

তীব্র উত্তেজনার আকাঙ্ক্ষা অনেককে শব্দপিপাসু করে দেয়। আচরণ বিজ্ঞানের ভাষায়, এর নাম ‘সেনসেশন সিকিং’। বিস্ফোরণের শব্দ যত বেশি হয়, মনের মধ্যে ঢাকের মতো বাজতে শুরু করে রোমাঞ্চ-ঘুঙুর। আরাধনার দিনের দোহাই দেখিয়ে, অন্যের প্রভূত অসুবিধা করেও পার পেয়ে যাওয়ার মধ্যে এক ধরনের হিরোইজম কাজ করে আমাদের। প্রবল আওয়াজে ঘাবড়ে যাওয়া লোকটি হয়তো অলিখিতভাবে তাঁর বশ্যতা স্বীকার করে নেন। মানে, করে নিতে বাধ্য হন আর কী!
ব্যস্ত ফুটপাথে চলতে গিয়ে কালীপটকার আওয়াজে থমকে গেলাম হঠাৎ। পটকাটা ফাটল আমার ঠিক ইঞ্চিদুয়েক দূরে। ভ্যাবাচ্যাকা খেয়ে ঘুরে তাকালাম ডানদিকে। তিন-চারজন কলেজপড়ুয়ার থেকে যা উড়ে এল, তা হল নিখাদ খ্যাঁকখ্যাঁক ধ্বনি। জেরি বিপদে পড়লে টম যেভাবে হাসত, তার সঙ্গে ওদের হাসির মিল ছিল খুব।
কালীপুজোর সন্ধে। উত্তর কলকাতা। ডান কানে হামলে পড়ছে ‘বসন পরো মা’। বাঁ কানে ‘সেক্সি লেডি অন দ্য ফ্লোর’। মুখ যতটা গম্ভীর করা যায় ততটা করে, প্রবল মাইকের আওয়াজে গলার স্বর যতটা উঁচু করা যায়, ততটা করে ছেলেগুলোকে বললাম, ‘ইয়ার্কি মারছ ভর সন্ধেবেলায়? কমন সেন্স বলে কিছু নেই তোমাদের?’ হাসি থামেনি। আরও একটু কাছে এগলাম। ওদের মুখ থেকে ভকভক করে বেরচ্ছিল মদের গন্ধ। একজন বলল, ‘পুজোর দিনে এসব তো একটু হবেই দাদা। সব ব্যাপারে আপত্তি করলে চলে না।’ আমি এবার কলার ধরলাম একজনের। বললাম, ‘লজ্জা করে না? একটা দুর্ঘটনা ঘটে গেলে দায়িত্ব নিতে তোমরা?’ এটা শোনার পরে ওদের হাসি বেড়ে গেল ফের। অন্য একজন বলল, ‘পেঁয়াজি দেখাচ্ছে পোতিবাদী!’ ওর পাশের জন এবারে একটা কালীপটকা বের করে ছুড়ে মারল আমার মাথা লক্ষ্য করে। কোনওরকমে বাঁচালাম নিজেকে। ওদের সপাটে চড় মারতে হাত নিশপিশ করছিল। আমায় হঠাৎ ঘিরে ধরল পথচলতি লোকজন। শুনলাম, ‘কথা বাড়াচ্ছেন কেন? যে কাজে এসেছেন, সে কাজে যান না!’ শুনলাম, ‘পুজোর দিনে বাজি ফাটবে না তো কবে ফাটবে?’ শুনলাম, ‘রাস্তা দেখে চলাটা আপনার দায়িত্ব।’ শুনলাম, ‘ঘাড় ধাক্কা দিয়ে ফুটিয়ে দে শালাকে।’ সমবেত প্রতিরোধে আমার মাথাটা নীচু হয়ে গিয়েছিল হঠাৎ। দ্রুত পা বাড়ালাম সামনের দিকে। কয়েক কদম যেতে না যেতেই ফের একটা পটকা এসে পড়ল ঠিক আমার পায়ের গোড়ায়। আমি চমকে উঠলাম ফের। কানে আসছিল টমের অন্তহীন হাসি। আওয়াজটা ফিকে করার জন্য দৌড় লাগিয়েছিলাম এবারে, পরাজিত, হেরে যাওয়া আমি।

