


ইংরেজ সরকার ‘পথের দাবী’ বাজেয়াপ্ত করলেও, এক সাধারণ গৃহবধূ তা টুকে রাখছেন খাতায়। গ্যাস চেম্বার গন্তব্য জেনেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় পোল্যান্ডের মানুষ ভরসা রাখছেন রবীন্দ্রনাথে। আঘাত আসবেই। বই পোড়ানো, বই নষ্ট করার চেষ্টা হবে বারবার। অথচ নিশ্চিহ্ন করা সম্ভব হবে না। হয়নি কখনও।
প্রচ্ছদ: দীপঙ্কর ভৌমিক
বুদ্ধদেব বসুর ‘পাণ্ডুলিপি’ কবিতাটি ছেলেবেলায় ইশকুলপাঠ্য ছিল। লেখক আর প্রকাশকের সম্পর্ক নিয়ে কবিতা। প্রকাশকের ব্যবসাবুদ্ধি লেখকের পাণ্ডুলিপি বিচার করছে। ‘এ বই আপনার চলবে তো?’– বুদ্ধদেব বইবোধহীন প্রকাশকের চেহারাটি এঁকেছিলেন চিত্ররূপময় ভাষায়। ‘মাথার অল্প চুল তেলে চিটচিটে’, ‘অজীর্ণ রোগে জীর্ণ শরীর’। এই প্রকাশকের হাতের ভিতরে যখন কবির পাণ্ডুলিপি লাঞ্ছিত হচ্ছিল, তখন তিনি ভাবছিলেন বোমার মতো ফেটে যাবে সেই বই! তা অবশ্য হয়নি। কবিতাটি শেষ হয়েছিল দীর্ঘশ্বাসে– ‘ফেটে পড়ল না আমার ছোটো সূর্য দারুণ বিস্ফোরণে’! নিজে নিজে বই তো বোমা হয়ে উঠবে না, যারা বইমিত্র, বইসই, তাঁদেরকেই বই পড়ে, বই নিয়ে, বইয়ের নতুন অর্থ তৈরি করে, ফেটে পড়তে হবে।

ফেটে পড়ার নানা চেহারা।
আমার দিদিমা ছিলেন শেফালী মজুমদার। ছোট্টখাট্ট মানুষটি। অল্পবয়সে বিধবা হয়েছিলেন। পাঁচ মেয়েকে নিয়ে তাঁর লড়াই। বই পড়তে খুব ভালোবাসতেন। বৈদ্যবাটী খাল ডিঙিয়ে, তারাপদ পাঠশালার গা-দিয়ে একটু এগলেই লাইব্রেরি। বিধবা মানুষ, বাড়ি থেকে তো বেরতেন না। তাছাড়া স্বামীর অকাল আকস্মিক প্রয়াণে মন ভেঙে গিয়েছিল। পাড়ার লাইব্রেরি থেকে বই এনে দিতেন সেজ মেয়ে। দুপুরবেলায় সব কাজ মিটিয়ে শেফালী মজুমদার বই পড়তেন।
দিদিমার কাছে শোনা, ইংরেজ সরকার শরৎচন্দ্রের ‘পথের দাবী’ বাজেয়াপ্ত করলেন। কিন্তু তাতে পড়া আটকে গেল না। রাতের পর রাত জেগে দিদিমা খাতায় ‘পথের দাবী’ কপি করলেন। খাতার পর খাতা ‘পথের দাবী’। বই বন্ধ তো কী হয়েছে! খাতা আছে। খাতার পাতায় ‘পথের দাবী’ সচেতন পড়ুয়া-লিপিকরদের মাধ্যমে ছড়িয়ে পড়েছিল। এ তো ফেটে পড়াই! বই বন্ধ করলেও পড়া আটকানো যাচ্ছে না।
বিপ্লবীরা পকেটে গীতা রাখতেন। সশস্ত্র বিপ্লবীরা জানতেন, ধরা পড়লে প্রাণ সংশয়। শরীরের উপর অকথ্য অত্যাচার হবে। হয়তো ফাঁসির মঞ্চে জীবন যাবে। মনে সাহস চাই, উদ্দীপনা চাই, বল চাই। গীতার অক্ষর সেই বল দিচ্ছে। এই দেহ জীর্ণবস্ত্রের মতো। ত্যাগ করে আরেকটা বস্ত্র পরতে হয়। দেহ বস্ত্রস্বরূপ, আর আত্মা সে তো অমর। এই যে গীতার বাণীকে বিপ্লবীরা এভাবে পড়ছেন, তা লড়াই করার উপায় হয়ে উঠছে। গীতা তখন ধর্মগ্রন্থ নয়, তা বিপ্লবের অস্ত্র। বোমার মতো বিস্ফোরক! সাহেবি পুলিশ, বিপ্লবীদের ডেরা খুঁজতে গিয়ে গীতা খুঁজে পাচ্ছে। গীতার যুক্তি ভুল না ঠিক, সে লড়াই তখন মুলতবি। আবার যখন গীতা কেবল ধর্মের নামে আলস্য যাপনের ভণ্ড তামসিক উপায়, তখন বিবেকানন্দের মতে, ‘গীতা পাঠের চেয়ে ফুটবল খেলা ভালো’।

