

কল্পবিজ্ঞানের প্রতি বুকার কমিটির অনীহার কথা সুবিদিত। শর্টলিস্ট কেন, লংলিস্টেও আসেননি চায়না মিয়েভিল, অ্যাঞ্জেলা কার্টার, ইয়ান এম ব্যাঙ্কস, ক্রিস্টোফার প্রিস্ট, জে জি ব্যালার্ড প্রমুখ। বিশেষ করে ব্যালার্ডের মতো অন্তর্ভেদী ও নির্মোহ ভবিষ্যৎদ্রষ্টাকে পুরস্কৃত করতে না-পারা এক সুগভীর অবিচার মনে হয়। হ্যারিসনকে পুরস্কার প্রদান করে বুকার কমিটি কি এক দীর্ঘ অবহেলার ইতিহাসের প্রায়শ্চিত্ত করলেন?
একথা বোধহয় বলা যায় যে, গত সপ্তাহে বুকার পুরস্কার ঘোষণা হওয়ার আগে সায়েন্স ফিকশন বা কল্পবিজ্ঞানের নিয়মিত পাঠকদের বাইরে এম জন হ্যারিসনের বড় একটা পরিচিতি ছিল না। এমনকী, জুরিদের মধ্যেও একজন অকপটে জানিয়েছেন যে, তিনি এর আগে হ্যারিসনের নাম পর্যন্ত শোনেননি! কিন্তু তাঁর বইটি পড়ার অভিজ্ঞতা যেন ‘‘like meeting the rest of your life. I’ve read it five times… I’ve written two essays about it, and a poem.’’


বস্তুত, কল্পবিজ্ঞানের প্রতি বুকার কমিটির অনীহার কথা সুবিদিত। কালেভদ্রে দু’-একটি কল্পবিজ্ঞান উপন্যাস বুকার শর্টলিস্টে স্থান পেয়েছে, যেমন নোবেলজয়ী ডরিস লেসিং দু’বার বা অ্যাটউড দু’বার)। কিন্তু শর্টলিস্ট কেন, লংলিস্টেও আসেননি চায়না মিয়েভিল, অ্যাঞ্জেলা কার্টার, ইয়ান এম ব্যাঙ্কস, ক্রিস্টোফার প্রিস্ট, জে জি ব্যালার্ড প্রমুখ। বিশেষ করে ব্যালার্ডের মতো অন্তর্ভেদী ও নির্মোহ ভবিষ্যৎদ্রষ্টাকে পুরস্কৃত করতে না-পারা এক সুগভীর অবিচার মনে হয়। হ্যারিসনকে পুরস্কার প্রদান করে বুকার কমিটি কি এক দীর্ঘ অবহেলার ইতিহাসের প্রায়শ্চিত্ত করলেন?

বুকার-প্রসঙ্গ মুলতবি থাক। কী সেই ‘কল্পবিজ্ঞানের ক্ষেত্র’, যা থেকে হ্যারিসনের আত্মপ্রকাশ? ছয়ের দশকে লন্ডনে ‘নিউ ওয়ার্ল্ডস’ শীর্ষক পত্রিকার সম্পাদনাভার গ্রহণ করেন জনৈক মাইকেল মোরকক। ১৯৪৬ সালে পত্তন হলেও পত্রিকাটি ১৯৬৪ সাল থেকে মোরককের সম্পাদনায় এমন এক কল্পবিজ্ঞান ধারার সূচনা করে যার বিষয়, আঙ্গিক, ও রাজনীতি সচেতনভাবে সাবেকি ইং-মার্কিন কল্পবিজ্ঞানের বিপ্রতীপে। ব্যালার্ড ও মোরকক ছাড়া এই পত্রিকায় নিয়মিত লিখতেন ব্রায়ান অলডিস, জন ব্রানার, ব্যারিংটন বেলি। ছবি আঁকতেন প্রবাদপ্রতিম আঁকিয়ে ও লিখিয়ে মার্ভিন পিক। এবং হ্যারিসন। লেখার সঙ্গে সঙ্গে ১৯৬৮-’৭৫ এই সাত বছর তিনি ছিলেন এই পত্রিকার সাহিত্য সম্পাদক।

