The Role of Teachers in Building a Questioning Society| Robbar
Robbar
  • ৬ অগ্রহায়ণ ১৪৩৩
  • সোমবার
  • ২৩ নভেম্বর ২০২৬

প্রশ্ন বন্ধ, পাঠশালা খোলা

শিক্ষকের কাজ, প্রশ্ন করতে শেখানো। স্বপ্ন দেখার সাহস দেওয়া। ব্যক্তিস্বার্থ বিপন্ন হতে পারে ভেবে অন্যায় দেখেও এড়িয়ে যাওয়া নয়। রাষ্ট্র বরাবরই অমেরুদণ্ডী সমাজ চায়, যাতে সহজে নিয়ন্ত্রণ করা যেতে পারে। বর্তমানের ন্যুব্জ শিক্ষা ব্যবস্থা এমন সমাজ তৈরিকে ত্বরান্বিত করে, বড় দুঃখের সঙ্গে স্বীকার করতেই হয় সে-কথা।

গ্রাফিক্স: দীপঙ্কর ভৌমিক

শেষ আপডেট: নভেম্বর ২৩, ২০২৬, ২১:৩২   
Facebook WhatsApp Messenger

সবথেকে ভয়ংকর হল
কোনও শব্দ ছাড়াই
শবদেহে চারিদিকে ভরে যাওয়া।
চুপচাপ কাজে যাওয়া
আর নিঃশব্দে কাজ থেকে
বাড়ি ফিরে আসা
সবথেকে ভয়ংকর হল
স্বপ্নের মরে যাওয়া।

অবতার সিং (পাশ)

এ পোড়া দেশে, যেখানে শিক্ষাখাতে খরচ হয় জিডিপির ৪.১%, অথচ ইউনেস্কো-র গাইডলাইন অনুযায়ী খরচ হওয়ার কথা অন্তত ৬%, সেখানে হাভাতে গরিব সরকারি স্কুলের ছাত্রদের স্বপ্নই সম্বল। গরিব রাজমিস্ত্রি, পরিযায়ী শ্রমিকদের ছেলেমেয়েদের কাছে সরকারি শিক্ষাব্যবস্থা এমন এক মই, যা দিয়ে চাঁদের, থুড়ি সরকারি চাকরির আরেকটু কাছে যাওয়ার স্বপ্ন দেখা যায়।

zoom
শিল্পী: আল মারজেন

কিন্তু কেমন আছে গ্রামের সরকারি স্কুলগুলো, আর্থিক উদারীকরণ ও তার হাত ধরে আসা বাজারের মানুষ যখন শুধু ক্রেতা? মানুষ কি তবে শুধুই এক শুকনো পরিসংখ্যান? শিক্ষা কিনতে না-পারা সরকারি স্কুলে-মাদ্রাসায় পাঠরত ছাত্রদের স্বপ্ন এখন কী? তারা কি এখনও স্বপ্ন দেখে আকাশ ছোঁয়ার বা কেরানির চাকরির বা শিক্ষক হওয়ার?

পড়াচ্ছি মুল্ক রাজ আনন্দ এর লেখা ‘দ্য ভেন্ডর’। একেই ইংরেজি, তায় ভাদ্রের গরম। ফ্যান চলছে, কিন্তু দায়সারা। প্রতি বেঞ্চে পাঁচজন। শিক্ষকের মাথার উপরে কোনও ফ্যান নেই।

