a book about the brief history of hooghly river | Robbar
Robbar
  • ২৫ কার্তিক ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ১২ নভেম্বর ২০২৬

নদীমাতৃক হুগলির অতীতচারণ

এই বইয়ের ‘ভূমিকা’ অংশ থেকে ধরলে আমরা পৌঁছে যাব ১৫০ খ্রিস্টাব্দে। সেই সময় বিখ্যাত গ্রিক পণ্ডিত টলেমি ‘জিওগ্রাফিয়া’ নামে একটি বই লিখেছিলেন। সেই বইয়ে বিশ্বের বিভিন্ন অঞ্চলের মানচিত্র প্রকাশিত হয়েছিল। যার মধ্যে ছিল ভারতের মানচিত্রও। আর সেই ভূখণ্ডের মানচিত্রে দেখা গিয়েছিল কীভাবে গঙ্গা বেশ কয়েকটি শাখানদীর মাধ্যমে বঙ্গোপসাগরে মিশেছে। তার মধ্যে ছিল হুগলি নদীটিও।

শেষ আপডেট: নভেম্বর ১২, ২০২৬, ১৫:২৫   
Facebook WhatsApp Messenger

সভ্যতার ইতিহাসে নদীর গুরুত্ব কতটা তা সকলেরই জানা। এই মহাদেশেও সেই গুরুত্ব অপরিসীম। দক্ষিণ এশিয়ায় নদীকে পুজো করা হয় সম্ভবত সিন্ধু সভ্যতারও আগে থেকে। এই ভক্তির নেপথ্যে রয়েছে নদীতীরকে কেন্দ্র করে ধারাবাহিকভাবে জনপদগুলির গড়ে ওঠার ‘সাফল্য’। কৃষি থেকে বাণিজ্য– নদীই তো তাদের নিউক্লিয়াস। আমাদের হুগলি নদী নিয়ে আস্ত একটা বই হাতে বিস্ময় জাগে প্রথমে। পরে বুঝতে পারি এমন বই কতটা প্রয়োজনীয়। হুগলি নদীর গতিপথের সঙ্গে তীরবর্তী জনপদগুলির ইতিহাসের ধারাকে সংযুক্ত করেছেন লেখক রবার্ট আইভারমি। গ্রন্থের অনুবাদক শুভময় রায়। সেই অর্থে এই বই ঠিক নদীর ইতিহাস নয়, বরং কীভাবে হুগলি নদী সারা বিশ্বের ইতিহাসের অঙ্গীভূত হয়ে উঠল সেটাই ব‌লতে চেয়েছেন লেখক।

