

কেশরবাইয়ের গানে মুগ্ধ ছিলেন স্বয়ং রবীন্দ্রনাথ। কেশরবাই কোনও দিন চাননি তাঁর কণ্ঠ যন্ত্রস্থ হোক। বহু সাধ্যসাধনা করে, বুঝিয়ে, তবে ‘এইচএমভি’ তাঁকে রাজি করাতে পেরেছিল কয়েকটি পুরনো গান পুনর্বার রেকর্ডিংয়ের জন্য। আর ভাগ্যের কী আশ্চর্য পরিহাস! তাঁরই যন্ত্রস্থ কণ্ঠ বেজে চলেছে মহাকাশে, এক যান্ত্রিক অভিসারের সঙ্গী হয়ে।
‘যেই ভাবে, মা যে হয় মাটি তার,/ ভালো লাগে আরবার/ পৃথিবীর কোণটি’– ঠিক এই কথাই যেন মনে করিয়ে দিয়ে যাচ্ছে ‘নাসা’-র ‘ভয়েজার ওয়ান’। প্রায় ৪৯ বছর সে কাটিয়ে ফেলেছে মহাকাশে। ১৯৭৭ সালে পৃথিবী থেকে যাত্রা শুরু করেছিল এই মহাকাশযান। এই মাত্র কয়েক দিন আগে, ১৮ নভেম্বর, সে এসে হাজির হয়েছিল পৃথিবী থেকে নিকটতম দূরত্বে– এই মর্তলোকের আলো যেখানে পৌঁছতে ২৪ ঘণ্টা সময় নেবে। দীর্ঘ আবর্তনের পথে একবার যেন ফিরে এসে দেখা দিয়ে গেল তার ঘরবাড়িটিকে। এই দীর্ঘ অর্ধশতকের পথ পাড়ি দিয়ে, তার ঝুলিতে স্মারকের সংখ্যা প্রচুর।

আমাদের এই সৌরজগতের সীমা যেখানে শেষ হয়ে যায়, সূর্যের মতো অপ্রতিরোধ্য নক্ষত্রের অনিবার্য প্রভাবও যেখানে ক্রমশ ফুরিয়ে যায়, বিশাল অজানা আকাশের বিপুলতর রহস্যের হাতছানিতে খুলে যায় নতুন নতুন ইশারা– সেই অচিন দুনিয়ার নাম ‘হেলিওস্ফিয়ার’। সৌরজগতের বাইরের মহাকাশ-উপাদানের প্রভাব যেখানে পাল্লা দিয়ে ভারী, সূর্যের চেয়েও বেশি। পৃথিবী থেকে ভেসে যাওয়া প্রথম মহাকাশযান ‘ভয়েজার ওয়ান’, হেলিওস্ফিয়ার ফুঁড়ে বেরিয়ে যাওয়ার ক্ষমতা দেখিয়েছিল। বৃহস্পতির চারপাশে মিহি বলয় খুঁজে পাওয়া, শনির ‘ই রিং’ আর ‘এফ রিং’-এর মাঝেও আর-একটি নতুন ‘জি-রিং’ চিহ্নিত করা, বৃহস্পতির চারটি বড় উপগ্রহ ছাড়াও আরও নতুন দু’টি উপগ্রহ ‘থিবি’ আর ‘মেটিস’ এবং শনির পাঁচটি নতুন উপগ্রহ আবিষ্কার– ভয়েজার ওয়ানের বিস্ময়দুনিয়া, মহাকাশে ক্রমশ বিস্তার করে চলেছে তার ডানা।

