Food Offerings to Deities: Bengal's Enduring Tradition | Robbar
Robbar
  • ১২ অগ্রহায়ণ ১৪৩৩
  • রবিবার
  • ২৯ নভেম্বর ২০২৬

নৈবেদ্যের নানারকম

টেরাকোটা মন্দিরের খিলানে বা কার্নিশে যে মাঙ্গলিক ও উর্বরতার প্রতীকগুলি দেখা যায়, যেমন অষ্টদলপদ্ম, জোড়া মাছ, শঙ্খ, ময়ূর, কলস ফুলকারি নকশা লতাপাতার মোটিফ সেগুলি খোদাই করা হতো সন্দেশ ও আমসত্ত্বের ছাঁচে। বৈষ্ণব টেরাকোটা মন্দিরে যেমন রাধাকৃষ্ণের রাসমণ্ডল, দশাবতার মূর্তি খোদিত হয়েছে তেমনই পাটবাড়ির বিগ্রহ আরাধনায় সেগুলি মূর্ত হয়েছে ছাপা সন্দেশে। কদমফুল, বাঁশি, শ্রীকৃষ্ণচরণ প্রভৃতি ছাঁচও সন্দেশের ভক্তি-মিঠাইয়ের স্মৃতি বহনকারী।

শেষ আপডেট: নভেম্বর ২৯, ২০২৬, ১৮:৫৪   
Facebook WhatsApp Messenger

৫৯.

রাঢ়ের বনেদি বাড়ির ঐতিহ্যবাহী দুর্গাপুজো। সাবেকি আমলের ক্ষয়িষ্ণু চণ্ডীমণ্ডপ। আটচালা জুড়ে নিম-আম্রশাখার মাঙ্গলিক মালা। দাওয়া উঁচু, অলিন্দের মাঝ-বরাবর গর্ভগৃহ। দরজায় ঝুলন্ত দু’ থাকি ‘রচনা’। গোটা ফলের চেন। হাতে গড়া মিষ্টান্নের ভোজ্য অলঙ্করণ। লাল রঙের বেদি। দেওয়ালে টাঙানো রক্তিম বস্ত্র। মাঝে সাঁটা দেবীর কাগুজে পটচিত্র। বৃত্তাকার মুখের চারদিকে সূর্য কিরণের মতো উত্থিত দশ হাত। আয়ত-খণ্ডিত বক্ষদেশে অরণ্য ও পশু বিচরণের অস্পষ্ট অবয়ব।

বেদির দু’পাশে সারি সারি সুসজ্জিত নৈবেদ্য। তেপায়া স্ট্যান্ডের উপর বেতের ধামা। কিংবা পিতলের গামলাসদৃশ পাত্র– স্থানিক নাম ‘বাটা’। যার উৎসমূল ‘বর্ত্ম’ বা যাত্রাপথ, বিশিষ্টার্থে দেব-লাভের পথ (তুলনীয় শ্রীরামকৃষ্ণ কথিত ‘যত মত তত পথ’)। বাটার উপরে আতপ চালের মাঝে ফুল-বাতাসা আর ছোটবড় কদমায় গঠিত মন্দিরের মতো নান্দনিক চূড়া। হাতে গড়া নানাবিধ নাড়ুর স্তূপ। হরেক কিসিমের ছাপা সন্দেশ সহ ফল-মূলাদির সমারোহ– এই হল বনেদি দেবভোগ। 

zoom
ছোটবড় কদমায় গঠিত মন্দিরের মতো নান্দনিক চূড়া

ভারতীয় দর্শনে ‘ভোগ’ বা ‘আহার’ তিন প্রকার; সাত্ত্বিক, রাজসিক ও তামসিক। গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, সাত্ত্বিক আহার ‘রস্যাঃ স্নিগ্ধাঃ স্থিরা হৃদ্যা’। ফলমূলাদিসহ নানা রকমের মিষ্টান্ন যে সাত্ত্বিক ও দেবভোগ্য হবে, বলাই বাহুল্য। তবে শাক্ত বা তান্ত্রিক পুজোয় মদ্য-মাংস-মৎস্যের অনুপ্রবেশ থাকলেও মুখ্য স্থান পায়– ছানাবিহীন মিষ্টির নৈবেদ্য।

