Beyond Kishangarh’s White Marble Hills Lies Toxic Reality | Robbar
Robbar
  • ১ অগ্রহায়ণ ১৪৩৩
  • বুধবার
  • ১৮ নভেম্বর ২০২৬

আশ্চর্য ভ্রমণ

ছবির মতো কিষানগড়। সাদা টিলা, হালকা নীল জল। বছরভর মানুষের ভিড় লেগেই রয়েছে সেখানে, গড়ে উঠেছে এক আশ্চর্য পর্যটনকেন্দ্র। কিন্তু স্থানীয়দের কাছে ছবিটা বেশ খানিকটা আলাদা। ‘বরফের উঠোন’ কিষানগড় আসলে কাছেই থাকা মার্বেল কারখানাগুলির ‘ডাম্পিং গ্রাউন্ড’, অতএব নিরন্তর দূষণ। ফলে কমছে আশপাশের জমির ফলনক্ষমতা, বাড়ছে দূরারোগ্য ব্যাধি। মৌনতা ছাড়া প্রশাসনের তরফ থেকে পাওয়া যায়নি কিছুই।

শেষ আপডেট: নভেম্বর ১৮, ২০২৬, ১৫:৫৯   
Facebook WhatsApp Messenger

রাজস্থানে রমরমা! অমন রুখা-শুখা রাজ্যে কি না বারোমাস বরফ! ছয়-সাতখান গ্রাম জুড়ে যেদিকে দু’চোখ যায়, শুধু বরফ আর বরফ! রাস্তা-ঘাট-খেত-জমি– সব যেন বরফের চাদর মুড়ি দিয়ে বসে আছে। এদিক-ওদিক উঁকি দিচ্ছে সাদা সাদা ঢেউ খেলানো টিলা। বরফ জমতে জমতে, টিলা ক্রমশ পাহাড় হয়ে যাচ্ছে। পাহাড়ের পাদদেশে দোল খাচ্ছে নীলচে হ্রদ! এক্কেরে ফরেন! কমসে কম কাশ্মীর!

ব্যস, আর যায় কোথায়! পিলপিল করে ট্যুরিস্ট যাচ্ছে রাজস্থানের বরফ দেখতে। মা-বাবা, ছেলে-মেয়ে, দাদু-দিদা, নাতি-নাতনি… এমনকী, মধুচন্দ্রিমারত বর-বউও! ‘ফেসবুক লাইভ’ হয়। প্রি-ওয়েডিং শুট হয়। ডেস্টিনেশন ওয়েডিংটুকু যা এখনও বাকি, সেটাও হয়ে যাবে শিগগিরি! কারণ সিনেমার লোকরা ঢুকে পড়েছে অনেক আগেই। শুটিং হচ্ছে রমরমিয়ে। ট্যুর প্যকেজও চালু হয়ে গিয়েছে! বাবু-বিবিদের তো ফুর্তির প্রাণ গড়ের মাঠ! মরুভূমিতে ‘চাঁদের পাহাড়’! চাট্টিখানি কথা? কেউ কেউ আদর করে নাম দিয়েছে– ‘বরফের উঠোন’! এশিয়ায় সর্ববৃহৎ!

zoom

আসল ব্যাপারটা যে ‘সাদা পাহাড়ে সর্বনাশ’, তা অনেকেই জানে না! কেউ জানতেও চেষ্টা করে না যে, ওগুলো বিষের পাহাড়। গোটা এলাকা জুড়ে নিরবধি বইছে বিষ-বাতাস। ওই ছোট ছোট ‘নীলনদ’গুলি আসলে বিষাক্ত কাদা। ওই সাত গাঁয়ের জলে জমিতে সংক্রামিত হয়ে চলেছে গরল-কণা। গ্রামবাসীরা দূরারোগ্য রোগে ভুগছে। ক্রমশ বন্ধ্যা হয়ে যাচ্ছে কৃষিখেত। পুলিশ-প্রশাসন-আদালত এসব বিলক্ষণ জানে। কিন্তু না-জানার ভান করে! কারণ, ‘ব্যাওসা’! পলিটিক্স আর কর্পোরেটের কায়েমি স্বার্থ!

