Beyond Translation: The Art of Living a Translation। Robbar
Robbar
  • ১১ অগ্রহায়ণ ১৪৩৩
  • শনিবার
  • ২৮ নভেম্বর ২০২৬

শুধু অনুবাদ নয়, অনুবাদ-যাপন

বুদ্ধদেব বসু থেকে শক্তি চট্টোপাধ্যায়, কী ভাবতেন তাঁরা অনুবাদ নিয়ে, অনুবাদের ধরনটাই বা কী গোত্রের? আজকের অনুবাদ কি বুদ্ধদেব-শক্তির অনুবাদের থেকে আলাদা হয়ে গিয়েছে? 

শেষ আপডেট: নভেম্বর ২৮, ২০২৬, ১৬:১১   
Facebook WhatsApp Messenger

কাজটা বু.ব. শুরু করেছিলেন নিজের মতো করে। অন্য ভাষার কবিতার মেজাজ রূপান্তরিত হত তাঁর বাংলা অনুবাদে। কালিদাস কিংবা শার্ল বোদলেয়ার– বাঙালি পাঠকদের কাছে সমেজাজ আপন হয়ে উঠছেন। কলেজ পড়ুয়া বাঙালি যুবক-যুবতী বুদ্ধদেব বসুর অনুবাদ হাতে নিলে বুঝতে পারত তিনি কবিতার মেজাজকে রূপান্তরিত করছেন। সেই মেজাজটাই আসল রাজা। তাঁর অনুবাদক সত্তা যেন মূল ভাষার সঙ্গে সংলাপ চালাচ্ছে, সেই সংলাপ চলছে বলেই বাংলা রূপান্তর মূলানুগের চাইতেও বেশি।

zoom

যেভাবে তিনি ফরাসি বা সংস্কৃতভাষী সভ্যতার সাংস্কৃতিক মেজাজ বুঝতে পারছেন তাই শরীর দিচ্ছেন অনুবাদের মধ্যে। সংলাপ নয়, বরং বলা যাক কালিদাসের কালের সঙ্গে বোদলেয়ারের ফ্রান্সের সঙ্গে তিনি আড্ডা মারছেন। এই আড্ডা লিবারেল বাঙালি বুর্জোয়ার দিন-যাপনের চালচিত্র। রবীন্দ্রনাথ-লোকেন পালিতদের জগৎ থেকে বুদ্ধদেব খানিক দূরবর্তী। ঢাকা থেকে কলকাতায় এসে যে যৌবন তাঁকে যাপন করতে হচ্ছে তার মধ্যে অর্থনৈতিক লড়াই ছিল। সেই লড়াইয়ের বাস্তবতা থেকে মন তুলে নেওয়ার জন্য ছিল সাহিত্য। বাস্তবের লড়াই সাহিত্যে ডুবে থেকে খানিক ভুলে থাকতেন যুবক বুদ্ধদেব। আর তাই হয়তো কালিদাস অথবা বোদলেয়রকে অনুবাদে মূলানুগের থেকেও নিজেকে সেই মেজাজের অনুবর্তী করতে তৎপর। এ যেন অনুবাদ মাত্র নয়, অনুবাদ-যাপন। এই যাপনে মূল থেকে কখনও সরে এসে নিজের যাপনের অনুকূলে অনুবাদে মূল কবিতা পুনরায় নির্মিত। রক্ষণশীল অনুবাদ তাত্ত্বিকরা বুদ্ধদেবকে তুলোধনা করবেন। আর কবিতার মেজাজি-পাঠক বুদ্ধদেবের অনুবাদে বুদ্ধদেবকে খুঁজবেন। কীভাবে তিনি গায়ে নিচ্ছেন কালিদাসের কাল কিংবা বোদলেয়রের ফ্রান্স, সেই গায়ে নেওয়ার জন্য কোথাও কোথাও মূল থেকে বিচ্যুত। তবে সঙ্গে থাকছে দু’টি বইতেই গভীর অনুভবী সরস সাংস্কৃতিক টীকা।

