World Toilet Day: Women's Access to Public Toilets | Robbar
Robbar
  • ২ অগ্রহায়ণ ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ১৯ নভেম্বর ২০২৬

পরিস্থিতি শৌচনীয়

‘সাবর ইনস্টিটিউট’ ও ‘আজাদ ফাউন্ডেশনে’র পক্ষ থেকে কলকাতার শৌচাগার নিয়ে একটি গবেষণা করা হয়। তাতে দেখা যায়, কলকাতার ১৪৪টি ওয়ার্ডের মধ্যে ২৩টি ওয়ার্ডে মহিলাদের জন্য কোনও শৌচাগার নেই! গোলপার্ক অঞ্চলে হয়তো মেয়েদের জন্য পরিষ্কার বাথরুম তবু পাওয়া সম্ভব, কিন্তু শিয়ালদহ, বড়বাজার বা খিদিরপুরে খুঁজলেও মেলে না সহজে। এই পরিসংখ্যান কি সম্পূর্ণ কাকতালীয়, নাকি অর্থনৈতিক বণ্টনের সুদীর্ঘ ইতিহাস তুলে ধরে?

শেষ আপডেট: নভেম্বর ১৯, ২০২৬, ১৭:৩৪   
Facebook WhatsApp Messenger

প্রমিতা তার হাতখরচ চালানোর জন্য সুইগি ডেলিভারির কাজ নিয়েছে। কলেজের বন্ধুরা অনেকে টিউশনি করে, কিন্তু গিগকর্মী হলে নিজের ইচ্ছেমতো সময় দেওয়া যায়, ৬টা-৮টার বাধ্যবাধকতা থাকে না। বাংলা টিউশনিতে এখন আয় খুবই কম, তাই পরেশকে দেখে রাস্তায় ঘুরে ঘুরে গ্রসারি ডেলিভারি করে প্রমিতা। দু’জনের কাজের জায়গাগুলি প্রায় এক, মাঝেমাঝে দেখা হয়ে যায় সাইকেলে। যাদবপুর অঞ্চলে একটি পরিষ্কার শৌচাগার আছে, সেখানে প্রায়ই যেতে হয় প্রমিতাকে, পরেশও প্রয়োজন পড়লে যায় মাঝে-সাঝে। দুই বন্ধুর কথায় ঠাট্টার সুর ওঠে, একজনের ১০ টাকা খরচ হলে আর একজনের হয় তার অর্ধেক। পরেশ মজা করে বলে, ‘যাক কিছুটা সঞ্চয় হল তাহলে, দিনে দিনে ৫ টাকা করে জমিয়ে কত কিছুই না করা যায় মাসের শেষে!’ এই অদ্ভুত নিয়ম প্রমিতার কিছুতেই বোধগম্য হয় না। কলকাতার বেশিরভাগ পাবলিক টয়লেটে প্রস্রাবের জন্য মেয়েদের ৩ টাকা বরাদ্দ হলে, ছেলেদের দিতে হয় ২ টাকা।

zoom

মাত্র এক টাকা বেশি লাগল, কিন্তু তবু প্রমিতার মতো ডেলিভারি গার্ল বা পাঁপড় বিক্রি করা মধ্যবয়স্কারা শহরে শৌচাগার খুঁজে পায় কি? ২০২৫ সালে ‘সাবর ইনস্টিটিউট’ ও ‘আজাদ ফাউন্ডেশনে’র পক্ষ থেকে কলকাতার শৌচাগার নিয়ে একটি গবেষণা করা হয়। শহরে ক’টা শৌচাগার ব্যবহারযোগ্য, সেখানে কত লোক আসে, কিংবা নারী-পুরুষ বিভাজন ছাড়াও প্রান্তিক লিঙ্গের মানুষেরা আদৌ পাবলিক টয়লেট খুঁজে পায় কি না– এমন বিবিধ প্রশ্ন সামনে রেখে তৈরি করা হয় একটি রিপোর্ট।

