


আজ শক্তি চট্টোপাধ্যায়ের জন্মদিন। সংসারে সন্ন্যাসী লোকটা আজীবন কাটালেন কবিতামত্ত হয়ে। তাঁর প্রয়াণ পরবর্তী লেখায় শঙ্খ ঘোষ তাঁকে চিহ্নিত করেছিলেন, ‘এই শহরের রাখাল’। গ্রাম থেকে কলকাতা, কবিতা, কোহলে, কোলাহলে এসে পড়েছিলেন শক্তি। অনুপস্থিতির ৩০ বছর পরেও, বাঙালির শক্তি আছে। আ-শক্তিও।
প্রচ্ছদের স্কেচ: যোগেন চৌধুরী
শক্তি চট্টোপাধ্যায়ের কবিতা স্কুলজীবন থেকেই পড়ি। কিন্তু তাঁকে প্রথম দেখি বিশ্ববিদ্যালয়ে পড়ার সময়ে। তবে বিশ্ববিদ্যালয় চত্বরে নয়, কলেজ স্ট্রিটে ‘পরিচয়’ পত্রিকার দপ্তরে। ততদিনে কয়েকটি গল্প লিখে ফেলেছি, আর সেই সূত্রেই ‘পরিচয়’ পত্রিকায় যাতায়াত। একদিন সন্ধের কথা। তখনও পত্রিকার সম্পাদক দেবেশ রায় বা বড়রা কেউ আসেননি। আমরা জনাতিনেক অর্বাচীন উঠতি লেখক বসে গল্প করছি। হঠাৎ দোতলার ঘরে ‘মারব, মারব’ বলে শক্তি চট্টোপাধ্যায় ঝড়ের মতো ঢুকে পড়লেন! হকচকিয়ে উঠে দাঁড়িয়েছি। শক্তি ঘরের চারপাশ একবার চোখ বুলিয়ে বললেন, ‘অমিতাভ কোথায়?’ বুঝলাম, কবি ও বন্ধু অমিতাভ দাশগুপ্তকে মারতে এসেছেন। বললাম, ‘অমিতাভদা এখনও আসেননি। আসবেন কি না তাও জানি না।’
আমাকে জিজ্ঞেস করলেন, ‘তুমি কে?’ বললাম, ‘কলকাতা ইউনিভার্সিটিতে পড়ি। গল্প জমা দিতে এসেছি।’ হঠাৎ দেখি গলার স্বর বেশ কিছুটা নেমে গেল। গল্প লিখি শুনে খুশি হয়ে কাঁধে হাত রেখে বললেন, ‘থাকো কোথায়?’ বললাম, ‘শ্যামবাজারে দেশবন্ধু পার্কের কাছে।’ শুনে জড়িয়ে ধরে বললেন, ‘দেশবন্ধু পার্কে কত সময় যে কাটিয়েছি! তুমি আমার পাড়ার ছেলে।’ শক্তি একসময় বাগবাজার অঞ্চলে থাকতেন। আর সেখান থেকে দেশবন্ধু পার্কে প্রায়ই আসতেন। আমার মেজ জেঠামশাইয়ের বাড়ি ফড়েপুকুরের কাছে, যদু মিত্র লেনে। জেঠতুতো দাদারা দেশবন্ধু পার্কে খেলতে যেতেন। শক্তি চট্টোপাধ্যায় ও তাঁর দলের বন্ধুদের সঙ্গে আলাপ ছিল। তাছাড়া কাছাকাছি স্কুলে পড়তেন বলে নানা সময়ে দেখা হত। কলকাতা তখনও অক্টোপাসের মতো ছড়িয়ে পড়েনি, জনসমুদ্রে জোয়ারও আসেনি। ফলে পাড়া-কালচার ছিল, আর ফাঁকা ফুটপাথ ধরে সারা উত্তর কলকাতার বন্ধু-বান্ধবদের বাড়ি যাতায়াত ছিল। আমি নিজেও ফড়েপুকুর থেকে হাঁটতে হাঁটতে পাঁচমাথার মোড় পেরিয়ে বাগবাজারে চপ খেতে গিয়েছি। ফলে আমি শক্তিদার পাড়ারই ছেলে।