zoom

শক্তি-সুনীল কবিতা অনুবাদে অনেকটাই বুদ্ধদেব পন্থী। সুনীলের অন্যদেশের কবিতায় কবি-কবিতা সম্বন্ধে, কাব্য আন্দোলন সম্বন্ধে নানা খবরা-খবর ছিল। তবে বুদ্ধদেব বসুর টীকার তুলনায় সুনীলের সেইসব ধারে-ভারে তত কিছু নয়। তবে পড়তে ভালো লাগে, তরুণ-তরুণী, যুবক-যুবতী– যাঁরা মূলত বাংলা ভাষা নির্ভর তাঁরা সুনীলের ‘অন্য দেশের কবিতা’ পড়ে বেশ সুখ পাবেন। অন্তত বেশ মনে পড়ে আনন্দ-সংস্করণের আগে ‘অন্য দেশের কবিতা’-র পুরনো একটি সংস্করণ, সম্ভবত বিশ্ববাণী, ইশকুলের ওপরের ক্লাসে পড়ে মজে গিয়েছিলাম। শক্তি-সুনীল যা টীকা যোগ করতেন, অতটাও করতেন না। তবে শক্তির অনুবাদ পদ্য সম্পর্কে মীনাক্ষী চট্টোপাধ্যায় যা লিখেছেন তা এক্কেবারে হক কথা। ‘অনুবাদ কবিতাকে কবিতা’ তৈরি করার কঠিন কাজে শক্তির উবুশ্রান্ত প্রয়াস। মনে রাখতে হবে, শক্তি বুদ্ধদেব বসু আর সুধীন্দ্রনাথ দত্তর ছাত্র, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তুলনামূলক সাহিত্য বিভাগে। সুধীন্দ্রনাথের থেকে বুদ্ধদেবই তাঁদের মনের নিকটবর্তী।

zoom

শক্তিও তাই অনুবাদ কবিতার মধ্যে মেজাজে-মেজাজ মিলিয়ে নিজেকে ঢুকিয়ে ফেলতেন কবিতার মধ্যে। তাতে অনুবাদ কবিতার রূপ-রং খুলে যেত। বাংলা ভাষায় তিনি ওমর খৈয়ামের রুবাই অনুবাদ করেছিলেন। এই প্রচেষ্টা শক্তির আগেও হয়েছে। কান্তিচন্দ্র ঘোষের অনুবাদে ওমর বাঙালির কাছে যথেষ্ট জনপ্রিয়। একসময় বাঙালির বিয়ের বই উপহারে ওমর খৈয়াম বেশ জনপ্রিয় ছিল। কান্তিচন্দ্রের বইয়ের ভূমিকা লিখেছিলেন প্রমথ চৌধুরী। সে বইয়ের গোড়ায় ছিল রবীন্দ্রনাথের প্রশস্তিপত্র। কান্তিচন্দ্র ঘোষের বইয়ের প্রকাশক ‘কমলা বুক ডিপো’। সে বই সচিত্র সংস্করণ। বেশিরভাগ ছবি এঁকেছিলেন মনীষী দে। বাকি ছবি এঁকেছিলেন সিদ্ধেশ্বর মিত্র, চঞ্চলকুমার বন্দ্যোপাধ্যায়, বসন্তকুমার গঙ্গোপাধ্যায়। ‘বিচিত্রা’ পত্রিকার সম্পাদক উপেন্দ্রনাথ গঙ্গোপাধ্যায়ের বিশেষ ভূমিকা ছিল। রবীন্দ্রনাথ চিঠিতে লিখেছিলেন, ‘কবিতা লাজুক বধূর মত এক ভাষার অন্তঃপুর থেকে অন্য ভাষার অন্তঃপুরে আস্‌তে গেলে আড়ষ্ট হয়ে যায়। তোমার তর্জ্জমায় তুমি তার লজ্জা ভেঙ্গেচ, তার ঘোমটার ভিতর থেকে হাসি দেখা যাচ্চে।’ এছাড়া নজরুলের করা অনুবাদ ছিল, নরেন্দ্র দেব করেছিলেন। নজরুলের অনুবাদের সঙ্গে খালেদ চৌধুরীর আঁকা রঙিন ছবি দিয়ে বই প্রকাশ পেয়েছিল।

zoom

শক্তির বইটি প্রকাশ করেছিল বিশ্ববাণী। চিত্রী অমর পাল। অনুবাদের কাজে শক্তি খুবই শ্রম করেছিলেন। ‘পারস্যভাষানবিশ’-এর সাহচর্য পেয়েছিলেন। বাংলা ভাষায় ওমর খৈয়ামের অনুবাদকদের নিয়ে পড়াশোনা করেছিলেন। ‘বঙ্গীয় সাহিত্য পরিষদ’-এ গিয়ে শক্তি ওমর খৈয়ামের খোঁজে ক্যাটালগ বই দেখছেন। ভূমিকায় লিখছেন, ‘বাংলা ভাষায় আবহমান কাল ধরে ওমরের কবিতা অনূদিত হয়ে আসছে। কম করেও পঞ্চাশ জন তাঁর কবিতা-অনুবাদ গ্রন্থাকারে প্রকাশিত করেছেন। প্রিয় পরিচিত অনুবাদের মধ্যে কান্তি ঘোষ, নজরুল ইসলাম বা নরেন্দ্র দেবের কথাই সাধারণ্য জানে, তাঁদের সৃষ্টি সরিয়ে রাখলে, বাকি অধিকাংশের অনুবাদকর্মও নেহাত ফেলনা নয়।’