সম্প্রতি ‘লুমিনিস্ট আর্কাইভ’ নামক একটি প্রকল্প ‘নিউ ওয়ার্ল্ডস’ পত্রিকার সমস্ত সংখ্যা ডিজিটাইজ করেছে। (www.luminist.org/archives/SF/NW.htm) উৎসাহী পাঠকেরা সেখান থেকে দেখে নিতে পারেন যে কীভাবে যৌথ প্রণোদনায় কল্পবিজ্ঞানের এক নতুন প্রকরণ নির্মিত হচ্ছিল। একজনের সৃষ্ট চরিত্র অনায়াসে বিচরণ করত অন্যের লেখায়। যেমন মাইকেল মোরককের সৃষ্ট জেরি কর্নিলিয়াস নামক এক মহাশূন্যে বিবাগী ভবঘুরে, যে দেশকাল অতিক্রম করে বিবিধ পাঠের জগতে বিচরণ করে। হ্যারিসনের প্রথমদিকের অন্তন্ত তিনটি গল্পে এই চরিত্রের পদপাত। আবার এই পত্রিকার পাতায় দেখি ভবিষ্যতের ভিরিকোনিয়াম সিরিজের প্রারম্ভিক খসড়া ‘The Lamia & Lord Cromis’ গল্পে:
Lord tegeus-Cromis, sometime soldier and sophisticate of Viriconium, the Pastel City, who imagined himself to be a better poet than swordsman, sat at evening in the long, smoky parlour of the Blue Metal Discovery, chief inn of Duirinish. Those among his fellow-customers who knew something of travelling – and there were not too many of them – regarded him with a certain respect, for it was rumoured that he had lately arrived from the capital, coming by the high paths through Monar, to Mam Sodhail and the High Leedale, which was no mean achievement. Winter comes early to the hills about Duirinish, and hard.
১৯৭১ সালে লেখা এই অনুচ্ছেদ নেহাতই এক হাত-পাকানোর নিদর্শন, যা ফ্যান্টাসি সাহিত্যের ‘Sword and Sorcery’ উপধারার অন্তর্গত । তবুও মোরককের মতো লেখকেরা দেখিয়েছিলেন যে ফরমুলার মধ্যে থেকেও কীভাবে বারবার ছক ভাঙা সম্ভব (এলরিক ও হক্মুন সিরিজ দ্রষ্টব্য)। সেই পথ অনুসরণ করে হ্যারিসন ১৯৭১ প্রকাশ করেন তাঁর ভিরিকোনিয়াম সিরিজের প্রথম উপন্যাস ‘দ্য প্যাস্টেল সিটি’, যাকে কল্পবিজ্ঞান না বলে ‘ফ্যান্টাসি’ বলাই শ্রেয়।

কিন্তু ‘ফ্যান্টাসি’ বলতে টলকিয়েন-ধর্মী যে উপাখ্যানধারার সঙ্গে পাঠকরা পরিচিত ছিলেন, হ্যারিসন তা সযত্নে বর্জন করেন। যেমন ‘হাই’ ফ্যান্টাসিধারার একটি প্রধান উপপাদ্য ‘ওয়ার্ল্ড-বিল্ডিং’ বা একটি কল্পিত জগতের সূক্ষাতিসূক্ষ নির্মাণ। হ্যারিসন সচেতনভাবে ‘ওয়ার্ল্ড-বিল্ডিং’-এর বিরোধী। ফলে পাঠককে নিজ দায়িত্বে ও কল্পনায় সেই জগৎ নির্মাণ করে নিতে হয়। হ্যারিসনের জগতে নিটোল, সুমীমাংসিত চরিত্রচিত্রণ নেই, স্থানকালের স্থিরতাও নেই। ভিরিকোনিয়াম এমন এক শহর যা সভ্যতার সুদূর উপান্তে অবস্থিত, সেখানে প্রযুক্তি ও তার ভগ্নাবশেষ নিয়ত এক পরাবাস্তব ক্ষরণ তৈরি করে। এবং এর সঙ্গে যুক্ত হয় হ্যারিসনের একান্ত নিজস্ব রচনাশৈলী, যা পাঠকদের কাছে প্রতি মুহূর্তে অভিনিবেশ দাবি করে। ফ্যান্টাসি পড়তে গিয়ে পাঠককে কেন এত পরিশ্রম করতে হবে? কিন্তু হ্যারিসন এ ব্যপারে আপোষহীন।

