us-elections-2026-young-voters-blue-wave। Robbar
Robbar
  • ২৪ কার্তিক ১৪৩৩
  • বুধবার
  • ১১ নভেম্বর ২০২৬

তারুণ্যের নীল বিপ্লব

বিশ্বজুড়ে তরুণ সমাজের উত্থান আমরা দেখতে পাচ্ছি সাম্প্রতিকতম সময়ে। তা ভারতের ককরোচ জনতা পার্টি হোক, ফ্রান্সের ছাত্র আন্দোলন কিংবা আমেরিকার সাম্প্রতিকতম নির্বাচনটি। সবসময় যে তা রাজনৈতিকভাবে ভীষণ ফলপ্রসূ হয়, এমনটা বলা যায় না। তবে দেশের সামগ্রিক শাসন ব্য়বস্থাকে যে তা টলিয়ে দিতে সক্ষম, সে কথা মানতেই হয়।

শেষ আপডেট: নভেম্বর ১১, ২০২৬, ২০:০১   
Facebook WhatsApp Messenger

২০২৬ সাল। কী পরিস্থিতি ছিল আমেরিকার?

রোজকার খাবার, নিত্যপ্রয়োজনীয় জিনিস, পেট্রোলের দাম, বাড়ি-ভাড়া, হেলথ ইন্সিওরেন্সের খরচ সামলাতে জেরবার সাধারণ মানুষ। হাতে একটামাত্র চাকরি? মানে সংসার গোল্লায়! এক চাকরির অর্থে জীবনের জোয়াল টানা অসম্ভব! এরই সমান্তরালে চলছে যুদ্ধ। চলছে আইসবাহিনীর অবিরাম ধরপাকড়! কলেজ থেকে ছাত্রছাত্রীরা বের হচ্ছে পাহাড়প্রমাণ ঋণের বোঝা ঘাড়ে নিয়ে। অথচ চাকরি পাচ্ছে না! পেলেও তা চোরাবালির ওপর নিশ্চিন্তে দাঁড়িয়ে থাকার মতো। টেকনোলজি ইন্ডাস্ট্রিতে হাজার হাজার কর্মী ছাঁটাই চলছে নিয়মিত। ফেডারেল গভর্নমেন্টের রোষানলে পড়লেই বিশ্ববিদ্যালয় হারাচ্ছে রিসার্চ গ্র্যান্ট। দুর্নীতি আর ঔদ্ধত্য প্রত্যেক দিন সহ্যের সীমা অতিক্রম করে যাচ্ছে। তাই মার্কিন যুক্তরাষ্ট্রে এই অন্তর্বর্তী নির্বাচনের ফল ‘রিপাবলিকান পার্টি’র জন্য কী হতে পারে, তা নিয়ে আন্দাজ ছিল মানুষের। কিন্তু ফলটা যে এরকমভাবে ‘ব্লু সুনামি’ নিয়ে আসবে, তা বোধহয় ‘ডেমোক্র্যাটিক পার্টি’-ও আশা করতে পারেনি। শুধু যে তাদের জয় হয়েছে, তা নয়, শুধু যে কংগ্রেসের হাউস এবং সেনেটে তারা আজ ‘সংখ্যাগুরু’, তা নয়। কত পথিকৃৎ নির্বাচিত হয়েছেন এবারের নির্বাচনে, সেটাও বিস্ময়ের। নির্বাচনে জয়ী এই মানুষরা নিজ ক্ষেত্রে প্রথম তাঁদের জাতি, ধর্মে, লিঙ্গে– তাঁরাই গড়লেন ইতিহাস।

zoom
আমেরিকান জীবনের অর্থনৈতিক চাপ

জর্জিয়া, যা ব্যাটেলগ্রাউন্ড রাজ্যগুলোর মধ্যে পড়ে, যেখানে ২০২৪ সালে রিপাবলিকান পার্টি অনেক এগিয়ে ছিল ডেমোক্র্যাটদের তুলনায়, সেখানে গভর্নর পদের নির্বাচনী ফল গেল ডেমোক্র্যাটদের পক্ষে। আটলান্টার সাবেক মেয়র কিশা বটমস প্রায় ৯ শতাংশ পয়েন্টের ব্যবধানে দেশের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর হিসেবে নির্বাচিত হলেন। ১৯৯৮ সালের পর তিনিই প্রথম ডেমোক্র্যাট, যিনি জর্জিয়ার নেতৃত্ব দিতে নির্বাচিত হলেন। হারালেন হেলথ কেয়ার এগজিকিউটিভ, ডোনাল্ড ট্রাম্পের আশীর্বাদধন্য রিক জনসনকে।

