We Worship Rivers, But Do We Protect Them? | Robbar
Robbar
  • ২৪ কার্তিক ১৪৩৩
  • বুধবার
  • ১১ নভেম্বর ২০২৬

মোক্ষের ময়লা

ধর্মীয় আচারের পবিত্রতা আর নদীর পরিবেশের পবিত্রতা কি আলাদা? ছটপুজো এলেই, চটজলদি কলকাতার ঘাট পরিষ্কার করার ধুম পড়ে যায়। অথচ ছটপুজো শেষে, সে ঘাট আর পরিষ্কার করা হয় না বেশিরভাগ ক্ষেত্রেই। এ নিয়ে প্রশ্ন তুললে হয়তো জনসাধারণের ধর্মীয় আবেগে আঘাত লাগে। কিন্তু এই নদীমাতৃক দেশের নাগরিক হিসেবে নদীর পরিচ্ছন্নতা নিয়ে মাথাব্যথা থাকাই কি অবশ্য কর্তব্য নয় আমাদের? আমরা নদীকে প্রণাম করি নিয়মিত, অথচ নদীর যত্ন নিই না কেন?

শেষ আপডেট: নভেম্বর ১১, ২০২৬, ১৬:০৫   
Facebook WhatsApp Messenger

গঙ্গা কেবল নদী নয়, এর জলধারা যেন আমাদের জীবনের ধারা। ভারতের গা ঘেঁষে বয়ে চলে গঙ্গা। ভারতকে জানতে-চিনতে, সমগ্র দেশটাকে ঘুরে দেখার কোনও দরকার পড়ে না, পুরো ভারত যেন গঙ্গার দুই পাড়ে এসে বসত করে। প্রতি ১০ জন ভারতীয়র মধ্যে চারজন প্রত্যক্ষ বা পরোক্ষভাবে গঙ্গার জল ব্যবহার করে– এটাই গঙ্গার ঔদার্য, মহত্ব।

zoom
বেনারসের ঘাট

মহত্বের বোধের সঙ্গে জড়িয়ে রয়েছে ভারতের নানা নদী। কিন্তু গঙ্গা এমন এক নদী, যার মহত্ব ও মাহাত্ম্য– দুই-ই আছে। পাড় বরাবর হাঁটলে, গঙ্গার প্রতিটা ঘাটই একেকটা গল্প বলে। প্রত্যেকটা ঘাটেরই রয়েছে পৃথক ইতিহাস। বেনারসের গঙ্গা হোক, বা কলকাতার– যে কোনও ঘাটে এসে দাঁড়ালেই, পাওয়া যাবে সেই একই ছবি।

গঙ্গাকে স্বচ্ছ রাখতে গেলে ঘাটগুলিকেও যত্নে রাখা খুব জরুরি। এদের মধ্যে দূষণের সম্পর্ক রয়েছে। গঙ্গা পৃথিবীর এমন এক নদী, যে তার দূষণের মাত্রা নিজেই নিয়ন্ত্রণ করতে পারে। জি. ডি. আগরওয়ালের মতো বিজ্ঞানীরা গঙ্গার এই ক্ষমতাকে বলেছিলেন, ‘গঙ্গার গঙ্গাত্ব’। তবে বিভিন্ন ধর্মকে যাপন করার যে রীতি আমাদের দেশে রয়েছে, তার দরুনই কলুষিত হতে হয় গঙ্গাকে। এদেশে ধর্মপালনে বাধা দেওয়ার কোনও অধিকার নেই কারও। কিন্তু ধর্মপালনের পাশাপাশি দেখতে হবে পরিবেশ পরিস্থিতিও, তাই গঙ্গাকে পরিষ্কার রাখার দায়িত্ব আমাদের ওপরই বর্তায়।

২০১৭ সালে, উত্তরাখণ্ডের হাইকোর্টে একটি কেস ওঠে। ‘মোঃ সেলিম বনাম স্টেট অফ উত্তরাখণ্ড’। এই কেসে মহামান্য আদালত গঙ্গা, যমুনা ও তাদের সহায়ক নদীগুলিকে ‘জীবিত সত্তা’-র মর্যাদা প্রদান করেছিলেন। যদিও পরবর্তীকালে সেই কেস থেকে প্রাপ্ত যে রায়, তা নিয়ে চ্যালেঞ্জ হয় সুপ্রিম কোর্টে। কিন্তু ভারতের ইতিহাসে, সেই প্রথমবার, গঙ্গা বাঁচার অধিকার পেয়েছিল। গঙ্গা ও তার যাপনকে জুড়ে যে ধারা আমাদের বঙ্গদেশে প্রবাহিত হয়ে চলেছে, সেখানে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায় হল, গঙ্গার সঙ্গে জুড়ে থাকা প্রাণীকুলের অস্তিত্ব। গঙ্গা যখন দূষিত হয়, তখন তার জলে বসবাসকারী মাছের দল, কীটপতঙ্গ, অন্যান্য না-মানুষ খুবই ক্ষতিগ্রস্ত হয়। পরিসংখ্যান বলছে, গঙ্গার জলে স্থিত এই জলচর প্রাণীদের অস্তিত্ব সংকটে পড়েছে বারবার।

