


হাটের ধুলায় তাঁর গান এসে পড়বে, এসে পড়বে বীণার তারের সংখ্যা গুনতে থাকা বহু দৃষ্টির সামনে, এমনটি চাননি রবীন্দ্রনাথ। এমন সভার আড়ালেই রাখতে চেয়েছিলেন তিনি তাঁর সংগীতকে। তবে তিনি কী চেয়েছিলেন? তিনি চেয়েছিলেন সহৃদয় শ্রোতা। অথচ নতুন প্রজন্ম ‘কৃষ্ণকলি’র অডিও শুনতে শুনতে দেখে নিচ্ছে ব্রোঞ্জফিনিস মেকওভারে ঢাকা ‘কালো মেয়ের কালো হরিণ-চোখ’, মুছে যাচ্ছে তার ভিতর-চোখের দৃষ্টি, ভেঙে যাচ্ছে তার একান্ত একটি ময়নাপাড়ার মাঠের সম্ভাব্য উদ্ভাস।
১৫.
ব্যাধের একটি তির ক্রৌঞ্চমিথুনের একটিকে বিদ্ধ করল। শোকে অধীর আরেকটি পাখি কেঁদে উঠল। তখনই দস্যু রত্নাকরের মুখ থেকে নিঃসৃত হল রামায়ণের প্রথম শ্লোক। ‘শোক’ থেকে জন্ম নিল ‘শ্লোক’। বলে চলেছেন অধ্যাপক সতী চট্টোপাধ্যায়, আটের দশকের শেষদিকে আমাদের ইংরিজি রোম্যান্টিসিজমের ক্লাসে, ‘তা, সেই রামায়ণের টেক্সটটি গেয়ে বেড়াতে লাগল লব আর কুশ। তারা তখন গাইয়ে বা পারফর্মার। কী গাইছে? রাম-সীতার বিচ্ছেদবেদনার গান। সেই গান শুনে কাঁদছে অযোধ্যাবাসী।’ এই অবধি বলে সতীদি প্রশ্ন করতেন, ‘তাহলে এই গানের বেদনটি কার? ওই বিরহী পাখির দুঃখশোক, রাম-সীতার বিরহবেদনা, না লব-কুশের বেদনবোধ, না কি অশ্রুসজল শ্রোতার?’
কার যেন এই মনের বেদন, এই সন্ধানের আড়ালে বাস করে কাব্যসংগীতকলার এক গহীন সংকেত। এই যে গানের বেদনখানি রচয়িতার রচনা থেকে গাইয়ের কণ্ঠ বেয়ে শ্রোতার মনের তারে গিয়ে বেজে ওঠে বারবার, তাতে দক্ষ ও দরদি গাইয়ের পাশাপাশি মরমি শ্রোতার ‘এনগেজমেন্ট’টাও তো কম নয়। এই ‘এনগেজমেন্ট’ (একাত্মতা?) এবং পার্টিসিপেশন; এরও নানা স্তর, গাইয়ে এবং শ্রোতা– উভয়ের ক্ষেত্রেই সেটা সমান সত্যি। এই দু’জনের মাঝখানে রয়েছে গানটা। কথা, সুর– দু’টির মিলিত টেক্সটই সম্পূর্ণ গানটা (গানের শুরুতে, মাঝখানে বেজে ওঠা যন্ত্রের সুরের অতিরিক্ত টেক্সটটি বাদ দিয়েই যদি ধরি)।

কেমন করে সেটি গাওয়া হল, কেমন স্বর ধারণ ও প্রকাশ করল সেই গান, কত ধরনের শ্রোতা সেটি শুনলেন এবং এককভাবে ও সম্মিলিতভাবে তাঁদের কী প্রতিক্রিয়া হল– এই সবটাই যদি আমরা রবীন্দ্রসংগীতের পরিসরে গিয়ে ভাবি, তাহলে দেখব, বিষয়টি আর যাই হোক, একরৈখিক নয়। এখানে একটা প্রশ্ন আসে। ভালো শ্রোতা হিসেবে আমরা কতখানি প্রস্তুত করেছি নিজেদের? ‘আমরা তো কখনো গান শুনতে শিখিনি’ বা ‘আমার গান শোনার মধ্যে কোনো দায়িত্ব থাকে না’ এমনটাই লিখছেন সমীর সেনগুপ্ত, তাঁর ‘রবীন্দ্রনাথের গান: দীপের মতো গানের স্রোতে’ বইতে। তিনি আরও লিখছেন, ‘সাহিত্য ব্যতিরেকে, অন্যান্য ফলিত শিল্প উপভোগেরও যে নানা স্তর আছে সেটা আমরা বেশির ভাগ বাঙালিই ভাবতে শিখি না কখনো, সেভাবে ভাবতে আমাদের শেখানোই হয়নি। অভিনিবেশের যে স্তর থেকে আমরা টেলিভিশনী ধারাবাহিক দেখি, সেই স্তর থেকেই রবীন্দ্রনাথের গান শুনি।’
