

যোগেন চৌধুরী শুধু ছবি আঁকেননি, লেখকবন্ধুই নন শুধু, পাশাপাশি কবিতা লিখেছেন, ভেবেছেন কবিতার কথা, কবিতার পাণ্ডুলিপি পড়ে করেছেন অজস্র প্রচ্ছদ। সদ্য তাঁর গদ্য়রচনার দু’টি খণ্ড প্রকাশিত হয়েছে। কিন্তু শেষত, তিনি কবির চিন্তক, কবিতার বন্ধু।
শান্তিনিকেতনে আমাদের গার্লস হোস্টেলের ঠিক পিছনে কলাভবনের ক্যাম্পাস। করিডর দিয়ে যাতায়াতের পথে ছাত্রছাত্রীদের যেমন চোখে পড়ে, তেমনই সোমনাথ হোড় থেকে কে.জি সুব্রহ্মণ্যম বা মানিদা, শর্বরী রায়চৌধুরী, সুহাস রায় ও যোগেন চৌধুরীকে দেখি। পড়ি বাংলা বিভাগে। নিজের বিভাগের বাইরে অনেকেই শান্তিনিকেতনের বিখ্যাত অধ্যাপক, শিল্পীদের সঙ্গে আলাপ জমাতে পারত, কিন্তু আমার লাজুক স্বভাব সে-বিষয়ে পারদর্শী ছিল না। ওঁদের কাজ অল্পবিস্তর দেখেছি। আমি হঠাৎ করে কী নিয়েই বা কথা বলব, আলাপ জমাব? ১১-১২ ক্লাসে বিষয় হিসেবে পেইন্টিং ছিল বলে, আমি হঠাৎ শিল্পকলা নিয়ে কথা বলতে যাব, এটা হতে পারে না।

আমার বোন কলাভবনে ভর্তি হল। বোনের সূত্রে এবং শ্রীসদন হোস্টেলে একসঙ্গে থাকার কারণে কলাভবনের অনেক মেয়েদের সঙ্গে প্রগাঢ় এবং কিছু ছেলেদের সঙ্গেও ঈষৎ বন্ধুত্ব হল। মণিপুরের এক সিনিয়র দাদা নানাভাবে বুঝিয়ে-সুঝিয়ে কলাভবনে পোর্ট্রেটের ক্লাসে আমাকে মডেল হিসেবে বসিয়েছিল। সে এক বিতিকিচ্ছিরি অভিজ্ঞতা। মোটকথা জড়তা ভেঙে ভবিষ্যতের শিল্পীদের সঙ্গে আমার একটা যোগাযোগ তৈরি হয়েছিল, কারণ প্রাথমিকভাবে ছবি আঁকব বলেই আমি শান্তিনিকেতনে গিয়েছিলাম। পরে কেউ একজন বোঝাল, কবিতা লিখতে গেলে বাংলা পড়তে হয়! ছবি আঁকার কঠিন পদ্ধতি, দীর্ঘ অনুশীলন দেখে ফেলায় আমার মতো ফাঁকিবাজের বোধহয় মনে হয়েছিল কবিতা লেখাটা সহজ!
মোদ্দা কথা, সে-সময় যাতায়াতের পথে দেখা ছাড়া যোগেনদার সঙ্গে আলাপ হয়নি। বিয়ের পর, আমাদের পারিবারিক বন্ধু, যাঁরা আসলে সুনীলদা-স্বাতীদির বন্ধু, সেই নীলাদ্রি ও রানু চাকির সূত্রে যোগেনদার বাড়িতে, যোগেনদা ও শিপ্রাদির সঙ্গে আলাপ হল। সে সম্ভবত ’৯৪-’৯৫ সাল। কানাডা-প্রবাসী নীলাদ্রিদা কবি অমিয় চক্রবর্তীর ঘনিষ্ট ছিলেন। নীলাদ্রিদার উদ্যোগে কলাভবনের নন্দনে অমিয় চক্রবর্তীর ওপরে একটি প্রদর্শনী হয়েছিল। আমরা দু’জনেই রানুদি, নীলাদ্রিদার সঙ্গে যুক্ত হয়েছিলাম বলে যোগেনদার বাড়িতে যাতায়াত শুরু হল। ততদিনে উৎপলকুমার বসুর সঙ্গে তাঁর অসাধারণ বন্ধুত্বের গল্প শোনা হয়ে গিয়েছে। প্যারিসে খরচ বাঁচানোর জন্য এক ঘরে, একজন রাতে থাকেন, একজন দিনে থাকেন– এইসব গল্প পড়ে ফেলেছি। দেখি যে, কবিদের সঙ্গে যোগেনদার খুবই ভাব। আমাদের সঙ্গেও হয়ে গেল।

