

আমরা, মানুষরা, সবাই আসলে কোনও সিমুলেশন গেমের অংশ। আমাদের ওপরেও নিত্য চাপিয়ে দেওয়া হয় একগাদা টাস্কের দায়ভার, যা পূরণ করতে চেয়ে কখনও পথের কাঁটা উপড়ে ফেলি। কখনও আবার প্রেম-বিবেক-মায়ার জালে জড়িয়ে, নিজের ‘লাইফলাইন’ তুলে দিই অন্যের হাতে। আমরা নই, অন্য কোনও সর্বশক্তিমান মেঘের আড়াল থেকে চালনা করেন আমাদের জীবন।
‘শোন, জিতু গেম খেলতে এসেছে, গেম খেলেছে। বেশ করেছে!’
‘তাহলে সৃজলাকে নন্দিনী যখন ধাক্কা দিয়ে ফেলল, সেটাও তো ভুল ছিল না!’
‘ওই ম্যাটারটা আলাদা!’
‘মোটেই আলাদা না! তোরা, রাজবীরের ফ্যানগুলোও ওর মতো বলদ!’
‘আরে, অন্তত ফেয়ার গেম খেলে রে!’
অফিসে চা খেতে নেমে, যখন দূরে দাঁড়িয়ে দুই জুনিয়র কলিগের এই ডুয়েলের সাক্ষী হচ্ছি, তখন বিকেল চারটে। শহরে শীত, অনুপ্রবেশকারীর মতো চাদর চাপা দিয়ে, পা টিপে টিপে ঢুকছে। দুটো বাচ্চা দেদারসে ছুটে যাচ্ছে রাস্তার এ মাথা থেকে ও মাথা, কারণ ওরা এখনও বড় হয়নি। ওদের কোনও তাড়া নেই। পাশে ডুয়েলের তীব্রতা বাড়ছে। চায়ের টাকা দিতে না দিতেই, শুনলাম দোকানে বেজে উঠল, ‘বিশ রুপিয়া প্রাপ্ত হুয়ে!’ সঙ্গে সঙ্গেই মনে এল এক অদ্ভুত প্রশ্ন, যার জবাব খুঁজতে চেয়ে এই হিজিবিজি লেখা– আমরাও কি তাহলে বিগ বসের বাড়িতেই থাকি?

যে বাঙালি প্রতিদিন ভয় পায় তার ডেটা, মেটা চুরি করে নেবে, সে-ই রোজ টিভিতে দেখতে ভালোবাসে অন্যের বাড়ির হেঁশেলের খবর। এই পৈশাচিক আনন্দ তাকে একটু হলেও সাহস দেয় পরের দিনের ‘বসে হারো’ প্রতিযোগিতায় নাম লেখানোর। এমন এক প্রতিযোগিতা, যেখানে নামলেই হার নিশ্চিত। যে যতক্ষণ বসবে, তত বেশি হারবে। জেতা এ খেলার লক্ষ্যই নয়, এখানে সবাই নামে অন্যকে হারাতে। এই প্রতিযোগিতায় নামার জন্য অন্যকে হারতে দেখা দরকার। তাই ওই বাড়ির ভিতর যারা ঘুরে বেড়াচ্ছে, বাস্তব আর কল্পনার মাঝে হেঁটে বেড়ানো কিছু চরিত্র, দরকার পড়ে তাদের। যাতে, হাতে রিমোট নিয়ে খানিক্ষণের জন্য নিজেকে ব্রহ্মা মনে করে আনন্দ পেতে পারে সেই জনতা, যার না কি প্রাইভেসি বিক্রি হওয়ার বড় ভয়!
আসলে, আমরা সবাই চেয়েছিলাম জুকারবার্গ, এলন মাস্ক বা বেজোস হতে। চেয়েছিলাম, সেই অমোঘ শক্তি, চাইলেই যা এক তুড়িতে পৃথিবী ধ্বংস্ব করে দিতে পারে। কিন্তু সে স্বপ্ন পূরণ হয়নি। তবে দুধের স্বাদ ঘোলে মেটানোর সুযোগ পেলে, আমরা এক পায়ে খাড়া। সেই সুযোগই এনে দেয় ‘বিগ বস’। আমাদের ভালো লাগে ভাবতে যে, সাময়িক কালের জন্য হলেও, আমরা ঈশ্বর তো! আমাদেরই ভোটে জিতু-রাজবীর-দুর্নিবাররা টিকে আছে। অন্তত কোথাও তো আমাদের ভোটের দাম আছে! ভাবতে ভালো লাগে। ভালো লাগে ভাবতে যে, ‘আমরা’ ওই বাড়ির বাইরে আছি।