‘নৈবেদ্য’ শব্দটির মূলে আছে নিবেদন বা আত্মসমর্পণ। নৈবেদ্য নিছক শুষ্ক আত্মসমর্পণ নয়, হৃদ্য সৃজনশীল ভক্তির অর্ঘ্য। ভিন্ন প্রেক্ষিতে একই প্রতিধ্বনি শুনি রবীন্দ্রসংগীত,

       আমার এই দেহখানি তুলে ধরো,

      তোমার ওই দেবালয়ের প্রদীপ করো।

মন্দির সংস্কৃতিতে নৈবেদ্য দু’ ধরনের; স্থাপত্যিক কাঠামোর চূড়াকৃতি প্রদর্শন– বাতাসা, মঠ, কদমা, ছাপা মিষ্টি– যা গঠনে ও উপস্থাপনে ‘দ্বিস্তরীয়’ নান্দনিক অর্ঘ্য। অন্যটি আলংকারিক বা মাল্য আকৃতির। সৃজনশীল নাম ‘রচনা’। একটি স্থির। অন্যটি দোদুল্যমান।

 –‘আচ্ছা, ছানার কোনও মিষ্টি নেই?’

সেবাইত রায়বাবু বললেন, ‘পুজোর সময় শোনাও আমাদের মহাপাপ। মা পূর্বপুরুষকে তাঁর নিজের রূপ আর নৈবেদ্যের স্বরূপ স্বপ্ন দিয়ে জানিয়েছিলেন। ছানা অপবিত্র।’

একই উত্তর প্রতিধ্বনিত হয় প্রাচীন বৈষ্ণবমঠ, পাটবাড়ি, মহিলা-মহলে লক্ষ্মী বা ইতুপুজোয় কিংবা লোকায়ত ধর্মরাজ শিবের গাজনে, এমনকী তান্ত্রিক কালীপুজোয় ভোগ-বিন্যাস প্রসঙ্গে। সেখানে কারণসুধা ও আমিষ স্থান পেলেও ছানার ছানাপোনাদের প্রবেশাধিকার ‘নৈব নৈব চ’। একই প্রশ্ন জিজ্ঞাসা করলে তান্ত্রিক কুলপুরোহিত মুচকি হেসে জানালেন, 

‘আপনি তো জানেন, ছানার সঙ্গে জড়িয়ে আছে পর্তুগিজ সংস্কৃতির কথা। কী, ঠিক বলেছি তো?’

–‘একশোবার।’

zoom
দেবীর হাতে কদমার মিষ্টি

১৭ শতকে যাবনিক পর্তুগিজ বণিক ও ধর্মযাজকদের গঙ্গার পশ্চিমকূলে, বিশেষত হুগলি, সপ্তগ্রাম ও ব্যান্ডেল প্রভৃতি অঞ্চলে বসবাস করার সূত্রে, তাঁদের স্বদেশীয় পনির বা চিজ বাংলায় আসে। তার নাম ছিল ‘কেজো’ (Queijo)। ফুটন্ত দুধে লেবুর রস বা টক দই দিয়ে এই পনির তৈরি হত– এটিই ছিল বাংলার ছানার প্রত্নরূপ। 

ভারতীয় রন্ধনশাস্ত্রে বস্তুটি কি অজানা ছিল? বৈদিক সাহিত্য বা আয়ুর্বেদ থেকে জানা যায়, ফুটন্ত দুধ ও দইয়ের সংমিশ্রণে তৈরি ‘আমিক্ষা’ নামক পদের কথা, প্রথমদিকে পবিত্র বস্তু হিসেবে বিবেচিত হলেও স্মৃতিশাস্ত্র ও লোকাচারে ক্রমশ অশুচি বা বিকৃত দুধের তালিকায় নির্বাসিত করা হয়েছিল। রক্ষণশীল স্মার্ত সমাজ একইভাবে পর্তুগিজ প্রভাবপুষ্ট ছানাকে দীর্ঘকাল ‘বিদেশি’ ও ‘বিকৃত দুধ’ বলে দেবভোগের চৌহদ্দি থেকে দূরে সরিয়ে রেখেছিল। সেই কারণে, প্রাচীন পুজোআচ্চায় আজও ছানার পাকে মিষ্টান্ন ব্রাত্য বা ‘অপবিত্র’। 