প্রতি বছর কালীপুজোর দিনে খবর কাগজের কয়েকটি পাতা, ফাঁস হয়ে যাওয়া পরীক্ষার প্রশ্নপত্রের মতো লাগে। পাতা ভরে থাকে কয়েকটি খুব জানা, বাসি হয়ে যাওয়া, শ্যাওলা ধরে যাওয়া হেডলাইন। ‘দীপাবলিতে আলোয় মাতুন, শব্দে নয়’, ‘শিশু, বয়স্ক মানুষ ও পোষ্যদের শব্দবাজির তাণ্ডব থেকে দূরে রাখুন’, ‘শরীরের উপরে শব্দবাজির ক্ষতিকারক প্রভাব’, ‘দয়া করে বিপদ ডেকে আনবেন না’, ‘আলোর উৎসবে আজও আঁধারে শব্দ-শহীদের মা’– এমন খবরগুলো প্রায় মুখস্থ হয়ে গিয়েছে বলা যায়। পরের দিনের সংবাদপত্রের পাতা জানান দেয়, এ বছরের শব্দ তাণ্ডবের লীলাকাহিনি। সমস্ত ব্যবস্থা সত্ত্বেও আমাদের হেরে যাওয়ার কথা বলে। তবে সামাজিক মাধ্যমে আমরা মগ্ন হচ্ছি যত, প্রতিবাদ করতে চাওয়া মানুষেরা, শব্দদৈত্যের থেকে আড়াল চাওয়া লোকেরা ক্রমাগত কোনঠাসা হয়ে চলেছেন, বেশ বুঝতে পারি।
সামাজিক মাধ্যমে সদ্য দেখা একটি পোস্টের কথা বলি। এক খ্যাতনামা সাহিত্যিক বাজির দূষণ এবং শব্দবাজির জান্তব খেলায় তাঁর ব্যক্তিগত অসুবিধার কথা জানিয়েছিলেন। তাঁর দিকে যে কমেন্ট ধেয়ে এসেছে, তার মধ্যে বহু মেসেজ ন্যূনতম শালীনতার সীমা ছাড়িয়েছে। লেখকের পক্ষ নিয়ে কেউ কেউ শব্দদানবের অত্যাচারের থেকে পরিত্রাণ না-পাওয়ার কথা লিখেছিলেন। ছাড় পাননি তাঁরাও। কয়েকটি নির্বাচিত কমেন্ট এই সুযোগে তুলে দেওয়া যেতে পারে।
‘বাংলাদেশে চলে যান… পাকিস্তানেও যেতে পারেন… আমাদের দুটো দিন একটু আনন্দ করতে দিন।’
‘আমার নিজের টাকায় বাজি ফাটাচ্ছি।’
‘আপনি তো জানতেন ব্যাপারটা। কোথাও ঘুরতে গেলেন না কেন?’
‘সেক্যুলারগিরি দেখাতে আসবেন না।’

ওই যে বললাম, এগুলো ‘নির্বাচিত’ কিছু কমেন্ট। সব ক’টি হুবহু তুলে ধরতে চাইলে অধিকাংশই ছাপার অযোগ্য বলে বিবেচিত হত। কিন্তু কোনও এক আশ্চর্যজনক কারণে, এর সবই কালো মণিহার পরে ঝলমল করতে থাকে সামাজিক মাধ্যমের দেওয়ালে। আমি জানি, অনেক মানুষ এমন কমেন্ট ‘রিপোর্ট’ করেন। কিন্তু আদতে কতটুকু কাজ হয়, তা নিয়ে প্রশ্ন থেকে যায়।
দিগন্ত কাঁপিয়ে বাজি ফাটানোর নেপথ্যে মনের মধ্যে কী প্রবণতা কাজ করে? এক মনোবিদ বন্ধুকে এই প্রশ্ন করায় ও আমার দিকে তাকিয়ে মুচকি হাসল খানিক। বলল, ‘বড্ড জটিল ব্যাপার ভায়া। কোনটা ছেড়ে কোনটার কথা যে আগে বলি! সবার প্রথমে যা আসবে তা হল, ক্ষমতা দেখানোর এক অদ্ভুত, দানবসদৃশ লোভ। আমাদের সামাজিক ব্যাকরণে ডেসিবেলের সঙ্গে ক্ষমতা প্রদর্শনের এক সমানুপাতিক সম্পর্ক রয়েছে। শব্দ দম্ভ গড়ে। আর দম্ভ মানুষের মাথায় পরিয়ে দেয় সিংহের কেশর। তখন মানুষ আর কথা বলে না। নিজের কথাই নিজের কানে গর্জনের মতো লাগে। আমরা জিভ বের করে ঠোঁট চাটি। লালা মুছি।’ আন্তর্জালের বিভিন্ন উইন্ডো এ সম্পর্কে আরও বিশদ তথ্যের সন্ধান দিল। জানতে পারলাম, হঠাৎ করে তীব্র উত্তেজনার আকাঙ্ক্ষা অনেককে শব্দপিপাসু করে দেয়। আচরণ বিজ্ঞানের ভাষায়, এর নাম ‘সেনসেশন সিকিং’। বিস্ফোরণের শব্দ যত বেশি হয়, মনের মধ্যে ঢাকের মতো বাজতে শুরু করে রোমাঞ্চ-ঘুঙুর। আরাধনার দিনের দোহাই দেখিয়ে, অন্যের প্রভূত অসুবিধা করেও পার পেয়ে যাওয়ার মধ্যে এক ধরনের হিরোইজম কাজ করে আমাদের। প্রবল আওয়াজে ঘাবড়ে যাওয়া লোকটি হয়তো অলিখিতভাবে তাঁর বশ্যতা স্বীকার করে নেন। মানে, করে নিতে বাধ্য হন আর কী! এমন আনন্দ পাঁঠার হাড় থেকে নলির মাংস টেনে নেওয়ার মতো! শব্দ উৎপাদনের নেপথ্যে রয়েছে মানসিক অবসাদও। প্রতিদিন কোনও কারণে, ঘরে কিংবা কর্মস্থলে ‘বঞ্চিত’ বোধ করা মানুষটি অপেক্ষা করতে থাকেন আস্ফালন প্রদর্শনের। কালীপুজোর সন্ধে তাঁকে পরম মমতায় এই সুযোগ উপহার দেয়।

