

নিউজিল্যান্ডের ওয়েলিংটনে ভারত-নিউজিল্যান্ড টেস্ট ম্যাচ চলছে। ক্যামেরার চোখ ঘুরছে স্টেডিয়ামের ইতিউতি। হঠাৎই তা এসে থমকাল তিন স্কুলপড়ুয়ার কাছে– স্কুলের পোশাক পরেই গ্যালারিতে বসেছিল তিন খুদে। মাঠে বসে খেলা দেখতে দেখতে, দিব্যি দুপুরের খাবার খাচ্ছিল! ধরা পড়তেই তড়িঘড়ি লুকানোর চেষ্টা। কিন্তু বাংলার ক্রীড়াপ্রেমীদের কাছেও কি খুব অচেনা এই ছবি? এ গল্প কি তাদের সরাসরি ফিরিয়ে নিয়ে যায় না শৈশবে?
আমাদের স্কুলবেলা ছিল বেশ শান্তির, নিরুপদ্রব। কামাই করলে স্কুল ডায়েরিতে বাপ-মাকে কামাইয়ের কারণ লিখে সই করতে হত না, কারণ ‘স্কুল ডায়েরি’ নামক আপদটাই ছিল না। ‘ফোন’ নামক বিপদটাও কম মানুষের বাড়িতে থাকত, তাই রোজ ফোনাফুনির বিপদ-ঘণ্টি বাজত না। আর সর্বোপরি, বাড়ি থেকে ইশকুল কিছুটা দূরে থাকার জন্য, আশপাশের বাড়ির ছাদ বা বারান্দায় আমার ইশকুলের ইউনিফর্ম ঝুলত না।
ইশকুলের পরীক্ষার ১৫-২০ দিন পরে রেজাল্ট বেরত, কিন্তু মাঝের দিনগুলো স্কুল খোলা থাকত। এই সময়ে পড়াশোনা হত নামমাত্র। পরীক্ষার খাতা কারেক্ট করে ফেরত দেওয়া হত ছাত্রদের, যাতে বাড়ির জঞ্জাল বাড়িতে থাকে, আমার মতো ছেলেদের পরীক্ষার খাতা ইশকুলের পরিবেশ কলুষিত না করে! খাতার পচা গন্ধ দূর করতে ইশকুলের ছুটিও হত দুই পিরিয়ড আগেই। এক চমৎকার পরিবেশ-বান্ধব ব্যবস্থা! এই সময়ে আমার ইশকুলে যেতে একেবারেই ভালো লাগত না, কারণ যে কোনও সুস্থ মস্তিষ্কের মানুষের মতো আমার কাছেও তিলে তিলে মৃত্যুর চেয়ে দুম করে মরে যাওয়াটা বেশি পছন্দের। একটা করে খাতা বেরবে, বাড়িতে শোকস্তব্ধ সেজে ঢুকব, পেটানি খাব– এই রুটিনের চেয়ে এক্কেবারে প্রোগ্রেস রিপোর্ট নিয়ে গিয়ে, একবার রাম-পেটানি খেয়ে দুইদিনের জন্য পরীক্ষা-জনিত অশৌচ পালন অনেক ভালো।

এদিকে পরীক্ষার পরের দিনগুলোতে নিস্তার ছিল না, জোর করে ইশকুলে পাঠাবেই। এই সময় শুরু হত আমার ‘অন্যরকম’ ইশকুল। লোয়ার সার্কুলার রোড থেকে বাসটা বেঁকে কর্পোরেশন স্ট্রিটে ঢুকে থমকে দাঁড়ালে, ইশকুলের বাকি ছেলেরা নেমে গেলেও আমি বাসের এককোণে ঘাপটি মেরে বসে থাকতাম আর মনে মনে ইশকুলে খুঁটি পুঁতে দিতাম, আর শুরু হত আমার গোল্লাছুট খেলা। পরের স্টপেজ মানে তালতলায় অপেক্ষা করত আমার এই খেলার পার্টনার তমাল– সে ক্রিক রো থেকে তার ইশকুলে যাওয়ার পথে, আগের গলিতে ঢুকে পড়ে তালতলা বাসস্টপে পৌঁছে যেত। বাস ছুটত ধর্মতলা পেরিয়ে বাবুঘাটের দিকে। আর আমরা টুক করে আকাশবাণী কেন্দ্রের সামনে নেমে, আমাদের সাম্রাজ্যে ঢুকে পড়তাম।
