ঈশ্বর সেবার পন্থা হিসেবে যে জীবে প্রেমের চেয়ে বড় কিছু হয় না, সে ধারণা কমবেশি হয়েছে আমাদের। ধর্ম-বর্ণ-মতের ভেদাভেদ সরিয়ে রেখে যেন অন্যের প্রতি দয়াপরবশতাকে অগ্রাধিকার দিতে শেখে মানুষ, সে শিক্ষাই দেওয়া হয় বারবার। তবে আত্মত্যাগকে দয়ালু হওয়ার মাপকাঠি হিসেবে বিবেচনার ফলে বেশিরভাগ ক্ষেত্রেই বাদ পড়ে যায় আত্মানুরাগ। নিজেকে ভালোবাসা, সময় দেওয়া, ভালো রাখা। এমন একপেশে দৃষ্টিভঙ্গিকে কি সমর্থন করে ‘বিশ্ব সহানুভূতি দিবস’?
বিশ্বাস করুন, সত্যি বলছি, আমি নিজেকে একজন দয়ালু, ইংরেজিতে যাকে ‘কাইন্ড হার্টেড’ বলে, তেমন মানুষ বলেই জানি।
কেন? এই গত হপ্তারই একটা ছোট ঘটনা বলি, আমাদের গলির মোড়ে একটা কুকুর থাকে, নাম ভুলো। রোজ সকালে বাজারে যাওয়ার আগে ওকে দুটো বিস্কুট দিই। সারা বছর ভুলোর বিস্কুট বাঁধা। গত শীতে আলমারি থেকে একটা পুরনো সোয়েটার বের করে, মোড়ের দোকানের শেডের তলায় ভুলোর জন্য বিছানা পেতে দিয়েছিলাম। নিজের জন্য নতুন সোয়েটার কেনা হয়নি অনেক বছর। দরকারও লাগে না, পুরনোটা দিব্যি চলছে, কনুইয়ের কাছে একটু ফুটো, এই যা। তো ক’দিন আগে ভুলোর পায়ে পেরেক ফুটল। বেচারি খুঁড়িয়ে হাঁটছে দেখে ওর থাবা তুলে দেখি, রক্তারক্তি ব্যাপার! অফিস কামাই করে টোটোয় তুলে নিয়ে গেলাম ভেট-এর কাছে। ফি ৪০০, ওষুধ আলাদা। ফেরার পথে ভুলোর মাথায় হাত বোলাতে বোলাতে তৃপ্তির ঢেকুর তুলে ভাবলাম, আহা, আমার মতো মানুষ আছে বলেই না পৃথিবীটা এখনও টিকে আছে!
বাড়ি ফিরে গল্প শুনে আমার বউ বলল, ‘ভুলোর জন্য দরদ ভালো কথা। কিন্তু তোমার নিজের ঘাড়ের ব্যথাটা নিয়ে ডাক্তারের কাছে কবে যাবে?’
আমি বললাম, ‘ও কিছু না, শোয়ার ভুলে হয়েছে।’
সেই শোয়ার ভুলের ব্যথা সাতমাস চলছে। এই লেখা লিখতে বসা ইস্তক ডাক্তারের কাছে যাওয়া হয়নি। ব্যথা বাড়ছে।

শুধু আমি কেন, আমাদের মিতালীদির কথা বলি। আমাদের পঞ্চায়েতের দুই নম্বর প্রাথমিক স্কুলে পড়ান মিতালীদি। অত্যন্ত ভালো মানুষ। যে-বাচ্চা টিফিন আনে না, তাকে নিজের বাক্সের রুটি ভাগ করে দেন। যে-বাচ্চার জুতো ছেঁড়া, তার জন্য নিজের মাইনে থেকে জুতো কিনে আনেন। বাড়িতে বুড়ো শ্বশুর, অসুস্থ ননদ, দুটো বেড়াল। সবার খাওয়া মিটলে, রাত ১১টায় রান্নাঘরে দাঁড়িয়ে ঠান্ডা ভাতে একটু ডাল মেখে খান। কেউ জিজ্ঞাসা করলে হেসে বলেন, ‘আমার ওসব লাগে না। হলেই হল!’