বছর দুয়েক আগেকার কালীপুজোর এক সন্ধের কথা মনে পড়ছে। মধ্যবয়স্ক এক ব্যক্তি নিজের সর্বশক্তি উজাড় করে দিয়ে, প্রবল আক্রোশে ছুড়ে মারছিলেন একটার পর একটা আলুবোমা। সঙ্গের সংলাপগুলো একটু লিপিবদ্ধ করার চেষ্টা করা যাক–
‘তোর দেওয়া প্রমোশনের নিকুচি করেছে শালা! বস্ ভাবে নিজেকে আবার, বস্!’
‘দার্জিলিং বেড়ানোর শখ হয়েছে আবার! যাব না। যাব না। যাব না। কী দিয়েছ তুমি আমায় এত বছর?’
‘তোর মুখে পেচ্ছাপ করি শেয়ার মার্কেট। লস্ খাওয়ানোর লোক আর খুঁজে পাস না তুই?’
‘শ্বশুর! হেঁ হেঁ শ্বশুর! আরে ও শ্বশুর! তুই সম্পত্তি আগলে ধরে বসে থাক।’
‘আমি বাঁচতে চাই। শালা অপয়া। আমি বাঁচতে চাই।’
আমাদের সামাজিক ব্যবহারে আলোকে গিলে খেতে কোনও ত্রুটি রাখেনি শব্দ। আকস্মিক আওয়াজে কত মানুষ খুবই অসুস্থ বোধ করেছেন, থর থর করে কেঁপেছেন, কত অসুস্থ মানুষ মৃত্যুর কোলে ঢলে পড়েছেন– এর কোনও হিসেব আমাদের কাছে নেই। প্রত্যক্ষ প্রভাব এবং পরোক্ষ প্রভাবের কোনও সম্মিলিত সমীকরণ হয় না, অন্তত এক্ষেত্রে। তবে পরিবেশ নিয়ে কাজ করা সবুজ মঞ্চ জানাচ্ছে, ১৯৯৭ থেকে শুরু করে সাম্প্রতিককাল অবধি শব্দবাজির তাণ্ডবের বিরুদ্ধে প্রতিবাদ করে খুন হয়েছেন ১৫ জন মানুষ। আর গত ১৭ বছরে নিষিদ্ধ বাজি তৈরি করতে গিয়ে মারা গিয়েছেন অন্তত ২১১ জন। বলাই বাহুল্য, সব মৃত্যুর নেপথ্যে থাকা আসল খবর নথিবদ্ধ হয় না।

মওকা পেয়ে কলার তোলেন যাঁরা, সমাজের সার্বিক আচরণবিধির ব্যাকরণবিধির বই তাঁদের হেলথ ড্রিঙ্ক খাওয়ায় প্রকাশ্যে। স্তব্ধতা চাওয়া, তুমুল ডেসিবেলে একটু স্বস্তি পেতে চাওয়ার ইচ্ছে আমাদের গণতান্ত্রিক অধিকারের মধ্যেই পড়ে। এই মানুষগুলো বেঁচে থাকেন ছায়ার মতো। বুকে বল সঞ্চয় করে যুদ্ধে নামেন। বড্ড অসম এই লড়াই। মুহূর্তে পথ আগলে দাঁড়ায় এক অক্ষৌহিণী সেনা। সৈনিকদের হাতে দৃপ্ত পতাকা। সারা শরীরে সাইলেন্সারবিহীন বাইকের ঘটঘট। কয়েক লক্ষ রক্তচোখ। বাজ পড়ার মতো আওয়াজ ওঠে– ‘তফাত যাও!’ সেই ধ্বনি ছড়িয়ে পড়ে আকাশে-বাতাসে-বিশ্বচরাচরে। গরিলার মতো দুলতে থাকে বাইনারি সমুদ্র।
আলো নিভে যায়। শব্দ জেগে থাকে।
A Unit of: Sangbad Pratidin Digital Private Limited. All rights reserved