আমাদের সেই সময়ের আকাশের তারাদের ছবি ‘খেলার আসর’ ম্যাগাজিনের দুই মলাটের মধ্যে, আর রোজকার খবরের কাগজের শেষ পাতায় বাস করত। তারাদের কারও কারও নাম ছিল বিদেশ, মানস, শ্যাম থাপা, ভাস্কর, মনোরঞ্জন, প্রশান্ত, গৌতম, ইত্যাদি। এই তারারা সকালে ময়দানে প্র্যাকটিস করত জানতাম, তাই তাদের মাঠে গিয়ে উপস্থিত হতাম। বিকেলে ম্যাচের সময় যে তারারা মাঠের মধ্যে, চারপাশে দুর্ভেদ্য পুলিশ-পাহারা আর কাঁটার বেড়া, সকালবেলায় তাদেরই এক্কেবারে সামনে থেকে দেখা যায়। মাঠের ধারে যে বেঞ্চে বসে ক্লাবের কর্মকর্তারা খেলা দেখত, সেই বেঞ্চে বসে প্রিয় তারকাদের অনুশীলন করতে দেখার যে কী আনন্দ, বলে প্রকাশ করা যায় না। যে ঘাসে সেই সময়ের নক্ষত্ররা খেলছে, সেই ঘাসেই পা ডুবিয়ে বসে আছি– স্বপ্ন না কি সত্যি! মাঝে মাঝে বল সামনে গড়িয়ে কাছে এলে, এক শট! ও মা, বল গেল বাবলু ভটচাযের পায়ে– সে তো সাধারণ তারা নয়– সপ্তর্ষির এক ঋষি! মনে মনে বলটাকে একবার নমস্কার করে নিতাম।
এই প্র্যাকটিস দেখা শুধু একটা মাঠে সীমাবদ্ধ থাকত না, মোহনবাগানের তাঁবুতে পৌঁছনো বেশ সহজ ছিল– আকাশবাণীর পরে ইডেন গার্ডেন আর বিপরীতেই মোহনবাগানের তাঁবু। সেখানেও থামতাম না। মোহনবাগান মাঠের আগেই ময়দানের মধ্যে দিয়ে একটা বেশ চওড়া আর ঢালু ড্রেন ছিল। বেশ কিছুটা দৌড়ে এসে এক বিশাল লাফ দিয়ে ড্রেন পেরতাম আমরা। তারপর পুলিশ আর এক্সাইজের তাঁবু পেরিয়ে, সোজা ইস্টবেঙ্গল তাঁবুতে! সেখানেও একই রুটিন। সেদিনের মাঠের তারারা সাড়ে দশটার সময় স্নান করে টিফিন খেয়ে, মানুষ সেজে বেরিয়ে পড়ত অফিসের উদ্দেশ্যে। হঠাৎ করেই ব্যস্ত তাঁবুগুলো নীরব হয়ে যেত। আমরা গুটিগুটি পায়ে এসে ময়দানে ঢুকতাম। বড় বড় ঘাস পেরিয়ে হেঁটে চলতাম দক্ষিণে।
বেশ খানিক পথ এসে, ঘাসে বসে পা ছড়িয়ে দিতাম। কখনও শুয়ে পড়তাম সেখানেই। দূরে গাড়ি যাচ্ছে, তাদের আওয়াজ অস্পষ্ট কানে আসত। পুবদিকে অনেক দূরে মনুমেন্ট বাদ দিয়ে শুধু দুটো বাড়ির মাথা দেখা যেত। আর সামনে শুধু ঘাস আর গাছ। গাছের ফাঁক দিয়ে মাঝে-মাঝে ট্রামের যাতায়াত দেখা যেত। অনেক পরে জেনেছি, ওই দুটো উঁচু বাড়ির নাম ‘টাটা সেন্টার’ আর ‘চ্যাটার্জি ইন্টারন্যাশনাল’। কিছুজন ভেড়া চড়াতে আসত। ভেড়াগুলোকে ছেড়ে দিয়ে, তারাও বসে থাকত উদাসীন হয়ে। লুঙ্গি আর স্যান্ডো গেঞ্জি পড়া সেই মানুষদের সঙ্গে মিশনারী ইশকুলের ইউনিফর্মে আমরা কখন যেন মিশে