Belonging: Sonia and Rajiv’s Story of Love। Robbar
Robbar
  • ২৯ কার্তিক ১৪৩৩
  • সোমবার
  • ১৬ নভেম্বর ২০২৬

আমরা এমনি এসে ভেসে যাই

কেমব্রিজের ‘ভার্সিটি’। গ্রিক রেস্তোরাঁ। বছর উনিশের সোনিয়ার সেখানেই প্রথম আলাপ লম্বা, হ্যান্ডসাম ছেলেটির সঙ্গে। যাঁর গভীর কালো দু’টি চোখে প্রেমের স্বপ্ন দেখেছিলেন সোনিয়া। যে প্রেম হাওয়ার মতো, নেশার মতো তাঁর গায়ে জড়িয়ে দিয়েছিল ভালোবাসার আলিঙ্গন। স্পর্শ করেছিল ভারতের রূপ-রস-সংস্কৃতি। অচেনা মুখ হয়ে উঠেছিল আপনজন। তবু রাজীব গান্ধীর সঙ্গে তাঁর প্রেমজীবন সহজ ছিল না। সেই ভাঙাগড়া স্মৃতির ঝলকানি নিয়েই সোনিয়া গান্ধীর ‘বিলংগিং: আ জার্নি অফ লাভ’।

শেষ আপডেট: নভেম্বর ১৬, ২০২৬, ২০:২৮   
Facebook WhatsApp Messenger

১১৪.

লম্বা এবং হ্যান্ডসাম, গভীর কালো দু’টি চোখ। দলের সবার থেকে সে আলাদা। আমার উল্টোদিকের টেবিলে সে, ‘ভার্সিটি’তে। ‘ভার্সিটি’ একটা গ্রিক রেস্তোরাঁ, যেখানে বন্ধুদের সঙ্গে যেতাম। ১৯৬০-এর দশকে, কেমব্রিজে ভার্সিটি একমাত্র রেস্তোরাঁ, যেখানে পেতাম প্রায় ইতালিয়ান স্বাদগন্ধের কাছাকাছি কিছু খাবার। তখন আমার বয়স সবে ১৯।

zoom
সোনিয়া গান্ধী

কয়েক সপ্তাহ আগে আমি ইংল্যান্ডে এসেছি ইতালি থেকে। উদ্দেশ্য ‘জেরেট স্কুল অফ ইংলিশ’-এ ইংরেজি পড়া। সব কিছুই আমার কাছে মনে হতে লাগল– অপরিচিত, বহির্জাগতিক: ভাষা, মানুষ এবং সবথেকে বেশি অপরিচিত ঠেকছে খাদ্য। সেই সময়ে আন্তর্জাতিক টেলিফোন করা আজকের মতো সহজ ছিল না। মা আর বাড়ির জন্য খুব মনকেমন করত। মাকে নিয়মিত চিঠি লিখতাম। জানাতাম কতটা মিস করছি তাকে, মনে পড়ছে বাড়ির কথা, বোনদের কথা, বন্ধুদের জন্য মনকেমন, ইংরেজরা কী অদ্ভুত, কাছের মানুষ হয় না কখনও, কী ঠান্ডা তাদের আবহাওয়া, কী বীভৎস তাদের রান্না!

আমি থাকছি একটা পরিবারের সঙ্গে। আমার স্কুল এই পরিবারের পেয়িং গেস্ট হয়ে থাকার ব্যবস্থা করে দিয়েছে। সাপ্তাহিক পেমেন্টের ব্যবস্থা। তার মধ্যেই ধরা আছে ব্রেকফাস্ট আর রাতের খাবার। আর প্রতি রবিবার ‘হাই টি’ বলে একটা কিছু। এই সব খাবার চোখে দেখাও আমি সহ্য করতে পারি না। চেখে দেখা তো দূরের ব্যাপার। সেই সময় অ্যাভারেজ ব্রিটিশ ফুড একজন ইতালিয়ানের কাছে সত্যি ছিল প্রাত্যহিক শাস্তি। খেতে বসলেই বাড়ির খাবারের কথা মনে পড়ত। মাছ, মাংস, সবজি– সব কিছু সবসময় টাটকা এবং কত যত্নে রান্না করা হত! ব্রেড, পাস্তা, মিট, ভেজিটেবলস– কত কী প্রাচুর্যের বৈচিত্র, দেখতে কী মধুর, স্বাদে-গন্ধে কী আকর্ষণীয়!

