Jaroslav Hnevkovsky: The Bohemian Czech Artist | Robbar
Robbar
  • ৩ অগ্রহায়ণ ১৪৩৩
  • শুক্রবার
  • ২০ নভেম্বর ২০২৬

বিষাদ শিল্পীর ক্যানভাস

শতরঞ্চি পাতা মেঝের উপরে একটা ইজেল দাঁড় করিয়ে কাচে আঁকা রবীন্দ্রনাথের প্রতিকৃতি রাখা হল। সকালে ক্লাসের পরে দুপুরের খাওয়ার সময় ছাত্র-শিক্ষক সকলেই যখন ঘর ছেড়ে চলে যেতেন, তখন ঘরের দরজা-জানলা বন্ধ করার রেওয়াজ ছিল না। সেদিন কিন্তু ঘটে গেল একটা ভয়ঙ্কর দুর্ঘটনা! ছাত্রেরা ফিরে এসে দেখে জানলা দিয়ে আসা দমকা হাওয়ায় শতরঞ্চির একপাশ উলটে গিয়ে ইজেলসহ কাচে আঁকা সেই রবীন্দ্রপ্রতিকৃতি মেঝেতে পড়ে ভেঙে চুরমার!

শেষ আপডেট: নভেম্বর ২০, ২০২৬, ২০:৫০   
Facebook WhatsApp Messenger

১৭.

কলাভবন তার নিজের ছন্দে এগিয়ে চলেছে। পাশাপাশি, সংগীতের সঙ্গে তার বিশেষ যোগ। একেবারে গোড়ায়, ‘দ্বারিক’ বাড়ির উপরতলায় কলাভবন এবং নিচের তলায় চলত সংগীতভবনের ক্লাস। কলা এবং সংগীতের এমন এক সংযুক্তির কথাই ভেবেছিলেন রবীন্দ্রনাথ। বিশ্বভারতী ভাবনার শুরুতেই ঘোষণা করেছিলেন, ‘বিশ্বভারতী যদি প্রতিষ্ঠিত হয় তবে ভারতীয় সংগীত ও চিত্রকলা শিক্ষা তাহার প্রধান লক্ষ হইবে এই আমাদের সঙ্কল্প হউক।’ দুই বিভাগ একত্রে ছিল বেশ কিছুকাল, তিনের দশকের শুরুতে কলা এবং সংগীত আলাদা হয়ে যায়। প্রথমদিকে যখন দু’টি বিভাগ একত্রে চলেছে, তখন রবীন্দ্রনাথ সব কাজ ঠিকঠাক চলছে কি না প্রায়ই নিজের চোখে পরখ করে যেতেন।

zoom
আদি কলাভবন

শুরু থেকেই বিশ্বভারতীতে বিদেশিদের আনাগোনার বিরাম ছিল না। সিলভা লেভি, উইন্টারনিসের মতো মনীষীর পাশাপাশি এসেছেন স্টেলা ক্রামরিশ, আন্দ্রে কারপেলেস প্রমুখ শিল্পবিদ বা শিল্পী। স্টেলা আর আন্দ্রেও প্রায় কলাভবনের সূচনাপর্বেই রবীন্দ্রনাথের আহ্বানে সাড়া দিয়ে এসেছিলেন। এছাড়াও বিশ্বের নানা প্রান্ত থেকে একাধিক শিল্পী ও শিল্পরসিক এসে পৌঁছেছেন আশ্রমে। অবারিত দ্বার ছিল শান্তিনিকেতনের, সকলেই কবির কাছে স্বাগত।