zoom
পটমুণ্ড দুর্গা ও প্রাক-ছানার নৈবেদ্য

‘ছানা’ শব্দটির মূলে রয়েছে ছিন্ন। ছানা শুধু দুধকে ছিন্ন করেনি। হাজার বছরাধিক ধরে প্রবহমান মিষ্টান্ন-সংস্কৃতিকেও বিচ্ছিন্ন করেছে দু’টি ধারায়, প্রাক-ছানা ও ছানার মিষ্টি। প্রাক-ছানা পর্বের মিষ্টিতে একদিকে যেমন চিনি, দুধ, ক্ষীর ও নারকেলের আভিজাত্য; অন্যদিকে আখ ও খেজুর গুড়ের সঙ্গে নানাবিধ শস্যচূর্ণের লোকায়ত আটপৌরে সংস্কৃতি। দু’টি ধারার মিশ্র মিষ্টি হল: ছাপার আলংকারিক সন্দেশ– যেখানে চিনির অপ্রতিহত দাদাগিরি। তবে চিনিও এসেছে অনেক পরে। এই কারণে অনেক প্রাচীন দেবভোগে চিনিও ‘অচিন-পাখি’। যেমন, রাঢ় অঞ্চলের অনাদিলিঙ্গ শিবের ভোগে একমাত্র গুড়ের পায়েসই শাস্ত্রীয় ও দেবপ্রিয়।

বস্তুত, প্রাক-ছানা পর্বের মিষ্টান্ন-সংস্কৃতির নেপথ্যে রয়েছে ভারতীয় পাকশালার দীর্ঘ প্রযুক্তিগত বিবর্তনের চারটি ধাপ– যথা: সিদ্ধ ও জ্বাল দেওয়া, মন্থন বা পাক দেওয়া, ঘিয়ে ভাজা, রসে ডোবানো এবং স্তরীকরণ ও প্যাঁচ দেওয়া। সন্দেহ নেই, প্রাচীন পাকশালার এই কারিগরি বিবর্তন এবং আজকের পুজো-পার্বণে প্রচলিত মিষ্টান্নগুলোর আদি শিকড় সন্ধানের প্রামাণ্য দলিল ঋকবেদ, পাণিনির অষ্টাধ্যায়ী ‘চরক ও সুশ্রুত সংহিতা’, ‘অমরকোষ’ এবং ১২ শতকের ‘মানসোল্লাস’, চৈতন্য-জীবনীসাহিত্য এবং মঙ্গলকাব্যের মতো আকরগ্রন্থগুলি। লোকছড়াতেও আছে– 

     ছি ছি ছি ছি রানি রাঁধতে শেখেনি।
    পরমান্ন রেঁধে বলে ফ্যান ফেলব কি? 

zoom
রাসের দেবীর নৈবেদ্য প্রাক ছানা পর্বের নানা ধরনের সন্দেশ

অন্ন-ঘৃত-চিনি বা গুড়নির্ভর পায়েস ভোগ পরমান্ন। গোবিন্দভোগ চাল ধুয়ে ঝরঝরে করে ঘৃত মাখিয়ে দুধে সিদ্ধ করা পরমান্ন অন্যতম ভোগ-উপকরণ। অন্নপূর্ণাদেবীর স্বরূপ ক্ষুধার্ত শিবকে পরমান্ন প্রদানে প্রকাশিত। রাঢ় বাংলায় এই রূপের অন্নপূর্ণা দেবী নবান্ন উৎসবের মূল আকর্ষণ। অন্যদিকে চাল ও মুগডালের সঙ্গে তেল-ঘি-গুড় বা মিষ্টি মশলা সহযোগে পাক করা হত কৃশর-মিষ্টি ‘জগা-খিচুড়ি’।