zoom
কিশা বটমস

জর্জিয়ার পর টেক্সাস। জিনা হিনোহোসা সেখানে ডেমোক্র্যাটিক গভর্নর হিসেবে নির্বাচিত হয়েছেন। আমেরিকার প্রথম লাতিন গভর্নর, রিপাবলিকান দলের গ্রেগ অ্যাবটকে পরাজিত করে রাতারাতি জাতীয় পর্যায়ের আলোচনায় উঠে এসেছেন। দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের সবচেয়ে জনবহুল রিপাবলিকান-প্রধান রাজ্য হিসেবে পরিচিত টেক্সাসে তাঁর এই বিজয়কে একটি বিশাল রাজনৈতিক পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে। ১৯৯৫ সালের পর টেক্সাসে আবার ডেমোক্র্যাট গভর্নর আসছেন।

zoom
ভোটের লাইনে তরুণ প্রজন্ম

মিশিগানে, ডেমোক্র্যাট আব্দুল এল-সায়েদ তাঁর জিওপি (রিপাবলিকান) প্রতিদ্বন্দ্বীকে হারিয়ে, দেশের প্রথম মুসলিম ইউএস সেনেটর হয়েছেন। ফ্লোরিডার ডেমোক্র্যাট পিয়া দান্দিয়া, সানশাইন স্টেট থেকে কংগ্রেসে নির্বাচিত প্রথম ভারতীয় আমেরিকান হয়ে, এক ঐতিহাসিক মাইলফলক স্পর্শ করেছেন। ডেমোক্র্যাটিক প্রতিনিধি ক্রিস পাপাস, নিউ হ্যাম্পশায়ারের খালি সেনেট আসনে সাবেক রিপাবলিকান সেনেটর জন ই. সুনুনু-কে পরাজিত করে, ইউএস সেনেটে নির্বাচিত প্রথম প্রকাশ্য সমকামী ব্যক্তি। নিউ মেক্সিকোর ডেমোক্র্যাট ডেব হাল্যান্ড, যেকোনও রাজ্যের প্রথম নেটিভ আমেরিকান নারী গভর্নর হিসেবে নির্বাচিত হয়ে ইতিহাস সৃষ্টি করেছেন।

zoom
আব্দুল এল-সায়েদ

এঁরা এবং আরও যাঁরা পথিকৃৎ, তাঁদের জয়ের পথ কি এতই সহজ ছিল? টেক্সাসের মতো রাজ্য, যেখানে প্রায় ৪০ বছরের মধ্যে কোনও ডেমোক্র্যাটিক সেনেটর নির্বাচিত হননি? জর্জিয়ায়, যেখানে আটলান্টার প্রাক্তন মেয়র কিশা বটমসকে ‘ব্যর্থ মেয়র’ বলে চিহ্নিত করে দেওয়া হয়েছে! আব্দুল সায়েদকে ক্রমাগত তাঁর ধর্মের প্রতি আনুগত্য নিয়ে প্রশ্ন করা হয়েছে, হেনস্তা করা হয়েছে, রাষ্ট্রপতি তাকে ‘জিহাদি’ বলে অভিযুক্ত করেছেন, তাঁর নাম নিয়ে হাসিঠাট্টা করেছেন।

শুধুমাত্র আমেরিকার সাধারণ জনগণ বীতশ্রদ্ধ হয়ে পড়েছে বলে কি রিপাবলিকানদের এমন ভরাডুবি? ডেমোক্র্যাটদের এই অপ্রত্যাশিত ভোট-সাফল্য কি স্রেফ ‘কাকতালীয়’? বিষয়টা কিন্তু সেরকম নয়। সাধারণ মানুষের বিশ্বাস অর্জন করার জন্য তাদের দরজায় পৌঁছতে হয়েছে প্রার্থীদের, জনগণের কথা শুনতে হয়েছে, সংযোগ স্থাপন করতে হয়েছে তাঁদেরই একজন হয়ে। যেমন মেইন রাজ্যে ডেমোক্র্যাটিক পার্টি থেকে সেনেটর নির্বাচিত ট্রয় জ্যাকসন নিজে একজন কাঠুরে ছিলেন, যা মেইন রাজ্যের বাসিন্দাদের অন্যতম পেশা। এখানকার কর্মীদের সমস্যা, দাবি– সমস্ত কিছু খুব কাছ থেকে জানেন এবং প্রায় ২০ বছর ধরে রাজ্যস্তরে প্রতিনিধিত্ব করছেন। এই নির্বাচনে তিনি হারালেন ৩০ বছর ধরে ক্ষমতায় থাকা রিপাবলিকান সেনেটর সুসান কলিন্সকে। ওহায়ো থেকে নির্বাচিত প্রথম নেটিভ আমেরিকান সেনেটর পেগি ফ্ল্যানগান, তাঁর নির্বাচনী ফান্ডে কোনও বড় কর্পোরেশনের থেকে কোনও অর্থ নেননি এবং ভবিষ্যতেও নেবেন না বলে ঘোষণা করেছেন। আমেরিকার সাধারণ মানুষের অর্থনৈতিক সংকট এঁদের প্রথম লড়াই। তাঁরা প্রাধান্য দিচ্ছেন সাধারণ মানুষদের, যাঁরা তাঁদের প্রতিনিধি নির্বাচন করেছেন। গুরুত্ব দিচ্ছেন সাধারণের সংকটগুলিকে।