জায়গাটার নাম কিষানগড়, জেলা আজমের। রাজস্থান তথা ভারতের বৃহত্তম মার্বেল আড়ত। আর সেই ‘হাব’কে কেন্দ্র করে গজিয়ে ওঠা গুচ্ছের বৈধ-অবৈধ কলকারখানা। আছে বেশ কয়েকটি গ্রানাইটের কারখানাও। সব মিলিয়ে ওই এলাকায় এমন ‘দূষণের কারখানা’র সংখ্যা প্রায় ১২০০। সেই সব ফ্যাক্টরির বর্জ্য হল মার্বেলের গুঁড়ো– ভয়ংকর বিষ! কিষানগড় হল এই মারাত্মক শিল্পবর্জ্যের ৩০০ একর বিস্তীর্ণ ‘ধাপার মাঠ’! শ্বেতশুভ্র বরফকণার মতো দেখতে ওই মার্বেলকণাই জমে জমে সাদা পাহাড় তৈরি করে। মাটি-জলকণায় মিশে হয়ে যায় নীলকাদার হ্রদ। এই বিষকর্দম খুব দ্রুত সংক্রমণের মতো ছড়িয়ে পড়ে সব আবাদি জমি ঢেকে দেয় দূষিত আস্তরণে। সেই কারণেই কিষানগড়ের যাবতীয় খেতের উর্বরতা কমে গিয়েছে। ফলন মাঝপথে নষ্ট হচ্ছে। এলাকার গরিব-গুর্বো চাষিভাইয়েরা সপরিবারে ফুসফুস ও ত্বকের নানারকম রোগে ভুগছে। হরদম খুসখুসে কাশি, হাঁপানি, অ্যালার্জি। দাঁত পড়ে যাচ্ছে অকালে। দুর্বল হয়ে যাচ্ছে শরীরের হাড়গোড়। উপরন্তু ‘মাস্ক’ না পরায়, প্রতিদিন কিষানগড়ে আসা হাজার কয়েক ট্যুরিস্টেরও ওই সব অসুখে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বাড়ছে।

zoom
চলছে আব্বাস-মাস্তানের ‘কিস কিসকো পেয়্যার কারু’-র শুটিং

এই ‘লিথাল’ পলিউশন নিয়ে অসামান্য একটি বই লিখেছেন বাজিরাও মানে এবং সন্তোষ মোহিতে, নাম– ‘মার্বেল ডাস্ট কংক্রিট’। তাঁদের পরিসংখ্যান অনুযায়ী, প্রায় ৫০০০ জনসংখ্যার কিষানগড়ের ডাম্পিং গ্রাউন্ডে প্রতিদিন সাড়ে পাঁচ হাজার টন মার্বেল পাউডার ফেলা হয়! এই দূষণকণাগুলি ৭৫ মাইক্রোমিটারের চেয়েও ছোট। কাজেই খুব সহজে শস্যক্ষেত্রকে পাথুরে ও অনুর্বর করে দেয়। স্বভাবতই ওই সব জমিতে কর্মরত কৃষকরা সিলিকোসিসের কবলে পড়েন। এই মার্বেল দূষণের কারণেই কিষানগড়ের ভূগর্ভস্থ জলে মিশে গিয়েছে মাত্রাতিরিক্ত ফ্লুরাইড। এই ঘোলা ও নোনতা জল নানা জলবাহিত রোগের ডেরা।

আন্তর্জাতিক দূষণরোধ বিধি অনুযায়ী, এরকম জনবসতি এলাকায় কারখানা বর্জ্যের ডাম্পিংল্যান্ড করাই যায় না! করতে হয় অনেক দূরের পাণ্ডববর্জিত জায়গায়। ‘ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট ডাম্পিং’ সংলগ্ন এলাকায় সরকারি ও বেসরকারি দাতব্য চিকিৎসালয় থাকা দরকার। সামাজিক স্তরে মাস্ক ব্যবহারের প্রচারও চালানো উচিত। পাশাপাশি, লাগোয়া তালুকগুলিতে মার্বেলকণাকে বৈজ্ঞানিকভাবে প্রক্রিয়াজাত করে, টাইলস তৈরির কারখানা করলেও দূষণ কিছুটা কমানো যেতে পারে। কিন্তু কে শোনে কার কথা?