zoom
‘কোয়ালিটি টাইম’: একসঙ্গে আইসক্রিম খাচ্ছেন রাজীব-সোনিয়া

আর এখানে, ইংল্যান্ডে, রান্না কী স্বাদহীন,এবং অধিকাংশই রংহীন। সব কিছু সিদ্ধ, না আছে সুগন্ধি পাতা, মশলা, না আছে হার্বস! শুধুমাত্র একটু নুন। কখনও সামান্য মরিচ। আমি তো ব্রেকফাস্টের ডিম, বেকন, বেকড বিনস– সব আমার জানলা দিয়ে ছুড়ে বাড়ির পিছনে ঘাসের ওপর ফেলে দিতাম, যা সাফ করে দিত পাড়ার বিড়ালগুলো।

কিছুদিনের মধ্যে আমি একটা বাইসাইকেল ভাড়া করে ঘুরে ঘুরে কেমব্রিজটাকে চিনতে শুরু করলাম এবং একদিন কিং স্ট্রিটের শেষে পেয়ে গেলাম আমার পছন্দের স্বাদ গন্ধের টিন্ড ফুড: স্যান ড্যানিয়েল হ্যাম, গরগনজোলা অথবা ফনটিনা চিজ, টাটকা ব্রেড, যাতে আমার সন্ধেবেলার খাবারের সমস্যা ঘুচল। আর আমার লাঞ্চের সমস্যা মেটাল ভার্সিটির গ্রিক খাবার, যার অনেক মিল ইতালিয়ান খাবারের স্বাদ-গন্ধের সঙ্গে। এবং ইউনিভার্সিটির কাছেই। সিম্পল রেস্তোরাঁ। পকেটবন্ধু দাম। দুপুরে এখানে তাই ছাত্রছাত্রীদের ভিড় বেশি। এখানে আমাদের টেবিলের উল্টোদিকে এসে বসত কিছু হুল্লোড়ে ছাত্র। তার মধ্যে সব থেকে হ্যান্ডসাম যে, সে সবথেকে শান্ত, ভদ্র। তার দিকেই লুকিয়ে তাকাতাম এমনভাবে, যেন সে বুঝতে না পারে। আমার কৌতূহল, কোন দেশের ছেলে? দক্ষিণ ইতালির নেপলসের ছেলে? না কি সিসিলিয়ান? না কি স্প্যানিশ?

zoom
রাজীব-সোনিয়া গান্ধী

শীতকালে কেমব্রিজ। কী ঠান্ডা। আর ধূসর। চটচটে ভিজে কুয়াশার ঘোমটা যেন ছেয়ে আছে শহরের মাথা। সমস্ত সময়ে মন বিষণ্ণ হয়ে থাকে। কিন্তু জানুয়ারি মাসের সেই রবিবার, যে রবিবার আমার জীবন বদলে দিল, সেই দিনটা ছিল উজ্জ্বল রোদালো দিন। বাতাস এমন ধারালো, যেন কামড়ে দিচ্ছে গাল। সুন্দর নীল আকাশে ভাসছে তুলোর মতো মেঘ। আমি ভার্সিটিতে গেলাম লাঞ্চ করতে। রবিবার। আজ রেস্তোরাঁ বেশ ফাঁকা। এবং সেই ছেলেটিকে দেখতে পেলাম না। মনটা খারাপ হয়ে গেল। কিন্তু হঠাৎ রেস্তোরাঁর দরজা খুলে গেল। আর সেই হ্যান্ডসাম যুবক প্রবেশ করল। এবং তার সঙ্গে ক্রিস্টিয়ান ভন স্টিগলিটজ, যে আমার পরিচিত। আমি কি দিবাস্বপ্ন দেখছি! আমি কিছু বলার আগেই ওরা দু’জনেই আমার টেবিলের সামনে!