তারপর তাঁকে মাঝেমধ্যেই দেখেছি কোনও অনুষ্ঠান বা বইমেলার মতো জায়গায়। কথাবার্তাও টুকটাক হয়েছে। তবে সত্যিকারের যে দেখা হওয়া, তা একেবারে অভাবিত এক জায়গায়। ফৌজদারি আদালতে– চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট যেখানে মামলা শোনেন, সেখানে! মামলা হয়েছিল একটি লেখাকে কেন্দ্র করে। অমরেশ দত্ত সম্পাদিত ‘এনসাইক্লোপিডিয়া অব ইন্ডিয়ান লিটারেচার’ বইটির একটি খণ্ডে শক্তি চট্টোপাধ্যায়ের উপর একটি লেখা ছিল, যা তাঁর পছন্দ হয়নি। লেখাটি লিখেছিলেন উজ্জ্বলকুমার মজুমদার। এমনিতে লেখাটির মধ্যে শক্তি চট্টোপাধ্যায়ের বিষয়ে নানা তথ্য ছিল। কবি হিসেবে বিশিষ্টতার দিকটি গুরুত্বের সঙ্গে আলোচনাও করা হয়েছিল। কিন্তু একটি বাক্য তাঁর ভালো লাগেনি। সেটি হল, বিটনিকদের সঙ্গে শক্তি চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠতার প্রসঙ্গ টেনে ওঁর বোহেমিয়ান জীবনযাপন, ড্রাগ নেওয়া ইত্যাদির কথা। আদালতে শক্তি চট্টোপাধ্যায় যে সামান্য কিছু কথা বিচারকের উদ্দেশে বলেছিলেন, তাতে ওই প্রসঙ্গটি তুলেছিলেন। তিনি কী লিখেছেন বা লিখে থাকেন– সে নিয়েও বলেছিলেন।
তারপরের ঘটনাটি আমার বেশ মনে আছে। মাননীয় বিচারপতি শক্তি চট্টোপাধ্যায়ের দিকে তাকিয়ে বললেন যে, তাঁর লেখা পাঠকরা অন্তর থেকে গ্রহণ করেছে। তারপর বিচারপতি স্মৃতি থেকে একটি কবিতা আবৃত্তি করে শোনালেন। বেশ অবাক হয়েছিলাম, কারণ সিনেমা বা থিয়েটারেও বিচারক কখনও আদালতের চেয়ার থেকে কবিতা আবৃত্তি করছেন– এমন দৃশ্য দেখিনি। খবরের কাগজে পড়েছি, শেক্সপিয়রের কোনও নাটক বা রবীন্দ্রনাথের লেখা থেকে একটি বা দু’টি বাক্য বিচারক উল্লেখ করেছেন। আমার স্মৃতিবিভ্রাট না ঘটলে, বিচারপতি সেদিন ‘যখন বৃষ্টি নামল’ কবিতাটি আবৃত্তি করেছিলেন।
বুকের মধ্যে বৃষ্টি নামে, নৌকা টলোমলো
কূল ছেড়ে আজ অকূলে যাই এমনও সম্বল
নেই নিকটে– হয়তো ছিলো বৃষ্টি আসার আগে
চলচ্ছক্তিহীন হয়েছি, তাই কি মনে জাগে
পোড়োবাড়ির স্মৃতি? আমার স্বপ্নে-মেশা দিনও?
চলচ্ছক্তিহীন হয়েছি, চলচ্ছক্তিহীন।
বৃষ্টি নামলো যখন আমি উঠোন-পানে একা
দৌড়ে গিয়ে ভেবেছিলাম তোমার পাবো দেখা
হয়তো মেঘে-বৃষ্টিতে বা শিউলিগাছের তলে
আজানুকেশ ভিজিয়ে নিচ্ছো আকাশ-ছেঁচা জলে
কিন্তু তুমি নেই বাহিরে– অন্তরে মেঘ করে
ভারি ব্যাপক বৃষ্টি আমার বুকের মধ্যে ঝরে!