এই রিপোর্টে বলা হচ্ছে, কলকাতার ১৪৪টি ওয়ার্ডের মধ্যে ২৩টি ওয়ার্ডে মহিলাদের জন্য কোনও শৌচাগার নেই! টয়লেট না-থাকার বিষয়টি প্রান্তিক গোষ্ঠী অধ্যুষিত এলাকায় বেশি। তফসিলি জাতি এবং ধর্মীয় সংখ্যালঘুরা যেখানে সবথেকে বেশি থাকেন, সেখানে মহিলা শৌচাগারের অস্তিত্ব কম। এছাড়া শ্রেণি হিসেবেও বিভাজন দেখা যায়। শহরের ‘লোয়ার ইনকাম জোনে’ (নিম্ন আয়ের অঞ্চলে) মহিলা শৌচাগার কম, আবার ‘হাই ইনকাম জোন’ বা বিত্তশালী জায়গায় টয়লেটের সংখ্যা তুলনায় বেশি। অর্থাৎ, গোলপার্ক অঞ্চলে হয়তো মেয়েদের জন্য পরিষ্কার বাথরুম পাওয়া সম্ভব, কিন্তু শিয়ালদহ, বড়বাজার বা খিদিরপুরের চিত্র আলাদা। বাজার, বন্দর বা স্টেশন চত্বরে মহিলা শৌচাগার কম দেখা যায়– এই পরিসংখ্যান কি সম্পূর্ণ কাকতালীয়, নাকি অর্থনৈতিক বণ্টনের সুদীর্ঘ ইতিহাস তুলে ধরে?

zoom

‘হোয়াইট কলার জব’ যাঁরা করেন, অর্থাৎ, মহিলা কর্পোরেট কর্মীদের জন্য় পাবলিক টয়লেট যতটা না জরুরি, তার থেকে রাস্তায় যাঁদের কাজের জায়গা (মহিলা গিগশ্রমিক, হকার, সবজি-মাছ বিক্রেতা ও বাড়ির পরিচারিকা), তাঁদের ক্ষেত্রে শৌচাগারের প্রয়োজন অনেক বেশি। শহরের বস্তিতে থাকা মেয়েরা পাঁচটি বাড়িতে সারাদিন কাজ করলেও, মালকিনের বাথরুম তাঁদের কাছে থাকে অধরা। ঘর পরিষ্কার, রান্না করা, কাপড় কাচার মতো কাজ করিয়েও সামান্য শৌচাগার ব্যবহারে মধ্যবিত্ত বাঙালির ছুৎমার্গ এখনও যায়নি (গেটেড কমিউনিটিতে আলাদা টয়লেট, লিফ্ট থাকে পরিচারকদের জন্য, সাধারণ মধ্যবিত্ত বাড়ি বা ফ্ল্যাটে জায়গা কম বলে অনেক সময় পরিচারিকার জন্য আলাদা বাথরুম থাকে না)।

এমতাবস্থায় রাস্তার শৌচাগারই একমাত্র অবলম্বন হয়ে পড়ে। যাঁরা ট্রেনে চেপে প্রতি সকালে কাজ করতে আসেন কলকাতায়, কিংবা কলকাতা থেকে শহরতলি যান তিন ঘণ্টার সফরে, তাঁরা অনেকেই জল কম খান, যেহেতু খুঁজলেও আশপাশে বাথরুম মেলে না। অনেকে আবার পাবলিক টয়লেট এড়িয়ে চলেন এই ভেবে যে, অপরিষ্কার কমোড স্পর্শ করলেই ‘ইউটিআই’ (UTI) হতে পারে। জল কম খাওয়া থেকে কিডনির সমস্যা আর সুলভ শৌচালয়ে গেলে ‘ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন’– মহিলাদের নিত্যসঙ্গী দুই রোগ। বাজারে নানারকম স্য়ানিটারি স্প্রে বা এককালীন ব্যবহারযোগ্য ‘ডিসপোজেবল সিট কভার’ বিক্রি হয়– যা সঙ্গে রাখলে সংক্রামক রোগের থেকে কিছুটা বাঁচা যায়। কিন্তু প্রশ্ন হল, প্রমিতার মতো মেয়েরা বা তিন হাজার টাকা মাসমাইনে পাওয়া পরিচারিকার পক্ষে এমন খরচ বহন করা কতটা সম্ভব? (স্প্রেগুলির দাম সাধারণত ২০০ টাকার কাছাকাছি)।

