Princess Diana: Tragic Life Behind the Crown। Robbar
Robbar
  • ৭ অগ্রহায়ণ ১৪৩৩
  • মঙ্গলবার
  • ২৪ নভেম্বর ২০২৬

বিষাদসুন্দরী

ডায়ানার তিন বছরের ছোটভাই (তাঁর রাজকীয় ইংরেজিতে nearly three years shy of her age) লিখেছেন তাঁর ‘সোয়ান সং: ডায়ানা মাই সিস্টার’ গ্রন্থে: ডায়ানা আমাকে প্রায়ই বলত, তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হয়েছে। ডায়ানা একা হয়ে তার জীবন ঢেলে দিয়েছিল এইডস এবং এইচআইভি আক্রান্ত নিষ্পাপ শিশুদের সেবায় ও সাহায্যে। তার সমস্ত গ্ল্যামার এবং বাইরের জীবন পেরিয়ে সে অন্তরে ছিল শিশুর মতো সরল।

শেষ আপডেট: নভেম্বর ২৪, ২০২৬, ২০:২৮   
Facebook WhatsApp Messenger

১১৫.

২৯ জুলাই, ১৯৮১। লন্ডন।

সেন্ট পলস ক্যাথেড্রাল। পৃথিবীর সব পথ আজ এখানে শেষ হয়েছে। আমার পথও আজ এখানেই শেষ। আমি এসেছি বাংলার এক সংবাদপত্রের পক্ষ থেকে। এই কাগজের প্রখ্যাত সম্পাদক গৌরকিশোর ঘোষ আমাকে পাঠিয়েছেন প্রিন্স চার্লস এবং লেডি ডায়ানার বিয়ে স্বচক্ষে নিরীক্ষণ করে কভার করতে।

zoom

নিজের চোখে না দেখলে বিশ্বাস করতে পারতাম না এমন রূপকথার বিয়ে, এমন পরম পরিণয়ন, এমন অলীক উদ্বাহবন্ধন হয়ে উঠতে পারে পৃথিবীর বাস্তব!

সবথেকে বড় চমক বিয়ের কনে। এমন রূপসি পৃথিবীর মাটিতে সম্ভব? এ তো স্বর্গ থেকে নেমে আসা অবিশ্বাস্য অপ্সরা! বাবার হাত ধরে যে-ই নামলেন চার ঘোড়ার গাড়ি থেকে, অপূর্ব রূপের দ্যুতি ছড়িয়ে, ঝলসে গেল আমার মধ্যবিত্ত বাঙালি চোখ। আর মনে জাগল সর্পিল সংশয়, অতি সাধারণ দর্শন প্রিন্স চার্লস পারবেন সামলাতে এই সাগ্নিক সুন্দরী, পৃথিবীর কান্তিবোধ যে সৌন্দর্যের নাগাল পাবে না সহজে? এমন উর্বশী হতে কি পারে কোনও পুরুষের একার? হয়েছে কি কখনও পৃথিবীর পুরাণে, ইতিহাসে? এবং এমন অপার অপরিমেয় সুন্দরীরা কি কখনও হয়েছে সুখী সাংসারিক জীবনে? পেয়েছে কি শান্তি নিজেরা? এনেছে কি শান্তি সংসারে? ট্রয়ের হেলেন থেকে ইজিপ্টের ক্লিওপেট্রা, এদের মাধুরী হয়েছে কি মানুষের জন্য মাঙ্গলিক? বরং ঘটিয়েছে ধ্বংস, যুদ্ধ, ডেকে এনেছে বিপর্যয় ও ট্র্যাজেডি। অমিত সুদর্শনা ডায়ানাকে দেখামাত্র এইসব প্রশ্ন জর্জর অমঙ্গলের ভাবনা ধেয়ে এল মনে।

zoom

নারীর সৌন্দর্য অনেক সময়েই সুখকর হয় না সংসারে, সমাজে। এবং সুন্দরী নারীও তার সৌন্দর্যের জন্য বিপন্ন। ডায়ানা এই বিপন্নতার অনন্য নিদর্শন। ডায়ানার ছোটভাই চার্লস স্পেন্সার দিদি ডায়ানাকে নিয়ে সম্প্রতি একটি বই লিখেছেন। বইয়ের নাম ‘সোয়ান সং’। অর্থাৎ, মুমূর্ষু মধুর সংগীত।

