remembering scientist artist purnima sinha in centenary | Robbar
Robbar
  • ৬ অগ্রহায়ণ ১৪৩৩
  • সোমবার
  • ২৩ নভেম্বর ২০২৬

বিজ্ঞানীর দৃষ্টি, শিল্পীর ছোঁয়া

বিজ্ঞানী পূর্ণিমার মধ্যে এইভাবেই বাস করত একজন সাহিত্য-সংগীতপ্রেমী বাঙালি। তিনি মাটিকে পড়েছেন বিজ্ঞানীর চোখে, মাটিকে গড়েছেন শিল্পীর হাতে, সুরকে শুনেছেন গবেষকের কানে, আর মানুষকে দেখেছেন একজন শিক্ষার্থীর কৌতূহল নিয়ে– এই বহুমাত্রিকতাই পূর্ণিমা সিনহার অন্তর্ভূমি, যিনি শিখিয়েছেন আজীবন সৃজনশীলতার পাঠ।

শেষ আপডেট: নভেম্বর ২৩, ২০২৬, ০১:০৯   
Facebook WhatsApp Messenger

বিশ শতকে বিশেষভাবে প্রাধান্য লাভ করেছিল কণা ও পরমাণু পদার্থবিদ্যার গবেষণা। আশ্চর্যের বিষয়, চারের দশকের শেষভাগে এবং পাঁচের দশকের গোড়ার দিকে যখন মেঘনাদ সাহা ও হোমি জাহাঙ্গির ভাবা নিউক্লীয় পদার্থবিদ্যার গবেষণার জন্য বিভিন্ন প্রতিষ্ঠান গড়ে তোলার উদ্যোগ নিচ্ছিলেন, তখন সত্যেন্দ্রনাথ বসু আগ্রহী হয়ে উঠেছিলেন ‘কাদামাটি’ নিয়ে গবেষণায়। কাদামাটির কথা উঠলে প্রথমেই আমাদের মনে আসে কৃষিকাজ ও মৃৎশিল্পের প্রসঙ্গ। কিন্তু সত্যেন্দ্রনাথ বসুর মতো একজন বিশিষ্ট বিজ্ঞানী কেন এমন একটা বিষয়ে আগ্রহী হলেন? এর প্রধান কারণ, তৎকালীন ভারতে কাদামাটি নিয়ে গবেষণার কাজ ছিল খুব সীমিত। অথচ আধুনিক বৈজ্ঞানিক পদ্ধতি ব্যবহার করে ভারতীয় কাদামাটির শ্রেণিবিন্যাস করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর মাধ্যমে বুঝতে পারা সম্ভব যে, কীভাবে ভিন্ন ভিন্ন পরিবেশগত পরিস্থিতিতে নির্দিষ্ট ধরনের কাদামাটি গঠিত হয়েছে, সেগুলির বৈশিষ্ট্য কী এবং তাদের গঠনের সঙ্গে পরিবেশের সম্পর্কই বা কী! অনুসন্ধিৎসু সত্যেন্দ্রনাথ বসুর হাত ধরে ভারতীয় কাদামাটির বৈজ্ঞানিক শ্রেণিবিন্যাস সম্ভবপর করলেন কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পদার্থবিদ্যায় ডক্টরেট ডিগ্রি অর্জনকারী প্রথম বাঙালি নারী– পূর্ণিমা সিনহা।

পূর্ণিমা সিনহা পরীক্ষামূলক পদার্থবিদ: নিজের গবেষণার যন্ত্র নিজে হাতে বানাতেন, মেরামত করতেন, খুলে দেখতেন, আবার জুড়তেন। তবে তাঁকে শুধু প্রথম সারির নারী বিজ্ঞানী বললে, তাঁর জীবনের এক বড় অংশ অদৃশ্য থেকে যায়। তিনি মাটি নিয়ে কাজ করা শিল্পী, শান্তিনিকেতনের দক্ষ কুম্ভকারদের কাছ থেকে শিখে ভাস্কর্য তৈরি করেছেন। তিনি ভারতীয় শাস্ত্রীয় সংগীতের অনুরাগী ও গবেষক, তবলা শিখেছেন এমন এক সময়ে, যখন মেয়েদের তবলা বাজানো ছিল প্রায় নজিরবিহীন। তিনি লেখক ও অনুবাদক। সর্বোপরি, এক অদম্য পাঠক।