যেতাম। তারা খবরের কাগজ খুলে রুটি বের করত, আমরা টিফিনবাক্স খুলে। তারপর তারা একসময় দক্ষিণ দিকে হেঁটে যেত, আর আমরা পুবে মনুমেন্টের দিকে চোখ রেখে হাঁটা শুরু করতাম। কখনও উল্টোদিকে হেঁটে পৌঁছতাম গঙ্গার পাড়ে। বাবুঘাটের পাশে একটা রেললাইন ছিল, পরে যেখানে চক্ররেল চালু হল। কাঠের রেলপথ ধরে আমরা হেঁটে যেতাম। অনেক নিচে গঙ্গার ঘাটে কেউ স্নান করত, কেউ পালোয়ানদের কাছে ‘দলাইমলাই’ ম্যাসাজ করাত। সন্তর্পণে হাঁটতে হত কারণ ফাঁক দিয়ে গলে গেলেই হাড় ভাঙার সম্ভাবনা। খানিক বাদে রাস্তা পার হয়ে বাস ধরতাম ঘড়ি মিলিয়ে, যাতে ইস্কুলের সময় মতো বাড়ি পৌঁছতে পারি।

সময়ের সাথে তারা বদলায়। একটু উঁচু ক্লাসে পৌঁছতে ময়দান যাওয়া বন্ধ হল। সব তারারা তখন অন্য গ্যালাক্সিতে, ধর্মতলা পাড়ায়। কোনও গ্যালাক্সির নাম ‘লাইটহাউস’, কোনওটার নাম ‘গ্লোব’। আমাদের প্রিয় ছিল ‘যমুনা’, কিন্তু সেখানে বেলা বারোটার আগে তারা দেখা যেত না। তাতে চাপ ছিল না– ইস্কুলের দুটো স্টপেজ পরেই ‘লোটাস হল’। তার বিপরীতে ওয়াইএমসিএ-র পাশের গলিতে ঢুকে পড়লেই আরেক কলকাতা। অলি-গলি-পাকস্থলী হয়ে পৌঁছে যেতাম এক অজানা জগতে। দেওয়ালের একটা পোস্টারও পড়তে পারি না সেখানে। মহসিন আলি স্কোয়্যারের পিছনে একেকদিন এক-একটা গলি দিয়ে হাঁটি আর নতুন শহর আবিষ্কার করি। সেই সব রাস্তায় একপাশে কিছু দোকান, যার বাইরে মস্ত তাওয়ায় বিফ চাঁপের স্তুপ। লম্বা কাঠকয়লার উনুনের ওপরে ঝুলছে সারি সারি সিক কাবাব। তার পাশেই গোল, ছোট ছোট হলুদ পরোটা ভাজা হচ্ছে। হাঁটা থামিয়ে একটু দাঁড়িয়ে যাই। ভিতরে খুব ভিড়, মূলত খুবই নিম্নবিত্ত পথচলতি মানুষের খাবার জায়গা। কতরকমের আওয়াজ কানে আসে, ‘ভাই জারা সাফি মার দো’, কিংবা ‘দো ভুনা, চার রোটি’, অথবা শুধুই ‘তিন চায়ে, পানি কম’। কড়া লিকারের সঙ্গে আলাদা করে ঘন দুধ আর চিনি। লোভে-খিদেয় নোলা লকলক করে! এখানে বেশিক্ষণ দাঁড়ালে গন্ধের নেশায় মাটিতে বসে পড়ব, তাই তাড়াতাড়ি পা চালাই যমুনার দিকে– টিকিট কেটে পয়সা বাঁচলে, পাশের তাজ ইন্টারকন্টিনেন্টালে দু’-টাকায় দু’জনে একটা করে বিফ টিকিয়া!
এক সময় ইশকুল শেষ হয়। চলে যাই এক আবাসিক বিদ্যালয়ে। সেখানকার অন্য গল্প। অন্য গোল্লাছুট। অন্য দিনের জন্য। আজকে যখন বসে ভাবি, মাঝে মাঝে মনে হয় সত্যিই কি ছিল দিনগুলো? নাকি কল্পনার মাঝে খুঁটি পুঁতেছিলাম?
A Unit of: Sangbad Pratidin Digital Private Limited. All rights reserved