এখনও মনে হয়, এই তো সেদিন। শান্তিনিকেতনে যোগেনদার ঘরে ঢুকে প্রথম দিন অবাক হয়ে গিয়েছিলাম, তাঁর নিজের আঁকা কোনও ছবি নেই! আসবাবপত্রের বাহুল্য নেই বললেই চলে। সাদা দেওয়াল, প্রায় ফাঁকা চৌকো একটা ঘর আর শিল্পী– ইউরোপিয়ান ছবির মতো মনে হয়েছিল। ঘরের মধ্যে আসবাবের, দেখনদারির কোনও ঠোকাঠুকি নেই। একটিও নজরকাড়া বা অবাঞ্ছিত বস্তু নেই, যাতে চোখ চলে গিয়ে মন অস্থির হয়। কিন্তু এই শূন্যের ভিতরেও ঢেউ ছিল, তা ছিল যোগেনদার সহজ, আন্তরিক কথা, শিপ্রাদির শান্ত আপ্যায়ন। পরে ওই বাড়ির গা-লাগোয়া লীলা মজুমদারের বাড়িটি কিনে একই রকম রেখে দিয়েছিলেন। বসার ঘরটার দেওয়ালে ড্যাম্পের ছোপ ছোপ। চাইলেই বাড়িটা বদল করে নিজের মতো করতে পারতেন, কিন্তু আগের মতো রাখতে চেয়েছিলেন বলে প্রায় অবিকল থাকল।
যতই ছবি ও কবিতা কাছাকাছি থাক, যোগেনদা অতি বিখ্যাত, ব্যস্ততম শিল্পী। যোগেন চৌধুরী কত বড় মাপের চিত্রশিল্পী, শিল্পবোদ্ধা মাত্রই তা জানেন, নতুন করে সেটা আর আমাকে বলতে হবে না। আমিও কলকাতার মাটিতে পা রাখার পর নানা সুখ-দুঃখে ঘেঁটে আছি। সব সময় দেখা হচ্ছে, এমন নয়। কিন্তু মাঝেমধ্যে ফোনে কথা হয়। তখন ল্যান্ডফোনের যুগে লোকে ‘হাই হ্যালো’ সম্ভাষণে রেখে দিত না। মাসে হয়তো একবার কারওর সঙ্গে কথা হত, কিন্তু সেটা চলত বেশ খানিকক্ষণ। কবিদের যেকোনও আড্ডায় বিশেষত ‘কৃত্তিবাস’-এর ও সৌমিত্র মিত্রের ‘আবৃত্তিলোক’-এর আড্ডায় যোগেনদার সঙ্গে দেখা হয়ে যেত।

আমার প্রথম কবিতার বই ‘আমাদের কথা’। যোগেনদা সাদা-কালোয় একটা গাছের ছবি দিলেন। পরের বই ‘ফুর্তি ও বিষাদ কাব্য’। যোগেনদাকে বললাম, ‘আপনি প্রচ্ছদ এঁকে দিন। ওই প্রচ্ছদ দেখে লোকে বই কিনবে। আমার কবিতার বই আর কে পড়বে?’ কবিতা পাঠাতে বললেন। হয়ে এল প্রচ্ছদ। সেই প্রচ্ছদ প্রকাশনা থেকে নিয়ে নিতে হয়, জানতাম না। ছবিগুলি প্রকাশকের দফতরেই থেকে গেল! পরের বই ‘ফুল ও সুগন্ধ’। এবারেও ১৫-২০টা কবিতা পাঠাতে হল। কবিতা পড়ে সেই ভাবনায় ছবি আঁকবেন। ঠিক এইভাবে আনন্দ পাবলিশার্স ও সিগনেট থেকে মোট সাতটি ও দে’জ থেকে একটি গল্পের বইয়ের প্রচ্ছদ করে দিয়েছিলেন যোগেনদা।
একটি বইয়ের প্রচ্ছদে নকশার মধ্যে আমার নাম লেখা ছিল। ‘বাংলা ম্যাম’ এবং ‘গালিবের বউ যা বলতে পারেনি’– এই দুটো বইয়ের প্রচ্ছদ সম্পূর্ণ অন্যরকম ছিল। উনি নিজে কবিতাগুলো পড়ে যেমনটা মনে করেছেন, যেন তারই ছায়া ছিল। প্রচ্ছদ হয়ে যাওয়ার পর বলতেন, “দু’-কপি করে বই পাঠিয়ে দিও।” একবার পাঠানোর সময় ঠিকানা চাইলাম। একটু হেসে বললেন, ‘যোগেন চৌধুরী, শান্তিনিকেতন লিখে দিলেই হয়ে যাবে। পোস্ট অফিসে আমাকে সবাই চেনে।’

