Swami Vivekananda: Beyond Religious Bigotry & Ritualism| Robbar
Robbar
  • ২৫ কার্তিক ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ১২ নভেম্বর ২০২৬

যে বিবেকানন্দ এখন জরুরি

বিবেকানন্দ হাসতেন। বিবেকানন্দের গুরু রামকৃষ্ণদেব হাসতেন। হাসি, নিজেকে নিয়ে ঠাট্টা, এইসব সহজ স্বাস্থ্যের লক্ষণ। ‘দিমাগি’ সন্ন্যাসীদের থাকে, তাঁরা হাসতে জানেন। হাসছেন নিজের অবস্থা নিয়ে, ধর্মের নামে অর্থহীন কাজ-কারবার নিয়ে। আবার তাঁর চিঠিতে লিখছেন, ‘উঠে পড়ে লেগে যাও দিকি। গপ্প মারা ঘণ্টা নাড়ার কাল গেছে হে বাপু, কার্য করিতে হইবেক। দেখি বাঙালীর ধর্ম কতদূর গড়ায়।’ বাঙালির আত্মপরিচয়টুকু বিবেকানন্দ কখনও হারাতে দেননি।

শেষ আপডেট: নভেম্বর ১২, ২০২৬, ১৮:১২   
Facebook WhatsApp Messenger

১৯.

‘দিমাগি’ সন্ন্যাসী বিবেকানন্দ থেকে সাবধান! ভাইটা আবার মার্কসবাদী হয়ে গিয়েছিল! গুরু সনাতন আচার-বিচার না-মেনে, কালী ঠাকুরের খাবার বেড়ালকে খাইয়ে দিয়েছিল। ‘পত্রাবলী’ বিবেকানন্দের চিঠিপত্রের বই, সেখানে কীসব কথাবার্তা আছে– মুশকিলের! একে একে মেলে ধরি।

ক. ‘‘শশী, তোকে একটা নূতন মতলব দিচ্ছি। যদি কার্যে পরিণত করিতে পারিস তবে জানব তোরা মরদ, আর কাজে আসবি। হরমোহন, ভবনাথ, কালীকৃষ্ণবাবু, তারকদা প্রভৃতি সকলে মিলে একটা যুক্তি কর। গোটাকতক ক্যামেরা, কতকগুলো ম্যাপ, গ্লোব, কিছু chemicals ইত্যাদি চাই। তারপর একটা মস্ত কুঁড়ে চাই। তারপর কতগুলো গরীব-গুরবো জুটিয়ে আনা চাই। তারপর তাদের Astronomy, Geography, প্রভৃতির ছবি দেখাও আর ‘রামকৃষ্ণ পরমহংস’ উপদেশ কর– কোন্‌ দেশে কি হয়, কি হচ্ছে, এ দুনিয়াটা কি, তাদের যাতে চোখ খুলে, তাই চেষ্টা কর… তাদের ঘরে ঘরে যাও– চোখ খুলে দাও।…পারো কি? না শুধু ঘণ্টা নাড়া?’’

১৮৯৪ সালের গরমকালের চিঠি। ধর্মশিক্ষার আগে বিজ্ঞানশিক্ষা। মানুষের চোখ খুলে দেওয়া। আমার এক হস্টেলি সিনিয়র নিজস্ব ভাষায় বলতেন, ‘নরেন দত্ত said that teaching is better than ঘণ্টা নাড়া’। বলে, বই খুলে বসে পড়তেন।

zoom
স্বামী বিবেকানন্দের স্বহস্তে লেখা চিঠি (২ নভেম্বর, ১৮৯৩)

এবার অন্য একটা চিঠি।

খ. ‘যে দেশে কোটি কোটি মানুষ মহুয়ার ফুল খেয়ে থাকে, আর দশবিশ লাখ সাধু আর ক্রোড় দশেক ব্রাহ্মণ ঐ গরীবদের রক্ত চুষে খায়, আর তাদের উন্নতির কোনও চেষ্টা করে না, সে কি দেশ না নরক।’

১৮৯৪-এর মার্চ মাসে লেখা চিঠি। গুরুভাই রামকৃষ্ণানন্দকে লিখেছিলেন। এই চিঠিখানি আবার ভূপেন্দ্রনাথ, বিবেকানন্দের ভাই, তাঁর ইংরেজি বই ‘স্বামী বিবেকানন্দ: প্যাট্রিয়ট-প্রফেট’ (‘Swami Vivekananda: Patriot-Prophet’)-এ ব্যবহার করেছিলেন। ভূপেন্দ্রনাথ এক্কেবারে বামপন্থী। দাদাকে ভালোবাসেন, দাদার জীবন আর কাজকে বস্তুবাদী দৃষ্টিতে বিচার করেন। খুব সাবধান! নরেন্দ্রর ভাই ভূপেন্দ্র। এখন ভূত মানে অতীত ভেবে নিশ্চিন্তে বসে থাকার উপায় নেই। সবে কালীপুজো শেষ হল। এই সময় ‘তেনারা’ জেগে ওঠেন! রাম-রাম বললে যাবে কি না কে জানে!