ক’দিন বেশ অসুস্থ ছিলাম। তার মধ্যে বইটা পড়লাম। বইয়ের প্রথম পাতায় ছোটভাই চার্লস বলছেন, ‘I was three years shy of her age’, দিদি ডায়ানার চেয়ে আমি তিন বছরের ছোট। এর পরে তিনি লিখছেন, ‘This is a book that starts very much with me looking upto her, especially given the dynamics in Park House, our extremely happy childhood home, where she was not only my constant companion but also in some ways my primary care… Diana always had a strong maternal drive. After our mother left home, Diana became more alert to my needs than might otherwise have been necessary for a big sister… Strong early bonds were formed.’

zoom

এরপরেই যে শয়তান ভাই-বোনের মধুর সম্পর্ক অদ্ভুতভাবে ঘেঁটে দিল, সেই শয়তান হল ব্রিটিশ রাজপরিবারে দিদির বিয়ে: ‘The rogue element, which made our sibling relationship so unusual in the second half of her all – too – brief life, was her marrying into the British Royal Family.’

ডায়ানার রূপকথার বিয়েটাই ছিল তার সবচেয়ে দুর্ভাগ্যের দিন, লিখেছেন তাঁর ছোটভাই। আমারও চোখের সামনেই ঘটেছিল সেই ঘটনা। মনে পড়ছে, সেন্ট পলস ক্যাথেড্রালের সামনে আমরা দাঁড়িয়ে। ডায়ানা বেরিয়ে এলেন বিয়ের পরে। তাঁর দিকে তাকিয়ে শয়ে শয়ে আত্মহারা মানুষের সঙ্গে আমিও চিৎকার করে উঠলাম। যেন সৌন্দর্যের দেবী উদ্ভাসিত আমাদের সামনে। সমস্ত পৃথিবীকে মুগ্ধ করেছেন তিনি। সাধারণ মানুষ চেয়েছিল রূপকথা। সেই চাহিদার সুযোগ নিয়ে ব্রিটিশ রাজপরিবার ডায়ানাকে প্রতিষ্ঠিত করল আন্তর্জাতিক দিবাস্বপ্ন-রূপে। আমি নিজে এই ঘটনার সাক্ষী। কিন্তু কেউ কল্পনাও করতে পারেনি, এই সুন্দরীর জন্য ব্রিটিশ রাজপরিবারের অন্তঃপুরে কী নির্মম ভাগ্য অপেক্ষা করছে!

zoom

চার্লস স্পেন্সার জানাচ্ছেন মরিয়া সাহসে রাজপরিবারের এই কেচ্ছা: পুরাণে ডায়ানা শিকারের দেবীর নাম। আর এই যুগে ডায়ানা সেই মেয়ের নাম যে শিকার হল! চার্লসের ভাষায়: ‘A girl given the name of the ancient goddess of hunting was, in the end, the most hunted person of the modern age.’

যেমন কোহিনূর নিয়ে ব্রিটিশ রাজপরিবারের অস্বস্তি অশেষ, এই হীরক গৌরব ব্রিটিশ রাজপরিবারের অর্জিত ধন নয়, তেমনই যেন বিয়ের প্রথম দিন থেকে ব্রিটিশ রাজপরিবারে ডায়ানা। এবং এই খটকার কারণ, ডায়ানার অনন্য জয়শ্রী। চমক ও জমক। তাঁর দুর্বার দ্যুতি। আমি বাকিংহাম প্যালেসের সামনে। একটু আগে এক পশলা হালকা বাতাসি বৃষ্টি হয়ে গেছে। ‘এসেছিলে তবু আস নাই’ এমন বারিষ জুলাইয়ের লন্ডনে যখন তখন। তবে এই মুহূর্তে আকাশ ফিরোজা বেগমের ঠুঙরি। আমাদের সবার দৃষ্টি ঊর্ধ্বমুখী। বাকিংহাম প্রাসাদের বিপুল বারান্দায় নিবদ্ধ। রীতি অনুসারে, রানি এলিজাবেথ, প্রিন্স ফিলিপ-সমেত নিবিড় রাজপরিবারের সঙ্গে সদ্য বিবাহিত চার্লস ডায়ানার উদ্ভাস উৎসব ওই ঐতিহাসিক ঝুলন বারান্দায়।