ঋকবেদ বা পাণিনির অষ্টাধ্যায়ীতে উল্লিখিত পূপ বা অপূপ যব বা আতপচালের সঙ্গে মিষ্টি মিশিয়ে দুধে গুলে ঘি-দিয়ে ভেজে মধু কিংবা গুড়ে ডোবানো হত। পূপ থেকে পিঠের জন্ম। ধর্মরাজ পুজোর অন্যতম ভোগ ছিল হাঁড়ি হাঁড়ি মদের সঙ্গে পিঠের জাঙাল। মার্কণ্ড-পুরাণে আছে, ‘মদ্যের পুস্কর্ণি দিব পিষ্টের জাঙ্গাল’।

zoom
ভাদুর রচনা

সুশ্রুত সংহিতা এবং মানসোল্লাসে উল্লিখিত দুটি গুরুত্বপূর্ণ ভাজা মিষ্টান্ন হল কুণ্ডলীকৃত শষ্কুলী এবং স্তরীকৃত ফেনিকা। এর পাকশৈলী থেকে জন্ম নিয়েছে একালের জিলিপি-খাজা-গজা ইত্যাদি। এই ধরনের ‘ভৃজ্জতির হুজ্জুতি’ শিল্পশ্রী তকমা পাওয়ার যোগ্য রাঢ়ীয় ভাদু-পুজো উপলক্ষে টাঙানো ‘রচনা’র জন্য। এক-একটা জিলিপি প্রায় তিন সের সাইজের। পুরুলিয়ার কাশীপুর অঞ্চলে মেয়েদের ভাদু পুজোর প্যান্ডেলে বা মন্দিরে ভোজ্য অলংকরণের জন্য এই ধরনের ভাজা মিষ্টি সুতোয় বেঁধে ঝোলানো থাকে।

মানসোল্লাসে উল্লিখিত ফেনিকার নামটিও আজও রয়ে গিয়েছে ফেনি বাতাসার মধ্যে। প্রাচীন পাকশাস্ত্রে উল্লিখিত উদুম্বর আসলে ঘিয়ে ভাজা মিষ্টি। একালের ডুমুর-পিঠে যা পিঠেপুলি উৎসবে আজও দেখা যায়। ডুমুরপিঠে থেকে কালক্রমে পান্তুয়া বা লেডিকেনির জন্ম। ‘উৎকারিকা’ নামেও আরেক লোকপ্রিয় মিষ্টির কথা জানা যায়, যা মোহনভোগের মতো তৈরি হত।

zoom
প্রাক-ছানা পর্বের নানা ধরনের মিষ্টি ও নৈবেদ্য

চরকসংহিতা থেকে জানা যায়, ফাণিত নামের জ্বাল-দেওয়া গুড়ের কথা। সেকালের নলেনগুড়। মৎস্যপুরাণে বর্ণিত হয়েছে মৎস্যণ্ডিকা নামে মিষ্টি প্রসঙ্গ। দেখতে মাছের ডিমের মতো ছোট ছোট দানা বিশেষ। ঠিক যেন এ যুগের নকুলদানা। খণ্ড রাঢ়ের নিজস্ব মণ্ডা-মিঠাই। কবিকঙ্কণ মুকুন্দরাম চক্রবর্তী চণ্ডীমঙ্গল কাব্যে লিখেছেন,

নির্মাণ করিত পিঠা বিশা দরে কিনে আটা
খণ্ড কিনে বিশা সাত আট।

দানাগুড় থেকে খণ্ডের উদ্ভব। আজও গ্রামীণ দেবপূজায় আতপ চালের নৈবেদ্যের চূড়ায় মণ্ডার মতো গুড়ের খণ্ড অখণ্ড হয়ে থাকে। আবার মৎস্যণ্ডিকাকে পরিশোধন করে আরেক ধরনের খণ্ড বা ‘খাঁড়’ মিষ্টি দেবপূজায় ব্যবহৃত হত। এটি স্ফটিকাকার। অমরকোষে উল্লিখিত ‘সিতা’– সাদা চিনির মিষ্টি। সিতা-র নামের ধ্বনিগত উত্তরাধিকার বহন করে চলেছে বর্ধমানের সীতাভোগ। খণ্ড এতই জনপ্রিয় ছিল যে, রাঢ়ের চৌহদ্দি ছাড়িয়ে ইউরোপের মিষ্টিমহলে ক্যান্ডি লজেন্সের জন্ম দিয়েছিল।