‘টেলিভিশনী ধারাবাহিক’ শিল্পমানে ‘লঘু’ হলেও দর্শকের কিছুটা ধৈর্য দাবি করে। হালফিলের দুনিয়া ফেসবুক স্ক্রল করার। ৩০ সেকেন্ডের রিল দেখার। জগৎ-জুড়ে সমীক্ষা বলছে, আমাদের একটানা মনঃসংযোগের সময়কাল কমে কয়েক সেকেন্ড এখন, এই সূচক ক্রমে ক্রমে নিচের দিকে নামছে। শ্রবণ আর আমাদের ততটা গভীর সুরে মগ্ন নেই, যতটা মগ্নতার অভ্যাস থাকলে রবীন্দ্রনাথের গানের সঞ্চারী থেকে আভোগের যাত্রাপথে মনে মনে ফিরে যেতে ইচ্ছা করে আরেকবার।

আজ থেকে প্রায় শতবর্ষ আগে থিওডোর অ্যাডোর্নো (Theodore Adorno) লিখেছিলেন সংগীতশ্রবণের গভীর অবনমনের কথা, তাঁর ‘On the Fetish Culture in Music and the Regression of Listening’ রচনায়। এর আগে, গত শতকের গোড়ায়, ‘দ্য ক্যাপিটাল’-এ কার্ল মার্কস কোনও পণ্যের বাজারদর (Exchange Value) যে তার উপযোগিতাকে (use value) একটি ছায়ার আচ্ছাদন দিয়ে ঢেকে রাখে, সেই কথাটি বুঝিয়ে বলেছিলেন। অ্যাডোর্নো এই ভাবনাটিকেই প্ৰয়োগ করলেন সংগীতের ক্ষেত্রে। সংগীতের বাজার আমাদের যা বিক্রি করে, সেটাই আমরা শুনি, আর এইভাবেই আমাদের গভীর শ্রবণ পিছিয়ে যেতে থাকে একটা বালখিল্য আমোদের স্তরে, এমনটিই বলতে চেয়েছেন অ্যাডোর্নো।
রবীন্দ্রনাথের গান ‘রবীন্দ্রসংগীত’ খেতাবটি পাওয়ার সময়কালেই মিউজিক ইন্ডাস্ট্রির জরুরি ও জনপ্রিয় ব্র্যান্ড হয়ে উঠেছিল। অথচ রবীন্দ্রনাথ নিজেই তো এই পশ্চিমকেন্দ্রিক (Eurocentric) পুঁজি, বাজার, অর্থনীতি, শিক্ষাব্যবস্থা সবকিছুর বাইরে সন্ধান দিয়ে গিয়েছেন এক অনুপম বিকল্প যাপনের। বিলেতের ব্যারিস্টারি, কলকাতার সুশীল সমাজ, ছাঁচে ঢালা ইশকুল, মিলের কাপড়ের সাজ– সবকিছুর পাশে রেখেছিলেন এক সৌকর্যময় বিকল্প আধুনিকতা, আজকের নাগরিক ভাষ্য অনুযায়ী, যা ‘organic alternity’। তাঁর আশ্রম বিদ্যালয়, তাঁর কৃষিভাবনার শ্রীনিকেতন ,তাঁর বিশ্বমানবিক রাজনীতির পাঠ, তাঁর অপরাজেয় প্রেম ও প্রতিবাদ, মূলধারার নাগরিক সজ্জা ছেড়ে বাউল-সুফি সাধকদের মতো তাঁর সাজ, ধর্মসম্প্রদায়ের রংটির বাইরে এসে তাঁর আশ্রমে সবার রঙের রং মেশানোর নানা উৎসব, সবকিছুর পাশেই তো রেখেছেন তাঁর গান, যা তাঁর সকল সাধনার শ্রেষ্ঠ শস্য। এই সাধনায় তথাকথিত উনিশ শতকীয় নবজাগরণের আলোটুকু আছে, নেই ঔপনিবেশিক সংস্কৃতির শিকলের পায়ে এতটুকু সমর্পণ। সেই গানের দায় সৌকর্যের কাছে ,আরও বড় দায় সত্যের কাছে। ব্যক্তিক বা সামাজিক সংকটে দুঃসময়ের মধ্যদিনে সব সংগীত ইঙ্গিতে থেমে গেলে একাকী রাখালের বাঁশিটির মতো বেজে ওঠার জন্যই তো তাঁর গান গাওয়া, গান শেখানো, গান গাইয়ে নেওয়া।