কিন্তু সত্যিই কি তাই? আমরা কি আরও ব্যাপ্ত কোনও বিগ বসের বাড়ির সদস্য নই? ভাইরাস তাড়াতে যে কোরাস পারফরম্যান্সে আমরা মেতে যাই, তা কি আসলে এমনই কোনও অদেখা উপরওয়ালার দেওয়া ‘টাস্ক’ নয়? ‘বসে হারো’ প্রতিযোগিতায় জেতার জন্য কি আমরাও বন্ধুদের ঠেলে-ঠুলে ফেলে দিই না? নিজের স্বপ্নের গলা টিপে হত্যা করে, বড় হওয়ার নামে সম্পূর্ণ অন্য এক মানুষ হয়ে যাওয়াই কি এই গেমের ‘এলিমিনেশন’ বলা যায় না? পৃথিবী জুড়ে কি আসলেই এক উল্টো ‘দ্য ট্রুম্যান শো’ চলছে না, যেখানে হাজার হাজার জিম ক্যারি নিজেকে ভুলিয়ে রেখেছে বাস্তব অস্বীকার করে!
যে মুহূর্তে এই লেখা লিখছি, সে সময় আমার ছোটবেলার বন্ধুরা মেতে উঠেছে ‘জিটিএ সিক্স’ নামের এক ভিডিও গেমে। তাদের সুবাদে সেই গেম দেখে বুঝেছি, সেখানে রয়েছে ‘ভাইস সিটি’ নামের এক পৃথিবী, যা আমাদের বাস্তবেরই এক হুবহু সিমুলেশন। গেমের চরিত্রদের জীবনে সুখ, দুঃখ, আনন্দ, উচ্ছ্বাস, হেরে যাওয়া, ফিরে পাওয়া– সব আছে। সেই সিমুলেশন এতই নিখুঁত, যে তা মাঝেমধ্যে অবিকল বাস্তব লাগে। তখন মনে হয়, হয়তো আদতেই আমাদের চারপাশে যা রোজ আমরা দেখতে পাই, তা সম্পূর্ণ সত্যি নয়।

অনুপম রায় তো সেই কবেই বলেছেন, সত্যি বলে সত্যি কিছু নেই! আমরা, মানুষরা, সবাই আসলে ‘ভাইস সিটি’র চরিত্র কিংবা ‘বিগ বসে’র বাড়ির বাসিন্দা। আমাদের ওপরেও নিত্য চাপিয়ে দেওয়া হয় একগাদা টাস্কের দায়ভার, যা পূরণ করতে চেয়ে কখনও পথের কাঁটা উপড়ে ফেলি। কখনও আবার প্রেম-বিবেক-মায়ার জালে জড়িয়ে, নিজের ‘লাইফলাইন’ তুলে দিই অন্যের হাতে। আমরা নই, অন্য কোনও সর্বশক্তিমান মেঘের আড়াল থেকে চালনা করেন আমাদের জীবন। বহুল প্রচলিত এক প্রবাদ বলে, নিয়ন্ত্রিতকে ভাবতে দিতে হবে, লাগাম তারই হাতে; নিয়ন্ত্রণ করার এর চেয়ে সহজ উপায় আর হয় না!
…………………
রোববার.ইন-এ পড়ুন শিলাদিত্য চ্যাটার্জি-র অন্যান্য লেখা
…………………
A Unit of: Sangbad Pratidin Digital Private Limited. All rights reserved