প্রায় এক বছর চলার পর সেদিনই দু’পক্ষের সম্মতিতে মামলা উঠে গেল। শক্তিদা আদালতের বাইরে এসে বললেন, ‘তাহলে সব কিছু মিটে গেল।’ আমি তাড়াতাড়ি সরে গেলাম। অস্বস্তি থেকে বেঁচে গেলাম, বলা ভালো।

অধ্যাপক সব্যসাচী ভট্টাচার্য গত শতকের নয়ের দশকের প্রথম দিকে বিশ্বভারতীর উপাচার্য হিসেবে যোগ দেন। তিনি ঐতিহাসিক হিসেবে বিখ্যাত হলেও, সাহিত্যে তাঁর বিস্তৃত পড়াশোনা ছিল। তাঁর আমন্ত্রণে শক্তি চট্টোপাধ্যায় বিশ্বভারতীতে অধ্যাপক হিসেবে যোগ দিয়েছিলেন। এটা তাঁর জীবনে নতুন একটা পর্যায় বলা যায়, কারণ রামকিঙ্কর-সহ বিশিষ্ট কিছু শিল্পী তখন শান্তিনিকেতনে বসবাস করছেন। বিশিষ্ট কিছু সংগীত-শিল্পীও ছিলেন। সেইসঙ্গে ছাত্রছাত্রীরা। তাছাড়া বীরভূমের মাটি, গাছপালা, নদীর প্রতিও তাঁর আকর্ষণ ছিল। সাতের দশকে জেলার পুলিশ-কর্তা আয়ান রশিদ খানের সঙ্গে যৌথভাবে এই বীরভূমে বসেই মির্জা গালিবের কবিতা অনুবাদ করেছিলেন। নয়ের দশকের শুরু থেকে শক্তি চট্টোপাধ্যায়ের কিছু শারীরিক সমস্যা এসে গিয়েছিল, আর বেশ একটা ক্লান্তিও ভিতরে কাজ করছিল।
১৯৯৪ সালে শক্তিদা ত্রিপুরার আগরতলায় যান। সাহিত্যসভার পাশাপাশি, খাদ্য-পানীয়ের অঢেল ব্যবস্থা ছিল। সেখানে শক্তিদার সঙ্গে দেখা করতে যান সত্যেন বন্দ্যোপাধ্যায় ও মীনাক্ষী সেন। সত্যেন হচ্ছেন কবি ও অনুবাদক মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়ের ভাই। বুদ্ধদেব বসুর একটি কাজকে সমর্থন করতে না পেরে মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায় যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপনার চাকরি ছেড়ে হিজলি স্কুলে শিক্ষক হিসেবে যোগ দেন। সেখানে শক্তি চট্টোপাধ্যায় মাঝেমধ্যে যেতেন আর কল্যাণ চৌধুরীর মতো কেউ কেউ সঙ্গে থাকতেন। মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়ের মুখ থেকে একথা আমার শোনা। সত্যেনকে শক্তি চট্টোপাধ্যায় কৈশোর থেকে চিনতেন আর স্নেহও করতেন। সত্যেন ও মীনাক্ষীর অনুরোধে, শক্তি এককথায় তাঁদের বাড়িতে চলে যান। আর সেখানে গিয়ে বলেন যে, তিনি লম্বা ঘুমতে চান। সত্যিই ঘুমিয়েছিলেন। তার কয়েকমাস পরে সে ঘুমই চিরঘুম হয়ে যায়।
