


রাধা বে’ন এসেছেন ‘গান্ধী শান্তি প্রতিষ্ঠান’ থেকে। কৌশানীর আশ্রমেই থাকেন বেশিরভাগ সময়ে। সেই যে চলে গিয়েছিলেন মীরা বে’নের কাছে। মাদেলিন স্লাডে নামে সেই বিদেশিনী গান্ধিজির কাছেই এসেছিলেন তাঁর কাজে অংশ নেবেন বলে। বলেছিলেন হিমালয়ে গিয়ে নির্জনে থাকতে চান তিনি। গান্ধী তাঁকে কৌশানী যেতে বলেন। সেখানে গিয়ে গ্রামের মেয়েদের শিক্ষা ও সুস্থ থাকার নিয়ম শেখাতে। সেখানেই গিয়েছিলেন রাধা।
২১.
রাধা ভট গাড়োয়ালের মেয়ে। তার বাবা আর্মিতে অফিসার ছিলেন।
ছোট্ট রাধা নিজের ছোট ছোট দাদাদের দেখত ফিটফাট পোশাক পরে, দুধ-নাশতা খেয়ে স্কুল যেতে। তখন তার বয়স হয়তো পাঁচ। বাবার দুলালি কান্না জুড়ে দিল, সে-ও ইশকুল যাবে দাদাদের মতো। মা রাগ করেন আজব কথা শুনে। তাতে কান্না বেড়ে যায়। বাবা সান্ত্বনা দেন, ‘এখন তো তুমি বড্ড ছোট, একটু বড় হও তখন দেখা যাবে।’ ‘তাহলে বাড়িতে ইশকুল বানিয়ে দিন, পড়াশোনা করব।’ এবারে অস্ত্র মাটিতে গড়াগড়ি করে কান্না। শেষ পর্যন্ত ঠিক হল, ‘আহা পড়তেই তো চাইছে, কিছু দোষ তো করেনি। পড়ুক না বাড়িতে পণ্ডিতজির কাছে।’ মা বললেন, ওইখান থেকেই বিপদ ঢোকে। ‘পড়াশোনা ছেলেদের কাজ। মেয়ের হাতে বই– কে কবে শুনেছে!’ কাজেই পড়াতে আসা পণ্ডিতজিকে মা বলে দিলেন, ‘ওকে আচ্ছা করে শাস্তি দেবেন, যেন এইসব ভূত মাথা থেকে নেমে যায়। মেয়েরা পড়লে সংসারে অশান্তি হয়। কোন বাড়ি যাবে, সেখানে লোকে মা-বাপকে গালি দেবে না?’ মতের সমর্থনেই হোক বা মনিবানিকে সন্তুষ্ট করতে শাস্তি দিতেন পণ্ডিতজি। কঠিন পড়া দিতেন। অঙ্ক করাতেন। না-পারলে কাঁকর দিয়ে টিপে দিতেন কচি কানের লতি! সেই ব্যথা লাগার কষ্ট, ভয়, মনে ছিল ৮০ বছরেও। নর্মদা নদীর কিনারে বসে যখন আমাকে বলছিলেন। কিন্তু গালের ওপর দিয়ে চোখের জল গড়িয়ে পড়লেও মেয়েটির জেদ কমেনি। কাঁদতে কাঁদতেও স্লেট ধরে রাখত, ‘পড়ুঙ্গি’ বলে। কিছুদিন পর যখন বাবার বদলি হল এলাহাবাদ বা অন্য কোথাও, যাওয়ার আগে সেই পণ্ডিতজি বাবাকে হাতজোড় করে অনুরোধ করে গেলেন ওই বাচ্চিকে পড়ানোর জন্য। ‘উনকি দিমাগ তেজ হ্যায় অউর বহুত লগন ভি হ্যয়।’