zoom
পূর্ণিমা সিনহা

১২ অক্টোবর, ১৯২৭ পূর্ণিমার জন্ম। বাবা নরেশচন্দ্র সেনগুপ্ত ছিলেন সাহিত্যিক, প্রতিষ্ঠিত আইনজীবী ও আইনের অধ্যাপক। তিনি উদারমনা, নারী স্বাধীনতায় বিশ্বাসী ও প্রগতিবাদী। পূর্ণিমার প্রাথমিক শিক্ষা শুরু হয় দিদি সুষমা সেনগুপ্ত প্রতিষ্ঠিত ‘লেক স্কুল ফর গার্লস’-এ। ১৯৪৭ খ্রিস্টাব্দে স্কটিশচার্চ কলেজ থেকে পদার্থবিদ্যায় স্নাতক হন তিনি। এমএসসি-তে প্রায় ৬০ জন শিক্ষার্থীর মধ্যে তিনি ছিলেন একমাত্র নারী! তবু তাচ্ছিল্য বা বিরূপতার শিকার হতে হয়নি তাঁকে, বরং সহযোগিতা পেয়েছিলেন সহপাঠীদের। ১৯৫০-এ এমএসসি পাশ করেন। পূর্ণিমা সিনহার গবেষণার কথা বলতে গেলে, ফিরে আসতে হয় খয়রা ল্যাবরেটরিতে অধ্যাপক সত্যেন্দ্রনাথ বসুর কাছে, যিনি পিএইচডি-র ছাত্রী হিসেবে বেছে নিয়েছিলেন তাঁকে।

১৯৫১ সালের মাঝামাঝি, পূর্ণিমা গবেষণার কাজ শুরু করেন। অধ্যাপক বসু তাঁকে ভারতের বিভিন্ন অঞ্চলের মাটির গঠন নিয়ে গবেষণার পরামর্শ দেন। পূর্ণিমা ভারতের বিভিন্ন প্রান্ত থেকে সংগৃহীত কাদা, মাটি ও পাললিক শিলার ৫০টি নমুনা নিয়ে বিশদে গবেষণা করেন। তাঁর উদ্দেশ্য ছিল, এই নমুনাগুলিকে বৈজ্ঞানিকভাবে চিহ্নিত ও শ্রেণিবদ্ধ করা এবং ভারতের বিভিন্ন অঞ্চলের পরিবেশগত অবস্থার সঙ্গে কাদামাটির বৈশিষ্ট্যের সম্পর্ক অনুধাবন করা। গবেষণার শিরোনাম ‘এক্স-রে অ্যান্ড ডিফারেনশিয়াল থার্মাল অ্যানালিসিস অফ ইন্ডিয়ান ক্লেজ’ (X-ray & Differential Thermal Analysis of Indian Clays)। তিনি মূলত ‘এক্স-রে ডিফ্র্যাকশন’ বা XRD এবং ‘ডিফারেনশিয়াল থার্মাল অ্যানালিসিস’ বা DTA ব্যবহার করেন। কাজে লাগান ‘বেস-এক্সচেঞ্জ ক্যাপাসিটি’ এবং ‘কেমিক্যাল অ্যানালিসিস’-ও।

সহজ ভাষায় বললে, এক্স-রে ডিফ্র্যাকশনের মাধ্যমে কোনও পদার্থের স্তর বা গঠনের বিন্যাস সম্পর্কে ধারণা পাওয়া যায়। আর DTA-তে কোনও নমুনাকে উত্তপ্ত করে, বিভিন্ন তাপমাত্রায় তাদের তাপীয় প্রতিক্রিয়ার পার্থক্য পর্যবেক্ষণ করা হয়। সেই পরিবর্তন থেকে নমুনার খনিজগত বৈশিষ্ট্য সম্পর্কে ধারণা পাওয়া সম্ভব। সত্যেন্দ্রনাথ বসু এক্স-রে বিচ্ছুরণ (X-ray scattering)-এর পাশাপাশি তাপীয় বিশ্লেষণ (thermal analysis) এবং রাসায়নিক বিশ্লেষণের (chemical analysis) পদ্ধতিও ব্যবহার করার কথা বলেন। তিনি পূর্ণিমাকে নিজে হাতে কুলিজ ধরনের একটি এক্স-রে টিউব তৈরি করার পরামর্শও দেন, যাতে প্রয়োজনমতো সেটির বিভিন্ন অংশ খুলে আবার জুড়ে দেওয়া যায়।