কলাভবন প্রতিষ্ঠার কয়েক বছরের মধ্যে নেভকভস্কি নামে এক আর্টিস্ট এসে বেশ কয়েক মাস শান্তিনিকেতনে ছিলেন। নাম শুনে আপাতভাবে রাশিয়ান বলে মনে হলেও, শোনা যায় তিনি এসেছিলেন চেকোস্লোভাকিয়া থেকে। বিনোদবিহারীর কথায়, সাইকেল চড়ে এসেছিলেন! আশ্রমের সকলের কাছে তিনি ‘বোহেমিয়ান আর্টিস্ট’ বলে পরিচিত ছিলেন। তাঁকে থাকতে দেওয়া হয়েছিল ‘শান্তিনিকেতন’ গৃহের দোতলায়। সিঁড়ি দিয়ে উপরে উঠে ঢাকা বারান্দার উত্তরের দিকের দেওয়ালে বড় বড় কাচের জানলা থাকায়, তিনি ইজেল পেতে ওখানেই ছবি আঁকতেন। শান্তিনিকেতনের প্রচণ্ড গরমে খুবই অসুবিধে হত; জামাপ্যান্টের বদলে একটা তোয়ালে, লুঙ্গির মতো কোমরে জড়িয়ে নিতেন। গায়ে জামা নেই, আরেকটা বড় তোয়ালে ভিজিয়ে কেশশূন্য মাথায় বেঁধে ছবি আঁকতেন। পাশের দেওয়ালে টাঙানো থাকত ইউরোপের ম্যাপ। বোধহয় বাড়ির কথা মনে পড়লে, ওই মানচিত্র তাঁকে ভুলিয়ে রাখত। কেবল তা-ই নয়, ওঁর দেশের ওপর আলপিন দিয়ে একটুকরো কাগজ আটকে রেখেছিলেন। 

zoom
জারোস্লাভ নেভকভস্কি

তিনি বেশিরভাগ ছবি আঁকতেন কাচের উপরে তেলরং দিয়ে। সে ছবিকে আজকের আধুনিক ছবির ভাষায় ‘রিভার্স-পেইন্টিং’ বলা যায় কি না, জানি না। সঙ্গে নিজের আঁকা কিছু ছবি ছিল, শান্তিনিকেতনে বসেও কিছু ছবি এঁকেছিলেন। শিল্পীর রঙের প্যালেটে ছিল সবুজের প্রাধান্য– নানা ধরনের সবুজের শেড ব্যবহার করতে ভালোবাসতেন তিনি। বিনোদবিহারীর মতে, ‘সব ছবিই দেখতে ছিল শ্যাওলার মতো’। এই সবুজ রঙের প্রয়োগের ব্যাপারে আবার কিছু কৌশল ছিল। বিনোদ জানিয়েছেন– ‘তাঁর বর্ণপ্রয়োগ রীতি একটি চার্টের মধ্যে তিনি ফেলেছিলেন, সেই চার্টে প্রত্যেক রঙের সঙ্গে আলো উত্তাপ হিউমিডিটি ইত্যাদি প্রাকৃতিক বিশেষ বিশেষ গুণের জন্য বিশেষ বিশেষ রঙ। উদ্দেশ্য true to nature করা। কিন্তু কার্যক্ষেত্রে সবই হয়ে যেত সবুজ।’ কেন যে তাঁর সব রং সবুজে পরিণত হত, আর কেনই বা তিনি রঙের অমন চার্ট করেছিলেন– এ বিষয়ে শিল্পীর কাছে কোনও সদুত্তর ছিল না। এদিকে তাঁর প্রবল ইচ্ছে, কলাভবনে সেই চার্ট প্রবর্তন করা হোক। এছাড়া সিল্কের ওপরে মিহি তুলি দিয়েও তিনি কাজ করতেন। সেও দেখতে হত শ্যাওলা রঙের অলিওগ্রাফ। শিল্পীর মনের মধ্যে যেন কী এক বিষাদ লুকিয়ে ছিল। কালো রঙের পুরনো স্যুট পরা এই বোহেমিয়ান শিল্পী মাঝে মাঝেই গভীর দীর্ঘশ্বাস ফেলতেন।