বেশিক্ষণ অপেক্ষায় থাকতে হল না। ব্রিটিশ পরিবার বিগ বেন-এর দাস। কাঁটায় কাঁটায় শাসিত তাঁদের প্রাত্যহিক জীবন, তাঁদের উৎসব, তাঁদের শোক। সঠিক সময়ে অপসারিত হল ব্যাপক বারান্দার পিছনে স্ফটিকের আড়াল। প্রথমেই বেরিয়ে এসে দাঁড়ালেন ডায়ানার শাশুড়ি ও শ্বশুর, রানি এলিজাবেথ এবং প্রিন্স ফিলিপ। এরপর একে একে সমগ্র রাজপরিবার। কিন্তু আমাদের প্রত্যেকের অপেক্ষা তো শিকারের দেবী ডায়ানার জন্য। কে জানত তখন, কয়েক বছরের মধ্যে এই হিরণ্ময়ী শিকারের দেবী নিজেই হবেন পরিবার, পাপারাৎসি, নিয়তির শিকার? জীবনের প্রগাঢ় প্রহেলিকা কোন অদৃশ্য সুতোয় কে বুনছে? জানেই বা কে?

zoom

এবার আবির্ভাব সদ্য বিবাহিত রাজকুমার চার্লসের (এখন যিনি ব্রিটেনের রাজা)। এবং স্প্লিট সেকেন্ড পরেই প্রিন্সেস ডায়ানা! এমন করতালি জীবনে প্রথম শুনলাম! এমন উল্লাস জীবনে প্রথম দেখলাম! প্রথম বোধ হারালাম আনন্দের পরমাণু বোমার ব্যাপৃত বিস্ফোরণে। কে জানত, কার ষড়যন্ত্রে, এই
বিখ্যাত, বেমানান, বিক্ষত বিয়ের ঠিক ১৬ বছর পরে, আজকের এই বিশ বছরের পরমা, মাত্র ৩৬ বছর বয়সে, বিচূর্ণ হবেন পাপারাৎসির উন্মত্ত তাড়ায় ত্রাসিত হয়ে, প্যারিসের পাতাল সুড়ঙ্গে? এবং সাড়ে তিনঘণ্টা পরে, ছিন্নভিন্ন শরীরের রক্তাক্ত যন্ত্রণা পেরিয়ে, প্যারিসের হাসপাতালে, পৌঁছবেন শীতল শান্তির নিঃসঙ্গ নিরাসক্ত অবসানে!

ডায়ানার তিন বছরের ছোটভাই (তাঁর রাজকীয় ইংরেজিতে nearly three years shy of her age) লিখেছেন তাঁর ‘সোয়ান সং: ডায়ানা মাই সিস্টার’ গ্রন্থে: ডায়ানা আমাকে প্রায়ই বলত, তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হয়েছে। ডায়ানা একা হয়ে তার জীবন ঢেলে দিয়েছিল এইডস এবং এইচআইভি আক্রান্ত নিষ্পাপ শিশুদের সেবায় ও সাহায্যে। তার সমস্ত গ্ল্যামার এবং বাইরের জীবন পেরিয়ে সে অন্তরে ছিল শিশুর মতো সরল।
‘Here we come to another truth about her. For all the status, the glamour, the applause, Daina remained throughout a very insecure person at heart, almost childlike in her desire to do good for others so she could release herself from deep feelings of unworthiness.’

zoom

ডায়ানাকে ক্রমাগত বিশ্বাস করানো হয়েছিল, সে অপদার্থ অযোগ্য সুন্দরী। রাজবাড়ির উপযুক্ত নয়। এখন যিনি রানি, চার্লসের স্ত্রী, ক্যামিলা, তিনি তো আড়ালে ডায়ানাকে ‘ইঁদুর’ বলতেন! বলতেন, ওর কোনও ব্যক্তিত্ব নেই। ও তো একটা ইঁদুর! ইঁদুরের মতো চিঁ-চিঁ করে, মৃদুস্বরে ন্যাকামি, দ্যাট মাউসি উওম্যান, তাই না?

……………..

রোববার.ইন-এ পড়ুন কাঠখোদাই-এর অন্যান্য লেখা

……………..

Charles Spencer Princess Diana Princess of Wales Sangbad Pratidin Sangbad Pratidin Robbar Swan Song: Diana

Share this article on