‘হাই সোনিয়া, মিট মাই ফ্রেন্ড রাজীব’, বলল ক্রিস্টিয়ান। রাজীব তখুনি আমার দিকে হাত বাড়িয়ে বলল, ‘হাউ ডু ইউ ডু, সোনিয়া?’ রাজীবের মুখে হাসি। আমার হৃদয় তখন ধকধক করছে। এত জোরে, মনে হল, সবাই আমার হৃদয়ের শব্দ শুনতে পাচ্ছে। আমার মুখে যেন আগুন লাগল। আমার হাত কাঁপছে। আমি তার দিকে হাত বাড়ালাম। তার দর্শনীয় স্বচ্ছ মুখ, কালো দু’টি চোখ, এই প্রথম আমার চোখের ওপর। ‘হাউ ডু ইউ ডু’, বললাম আমি। আর তখুনি বুঝলাম, সেই বিশেষ মুহূর্তটি ঝলসে ওঠা বিদ্যুৎ!

zoom

রাজীব মার্চ মাসে (১৯৬৫) তার মা ইন্দিরা গান্ধী কে জানাল, একটি মেয়ের সঙ্গে তার দেখা হয়েছে, ‘হুম হি বিলিভড টু বি ভেরি স্পেশাল’ আর পরের মাসে রাজীব মাকে লিখল, ‘হি ওয়াজ কোয়াইট শিওর হি ওয়াজ ইন লাভ।’ ইন্দিরা পুত্রকে সাবধান করে লিখলেন, যে মেয়েকে প্রথম দেখেই ঠিক করে ফেললে তোমার জন্য সে সঠিক, সেই সিদ্ধান্ত ঠিক না-ও হতে পারে। রাজীবের সংক্ষিপ্ত উত্তর: ‘আই ওয়াজ দি গার্ল হি ওয়ান্টেড টু ম্যারি।’

zoom
রাজীব গান্ধীর চোখে সোনিয়া

ভয় পেলেন ইন্দিরা। মাত্র তো ক’দিনের জানাশোনা। তা থেকে বিয়ের সিদ্ধান্ত? ঝোঁকের মাথায় এই বিয়ের ফল কী হতে পারে? এত কম বয়সের একটি মেয়ে নিজের দেশ, সমাজ, সংসার, চেনা পরিবেশ ছেড়ে চলে এসে মানিয়ে নিতে পারবে? না পারলে? তাঁর বড় ছেলের কেমন বউ তিনি চান, সেই রকম একটা ধারণা সব মায়ের মতো ইন্দিরার মনেও নিশ্চয়ই আছে। তবু তিনি চান, রাজীব যেন তার পছন্দের মেয়েকেই বিয়ে করে।

zoom

ইন্দিরা শেষ পর্যন্ত ঠিক করলেন তাঁর দুশ্চিন্তার কথা তিনি জানাবেন বিশেষ পারিবারিক বন্ধুদের। এঁরা হলেন লন্ডনে কর্মরত ভারতের ডেপুটি হাই কমিশনার পি. এন. হাকসার এবং তাঁর স্ত্রী। হাকসার দম্পতি রাজীবকে চিনতেন এবং স্নেহ করতেন। তাঁরা যে রাজীবের প্রেমের গল্প পাঁচকান করবেন না, ইন্দিরার এই বিশ্বাস ছিল।