zoom
শিল্পী: জারোস্লাভ নেভকভস্কি

একবার এক কাণ্ড করে বসলেন। বুধবার অন্যদের সঙ্গে মন্দিরের উপাসনায় যোগ দিয়েছেন। উপাসনার শেষে সবাই যখন মন্দির চত্বর থেকে বেরিয়ে রাস্তায়– হঠাৎ অত্যন্ত ব্যগ্র হয়ে ছুটে এসে কলাভবনের ছাত্রদের বলতে লাগলেন, ‘ওই মেয়েটিকে আমার কাছে নিয়ে এসো, যার চোখ ঠিক অজন্তার ছবির মতো। আমি তার ছবি আঁকতে চাই’! কিন্তু কী করে তাঁকে পাওয়া যাবে, আর কোনও পরিচয়ই তিনি দিতে পারছেন না! তারপর অনেক খোঁজাখুঁজির পরে অনুমান করা গেল, তিনি ক্ষিতিমোহন সেনের কন্যা মমতা। তাঁকে নিয়ে গেলে শিল্পী মহানন্দে বলে উঠলেন, ‘এই তো সেই মেয়ে যার চোখ অজন্তার মতো!’ কিন্তু মমতা লজ্জায়-ভয়ে দিশাহারা, কিছুতেই সে বোহেমিয়ান সাহেবের সামনে বসবে না। ফলে সে ছবি আর হয়ে ওঠেনি।

zoom
ক্ষিতিমোহন সেন ও রবীন্দ্রনাথ

তবে কাচের ওপরে তিনি রবীন্দ্রনাথের পোর্ট্রেট আঁকলেন। ছবি শেষ হলে অন্যদের দেখানোর জন্য নিয়ে এলেন কলাভবনে। ছবি সাজিয়ে রাখা হল দ্বারিকের দোতলার ঘরে, শতরঞ্চি পাতা মেঝের উপরে একটা ইজেল দাঁড় করিয়ে কাচে আঁকা রবীন্দ্রনাথের প্রতিকৃতি রাখা হল। সকালে ক্লাসের পরে দুপুরের খাওয়ার সময় ছাত্র-শিক্ষক প্রত্য়েকেই যখন ঘর ছেড়ে চলে যেতেন, তখন ঘরের দরজা-জানলা বন্ধ করার রেওয়াজ ছিল না। কারণ কিছু বাদেই তো আবার সকলে ক্লাসে ফিরবে। সেদিন দুপুরেও তাই, কিন্তু এইটুকু সময়ের মধ্যে ঘটে গেল একটা ভয়ংকর দুর্ঘটনা। ছাত্ররা ফিরে এসে দেখে জানলা দিয়ে আসা দমকা হাওয়ায় শতরঞ্চির একপাশ উল্টে গিয়ে ইজেল-সহ কাচে আঁকা সেই রবীন্দ্রপ্রতিকৃতি মেঝেতে পড়ে ভেঙে চুরমার! এ অবস্থায় সর্বাগ্রে খবর গেল নন্দলালের কাছে। তিনি তখন গুরুপল্লিতে থাকেন। শুনে জানালেন ওই ভাঙা ছবিতে কেউ যেন হাত না-দেয়, এখনই   তিনি কলাভবনে আসছেন। কিছুক্ষণের মধ্যেই নন্দলাল এসে পৌঁছলেন, একটা কাঠের বোর্ডের ওপরে খুব সাবধানে, অত্যন্ত যত্নে তিনি সেই ভাঙা ছবির টুকরোগুলো সাজিয়ে তুললেন। তারপর গুঁড়ো রং শিরীষ আঠায় গুলে নিয়ে ছবির ভাঙা অংশের ফাঁকে ফাঁকে ভরে দিলেন! সে কাজ যে খুব সহজ তা নয়, নন্দলাল বলেই এমন নিপুণভাবে পুরো ছবি দিলেন জুড়ে! ছবি হয়ে উঠল যেন একখানা স্টেনগ্লাস পেন্টিং। ভাঙা অংশের সরু রুপোলি রেখায় ছবির চেহারা হয়ে উঠল আরেকরকম।