zoom

হুগলি থেকে শুরু করে মুর্শিদাবাদ, পলাশি, চন্দননগর, শ্রীরামপুর, কলকাতা ও সাগরদ্বীপ– এতগুলি জনপদ ধরে ধরে এগিয়েছে ‘বিশ্বের ইতিহাসে হুগলি নদী’ বইটি। কিন্তু এই বইয়ের ‘ভূমিকা’ অংশ থেকে ধরলে আমরা পৌঁছে যাব ১৫০ খ্রিস্টাব্দে। সেই সময় বিখ্যাত গ্রিক পণ্ডিত টলেমি ‘জিওগ্রাফিয়া’ নামে একটি বই লিখেছিলেন। সেই বইয়ে বিশ্বের বিভিন্ন অঞ্চলের মানচিত্র প্রকাশিত হয়েছিল। যার মধ্যে ছিল ভারতের মানচিত্রও। আর সেই ভূখণ্ডের মানচিত্রে দেখা গিয়েছিল কীভাবে গঙ্গা বেশ কয়েকটি শাখানদীর মাধ্যমে বঙ্গোপসাগরে মিশেছে। আর তার মধ্যে ছিল হুগলি নদীটিও। যদিও টলেমি নাম করেননি, কিন্তু বোঝাই যায়, এই নদীগুলির গতিপথ সম্পর্কে তাঁর সম্যক ধারণা ছিল। যাই হোক, এর অনেক পরে ১৪৯৮ সালে ভাস্কো দা গামার কালিকট বন্দরে অবতরণের মধ্যে দিয়ে পর্তুগিজরা ভারতে আসার পথটি আবিষ্কার করে ফেলে। এরও দুই দশক পরে ১৫১৭ সালে বাংলাতেও ব্যবসা শুরু করে তারা। কিন্তু ইউরোপীয়দের এদেশের পূর্বপ্রান্তের দিকে নজর পড়তে দেরি হয়েছিল। যদিও সতেরো শতক শেষ হতে হতে ইউরোপীয়রাও এখানে জাঁকিয়ে বাণিজ্য করতে শুরু করে দেয়। আর এই সব ঘটনাবলির মধ্যে হুগলি নদীর গুরুত্বও ক্রমশ বাড়তে থাকে। আসলে এই নদী যে কেবল মানুষ থেকে মালপত্র পরিবহণের উপযোগী তা-ই নয়, এর তীরে কৃষিকাজও চমৎকার হয়। এমন নদীকে কেন্দ্র করে যে বহু কিছু ঘটতে থাকবে তা তো স্বাভাবিকই।

যাই হোক, এই নদীর বিস্তৃত প্রভাবের কথা বলতে গিয়ে লেখক বেছে নিয়েছেন সাতটি জনপদকে। যাদের নাম আমরা আগেই করেছি। তবে এই সব জনপদের সামগ্রিক ইতিহাস স্বাভাবিকভাবেই তিনি বলতে চাননি। কেবল এদের সঙ্গে হুগলি নদীর সম্পর্ক স্থাপনে যতটা প্রয়োজন, ততটুকুই বলা হয়েছে। পড়তে পড়তে আমরা কেবল ‘শুষ্ক’ ইতিহাসই পড়ি না। বরং ঘুরে বেড়াতে থাকি হারানো সময়ের অন্দরেও। যেমন ধরা যাক, বইয়ের পাতায় কান পেতে শুনি গাদাবন্দুকের গোলাগুলির শব্দ। না কোনও ‌লড়াই নয়, পেদ্রো তাভারেস নামের এক পর্তুগিজকে স্বাগত জানাতে এসেছে বাদশা আকবরের কোতোয়া‌ল। সঙ্গে ফরমান– তাভারেসকে যেতে হবে বাদশার দরবারে। সেটা সুদূর ১৫৭৮ সালের কথা। সেই ফরমান মেনেই তিনি চলে যান ফতেপুর সিক্রিতে। তাঁর সঙ্গে আকবরের কতবার সাক্ষাৎ হয়েছিল তা জানা যায় ন‌া। তবে আকবর তাঁকে নানা উপঢৌকন তো দিলেনই। সেই সঙ্গে বাংলায় পর্তুগিজ বসতি স্থাপনের অনুমতিও। আর এর ফলেই পত্তন হল হুগলি শহরের। ক্রমশ তা হয়ে উঠল সমৃদ্ধশালী এক জনপদ। কিন্তু আকবরের পরে শাহজাহান মসনদে বসতেই ছবিটা বদলে যায়। তিনি কেন চাইলেন এই শহরটি ধ্বংস করে দিতে, তাও জানিয়েছেন লেখক। তবে এই সব রাজারাজড়াদের কথার পাশাপাশি সেই সময় শহরটা কেমন ছিল, তা পড়তে বড় আরাম লাগে। ভেসে যেতে ইচ্ছে হয় অতীতের সেই ক্যানভাসে!