ছাত্ররা একে-অন্যকে কনুই দিয়ে ঠেলছে। ধমক-চমকে কাজ হচ্ছে না। ঘামের নদী ভিজিয়ে দিচ্ছে ইংরেজি বই। বইয়ের শব্দগুলোকে আঁকড়ে ধরবে, নাকি ঘাম মুছবে? শিক্ষার উন্নয়নের মূল প্রশ্ন নিয়ে যাঁদের ভাবার কথা ছিল, তারা নিজেদের কাজে বহাল থাকলে হয়তো সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুল, মাদ্রাসাগুলোর হাল আজকে এমন হত না। শিক্ষার ধারক-বাহকরা সম্ভবত নিজেদের লাভজনক পরিসর নিয়েই ব্যস্ত। অবশ্য প্রশ্নহীন উদাসীনতা দেখে রাষ্ট্র খুশি। যে রাষ্ট্র চায় অরাজনৈতিক শিক্ষক আর বইহীন শারদোৎসব পালন করতে। মধ্যবিত্ত বা উচ্চবিত্ত শ্রেণির শিক্ষক– যাঁরা এই স্কুল বা মাদ্রাসায় পড়ান তাঁদের সঙ্গে শ্রেণিবৈষম্য শিক্ষার্থীদের এমনই যে, অনেক ক্ষেত্রেই যাঁদের পড়াচ্ছেন তাঁদের সামাজিক বাস্তবতার ধারে-কাছে শিক্ষকরা নেই। শিক্ষার্থীদের সামাজিক-অর্থনৈতিক বাস্তবতার সঙ্গে একাত্মতা বা এমপ্যাথি না-থাকলে তার প্রভাব ক্লাসের ৪০ মিনিটে পড়তে বাধ্য। আর তার পরে যদি ‘অরাজনৈতিক’ শিক্ষকের বিধান আসে রাষ্ট্রের তরফ থেকে, তবে রাষ্ট্র ও শিক্ষক– দু’পক্ষেরই তাতে পোয়াবারো! শিক্ষক যদি মানুষ তৈরির কারিগর হয়ে থাকেন, তবে প্রশ্ন করার মেরুদণ্ড তৈরির দায়িত্বও তাঁদের। শিক্ষকতা তো কেবলমাত্র পয়সা রোজগারের একটি পদ্ধতি নয়, তার সঙ্গে মিশে রয়েছে নীতির প্রশ্ন, মানবিকতার প্রশ্ন। একালের শিক্ষকরা, বেশিরভাগই, সে নিয়ে কি চিন্তিত সামান্যও?  সিংহভাগ শিক্ষক বহুদিন প্রশ্ন করা ছেড়ে দিয়েছেন। তাঁদের নিজেদের সন্তানরা সরকারি স্কুল বিমুখ। তাই সরকারি শিক্ষার জন্য দাবি তোলার ব্যক্তিগত স্বার্থও তাঁদের আর নেই।

zoom
‘তারে জামিন পর’ সিনেমায় ডিসলেক্সিয়া-আক্রান্ত ঈশানের জীবনে আলো হয়ে এলেন শিক্ষক রাম শংকর নিকুম্ভ

২০২৩-’২৪ ও ২০২৫-’২৬ শিক্ষাবর্ষে সরকারি স্কুলে ভর্তি হয়নি প্রায় ৮৪ লাখ পড়ুয়া। সরকারি শিক্ষাব্যবস্থায় অনাস্থা প্রকাশ করে তারা ভর্তি হয়েছে বেসরকারি স্কুলে। এক্ষেত্রে অনেকে খুশিও হতে পারেন যে, যাক, তাহলে দেশে পয়সাওয়ালা লোকের সংখ্যা বাড়ছে, দেশ ধনী হচ্ছে। একদিকে পড়ুয়াদের অভাবে রাষ্ট্র স্কুল বন্ধ করার অজুহাত পেয়ে যাচ্ছে অনবরত। আর অন্যদিকে, বিকল্প না থাকায় প্রাইভেট স্কুলগুলোর বেতন বেড়ে চলে। যার দরুন শিক্ষার মূল স্রোত থেকে পিছিয়ে পড়বেন অধিকাংশ নিম্নআয়ের মানুষেরা। পশ্চিমবঙ্গে গত সেপ্টেম্বরেই বন্ধ হয়ে গিয়েছে ৯৩৩টি প্রাইমারি, আপার প্রাইমারি ও সেকেন্ডারি স্কুল। ভারতের ১৪.৭১ লাখ স্কুলের মধ্যে এখনও ১.৫২ লাখ স্কুলে ব্যবহারযোগ্য বিদ্যুৎ পরিষেবা নেই। সরকারি সাহায্যপ্রাপ্ত ৪.৭৪ লাখ স্কুলের মধ্যে ৪.০৭ লাখ স্কুলে বিদ্যুৎ পরিষেবা আছে।

