কোচবিহারের রাসমেলা উত্তরবঙ্গের প্রায় ২০০ বছরের প্রাচীন ঐতিহ্য, সংস্কৃতি ও জনজীবনের এক গুরুত্বপূর্ণ ধারক ও বাহক। মহারাজা হরেন্দ্র নারায়ণের হাত ধরে শুরু হওয়া এই রাসমেলা শুধু আনন্দ-উৎসব নয়, উত্তরবঙ্গের বিভিন্ন সম্প্রদায় ও প্রান্তিক মানুষের সারা বছরের আশা, আবেগ এবং চাহিদা পূরণের এক মিলনক্ষেত্র। মেলাকে ঘিরে লোকশিল্প, ভাওয়াইয়া গান, যাত্রাপালা এবং গ্রামীণ জীবনের নানা স্মৃতি ও ঐতিহ্য আজও জীবন্ত।
উত্তরবঙ্গের মানুষের মুখে মুখে শোনা যায় আজও– ‘দ্যাখিলে দ্যাখো কোচবিহারের রাসমেলা আর বলরামপুরের হইল বাঁশখেলা’। হ্যাঁ, প্রত্যেক বছর অগ্রহায়ণ মাসের কার্তিক-পূর্ণিমায় বাংলা ক্যালেন্ডারে লাল গোলাকার দাগ দেখলে আমাদের মতো অনেকেরই ছোটবেলার ঠাকুমা-দিদিমাদের হাত ধরে ঘুরে বেড়ানো কোচবিহারের রাসমেলার কথা মনে পরে। ২০০ বছরের স্মৃতি ছাপিয়ে, অতীত থেকে আজও উত্তরবঙ্গের জনজীবনের ঐতিহ্য ও চালচিত্র বহন করে চলেছে কোচবিহারের রাসচক্র ও রাসমেলা; যা আজও সমগ্র উত্তর-পূর্ব ভারতের সবথেকে জনপ্রিয় মেলাও বটে।
সমগ্র বাংলার নদিয়ার শান্তিপুর ও নবদ্বীপের রাসকে যদি ‘আঁতুড়ের মথুরা’ হিসেবে ধরা হয়, উত্তরবঙ্গের ‘রাজনগর’ কোচবিহারের রাস উৎসব ও রাসমেলা তাহলে ‘বিচরণক্ষেত্র বৃন্দাবন’। এই রাসমেলার শুরু থেকেই কোচবিহারের কোচ রাজপরিবারের প্রত্যক্ষ যোগ ছিল শুরু থেকেই। প্রত্যেক রাসপূর্ণিমায় পুজো করে ‘রাসচক্র’ ঘুরিয়ে রাসমেলার সূচনা করতেন বিভিন্ন সময়ের কোচ-রাজারা। এখন ঐতিহ্যবাহী এই মেলার দায়িত্বভার কোচবিহার জেলাশাসকের।

রাজ আমলের ইতিহাস থেকে জানা যায়, ১৮১২ সালে মহারাজা হরেন্দ্র নারায়ণ প্রথম ভেটাগুড়িতে নতুন রাজবাড়িতে প্রবেশ উপলক্ষে রাসমেলার সূচনা করেন, পরে মহারাজা নৃপেন্দ্র নারায়ণের আমলে (১৮৮৫-১৮৮৯ সাল) কোচবিহারে মন্দিরটি নির্মিত হলে, তা রাজপরিবারের কুলদেবতা মদনমোহনের মন্দির সংলগ্ন অঞ্চলে স্থানান্তরিত হয়।
রাধা ছাড়া মদনমোহন– শ্রীকৃষ্ণের এক বিশেষ রূপ। ‘দিঘি-নগরী’ কোচবিহারের, বৈরাগী-দিঘির উত্তরপাড়ে মদনমোহন মন্দিরকে কেন্দ্র করে এখনও প্রত্যেক বছর এই ঐতিহ্যবাহী রাসমেলার আয়োজন হয়।
প্রায় একমাস চলতে থাকা মেলা ও ভাঙামেলায় পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা-সহ অসম, নেপাল, ভুটান থেকে আসা ছোট বড় মিলিয়ে প্রায় দুই লক্ষাধিক বিপণি, ব্যবসায়ী ও বিভিন্ন ধর্মের দর্শনার্থীদের সমাগম ঘটে। কোচবিহারের রাসমেলা তাই সমগ্র উত্তরবঙ্গের মানুষদের কাছে শুধু আবেগের মেলা নয়, এই অঞ্চলের গ্রামীণ কৃষিজীবী পরিবারের বেশিরভাগ মানুষদের প্রতিশ্রুতি কিংবা আবদার পূরণের মেলাও।