স্বাধীনতার পরে কবি, নাট্যকার, মঞ্চের অভিনেতা ও চিত্রশিল্পীদের সঙ্গে সরকার বা পুলিশের সম্পর্ক অধিকাংশ সময়েই বিশেষ সুবিধের ছিল না। বরং জেল-জরিমানা থেকে শুরু করে চড়-থাপ্পড় পর্যন্ত। সুনীল গঙ্গোপাধ্যায়ের ‘অর্ধেক জীবন’ বইটিতে পুলিশের চড় মারার প্রসঙ্গ আছে। তুষার রায় এসব কারণেই লিখেছিলেন, ‘পুলিশ ওরে পুলিশ/ কবিকে দেখে টুপিটা তোর খুলিস।’ শক্তি চট্টোপাধ্যায়ই বোধহয় স্বাধীনতা-উত্তর প্রথম বাঙালি কবি, যাঁর গান স্যালুট মিলেছিল। মৃত্যুর পরের দিন তাঁর দেহ শান্তিনিকেতন থেকে কলকাতায় আনা হয়েছিল। সেদিন বাংলা আকাদেমির সামনে হাজির ছিলাম বলে সবটাই নিজের চোখে দেখেছিলাম। শক্তিদার কবিতার ভক্ত ছিলেন সে সময়ের সংস্কৃতি মন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য; আর গুণগ্রাহী ছিলেন কলকাতার পুলিশ কমিশনার তুষার তালুকদার। ফলে রাষ্ট্রীয় মর্যাদায় শক্তি চট্টোপাধ্যায়ের শেষকৃত্য সম্পন্ন হয়েছিল। তারপর থেকেই এ প্রায় এক প্রথা হয়ে দাঁড়িয়েছিল। কয়েক বছর আগের শোকযাত্রা, তা প্রায় শোভাযাত্রার চেহারা নিয়েছিল। তাছাড়া মৃত লেখকের সঙ্গে যেসব সরকারি কবি-কথাকারেরা রাজপথ জুড়ে হাঁটতে থাকলেন, তাঁদের সঙ্গে ভাব ও ভাবনায় কোনও যোগ ছিল না কোনও দিন। এসব দেখে মনে হয়েছিল, শম্ভু মিত্র ও শঙ্খ ঘোষ চুপচাপ নিজেদের মতো শ্মশানে পৌঁছে গিয়ে বেঁচে গিয়েছেন!
২০০৫ সালে শক্তি চট্টোপাধ্যায়ের উপর সাহিত্য অকাদেমি থেকে ‘মেকার্স অব ইন্ডিয়ান লিটারেচার’ সিরিজে ইংরেজিতে একটি বই প্রকাশিত হয়। বেশ যত্ন করেই সেটি লিখেছিলেন সমীর সেনগুপ্ত। বহড়ু গ্রামের শৈশব, বাগবাজারের জীবন, কলেজ পর্ব, পরবর্তী সময়, হাংরি জেনারেশন, বিয়ে ইত্যাদি ন’টি অধ্যায় ছিল। ভূমিকা, জীবনপঞ্জি এবং পুস্তক তালিকা মিলে ছোট, কিন্তু একটি পূর্ণাঙ্গ বই। ‘কৃত্তিবাস’ পত্রিকা এবং হাংরি আন্দোলনের খবর সেই সময়ে ভারতের নানা অংশের লেখকদের কাছে পৌঁছে গিয়েছিল, কিন্তু শক্তি চট্টোপাধ্যায়কে নিয়ে একটি স্বতন্ত্র ইংরেজি বইয়ের দরকার ছিল। সে অভাব সমীর সেনগুপ্ত পূরণ করেছিলেন।
শরৎকুমার মুখোপাধ্যায় ‘মত্ত অবস্থায় রচিত’ কবিতায় লিখেছিলেন–
রাত বারোটার পর কলকাতা শাসন করে চারজন যুবক
চৌরঙ্গী ভবানীপুর থেকে শ্যামবাজার বদ্বীপ
ঘোড়ার টগবগ শব্দ চাবুকের শিস শুধু যারা নিদ্রারোগী শোনে তারা
রাস্তার কুকুরগুলো জনহীন ট্রামলাইনে অগ্নিকণা দেখে ধন্য হয়।