ভারত কেন, কেবল কলকাতার ভাগে পড়ে যে-গঙ্গা, তার কথাই যদি বলি, কেবল তাকেও যদি ভালো রাখতে চাই– তবে ছটপুজো, গঙ্গার জলে প্রতিমা নিরঞ্জন প্রভৃতি– যা বহু বছর ধরে হয়ে চলেছে, সত্বর নিয়ন্ত্রণ করতে হবে। গঙ্গায় অর্পণ করার পর, যদি আমরা সেই নিবেদিত অর্ঘ্য জল থেকে আবার তুলে নিতে পারি, তাহলে গঙ্গার কলুষতা অনেকটাই লাঘব হবে।

zoom
গঙ্গাতেই হয় যাবতীয় প্রতিমা নিরঞ্জন

মাটির প্রতিমায় যখন আমরা প্রাণ দান করি, তখন তিনি দেবত্বে উন্নীত হন। আবার দেবত্বে উন্নীত হওয়ার পর, যখন দর্পণ বিসর্জন হয়, তখনই দেবতা স্বস্থানে গমন করেন। অর্থাৎ, মাটির প্রতিমা আবার ‘মৃৎ’ রূপেই বিরাজমান হন। আমরা আসলে তাঁকেই অর্পণ করি জলে। কিন্তু জলে অর্পণ করলে, প্রতিমা তৈরির জন্য ব্যবহৃত কৃত্রিম রং ও উপাদান সরাসরি নদীতে গিয়ে জমে। প্রতিমা-পিছু মাটির পরিমাণও বিপুল। তাছাড়া, সেগুলোর মধ্যে বিভিন্ন ভারী ধাতু থাকে, থাকে অন্যান্য রাসায়নিক উপাদানও।

ধর্মীয় বিশ্বাস আসলে দীর্ঘকালের আবহমান পরম্পরা। এই বিশ্বাস এক ধারাবাহিক যাপনের মধ্য দিয়ে চলে, যার রেওয়াজ ভারত জুড়ে। কিন্তু নদীকে দূষণমুক্ত রাখার বিশ্বাসও রয়েছে এদেশে। যদি মধ্যপ্রদেশের এক বিশেষ জনজাতির দিকে তাকাই, তাহলে জানব– সেখানকার মানুষরা তাদের লৌকিক আচার-অনুষ্ঠান মিটে যাওয়ার পর জলে প্রতিমা নিরঞ্জন করে। তারপর তাদেরই সন্তানদল, বা তরুণ যারা রয়েছে, নদীতে ঝাঁপ দিয়ে, ফুল থেকে শুরু করে মূর্তি, অর্পিত যাবতীয় যা কিছু– নদী থেকে উদ্ধার করে, উঁচু কোনও জায়গায় রেখে দিয়ে আসে। কারণ তারা বিশ্বাস করে, নদীর জল নষ্ট হলে আসলে পৃথিবী নষ্ট হয়ে যায়। এমন উদাহরণ খুব দুষ্কর নয়।

ভারত বিশ্বাস ও আস্থার দেশ, গঙ্গা তেমনই এক আস্থার প্রতীক। গঙ্গা আসলে কোনও একটি নদী নয়, বরং নদীর সমষ্টি।

ওঁ গঙ্গে চ যমুনে চৈভ গোদাবরী সরস্বতী।
নর্মদে সিন্ধু কাবেরী জলেহস্মিন্ সন্নিধিং কুরু।।

zoom
গঙ্গার শুদ্ধতা বজায় রাখতে চাই সচেতনতা

অর্থাৎ, এইসব নদী যখন একসঙ্গে হয়, তখন সে গঙ্গারূপে আবির্ভূত হয়। আবার গঙ্গার উৎপত্তিস্থলে দেখবেন, ভাগীরথী ও অলকানন্দা দেবপ্রয়াগে মিলিত হচ্ছে, তারপর থেকেই ‘গঙ্গা’ নামটি পাচ্ছে এই নদী। কাজেই এই যে সমষ্টি হিসেবে জুড়ে থাকা, মানুষের সঙ্গে মানুষকে জুড়ে রাখার যে আস্থার ও বিশ্বাসের জায়গা গঙ্গা পরম্পরাক্রমে এবং অনন্তকাল ধরে বয়ে নিয়ে চলেছে, সেই ধারাকে নিরবচ্ছিন্ন রাখতেই নদীকে কলুষতাহীন রাখা জরুরি। আর যদি ধর্মীয় বিশ্বাসের জায়গা থেকে প্রশ্ন তোলা হয় যে, কোথায় সে-কথা বলা হয়েছে, তাহলে মনে করিয়ে দেওয়া ভালো, আমরাই উচ্চারণ করেছিলাম, ‘মধু ক্ষরন্তি সিন্ধবঃ’, অর্থাৎ সিন্ধু (জলধারা অর্থে) মধুময় হয়ে উঠুক।

আমাদের আস্থা, বিশ্বাস, ধর্ম সর্বদা নদীকে প্রণম্য, পবিত্র ও নির্মল হিসেবেই চিহ্নিত করেছে। তাই ধর্ম যাপন বা চর্চা চলতে থাকুক, কিন্তু একইসঙ্গে গঙ্গাকে বাঁচতে দেওয়া হোক, তার মতো করে।

………………..

রোববার.ইন-এ পড়ুন সুপ্রতিম কর্মকার-এর অন্যান্য লেখা

………………..

bathing in ganges cleanliness environment Ganga ganges Immersion pollution religious ignorance River Pollution

Share this article on