতায় বুঝিয়ে দিয়েছিলেন বদ্ধ ও মুক্ত প্রেমের তাৎপর্যকে। সেই মুক্তপ্রেমের আঘ্রাণ আমাদের চিনিয়ে দিয়েছিল অমৃতা-ইমরোজের প্রেম। তাকে সার্থক করে তুলতে সামাজিক রীতি মেনে বৈবাহিক বন্ধনে আবদ্ধ হতে হয়নি তাদেরকে। প্রেমকে তারা খুঁজে নিয়েছিলেন আপন সাহচর্যে। ‘মুসাফির ক্যাফে’ সেই প্রেমের কথা বলে। পাহাড়িয়া বাঁশির সুরের মতো তার অন্বেষণের পথ চিনিয়ে দেয়।

zoom
ভালোবাসার জানালা: মুসাফির ক্যাফে

‘মুসাফির ক্যাফে’তে কোনও ‘নায়ক’ বা ‘খলনায়ক’ নেই; বরং গল্পই এ চিত্রনাট্যের নায়ক, প্রতিনায়ক। জীবনের কঠিন বাস্তবতা আর মনের অভ্যন্তরীণ দ্বন্দ্বেই চরিত্রগুলো প্রাণবন্ত। তাকে প্রাঞ্জল করেছেন অভিনেতারা। মানুষ ভালোবাসতে চায়, অথচ নিজের ভিতরের ভয়, দ্বিধাকে আঁকড়ে ধরে রাখে। ‘মুসাফির ক্যাফে’ সেই দুর্বলতার কোণে আলো ফেলেছে। সে আলো মিঠেকড়া, কিন্তু মর্মস্পর্শী।

‘মুসাফির ক্যাফে’ আমাদের এই সত্যের মুখোমুখি দাঁড় করায় যে, ভালোবাসার সফলতা সব সময় ‘একত্রে কাটানো জীবন’-এ মাপা যায় না। কিছু মানুষকে ভালোবেসে তাদের নিজস্ব পথে ছেড়ে দেওয়ার মধ্যেও এক ধরনের মুক্তি থাকে। জীবনের কোনও না কোনও বাঁকে ভালোবেসেও যারা শেষমেশ একাকিত্বকে আপন করেছে, ‘মুসাফির ক্যাফে’ তাদের সেই বিরানপথে একচিলতে আশ্রয়।

…………………..

রোববার.ইন-এ পড়ুন ওপেন সিক্রেট-এর অন্যান্য লেখা

…………………..

Affection and Love Love Story Mahima Makwana Musafir Café Sangbad Pratidin Sangbad Pratidin Robbar Vedika Pinto Vikrant Massey

Share this article on