zoom
সত্যেন্দ্রনাথ বসু

সেইসময় খয়রা ল্যাবরেটরিতে পরীক্ষামূলক গবেষণার কাজে যুক্ত ছিলেন প্রায় ১০ জন। সত্যেন্দ্রনাথ বসু চেয়েছিলেন ভারতীয়রা আত্মনির্ভর হোক। তাঁর গবেষণাগারে ছিল এক বিশেষ নিয়ম। তিনি চাইতেন বিদেশি যন্ত্রের অপেক্ষায় না থেকে, দেশীয় উপকরণ দিয়ে নিজেদের গবেষণার প্রয়োজন অনুযায়ী, গবেষকরা নিজেরাই বানিয়ে নিক যন্ত্র। পূর্ণিমার জীবন এই দর্শনের এক অসাধারণ বাস্তব উদাহরণ। অভিজ্ঞ গবেষক-ছাত্রছাত্রীরা নতুনদের এই পদ্ধতিতে গবেষণা করতে শেখাতেন। গবেষণাগারে কী ধরনের সমস্যার সম্মুখীন হতে হচ্ছে এবং গবেষণার অগ্রগতি কতটা হচ্ছে, সেদিকে অধ্যাপক বসুর ছিল সুতীক্ষ্ণ নজর। সহগবেষক এবং সংশ্লিষ্ট বিভাগের কর্মীদের মধ্যে পারস্পরিক সহযোগিতার গঠনমূলক পরিবেশ ছিল। এইভাবে বিজ্ঞানচর্চা করার মধ্যে সকলেই এক ধরনের আনন্দ ও রোমাঞ্চ অনুভব করতেন।

নিজের হাতে যন্ত্র বানানোর বিষয়টি পূর্ণিমার কাছে ছিল একটি চ্যালেঞ্জ। যন্ত্র হাতে নিয়ে তাকে বুঝে নেওয়া, ভেঙে দেখা, মেরামত করা– এসবই ছিল তাঁর গবেষণার স্বাভাবিক অংশ। তাঁর যন্ত্রের সঙ্গে সম্পর্ক এতটাই ঘনিষ্ঠ ছিল যে, ছুতোর, রাজমিস্ত্রি, ইলেকট্রিক মিস্ত্রি– সবার সঙ্গেই তাঁর অদ্ভুত সখ্য গড়ে ওঠে। তাঁরাও পূর্ণিমাকে শ্রদ্ধা করতেন। কোনও কাজ ঠিকঠাক না-হওয়া পর্যন্ত পূর্ণিমা বারবার তা ভেঙে আবার করাতে দ্বিধা করতেন না। নিখুঁত না-হওয়া পর্যন্ত হাল ছাড়তেন না কিছুতেই। বর্তমানে গবেষণার কাজ দ্রুত সম্পন্ন করার আকাঙ্ক্ষা থেকে সহজলভ্য দামি বিদেশি যন্ত্রপাতি কিনে নেওয়ার প্রবণতা বৃদ্ধি পেয়েছে। পূর্ণিমা বিশ্বাস করতেন, সত্যেন্দ্রনাথ বসুর আদর্শ অনুসরণ করলে আমাদের দেশে প্রয়োগবিজ্ঞানের ক্ষেত্রে আরও বেশি আত্মনির্ভরশীল ও আত্মবিশ্বাসী বৈজ্ঞানিক সংস্কৃতি গড়ে তোলা সম্ভব হত।

zoom
পল ডির‍্যাক ও সত্যেন্দ্রনাথ বসুর সঙ্গে পূর্ণিমা সিনহা

ড. বিধান রায়ের বাড়ির পিছনের গলি থেকে সংগ্রহ করা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার উদ্বৃত্ত যন্ত্রাংশ ব্যবহার করে পূর্ণিমা সিনহা নিজেই তৈরি করেছিলেন এক্স-রে যন্ত্র। এর জন্য প্রয়োজনীয় উচ্চ ভোল্টেজ ট্রান্সফর্মারটি বিশ্ববিদ্যালয়ের ফলিত পদার্থবিদ্যা বিভাগের কর্মশালায় তৈরি হয়েছিল। এই অভিজ্ঞতা আমাদের বারবার মনে করিয়ে দেয় যে, বিজ্ঞান কেবল উন্নত যন্ত্রপাতির ওপর নির্ভরশীল নয়। কৌতূহল, দক্ষতা, হাতে-কলমে কাজ করার ক্ষমতা এবং সমস্যার সমাধান করার মানসিকতা– এসবও বিজ্ঞানচর্চার গুরুত্বপূর্ণ অংশ।