zoom

শক্তির অধিকাংশ ওমর অনুবাদ প্রকাশ পেয়েছিল ‘সখীসংবাদ’ পত্রিকায়।

শক্তি তাঁর অনুবাদে ওমরের কবিতায় তাঁর সখীকে ঢুকিয়ে দিলেন।

‘যৎসামান্য শুকনো রুটি, পাত্রভরা প্রাণমদিরা
পদ্যমাখা পুস্তিকাটির সঙ্গে তুমি সই রুচিরা
আর কী থাকে জবরদস্ত; কুঞ্জবনে মত্ত হাতির?
এই বিজনের গান করেছে স্বর্গ– মিছে দিবসরাতির।’

এই হল মেজাজ। খৈয়াম শক্তি একাকার। কালিদাসের অনুবাদ করতে গিয়ে সোজাসাপটা লিখলেন, ‘আক্ষরিক অনুবাদ আমার কর্ম না। মূল মেঘদূত ভাব অবলম্বন করে স্বতন্ত্র একধরনের রচনামাত্র। পদ্যানুবাদে কালিদাসস্য কাব্যভাব ও কাব্যভঙ্গি– যথাযথ প্রকাশ করা আমার পক্ষে একেবারেই অসম্ভব। আমি যা করতে চেয়েছি তা হল আধুনিক কাব্যপাঠককে কালিদাসের মঞ্চস্থাপত্যের সামনে দাঁড় করিয়ে দিতে– তাঁদের পরিচিত এবং স্পর্শগ্রাহ্য বাংলাভাষার মাধ্যমে।’

স্পর্শগ্রাহ্য ভাষা। কানে শুনে, চোখ দিয়ে পড়ে ছুঁতে পারা চাই।
আমার অনুমান, ও মেঘ প্রিয়সখা, যদিও দ্রুতগতি মনোভাব
তবুও কাল যাবে, পাহাড়ে― পথে পাবে বনজকুসুমের গন্ধ
এবং জলভার নয়নে ময়ূরের, তোমায় বাধা দেবে আর্তি
তবুও ত্বরা করো আমার অনুরোধ যতটা দ্রুত যাওয়া সম্ভব।

বনজকুসুম, পাহাড়, ময়ূর এইসব শক্তির কৃত্তিবাসের অরণ্যযাপনের অংশ। কবিতার কাছেই যাওয়াটা উদ্দেশ্য। সেই তাদের উত্তর মেঘ। তবু পূর্বমেঘ ছিল। কবিতার আগে এতোল-বেতোল করতে করতে পূর্ব মেঘ ডিঙিয়ে উত্তর মেঘে প্রবেশ করছেন শক্তি। বাংলার পদ্যরাজ শক্তি চট্টোপাধ্যায়।

zoom
শক্তি চট্টোপাধ্যায়

আজকাল মাঝে মাঝে মনে হয় এই যে, বাংলা কবিতার জগতে মেজাজের স্থানান্তর ও রূপান্তর ঘটানো, অন্যভাষাকে নিজের ভাষায় জারিয়ে নেওয়ার তীব্র বাসনা আর প্রত্যয়, সনাতনকে নিত্যনূতন করেও পুরনো মেজাজটুকু গিলে খাওয়ার উদার বাঙালিয়ানা তা কি কোথাও টলে যাচ্ছে!

শক্তির কণ্ঠে গালিব বলছেন, ‘তোমার দ্বারী আমার প্রতি দুর্ব্যবহার করুক যতো/ আমি শুধুই হাসবো, কারণ ও আমার পুরনো মিতে।’ দ্বারীরা হাঁকছে সাবধান, সাবধান! মেনে চলো পদে-পদে অনুবাদের কাঠামো। বলছে বলো তন্ত্র-মন্ত্র যেমনটি ঠিক তেমনটি। গালিব-শক্তি হাসছে। ‘কল্পনার এই খুশির তাপে গেয়ে চলেছি গান/ যে-কাননের আমি পাখি, অজাত আজো সেই বাগান।’

…………………………………………………

কলামের অন্যান্য পর্বের জন্য ক্লিক করুন: সিরিয়াসলি নেবেন না  

Buddhadeb basu Sangbad Pratidin Sangbad Pratidin Robbar shakti chattopadhya Sudhindranath Dutta traslation

Share this article on