zoom
হুগলি নদী, কলকাতা বন্দর, ১৯০৩

একইভাবে লেখক বলেছেন বাকি জনপদগুলির কথাও। ষোল শতক থেকে শুরু করে তিনি বর্তমান সময় পর্যন্ত আমাদের নিয়ে আসেন। আমাদের চেনা জনপদগুলির অভ্যন্তরে লুকিয়ে থাকা ইতিহাসের নানা টুকরো অনেক কথাই নতুন করে ভাবতে বাধ্য করে। যেমন যে বছর মাহেশের জগন্নাথ মন্দির পুনর্নির্মিত হল সেটা ১৭৫৫। আর সেই বছরই আলিবর্দি খানের অনুমতি নিয়ে ডেনমার্কের ইস্ট ইন্ডিয়া কোম্পানি শ্রীরামপুরে উপনিবেশের পত্তন করেছিল। যদিও শ্রীরামপুরের বৃদ্ধির গতি প্রথমদিকে ততটা দ্রুত ছিল না। ক্রমে সেখানকার জনসংখ্যা যেমন বাড়তে থাকে, তেমনই ধনী ব্যবসায়ীদের রমরমা। লেখক লিখছেন– ‘শ্রীরামপুরে সে সময় যে-ধরনের দালানকোঠা নির্মাণ শুরু হয়েছিল, তার থেকে সেখানকার উত্তরোত্তর সমৃদ্ধির আন্দাজ পাওয়া যায়।… সবচেয়ে নজরকাড়া বাড়িটি ছিল গোস্বামী রাজবাড়ি।… ছিল বেশ কিছু নব্য-ধ্রুপদী শৈলীর কুঠিবাড়ি। বাইরের দিকে সাদা রঙের প্লাস্টার করা সেসব বাড়ির বাসিন্দা ছিল ইয়োরোপীয় ব্যবসায়ীরা।’

পড়তে পড়তে অবাক লাগে হুগলি নদীর গতির কথা জেনে। সে যুগে নদীর উজানে গতি ছিল একেবারে শ্লথ। ফলে কলকাতা থেকে এলাহাবাদ পৌঁছতে লেগে যেত তিন-চার মাস। কিন্তু ভাটার দিকে নৌকা এমন দ্রুত ছুটত, ফেরার পথ পেরনো যেত কুড়ি দিনে! ফলে নদীপথে যাত্রা বিরাট ঝুঁকির হয়ে উঠত। কেননা এত দ্রুতগতির জন্য ডুবে যাওয়া জাহাজের সঙ্গে ধাক্কা লেগে হোক কিংবা ভাসমান অসংখ্য গাছের সঙ্গে টক্করের ফলেই হোক, দুর্ঘটনা ঘটত। এই পরিস্থিতি বদলে যায় বাষ্পপ্রযুক্তির আগমনের পরে। পাশাপাশি রেল, পাম্পিং স্টেশন, জল নিকাশি ব্যবস্থার অভাবনীয় উন্নতির মতো পদক্ষেপে বদলে যেতে থাকে পরিবেশ। তবে বিশ শতকের শুরু থেকে অর্থনৈতিক কিংবা রাজনৈতিক রাজধানী হিসেবে কলকাতা যে গুরুত্ব হারিয়েছিল, সেটা তো আমাদের জা‌না। ফলে হুগলি নদীও যে গুরুত্ব হারাবে, সেটাই ছিল স্বাভাবিক। অন্যদিকে উনিশ শতকের শেষার্ধ থেকে বম্বের উন্নতি হতে শুরু করেছিল‌। লেখক লিখছেন– ‘১৮৬৯-এ সুয়েজ ক্যানাল খুলে দেওয়ার পরে ইয়োরোপ থেকে পশ্চিম ভারত মহাসাগরে বাষ্পচালিত জাহাজের আসা-যাওয়া সহজ হয়েছিল। তারপর থেকে বোম্বের অর্থনৈতিক উন্নতি হতে থাকে। ঊনবিংশ শতাব্দের শেষভাগে ভারতের বড় শহরগুলির মধ্যে বোম্বে অর্থনৈতিকভাবে অনেকটা অগ্রসর হয়ে কলকাতার প্রতিস্পর্ধী শক্তি হয়ে উঠেছিল। কলকাতার অর্থনৈতিক আধিপত্য যেমন খর্ব হল, রাজধানী দিল্লীতে সরে যাওয়ায় রাজনৈতিক আধিপত্যও আগের মতো রইল না। বন্দর শহরগুলি আর উত্তর ভারতের মধ্যে রেলপথের যোগাযোগ প্রতিষ্ঠিত না হলে দিল্লীতে রাজধানী উঠিয়ে নিয়ে যাওয়া অচিন্তনীয় হত। যে বাষ্প প্রযুক্তির উদ্ভবের ফলে একসময় কলকাতা পৃথিবীর অন্যতম মহানগর হয়ে উঠেছিল, তারই পরিণামে শেষপর্যন্ত তার রাজনৈতিক আর অর্থনৈতিক তাৎপর্য ক্ষীণ হয়ে আসে।’