zoom

আজকাল পার্লামেন্ট থেকে আইটি সেক্টর– সর্বত্র যখন মহিলাদের প্রতিনিধিত্ব বাড়ছে, তখন শৌচাগারের মতো মৌলিক বিষয়ের জন্য দাবি করে যাওয়া আসলে অত্যন্ত অসম্মানের। বাজার-বন্দর-স্টেশনে মেয়েদের চলাফেরার পরিসর বাড়ছে, প্রশ্ন উঠছে পাবলিক স্পেসে মহিলাদের আধিক্য অনুযায়ী কি শৌচাগারের সংখ্যা বেড়েছে? শুধু প্রস্রাব বা প্রাতঃকৃত্যের জন্য নয়, আরও নানা প্রয়োজনে মেয়েদের পাবলিক টয়লেট ব্যবহার করতে হয়। বয়ঃসন্ধিকালে তাকে ভাবতে হয় ঋতুস্রাবের কথা, অফিস বা কলেজে ‘ইউটিআই’, সন্তান প্রসবের পর স্তন্যদুগ্ধ পান করানোর মতো জায়গা, ইত্যাদি ইত্যাদি। অর্থাৎ, শৌচাগারের দেখা মিলবে কি না, তা নির্ধারণ করে দেয় একটি মেয়ের পেশা, পড়াশোনা, আর্থিক স্বাধীনতা কিংবা তার কেরিয়ার কত দূর গড়াবে। চাকরি ছাড়ার কারণ হতে পারে দীর্ঘ সফর এবং বিনা শৌচাগারে যাত্রা– এমন পরিস্থিতির কথা শুনে অনেক পুরুষ কর্মী হয়তো হাসবেন।

রাস্তাঘাটে যত্রতত্র প্রস্রাব করার মতো বিষয় এই দেশে অত্যন্ত স্বাভাবিক। তৃতীয় বিশ্বের ক্ষেত্রে ‘স্লামডগ মিলিয়নিয়র’-এর মতো সিনেমার মাধ্যমে এই ধরনের দৃশ্য তুলে ধরা হয় সারা পৃথিবীর কাছে। যতই এই চলচ্চিত্রকে ‘পভার্টি পর্ন’ (poverty porn) হিসেবে সমালোচনা করা হোক না কেন, একে অস্বীকার করার কোনও উপায় নেই। যদিও নগর কলকাতা যখন প্রথম তৈরি হয়েছিল ব্রিটিশ আমলে, তখন ‘পাবলিক নুইসেন্স’ নিয়ে পুলিশের সঙ্গে বড় গোল বেধেছিল বাঙালি পুরুষের। গ্রামে, মাঠে-ঘাটে প্রাতঃকৃত্যে অভ্যস্ত বাঙালি শহরে এসে খুব বিপদে পড়েছিল। প্রকাশ্যে প্রস্রাব করলেই সাহেবের পেয়াদা গ্রেফতার করছে আর জুড়ে দিচ্ছে প্রচুর জরিমানা! নাগরিক জীবনের মূল্যবোধ, শরীরী ভাষা, আদবকায়দা সেদিন বাঙালি পুরুষের আয়ত্ত করতে সময় লেগেছিল। কিন্তু বাঙালি ভদ্রমহিলারা তখনও অন্দরমহলে, তাঁদের চাকরি করে প্রকাশ্য দিবালোকে হাঁটার জন্য অপেক্ষা করতে হবে ছয়ের দশক অবধি। ‘মহানগরে’র আরতি ছিল সেলসগার্ল, ভরদুপুরে কলিংবেল বাজিয়ে অভিজাত মহিলাদের বাড়িতে সেলাই মেশিন বিক্রি করত। এ সেই সময়, যখন মেয়েরা আসবে পথেঘাট-রেস্তোরাঁ-ফুটপাথ-চায়ের দোকানে। মহিলা শৌচাগারের প্রয়োজনটা সম্ভবত আরও বাড়বে সাতের দশকের পর থেকে।