গুড় বা চিনির মধ্যে হাওয়া ঢুকিয়ে বাতাসার উদ্ভব হয়েছিল। প্রাচীন ও মধ্যযুগে দেবভোগ্য মিঠাই বর্ষোপল। শব্দটির অর্থ হল শিলাবৃষ্টির শিলের  মতো ধবধবে সাদা অথচ ফাঁপা। এটি চিনি দ্বারা তৈরি হত। চিনির ঘনরস যখন মাটি বা কাঠের তৈরি ছাঁচে ঢেলে ক্ষুদ্র মূর্তি বা পুতুলের মতো তৈরি হত, তার নাম ছিল শর্করীপুত্রিকা। বর্ষোপলের সাদা হালকা গড়ন এবং কারিগরি থেকে একালের মঠ ও কদমার উদ্ভব হয়েছে। শর্করীপুত্রিকা চিনির তৈরি ফাঁপা দোল হোলির চিনির ছাঁচের মিষ্টির কথা মনে করায়।   

zoom
নানা আকৃতির মঠ

প্রাক-ছানা পর্বের বাংলার মিষ্টান্ন সংস্কৃতিতে বিপ্লব আনে ছাপার সন্দেশ। শুধু পেট ভরানো নয়, মনভরানো মনোহরা সন্দেশ। এই প্রসঙ্গে সুকুমার রায়ের কবিতার কথা অনেকের মনে পড়বে–

     বাপরে কি ভীষণ! খবরের কাগজে নাকি আজব খবর—

     সন্দেশ খেয়ে নাকি পেট ভরে সকলের!

ছড়াটিতে ‘সন্দেশ’-এর দুটি অর্থই বহমান– তত্ত্ব বা খবর এবং মিষ্টি। মধ্যযুগীয় সাহিত্যে এরই নাম ছিল ‘তত্ত্বের সন্দেশ’। শুধু মধ্যযুগীয় সাহিত্য নয়, প্রাচীন পাকশাস্ত্র ও চরকসংহিতা থেকে জানা যায়, গম বা যবের আটার সঙ্গে দুধ-ঘি-গুড় মশলা দিয়ে পাকানো ছাঁচে তোলা মিষ্টির নাম নাম ছিল সংযাব, ক্ষীরবট, কুর্চিকা ইত্যাদি।

ছাপা সন্দেশের গায়ে লেগে আছে বাংলার স্বাদ ও শিল্পের তিন যুগের ইতিহাস। একসময় যা ছিল নারকেল, ক্ষীর, গুড়ের মণ্ডে পাকানো কুম্ভকারদের তৈরি পোড়ামাটির ছাঁচে তোলা মিষ্টি, পরবর্তীকালে সূত্রধর ভাস্কর্যদের কাঠ ও পাথর খোদাইয়ের ছাঁচে হয়ে উঠল টেরাকোটা মন্দিরের ভোজ্য সংস্করণ। ১৮-১৯ শতক থেকে ছানার স্পর্শে রাজকীয় আভিজাত্যের গৌরব অর্জন করে সন্দেশ হয়ে উঠল মিষ্টির রাজা, বাঙালি মায়ের চিরন্তন আকাঙ্ক্ষা–

       আম কাঁঠালের বাগান দেবো ছায়ায় ছায়ায় যেতে,

       চার হাঁড়ি সন্দেশ দেবো পথে বসে খেতে।

টেরাকোটা মন্দিরের খিলানে বা কার্নিশে যে মাঙ্গলিক ও উর্বরতার প্রতীকগুলি দেখা যায়, যেমন অষ্টদলপদ্ম, জোড়া মাছ, শঙ্খ, ময়ূর, কলস ফুলকারি নকশা লতাপাতার মোটিফ সেগুলি খোদাই করা হতো সন্দেশ ও আমসত্ত্বের ছাঁচে। এমনকী গৃহবধূদের আলপনাও স্থান পেয়েছে সন্দেশের দেশে। বৈষ্ণব টেরাকোটা মন্দিরে যেমন রাধাকৃষ্ণের রাসমণ্ডল, দশাবতার মূর্তি খোদিত হয়েছে তেমনই পাটবাড়ির বিগ্রহ আরাধনায় সেগুলি মূর্ত হয়েছে ছাপা সন্দেশে। কদমফুল, বাঁশি, শ্রীকৃষ্ণচরণ প্রভৃতি ছাঁচও সন্দেশের ভক্তি-মিঠাইয়ের স্মৃতি বহনকারী।