প্রতিবার আমার লেখাগুলি পড়ার পর ফোনে কবিতা নিয়ে অনেক কিছু বলতেন। কবিতা নিয়ে আলোচনা করলেই অবধারিতভাবে উৎপলদার কবিতায় চলে আসতেন। একবার বললাম, এত কিছু না বলে, আমাকে একটু লিখে দিন তো। আপনার কথাগুলি আমি কাউকে বললে, পরে তো কেউ বিশ্বাস করবে না। আমার দেখা একমাত্র শিল্পী আপনি, যে এত কবির সঙ্গে থেকেছেন, কবিতা পড়েছেন। উত্তরে ওঁর সেই স্বভাবসিদ্ধ হাসি। দুটো চিঠির একটি হারিয়েছি!
আমাদের সম্পূর্ণ ভিন্ন রাজনৈতিক মত থাকলেও, কোনও সময় আঘাত করতে দেখিনি। একটি বিশেষ দলের প্রতিনিধি হিসেবে যখন দিল্লি গেলেন, স্বাভাবিকভাবেই আমার সঙ্গে কথাবার্তা কমে এসেছিল। রাজনীতির কারণে ব্যস্ত হয়ে পড়েছিলেন। তবুও একবার মনে পড়ে, দিল্লিতে সিবিএসসি বোর্ডের একটি কাজে যাওয়ার সময় থাকার জায়গার সমস্যা হচ্ছিল। বঙ্গভবনে যোগেনদা ব্যবস্থা করে দিয়েছিলেন।
জয়দেব দূরদর্শনের জন্য যোগেনদার দীর্ঘ একটি সাক্ষাৎকার নিয়েছিল। এখনও মনে পড়ে, প্রশ্নগুলো কীভাবে আমরা বানিয়েছিলাম। অন্য কোনও বিষয় নয়, ছবি বলেই এই প্রশ্ন তৈরিতে আমার কিছু প্রবেশাধিকার ঘটেছিল। সব গল্প অবশ্যই মধুর নয়। আমার ছবি দেখার সামান্য বোধ ও অর্বাচীন বুদ্ধিতে মনে হত, যোগেনদার অনেক ছবির মেয়েদের মুখের লম্বাটে গড়নে শিপ্রাদির মুখের একটা ধাঁচ আছে। কেন জানি, ধারণা হয়েছিল শিপ্রাদি যোগেনদার সহপাঠী। এই গল্পটি জয়দেবকে করেছিলাম, ও সাক্ষাৎকার নিতে গিয়ে এটি বলাতে একেবারে বেইজ্জতের এক শেষ! বাড়ি ফিরে আমার যে কী ভর্ৎসনা জুটেছিল, তা আর কহতব্য নয়!
‘বসুমতী’র সম্পাদক হিসেবে বাবার অনুরোধে শারদ সংখ্যায় প্রচ্ছদ এঁকে দিয়েছিলেন। যোগেনদার ছবির তুলনায় খুবই সামান্য সাম্মানিক পাঠাতে পেরেছিলেন বাবা। বাবার অনুরোধেই ‘শিলিগুড়ি বইমেলা’ উদ্বোধন করতে এসেছিলেন। উদ্বোধনের পর বিশেষ কিছু করার নেই। আমাদের সঙ্গে দুই তরুণ বন্ধু ছিল। বললেন, ‘শিলিগুড়ির পুরনো কোনও খাবারের দোকানে চলো।’ চারজনে হাঁটতে হাঁটতে শিলিগুড়ির প্রাচীন এক মিষ্টির দোকান এবং যা অতি সাধারণ বললে কম, সেখানে গিয়ে বসেছিলাম। তখনই তাঁর খ্যাতি ভারতজোড়া। বন্ধুরা অবাক। শঙ্খ ঘোষকে সামনে থেকে দেখেছি। সুনীল গঙ্গোপাধ্যায়কেও দেখেছি। তাই যোগেনদার এই সাধারণ, মাটির কাছাকাছি ব্যবহারে আমি অবাক হতাম না।