zoom
ভূপেন্দ্রনাথ দত্ত ও তাঁর লেখা আকরগ্রন্থ

বিবেকানন্দের আবার কাণ্ডকারখানা কী! রাম-সীতাকে নিয়ে ‘প্রাচ্য ও পাশ্চাত্য’ নামের ভ্রমণ-কাহিনিতে রসিকতা করেছেন– ‘রাম বা কৃষ্ণের মদ মাংস খাওয়ার কথা রামায়ণ মহাভারতে রয়েছে, সীতাদেবী গঙ্গাকে মাংস ভাত আর হাজার কলসী মদ মানছেন!’ এই ‘প্রাচ্য ও পাশ্চাত্য’, ‘উদ্বোধন’ পত্রিকায় ধারাবাহিকভাবে ছাপা হয়েছিল। স্বামী বিবেকানন্দের প্রয়াণের পর তা বই হিসেবে ছাপা হয়েছিল কালিকা যন্ত্রে। ছেপেছিলেন বিবেকানন্দের প্রিয় শিষ্যদের মধ্যে অন্যতম শরচ্চন্দ্র চক্রবর্তী। বিবেকানন্দ এই শিষ্যকে ‘বাঙ্গাল’ বলতেন, আর সে-ও বড্ড ভালোবাসত স্বামীজিকে। একটা বই লিখেছিল, ‘স্বামি শিষ্য সংবাদ’। এ বই হল বিবেকানন্দের কথামৃত। শিষ্য নানা প্রশ্ন করছেন, স্বামীজি অকপটে জবাব দিচ্ছেন। 

zoom
‘প্রাচ্য ও পাশ্চাত্য’-র আখ্যাপত্র ও ‘উদ্বোধন’ পত্রিকার প্রথম সংখ্যা

শরচ্চন্দ্র আবার স্বামীজির কাছে কারা আসছেন, কী বলছেন সেই সবেরও বিবরণ দিয়েছেন। সেখান থেকেই তো জানা গেল। কী? ‘গোরক্ষিণী সভার জনৈক উদ্যোগী প্রচারক’ স্বামীজির কাছে এলেন। ‘দেখিলেই বুঝা যায় ইনি হিন্দুস্থানী’। ‘প্রচারক স্বামীজীকে অভিবাদন করিয়া গোমাতার একখানি ছবি তাঁহাকে উপহার দিলেন’। এরপর দু’জনের মধ্যে কী কী কথা হল, শরচ্চন্দ্র লিখেছিলেন। শরচ্চন্দ্র বিবেকানন্দের শিষ্য। আজকের অর্থে ‘সেকুলার’ ছিলেন না। সেই সময় একালের বামপন্থাই বা কোথায়! তাঁর বইটিও একালের কোনও ‘র‍্যাডিকাল’ প্রকাশনা সংস্থা ছাপেনি। সেকেলে পুরনো বইয়ে যে কথাবার্তা আছে, টুকে দেওয়া যাক। বিচার-বিবেচনা পাঠকের।

স্বামীজী। আপনাদের সভার উদ্দেশ্য কি?

প্রচারক। আমরা দেশের গোমাতাগণকে কসাইয়ের হাত থেকে রক্ষা করিয়া থাকি। স্থানে স্থানে পিঞ্জরাপোল স্থাপন করা হইয়াছে– সেখানে রুগ্ন, অকর্ম্মণ্য এবং কসাইয়ের হাত হইতে ক্রীত গোমাতাগণ প্রতিপালিত হয়।

স্বামীজী। এ অতি উত্তম কথা। আপনাদের আয়ের পন্থা কি?

প্রচারক। দয়াপরবশ হইয়া আপনাদের ন্যায় মহাপুরুষ যাহা কিছু দেন, তাহা দ্বারাই সভার ঐ কার্য্য নির্ব্বাহ হয়।

স্বামীজী। আপনাদের গচ্ছিত কত টাকা আছে?

প্রচারক। মাড়োয়ারী বণিক সম্প্রদায় এ কার্য্যের পৃষ্ঠপোষক। তাঁহারা এই সৎকার্য্যে বহু অর্থ দিয়াছেন।

স্বামীজী। মধ্য-ভারতে এবার ভয়ানক দুর্ভিক্ষ হইয়াছে। ভারত গভর্ণমেণ্ট ৯ লক্ষ লোকের অনশনে মৃত্যুর তালিকা প্রকাশ করিয়াছেন। আপনাদের সভা এই দুর্ভিক্ষকালে কোন সাহায্যদানের আয়োজন করিয়াছে কি?