পূর্ণিমা ভারতের বিভিন্ন অঞ্চল থেকে সংগৃহীত প্রায় ৫০টি মাটির নমুনা XRD এবং DTA পদ্ধতিতে পরীক্ষা করে ‘কাওলিনাইট’ (Kaolinite), ‘মন্টমোরিলোনাইট’ (Montmorillonite), ‘ইলাইট’ (Illite), ‘ভার্মিকুলাইট’ (Vermiculite), ‘ক্লোরাইট’ (Chlorite) প্রভৃতি শ্রেণিতে বিভক্ত করেন। এই গবেষণার ফলাফল ১৯৫৫ সালে একত্রিত করা হয়। ১৯৫৬ সালে অধ্যাপক বসু কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে অবসর গ্রহণ করলে, অধ্যাপক কমলাক্ষ দাশগুপ্তের সহযোগিতায়, মাটির নমুনাগুলির গঠনগত বৈশিষ্ট্য নিয়ে আরও বিশদে এক্স-রে গবেষণা করেন পূর্ণিমা। বিভিন্ন নমুনাকে একই ধরনের কেমিক্যাল ট্রিটমেন্ট দেওয়ার পরেও তাদের ‘এক্স-রে প্যাটার্ন’ ও ‘থার্মাল বিহেভিয়র’-এর মধ্যে নানা বৈচিত্র তিনি লক্ষ করেছিলেন। তাঁর পর্যবেক্ষণ– একটি মিনারেল গ্রুপের মধ্যেও গঠনগত বৈচিত্র থাকতে পারে। ‘ইলাইট’ এবং ‘কাওলিনাইট’ নিয়েও তিনি আলাদা করে অনুসন্ধান করেন। তিনি দেখেন যে, ভারতের বিভিন্ন অঞ্চলের মাটির মধ্যে জটিল খনিজগত বৈশিষ্ট্য বিদ্যমান, এবং এগুলিকে বোঝার জন্য একাধিক বৈজ্ঞানিক পদ্ধতির প্রয়োজন।

১৯৫৪ সালে এ কে বোসের সঙ্গে যৌথভাবে পূর্ণিমার প্রথম বৈজ্ঞানিক প্রবন্ধ ‘নেচার’-এ প্রকাশিত হয়। কাশ্মীর, নিমলিনাড়ি ও বার্মে অঞ্চল থেকে সংগৃহীত ভারতীয় মন্টমোরিলোনাইটের নমুনা এবং সাতারা ও ইন্দোরের কালো তুলো চাষের মাটির নমুনা সংগ্রহ করে XRD ও DTA-এর মাধ্যমে বিশ্লেষণ করা হয়। তাঁর দ্বিতীয় ‘নেচার’ প্রবন্ধ প্রকাশিত হয় ১৯৬২ সালে এবং সেখানে ভারতীয় ‘ভার্মিকুলাইট’-এর তিনটি নমুনা নিয়ে গবেষণার ফলাফল উপস্থাপন করা হয়। বছরের পর বছর ধরে ‘জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া’, ‘সেন্ট্রাল গ্লাস অ্যান্ড সেরামিক রিসার্চ ইনস্টিটিউট’, ‘ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি’ এবং আরও বহু প্রতিষ্ঠান থেকে মাটির নমুনার এক্স-রে বিশ্লেষণ নিয়ে তাঁর গবেষণাপত্র প্রকাশিত হয়েছে। কিন্তু খুব কম মানুষই হয়তো জানেন যে, ভারতের অন্যতম শ্রেষ্ঠ তাত্ত্বিক পদার্থবিদ সত্যেন্দ্রনাথ বসুই প্রথম, দেশের বিভিন্ন অঞ্চলের মাটির নমুনার গঠন বিশ্লেষণে এক্স-রে-ভিত্তিক গবেষণার সূচনা করেছিলেন।