উত্তরবঙ্গের বিচিত্র পেশার সব সম্প্রদায়ের মানুষের মধ্যে এই মেলাকে ঘিরে থাকে সারা বছরের অপেক্ষা, অগ্রহায়ণের নবান্ন ও নতুন ফসল তোলার যোগ। যে বাবা-মা তাঁর ছেলে-মেয়েকে হয়তো টাকার অভাবে দুর্গা বা কালীপুজোয় কিংবা ইদে নতুন জামাকাপড় দিতে পারেননি, নতুন ফসল তুলে রাসের মেলায় নেপালি, ভুটিয়াদের দোকান থেকে হাতে-বোনা সস্তা দরে আসন্ন শীতের সোয়েটার কিনে দেবেন। যে ছেলে তাঁর বৃদ্ধ মাকে শাড়ি দিতে পারেনি পুজোপার্বণে, মেলায় রাভা মেয়েদের কাছ থেকে ‘হাওয়াই দরে’ একটি এন্ডির শীতের চাদর কিনে দেবে হয়তো এবার। দাদু-ঠাকুমার কাছে ছোটরা বাহানা ধরবে কাঠের খেলনা গাড়ির, ঢোল, করকা, মেলার বিখ্যাত বাঁশকাঠির টমটম কিংবা নল-বাঁশের রঙিন বাঁশির। মেলায় আসতে না পাড়া বাড়ির বৃদ্ধ ‘দাদু-নানিমার তানে’ কেউ কেউ মেলা শেষে নিয়ে ফিরবেন মজা পান-সুপুরি বাটার লোহার ‘সত্তা, হামু-গাইন’, কিংবা তামার কাসর-ঘণ্টা।
উত্তরবঙ্গের বিভিন্ন প্রান্তিক গ্রাম থেকে আসা ছোট থেকে বড়, সকলে রাসমেলার মাঠের নাগরদোলা, মুনলাইট, নটরাজের মতো বড় বড় সার্কাস অবাক বিস্ময়ে তাকিয়ে দেখবেন। যাত্রা-নেশাড়ু বিভিন্ন গ্রামের চ্যারকেটু, নুকাড়ু, ‘ফ্যাতাড়ু’, ফাতরার দল মেলায় এসে মন্দির চত্বরে এখনও খুঁজবেন উত্তরবঙ্গের একসময়ের বিখ্যাত গুণেশ্বর অধিকারীর যাত্রাপালা– ‘ময়নার চখুর জল’ বা বিষহরার ‘চাঁদ সদাগরের পালা’। ভাওয়াইয়া পাগল বাউদিয়ারা খুঁজবেন রাসের মেলায় হিতেন মালির তেঁতুল কাঠের দোতারা, মঙ্গলাচরণের সাধের ব্যানা-সারিন্দা ও কুংকুরার সুতো। তোর্সা-তিস্তা পারের গাড়িয়াল-মইষালবন্ধু ও মাইসাই নদীর নেংটিছেড়া খেয়াঘাটের মাঝিরা মেলায় এসে খুঁজবেন মাছ ধরার নিখুঁত ছিপ, আজও।

পাড়াতুতো গ্রামের আইয়ো আবোরা (পাড়াতুতো ঠাকুরমা দিদিমারা), যারা সারা অগ্রহায়ণ মাস ধরে বিভিন্ন মাঠে মেঠো ইঁদুরের গর্ত খুঁড়ে নবান্নের নতুন ধানের শিষ জমিয়েছে তারা হয়তো রাসমেলায় এসে শিক্ষার ময়দানে সার্কাস দেখবেন না। না! হাল আমলের মেলার প্রথম দিনের আধুনিক ‘আতঙ্ক বাতির’ থুরি আতসবাজির কারসাজি দেখার স্বপ্ন তাঁদের নেই, মেলা শেষের ভাঙামেলায় তাঁরা সামান্য জমানো টাকায় ছেঁড়া কাপড় রাখার একটা নতুন টিনের ‘ঢেকসো’, বাড়ির ছোট নাতনির জন্য নাকের নোলক ও সঙ্গে নিয়ে ফিরবেন বাসি খবরের কাগজের ঠোঙায় মোড়ানো মেলার মাঠের বিখ্যাত ঐতিহ্যবাহী বাবুরহাট বনাম ভেটাগুড়ির জিলিপি।