নিজে যাওয়া শুধু নয়, আমার বন্ধুদেরও বগলদাবা করে ওঁর বাড়িতে নিয়ে গিয়েছি। একজন কবিতাপ্রেমী চিত্রশিল্পীর বাইরেও তিনি আমাদের কাছে ছিলেন পিতৃসদৃশ। যতবার গিয়েছি, ততবার ওঁর লেখা বই বা ওঁর ওপরে ছবি-সহ যেসব বই প্রকাশিত হত, উপহার হিসেবে পেয়েছি। ওঁর এঁকে দেওয়া তিনটে ছবি বাড়ি থেকে হারিয়ে গিয়েছে বা চুরি হয়েছে। হঠাৎ করে বা একবার দেখা হলে, তাঁর বলা কথা মনে থেকে যায়, কিন্তু চলমান সম্পর্ক শ্বাস নেওয়ার মতো সহজ। তাই দীর্ঘদিনের অজস্র কথার মাঝে একটা-দুটো উল্লেখযোগ্য কথা আর খুঁজে পাই না।
আমার মনে হয়, যোগেনদা ওঁর বোন নমিতা চৌধুরীর কবিতা বই ছাড়া আমার কবিতা বইয়ের প্রচ্ছদ সবচেয়ে বেশি করেছেন। অনেকেই প্রচ্ছদ হিসেবে ছবি চাইতেন। উনি একটি ফুল বা গাছের ছবি দিয়ে দিতেন, কিন্তু আমার বইয়ের সময় দু’-তিন মাস আগে থেকে ওকে লেখাগুলি পাঠিয়ে রাখতে হত। শান্তিনিকেতনের শিক্ষকদের কাছে, সরাসরি ছাত্র না হলেও এমন প্রশ্রয় অনেকেই পেয়েছে। হয়তো বিজ্ঞাপনের মতো দেখাবে, শোনাবে, কিন্তু একটি চিঠি প্রকাশ করার লোভ সামলাতে পারছি না।

যোগেন চৌধুরী শুধুমাত্র চিত্রশিল্পী হলে এত দীর্ঘদিন ধরে তাঁর সঙ্গে যোগাযোগ থাকত না। কবিতার প্রতি ভালোবাসা, আমরা যারা কবিতা লেখার চেষ্টা করি, তাদের কাছে সেটিই ছিল সেতুবন্ধন। যোগেনদার কবিতার বই উপহার হিসেবে পেয়েছি, যদিও আমি তাঁর গদ্যের ভক্ত ছিলাম।
‘চারুবাসনা’ তৈরি হওয়ার পর প্রথম কবিতা পড়ার অনুষ্ঠান হবে। জানালেন আমাকে, কিন্তু আমি তখন উপস্থিত থাকতে পারব না। আমার এক কবি-বন্ধুর নাম জানালাম ওঁকে। সম্মান জানিয়ে ডেকে নিয়েছিলেন তাঁকে।

চিত্রকরদের স্বাভাবিক একটি উন্নাসিকতা আছে। তাঁরা হয় সাধারণ দর্শক চান না, আর না হয় সাধারণ দর্শককে অযোগ্য মনে করেন। ছবি জগতের বাইরের লোক আমরা। খুব সহজেই যোগেনদাকে ছবি বিষয়ে প্রশ্ন করা যেত। তাঁর সরাসরি ছাত্রছাত্রী বাদেও আমার মতো প্রশ্রয় অজস্র জন পেয়েছেন। তাঁদের অভিজ্ঞতা কমবেশি এমনই হবে।
পূর্ণ জীবন পেয়েছেন। অজস্র কাজ করে গিয়েছেন। শিল্পী হিসেবে আন্তর্জাতিক খ্যাতি আছে তাঁর। ভবিষ্যতে সেটি আরও বাড়বে। এমন একজন মানুষ, শুধু কবিতা ভালোবেসে আমার এতগুলো বইয়ের প্রচ্ছদ করে দিয়েছেন, ভাবলে এখন অবিশ্বাস্য মনে হয়!
………………..
পড়ুন মিনি সিরিজ-এর অন্যান্য লেখা
………………..
A Unit of: Sangbad Pratidin Digital Private Limited. All rights reserved