zoom
শিল্পী: জারোস্লাভ নেভকভস্কি

ইতিমধ্যে খবর পেয়ে বোহেমিয়ান আর্টিস্টও ছুটে এসেছেন। এসে ছবিটা দেখে বেশ কিছুক্ষণ স্থির হয়ে দাঁড়িয়ে থাকলেন, তারপর দীর্ঘশ্বাস ফেলে হঠাৎ বলে উঠলেন, ‘ছবি থেকে রবীন্দ্রনাথের প্রাণ বেরিয়ে গিয়েছে। আমি ছবিটাকে নিয়ে যাচ্ছি, একে কবর দিতে হবে।’ সবাই স্তম্ভিত নিস্তব্ধ, কারওর মুখে কোনও কথা নেই। শিল্পীর প্রাথমিক অবস্থা দেখে সকলেরই খারাপ লাগছিল, কিন্তু সে ছবি কবর দেওয়া হবে– এটা কেউ মেনে নিতে পারছিলেন না। নন্দলাল রীতিমতো শঙ্কিত হয়ে বলে উঠলেন, ‘গুরুদেবের জীবিতকালে তাঁর প্রতিকৃতি কখনোই কবর দেওয়া উচিত হবে না।’ কিন্তু শিল্পী সে কথায় কর্ণপাত করলেন না। উপাসনা মন্দিরের উত্তরে, রাস্তার ধারে খোলা মাঠে যে খেজুর গাছ, তার কাছে একটা ডোবা ছিল। তার পাশেই নরম মাটিতে রবীন্দ্রনাথের প্রতিকৃতি কবরস্থ করলেন সেই পাগল শিল্পী। তারপর যেমন অকস্মাৎ তিনি এসেছিলেন, তেমনই হঠাৎ একদিন তাঁর সাইকেল আর পোঁটলাপুঁটলি নিয়ে অন্তর্ধান করলেন। এই ঘটনায় রবীন্দ্রনাথের কী প্রতিক্রিয়া হয়েছিল, সে খবর জানা নেই। শিল্পীর ভাষায়, ‘প্রাণহীন ছবি’কে কবর দেওয়ার খবরে তাঁর ঠোঁটের কোণে স্মিত হাসির বঙ্কিম রেখা ফুটে উঠেছিল বলেই মনে হয়। 

zoom
শিল্পী: আন্দ্রে কারপেলেস

কলাভবনে এমন পাগল শিল্পীদের আনাগোনা বুঝি লেগেই আছে। কয়েক বছর পরে আবার এসে পড়লেন একজন, তিনি অবশ্য বিদেশি নন। ফ্লোরেন্স একাডেমি থেকে তিনি শিল্পের পাঠ নিয়েছেন, নাম কোঠারি। গেরুয়া-পরিহিত রোগাপাতলা ছোটখাট চেহারা। এসেই কলাভবনের কর্ণধার নন্দলাল বসুকে জানালেন, তাঁর শান্তিনিকেতন আগমনের উদ্দেশ্য। বললেন, তিনি এখানে একাডেমি প্রতিষ্ঠা করতে চান। নন্দলাল পরম ধৈর্যের সঙ্গে তাঁর কথা শুনে বললেন, ‘বেশ তো আপনি থাকুন, নিজে কাজ করুন, ছেলেদের শেখান।’ কিন্তু কোঠারির মতলব আলাদা। বললেন, “আমি নিজে তো করব না, আমি ‘ভাউ’ নিয়েছি যতদিন না একাডেমি প্রতিষ্ঠা করব, ততদিন রংতুলিতে হাত দেব না।” ছাত্ররা তাঁর আঁকা ছবি দেখতে চায়, নন্দলাল বলেন, ‘আপনি ছবি করলেই একাডেমী প্রতিষ্ঠা হবে।’ কিন্তু কোঠারির জবাব, ‘না, নিজে হাতে আমি কিছু করব না। আমি তোমাদের মাথা, তোমরা আমার হাত– আই এ্যাম ইয়োর ব্রেন, ইউ আর মাই হ্যান্ড।’ এবারে কলাভবনের সকলেই সন্দেহ করতে লাগল, সে কি সত্যিই শিল্পী?