কিন্তু শুধুমাত্র বিরল উড়ালক্ষমতার জন্য মহাকাশের এই সদাজাগরূক প্রহরীকে টেনে আনিনি ভাবালু লেখায়। শুধু যন্ত্র হয়ে যাবতীয় তথ্য-দৃশ্য তুলে আনার বিশ্বস্ত প্রতিহারী সে নয়, তার ভিতরে রয়ে গিয়েছে আর-এক উড়ানের অবকাশ। সেই কোনকালে, কত বছর আগে, ভয়েজার ওয়ান যখন বাড়ি ছেড়েছিল, তার সে যাত্রায় শুধু নৈর্ব্যক্তিক চাহনি ছিল না, ছিল না নিরপেক্ষ যান্ত্রিকতা। বরং মনের মধ্যে বহু অপেক্ষা-প্রত্যাশার মানুষী দীর্ঘশ্বাস নিয়ে পাড়ি জমিয়েছিল সে। বিরাট অজানা আঁধারে যদি আর কারও দেখা মিলে যায়, যদি আরও এমন কেউ রয়ে যায় এই মানুষেরই মতো? প্রাণের স্পন্দন নিয়ে ধুকপুক করে তারা যদি একদিন এসে ধরা দেয় চলার পথে? ঠিক সেজন্যেই তার বুকের মধ্যে বেজে চলে ‘ভয়েজার গোল্ডেন রেকর্ড’– সোনার পরতে মোড়া একটি ফোনোগ্রাফ, এই পৃথিবীর নিজস্ব শব্দমালা আর ছবি যেখানে ভরা আছে প্রতিশব্দের প্রত্যাশায়। দীর্ঘ ৪৯ বছর ধরে আকাশের নিঃসীম অনন্তে, আকুল সেই শব্দময় জিজ্ঞাসা ছড়িয়ে দিতে দিতে সে ঘুরে বেড়াচ্ছে মহাশূন্যের অন্ধকারে।
কী আছে এই গোল্ডেন রেকর্ডে? রয়েছে ১১৬টি ছবি আর কিছু বার্তা। ছবির মধ্যে আছে, মানুষ এবং পৃথিবীর নানা প্রাকৃতিক উপাদান। কিন্তু সেদিন এইসব তথ্য যাঁরা রেখেছিলেন, সেই গোল্ডেন রেকর্ড কমিটির কর্ণধার কার্ল সেগান অত্যন্ত সচেতনে এড়িয়ে গিয়েছিলেন, যে-কোনও যুদ্ধ-দারিদ্র-রোগ-অপরাধ, বিশেষ কোনও নীতির প্রতি ঝোঁক বা ধর্ম সংক্রান্ত তথ্য। এমন কিছু রাখাই হয়নি, যা এক মানুষের থেকে আর-এক মানুষকে আলাদা করার ক্ষমতা রাখে।

রেকর্ডের একেবারে শুরুতেই রয়েছে একটি ভয়েস মেসেজ, যেখানে শোনা যায় শিশুকণ্ঠ– ‘হ্যালো ফ্রম দ্য চিলড্রেন অফ প্ল্যানেট আর্থ!’ পৃথিবীর নবীনতম, ক্ষুদ্রতম সদস্য, পূর্ণ মানুষের প্রথম পদধ্বনি হয়ে যারা পৃথিবীর জল-মাটি-আলো-হাওয়াকে আরও বেশি সুন্দর করে তোলে, তাদের গলাতেই প্রথম সম্ভাষণ। একে একে পৃথিবীর নানা ভাষায় চলতে থাকে আলাপ, সেখানে যেমন আছে ৬ হাজার বছর আগের সুমের সভ্যতার ভাষা ‘আক্কাদিয়ান’, তেমনই রয়েছে চিনে উপভাষার নবতম সংযোজন ‘wu’। বাংলা আছে তো বটেই! সেই সঙ্গে বেজে ওঠে পৃথিবীর জাগতিক অথচ চিরন্তন কিছু ধ্বনি– পাখির ডাক, হাওয়ার মৃদু আভাস, সমুদ্রের শব্দ, ঝড়বৃষ্টির ফোঁসফোঁসানি। নাম ছিল ‘মারমারস অফ আর্থ’, বা ‘পৃথিবীর ফিসফাস’। আর ছিল পৃথিবী থেকে বাছাই করা কিছু গান, লোকাতিক্রান্ত লোকায়তের দিকে সুরের আহ্বান ছড়িয়ে দেওয়ার প্রয়াস। তার মধ্যেই রয়েছে হিন্দুস্তানি ধ্রুপদীসংগীতের এক জাদুকরীর কণ্ঠ, কেশরবাই কেরকার। ভৈরবী রাগে গাওয়া তাঁর গানটির নাম ‘যা ত কাঁহা হো’, চলেছ কোথায়? ভাবতে অবাক লাগে, ভোরের ভৈরোঁ, যা কি না ঘুমভাঙানিয়া প্রথম প্রত্যূষের আলোক-ইঙ্গিত বয়ে আনে, ওই নিকষ আঁধারে কোন আলোর সন্ধানে ফিরে ফিরে আসবে এ প্রশ্ন নিয়ে?