zoom
চীনাভবনের তান ইয়ুন শানের সঙ্গে পূর্ণিমা সিনহা। সূত্র: সুকন্যা সিনহা

কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পদার্থবিদ্যায় ডি.ফিল ডিগ্রি অর্জনকারী প্রথম নারী পূর্ণিমা সিনহা। সাল ১৯৫৬। তাঁর গবেষণার পদ্ধতি, পরীক্ষাগার-নির্ভর কাজ এবং নিজস্ব বৈজ্ঞানিক সরঞ্জাম তৈরির দক্ষতা তাঁকে স্বতন্ত্র মর্যাদা দেয়। কলকাতা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানচর্চার ইতিহাসে এই অর্জন এক গুরুত্বপূর্ণ মাইলফলক।

আমেরিকা যাওয়ার আগে পূর্ণিমা জিওলজিকাল সার্ভেতে কাজ করেছিলেন। উচ্চশিক্ষার জন্য ১৯৬১ সালে পূর্ণিমা যুক্তরাষ্ট্রে যান। ক্যালিফোর্নিয়ার স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির ‘বায়োফিজিক্স রিসার্চ গ্রুপে’ ‘অরিজিন অফ লাইফ’ নিয়ে তিনি গবেষণা করেন। যুক্তরাষ্ট্র থেকে ফিরে ১৯৬৪ সালে তিনি বোস ইনস্টিটিউটে যোগ দেন। এরপর ১৯৬৮ সাল থেকে সায়েন্টিস্ট পদে ছিলেন যাদবপুরের ‘সেন্ট্রাল গ্লাস অ্যান্ড সেরামিক রিসার্চ ইনস্টিটিউট’ (CGCRI)-এ। প্রায় ১৮ বছর। পূর্ণিমা সিনহার ‘এ রিভিউ অফ দ্য ক্লাসিফিকেশন অফ সেরামিক পিগমেন্টস’ (A Review of the Classification of Ceramic Pigments) প্রবন্ধটি ইংরেজি ও বাংলা– উভয় ভাষায় প্রকাশিত হয়। ‘স্পিনেলস’ এবং ‘পাঁচমুড়া ক্লে’ নিয়ে তাঁর গবেষণা ছিল উচ্চমানের।

দীর্ঘ অভিজ্ঞতায় পূর্ণিমা প্রত্যক্ষ করেছেন গবেষণায় সুযোগ-সুবিধার অভাব, বিজ্ঞানীদের মধ্যে সহযোগিতার ঘাটতি, দুর্বল কর্ম-পরিবেশ, আমলাতান্ত্রিক আধিপত্য এবং মেধা ও গবেষণার পরিবর্তে জ্যেষ্ঠতাভিত্তিক পদোন্নতি– এসবই ভারতীয় বিজ্ঞানচর্চার গুরুত্বপূর্ণ সমস্যা। শিক্ষাব্যবস্থা নিয়েও তাঁর সমালোচনা ছিল স্পষ্ট। তিনি মনে করতেন, শিশুদের মুখস্থ করতে শেখানোর পরিবর্তে প্রশ্ন করতে উৎসাহ দেওয়া উচিত। তাঁর চিন্তার একটি তাৎপর্যপূর্ণ দিক ছিল, সমাজ ও বিজ্ঞানের মধ্যে সম্পর্ক। বিজ্ঞানকে সমাজ থেকে বিচ্ছিন্ন কোনও ক্ষেত্র হিসেবে তিনি দেখেননি। তিনি বিশ্বাস করতেন, বৈজ্ঞানিক পরিকল্পনাকে বাস্তবসম্মত করতে কৃষক ও শ্রমজীবী মানুষের অভিজ্ঞতাকেও গুরুত্ব দেওয়া প্রয়োজন।