সময় বদলাচ্ছিল। অসাম্য ও বঞ্চনার বিরুদ্ধে লড়াই করার জন্য আন্তর্জাতিক সাম্যবাদী চিন্তার সঙ্গে পরিচিত হচ্ছিলেন এদেশের প্রতিবাদীরা। রুশ বিপ্লবের খবরাখবর এদেশে এসে পৌঁছেছিল। পৃথিবীর একদেশের খবরে অন্যদেশের মানুষ উত্তেজিত হবেন, ভাববেন, এ তো স্বাভাবিক, অনিবার্য। রবীন্দ্রনাথের ‘ডাকঘর’ নাটকটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মৃত্যুর পূর্ব মুহূর্তে অভিনীত হয়েছিল পোল্যান্ডের ওয়ারস শহরে। হিটলারের গ্যাস চেম্বারে নিয়ে গিয়ে যাঁদের খুন করা হবে, তাঁরা রবীন্দ্রনাথের অমলের কাহিনিতে পৃথিবীর শেষ মুহূর্তটুকু বাঁচছিলেন।
রবীন্দ্রনাথের রচনা জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে এই যে প্রথম আশ্রয় হয়ে উঠল, তা তো নয়। উইলফ্রেড ওয়েন ২৫ বছর বয়সে যুদ্ধে নিহত হলেন। তাঁর পকেটবুকে লিখে রেখেছিলেন রবীন্দ্রনাথের ‘গীতাঞ্জলি’ কাব্যগ্রন্থের একটি পঙ্ক্তি। রবীন্দ্রনাথ পৃথিবীর যুদ্ধ-বিরোধী মানুষদের চিন্তাশক্তি দিয়েছিলেন। রুশ বিপ্লবের মধ্যে এমন অনেক কিছু ছিল যা বিশ্বের বঞ্চনা-বিরোধী মানুষদের স্বপ্ন দেখতে শিখিয়েছিল। এ দেশ বিশেষের কথা নয়, পৃথিবীর মানুষের কথা। বই বেয়ে সে-খবর এদেশে এসেছিল। এই যে বই এক দেশ থেকে খবর অন্য দেশে পৌঁছে দিচ্ছে, এক দেশের বই আরেক দেশের হয়ে উঠছে, এ তো ছড়িয়ে পড়া, সঞ্চারিত হওয়া, এ-ও একরকম ফেটে পড়া। জলোচ্ছ্বাস। চিন্তার প্লাবন।