zoom
হুগলির স্নানঘাট, ১৯৪৫ সালের ফোটোগ্রাফ

বইয়ের শেষ অধ্যায় সাগরদ্বীপকে নিয়ে। সেখানে হুগলির বিশ্ব ইতিহাস নিয়ে অনেক কথা বলা হয়েছে। পাশাপাশি ভারত আজ আন্তর্জাতিক স্তরে ক্ষমতাশালী রাষ্ট্র হয়ে ওঠার ফলে হুগলি নদীর সম্ভাব্য তাৎপর্যকেও নতুন করে বিবেচনা করা হয়েছে। হুগলি নদীর হৃতগৌরব পুনরুদ্ধারের আশা দিয়ে বইটি শেষ হলেও, সেই সঙ্গেই মনে করিয়ে দেওয়া হয়েছে অতীতের ভুল থেকে শিক্ষা নেওয়ার কথা। না-হলে বর্তমান সংকটের মোকাবিলা করা যাবে না।

এই বইয়ে ইতিহাস বর্ণনার সঙ্গে সঙ্গে অতীতের পর্যবেক্ষণের যে ধারা লেখক অনুসরণ করেছেন, তা সত্যিই সুন্দর। তবে অনুবাদের ক্ষেত্রে একেবারে হুবহু অনুসরণ করতে চাওয়ার ফলেই বোধহয় কোথাও কোথাও পড়তে গিয়ে একটু হোঁচট খেতে হয়। কেননা যৌগিক বাক্যের সমস্যা হল, তা পাঠের গতিকে রুদ্ধ করে অনেক সময়। এই ছোটখাটো ত্রুটি বিবেচনা করা যেতে পারে আগামী সংস্করণের সময়। আরেকটু সম্পাদিত হলে বইটি আরও বেশি মনোগ্রাহী হবে, তা বলাই যায়। ছাপা, বাঁধাই সবই সুন্দর। প্রচ্ছদও সুন্দর। বইয়ের মাঝামাঝি কয়েকটি চমৎকার ছবি, মানচিত্র রয়েছে। তবে সেগুলি একসঙ্গে না-দিয়ে বইয়ের ভিতরে ছড়িয়ে রাখলে হয়তো আরও ভালো হত। টানা টেক্সটের মাঝে ছবি যে একটা ‘রিলিফ’ দেয় সেকথা তো মানতেই হবে। সেক্ষেত্রে ছবির সংখ্যাও আরেকটু বাড়ানোর কথা ভাবাই যায় হয়তো।

………………………

বিশ্বের ইতিহাসে হুগলি নদী
রবার্ট আইভারমি। অনুবাদ: শুভময় রায়
পরবাস
৫০০্‌ 

calcutta Geographia History of kolkata Hooghly river Kolkata Ptolemy Sangbad Pratidin Sangbad Pratidin Robbar

Share this article on