এই চার যুবকের তিনজন যে শক্তি চট্টোপাধ্যায়, সুনীল গঙ্গোপাধ্যায় ও শরৎকুমার মুখোপাধ্যায় তা অনুমান করা যায়, কিন্তু চতুর্থজন কে, তা ঠিক বোঝা যায় না। হয়তো এই চতুর্থজন বদলে বদলে যেত। আর প্রথম যে তিনজন, তাঁদের মধ্যে সবচেয়ে বেহিসেবি জীবনযাপন করেছেন শক্তি। অন্যভাবে বলা যায়, নিজের শর্তে বেঁচেছেন। বাঙালি কবিদের যে বৌদ্ধিক ভাবমূর্তি এতদিন ছিল, তা শক্তি ও তাঁর বন্ধুরা ভেঙে দিয়েছিলেন। আর শক্তিকে দেখে ছয়ের দশকের বাঙালিরা বুঝেছিল, এভাবেও বাঁচা যায় আর ওইরকম সোনার অক্ষরে লেখাও যায়। তাঁর ঘটানো বা তাঁকে নিয়ে ঘটে যাওয়া ঘটনার পাশাপাশি, কিছু নতুন কাহিনি তৈরি হয়ে গেল। ভালোবাসা থেকে এমন মিথ তৈরি হয়। এমন চরিত্র নিয়েই গল্প, উপন্যাস ও নাটক লেখা হয়।
শক্তি চট্টোপাধ্যায়ের জীবনকেন্দ্রিক একটি নাটক কলকাতায় মঞ্চস্থ হচ্ছে। নাটকটি লিখেছেন উজ্জ্বল চট্টোপাধ্যায়, প্রযোজনা করেছে ‘পূর্ব পশ্চিম নাট্য সংস্থা’। নাটকের নাম ‘আ-শক্তি’, নির্দেশনা দেবাশিসের। মূল চরিত্রে অভিনয় করেছেন দেবশঙ্কর হালদার। ডিসেম্বর মাসে দেখতে যাব বলে ঠিক করেছিলাম, কিন্তু তার আগেই পূর্ব পশ্চিম-এর কর্ণধার সৌমিত্র মিত্রের আমন্ত্রণ পেলাম। গত ১৫ নভেম্বর অ্যাকাডেমিতে নাটকটি দেখতে গিয়েছিলাম। সঙ্গে ছিল আমার বড় মেয়ে অমৃতা। ও নিজেও মঞ্চে অভিনয় করে।
নাটকটিকে তিনটি পর্যায়ে ভেঙেছেন নাট্যকার– একটি ছোটবেলার বহড়ু গ্রাম, কলকাতা এবং বোলপুর পর্ব। গাছের গায়ে বল্কল যেমন তন্ত্রীতে-তন্ত্রীতে জড়িয়ে থাকে তেমন ওই তিনটি জায়গা শক্তি চট্টোপাধ্যায়কে জড়িয়ে ছিল। বহড়ু গ্রামের বাড়ি, কুয়োতলা, ঘর ছেড়ে হেঁটে চলা রাস্তা, পুকুরের পাড়, মাথার উপরে আকাশ– এমন অনেক কিছুই নাটকে ধরা আছে। বাড়ির মানুষজন, দেশভাগের কারণে পূর্ববঙ্গ থেকে আসা আত্মীয়স্বজন, কিশোরটির উড়ু উড়ু মনের মতো বেশ কিছু কথা। বিশ শতকের প্রথম পর্বের বাংলার গ্রামের চেহারা বেশ সুন্দর ফুটে উঠেছে এই অংশে। সেখান থেকে ট্রেনে চড়ে কলকাতায় আসার পর্বটি অভিনব। মঞ্চসজ্জার প্রায় পুরোটাই ট্রেন হয়ে যায় আর চলমান ট্রেনের মতো ঝাঁকিয়ে ঝাঁকিয়ে ওঠে।

কলকাতা অংশটি নাটকের সিংহভাগ জুড়ে আছে। সেটাই স্বাভাবিক, কারণ শক্তি চট্টোপাধ্যায়ের জীবনের একটা বড় অংশ এখানেই কেটেছে। কফি হাউস, বেলেঘাটার বাড়ি, পত্রিকা দপ্তরের কাছে একটি রেস্তোরাঁ, খালাসিটোলা ইত্যাদি নানা জায়গা নাটকে উঠে এসেছে। ফ্রানৎস কাফকার জীবন ও সাহিত্যের সঙ্গে যে যোগ প্রাগ শহরের, শক্তি চট্টোপাধ্যায়ের সঙ্গে প্রায় একই যোগ কলকাতার। অস্ট্রিয়ান চিকিৎসক ও লেখক হ্যারাল্ড সালগেলনার প্রাগের সঙ্গে কাফকার সম্পর্ক নিয়ে যেমন উল্লেখযোগ্য কাজ করেছেন, তেমন কোনও উদ্যোগ শক্তি চট্টোপাধ্যায়ের ক্ষেত্রে দেখা যায়নি। নাটকটিতে কলকাতা ও বহড়ু নামে দু’টি চরিত্র তৈরি করে এই দিকটি ছুঁতে চেয়েছেন নাট্যকার।