zoom
শান্তিনিকেতনের আদিবাসী শিশুদের সঙ্গে পূর্ণিমা সিনহা

বিজ্ঞানকে সমাজের সব স্তরের মানুষের কাছে পৌঁছে দিতে পূর্ণিমা সহজ বাংলায় অনুবাদ করেন বিশ্বখ্যাত বিজ্ঞানী আরউইন শ্রডিঙ্গারের ‘মাইন্ড অ্যান ম্যাটার’ বইটি। অনুসন্ধিৎসু পাঠকের জন্য তিনি ম্যাক্সিম ডি. এফ. কামেনেৎস্কির ‘আনর‍্যাভেলিং ডিএনএ’ বইটিও বাংলায় অনুবাদ করেন। বাংলায় সত্যেন্দ্রনাথ বসুকে নিয়ে দু’টি জীবনীগ্রন্থ রচনা করেছেন তিনি– ‘অমর কথা’ ও ‘বিজ্ঞান সাধনার ধারায় সত্যেন্দ্রনাথ বসু’। ‘জ্ঞান ও বিজ্ঞান’ পত্রিকায় সহজ, সাবলীল বাংলায় ধারাবাহিকভাবে বেশ কিছু প্রবন্ধও লেখেন।

১৯৫৩ সালে বিশিষ্ট নৃবিজ্ঞানী সুরজিৎ চন্দ্র সিনহার সঙ্গে পূর্ণিমার বিয়ে হয়। সুরজিৎ ছিলেন অধ্যাপক নির্মলকুমার বসুর সুযোগ্য ছাত্র। নির্মলকুমার বসুর অনন্যসাধারণ ব্যক্তিত্ব পূর্ণিমাকে অনুপ্রাণিত করেছিল। তাঁর জন্মশতবর্ষে পূর্ণিমা লিখলেন ‘নির্মলকুমার বসু’ নামে একটি বই। প্রকাশকাল ২০০১। পদার্থবিদ্যার পাশাপাশি নৃতত্ত্ব, জনজাতি ও লোকায়ত সংগীতের বিষয়েও আগ্রহী হয়ে ওঠেন পূর্ণিমা। ২০০৫ সালে এশিয়াটিক সোসাইটির পত্রিকায় আন্দামানের জারোয়া জনজাতির সংগীতচর্চার বিষয়ে তাঁর একটি দীর্ঘ গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়। শিরোনাম ‘জারোয়া সংস্ অ্যান্ড ভেদিক চ্যান্ট: এ কম্প্যারিজন অফ মেলোডিক প্যাটার্ন’।

পূর্ণিমা সিনহা সম্ভবত একমাত্র ভারতীয় পদার্থবিদ, যিনি ভারতীয় সংগীত নিয়ে একটি পূর্ণাঙ্গ বই লিখেছিলেন। পাশ্চাত্য সমাজে ভারতীয় সংগীত সম্পর্কে প্রচলিত ভুল ধারণা দূর করাই ছিল তাঁর অন্যতম উদ্দেশ্য। ১৯৬২ সালে ইউনিভার্সিটি অফ শিকাগোতে তিনি ভারতীয় সংগীতের ওপর সাতটি বক্তৃতা দেন। পরবর্তীতে সেগুলি ‘ফোকলোর’ পত্রিকায় ধারাবাহিক প্রবন্ধ হিসেবে প্রকাশিত হয়। এই প্রবন্ধগুলিই পরে ‘অ্যান অ্যাপ্রোচ টু দ্য স্টাডি অফ ইন্ডিয়ান মিউজিক’ নামে একটি বইয়ে সংকলিত হয়। বইটিতে বিশিষ্ট বিজ্ঞানী ও সংগীতজ্ঞদের যোগাযোগের তথ্যও পাওয়া যায়। ২১ শতকের সংগীত বিশেষজ্ঞরাও ছয়ের দশকে তাঁর কাজের উল্লেখ করেছেন, যা তাঁর গবেষণার অসাধারণ মানের পরিচায়ক।