এই যে সকল আধিপত্যবাদের বিপরীতে রবীন্দ্রনাথ রাখলেন তাঁর সকল কলাবৃত্তটিকে, তাঁর গানের সুন্দর সত্যকে, আমরা সেটি বিস্মৃত হলাম! আমরা, শিক্ষিত নাগরিক ভদ্রবিত্ত সমাজ রবীন্দ্রসংগীতকে পুরে দিলাম এক ‘রাবীন্দ্রিক ইন্ডাস্ট্রি’র পেল্লায় খাঁচায়। সেই ইন্ডাস্ট্রির একদিকে নামী প্রতিষ্ঠানের সইসাবুদ কণ্ঠে নিয়ে একদল শুদ্ধতাপন্থী (স্বরলিপি ও একটি মাখো মাখো গোল গোল গায়নভঙ্গি-সহ) গাইয়ে, সাবধানী পথিকের মতো বিশেষ ধরনের সাজে, যেন আচার (ritual) পালনের গুরুভারটি নিয়ে গান গাইছেন, আর একটি দল ঠিক কোন ফিউশন বা কী অভিনবত্ব প্ৰয়োগ করলে গানটি বাজারে চলবে, সেই কৌশলের পথটিকেই গান শোনানোর প্রধান পন্থা বলে মনে করছেন।
পেশাদারিত্ব যে কোনও পরিসরেই সুস্বাগত। সংগীত জগতে স্মরণীয় কাজ রেখেছেন এবং রাখছেন মূলত পেশাদার গাইয়েরা। কিন্তু বাণীর পাঠ, কণ্ঠনির্মাণ, সুরের সার্থক সাধন সংগীতকলার পেশাদারিত্বের প্রথম শর্ত– এটা ভুলিয়ে দেওয়ার মতো সহস্র কৌশল ছেয়ে গিয়েছে গানের দুনিয়ায়। আমাদের সকল শ্রবণ ফোনের মধ্যে মুক্ত ও বদ্ধ হওয়ায়, এই কোভিড-উত্তর সময়কালে হাতের ফোনটি সকল বিনোদনের সর্বজনীন আশ্চর্যপ্রদীপ হয়ে পড়ায়, আর সব গানের মতো রবীন্দ্রসংগীতকেও উপস্থিত হতে হচ্ছে ভিজুয়াল নিয়ে। গান শোনা হয়ে উঠছে খুব স্থূল অর্থেই গান দেখা, গাইয়ের সাজ ও ভঙ্গি ছাড়াও নানা কিসিমের নাচ, ব্যালে, অভিনয় ও ভিডিও-মিশ্রকের হরেক রঙের স্টক শট দেখা।

নতুন প্রজন্ম তাই ‘কৃষ্ণকলি’র অডিও শুনতে শুনতে দেখে নিচ্ছে ব্রোঞ্জফিনিস মেকওভারে ঢাকা ‘কালো মেয়ের কালো হরিণ-চোখ’, মুছে যাচ্ছে তার ভিতর-চোখের দৃষ্টি, ভেঙে যাচ্ছে তার একান্ত একটি ময়নাপাড়ার মাঠের সম্ভাব্য উদ্ভাস। ‘ধানের ক্ষেতে খেলিয়ে গেল ঢেউ’টিকে এই সময়ের সংগীতভোক্তার কাছে মেলে ধরতে কণ্ঠের মীড়কে আর ততটা সম্পূর্ণ হয়ে উঠতে হয় না, কারণ ভিজুয়ালেই কচি ধানগাছে খেত ভরে আছে।