শান্তিনিকেতন অংশে একদিকে রামকিঙ্করের বাড়ি আর অন্যদিকে সুনীল গঙ্গোপাধ্যায়ের বাড়ি নাটকে অনেকখানি জায়গা জুড়ে আছে। সেই সঙ্গে পূর্বপল্লি অতিথিশালার কোণের ঘরটিও– যেখানে শক্তি চট্টোপাধ্যায় থাকতেন। এখানেই বুকে ব্যথা নিয়ে তিনি চলে গেলেন। ১৯৮২ সালে প্রকাশিত ‘যেতে পারি কিন্তু কেন যাবো’ বইটিতে লিখেছিলেন–
এখন খাদের পাশে রাত্তিরে দাঁড়ালে
চাঁদ ডাকে: আয় আয় আয়
এখন গঙ্গার তীরে ঘুমন্ত দাঁড়ালে
চিতাকাঠ ডাকে: আয় আয়
যেতে পারি
যে-কোন দিকেই আমি চলে যেতে পারি
কিন্তু, কেন যাবো?
হেমন্তের অরণ্যের পোস্টম্যানকে ১৯৯৫-এর বসন্তে চলে যেতে হল। সবাইকে নিয়ে নয়– একা।

দেবশঙ্কর হালদার এক কথায় অনবদ্য। শক্তি চট্টোপাধ্যায়ের ভিতরে যে অস্থিরতা ছিল, তাকে অসাধারণ ফুটিয়ে তুলেছেন। সেই সঙ্গে বোহেমিয়ান ভাবটিকেও। আবার উদাসী মনের দিকটিও ছুঁয়ে গিয়েছেন। কিছু দৃশ্যে তাঁর অভিনয় খুবই স্পর্শ করেছে। যেমন, সন্তোষকুমার ঘোষের হাত থেকে কলমটি নেওয়ার সময় স্নায়ুর অসুখের কারণে হাত থেকে পড়ে যাওয়া। একই কারণে সুনীল গঙ্গোপাধ্যায়ের বাড়িতে মদের বোতল ধরতে গিয়ে ফেলে দেওয়া। দু’টিই হাত থেকে পড়ে যাওয়ার ঘটনা, কিন্তু অভিনয় করেছেন ভিন্নভাবে। আর চোখমুখে যে অসহায় ভাব ফুটে উঠেছে– তা-ও ভোলার নয়। স্বাতী গঙ্গোপাধ্যায়ের চরিত্রে ঈপ্সিতা গঙ্গোপাধ্যায় আর সমীর সেনগুপ্তর চরিত্রে সাইফুল ইসলামকে বেশ ভালো লেগেছে। সন্তোষকুমার ঘোষের চরিত্রটিকে সৌমিত্র মিত্র সুন্দর ফুটিয়ে তুলেছেন। মীনাক্ষী চট্টোপাধ্যায়ের চরিত্রে অনন্যা মৌ-এর সাবলীল অভিনয় মুগ্ধ করেছে।
দেবাশিস কাহিনিটিকে স্বাভাবিক গতিতে চলতে দিয়েছেন। কুয়োটিকে নানাভাবে সুন্দর ব্যবহার করেছেন। মদের হাঁড়ি ভাঙা ও ফ্রেম ফেলা ভালো লেগেছে। দেশলাইয়ের জ্বলন্ত কাঠি ছোড়া অভিনব বলে মনে হয়েছে। এমন কাজ শক্তি চট্টোপাধ্যায়ই করতে পারতেন, আর তাকে মঞ্চে অসাধারণ প্রয়োগ করেছেন পরিচালক দেবাশিস।
A Unit of: Sangbad Pratidin Digital Private Limited. All rights reserved