কলিগরা কতবার বলেছেন, ‘মিতালী, নিজের একটু যত্ন নাও, তোমার চেহারাটা কিন্তু দিনে দিনে শুকোচ্ছে।’ মিতালীদির উত্তর, ‘ও কিছু হবে না।’
একদিন প্রেয়ার লাইনে দাঁড়িয়ে মিতালীদি সটান মাটিতে পড়ে গেলেন। সবাই হইহই করে চেঁচিয়ে উঠল। ব্লক হাসপাতালের ডাক্তারবাবু রিপোর্ট দেখে অবাক। রক্তে হিমোগ্লোবিন এত কম যে, দাঁড়িয়েছিলেন কীভাবে সেটাই আশ্চর্যের!
মিতালীদি মৃদু হেসে বললেন, ‘সময়ই পাইনি ডাক্তারবাবু। এত দায়িত্ব!’
ডাক্তারবাবু বললেন, ‘আপনি তো অন্যের প্রতি দায়িত্ব খুব বোঝেন। নিজেরটা বুঝতে দেরি করলে কী করে হবে? নিজের প্রতিও একটু দয়া-টয়া দেখান!’
মাসকয়েক ধরে মিতালীদি বেশ খিটখিটেও হয়ে গিয়েছিলেন। যে মানুষ জীবনে কারও ওপর গলা তোলেননি, তিনি বাচ্চাদের ধমকাতে শুরু করেছিলেন। আসলে, দয়ার চার্জ ফুরিয়ে এলে সেটা প্রথমে বিরক্তি হয়ে বেরয়। নিজের ফোনে এক পার্সেন্ট চার্জ থাকলে তখন অন্যের ফোনে চার্জ দেওয়া যায় না। ওটা ত্যাগও নয়, বীরত্বও নয়। স্রেফ গোলমাল।
এবার আবার একটু নিজের কথা বলি। গত মাসে ক্রেডিট কার্ডের বিল ডিউ ডেটের মধ্যে পেমেন্ট করতে ভুলে গিয়েছিলাম। পেনাল্টি গুনতে হল। গাদাখানেক ফালতু পেমেন্ট করে আয়নার সামনে বেসিনে হাত ধুতে ধুতে নিজেকে যা বললাম, তা পুরোটা লেখা যাবে না। আমার ছেলে পিছনে দাঁড়িয়ে সব শুনে বলল, ‘বাবা, তুমি এসব কাকে বলছ?’
বললাম, ‘নিজেকে।’
ও বলল, ‘কিন্তু তুমি তো আমাকে বলো ভুল করলে কিছু হয় না, পরেরবার মন দিয়ে করলেই হবে। তাহলে নিজেকে এসব বলছ কেন?’
জবাব দিইনি। জবাব ছিলও না।
…………………………………………………………
অনেকে ভাবেন নিজের যত্ন নেওয়া, নিজের প্রতি দয়ালু হওয়া বুঝি স্বার্থপরতা। আসলে তা নয়। আয়নায় নিজেকে দেখে মুগ্ধ হওয়া, আর নিজের পাশে দাঁড়ানো এক জিনিস নয়। আবার দয়া মানে করুণাও নয়। নিজেকে বেচারা ভেবে কাঁদতে বসা নয়। ভুলোর পা থেকে পেরেক বের করার সময়ও আমি তাকে করুণা করিনি। সময়ে খাওয়া, সময়ে ঘুমনো, ব্যথাকে অবহেলা না-করা, আর ভুল করলে নিজের কান না-মলে পিঠে হাত রাখা– ‘কাইন্ডনেস’ এটুকুই।
…………………………………………………………
রাতে শুয়ে শুয়ে অনেকক্ষণ ভাবলাম। ছেলের অঙ্কে কম নম্বর এলে, আমি ওর মাথায় হাত রাখি। ভুলোকে নিয়ে ভেটের কাছে দৌড়ই। অফিসের নতুন ছেলেটা ভুল করলে বলি, ‘প্রথম প্রথম সবার হয়।’ শুধু একটা মানুষের বেলায় আমার সব ধৈর্য ফুরিয়ে যায়। সেই মানুষটাকে আমি রোজ সকালে আয়নায় দেখি।