সারা বছরে ঘুঁটেকুটো কুড়িয়ে জমানো টাকায় ডুয়ার্সের বিভিন্ন বনবস্তির রাভা, মেচ জনজাতির বুড়িমারা মেলায় এসে স্বপ্ন দেখবে আবার– ভাত ফোটানোর নতুন হাড়ি-পাতিলের বা গরমকালে মাটিতে পাতার শীতলকুচির শীতলপাটির। লোকশিল্পীরা সারা বছর হন্যে হয়ে অপেক্ষায় থাকার পর মেলার মাঠে আসর বসাবেন আবার ভাওয়াইয়া, চটকা, কুশান-দোতারা পালার। মেলার মাঠের দূরের কোনও কোণ থেকে ভেসে আসবে হয়তো-বা ভাওয়াইয়া গানের সুরে রাসের মেলায় প্রেমিকের কাছে প্রেমিকার আলতা, কুমকুম, গজমতির মালা, শখের খাড়ু, ঘাড়ে গা-মোছা কিনে দেওয়ার আটুশ-আবদার।

বামনহাটের শতবর্ষ ছুঁই ছুঁই রঙবর গাড়িয়াল মেলা থেকে আধুনিক ব্যাটারি চালিত টোটোতে ফিরতে ফিরতে অবাক হয়ে ভাববেন– “একসময় রাতের অন্ধকারে গরুর গাড়িতে রাসমেলা ফেরত ‘মানষির’– ‘গরুর গাড়ির আবার হেটলাইট’ শুধু নয়! নেমপ্লেট ছাড়া গরুগাড়িতে কেমন দেখো ঘণ্টিতে ছিল ‘চিন’ (চিহ্ন)।”
কোচবিহারের রাসমেলার স্মৃতিকথা মনে পড়লেই প্রথমেই মনে পড়ে রাজ আমলের ঐতিহ্যবাহী ‘রাসচক্র’-এর কথা। প্রচলিত প্রথা মেনে লক্ষ্মীপূর্ণিমার দিন থেকে প্রায় একমাস ধরে চলে ‘রাসচক্র’ নির্মাণের কাজ। রাসচক্রের বিশেষত্ব কাগজের সূক্ষ্ম কারুকাজ, নকশা ও নির্মাণ শৈলীতে। রাসচক্রের কাঠামো ও ১৬টি ফ্রেমে স্থান পায় বৌদ্ধধর্মের ধর্মচক্রের ছাপ, হিন্দু দেবদেবীর বিভিন্ন রঙিন ছবি ও কাগজের সুন্দর সুন্দর ফুল। ছোটবেলায় দাদু-ঠাকুমার কোলে চেপে প্রথম রাসচক্র ঘোরানোর সময় কোনও শিল্পবোধ ছিল না, জানা ছিল না রাজ আমলের রাসমেলার সাম্প্রদায়িক সম্প্রীতির নিদর্শন– রাসচক্র নির্মাণের নেপথ্যে হিন্দু-মুসলমান দুই ধর্মের দু’টি পরিবারের যৌথসাধনার ইতিহাসও। মন্দির সংলগ্ন প্রায় ৩৪ ফুট দৈর্ঘ্যের শালকাঠের রাসদণ্ডে রাসকাঠামো ও রাসচক্রের আশ্চর্য শিল্পকর্ম শিল্প সংস্কৃতিপ্রেমীদের বিস্মিত করবে নিশ্চিত, কিন্তু ক’জনই বা জানি কিংবা খোঁজ নেওয়ার চেষ্টা করি, এই রাসচক্র নির্মাণের নেপথ্যে মিশে রয়েছে কুমার দেবেন্দ্র নারায়ণ থেকে অরুণকান্তি রায়, খোসমামুদ মিঞা থেকে আলতাফ মিঞার পরবর্তী প্রজন্মের কয়েক পুরুষ ধরে মানুষদের রাজ আমলের ঐতিহ্যবাহী শিল্পকর্মের প্রতি নিষ্ঠা, ত্যাগ ও ভালোবাসার ঐতিহ্যবাহী পরা-ইতিহাসকে?
…………………
রোববার.ইন-এ পড়ুন পাঁচমিশালি-এর অন্যান্য লেখা
…………………
A Unit of: Sangbad Pratidin Digital Private Limited. All rights reserved