zoom
ট্রয় জ্যাকসন

আর এই লড়াইতে তাঁদের সঙ্গে ছিলেন একটি বিশেষ বয়সের মানুষ। একটা নির্বাচনে তাঁদের প্রতিনিধিত্ব কতটা প্রভাব বিস্তার করতে পারে, এই নির্বাচন তার প্রমাণ। তরুণ প্রজন্ম– যাঁদের বয়স তিরিশের নীচে। বেশ কয়েকটি প্রধান ব্যাটলগ্রাউন্ড রাজ্যে ডেমোক্রেটদের জয়ে তরুণ ভোটারদের ভূমিকা বেশ বড় ছিল। জর্জিয়ার গভর্নর নির্বাচনে, ৭০% তরুণ ভোটার কিশা বটমসকে সমর্থন করেছেন। ওই রাজ্যের সেনেট নির্বাচনে ৭১% তরুণ, ডেমোক্র্যাট প্রার্থী জন অসফকে সমর্থন জানান। মিনেসোটার সেনেট ও গভর্নর– উভয় নির্বাচনেই ৭০%-এর বেশি তরুণ ভোটার ডেমোক্র্যাটদের সমর্থন করেছিলেন এবং দুই প্রার্থীই জয়ী হন। মিসিসিপিতে, যেখানে ডেমোক্র্যাটিক সেনেট প্রার্থী স্কট কলোম বর্তমান রিপাবলিকান সেনেটর সিন্ডি হাইড-স্মিথকে হারানোর জন্য আশ্চর্যজনক লড়াই করছেন, সেখানে ৭৬% তরুণ কলোমকে ভোট দিয়েছেন। সাউথ ক্যারোলিনায়, যেখানে ডেমোক্র্যাট এনি অ্যান্ড্রিউজ ইউএস সেনেট নির্বাচনে রিপাবলিকান ডারলিন গ্রাহামকে হারিয়ে চমক সৃষ্টি করেন, সেখানে ৬৬% তরুণ অ্যান্ড্রিউজকে ভোট দিয়েছিলেন।

zoom
ড্যানিয়েল ও’কনার

আর শুধুমাত্র ভোট দিয়ে নির্বাচন করে নয়, প্রচুর জয়ী প্রার্থীর নির্বাচনী প্রচার এই তরুণদের প্রচেষ্টা ছাড়া সম্ভব হত না। মানুষের দরজায় দরজায় পৌঁছেছেন এরাই। উদ্বুদ্ধ করেছেন ভোট দিতে। ‘আমেরিকান ড্রিম’ কথাটা এই প্রজন্মের কাছে শূন্যে মিলিয়ে যাচ্ছে। চাকরির অনিশ্চয়তা, বাড়তে থাকা বাড়ির দাম, বিলিয়নেয়রদের উত্তরোত্তর উন্নতি, অন্যায় যুদ্ধে অংশগ্রহণ এবং অর্থের অপচয়, অন্যদিকে বিভিন্ন স্তরে সরকারি প্রকল্প, অনুদান বন্ধ করে দেওয়া– এরকম অনেক বিষয় এদেরকে সক্রিয় রাজনীতির দিকে নিয়ে আসছে। আমার রাজ্য ম্যাসাচুসেটসে, আমার কাছের একটি শহর বিলারিকা থেকে, রাজ্য সেনেটের প্রতিনিধি নির্বাচিত হয়েছেন মাত্র ১৯ বছর বয়সি কলেজ-পড়ুয়া ড্যানিয়েল ও’কনার। বয়স নয়, তাঁর শহরবাসীর সমস্যার প্রতিনিধিত্ব করবেন তিনি। এরকমভাবেই এগিয়ে আসুক আগামী প্রজন্ম– প্রতিবাদে সক্রিয় অংশগ্রহণ করে, সমর্থন জানিয়ে ঠিক রাস্তা বেছে নিক।

তা আমেরিকা হোক বা ভারত।

American Politics Sangbad Pratidin Sangbad Pratidin Robbar US Midterm Elections 2026 Young Voters

Share this article on