২০১১ সালে ক্ষমতায় আসার পর পশ্চিমবঙ্গে সরকারি শিক্ষার অন্তর্জলী যাত্রা ঘটিয়েছে তৃণমূল সরকার। শিক্ষক নিয়োগে চরম দুর্নীতি এবং নিয়মিত নিয়োগে অনীহা। আবার শিক্ষকদের শিক্ষা-বহির্ভূত কাজে নিয়োগ করে পাঠদানকে ব্যহত করাও হয়েছে গত সরকারের আমলে। ভাতা খাতে যখন ব্যয় বাড়িয়েছেন তখন বারবার অনুরোধ করেও সরকার পোষিত মাদ্রাসা ও স্কুলগুলো পায়নি কম্পোজিট গ্রান্টের টাকা। যে টাকা ব্যবহার করা হয় স্কুলের লাইট, ফ্যান ঠিক করা থেকে শৌচালয় পরিষ্কারের কাজে।

চড়চড় করে বাড়তে থাকা প্রাইভেট স্কুল, ওয়েলফেয়ার খাতে কমতে থাকা ব্যয়ের বোঝা– এই নিয়ে ধুঁকতে থাকা স্কুলগুলোকে ‘ন্যাশনাল এডুকেশন পলিসি ২০২০’ অক্সিজেন জোগাতে পারবে কি না, তা সময় বলবে। কিন্তু করোনা অতিমারীর সময় পাশ হওয়া এই পলিসির জন্য রাজ্যগুলোর কোনও মতামত নেওয়া হয়নি। এমনকী, শিক্ষা যুগ্ম বিষয় হওয়া সত্ত্বেও। একপ্রকার চাপিয়ে দেওয়া এই পলিসির বিরুদ্ধে কথা বলছে অনেক রাজ্যই।

zoom

এ রাজ্যে ক্ষমতা পরিবর্তনের সঙ্গে সঙ্গে শিক্ষার হাল ফেরার স্বপ্ন শুরুতেই ধাক্কা খেয়েছে স্কুল বন্ধ ও শারদোৎসবে বইয়ের স্টল করতে না দিয়ে। এ রাজ্যে বইয়ের বিরুদ্ধে ফরমান নতুন হলেও, ইতিহাস জুড়ে পোড়া বইয়ের গন্ধ কিন্তু ইতিহাস পড়ার নাক থাকলেই পাওয়া যাবে। এ দেশেরই আরেক রাজ্য গুজরাতে মালালা ইউসুফজাই-এর আত্মজীবনী ‘আই অ্যাম মালালা’ ও হিটলারের নারকীয় হত্যাকাণ্ডের শিকার অ্যানা ফ্রাঙ্কের ‘দ্য ডায়েরি অফ এ ইয়াং গার্ল’ স্কুল ক্লাব লাইব্রেরিতে রাখা হয়েছিল বলে দশ হাজার টাকা জরিমানা করা হয়েছে সংশ্লিষ্ট স্কুলকে। এই বইবিদ্বেষ আশা জোগায় না। বই নিয়ে যে শিক্ষক সমাজের পথ চলার কথা, সেই সমাজের কাছ থেকে কোনও প্রতিবাদ কিন্তু পাওয়া যায়নি।

শিক্ষকের কাজ, প্রশ্ন করতে শেখানো। স্বপ্ন দেখার সাহস দেওয়া। ব্যক্তিস্বার্থ বিপন্ন হতে পারে ভেবে অন্যায় দেখেও এড়িয়ে যাওয়া নয়। রাষ্ট্র বরাবরই অমেরুদণ্ডী সমাজ চায়, যাতে সহজে নিয়ন্ত্রণ করা যেতে পারে। বর্তমানের ন্যুব্জ শিক্ষা ব্যবস্থা এমন সমাজ তৈরিকে ত্বরান্বিত করে, বড় দুঃখের সঙ্গে স্বীকার করতেই হয় সে কথা।

…………………….

রোববার.ইন-এ পড়ুন মৌমিতা আলম-এর অন্যান্য লেখা

…………………….

Education Education Industry education system Moral Values Sangbad Pratidin Sangbad Pratidin Robbar Social Class Social Division Teachers

Share this article on