বিবেকানন্দের ভাই ভূপেন্দ্রনাথ ১৯৪৭ খ্রিস্টাব্দে ‘ধর্ম ও রাষ্ট্র’ নামে একটি প্রবন্ধ লিখেছিলেন, ছাপা হয়েছিল ‘বিশ্ববাণী’ পত্রিকায়। ‘রামকৃষ্ণ বেদান্ত সোসাইটি’র মুখপত্র ছিল ‘বিশ্ববাণী’, স্বামী অভেদানন্দ ছিলেন এই পত্রের সম্পাদক। তাঁর প্রয়াণের পরেও পত্রিকাটি প্রকাশ পেত। ভূপেন্দ্রনাথ এই প্রবন্ধে যে কথাগুলি লিখেছিলেন তা বেশ বিস্ফোরক! ‘নবভারতে অনেক কিছু করিবার আছে। …ব্রাহ্মণ্যবাদীয় পন্থা ত্যাগ করিয়া শ্রেষ্ঠ ভারতীয় এবং শ্রেষ্ঠ হিন্দু গৌতম বুদ্ধের উপদেশ আবার গ্রহণ করিতে হইবে…।’ কী উপদেশ? “বহুজন হিতায় ছ, বহুজন সুখায় চ।” ভূপেন্দ্র সংস্কৃত বাক্যের সহজ ইংরেজি করে দিয়েছিলেন। ‘Greatest good to the largest number’। নতুন ভারতের ধর্ম লোকসেবা। তার জন্য কী করা অনুচিত? ভূপেন্দ্র লিখছেন, ‘এই ধর্ম্ম সাধনার জন্য মন্দির, পূজা ভোগাদি, অঙ্গরাগাদি, …গায়ে ছাই মাখা, গাঁজা খাওয়া, তিলককাটা, নাচা আর মালপুয়া খাওয়া ইত্যাদি যাহা ধর্ম্মের আনুষ্ঠানিক কর্ম্ম বলিয়া অভিহিত হয় তাহার প্রয়োজন নাই। রাষ্ট্রকে এমন লোকসমূহের দ্বারা পরিচালিত করিতে হইবে যাহাতে রাষ্ট্র জনকতকের সম্পত্তি না হইয়া সকলকার সম্পত্তি হয়…।’ সন্দেহ নেই, ভূপেন্দ্রনাথের এই কথাগুলি ধর্মের বাহ্য আচারকে যাঁরা বড় করে তুলতে চান, তাঁদের কাছে বোমার মতো বিরুদ্ধ শক্তি। বিবেকানন্দের ভাই ভূপেন্দ্রনাথের এই লেখাকে হয়তো তাঁরা বোমা-নিরোধক যন্ত্রের তলায় রাখবেন। বই বা লেখা তো বোমা নয়, তবু কখনও কখনও বোমার মতোই। ব্রিটিশদের কাছে গীতা ক্ষেত্রবিশেষে বোমা, ভূপেন্দ্রনাথের এই বাক্যসমূহের ধারক প্রবন্ধ, ধর্মের বাহ্য আচারের প্রবক্তা রাষ্ট্রশক্তির কাছে বোমা।

সুতরাং, আঘাত আসবে।
এই বোমার মতো বইগুলিকে, লেখাগুলিকে নির্মূল করার চেষ্টা হবে।
কেউ বলতে পারেন তাহলে কী হবে? কেবলই এ-পক্ষ ও-পক্ষের বই বিনষ্ট করবে?
তর্কশীলেরা বইয়ের উপর নির্বিশেষে বোমা নিক্ষেপ করেন না, বই পুড়িয়ে দেন না। এমনকী, যে-সমস্ত বই মানুষের স্বাভাবিক অধিকার হরণ করতে চায়, সেই বইগুলিও তাঁরা বিনষ্ট করেন না। তাঁরা ভিন্নযুক্তি সাজান। কখনও কখনও বৃহত্তর মানুষের সমর্থন লাভের জন্য প্রয়োজনে ‘রক্ষণশীল’ বইয়ের অংশবিশেষ নিজের পক্ষে উদ্ধার করেন। বিদ্যাসাগর বিধবা বিবাহ প্রচলনের যুক্তি সাজানোর জন্য তা-ই করেছিলেন। ‘পরাশর সংহিতা’ বিদ্যাসাগরের বিধবা বিবাহ সংক্রান্ত আইন প্রণয়নের জন্য হাতিয়ার হয়ে উঠেছিল।
একদিকের বই পুড়িয়ে অন্যদিকে আরেকরকম বই তুলছেন যাঁরা, তাঁদের সেই বইগুলিকে বিদ্যাসাগরের মতো সুকৌশলে নিজপক্ষে ব্যবহার করা যায়।
সাবাস বাহবা বইসখাদল এই তো চাই
বইকে গলায় ঝুলিয়ে আমরা ভূত তাড়াই।
যে বই ভূতের তারও মধ্যে থাকতে পারে সর্ষে ওঝার
বই ছই ছই, বাঙালিরা ওই, ব্যর্থ চেষ্টা বই পোড়াবার।
একটা পোড়ালে শব্দবীজ জাগে শয়ে শয়ে আজ,
সাবাস বাহবা বইসখাদল এটাই তো কাজ।
বোমার ভেতরে বারুদ আগুন পোড়াতে এসেছে?
শব্দব্রহ্মবারি মুক্তধারা হয়ে নেভাতে পেরেছে।
A Unit of: Sangbad Pratidin Digital Private Limited. All rights reserved