আমার মাকেও দেখেছি, একইরকম। ছোটবেলা থেকে দেখেছি, মাছের পেটিটা যেত বাবার পাতে, মুড়োটা আমার, আর মা খেত ল্যাজা। জিজ্ঞাসা করলে বলত, ‘ল্যাজার কাঁটা বাছতে আমার খুব ভালো লাগে।’ আমি সত্যিই বিশ্বাস করতাম। চাকরি পাওয়ার পর, একদিন বাজার থেকে বড় একটা রুই এনে মায়ের পাতে নিজের হাতে পেটিটা তুলে দিয়েছিলাম। মা কিছুক্ষণ সেই দিকে তাকিয়ে রইল। তারপর বলল, ‘এটা তুই খা, আমার অভ্যেস নেই।’
অভ্যেস। বছরের পর বছর নিজেকে বঞ্চিত করতে করতে সেটা আর ত্যাগ থাকে না, অভ্যেস হয়ে যায়। তারপর একদিন কেউ ভালোবেসে কিছু দিলেও হাত বাড়াতে লজ্জা করে। মনে হয়, এটা তো আমার জন্য নয়।
সেদিন মায়ের পাশে বসে প্রায় জোর করে পেটিটা খাইয়েছিলাম। মা খাচ্ছিল আর বারবার বলছিল, ‘থাক থাক, অনেক হয়েছে।’ চোখের কোণটা চিকচিক করছিল। কেন, জিজ্ঞাসা করিনি। আজও জানি না, সে জল আনন্দের, না কি অন্য কোনও অনুভূতি ছিল তার নেপথ্যে।
আসলে আমরা ভাবি, নিজেকে খুব ভালোবাসি। অথচ রাত দুটো পর্যন্ত মোবাইলে চোখ রেখে সকাল সাতটায় উঠে পড়ি, জল খাই না, চা খেয়ে দুপুর কাটাই, বুকজ্বালা হলে অ্যান্টাসিড, কোমরে ব্যথা হলে মলম, ডাক্তারের কথা উঠলেই ‘সামনের মাসে’। ছুটি জমতে জমতে পচে যায় তবু নিই না, মনখারাপ হলে বলি, ‘ও কিছু না’, ক্লান্ত হলে বলি, ‘আর একটু’। সবার শেষে নিজের থালা টেনে আনি, নিজের কান্নাকে বলি ‘ন্যাকামি’ আর নিজের ইচ্ছেকে বলি ‘বিলাসিতা’। এসবের নাম দিই দায়িত্ব, সংসারের জন্য ত্যাগ। অথচ ভুলোর জন্য যা করেছিলাম, ঠিক সেই কাজটাই নিজের জন্য করতে গেলে মনে হয় বাড়াবাড়ি। কেন বলুন তো?

এখানে একটা ভুল বোঝাবুঝি হয়। অনেকে ভাবেন নিজের যত্ন নেওয়া, নিজের প্রতি দয়ালু হওয়া বুঝি স্বার্থপরতা। আসলে তা নয়। আয়নায় নিজেকে দেখে মুগ্ধ হওয়া, আর নিজের পাশে দাঁড়ানো এক জিনিস নয়। আবার দয়া মানে করুণাও নয়। নিজেকে বেচারা ভেবে কাঁদতে বসা নয়। ভুলোর পা থেকে পেরেক বের করার সময়ও আমি তাকে করুণা করিনি। সময়ে খাওয়া, সময়ে ঘুমনো, ব্যথাকে অবহেলা না-করা, আর ভুল করলে নিজের কান না-মলে পিঠে হাত রাখা– ‘কাইন্ডনেস’ এটুকুই।
ছোটবেলায় শুনতাম, ‘আপনি আচরি ধর্ম পরেরে শিখাও’। তখন ভাবতাম, এ বুঝি আলগা উপদেশ। এখন মনে হয়, এর অর্থ অন্যরকম। নিজের ওপর যে-দয়ার চর্চা করিনি, তার ভরসায় অন্যকে দয়া দেখাতে গেলে একদিন চার্জ ফুরবেই।
১৩ নভেম্বর ‘ওয়ার্ল্ড কাইন্ডনেস ডে’। গলিতে ভুলো সেদিনও বিস্কুটের আশায় বসে থাকবে, আমি যাবও। কিন্তু যাওয়ার আগে ভাবছি, কাঁধের ব্যথাটার জন্য ডাক্তারের একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নেব। সাত মাস তো হল।
ভুলোর এমনটা হলে, আমি সহ্য করতাম কি এতদিন?
A Unit of: Sangbad Pratidin Digital Private Limited. All rights reserved