zoom
প্রাক ছানার মিষ্টি ও ছাপা সন্দেশের নৈবেদ্য

কাটোয়া অঞ্চলে ছাঁচের কারিগর ছিলেন নতুনগ্রাম-কেতুগ্রাম অঞ্চলের সূত্রধরেরা। বৈষ্ণব উৎসব ছাড়াও এই ধরনের ছাঁচের মিষ্টি বিজয়াদশমী, লক্ষ্মীপুজো ইত্যাদিতে ব্যবহৃত হত। ছাঁচগুলি উলটো করে অর্থাৎ নেগেটিভ রিলিফে খোদাই করা ছিল অন্যতম বৈশিষ্ট্য। বাংলার মিষ্টির স্রোতে এইভাবে নানা লোকশিল্পের প্রবাহ যুক্ত হয়েছিল। নবদ্বীপ, শান্তিপুর বা অগ্রদ্বীপের বৈষ্ণবপুজোয় কুমোরদের টেপা পুতুলের সমান্তরাল প্রযুক্তিতে হাতের আঙুলের চাপে ক্ষীরের নানা ধরনের পুতুল– যেমন গোপাল মূর্তি আজও স্থানীয় ময়রারা তৈরি করেন। বিয়ের মিষ্টিতে তাঁরা আরও বৈচিত্র দেখাচ্ছেন।

ছাঁচের মিষ্টিগুলির জ্যামিতিক গঠন গবেষণাসাপেক্ষ বিষয়। তবে এর ধর্মীয় ও লোকতাত্ত্বিক মূল্য অপরিসীম। টেরাকোটা ফলকের মতো ছাঁচের মিষ্টি নানা আকৃতির যেমন অর্ধচন্দ্র, বৃত্তাকার শঙ্কু আকৃতির ইত্যাদি। অর্ধাচন্দ্রাকৃতি চন্দ্রপুলি দেবীর ললাটে অঙ্কিত অর্ধচন্দ্র, চতুর্ভুজ বা রম্বস আকৃতির তক্তি মিষ্টি বাস্তুতন্ত্রের প্রতীক। বৃত্তাকার মণ্ডা বাতাসা বা মোয়া, ব্রহ্মাণ্ডের পূর্ণতা কিংবা সৌরচক্রের নির্দেশক। পাশাপাশি রেখদেউলের আদলে গড়া শঙ্কু আকৃতির চিনির মঠ, শঙ্খ-পদ্ম ইত্যাদি বিশেষ তাৎপর্যবাহী।

zoom
নবদ্বীপের রাসের মিষ্টি

মিষ্টি নির্মাণের কৌশলে নানা ধরনের লোকপ্রযুক্তির ব্যবহার বিস্ময়কর। ছাঁচে যেমন বিভিন্ন প্রকার মিষ্টি তৈরি হয়, তেমনি টানা পদ্ধতিতে তৈরি হয় কদমা– ময়রারা যাকে বলেন ‘হাতের লড়ার টান’। বাতাসায় থাকে বায়ুথলি তৈরির কৌশল। একইভাবে ভেতর-ফাঁপা রাখার হলোকাস্টিং লোকপ্রযুক্তি ব্যবহৃত হয় চিনির বড় মঠ কিংবা ফাঁপা পুতুল নির্মাণে। ঘূর্ণন ও প্রলেপ প্রযুক্তিতে তৈরি হয় নকুলদানা, স্তরীকরণ পদ্ধতিতে নির্মিত হয় খাজা-গজা এবং বায়ো-বাইন্ডিং হিসেবে মুড়কি, মুড়ির নাড়ু বা মোদকে ব্যবহৃত হয় দেশীয় পাতলা গুড়।

নাড়ু বা মোয়া শুধু মিষ্টি নয়, একাধিক দেবতার অন্যতম লাঞ্ছন বা চিহ্ন। যেমন নাড়ুগোপাল। শিশুকৃষ্ণের এই অনবদ্য রূপের অন্যতম চিহ্ন হল ডানহাতে মুড়ি বা ক্ষীরের নাড়ু। নাড়ুগোপাল অনেক বাড়ির গৃহদেবতা। বৈষ্ণবীয় আখড়া বা দেবগৃহে মূল বিগ্রহের নিচে একাধিক নাড়ুগোপাল থাকে। পূর্ব-বর্ধমানের সুদপুর গ্রামের বলরাম মন্দিরে প্রায় কুড়ির অধিক নাড়ুগোপাল দেখা যায়। 