zoom

এই অভিশপ্ত ও বেআইনি ‘মার্বেল স্লারি ডাম্পিং ইয়ার্ড’ নিয়ে সম্প্রতি একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রকাশ করেছে ‘আল জাজিরা’। নেপথ্যে সাংবাদিক মুহিত উল ইসলাম ও আলোকচিত্রী ওয়াসিম নবি। এর আগে এ বিষয়ে ‘টক্সিক বিউটি’ নামে একটি ধারলো তথ্যচিত্র বানিয়েছে ‘ডি ডবলু ডকুমেন্টারি’। চ্যানেল নিউজ-এশিয়া নির্মাণ করেছে ‘ইট মাইট লুক লাইক এ উইন্টার ওয়ান্ডারল্যান্ড’ নামে একটি ভিডিও অ্যালবাম। সত্যনিষ্ঠ বিজ্ঞানীরা, সচেতন-দূষণ বিশেষজ্ঞরা এবং মানবদরদী চিকিৎসকরা বহুবার দরবার করেছে প্রশাসনের কাছে। কোনও অজ্ঞাত কারণে মূক-বধির থেকেছে রাজস্থান দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ। এমনকী, কোনও অদৃশ্য ইঙ্গিতে অন্ধত্ব অবলম্বন করেছে জাতীয় গ্রিন ট্রাইব্যুনাল-ও।

zoom

আর এই সব ঘটের বেলপাতা যারা, সেই রাজনৈতিক মাতব্বররা কী বলছে? শাসক-বিরোধী নির্বিশেষে তাদের এক রা– আরে মশাই, দূষণ-টুশন হল আঁতেলদের ভাষা। গ্রামীণ অর্থনীতিটা কেমন তরতর করে বাড়ছে দেখুন! কৃষি ও শিল্প হাত ধরাধরি করে চলছে। পর্যটনশিল্প তুঙ্গে উঠেছে। উন্নয়ন করতে গেলে তার কিছু ‘কোল্যাটারাল ড্যামেজ’ তো থাকবেই! ভাবুন তো, কিষানগড়ে বিনিয়োগের পরিমাণ ১৬০০ কোটি টাকা! ২৫ হাজার কর্মসংস্থান। আর সিন-সিনারিটা দেখুন– সুইৎজারল্যান্ডের ব্যাকড্রপ! দলে দলে ‘ফিলিম’ ইন্ডাস্ট্রি আসছে– ‘বাঘি থ্রি’, ‘দাবাং থ্রি’, আব্বাস-মাস্তানের ‘কিস কিসকো পেয়্যার কারু’, যশরাজ ফিল্মসের ‘ওয়ার’। কোনটা ছেড়ে কোনটা বলব! সব ক’টার শুটিং কিষানগড়ে। হানি সিংয়ের মিউজিক ভিডিও ‘সাঁইয়া সাঁইয়া’র শুটিংও এই পাড়ায়, বুঝলেন? হালে আস্ত একটা স্টুডিও বানানো হয়েছে এখানে– ‘হোয়াইট ডেজার্ট: দি ফিল্ম সিটি’। কম খরচে প্রোডাকশন নেমে যাচ্ছে। শিল্পপতি ব্যবসায়ীদের লাভের টাকায় পার্টির লোকরা ভোট করছে। কোম্পানিও কামাচ্ছে, ‘গরমেন্ট’ও কামাচ্ছে। কর্পোরেট আর পলিটিক্স মিলেমিশে খাচ্ছে! আর শুনুন, মানুষের শরীর থাকলেই রোগভোগ থাকবে! দেশের বৃহত্তর স্বার্থের পাশে সে সব ‘সামান্য ক্ষতি’!

বটেই তো! প্রকৃতি আর পরিবেশ চুলোয় যাক। বড়লোকরা আরও বড়লোক হোক। গরিবরা রোগ-ভোগ নিয়েই বাঁচুক। সমাজে বুক ফুলিয়ে ঘুরে বেড়াক শুধু তারাই, ‘যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো’!

Fluoride pollution Kishangarh Marble industry pollution Sangbad Pratidin Sangbad Pratidin Robbar

Share this article on