অথচ কেশরবাই কোনও দিন চাননি তাঁর কণ্ঠ যন্ত্রস্থ হোক। জনসমক্ষে গাইতে ভালোবাসতেন তিনি, ভালোবাসতেন শ্রোতার অভিব্যক্তি, সম্মুখে দাঁড়িয়ে মেখে নিতে ভালোবাসতেন সেই উত্তাপ, সুরের ছোঁয়া। তাঁর সুরেলা কণ্ঠ সামনের মানুষের হৃদয়ে যে আলোড়ন আর উতরোল বয়ে আনে, তার পরশটুকু ধরে রাখতে ভালোবাসতেন স্মৃতিতে। এই অসামান্যার গানে মুগ্ধ ছিলেন স্বয়ং রবীন্দ্রনাথও। কেশরবাইকে বহু সাধ্যসাধনা করে, বুঝিয়ে, তবে ‘এইচএমভি’ রাজি করাতে পেরেছিল কয়েকটি পুরনো গান পুনর্বার রেকর্ডিংয়ের জন্য। আর ভাগ্যের কী আশ্চর্য পরিহাস! যিনি যন্ত্রে কণ্ঠ দিতেই চাননি, তাঁরই যন্ত্রস্থ কণ্ঠ বেজে চলেছে মহাকাশে, এক যান্ত্রিক অভিসারের সঙ্গী হয়ে। কেশরবাইয়ের কণ্ঠ ভয়েজার ওয়ানের গোল্ডেন রেকর্ডে চিরকালের জন্য গাঁথা হয়ে, পাড়ি দিয়েছিল ১৯৭৭ সালের ৫ সেপ্টেম্বর। তার ঠিক ১১ দিন পর, চিরতরে অন্য এক লোকাতীত দুনিয়ায় পাড়ি দিলেন কেশরবাই নিজেও।

শুধু কেশরবাই নন, যাঁদের কণ্ঠে বেজে চলেছে ওই সুরের ইশারা, তাঁদের অনেকেই আজ আর পৃথিবীতে নেই। কিন্তু তাঁদের স্বর আবর্তিত হয়ে চলেছে মহাশূন্যে। যেতে যেতে তাঁরা যেন গানখানি ভুলে ফেলে গিয়েছেন। মানুষের মৃত্যুর পরেই মানবকে জাগিয়ে রাখার, অনন্তকে ছুঁয়ে ফেলার এই যে আকুলতা, এটুকুই তো জীবনের সম্বল!
মানুষ তো শুধু এই এক-আধটু বিশ্বাসের ওপরে ভর করেই গোটা জীবন কাটিয়ে দেয় নেহাত হেলাফেলায়– সে আসবে, ঠিক আসবে। কেউ এসে ঠিক একদিন অচিন ঠিকানায় দাঁড় করাবে, ঘরে ফেরানোর প্রত্যাশা থাকবে তার প্রশ্নে ভরপুর– ‘যাত কাঁহা হো?’ নিরুদ্দেশের পথিক সেদিন ডাক দেবেই, শুধু ‘দেখতে তোমায় না যদি পাই, না-ই বা দেখি’-র আকাঙ্ক্ষা আর অপেক্ষাটুকু ততদিন বিশ্বাসের স্বর্ণাভ চাকতি হয়ে জ্বলতে থাক ভয়েজার ওয়ানের বুকে। নিঃঝুম অন্ধকারে তার একমাত্র আলো।
A Unit of: Sangbad Pratidin Digital Private Limited. All rights reserved