এই সময়েও যথার্থ গুণী কতিপয় গাইয়ের ইউটিউব ভিজুয়ালে রাখার চেষ্টা করা হয়েছে গানের সঙ্গে সাযুজ্যময় সাজ ও কিছুটা শিল্পিত ক্যামেরার কাজ, কিন্তু খেলা জটিল হচ্ছে অন্যখানে। সেই গানগুলি জনপ্রিয় হতেই দলে দলে মানুষ সেই গান ডাউনলোড করে তার সঙ্গে নাচ করে সোশাল মিডিয়ায় আপলোড করছেন। আমরা সেই গান শুনছি স্থলে-জলে-ডাইনিং হলে, শাড়ি-পাজামা-পাতলুন, রবীন্দ্রনাথের রঙিন ক্যালেন্ডার, গাঁদাফুল সহযোগে, মূল গান হারিয়ে যাচ্ছে, ডুবে যাচ্ছে সোশাল মিডিয়ার হলাহলে, কোলাহলে…
আমার বীণাখানি পড়ছে আজি সবার চোখে
হেরো তারগুলি তার দেখছে গুণে সকল লোকে…
হাটের ধুলায় তাঁর গান এসে পড়বে, এসে পড়বে বীণার তারের সংখ্যা গুনতে থাকা বহু দৃষ্টির সামনে, এমনটি তো চাননি রবীন্দ্রনাথ। এমন সভার আড়ালেই রাখতে চেয়েছিলেন তিনি তাঁর সংগীতকে। তবে তিনি কী চেয়েছিলেন? তিনি চেয়েছিলেন সহৃদয় শ্রোতা। তাঁর অন্য একটি গানের দু’টি পঙ্ক্তি একটু শুনি:
এখন সে যে আমার বীণা
হতেছে তার বাঁধা
বাজবে যখন তোমার হবে
তোমার সুরে সাধা
কে এই তুমি? কবির ঈশ্বর? কবির সুরলোকের সরস্বতী?

ফিরে যাই এই লেখার আরম্ভের কাছে, সতীদির ক্লাসে? ‘কার বেদন?’ এই প্রশ্ন করেছিলেন আমাদের রসতাত্ত্বিক সতী চট্টোপাধ্যায়। একটা সময়ে শিল্পের ভিতরকার সারসত্যটিকেই মনে করা হত সবচেয়ে জরুরি। রবীন্দ্রসংগীতের ক্ষেত্রে তা হতে পারে গানের ভিতরকার অরূপবীণার স্বর। তারপর, উনিশ শতকে রোমান্টিক ভাববাদের যুগে কাব্যের ভিতরকার সত্যের চেয়ে কবির মনটি হয়ে উঠল জরুরি। ‘অথর’, ‘অথরিটি’ এবং ‘অথরশিপ’-এর যুগ সেটি। ‘চণ্ডালিকা’ নাটকের প্রকৃতি যেমন সরিয়ে দেয় মায়াদর্পণ, বুকের জ্বালা দিয়ে জ্বালিয়ে নিতে চায় দীপের আলো ‘আনন্দ’ পাবে বলে, তেমনই যেন স্রষ্টার মনটিই আমাদের কাছে খুঁজে নেওয়ার।
যুদ্ধ-উত্তর মডার্নিস্ট নন্দনবিশ্ব ‘টেক্সট’কেই শেষ আশ্রয় বলে মনে করতে শুরু করেছিল। সেভাবে দেখলে সমগ্র রবীন্দ্রনাথ নয়, এমনকী, কম্পোজার রবিঠাকুরও নন, কেবলমাত্র গেয় গানটিতেই নিবিষ্ট হবেন গায়ক। আজকের উত্তর-আধুনিক যুগ কোনও ‘অথরিটি’তে বিশ্বাস রাখে না, এমনকী, ‘টেক্সট’ও উত্তর-আধুনিক দৃষ্টিতে কোনও অবিনশ্বর সৃষ্টি নয়। তার কাছে কোনও ঠাকুরঘর নেই, কোনও মান্য ঠাকুরঘরানা নেই। তবে? ‘বাজবে যবে তোমার হবে’র তুমিটি যদি আমি হই? পাঠক, যদি আপনি হন? শ্রোতা, আপনি? হতে রাজি হবেন রবীন্দ্রনাথের গানের ‘তুমি’টি? তাহলে যে কবির বীণাটিকে আপন করে নিতে হবে, ‘সুরে’ও ‘সাধ’তে হবে তাকে?আমরা কি পারব, কবির গাঁথা গানের বীণাটিকে একেবারে নিজের করে নিতে?
…………………..
রোববার.ইন-এ পড়ুন ঠাকুরঘরানা-র অন্যান্য পর্ব
…………………..
A Unit of: Sangbad Pratidin Digital Private Limited. All rights reserved