মুড়ির নাড়ু বাল-কার্তিকের হাতেও শোভা পায়। কাটোয়ার কার্তিক লড়াইয়ের কার্তিক ঠাকুরের অন্যতম বৈশিষ্ট্য হল, দেবতার হাতে ঝোলানো মুড়ির বড় বড় নাড়ু। আবার অনেক দেবতার গলায় পরানো হয় মিষ্টির মালা বা ‘ভোজ্য কণ্ঠহার’। মোয়া বা মোদক গণেশের অন্যতম লাঞ্ছন। চতুর্ভুজ গণেশের হাতেও মোদকপাত্র সাধারণ বৈশিষ্ট্য।

zoom
মুড়ির নাড়ু

মোদক থেকে বাংলায় আস্ত এক জনজাতির উদ্ভব হয়েছে ‘ময়রা’– মিষ্টান্ন শিল্পী। ভারতের অন্যত্র মিষ্টির কারিগর ‘হালওয়াই’ নামে পরিচিত হলেও বাংলায় তার পরিচিতি মোদক জনজাতি। বাংলায় হালওয়াই থেকে আগত হালুইকর প্রধানত বিয়ে-থা’র ভোজের রন্ধনশিল্পী নামে সুপরিচিত। তবে বংশগত কোনও পরিচয় নেই। বাংলায় উত্তম পয়রাগুড়ের কারিগর ময়রাকুল নবশাখ পর্যায়ভুক্ত সম্মাননীয় জনজাতি। প্রাক-ছানা পর্বের মিষ্টান্ন শিল্পী হিসেবে তাঁরা সমাজে বিশেষ মর্যাদা পেয়েছিলেন। তাঁদের মিষ্টান্ন ‘কারুশালা কারখানা’ নামে খ্যাত। নানা ধরনের উনুন হাতা, ডাবু খুন্তি কড়াই, কাঠের বারকোশ, তাড়ু, মটকা নিয়েই তাঁদের ভিয়েনশালা সরগরম।

বাংলার তৃণমূল স্তরে মহাপ্রভুর প্রভাব অপ্রতিহত। মিষ্টান্ন শিল্পেও শ্রীচৈতন্যের প্রভাব পড়েছিল গাঢ় লোকশ্রুতি অনুসারে কাটোয়ার মধু নাপিত মহাপ্রভুর আশীর্বাদে মধু ময়রাতে রূপান্তরিত হন। ফলে চৈতন্যোত্তর যুগে বাংলার মিষ্টান্ন শিল্পে বহুমাত্রিক পরিবর্তন আসে। একইভাবে বাংলার দেবপূজায় অহিংস বৈষ্ণবধর্মের প্রভাবে বহু শাক্ত বনেদি পরিবারে দুর্গা, কালী বা জগদ্ধাত্রীপুজোয় পশুবলি নিষিদ্ধ হয়। উদ্ভব হয়েছিল তার এক বিকল্প বিস্ময়কর মিষ্টি পদ্ধতি।

জীবন্ত পশুর পরিবর্তে মিঠাই পশু বলিদান– এক মধুরেন সমাপয়েৎ। তবে নিরেট ক্ষীর দিয়ে না-গড়ে ভিতর ফাঁপা রেখে লাল রঙের চিনির রস ভরে রক্ত তৈরি করেন। বলির সঙ্গে সঙ্গে চিনির লাল রস রক্তের মতো বেরিয়ে আসে। একইভাবে বনেদি বাড়ির দুর্গাপুজোয় শত্রুবলি বা নরবলির বিকল্পে আতপচাল মিষ্টি দিয়ে তৈরি বলির স্মৃতিকে জাগিয়ে রেখেছে। প্রাক-ছানা পর্বের সন্দেশে বৈচিত্র এলেও পুরাতন ছাঁচের অবলুপ্তি ঘটছে দ্রুত। মাটি কাঠ পাথরের পরিবর্তে প্লাস্টিকের আধুনিক ছাঁচের বহুল ব্যবহার এখন দেখা যায়। 

………….

পড়ুন ঠাকুরদার ঝুলির অন্যান্য পর্ব

………….

Bandel Cheese Bengali Sweets Bengali Tradition Chaitanya Mahaprabhu Offering Radha and Krishna Sangbad Pratidin Sangbad Pratidin Robbar

Share this article on