zoom
‘স্লামডগ মিলিয়নিয়র’ সিনেমার দৃশ্য়

বর্তমানে শুধু চাকরি বা ব্যবসা নয়, বাইকার, পর্বতারোহী কিংবা উবার ড্রাইভার হিসেবেও মহিলাদের দেখা যায়। ২০২৬ সালেই এক মহিলা ক্যাবচালকের সঙ্গে আলাপ করার সুযোগ হয়েছিল। তিনি কলকাতার এমন একটি ড্রাইভিং সেন্টারের সঙ্গে যুক্ত, যারা কেবল মহিলাদেরই গাড়ি চালানোর প্রশিক্ষণ দেয়, এবং বিভিন্ন ক্যাব কোম্পানিতে কাজের সুযোগ করে দেয়। তাঁকে প্রথম প্রশ্ন করেছিলাম, রাস্তা যখন তাঁর কাজের পরিসর, তখন শৌচাগারের বিষয়টা তাঁকে কতটা বিব্রত করে? অর্থাৎ, এক মহিলা ক্যাব ড্রাইভার দিনে ১২-১৩ ঘণ্টা একনাগাড়ে গাড়ি চালালেও ওয়াশরুম ঠিক কোথায় কোথায় খুঁজে পান? টুম্পা বিশ্বাস (নাম পরিবর্তিত) জানান, পেট্রোল পাম্পে শৌচাগার আছে বটে, কিন্তু বেশিরভাগ সময় সেখানে তালা ঝোলানো থাকে, বারবার চাবি চাওয়াটা লজ্জার! সাধারণ পুরুষ ক্যাবচালকদের ক্ষেত্রে যে বিষয়টা কোনও গুরুত্বই পায় না, তা নিয়ে আলাদা করে ভাবতে হয় মহিলা ড্রাইভারদের। কিছু নামীদামি কোম্পানি আজকাল মহিলাদের জন্য ‘ইউরিনেশন ডিভাইস’ বাজারে এনেছে। পুরুষের মতোই স্বচ্ছন্দে দাঁড়িয়ে সেটি ব্যবহার করা যাবে, শৌচাগার না-থাকলেও অসুবিধা নেই। কিন্তু এমন সমস্ত নিত্যনতুন সরঞ্জাম দেখে প্রশ্ন জাগে, পুরুষের ক্ষেত্রে প্রকাশ্যে যা করা সম্ভব, পুরুষের শরীর নিয়ে যে ধরনের ট্যাবু সমাজে প্রচলিত, তা নারীশরীরের থেকে নিশ্চয়ই আলাদা! মেয়েদের ঋতুস্রাব থেকে গর্ভাবস্থায় যে ধরনের শুচিতা বা বিধিনিষেধ সমাজে প্রচলিত, সেগুলি অতিক্রম করে ‘ফিমেল ইউরিনেশন ডিভাইসের’ ব্যাপক প্রচলন ঘটবে– এমনটা ভাবা দুষ্কর! প্রশ্ন থেকে যায় দাম নিয়েও, স্যানিটারি ন্যাপকিন থেকে স্প্রে– সবকিছুতেই সম্ভবত লাগু হয় ‘পিংক ট্যাক্স’। মধ্যবিত্ত বাঙালি মেয়েরাও যে এগুলি ব্যবহার করেন তা নয়, সেখানে নিম্নবিত্ত নারীদের ক্ষেত্রে তা আরওই নাগালের বাইরে।

zoom

আসলে কর্মক্ষেত্রের নিয়ম-কানুন, রাস্তাঘাটের আদবকায়দা– সবই গড়ে উঠেছে পুরুষের দরকার অনুযায়ী। তাঁদের আদৌ শৌচাগার লাগে না! স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন দরকার হয় না, লাগে না পিরিয়ড লিভ, বাচ্চাদের ক্রেশ বা স্তন্যদুগ্ধ পান করানোর জায়গা। মেয়েরা কর্মক্ষেত্রে যোগদান করলেও, রাস্তাঘাটে তাঁদের উপস্থিতি প্রভূত পরিমাণে বাড়লেও, এই প্রত্যেকটি জিনিসকে ‘বাড়তি চাহিদা’ হিসেবে দেখানো হয়। মেয়েদের শরীর, ঋতুস্রাব বা গর্ভাবস্থা অনুযায়ী কর্মক্ষেত্রের নিয়মাবলি পাল্টানো যায় না, কারণ স্ট্যান্ডার্ড বা প্রমিতকরণ আগেই হয়ে গিয়েছে পুরুষের শরীরের কথা ভেবে। শুধু শরীর বা বায়োলজি নয়, সামাজিক নীতি বা মূল্যবোধও যুক্ত হয় শরীরকে কেন্দ্র করে।

আসলে সংসদে আসন সংরক্ষণ, কাজে মেয়েদের সমান পারিশ্রমিক, কিংবা আরও নানা লিঙ্গসাম্যের কথার আগে প্রাথমিকভাবে যেটা জরুরি হয়ে পড়ে, তা হল রাস্তার অধিকার নিয়ে কথা বলা। রাস্তা কারও একার নয়, রাস্তার অধিকার প্রমিতার মতো গিগশ্রমিক বা টুম্পার মতো ক্যাবচালকেরও, তাই পরিচ্ছন্ন শৌচাগার কোনও চ্যারিটি বা এনজিও-র দাক্ষিণ্য নয়, বরং মৌলিক অধিকার– সে কথাই আজ বারবার বলা প্রয়োজন।

Gender Equality gender inequality gender right Ladies toilet Public Toilet Sangbad Pratidin Sangbad Pratidin Robbar toilet Women Empowerment

Share this article on