আট ও নয়ের দশকে হ্যারিসন ভিন্নধারার সাহিত্যে সরে আসেন। ১৯৮৯ সালে প্রকাশিত ও পুরস্কৃত ‘ক্লাইম্বার্স’ পর্বতারোহণ-সাহিত্যের এক অন্যতম নিদর্শন । তার দু’বছর পরে প্রকাশিত ‘দ্য কোর্স অফ দ্য হার্ট’ বিষয় ও আঙ্গিকে সম্পূর্ণ বিপরীত। গ্রীষ্মের এক রাতে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের তিন ছাত্র গুপ্ত আচার পালনের মাধ্যমে এক মায়াবী দেশকাল আবিষ্কারের চেষ্টা করে। কিন্তু তাঁরা যে খণ্ডিত উপলব্ধি লাভ করে তা তাঁদের স্মৃতি ও সত্তাকে ক্রমশ বিভ্রান্ত করে তোলে; কখনও কখনোওএই চ্যুতি এক বাহ্যিক রূপ ধারণ করে, যা একাধারে আটপৌরে ও ভীতিপ্রদ। এই বইটিও পাঠককে খুব স্বস্তিতে থাকতে দেয় না, শেষ অবধি ধন্দ থেকে যায় ঠিক কি ধরনের উপন্যাস আমরা পড়ছি– কল্পবিজ্ঞান, গথিক ফ্যান্টাসি, নাকি নিতান্তই মনস্তাত্ত্বিক এক আখ্যান?

বোধহয় পাঠকদের ওপর কিছুটা সদয় হয়ে ২০০২ সালে হ্যারিসন লেখেন ‘লাইট’– ‘কেফাহুচি ট্রাক্ট’ ট্রিলজির প্রথম খণ্ড। স্পেস-অপেরা আঙ্গিকের এই বহু-পুরস্কৃত উপন্যাসে অর্ধেক মহাকাশ জুড়ে জ্বলজ্বল করে এক অভাবনীয় ফাটল যা এক মহাজাগতিক অসঙ্গতি, ‘a singularity without an event horizon’। মাঝে মাঝে এই ফাটল থেকে পৃথিবীতে ঝরে পড়ে রহস্যময় প্রত্নবস্তু বা ‘artefacts’ যার কোনও ব্যাখ্যা বিজ্ঞানে নেই এবং যেগুলিকে ঘিরে তৈরি হয় এক স্থানীয় পর্যটন-শিল্প। ১৯৯৯ থেকে ২৪০০ সাল অবধি বিস্তৃত এই কাহিনির চরিত্ররা প্রায়শই মানব ও যন্ত্রের অমোঘ সীমারেখার উল্লঙ্ঘনকার। হ্যারিসনের অন্য উপন্যাসের তুলনায় এখানে দর্শনের ভাগ হয়তো কম, চমক ও রহস্য বেশি।

অবশেষে, ২০২৬ সালে অশীতিপর হ্যারিসনের নাতিদীর্ঘ উপন্যাস ‘দ্য এন্ড অফ এভ্রিথিং’-এর বুকার লাভ। এর মধ্যেই উপন্যাসটি নিয়ে বিতর্ক তুঙ্গে– এক শ্রেণির পাঠকের কাছে এ এক অনচ্ছ দুষ্পাঠ্য কাহিনি– অন্যদের কাছে ঠিক সেই কারণেই আদরণীয়। হ্যারিসনের দীর্ঘকালের পাঠক হিসেবে আমার এই উপন্যাসটি তাঁর সাহিত্যজীবনের শ্রেষ্ঠ কীর্তি মনে হয়েছে। ২০০৭-’০৯ সালের আর্থিক বিপর্যয় বা ২০২০-’২১ সালের অতিমারীর পরে মহাপ্রলয় বা ‘অ্যাপোক্যালিপ্স’ প্রসঙ্গ আমাদের সাংস্কৃতিক যাপনে বহুল চর্চিত, কিন্তু কি হবে যদি সেই বিপর্যয় বা অ্যাপোক্যালিপ্স অনুধাবন করার ক্ষমতা আমাদের না থাকে? কি হবে যদি সেই মহাপ্রলয় হয় বর্ণনাতীত? জীবন কি এক লয়ে চলবে, নাকি আমরা অনুশীলন করব এক অনির্বচনীয় নেতির?
A Unit of: Sangbad Pratidin Digital Private Limited. All rights reserved