যে পূর্ণিমা বিশ্ববিদ্যালয়ের গবেষণাগারে যন্ত্র বানান, তিনিই গ্রামীণ কুম্ভকারের কাছ থেকে শিখে নেন মাটির ভাস্কর্য নির্মাণ। শান্তিনিকেতনে এসে এই মানুষগুলির কাছ থেকে শুধু কাজ শেখেননি, তাঁদের দক্ষতা ও ব্যক্তিত্বকেও গভীরভাবে সম্মান করেছিলেন। তাঁদের সাহায্যেই শান্তিনিকেতনে শ্যামবাটির পিছনের জমিতে মাটির ভাস্কর্য পোড়ানোর চুল্লি তৈরি হয়েছিল। এই কুম্ভকারদের সাহায্যে পূর্ণিমা তৈরি করেছিলেন আদিবাসী মেয়ের এক অনন্য মূর্তি। তাঁর নির্দেশে কুমোরেরা চাক ঘুরিয়ে মূর্তিটির শরীরের বিভিন্ন অঙ্গ আলাদা আলাদা করে তৈরি করেছিলেন। এমনকী, হাতের আঙুল পর্যন্ত চাকের সাহায্যে গড়া হয়েছিল। পরে পূর্ণিমা নিজের পছন্দমতো রং দিয়ে গ্লেজ করেন, ভাটিতে পোড়ান এবং শেষে অংশগুলি জুড়ে একটি সম্পূর্ণ নারীমূর্তি তৈরি করেন। পূর্ণিমা তাঁর ‘মৃৎশিল্প ও ভারতবর্ষ’ রচনায় এই কুম্ভকারদের কথা লিপিবদ্ধ করেছেন। তাঁর কাছে দক্ষতার কোনও সামাজিক শ্রেণিবিভাগ নেই। যে মানুষের কাছে জ্ঞানের আসন পাতা, পূর্ণিমা সিনহা তাঁদের কাছে বসেই জ্ঞান আহরণ করেছেন।

zoom
শিল্পী ও বৈজ্ঞানিক

পূর্ণিমার শিল্পচর্চা শুধু মৃৎশিল্পে সীমাবদ্ধ ছিল না। তাঁর শিল্প ও ভাস্কর্যের একটি একক প্রদর্শনী হয়েছিল নন্দনে। তাঁর তৈরি দু’টি অসাধারণ ম্যুরালের একটি, বিশ্বভারতীর উপাচার্যের বাড়ির দেওয়ালে এবং আরেকটি মেঝের কাজে রয়ে গিয়েছে। মেঝের কাজটি রামকিঙ্কর বেইজের পরামর্শে, সিমেন্টের ওপর করা হয়েছিল। তাঁর হাতে গড়া সত্যেন্দ্রনাথ বসুর একটি আবক্ষ মূর্তি বঙ্গীয় বিজ্ঞান পরিষদে সংরক্ষিত রয়েছে। অপরিসীম মগ্নতা ও একাগ্রতায় পূর্ণিমা নিজের হাতে তৈরি করেছিলেন ইট-লাল ও হলুদ-ওকার রঙের সিমেন্ট দিয়ে শান্তিনিকেতনের বাড়ির বাথরুমের মেঝের নকশা। দেওয়ালের রং-ও করেছেন তিনি নিজেই। তাঁর শিল্পচর্চার স্বাক্ষর।

পূর্ণিমা সিনহার জীবনের আরেকটি অসাধারণ অধ্যায় শুরু হয় অবসর গ্রহণের পরে, শান্তিনিকেতনের শ্যামবাটির বাড়িতে। পূর্ণিমা ও সুরজিৎ একটি ছোট্ট পাঠশালা শুরু করেছিলেন। নাম, ‘মেলামেশার পাঠশালা’। উদ্দেশ্য ছিল, শহুরে শিক্ষা ও আদিবাসী সংস্কৃতির আদানপ্রদান। পাঠশালায় আসত মুন্ডা ও ওঁরাও শিশুরা। আসত আরও অনেক শিশু যাদের পূর্বপুরুষেরা বিহার থেকে এসে বহু আগে শান্তিনিকেতনে বসতি স্থাপন করেছিলেন। শিশুদের বাবা-মায়েরা অনেকেই ছিলেন নিরক্ষর। কেউ দিনমজুর, কেউ বিশ্বভারতীর কায়িক শ্রমের সঙ্গে যুক্ত। কারও পরিবারে ছিল সামান্য জমি। ধান রোয়ার মরশুমে অনেক সময় শিশুরাও স্কুল কামাই করে বাবা-মাকে ধান থুপতে সাহায্য করত। একটু বড় বোন, যে নিজেই শিশু, মায়ের মতো আগলে রাখত ছোট ভাইকে। কারও বাবা, কারও বাবা-মা দু’জনেই অনেক সময় মদের নেশায় চুর হয়ে থাকত। বাবা, মাকে নিয়মিত নেশার ঘোরে মারধোর করে। আবার নেশা কেটে গেলে ফিরে আসত স্বাভাবিক জীবনে। পূর্ণিমা এই জীবনের বাস্তবতাকে খুব কাছ থেকে দেখেছেন।