zoom
শিল্পীর স্বাক্ষর

ফ্লোরেন্স থেকে শিখে এসেছেন, বলছেন বটে, কিন্তু কখনও ইতালি গিয়েছেন কি না তাই সন্দেহ! সকলে তাঁকে অবিশ্বাস করছে দেখে বললেন, ‘আচ্ছা, আমি তোমাদের প্রমাণ দিচ্ছি।’ তারপর তিনি একদিন তাঁর একটা ছোট্ট চামড়ার কেস থেকে দুটো পাসপোর্ট সাইজের ছবি দেখালেন। একদিকে কোঠারির স্যুট পরা ফোটো আর একদিকে ইতালীয় এক তরুণীর ছবি। ফ্লোরেন্স একাডেমির সার্টিফিকেটও কোঠারি সবাইকে দেখাল, কোর্স শেষ করার সার্টিফিকেট। এবারে সকলের বিশ্বাস হল। তিনি সত্যিই ইতালিতে শিক্ষাপ্রাপ্ত শিল্পী। কিন্তু একাডেমি প্রতিষ্ঠা না হলে রংতুলি স্পর্শ করবেন না– এমন প্রতিজ্ঞার কারণ কী? সে-ও অচিরে পরিষ্কার হল। জানালেন, তাঁর কাছে থাকা সেই ইতালিয়ান তরুণীর যে ছবি, তিনি কোঠারির বাগদত্তা। কোঠারি সেই তরুণীর কাছে শপথ করেছেন, ভারতবর্ষে একাডেমি প্রতিষ্ঠা করে তাঁকে এদেশে এনে বিয়ে করবেন। কী আশ্চর্য, এমন কঠিন সংকল্প নিয়ে কোঠারি সারা ভারতবর্ষ চষে বেড়াচ্ছেন, বিগত বছর ১৫ উভয়ের মধ্যে কোনও যোগাযোগ, কোনওরকম দেখাসাক্ষাৎ নেই। মেয়েটি কোথায় আছে তা জানা নেই, এমনকী, তার ঠিকানাও নেই! শুধু দৃঢ় বিশ্বাস, একাডেমি প্রতিষ্ঠা হলেই তাঁর প্রণয়িনী আপনিই চলে আসবে। কোঠারির কথা শুনে সবাই অবাক, এ তো এক ধরনের পাগলের প্রলাপ! তিনি ছবি না-আঁকলে একাডেমি হবেই বা কী করে! তবু ধরা যাক, কোনওরকমে একাডেমি না-হয় হল, কিন্তু ১৫ বছর যার কোনও হদিশ নেই, তাকে জানাবেন কীভাবে, আর বিয়েই বা হবে কীভাবে? অবশেষে হতাশ কোঠারি একদিন বললেন, ‘ভেবেছিলাম রবীন্দ্রনাথের আশ্রমে আমার স্থান হবে, কিন্তু তা যখন হল না তখন আর বেঁচে থেকে লাভ কী? আত্মহত্যাই এখন একমাত্র পথ।’ অতঃপর শান্তিনিকেতন থেকে তিনি বিদায় নিলেন। ভেবে দেখলে, সেই বোহেমিয়ান আর্টিস্ট বা কোঠারি– দু’জনেই ছিলেন ভয়ানক আবেগতাড়িত মানুষ, ভাগ্য তাঁদের কোথায় টেনে নিয়ে গিয়েছে, কে জানে!

………………………

রোববার.ইন-এ পড়ুন গল্পকলা-র অন্যান্য পর্ব

………………………

Andrée Karpèles Jaroslav Hnevkovsky KalaBhavana Khitimohan Sen Nandalal Bose Rabindranath Tagore Sangbad Pratidin Sangbad Pratidin Robbar

Share this article on