zoom

মার্চ মাসেই তাঁরা আমাদের নিমন্ত্রণ করলেন হ্যামস্টেডের সান হাউসে, যে বাড়ি লন্ডনে তাঁদের অফিশিয়াল হোম। সেখানে কিছু কথাবার্তা হল। তারপর আমাদের খেতে নিয়ে গেলেন একটা ভারতীয় রেস্তোরাঁয়। আমার যে পরীক্ষা চলছে, এমন একটা সন্দেহ মনের মধ্যে আসতেই আমি সারা সন্ধে কাঁটা হয়ে থাকলাম। ভারতীয় রেস্তোরাঁয় ঢুকেই রান্নার অপরিচিত গন্ধ আমার খারাপ লাগল। কেমব্রিজে ইস্ট পাকিস্তানি যে কোনও রেস্তোরার পাশ দিয়ে যাওয়ার সময় এই গন্ধ পাই এবং আমি দ্রুত পা চালিয়ে নাক বন্ধ করে চলে যাই। সেই একই গন্ধ এই রেস্তোরাঁয়।

zoom

মেনুকার্ড আমার হাতে দিয়ে বলা হল, আমার পছন্দের খাবার বাছতে। আমি সেই মেনুকার্ডের দিকে বিপুল বিহ্বলতায় তাকিয়ে। মাথামুন্ডু কিছুই বুঝতে পারছি না। রাজীব মৃদুভাবে আমাকে সাহায্য করল। ফলে এক ধরনের উজ্জ্বল রাঙা, সামান্য পোড়া চিকেনের একটা বড় পিস এল আমার প্লেটে। এটা না কি ‘নর্থ ইন্ডিয়ান স্পেশালিটি’– তন্দুরি চিকেন! ‘ওয়ান বাইট, অ্যান্ড মাই মাউথ ওয়াজ ওন ফায়ার’! আমি সেই মুহূর্তে ভাবতেই পারিনি অদূর ভবিষ্যতে এই তন্দুরি চিকেনকেই আমি এতটা ভালোবেসে ফেলব!

মাঝখানে ঘটে গিয়েছে অনেক ঘটনা। আমার প্রেমজীবন সহজ নয়। আমি যেন ভাগ্যের হাতে পুতুল, সে-কথা জানতে আমার বই ‘বিলংগিং: আ জার্নি অফ লাভ’ পড়তেই হবে।

zoom

১৯৬৮-র ১৩ জানুয়ারি। ভোর ৫টা ১৫। আমি দিল্লি এয়ারপোর্টে নামলাম। ভীষণ ক্লান্ত এবং মানসিকভাবে অশান্ত। রাজীব আমাকে রিসিভ করতে এসেছে। সঙ্গে ভাই সঞ্জয়। রাজীবকে দেখে আমার মন ভরে গেল।

রাজীবের মা প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী আমার সঙ্গে দেখা করতে এলেন এবং কিছুক্ষণের মধ্যেই বললেন, “Rajiv will have to go to Secunderabad for his training soon. What are you going to do here all on your own. It’s better not to delay things and allow gossip and innuendo to spread. Rather than have you return to Italy and then come back later, you ought to get married before Rajiv leaves for his training.”

zoom
বিয়ের পর রাজীব-সোনিয়া, সঙ্গে ইন্দিরা গান্ধী

আমি হতবাক। বিমূঢ়। ভয়ার্ত। বেঁচে গেলাম। একইসঙ্গে এতগুলি ভাব খেলে গেল আমার মধ্যে। কিছুক্ষণের মধ্যেই রেডিও-তে ঘোষণা: “Prime Minister of India Indira Gandhi’s eldest son is engaged to be married to Sonia Maino.”

ভাগ্যের কী খেলা! এই তো শুরু। কোথায় আমাকে নিয়ে যাবে কীভাবে, কে জানে! আমার কিচ্ছু করার নেই। ভেসে যাওয়া ছাড়া।

………………..

রোববার.ইন-এ পড়ুন কাঠখোদাই-এর অন্যান্য পর্ব

………………..

Belonging: A Journey of Love Indira Gandhi Rajiv Gandhi Sangbad Pratidin Sangbad Pratidin Robbar Sonia Gandhi

Share this article on