‘মেলামেশার পাঠশালা’ হয়ে উঠেছিল শহুরে শিক্ষা ও আদিবাসী সংস্কৃতির মধ্যে পারস্পরিক শেখা ও জানার একটি প্রচেষ্টা। যেখানে শহুরে শিক্ষিত বড়রা আদিবাসী শিশুদের শেখানোর পাশাপাশি, তাদের সঙ্গে বসে তাদের গল্প শুনতেন, শিখে নিতেন মুণ্ডা ও ওঁরাও পরবের গান-ছড়া-সংস্কৃতি এবং জীবনযাপনের নানা দিক। বদলে শিশুদের শেখাতেন বাংলা, ইংরেজি, অঙ্ক, বিজ্ঞান, রবীন্দ্রসংগীত, দেশবিদেশের গল্প। একবারের কথা– রবীন্দ্রনাথের ‘গল্পগুচ্ছ’ থেকে ‘শাস্তি’ গল্পটি শোনানো হয়। শিশুরা খুব মন দিয়ে শুনছিল। শেষ হওয়ার পর একজন বলে উঠল, ‘মা, এ তো আমাদেরই ঘরের কথা! রবীন্দ্রনাথ আমাদের মনের কথা কী করে জানল গো?’ আসলে এই পাঠশালা ছিল শ্যামবাটির শিশুদের মুক্তির ঠিকানা।

zoom
‘মেলামেশার পাঠশালা’

পূর্ণিমার ঘরে যেমন গবেষণার যন্ত্রপাতি ছিল, তেমনই ছিল তানপুরা ও তবলা। ছেলেবেলা থেকে গানবাজনা শোনা, শেখার শখ ছিল তাঁর। তিনি হিন্দুস্তানি শাস্ত্রীয় সংগীত শিখেছিলেন যামিনী গাঙ্গুলীর কাছে। যখন তবলা ছিল মূলত পুরুষ-প্রধান একটি শিল্পক্ষেত্র, তখন তিনি তবলা শেখেন বিখ্যাত তবলাবাদক পণ্ডিত জ্ঞানপ্রকাশ ঘোষের কাছে। তিনি রবীন্দ্রনাথের গল্প, কবিতা পড়তেন। বিজ্ঞানী পূর্ণিমার মধ্যে এইভাবেই বাস করত একজন সাহিত্য-সংগীতপ্রেমী বাঙালি। তিনি মাটিকে পড়েছেন বিজ্ঞানীর চোখে, মাটিকে গড়েছেন শিল্পীর হাতে, সুরকে শুনেছেন গবেষকের কানে, আর মানুষকে দেখেছেন একজন শিক্ষার্থীর কৌতূহল নিয়ে– এই বহুমাত্রিকতাই পূর্ণিমা সিনহার অন্তর্ভূমি, যিনি শিখিয়েছেন আজীবন সৃজনশীলতার পাঠ।

তথ্য সহায়তা:

১. Singh, Rajinder & Roy, S.C. (2019). Purnima Sinha and her Doctoral Work Under Professor S.N. Bose. Science and Culture. 85. 243. 10.36094/scienceandculture.v85.2019.SinghandRoy.243.

২. Sinha, Purnima. (2005). Jarawa songs and Vedic chant: a comparison of melodic pattern.  Journal of the Asiatic Society, 47 (4): 114-23.

৩. Sinha, Purnima., & Supurna Sinha.  (2008). Like mother, like daughter. Lilavati’s Daughters: Women Scientists of India. Edited by Rohini Godbole & Ram Ramaswamy. Bangalore: Indian Academy of Sciences.

৪. সিংহ, পূর্ণিমা। (২০১৩)। সতত সৃজনশীল সঙ্গীতগুরু জ্ঞানপ্রকাশ ঘোষ প্রজ্ঞা ও প্রযুক্তি। পরবাস। সংখ্যা ৫৪।

৫. Virk, Hardev. (2020). Clay, Craft, Music and Science: Purnima Sinha’s Life. [Clay, Craft, Music and Science: Purnima Sinha’s Life, by Rajinder Singh & Suprakash C Roy] 10.13140/RG.2.2.17075.78885.

bengali literature bengali music bengali songs Jagadish Chandra Bose Nature and Science Sangbad Pratidin Sangbad Pratidin Robbar Science and Technology science experiment

Share this article on