প্রচারক। আমরা দুর্ভিক্ষা দিতে সাহায্য করি না। কেবলমাত্র গোমাতৃগণের রক্ষাকল্পেই এই সভা স্থাপিত।

স্বামীজী। যে দুর্ভিক্ষে আপনাদের জাতভাই মানুষ লক্ষ লক্ষ মৃত্যুমুখে পতিত হইল, সামর্থ্য সত্ত্বেও আপনারা এই ভীষণ দুর্দ্দিনে তাহাদিগকে অন্ন দিয়া সাহায্য করা উচিত মনে করেন নাই?

প্রচারক। না; লোকের কর্ম্মফলে– পাপে এই দুর্ভিক্ষ হইয়াছিল। যেমন কর্ম্ম তেমনি ফল হইয়াছে?

এরপর স্বামীজির কী হল? শিষ্য লিখেছেন, ‘স্বামীজীর বিশাল নয়নপ্রান্তে যেন অগ্নিকণা স্ফুরিত হইতে লাগিল, মুখ আরক্তিম হইল।’ স্বামীজি হাসতে হাসতে সেই প্রচারককে সেদিন বলেছিলেন, ‘হাঁ, গরু আমাদের যে মা, তা আমি বিলক্ষণ বুঝিয়াছি– তা না হইলে এমন সব কৃতী সন্তান কে প্রসব করবেন?’

প্রচারক চলে গিয়েছিলেন। সেই প্রচারককে দেখে শরচ্চন্দ্রের মনে হয়েছিল, ‘বোধহয় স্বামীজীর বিষম বিদ্রূপ তিনি বুঝিতেই পারিলেন না।’ 

zoom
‘স্বামি শিষ্য সংবাদ’-এর প্রথম সংস্করণের আখ্যাপত্র ও রচয়িতা

হক কথা। বিবেকানন্দ হাসতেন। বিবেকানন্দের গুরু রামকৃষ্ণদেব হাসতেন। হাসি, নিজেকে নিয়ে ঠাট্টা, এইসব সহজ স্বাস্থ্যের লক্ষণ। ‘দিমাগি’ সন্ন্যাসীদের থাকে, তাঁরা হাসতে জানেন। হাসছেন নিজের অবস্থা নিয়ে, ধর্মের নামে অর্থহীন কাজ-কারবার নিয়ে। আবার তাঁর চিঠি থেকে, ‘উঠে পড়ে লেগে যাও দিকি। গপ্প মারা ঘণ্টা নাড়ার কাল গেছে হে বাপু, কার্য করিতে হইবেক। দেখি বাঙালীর ধর্ম কতদূর গড়ায়।’ বাঙালির এই আত্মপরিচয়টুকু বিবেকানন্দ কখনও হারাতে দেননি।

এই দিমাগি বাঙালি সন্ন্যাসীর লেখা-বলার মধ্যে এমন কিছু কিছু অংশ আছে, যা হয়তো একরঙা সংকীর্ণপন্থীরা কাজে লাগানোর কথা ভাবছেন। ভাবলে অন্য কথাগুলোও সামনে আনা চাই। মাত্র ৩৯ বছরে ‘বাঙালীর ধর্ম’কে গড়িয়ে দিয়ে চলে গিয়েছিলেন! ১৯০২ খ্রিস্টাব্দে তাঁর মতো সুপরিচিত বাঙালি দেশবিদেশে আর কে? রবীন্দ্রনাথের আন্তর্জাতিক প্রতিষ্ঠা তখনও হয়নি। বিবেকানন্দকে সংকীর্ণ একরঙা চেহারায় আটকে রাখতেই হলে, বাঙালির উচিত তাঁর সেইসব কথা আর লেখাকে সামনে আনা, যা ক্রমাগত প্রশ্ন করছে। এমনকী, ভগবানের অস্তিত্ব নিয়ে সন্দেহ প্রকাশ করতেও দ্বিধা করছে না! 

zoom
স্বামী বিবেকানন্দ

সাবধান! সাবধান! সাবধান! স্ববিরোধ, উভবলতা– এসবের মধ্যে একটি বিষয়ে তিনি নির্দ্বিধ– সবার উপরে মানুষ। ‘বহুরূপে সম্মুখে তোমার’ যে-মানুষ, তাকে ‘ছাড়ি কোথা খুঁজিছ ঈশ্বর’? বিবেকানন্দের প্রয়াণের পর শরচ্চন্দ্র বিকল। কাঁদতে কাঁদতে নিবেদিতার চোখ লাল। সরলা দেবী বুঝতে পারছেন, নিবেদিতা কাকে হারালেন! নিবেদিতাকে লিখেছিলেন বিবেকানন্দ, ‘জগতের ধর্মগুলি এখন প্রাণহীন মিথ্যা অভিনয়ে পর্যবসিত।’ কী করতে হবে? ‘বহুজনহিতায় বহুজনসুখায়’ আত্মবিসর্জন দিতে হবে।

………………………..

রোববার.ইন-এ পড়ুন সিরিয়াসলি নেবেন না-র অন্যান্য পর্ব

………………………..

Sangbad Pratidin Sangbad Pratidin Robbar Sri Ramkrishna sriramakrishna Swami Vivekananda Vivekananda philosophy

Share this article on