সেই কারণে হোক বা নতুন জায়গায় ততদিনে মেয়েদের স্কুল যাওয়া প্রচলিত হয়েছে বলেই হোক, স্কুলে যাওয়ার মতো আশ্চর্য ঘটনা ঘটল ছোট্ট রাধার জীবনে। সেই স্কুল পাশও করে গেল যখন উল্লেখযোগ্য ভালো রেজাল্ট নিয়ে, সেই আনন্দে মুখ উজ্জ্বলও হল মা-বাবার। সম্মান বাড়ল পরিচিত অভিজাত সমাজে। বাবা বললেন, ‘এবারে তো বিয়ের ব্যবস্থা দেখতেই হয়। তুমি যা চেয়েছিলে তার সবই তো হল।’ বিস্ময়ের ওপরে বিস্ময়– মেয়ে বলল, বিয়ে করবে না সে। ‘বিয়ে করবে না? কী করবে তবে?’ জওহরলাল নেহরুর শহরের মেয়ে উত্তর দিল, ‘স্বদেশি করুঙ্গি। দেশ অভিতক গুলাম হ্যয়, অউর আপ বেটি কি শাদি কি সোচ রহেঁ হ্যয়!’
স্বদেশি! এটা কী বস্তু! কী ক’রে করে? ট্রেনিং হয় কোথায়? সেই সময়ে সমাজের উঁচুতলার কিছু বান্ধব পরামর্শ দিলেন, কৌশানীতে মীরা বে’ন বলে এক মেমসাহেব ‘লক্ষ্মী আশ্রম’ শুরু করেছেন। ওইখানে ট্রেনিং হয়। যাক না কিছুদিন–
মধ্যপ্রদেশের নর্মদা কিনারে সেই ছোট গ্রামে সূর্যাস্ত দেখতে দেখতে ছোট দু’টি ক্যাম্প চেয়ারে বসে ছিলাম আমরা। কে জানে কোন মায়া সেই অশীতিপর মানবীটিকে দিয়ে তাঁর নিজের কথা বলিয়ে নিচ্ছিল, স্বল্প-পরিচিত অন্য ভাষাভাষী একজনের কাছে। আমাদের আশপাশে ইতস্তত বালিতে বসে, দাঁড়িয়ে কথা বলছিল নদী শিবিরে যোগ দিতে আসা অন্যেরা। এক জায়গায় জড়ো হয়ে যে কোনও আলোচনা করার ক্যাম্পকে এঁরা ‘শিবির’ বলেন। ভারতের নানা জায়গা থেকে নদীকর্মীরা জড়ো হয়েছিলেন হোশেঙ্গাবাদের কাছে নর্মদা নদীর একটা বড় চরের ওপরে তাঁবু খাটিয়ে। স্থানীয় বন্ধু-সাথীও এসেছিলেন বেশ কয়েকজন। দেখলাম, ওঁরা নদীকে নাম ধরে উল্লেখ করেন না। নর্মদা নয়, বলেন ‘নর্মদাঈ’। মা নর্মদা। রাধা বে’ন এসেছেন ‘গান্ধী শান্তি প্রতিষ্ঠান’ থেকে।

কৌশানীর আশ্রমেই থাকেন বেশিরভাগ সময়ে। সেই যে চলে গিয়েছিলেন মীরা বে’নের কাছে। মাদেলিন স্লাডে নামে সেই বিদেশিনী গান্ধীজির কাছেই এসেছিলেন তাঁর কাজে অংশ নেবেন বলে। বলেছিলেন হিমালয়ে গিয়ে নির্জনে থাকতে চান তিনি। গান্ধী তাঁকে কৌশানী যেতে বলেন। সেখানে গিয়ে গ্রামের মেয়েদের শিক্ষা ও সুস্থ থাকার নিয়ম শেখাতে। সেখানেই গিয়েছিলেন রাধা। সেই যাওয়ার আয়োজন হতে হতেই স্বাধীন হয়েছিল দেশ আর মাত্র পাঁচমাস পরে ঘর থেকে কথা বলতে বলতে বেরিয়ে প্রার্থনাসভার দিকে হেঁটে আসতে গিয়ে আচমকা মাটিতে লুটিয়ে পড়েছিলেন ৮০ বছরের বৃদ্ধ। তারপর থেকে কিছুই আর থাকল না আগের মতো। নিজের সংসারের কথা ভাবার প্রশ্নই উঠল না কোনও। দিন কাটতে লাগল গাড়োয়ালী গ্রামের মেয়েদের মধ্যে শান্তি সত্য আর অহিংসার চর্চা করে। ছোটদের শিক্ষার ব্যবস্থায়। মীরা বে’ন চলে যাওয়ার পর কখন ধীরে ধীরে দূর শান্ত কৌশানী গ্রামের আশ্রয়ই যেন পাকাপাকি হয়ে গেল। যে কয়েকজন মানুষ আক্ষরিকভাবে নিজেদের জীবন দিয়ে গান্ধীর সত্য অহিংসার কাজ পরীক্ষা করেছেন, তার মধ্যে রাধা বে’নের নামও জানলেন মূল গান্ধী নিধির সংগঠকেরা। আরও পড়া, আরও কাজ। কখন চুল সাদা হয়ে গেল, শরীর হালকা। কখন আরও কমজোর হয়ে উঠল গলার স্বর, যেন পাহাড়ে ঝরে পড়া পাতার আওয়াজ।

এক অন্য সৌন্দর্যে ভরপুর অস্তিত্ব। দিল্লিতেও এখন আর আসেন না বিশেষ। শীতের সময় অন্যরা নামিয়ে নেন আলমোড়ায়। ওই পর্যন্ত। কৌশানীতেই থাকেন একটা প্রাচীন ফুলগাছ কিংবা ডুমুর গাছের মতো। এই তো সবে জানলাম এক ১৯ বছুরে মার্কিন কিশোরের লেখায়, ডুমুরগাছের স্তরে স্তরে বিন্যস্ত জীবনবৃত্তান্ত। বুঝলাম কেন যে পথশ্রান্ত রোহিতাশ্বকে স্বাদুজলের সঙ্গে স্বাদু উদুম্বরমের লোভ দেখাচ্ছিলেন ঋষি। সেই প্রকাশ্য ফুল না-ফুটিয়েও কত প্রাণকে লালন করে ডুমুরের ফল। সেসব ছড়িয়ে দেয় অরণ্যময়। কিছু কিছু মানুষের মতো।
ভালো থাকুন রাধা বে’ন। আরও কিছুদিন পৃথিবী থাকুক আপনার ছায়ায়।
……………………
পড়ুন ধুলোমাটির মুখ-এর অন্যান্য লেখা
……………………
A Unit of: Sangbad Pratidin Digital Private Limited. All rights reserved